শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

চট্টগ্রামে রাইফেল-বন্দুকসহ আটক ২

arrest28চট্টগ্রামের সাতকানিয়া থেকে একটি বিদেশি রাইফেল ও তিনটি দেশি বন্দুকসহ দুজনকে আটক করেছেন র‌্যাব ৭-এর সদস্যরা।

শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে তাদের আটক করা হয়।

র‌্যাব ৭-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহেল মাহমুদ জানান, উপজেলার কাঞ্চনা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের নিয়ে আরো অভিযান চালানো হচ্ছে।

তবে তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে রাজি হননি র্যা বের এ কর্মকর্তা।  এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান সোহেল মাহমুদ।

এর আগে গত ১৮ মার্চ চট্টগ্রাম সরকারি কলেজের ছাত্রাবাসের পাশে মাটিতে পুঁতে রাখা ৯টি আগ্নেয়াস্ত্র ও শতাধিক গুলি উদ্ধার করে পুলিশ।

উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে ছিল তিনটি পিস্তল, তিনটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, একটি এ কে-২২ রাইফেল, একটি থ্রি নট থ্রি রাইফেল, একটি দুই নলা বন্দুক, পাঁচটি রকেট ফ্লেয়ারসহ শতাধিক গুলি।

‘আমেরিকায় পরমাণু বোমা হামলা চালাতে প্রস্তুত উত্তর কোরিয়া’

boma koriyaউত্তর কোরিয়ার পরমাণু বোমা আছে এবং আমেরিকা হামলা চালালে তার জবাবে পরমাণু বোমা ব্যবহার করার প্রস্তুতি দেশটি নিয়ে রেখেছে। ব্রিটেনে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত হিউন-হাক এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি আরো বলেন, একমাত্র আমেরিকাই পরমাণু ব্যবহারে সক্ষম দেশ নয়। উত্তর কোরিয়ার যে কোনো সময় পরমাণু বোমবাহী ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ক্ষমতা আছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিরক্ষার স্বার্থে প্রচলিত অস্ত্রও ব্যবহার করবে পিয়ংইয়ং।

তিনি বলেন, উত্তর কোরিয়ার জনগণ শান্তি ভালবাসে, তারা যুদ্ধ চায় না। কিন্তু উত্তর কোরিয়ার জনগণ যুদ্ধকে ভয়ও পায় না। উত্তর কোরিয়ার সরকারের নীতিও তাই বলে উল্লেখ করেন তিনি।

আমেরিকা ও দক্ষিণ কোরিয়া যখন যৌথ সামরিক মহড়া চালাচ্ছে তখন এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন উত্তর কোরিয়ার প্রবীণ কূটনীতিবিদ।  চলতি মাসের ২ তারিখ থেকে শুরু হওয়া এ মহড়া আট সপ্তাহ চলবে। মহড়ায় দক্ষিণ কোরিয়ার ১০ হাজার এবং আমেরিকার আট হাজার সেনা অংশ নিয়েছে।

এক ফ্রেমে শাহরুখ-কাজল-অজয়

kajol21মুম্বাই: প্রায় অসম্ভবকে সম্ভব করতে চলেছেন বলিউডের আলোচিত পরিচালক রোহিত শেঠি। বলতে গেলে বলিউডের দুই মেরুকে একসঙ্গে রুপালি পর্দায় ফ্রেমবন্দি করতে চলেছেন তিনি।

এই মুহূর্তে ‘টক অব দ্য বলিউড’ হচ্ছে, মোস্ট রোমান্টিক জুটি শাহরুখ-কাজল আবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। এ খবরের সঙ্গে যোগ হয়েছে আরও একটি বিস্ময়। একই ছবিতে থাকছেন অজয় দেবগনও!

