শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

২৯ মার্চ ড. ইউনূসকে এনবিআরে তলব

younuss১৩ কোটি টাকা বকেয়া করের বিষয়ে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ২৯ মার্চ তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ওইদিন বেলা ১১টায় সংশ্লিষ্ট কর কমিশনারের সঙ্গে তাকে সাক্ষাৎ করার জন্য অনুরোধ করা হয়েছে।

গত রোববার এনবিআরের কর অঞ্চল-৬ (ঢাকা)-এর ১১৪ নং সার্কেল থেকে তাকে তলব করে চিঠি পাঠানো হয়েছে বলে জাতীয় একটি দৈনিক খবর প্রকাশ করেছে।

সূত্র মতে, ড. মুহাম্মদ ইউনূসের(করদাতা শনাক্তকরণ নম্বর— টিআইএন ১৭৯১০২৮৬৯৫) বকেয়া করের পরিমাণ ১৩ কোটি ৮৫ লাখ ২৫ হাজার ১২০ টাকা। ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৩-১৪ করবর্ষের এ বকেয়া পরিশোধের জন্য এনবিআরের পক্ষ থেকে কয়েক দফা তাগাদা দেয়া হয় তাকে।

তবে এ বিষয়ে ইউনূস সেন্টারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এর আগে ২০১২ সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠা করা গ্রামীণ ব্যাংক ও তার ৫৪ সহযোগী প্রতিষ্ঠানের আয়করের নথি তলব করে এনবিআর। ওই সময় কর বিভাগ থেকে সংশ্লিষ্ট কর অঞ্চলগুলোকে চিঠি দিয়ে হালনাগাদ তথ্য দিতে বলা হয়।

চট্টগ্রামে বিএনপির প্রার্থী বর্তমান মেয়র মনজুর আলম

munjurঅবশেষে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হচ্ছেন বর্তমান মেয়র এম মনজুর আলম। বিএনপির হাই কমান্ড থেকে এরই মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী মেয়র পদে প্রার্থী হতে অনাগ্রহ দেখানোর পর কেন্দ্রীয় হাইকমান্ড মনজুর আলমকে প্রার্থী করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।

দায়িত্বশীল সূত্র জানায়, বিএনপির গুলশান কার্যালয় থেকে গত রোববার  আবদুল্লাহ আল নোমান ও আমীর খসরুর সঙ্গে এ প্রসঙ্গে আলোচনা করা হয় এবং দলীয় চেয়ারপারসনের মনোভাবের কথা  জানানো হয়। বিএনপির এ দু’শীর্ষ নেতা চেয়ারপারসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

সূত্র জানায়, রোববার দলের চেয়ারপারসনের নির্দেশে প্রেস সচিব মারুফ কামাল খান চট্টগ্রামে মেয়র নির্বাচনের প্রার্থী নির্ধারণ নিয়ে আবদুল্লাহ আল নোমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে কথা বলেন।

বর্তমান পরিবেশ পরিস্থিতি ও সার্বিক দিক বিবেচনা করে দলের চেয়ারপারসন বর্তমান মেয়র এম মনজুর আলমকে প্রার্থী দিতে আগ্রহী।এতে এ দু’শীর্ষ নেতা বলেছেন, নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত।

দলীয় সূত্রে জানায়, রোববার রাতে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাত করেছেন মনজুর আলম। এসময় নির্বাচন নিয়ে উভয়ের মধ্যে কথা হয়েছে।

এদিকে মেয়র পদে প্রার্থী হিসেবে বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা: শাহাদাত হোসেন ও সাবেক উপদেষ্টা ড.হোসেন জিল্লুর রহমানকে নিয়ে আলোচনা হলেও একমাত্র ডা: শাহদাত হোসেন ছাড়া উল্লেখিত সবাই নির্বাচনে প্রার্থী হতে রাজি হননি।

সবশেষে স্বচ্চ ও বিনয়ী রাজনীতিক নেতা হিসেবে পরিচিত ঘুরেফিরে  বর্তমান মেয়র এম মনজুর আলমের নামই আসে। প্রার্থীর বিষয়টি চুড়ান্ত হলেও বিএনপি সিটি নির্বাচনে আসবে কিনা বা ঢাকা ও চট্টগ্রামে প্রার্থী কে হবেন তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

