শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

বিশ্বকাপে ভারতের সর্মথন করায় রং দিয়ে গোসল

borishalmapবরিশালের আগৈলঝাড়ায় এসকেএফ ওষুধ কোম্পানির এক প্রতিনিধি ও ফারিয়ার সাধারন সম্পাদক মো. শহিদ বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল খেলায় ভারতের সর্মথন করায় উপজেলা হাসপাতালের সামনে কয়েকজন জনতা রং দিয়ে তাকে গোসল করিয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ক্রিকেট খেলা শুরু হওয়ার পর থেকেই সে ভারতের সর্মথন করে আসছিল। বাংলাদেশ ও ভারতের খেলার দিনও ঐ ব্যক্তি ভারতের সর্মথন করায় স্থানীয়রা তার সাথে বাজি ধরে। সেমিফাইনালে ভারত ও অস্টেলিয়ার খেলায় যদি অস্টেলিয়া পরাজিত হয় তাহলে সে স্থানীয়দের রং দেবে আর যদি ভারত পরাজিত হয় তাহলে স্থানীয়রা সবাই তাকে রং দিয়ে গোসল করিয়ে দেবে। যে কথা সেই কাজ। ভারত পরাজিত হওয়ার সাথে সাথেই স্থানীয়রা তাকে রং দিয়ে গোসল করিয়ে দেয়। পরে সে স্থানীয়দের লজ্জায় মাথায় হেলমেট পরে মুখমন্ডল ঢেকে হাসপাতাল চত্তর ত্যাগ করে।

রোববার সারাদেশে বিক্ষোভ করবে ২০ দল

20 dolবিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ গুম হওয়া নেতাকর্মীদের অক্ষত অবস্থায় ফেরত, খুন ও গণগ্রেফতার বন্ধের দাবিতে রোববার সারাদেশে বিক্ষোভ করবে ২০ দলীয় জোট।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক  বিবৃতিতে  বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু এ কর্মসূচির কথা জানান।

জোটনেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে এই বিক্ষোভে দেশবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে  গ্রেফতারের পর বিএনপি’র অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ সারাদেশে বিরোধী দলীয় গুমকৃত নেতা-কর্মীদেরকে সুস্থ ও অক্ষত অবস্থায় তাদের পরিবারের নিকট ফেরত দেয়ার দাবিতে এবং নেতা-কর্মীদের হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে আগামীকাল ২৯ মার্চ, রোববার দেশব্যাপী সকল  জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় ২০ দলীয় জোটের উদ্যোগে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এডেন থেকে কূটনীতিকদের সরিয়ে নিয়েছে সৌদি আরব

soudi28হুতি বিদ্রোহীদের হুমকির মুখে সৌদি আরব ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় নগরী এডেন থেকে তাদের এবং অন্যান্য দেশের কূটনীতিকদের সরিয়ে নিয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, সৌদি নৌবাহিনী এক অভিযান চালিয়ে এই কূটনীতিকদের এডেন থেকে উদ্ধার করে।

সৌদি আরবের নেতৃত্বে আরব দেশগুলোর এক সামরিক জোট তিন দিন ধরে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু তারপরও বিদ্রোহীদের অগ্রযাত্রা থামানো যায়নি।
ইয়েমেনের প্রেসিডেন্ট আবদরাব্বাহ মানসুর হাদি ইতোমধ্যে এডেন থেকে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নিয়েছেন।
আজ শনিবার মিসরের শার্ম আল শেখে আরব লীগের এক সম্মেলনে তাঁর হাজির থাকার কথা।
এই সম্মেলনে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে এক স্থল অভিযান নিয়ে আলোচনা হতে পারে।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমর্থন যোগাচ্ছে ইরান। ইয়েমেনের বিরাট অংশ এখন কার্যত তারাই নিয়ন্ত্রণ করছে। এ নিয়ে সৌদি আরব ভীষণভাবে উদ্বিগ্ন।
সূত্র : বিবিসি।