কিন্তু কীভাবে সম্ভব! ছবি মুক্তি নিয়ে শাহরুখ ও অজয়ের মধ্যে যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল, সে দ্বন্দ্ব পরবর্তীতে মিটে গেলেও অজয়-শাহরুখ প্রকৃতপক্ষে কেউ কারও ছায়া মাড়াতেন না। শত্রুতার পর পর বন্ধুত্ব, এবং এরপর পর্দায় একসঙ্গে দাঁড় করানোর মতো এ অসাধ্য কাজটি সাধন করেছেন রোহিত শেঠি।

এই প্রথমবার বলিউডের ইতিহাসে শাহরুখ-অজয় একসঙ্গে অনস্ক্রিন ক্যামেরার সমনে আসতে চলেছেন। রোহিত শেঠির আপকামিং এ ছবির নাম ‘দিলওয়ালে’। এ ছবির মাধ্যমে প্রায় পাঁচ বছর পর আবার দেখা যাবে শাহরুখ-কাজল জাদু।

ছবিতে কাজলের রিয়েল লাইফবয় অজয়কে গুরুত্বপূর্ণ কোনো চরিত্রে নয়, ক্যামিও রোলে দেখা যাবে বলে জানা গেছে। এ অসাধ্য সাধন হচ্ছে একমাত্র রোহিত-অজয়ের বন্ধুত্বের কারণে। রোহিতের অভিষেক ছবি ‘ফুল অউর কাঁটে’ থেকে শুরু করে প্রায় সবকটি ছবিতেই ছিলেন অজয়। যার কারণে বন্ধুর এ অনুরোধ উপেক্ষা করতে পারেনি অজয়।

ফলিং স্টার

salman s aযুদ্ধের মুখে বলিউড৷ স্টার ভার্সেস পরিচালক-প্রযোজক৷ কী এমন হলো? ভবিষ্যত্ই বা কী?

‘এনএইচটেন’-এর প্রযোজকদের তালিকায় আনুশকা শর্মার নাম রয়েছে দেখে অনেকেই বলেছেন, নতুন প্রজন্মের স্টারেরাও এখন কেমন কেরিয়ারের শুরুতেই প্রযোজনায় চলে আসছেন৷ হ্যাঁ, এই কথাটা যে খুব ভুল তা নয়৷ আনুশকা শর্মার মতো করেই এখন বা তার আগে থেকেই ভাবছেন রণবীর কাপুর বা আরও অনেকেই৷ আর দীর্ঘ দিন ধরে যে স্টারেরা বলিউডের আকাশ দখল করে রেখেছেন , সেই শাহরুখ খান, আমির খান, অজয় দেবগনের মতো বিগশট-রা তো কবেই নিজেদের ছবির প্রযোজনায় এসে গিয়েছেন৷ কিন্ত্ত এ তো গেল অভিনেতা বা স্টারেদের প্রযোজক হয়ে ওঠার গল্প৷ কিন্ত্ত এর উল্টো দিকেও একটা গল্প আছে৷ যা স্টারেদের প্রযোজকের ভূমিকাতেও অবতীর্ণ হওয়ার অন্য একটা কারণও তুলে ধরেছে

নামজাদা পরিচালকদের অনেকেই এখন বড়ো স্টারেদের নিয়ে বেশ বিরক্ত৷ স্টারেরা যে হারে পারিশ্রমিক বাড়িয়ে চলেছেন, তা মেটাতে গিয়ে পরিচালক-প্রযোজকদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বলে অনেকেই আর বড়ো স্টারেদের নিয়ে কাজ করতে চাইছেন না৷ বরং তারা অনেকেই একন স্টারেদের ছেড়ে ভালো অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে কাজ করছেন৷ এবং সেই সমস্ত ছবি যে বক্সঅফিসে খারাপ ফল করছে না, তা বলাই বাহুল্য৷