গত ১৮ মার্চ তিন সিটিতে ২৮ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।এরপর দৃশ্যপট পাল্টে যায়। নির্বাচনে যাওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেন আন্দোলনরত বিএনপি।

১/১১ পর তত্বাবধায়ক সরকারের সময় মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার হলে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন মনজুর আলম। এর আগে আওয়ামী লীগের সমর্থন নিয়ে ১৯৯৪ সাল থেকে পরপর তিনবার নগরীর ১০ নম্বর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন তিনি।

২০১০ সালে সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মেয়র পদে প্রার্থী হন এম মনজুর আলম। নির্বাচনে প্রায় ৯৫ হাজারেরও বেশি ভোটে মহিউদ্দিনকে হারান মনজুর।

মাগুরায় পেট্রোল বোমার ঘটনায় বিএনপি ৪২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

pettrol bomaমাগুরায় ট্রাকে পেট্রোল বোমায় নয় শ্রমিক হতাহতের ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, পৌর কাউন্সিলরসহ ৪২ জনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা দায়ের হয়েছে।

রোববার সদর থানার এ এস আই (উপসহকারী পরিদর্শক) মো. আব্দুস সালাম বাদী হয়ে এ মামলা দায়ের করেছে

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ওসি (তদন্ত) শ্রী নিকুঞ্জ কুমার কুন্ডু জানান, “বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত এ মামলার তদন্ত শুরু হয়েছে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলায় প্রধান আসামী করা হয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ, সহ-সভাপতি মনোয়ার হোসেন খান, পৌর বিএনপি সহ-সভাপতি ও কাউন্সিল মাসুদ হাসান খান কিজিলসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের ৪২ নেতাকর্মীকে।”

শনিবার রাত ৮টার দিকে মাগুরার মঘীর ঢাল এলাকায় একটি খালি ট্রাকে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করলে মাগুরা সদর উপজেরার মালিকগ্রামের ৯ ট্রাক শ্রমিক দগ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাদেরকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। এরপরে হাসপাতালে রওশন আলী, শাকিল মোল্লা ও আব্দুল মতিন মারা যায়।

মঙ্গলবার ছাত্রদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

satrodolবিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ নিখোঁজ ছাত্রদল নেতাদের সন্ধান ও গ্রেফতারকৃত ছাত্রদল নেতাদের মুক্তির দবিতে মঙ্গলবার সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রদলের সহসভাপতি নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

বিবৃতিতে রাজিব আহসান ও আকরামুল হাসান বলেন, “স্বৈরাচারী অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস চালাচ্ছে। পরিকল্পিতভাবে মানুষ হত্যা, অপহরণ, গুম এ সরকারের প্রধান বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। নির্বিচারে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার করে অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত এই নির্লজ্জ সরকার গোটা দেশটাকেই যেন একটি বৃহৎ কারাগারে পরিণত করেছে। গণতন্ত্র ফিরিয়ে এনে সব জুলুমের অবসান ঘটাতে হবে।”

বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ,  ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনসহ ছাত্রদলের ‘নিখোঁজ’ নেতাদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংশ্লিষ্টদের কাছে দাবি জানানো হয়।

চট্টগ্রাম ও রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে

চট্টগ্রাম ও রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করবে সরকার। এ জন্য দুটি আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সচিবালয়ে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন- ২০১৫ ও ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন- ২০১৫’ এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ তথ্য জানান।

বর্তমানে দেশে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’ একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়।

বাপ্পি-আঁচলের লাকি সেভেন

bappi acholগ্লামারকন্যা আঁচল আঁখি বেশ কিছু ব্যবসা সফল সিনেমায় কাজ করেছেন। অভিনয় দক্ষতা ও গ্ল্যামার গুণে এরই মধ্যে ঢালিউডের দর্শকদের পছন্দের নায়িকা হিসেবেও প্রতিষ্ঠা পেয়েছেন তিনি।

তার সঙ্গে যোগ হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক বাপ্পি। এ জুটিকে এখন পর্যন্ত ছয়টি সিনেমায় দেখা গেছে। এবারে আঁচল-বাপ্পি জুটি সাত নাম্বার সিনেমায় কাজ করতে যাচ্ছেন।