মাদাম তুসোয় স্থান পেলেন ক্যাটরিনা

kat candleলন্ডনে মাদাম তুসোর যাদুঘরে সর্বশেষ বলিউড অভিনেত্রী হিসেবে জায়গা করে নিলেন ক্যাটরিনা কাইফ। এদিন নিজের হাতেই মোমের মূর্তিটি উদ্বোধন করেন তিনি। ২০০০ সালে প্রথম বিগ-বি অমিতাভ বচ্চনের মোমের মূর্তি বসিয়ে বলিউড অভিনেতাদের যাদুঘরে স্থান দেওয়া শুরু হয়। সেটারই ১৫ বছর উপলক্ষ্যে ক্যাটরিনার মোমের প্রতিকৃতি বসিয়ে তা স্মরণীয় করে রাখতে চেয়েছে যাদুঘর কর্তৃপক্ষ। ক্যাটরিনার সঙ্গে এবারের লড়াইয়ে ছিলেন বলিউডে তাঁর আরও দুই সহকর্মী প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোনও। তবে প্রতিযোগিতায় তাঁদের হারিয়ে মাদাম তুসোয় জায়গা করে নিয়েছেন ক্যাট। নিজের মোমের প্রতিকৃতির মুখোমুখি হয়ে ক্যাটরিনা জানিয়েছেন, মূর্তিটি অবিকল তাঁর মতোই দেখতে। ন

ইন্দো-ব্রিটিশ অভিনেত্রী ক্যাটরিনার আগে ৬ জন বলিউড তারকার মোমের প্রতিকৃতি স্থান পেয়েছে মাদাম তুসোর যাদুঘরে। অমিতাভ বচ্চন (২০০০), ঐশ্বর্য রাই (২০০৪), শাহরুখ খান (২০০৭), সালমান খান (২০০৮), হৃত্বিক রোশন (২০১১) ও মাধুরী দীক্ষিত (২০১২) এর আগে বিশ্বখ্যাত এই যাদুঘরে স্থান পেয়েছেন।

এদিন স্থান পেলেন ৩১ বছর বয়সী ক্যাটরিনাও। যাদুঘরের মুখপাত্র জানিয়েছেন, ক্যাটরিনা শিল্পীদের সঙ্গে অত্যন্ত সহযোগিতা করেছেন। তাঁর ও শিল্পীদের অনবদ্য দক্ষতায় ক্যাটরিনার একেবারে সঠিক অবয়ব ফুটে উঠেছে তাঁর মোমের প্রতিকৃতিতে। ২০ জন ভাস্কর ও শিল্পী মিলে প্রায় ৪ মাস সময় ধরে এই প্রতিকৃতিটি নির্মাণ করেছেন। এই মূর্তিটির তৈরি করতে খরচ পরেছে ১৫০,০০০ পাউন্ড।

ক্যাটরিনার বাস্তবিক চেহারার ছোঁয়া আনতে শরীরের সঠিক গঠন ও ত্বকের রঙ পর্যবেক্ষণ করে অত্যন্ত সুকৌশলে তৈরি করা হয়েছে প্রতিকৃতিটি।

পাকিস্তানের নতুন অধিনায়ক আজহার!

azahar28বিশ্বকাপ দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানেন মিসবাহ-উল-হক। টেস্ট অধিনায়ক মিসবাহর মতো টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদিও একদিনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান অবসরের ঘোষণা না দিলেও ওয়ানডে দলে হয়তো তাকে আর বিবেচনা নাও করা হতে পারে।

তাহলে আসন্ন বাংলাদেশ সফরে ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন কে? আর কে হচ্ছেন মিসবাহর যোগ্য উত্তরসূরি? নতুন অধিনায়ক নিয়ে অনেকটা দোলাচলে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রাক্তন ক্রিকেটারদের পছন্দের মধ্যে ছিল না কোনো মিল।

পেসার ওয়াহাব রিয়াজের হাতে ওয়ানডে নেতৃত্ব তুলে দেওয়ার পরামর্শ দেন রমিজ রাজা। আমির সোহেলের পছন্দ উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। ওয়াসিম আকরামের পছন্দ ওপেনার আহমেদ শেহজাদ। এক কথায়, নানা মুনির নানা মত!

দুই টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি ২০ ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। সফর নিয়ে অনিশ্চয়তা কেটে গেলেও ওয়ানডে দলের নেতৃত্ব নিয়ে নতুন সংকট দেখা দেয় পাকিস্তান শিবিরে।

এবার সব জল্পনা-কল্পনার অবসান হতে চলেছে। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক হিসেবে আজহার আলীর নাম ঘোষণা করতে যাচ্ছে পিসিবি! আর সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হচ্ছে বিশ্বকাপে সেঞ্চুরিয়ান সরফরাজ আহমেদকে!