তাই এবার বড়ো পরিচালকদের অনেকেই চাইছেন, স্টারেদের গগনচুম্বী চাহিদায় এবার দাঁড়ি টানা হোক৷ বলিউডের নামজাদা প্রযোজকদের মধ্যে অনেকেই এই মতের পক্ষে৷ সেই দলে রয়েছেন মহেশ ভাট, সুভাষ ঘাই, সুধীর মিশ্রা, মধুর ভান্ডারকরের মতো নির্মাতারা৷ তারা এখন প্রায় দলবদ্ধভাবেই আন্দোলনেই নেমেছেন স্টারেদের লাগামছাড়া চাহিদার বিরুদ্ধে৷ আর এর সূচনাটাই হয়েছে যবে থেকে স্টারেরা ছবির লভ্যাংশ দাবি করতে শুরু করেছেন৷ পরিচালকদের অনেকেই স্টারেদের এই দাবির বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন৷ এবার ছবির নির্মাতাদের অনেকেও এককাট্টা হয়ে সেই আওয়াজে গলা মেলাচ্ছেন৷ মহেশ ভাটের ভাই প্রযোজক মুকেশ ভাট জানিয়েছেন, ‘এখন ছবি ফ্লপ হয় না৷ বাজেট ফ্লপ হয়৷ সিনেমা বানাতে যে খরচ হয়, তার প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশই খরচ হয় স্টারেদের জন্য৷ এই খরচই আমরা কমাতে চাই৷’ শুধু তাই নয়, স্টারেদের অনেকেরই নির্দিষ্ট পারিশ্রমিকের ওপর তাদের ব্যক্তিগত খরচও প্রযোজকদের বহন করতে হয় বলেও জানিয়েছেন মুকেশ৷ ‘ভাবতে লজ্জা লাগে, বলিউডে এখনও স্টারেদের গাড়ির চালক থেকে শুরু করে ব্যক্তিগত মেকআপের শিল্পীর খরচও প্রযোজকদেরই দিতে হয়৷ আমরা অনেকে মিলেই ঠিক করেছি, আর নয়’, বলেছেন তিনি৷ মুকেশ ভাট, করন জোহর, ইউটিভির এক কর্ণধার, বিজয় সিং, বিপুল শাহের মতো বিশিষ্ট ইতিমধ্যেই করনের খারের অফিসে এই ইস্যুতে মিটিং করেছেন বলেও শোনা গিয়েছে৷ করন নিজেও স্বীকার করেছেন সেই কথা৷

তবে ব্যাপারটা যে আর সাধারণ প্রতিবাদ, প্রতিরোধ, নিন্দা, দাবি, পাল্টা দাবির মধ্যে সীমাবদ্ধ নেই, তা টের পাওয়া যাচ্ছে অন্য ভাবে৷ কারণ এবার স্টারেদের ‘স্টারগিরি’র বিরুদ্ধে বেশ সংগঠিতভাবেই যুদ্ধে নামার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী গোষ্ঠী৷ এই গোষ্ঠীর তরফে ঠিক করা হয়েছে, স্টারেরা যাতে নিজেদের পারিশ্রমিকের পরিমাণ কমাতে বাধ্য হন, তার জন্য চাপ সৃষ্টি করা হবে৷ প্রসঙ্গত, আজকের সুপারস্টারেরা যখন কেরিয়ার শুরু করেছিলেন, সেই ১৯৯০ সাল নাগাদ বলিউডে এমনই একটি ফোরাম তৈরি করা হয়েছিল৷ যার কাজ ছিল স্টারেরা যাতে নিজেদের পারিশ্রমিক হিসাবে যা খুশি অঙ্ক না চাইতে পারেন, তা দেখা৷ পরিচালক-প্রযোজকদের এই গোষ্ঠী আপাতত সিদ্ধান্ত নিয়েছে, সেই ফোরামটি যাতে আবার চালু করা যায়, সেই বিষয়ে তারা উদ্যোগ নেবে৷