২২ মার্চ, সন্ধ্যায় এপার ওপার শিরোনামের সিনেমাটির মহরত অনুষ্ঠিত হবে শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে।

এ প্রসঙ্গে আঁচল বলেন, এপার ওপার সিনেমাটির পরিচালক দেলওয়ার জাহান ঝন্টু নিঃসন্দেহে একজন গুনী নির্মাতা। তার সিনেমায় কাজ করছি, এটা অনেক আনন্দের বিষয়।

এদিকে এটি আমার ও বাপ্পির সাত নাম্বার কাজ। সব মিলিয়ে দর্শক ও নির্মাতারা আমাদের উপরে আস্থা রাখছেন বলেই আমরা আবারও একসঙ্গে কাজ করছি।

বাপ্পি প্রসঙ্গে আঁচল বলেন, বাপ্পি ও আমি বেশ ভালো বন্ধু। আমাদের দুজনের মধ্যে বোঝাপড়াটাও দারুণ। আশা করছি, দর্শক এ সিনেমাটিতেও আমাদের ভালোভাবে নিবেন।

এ জুটির প্রথম কাজ শাহীন সুমন পরিচালিত জটিল প্রেম। এর পর প্রেম প্রেম পাগলামি, কি প্রেম দেখাইলা, আজব প্রেম, গুন্ডা দ্য টেরোরিস্ট, সুলতানা বিবিয়ানাসহ মোট ছয়টি সিনেমায় জুটি হিসেবে দেখা গেছে। এই হিসেবে এ জুটির সাত নাম্বার কাজ এপার ওপার।

এখন দেখার পালা লাকি সেভেন নাম্বারটি এ জুটির জন্যও সৌভাগ্য বয়ে আনে কিনা।

এল ক্লাসিকোয় রোনাল্ডোদের হারাল মেসির বার্সা

messiiiপ্রথম এল ক্লাসিকোতে লুইস সুয়ারেজ গোল না পেলেও দ্বিতীয় এল ক্লাসিকোতে তার গোলেই নিজের মাঠ নূ-ক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারালো বার্সেলোনা।

রোববার রাতে বার্সার হয়ে খেলার ১৯ মিনিটে জেরেমি ম্যাথুই এবং ৫৬ মিনিটে সুয়ারেজ গোলে করেন। রিয়ালের হয়ে ৩১ মিনিটে একমাত্র গোলটি করেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এ জয়ের লিগে রোনাল্ডোর চেয়ে চার পয়েন্টে এগিয়ে গেল মেসি-নেইমাররা।

খেলার ১২ মিনিটে রোনাল্ডোর একটি শর্ট বারে লেগে ফিরে আসে। ১৯ মিনিটে লিওনেল মেসির ফ্রি-কিকে হেডে গোল করেন (লা লিগায় প্রথম) জেরেমি ম্যাথুই। পুরো ন্যূ-ক্যাম্প আনন্দে আত্মহারা। গোল শোধের নেশায় একের পর এক আক্রমণ করতে থাকে রিয়াল। শেষ পর্যন্ত ৩১ মিনিটে বক্সের মধ্যে করিম বেনজেমার আলতো পাসে এগিয়ে দেওয়া বল বার্সার জালে পাঠাতে ভুল করেননি রোনাল্ডো।

এর একটু আগে একটি সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি নেইমার। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট তিনেক আগে (৪২ মিনিটে) রোনাল্ডোর বক্সের বাইরে থেকে জোরালো শর্ট কর্নার বাঁচান বার্সার গোলকিপার। খেলায় রোনাল্ডো একটি হলুদ কার্ড পেয়েছেন।

দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে দানি আলভেজের বাড়ানো বল বক্সে পেয়েই ব্যবধান ২-১ করেন সুয়ারেজ।

দুই দলের খেলোয়াড়ই বেশ কয়েকটি ফাউল করেছেন। শাস্তিস্বরূপ রোনাল্ডো, আলভেজ, রামোসরা হলুদ কার্ড পেয়েছেন।

চলতি মৌসুমের কোপা দেল রের ফাইনালেও উঠেছে মেসি-নেইমারের বার্সেলোনা। রোববারের জয়ে লা লিগাও শীর্ষস্থান অক্ষুণ্ন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছে তারা। বলা যায় বেশ ভালোই সময় যাচ্ছে লুইস এনরিকের শিষ্যদের।