সূত্র : দ্য নিউজ ট্রাইব

নিজের সব সম্পত্তি দান করবেন অ্যাপেল-কর্তা

tim kukঅ্যাপেল প্রধান স্টিভ জোবস অসুস্থ থাকাকালীন সময়ে তাকে সুস্থ করতে নিজের লিভারকেই দিয়ে দিতে চেয়েছিলেন বর্তমান অ্যাপেল সিইও টিম কুক ৷ কিন্তু স্টিভ জোবস তা প্রত্যাখ্যান করেন ৷ পরবর্তিতে মারাও যান অ্যাপেল প্রধান স্টিভ জোবস ৷ সেই সময় টিম কুকের সেই বার্তা সারা বিশ্বের নজরে আসে৷আবারও খবরের শিরোনামে টিম কুক ৷ ফরচুন ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাতকারে অ্যাপেল সিইও টিম কুক জানান, তিনি তার সমস্ত সম্পত্তি দান করে দেবেন কোন স্বেচ্ছাসেবী সংস্থাকে ৷ প্রসঙ্গত, অ্যাপেল প্রধান টিম কুকের মোট সম্পত্তির পরিমাণ ৭৮৫০ লাখ ডলার ৷ তবে তিনি জানিয়েছেন, সম্পত্তির কিছু অংশ তিনি রেখে দেবেন তাঁর ভাইপোর পড়াশোনার খরচ চালানোর জন্য ৷৫৪ বছর বয়সি টিম কুকের আগে এমনই জনসেবামূলক কাজে এগিয়ে এসেছেন মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এবং ওরাকেল-এর প্রধান ল্যারি এলিসন ৷