পরিচালক-প্রযোজক সুভাষ ঘাই জানিয়েছেন, ‘১৯৯০-এর সেই ফোরাম সিদ্ধান্ত নিয়েছিল বড়ো স্টারেদের সঙ্গে কাজ করবে না৷ কারণ বড়ো স্টারেদের অন্যায্য দাবি মেনে নেবে না৷ শেষ পর্যন্ত স্টারেরাও সেই পোরামের সামনে মাথা নত করতে বাধ্য হয়৷’

বলিউডের এখন যা পরিস্থিতি, তাতে আগামী দিনে এই ইস্যুতে বাজার আরও গরম হওয়ার ভালোই আশঙ্কা রয়েছে৷ কারণ সব নির্মাতারাই চাইছেন স্টারের খরচ কমাতে৷ এবং নাম না প্রকাশ পেলেও এমন ঘটনা নাকি ঘটেই গিয়েছে, যেখানে প্রযোজক-পরিচালকরা স্টারের দাবির সামনে শেষ পর্যন্ত মাথা নীচু করেননি৷

পরিস্থিতি এখন যেদিকে চলেছে, তাতে বলিউডের এক বিরাট সংখ্যক প্রযোজক-পরিচালক অর্থনৈতিক কারণে মুখ ফিরিয়ে নিচ্ছেন বড়ো স্টারেদের থেকে৷ কারণ স্টারেদের বিরাট টাকার দাবি৷ পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে বড়ো স্টারেরাও সবাই এবার নিজেদের প্রোডাকশন হাউজ থেকে বানানো ছবিতেই বেশি করে কাজ করবেন সম্ভাবনা তৈরি হয়েছে৷ তবে আনুশকা শর্মার মতো স্টারও রয়েছেন৷ যিনি একই সঙ্গে আবার প্রযোজনাও শুরু করেছেন৷ তার মতে, ‘ভবিষ্যতে আমি বড়ো স্টার নয়, বড় অভিনেতার সঙ্গে কাজ করতে চাই৷’

লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবদলের নেতা ও যুবলীগকর্মী গুলিবিদ্ধ

cross fireলক্ষ্মীপুর সদর উপজেলার বালাইশপুর এলাকায় শুক্রবার রাতে পুলিশ-সন্ত্রাসী ‘বন্দুকযুদ্ধে’ যুবদলের নেতা ও যুবলীগের কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ ওই দুই নেতা-কর্মী হলেন সদর উপজলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কিরন হোসেন ও যুবলীগের কর্মী মাইদুল রহমান রুবেল।

‘বন্দুকযুদ্ধের’ সময় পুলিশ কনস্টেবল ইব্রাহিম হোসেন, নাজমুল আহসান ও শরীফ হোসেন আহত হয়েছেন বলে পুলিশের দাবি।

গুলিবিদ্ধ কিরন হোসেন ও মাইদুল ইসলাম রুবেলকে গুরুতর আহত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি এলজি ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে সদর উপজেলার জাহানাবাদ এলাকা থেকে একাধিক মামলার আসামি কিরন হোসেনকে গ্রেফতার করা হয়। এর আগে একই উপজেলার চন্দ্রগঞ্জ বাজার থেকে মাইদুল ইসলাম রুবেলকেও গ্রেফতার করে পুলিশ।

তাদের নিয়ে শুক্রবার রাতে বালাইশপুর এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযানে যায় পুলিশ। এ সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা ২৫ রাউন্ড গুলি ছোড়ে।

বন্দুকযুদ্ধে কিরন হোসেন ও মাইদুল ইসলাম রুবেল গুলিবিদ্ধ হন। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ কিরন হোসেন একই উপজেলার জাহানাবাদ গ্রামের জয়নাল আবেদিনের ছেলে এবং মাইদুল ইসলাম রুবেল একই উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বসুদৌহিদা গ্রামের অ্যাডভোকেট রুহুল আমিনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার  শাহ মিজান শাফিউর রহমান জানান, কিরন ও মাইদুল একাধিক মামলার আসামি। তাদের দুজনকে নিয়ে রাতে অস্ত্র উদ্ধার বালাইশপুর এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় লাদেন বাহিনীর সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুজন গুলিবিদ্ধ ও তিন পুলিশ সদস্য আহত হয়। তবে কিরন হোসেন লাদেন বাহিনীর সদস্য ও মাইদুল ইসলাম রুবেল নাছির বাহিনীর সদস্য বলে জানান তিনি।