চলতি মরসুমের প্রথম এল ক্লাসিকোয় (গত বছর অক্টোবরে) বার্সাকে ৩-১ গোলে হারিয়েছিল রিয়াল৷ এদিন সেই হারের মধুর প্রতিশোধ নিয়ে উচ্ছ্বসিত মেসি অ্যান্ড কোম্পানি৷ শেষ ১১টি ম্যাচের ১০টিতেই জয়ী বার্সা৷ ম্যাচের পরই টুইটারে নিজেদের ছবি পোস্ট করে সুয়ারেজ লেখেন, ‘এগিয়ে চল বার্সা৷’ ২৮ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে রিয়ালের সঙ্গে ৪ পয়েন্টের ব্যবধানে থেকে শীর্ষস্থান ধরে রাখল ক্যাটালান ক্লাব৷

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মিলনে

milen23দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে সেমিফাইনালের আগে একটা ধাক্কা খেল নিউজিল্যান্ড। গোড়ালির ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পেসার অ্যাডাম মিলনে।

বাঁ-পায়ের গোড়ালির ইনজুরিতে ভুগছেন মিলনে। সোমবার তার বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন।

মিলনের বদলি হিসেবে আরেক পেসার ম্যাট হেনরিকে চেয়ে আইসিসির কাছে আবেদন করেছে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড। আইসিসির সবুজ সংকেত পেলেই স্কোয়াডে ঢুকবেন নিউজিল্যান্ডের হয়ে আটটি ওয়ানডে খেলা হেনরি।

মঙ্গলবার অকল্যান্ডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। এর আগে দুই দলের কেউই ফাইনাল খেলতে পারেনি। এবার যেকোনো এক দলের সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচন করার ইচ্ছা নেই: আমির খসরু

kusruদলের সিদ্ধান্তের পরেও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে নিজেই  প্রার্থী হবেন না বলে জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার রাতে এই সিদ্ধান্তের কথা জানান তিনি ।

তিনি জানান, স্থানীয় সরকারের জন্য যারা যোগ্য তারাই অংশ নেবে। সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দলের সিদ্ধান্ত হলে আমরা স্থানীয়ভাবে প্রার্থী ঠিক করবো। “সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দলের সিদ্ধান্ত হলে আমরা স্থানীয়ভাবে প্রার্থী ঠিক করবো।

দলের পক্ষ থেকে নিজের অংশগ্রহণের সম্ভাবনা নাকচ করে দুইবারের সাবেক মন্ত্রী আমীর খসরু আরো জানান, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে আমার নেই।

এদিকে, আওয়ামী লীগ ইতিমধ্যে দলের নগর সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনকে মেয়র পদে সমর্থন দিয়েছে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর গত বৃহস্পতিবার থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। বিএনপিসমর্থিত অনেকেই ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেও দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে এখনো সুনির্দিষ্ট কোনো বক্তব্য আসেনি।

এছাড়া নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনও মেয়র নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু সবকিছুই নির্ভর করছে ঢাকা ও চট্টগ্রামে তিন সিটি নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না তার উপর।

সিটি নির্বাচন হবে কি না সন্দেহ বি. চৌধুরীর

bchow26সিটি করপোরেশন নির্বাচন হবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী।

সোমবার সকালে সালাহ উদ্দিন আহমেদের গুলশানের বাসায় তার স্ত্রী হাসিনা আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে সন্দেহ প্রকাশ করেন তিনি

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনকে উদ্ধারের দাবি জানিয়ে বি. চৌধুরী বলেন, “সরকার রাষ্ট্র পরিচালনা করছে। তাই তাদের দায়িত্ব সালাহ উদ্দিনকে খুঁজে বের করা। সরকার যদি অন্যান্য ক্ষেত্রের মতো এখানেও ব্যর্থ হয়, তাহলে তাদের পদত্যাগ করা উচিত।”

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, সালাহ উদ্দিনের নিখোঁজের ঘটনা রাজনীতিতে খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে।

সিটি করপোরশন নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিকল্পধারার প্রেসিডেন্ট বলেন, নির্বাচন হবে কি না তা নিয়ে সংশয় আছে। আর হলেও তা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না।

এর আগে তিনি নিখোঁজ সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।