মাশরাফি-তাসকিন বক্ষড্যান্সের রহস্য

bdc courterবিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ডকে হারানোর পর টাইগারদের মনোবল তুঙ্গে ছিল। কোয়ার্টারে জয়ের প্রত্যয়ে মুখোমুখি হয় শক্তিশালী ভারতের। সেই ম্যাচে প্রথম দিকে বা আগ থেকেও অবিচল ছিল বাংলাদেশ ক্রিকেট দল। কারণ তাদের হারানোর কিছু ছিল না। যত ভয় ছিল ভারতের। ডিফেন্ডিং চ্যাম্পিয়নেরা যদি ২০০৭ সালের পুনরাবৃত্তি ঘটায়। কোয়ার্টারের ম্যাচে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তে প্রতিটি খেলোয়াড়ের ছিল মন খারাপ। ভারত শক্তিশালী বলেই কি তাদের পক্ষে সব রায়? ওই সময়ে টাইগার অধিনায়কের উত্তেজিত চেহারা ধরা পড়ল ক্যামেরায়। মাশরাফি এমনিতেই ঠাণ্ডা মাথার খেলোয়াড়। কিন্তু ওই দিন তাসকিনের সাথে তার আচরণ ও বক্ষ ড্যান্স নিয়ে ভক্তদের আগ্রহ ছিল অন্যরকম।
অনেকেরই জানতে ইচ্ছে করেছে, আসলে কী ঘটেছে ওই দিন? বাংলাদেশের তরুণ পেসার তাসকিন আহমেদ স্বাভাবিক হাসি দিয়েই বললেন, ‘কিছুই হয়নি। সবাই যা ভাবছে ঘটনা তা নয়। আমি স্লগ ওভারে ইয়র্কার ভালো করতে পারি। কিন্তু ওই সময় ইয়র্কার না দিয়ে শর্ট বল কিংবা স্লোয়ার ডেলিভারি দিচ্ছিলাম। ওরকম পরিস্থিতিতে কখনো পড়িনি। তাই কনসেনট্রেশন নষ্ট হচ্ছিল। শেষ পর্যন্ত ইয়র্কার দিয়েই সফল হয়েছি। এটাই মাশরাফি ভাই জোরে বলছিলেন। আসলে মাশরাফি ভাইয়ের সাথে আমাদের সবার সম্পর্ক মধুর। উইকেট পাওয়ার পর মাশরাফি ভাই বলেছেন, আমি এ জন্যই বলেছিলাম ইয়র্কার করো। উনি আগ থেকেই বলছিলেন। ক্রাউডের কারণে একটু দূর থেকেও উনার কথা শুনতে পারছিলাম না। উনি সবসময়ই আমাদের টিপস দিয়েছেন। হয়তো ওই সময়ের ব্যাপারটি অনেকের কাছে খারাপ লেগেছে। কিন্তু আমি মনে করি ওটি খেলারই একটি অংশ।’
বিশ্বকাপে বাংলাদেশের অর্জন ও ব্যক্তিগত অর্জন নিয়ে তাসকিন আরো বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছি এটা অনেক বড় প্রাপ্তি। জীবনের প্রথম বিশ্বকাপ খেলতে গিয়েই কোয়ার্টার ফাইনাল খেলতে পেরেছি। হয়তো অদূর ভবিষ্যতে সেমিফাইনাল-ফাইনাল খেলব ইনশাআল্লাহ। যাওয়ার আগে বলেছি সেরা দশে থাকার চেষ্টা করব। কিন্তু হয়নি। তবে চেষ্টার ত্রুটি করিনি। কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাইনি। ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা করব। যে সব জায়গায় ত্রুটি আছে সেগুলো শুধরে নেব। দেশের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট পেয়েছি। আমার টিমমেটরা আমাকে খুব সাহায্য করেছেন। প্রথম উইকেট পাওয়ার পর অনুভূতির কথা ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রত্যেকটা উইকেটই আমার জন্য বিশেষ কিছু। প্রত্যেক ম্যাচের আগে খেলোয়াড়ের ওপর ভিডিও বিশ্লেষণ দেখতাম। সবার দুর্বলতা জানা ছিল। রোহিত শর্মা ও ধোনিকে দুর্বল জায়গায় বল করেই আউট করেছি। তবে সবসময় সঠিক জায়গায় বল ফেলতে পারিনি। এটি আমার ব্যর্থতাও বলতে পারেন। ফিল্ডিংয়ে দুর্বলতা ছিল। হ্যালস্যালের সমাধানে ফিল্ডিংয়ে অনেক উন্নতি হয়েছে। দলে সবচেয়ে জুনিয়র খেলোয়াড় আমি। কোনো ভুল করলে শাসনের দ্বিগুণ আদরও পেয়েছি।’
রোহিতের উইকেট নেয়ার পর মাশরাফির সাথে বক্ষ ড্যান্সের রহস্য কী ছিল? দ্বিতীয়বারে কি ধাক্কা খেয়েই পড়ে গিয়েছেন নাকি গ্যালারি শো। ‘আসলে ওটা ছিল ভিন্ন ধরনের এক্সসাইটমেন্টের বহিঃপ্রকাশ। এর আগে ভারতের বিপে ম্যাচেও আমি এটা করেছি। হুট করেই মাশরাফি ভাইয়ের সাথে রোহিতের উইকেটের উদযাপনটা ওভাবে করেছি। মজার বিষয় হলো দ্বিতীয় বার করতে গিয়ে পড়ে গেছি। অবশ্য দুইজনেই মাটিতে পড়ে যাওয়ায় মনে হয়েছে এটা অন্যরকম সেলিব্রেশন।
বিমানবন্দরে ‘ম্যারি মি তাসকিন’ লেখা প্লাকার্ড দেখে একটা কথা বলতে পারি, ভক্তরা আছে বলেই কিন্তু আমরা ক্রিকেটার। তাদের সাপোর্ট সব সময় আশা করি। ক্রিকেটের পাশে যেন তারা সব সময় থাকেন। ক্যানবেরায় আমাদের মনেই হয়নি আমরা অন দেশে খেলছি। বিশ্বকাপের পারফরম্যান্স সামনের সিরিজগুলাতে ভালো খেলার প্রেরণা দিবে।’

সহিংসতা-সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক

convesion28রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ সকালে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সম্মিলিত নাগরিক সমাজের জাতীয় সম্মেলন শুরু হয়। ছবি: শরিফুল হাসানএকাত্তরের পরাজিত শক্তি দেশের নাগরিকদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে।

রাজনীতির আবরণে দেশে এখন জঙ্গি তৎপরতা চলছে। এতে দেশ আজ গভীর সংকটে। এ পরিপ্রেক্ষিতে সহিংসতা-সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সম্মিলিত নাগরিক সমাজ।

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এই জাতীয় সম্মেলন থেকে এ আহ্বান জানানো হয়। সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে এই সম্মেলন শুরু হয়। এরপর গত ৮২ দিনের অবরোধ-সহিংসতায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করছেন নাগরিক সমাজের আহ্বায়ক কাজী খলীকুজ্জামান আহমদ। সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপনের সময় তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মালিক যে নাগরিকেরা, তাঁরা আজ ভয়াবহ সংকটে। ককটেল ও পেট্রল বোমার আগুনে নারী, শিশু নির্বিশেষে সাধারণ মানুষ দগ্ধ হচ্ছেন। চোরাগোপ্তা হামলা, রেললাইনের ফিশ প্লেট খুলে ফেলা, যানবাহন ভাঙচুর, সন্ত্রাসী কর্মকাণ্ডে সমাজে অস্থিরতা বিরাজ করছে। শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না। বিঘ্নিত হচ্ছে পরীক্ষা।’