সিরিয়ায় পৃথক গাড়িবোমা হামলা নিহত ২৫ আহত ৮০

siriyaসিরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলে পৃথক দুটি গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জন নিহত ও ৮০ জন আহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, কুর্দি প্রধান হাসাকা শহরে নববর্ষ উদযাপনের সময় এ সব হামলা চালানো হয়েছে।

সিরিয়ার চার বছরের গৃহযুদ্ধ পর্যবেক্ষণ করা ব্রিটেনভিত্তিক এ মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়া ও ইরাকে লড়াইরত কট্টরপন্থী জিহাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ সব হামলা চালিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অপসারণের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে এই গৃহযুদ্ধ শুরু হয়। সিরিয়ায় চার বছর ধরে চলা গৃহযুদ্ধে দুই লাখেরও বেশী মানুষ নিহত হয়েছেন।

ভারতকে বাঁচিয়ে রাখাই ছিল আইসিসির সংকল্প: তসলিমা নাসরিন

toslima১৯ মার্চ ২০১৫। ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে আরেকটি ‘কালো’ দিন। যদিও দিনটি ভারতের কাছে আনন্দের। আর বাংলাদেশের কাছে বিষাদের। এদিন বাংলাদেশ-ভারতের ম্যাচে খারাপ অাম্পায়ারিংয়ের বলি হয় বাংলাদেশ। আর এর মধ্য দিয়ে এবারের মতো বিশ্বকাপ মিশন শেষ হয় টাইগারদের। বিষয়টি নিয়ে ফেসবুকে আলোচনা, সমালোচনার ঝড় ওঠেে। ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিনও খেলা নিয়ে আজ দুপুরে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি দাবি করেন, বিশ্বকাপে ভারতকে বাঁচিয়ে রাখার সংকল্প নিয়েছে আইসিসি। এজন্য তিনি ক্রিকেট বাণিজ্যকেই দায়ী করেন।

পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো।

‘ভারতকে যেভাবেই হোক, বিশ্বকাপে যত দীর্ঘ দিন সম্ভব, বাঁচিয়ে রাখতে হবে–এই হলো আইসিসির সংকল্প। শুরুতেই ভারত খেলা থেকে চলে গেলে কী অবস্থা দাঁড়ায়, তা ২০০৭ সালে হাড়ে হাড়ে টের পেয়েছিল আইসিসি। ভারতের বিশাল জনসংখ্যা টিভিতে খেলা দেখেনি, সুতরাং বিজ্ঞাপন বন্ধ হয়ে গেছে, স্পনসর পাওয়া যায়নি, ক্রিকেট টুরিজম লাটে উঠেছে। এভাবে যে চলে না তা বুঝে আইসিসি সেই থেকে যে করেই হোক ভারতের হেরে যাওয়া আর ঘরে ফিরে যাওয়া ঠেকাচ্ছে। ফাইনালটা না হলেও অন্তত সেমি-ফাইনালটা যেন ভারতকে দিয়ে খেলাতে পারে। আম্পায়াররাও এই ব্যাপারে ওয়াকিবহাল, তাঁরা জানেন তাঁদের কাছ থেকে আইসিসি কী আশা করছে। দক্ষিণ এশিয়ার গুটিকয় দেশ ছাড়া আর কোনও দেশ, এমনকী নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়াও পুরো জাতিকে ক্রিকেটক্রেজি বানাতে পারেনি।