খলীকুজ্জামান বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তিকে সামনে রেখে যে অবরোধ শুরু হয়েছে, ৮৩ দিন ধরে তা চলছে। কৃষক, শ্রমিক, দিনমজুর, পেশাজীবী, সবাইকে আজ ভয়াবহ কষ্টে দিন কাটাতে হচ্ছে। ২০১৩ সালেও একই ঘটনা ঘটেছে। এমন সংকটময় মুহূর্তে সম্মিলিত নাগরিক সমাজ গঠন করা হয়েছে। এটি উন্মুক্ত নাগরিক মঞ্চ। মুক্তিযুদ্ধের চেতনায় আমরা দেশ গড়ার কাজ করব।

দেশের বর্তমান সংকট সমাধানে সন্ত্রাস ও জঙ্গিবাদ কঠোরভাবে দমন, জঙ্গি-সন্ত্রাসীদের অর্থের উৎস বন্ধ, সহিংসতায় নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, যুদ্ধাপরাধীদের বিচার শেষ করাসহ
সরকারের উদ্দেশে নয় দফা দাবি তুলে ধরেন খলীকুজ্জামান। রাজনৈতিক নেতাদের প্রতি মুক্তিযুদ্ধের চেতনায় রাজনীতি করা ও পরস্পরের মধ্যে আলাপ-আলোচনা শুরুর আহ্বান জানান তিনি।

সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি এ কে এম এ হামিদ। তিনি বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে সচেতন নাগরিক সমাজ নীরব ভূমিকা পালন করতে পারে না। তাই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে এ জাতীয় কনভেনশনের আয়োজন করা হয়েছে।

সেক্টর কমান্ডার আবু উসমান চৌধুরী, অর্থনীতিবিদ ইব্রাহিম খালেদ, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহসভাপতি হেলাল মোর্শেদ, বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্য নিরাপত্তা বিশ্লেষক আবদুর রশীদসহ বিভিন্ন শ্রেণি, পেশার কয়েক হাজার মানুষ সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলন পরিচালনা করেন বাংলাদেশ উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক নিলুফার বানু।

সরকারি গাভী ছুটির দিনে দুধ দেয় না!

ekattorস্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন একটি বড় প্রতিষ্ঠান। দেশের সর্বত্র রয়েছে তাদের কর্মকাণ্ড। বাজেটের অঙ্ক বেশ। অফিস ভবন আকারে-সৌন্দর্যে উন্নত দেশগুলোর সঙ্গে পাল্লা দেবে। তাদের শীর্ষ ব্যক্তির টেলিফোন নম্বর সংগ্রহের জন্য তথ্য-প্রযুক্তি বিপ্লবের যুগের সহজ পথ ওয়েব পেজে গেলাম। ফোন নম্বর মিলে গেল সহজে। কিন্তু বারবার চেষ্টা করেও সংযোগ মিলল না। ওয়েব পেজ থেকে ওই অফিসেরই আরেক কর্মকর্তার টেলিফোন নম্বর সংগ্রহ করে তাকে ফোন দিয়ে জানতে পারি_ তাদের প্রতিষ্ঠান প্রধানের টিঅ্যান্ডটি নম্বর বদলে গেছে।

ওয়েব পেজে কেন রয়ে গেছে আগের নম্বর_ আমার এ প্রশ্নের জবাব অবশ্য মেলেনি। আমি স্বগতোক্তির মতো বলি_ সরকারি অফিস তো!

মিল্ক ভিটা নামের প্রতিষ্ঠানটি অনেক অনেক গ্রাম থেকে দুধ সংগ্রহ করে প্রতিদিন। এর ব্যবস্থাপনার সঙ্গে সমবায়ীদের পাশাপাশি সরকারি লোকজনও যুক্ত রয়েছেন। গাভীর শাবক জন্মের পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতিদিন দুধ দেবে, এটাই স্বাভাবিক। এ দুধ প্যাকেটে ভরে শহরের ক্রেতাদের কাছে পেঁৗছানো হয়। গুঁড়া দুধ হিসেবেও এর ব্যবহার রয়েছে। তরল দুধ ক্রেতাদের কাছে পেঁৗছে দেওয়ার জন্য সরবরাহ করা হয় বিভিন্ন দোকানে। মিল্ক ভিটার সদর দপ্তরেও এ দুধ বিক্রির ব্যবস্থা রয়েছে। তবে সাপ্তাহিক ছুটির দিনে কিংবা অন্যান্য সরকারি দিনে সেখানে দুধ বিক্রির ব্যবস্থা নেই। প্রতিদিন অফিস টাইমের পরও সেখানে মেলে না দুধ। অথচ সাধারণ দোকানগুলোতে আপনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত পাবেন প্যাকেটে ভরা দুধ। তারা ব্যবসা বোঝে এবং জানে যে, ক্রেতারা খুব ভোরে কিংবা রাতে অথবা ছুটির দিনে দোকানে আসতে পারে। গাভী ছুটির দিন হিসাব করে দুধ দেয় না। কিন্তু সরকারি প্রতিষ্ঠানে এ দুধ বিক্রির যে আয়োজন সেখানের বিক্রেতারা চলেন অফিস টাইম ধরে।

এক সময় মতিঝিল বাণিজ্যিক এলাকায় বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন বা বিটিএমসির একটি বিক্রয় কেন্দ্র ছিল। সেখানে এ সংস্থার অধীন বিভিন্ন মিলের কাপড় বিক্রি হতো। সেখানেও অফিস টাইম_ বিক্রেতারা যে ‘সরকারি চাকরি’ করেন! একবার প্রবল বর্ষণে ওই বিক্রয় কেন্দ্রের ভেতরে পানি ঢুকে অনেক কাপড় নষ্ট হয়ে যায়। আগের দামে ওই নষ্ট কাপড় বিক্রির উপায় ছিল না। ব্যক্তিমালিকানাধীন যে কোনো প্রতিষ্ঠানে এ ধরনের ড্যামেজড গুডস কিছুটা লস দিয়ে হলেও দ্রুত বিক্রি করে দেওয়া হতো। মালিক জানেন, যতদিন যাবে লসের পরিমাণ বাড়বে। বিটিএমসির এক শীর্ষ কর্মকর্তাকে জিজ্ঞেস করেছিলাম_ আপনারা লস দিয়ে পানিতে ভিজে নষ্ট হয়ে যাওয়া কাপড় বিক্রি করে দেন না কেন? উত্তরে জানা গেল_ কত ক্ষতি হয়েছে, তার হিসাব চলছে। এজন্য কমিটি করা হয়েছে। তারা রিপোর্ট দিলে উচ্চ পর্যায়ের মিটিং ডেকে সিদ্ধান্ত হবে। আমার প্রশ্ন ছিল_ ততদিনে যে কাপড় পচে যাবে? উত্তর পেলাম_ সরকারি অফিস তো, নিয়ম মেনে চলতে হয়!

আমাদের সব সরকারি অফিসেই ‘অনিয়ম-দুর্নীতি-অবহেলা’_ এভাবে ঢালাও অভিযোগ তোলার যুক্তি নেই। শিক্ষা মন্ত্রণালয় একটানা পাঁচ বছর ধরে স্কুলের সব ছাত্রছাত্রীকে বিনামূল্যে বই দিচ্ছে। এ বছর বই দেওয়া হয়েছে প্রায় সাড়ে চার কোটি ছাত্রছাত্রীকে। পাকিস্তান আমল থেকেই এ বই প্রকাশ ও বিতরণের দায়িত্ব ছিল বেসরকারি প্রকাশক ও ব্যবসায়ীদের হাতে। তারা সময়মতো বই প্রকাশ করত না। ছাত্রছাত্রীদের পড়াশোনা নয়, মুনাফাই ছিল তাদের কাছে মুখ্য। প্রতি বছর এ নিয়ে কতই না খবর থাকত সংবাদপত্রে। এখন সরকার বই প্রকাশ করছে এবং ১ জানুয়ারি নতুন ক্লাস শুরুর দিনে সবার হাতে বই তুলে দিচ্ছে। এ কাজ কিন্তু সুচারুরূপে সম্পন্ন করছে সরকারি দপ্তরের কর্মীরাই। শহর ও গ্রামের হাজার হাজার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে নির্দিষ্ট সময়ে বই পেঁৗছে দেওয়ার কাজ যারা সময়মতো করতে পারে, তাদের দক্ষতা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকতে পারে না। কে বলে, সরকার সময়ের কাজ সময়ে করতে পারে না? কে বলে সরকারি কাজে যুক্তদের দক্ষতা নেই? সরকার পারে_ এর চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে?