গতকালের ভারত-বাংলাদেশ ম্যাচে আম্পায়াররা ভারতকে জেতানোর উদ্দেশেই মাঠে নেমেছিলেন, তা একটু চোখ কান খোলা রাখলেই বোঝা যায়। শুরুতে ম্যাচটা জমবে বলে মনে করা হয়েছিল, অবশ্য খানিকটা গড়াতেই ম্যাচ ঝুলে পড়লো। আমার বাড়িতে যাঁরা ম্যাচ দেখতে এসেছিলেন, তাঁরাও, ভারত দুশ’ আশি/পঁচাশি রান করার পরই উঠে চলে গেলেন কারণ তাঁরা বুঝে গেছেন ভারত হাসতে হাসতে জিতবে। যদিও আমি প্রচুর মিষ্টি খাওয়াবার ব্যবস্থা করেছিলাম, এই ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে ভারতীয়দের তেমন কোনও উত্তেজনা লক্ষ্য করিনি। অস্ট্রেলিয়ার সঙ্গে পাকিস্তান জিতলে, ভারত মুখোমুখি হবে পাকিস্তানের, সেটি দেখার জন্য উদগ্রীব ভারতীয় জনতা। পাকিস্তানকে হারাতে যত আনন্দ ভারতের, তত আনন্দ আর অন্য কোনও দেশকে হারিয়ে হয় না। ম্যাচফাক্সিং, বেটিং, এসবের মতো রাজনীতিটাও ক্রিকেটের অংশ হয়ে গেছে।

ভাবছিলাম কাল যদি আম্পায়াররা ভারতকে জেতানোর উদ্দেশ্য নিয়ে মাঠে না নামতেন, যদি একশভাগ নিরপেক্ষ থাকতেন, যদি যে আউটগুলো এবং ছক্কাগুলো হওয়ার কথা, সেই আউটগুলো আর ছক্কাগুলো দিতেন, তবে কি ভারতের বিরুদ্ধে বাংলাদেশ জিততে পারতো? আমি কিন্তু শিওর নই। কাল বাংলাদেশের ফিল্ডিংএর সমালোচনা শুনেছি, ব্যাটসম্যানদের মধ্যে আন্ডারস্টেন্ডিংএর অভাবটাও চোখে পড়ার মতো, তাছাড়া অধিনায়কের অবয়বে ফ্রাস্ট্রেশনও খুব ষ্পষ্ট হয়ে দেখা দিচ্ছিলো, এতে খেলোয়াড়দের নার্ভাস হয়ে পড়ার আশংকাও উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু কাল থেকে ফেসবুকে বাংলাদেশ টিমের ভক্তদের যে আস্ফালন দেখছি তাতে একটু অস্বস্তিতে পড়েছি। সবারই বক্তব্য কাল বাংলাদেশ নির্ঘাত জিততো, কিন্তু বাংলাদেশকে আম্পায়াররাই জিততে দেয়নি।

আত্মসমালোচনা না করলে কোনও জাতি বা মানুষ উন্নতি করতে পারে না। অনেক সময় ভক্তদের অতিভক্তি খেলোয়াড়দের অহংকার এত বেশি বাড়িয়ে দেয় যে, খেলোয়াড়রা নিজেদের ত্রুটি সংশোধন করার প্রয়োজন তো মনে করেই না, আরও ভালো খেলার জন্য চেষ্টা করতেও আলস্য বোধ করে। এটাই না আবার বাংলাদেশ টিমের জন্য কাল হয়ে দাঁড়ায়।’