কিন্তু তারপরও কথা থেকে যায়। কেমন যেন চলতে চলতে থেমে থাকার ঘটনা ঘটে। চাকরি যে কেবল চাকরি নয়, সেটা অনেকে ভুলে যায়। সরকারি অফিসার বা কর্মচারী, যে কোনো পদে নিয়োগ পেতে পরীক্ষায় বসতে হয় এবং সেখানে রয়েছে তীব্র প্রতিযোগিতা। এ চাকরির শর্ত রয়েছে অনেক। সবচেয়ে বড় শর্ত দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থাকা। আর সেটা পূরণ করতে হলে বুঝতে হবে যে ‘ছুটির দিনেও গাভী দুধ দেয়’।

সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশের ইতিহাসের গৌরবের অধ্যায়ে এক অনন্য স্থান। এখানেই ১৯৪৮ সালে মোহাম্মদ আলী জিন্নাহ দম্ভভরে বলেছিলেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্র ভাষা। এ বিশাল প্রান্তর সে সময়ে পাকিস্তানের জাতির জনকের ভাষণ শোনার জন্য কানায় কানায় পূর্ণ। কিন্তু বাঙালিরা জনসভাস্থলে বসেই জিন্নাহ সাহেবের বক্তব্য প্রত্যাখ্যান করে। তারা দাবি জানায়, বাংলাকেও রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে।

এই ময়দানেই ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ডাক দেন। ২৫ মার্চ মধ্য রাত থেকে পাকিস্তানি সশস্ত্র বাহিনী গণহত্যা শুরু করলে বাংলাদেশের জনগণ অস্ত্র হাতে তুলে নেয় এবং ১৬ ডিসেম্বর হানাদার বাহিনীকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য করে। এই ময়দানেই রচিত হয়েছিল আমাদের দেশের গৌরবের আরেক অধ্যায়। বিশ্বে পরাজিত সামরিক বাহিনীর আত্মসমর্পণের অনেক ঘটনা রয়েছে। কিন্তু যে জনগণকে সেনাবাহিনী নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তাদের সামনে আত্মসমর্পণের দৃষ্টান্ত আর একটিও নেই। এই ময়দানেই ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে ফিরে জাতির জনক শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন। এমন একটি ঐতিহাসিক স্থানে ‘স্বাধীনতা জাদুঘর’ প্রতিষ্ঠা করা হয়েছে। এর পেছনে সরকারের অবদান অনস্বীকার্য। তবে সরকারেরও রাজনীতি থাকে। রাজনৈতিক দর্শন থাকে। প্রায় ১৪ বছর ধরে পরিকল্পনার ফসল আজকের এই জাদুঘর। পাতালে অবস্থিত জাদুঘরটির বিশাল এলাকাজুড়ে ফাঁকা জায়গা। সেখানে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন সময়ের ছবি। জাদুঘরের মাঝখানে রয়েছে একটি ফোয়ারা। নাম দেওয়া হয়েছে ‘ওয়াটার ফল’। ফোয়ারাটি নেমে এসেছে মাটির উপরিভাগ থেকে। ৭ একর বিস্তৃত সোহরাওয়ার্দী উদ্যানের কেন্দ্রস্থলে প্রায় ১৭৫ কোটি টাকা ব্যয়ে এই স্থাপনার নির্মাণকাজ শেষ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫ হাজার ৬৬৯ বর্গমিটার পাকা চাতাল বা পল্গাজা এবং এর চারপাশে রয়েছে তিনটি জলাশয়, বাঙালি জাতিসত্তার অমরতার প্রতীক ‘শিখা চিরন্তন’ এবং স্বাধীনতা সংগ্রামকে ভিত্তি করে নির্মিত একটি দেয়ালচিত্র। জাদুঘরের উপরিভাগে রয়েছে ১৫৫ আসনসংখ্যার আধুনিক মানের মিলনায়তন।