সবাইকে ছাড়িয়ে গাফটিল

gaptil21নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করার কৃতিত্বটা তার আগেই ছিল। প্রথম ডাবল সেঞ্চুরি করে সেটিকে ছাড়িয়ে যাওয়ার আনন্দটা নিশ্চিতভাবেই অন্যরকম।
তবে মার্টিন গাফটিলের উচ্ছ্বাসের বড় উপলক্ষ্য হতে পারেন ক্রিস গেইল।
মাত্র দুই সপ্তাহ আগে যে ক্রিস গেইল বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি করে বিশ্বব্যপি হইচই ফেলে দিয়েছিলেন, সেই গেইলের চোখের সামনে তারই সতীর্থদের বোলিংকে দুমড়ে মুচড়ে গাফটিলই এখন বিশ্বকাপের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক!
নান্দনিক আর তাণ্ডবীয় ব্যাটিংয়ে ২৩৭ রানের অপরাজিত ইনিংস ক্রিকেট ইতিহাসেরও দ্বিতীয় সর্বোচ্চ।
১৬৩ বলে খেলা গাফটিলের আড়াইশ ছুঁই ইনিংসটি নিশ্চিতভাবেই হয়ে উঠবে ওয়ানডে ক্রিকেটের ব্যাটিং বিজ্ঞাপন।
প্রথমে ইনিংস গড়া, প্রয়োজনে রান তোলা আর শেষদিকে উইকেটে থিতু হওয়ার সুযোগ কাজে লাগিয়ে বড় বড় শট খেলা।
২৪ চার আর ১১ ছয়ের মিশেলে সাজানো নিপুণ এক ইনিংস।
সবচেয়ে বড় ঝড়টা গেছে দুই ক্যারিবীয় পেসারের উপর দিয়ে। অধিনায়ক জ্যাসন হোল্ডারের ২৪ বলে ৫ ছয়ে নিয়েছেন ৪৬ রান। আর আন্দ্রে রাসেলের ৩১ বলে ৫৪ রান।
তবে ইনিংসের শুরুতে রয়েসয়েই খেলেন গাফটিল। কিউই ইনিংসের শুরুতেই ব্রেন্ডন ম্যাককালামের বিদায়ের পর কেন উইলিয়ামসনকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলান। বলের সঙ্গে পাল্লা দিয়ে প্রথম ফিফটিতে খরচ করেন ৬৪ বল।
ক্যারিয়ারের সপ্তম শতকে পৌছাতে নেন ১১১ বল।
পরের ২৩ বলে ফিফটি আর ৪১ বলে ১০০ মিলিয়ে ১৫২ বলেই তুলে নেন নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ও প্রথম ডাবল সেঞ্চুরি। মুহুর্তে টপকে যান চলতি বিশ্বকাপে ক্রিস গেইলের গড়া ২১৫ রানের বিশ্বরেকর্ডও।
শেষ ওভারে ২০ রান নিয়ে মাঠ ছাড়েন অপরাজিত ২৩৭ রানে। যেটি বিশ্বকাপের সর্বোচ্চ, কোনো কিউই ব্যাটসম্যানেরও।
এর আগে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ১৮৯ রানও ছিল গাফটিলের।

ঢাবি ক্যাম্পাসে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

marderঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের ভেতর পরমাণু শক্তি কমিশনের সামনের রাস্তায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৮টার দিকে এই লাশ উদ্ধার করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, নিহত ব্যক্তির বয়স ২৫ থেকে ৩০ বছরের এর মধ্যে। তার নাম-পরিচয় জানা যায়নি। লাশের কপালে ও পিঠে আঘাতের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে লাশ ফেলে গেছে।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

নেত্রকোনায় যুবককে কুপিয়ে হত্যা

marder1নেত্রকোনা সদর উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত রুবেল মিয়া (২৮) উপজেলার বাহিরচাপড়া গ্রামের জজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাহিরচাপড়া গ্রামের রুবেল মিয়াকে দুর্বৃত্তরা শুক্রবার রাতে কুপিয়ে হত্যা করে লাশ নেত্রকোনা কোর্ট স্টেশনের অদূরে রেল লাইনের পাশে ফেলে রাখে। খবর পেয়ে সকালে পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে যায়।
তারা জানান, শনিবার  সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুল আলম জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।