এ উদ্যোগ যে সময়মতো বাস্তবায়িত হয়নি তার কারণ ২০০১ সালের ১০ অক্টোবর গঠিত বিএনপি-জামায়াতে ইসলামীর সরকারের রাজনীতি ও রাজনৈতিক দর্শন। তারা এ প্রকল্পের কাজ স্থগিত ঘোষণা করেছিল। তাদের কারও কারও কাছে ‘১৯৭১ সাল’ বাঙালির জীবনে নিতান্তই একটি বিচ্ছিন্ন ঘটনা। মুক্তিযুদ্ধ কেবলই ‘গোলমাল’। জামাায়াতে ইসলামীর নেতাকর্মীরা ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের গণহত্যায় অংশ নিয়েছিল। তারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। কেবল বাঙালি_ এ অপরাধেও মানুষ হত্যা করেছে। মুক্তিযুদ্ধের সাহস ও বীরত্বগাথা, পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসরদের বর্বরতার কথা সবার সামনে তুলে ধরার যে কোনো আয়োজনের তারা বিরোধী। আর এ কারণে স্বাধীনতার জাদুঘর বছরের পর বছর পাতালপুরীতে ঘুমিয়ে ছিল। এবারের স্বাধীনতা দিবসে তাকেই জাগিয়ে তুলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। এ স্থানে বাংলাদেশের নানা বয়সের নারী-পুরুষ ভিড় জমাবেন প্রতিদিন, এটাই স্বাভাবিক। তারা যাতে সোহরাওয়ার্র্দী উদ্যানে সহজে আসতে পারে সে ব্যবস্থা করতে হবে। এখানে মুক্তিযোদ্ধারা আসবেন, যারা ১৯৭১ সালে লড়েছেন জীবনবাজি রেখে। স্বাধীনতার ৪৪ বছর পূর্ণ হয়েছে। সে সময়ে যারা লড়েছেন, অনেকেই বেঁচে নেই। অনেকে স্বাভাবিক চলাচল করতে পারেন না। তাদের জন্যও বিশেষ ব্যবস্থা করা চাই। আর বিশেষভাবে মনোযোগ দিতে হবে নতুন প্রজন্মের জন্য। তাদের বেশি বেশি করে নিয়ে আসতে হবে স্বাধীনতা স্তম্ভের পাদদেশের এ অনন্য সুন্দর স্থাপনাস্থলে। এ স্থানটি সরকারি তত্ত্বাবধানে রয়েছে। তাদের দৃষ্টিভঙ্গিও হতে হবে একাত্তরের চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ। কিন্তু যাদের ওপর এ মহান দায়িত্ব রয়েছে তারা কি এ বিষয়টি উপলব্ধি করেন? শুক্রবার বিভিন্ন সংবাদপত্রের একটি খবর দেখে এ নিয়ে সংশয় জাগবেই। এতে বলা হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় জাদুঘরের তত্ত্বাবধানে স্বাধীনতা জাদুঘর পরিচালিত হবে। রক্ষণাবেক্ষণ করবে গণপূর্ত বিভাগ। একজন পদস্থ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খোলা থাকবে জাদুঘরের দরজা। প্রবেশ মূল্য ১০ টাকা। ১২ বছরের কম বয়সীদের জন্য লাগবে দুই টাকা। সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার। সরকারি ছুটির দিনগুলোতে জাদুঘরটি বন্ধ থাকবে।

দেখুন, একেবারে অফিস টাইম! মুক্তিযুদ্ধের জাদুঘরে সরকারি ছুটির দিনে আসা যাবে না; কারণ সেদিন সরকারি কর্মীদেরও ছুটি। স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস_ এসব দিনে জনগণের জন্য বিশেষ আকর্ষণ হতে পারে জাদুঘর। সবচেয়ে বিস্ময়ের যে ঘোষণা একজন আমলা দিয়েছেন সেটা হচ্ছে, প্রতিদিন বিকেল সাড়ে ৪টায় জাদুঘরটি বন্ধ করে দেওয়া। এটা ঠিক যে, এ ধরনের প্রতিষ্ঠান দিন-রাত ২৪ ঘণ্টা খোলা থাকে না। কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে এমন চমৎকার আয়োজন বিকেল-সন্ধ্যায় দেখা যাবে না_ সেটা কেমন কথা? সরকার যদি মনে করে যে, তাদের কর্মী নিয়ে এ প্রতিষ্ঠান পরিচালনা সম্ভব নয়, তাহলে এজন্য বিশেষ কর্তৃপক্ষ গঠন করা যেতে পারে। বেসরকারিভাবেও পরিচালনা করা যায়। এ ক্ষেত্রে কেবল একটি বিষয়ই মনে রাখা চাই_ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ না করলে মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পরিচালনা করা প্রকৃতই কঠিন এক কাজ। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে গিয়ে দেখেছি, নানা প্রয়োজনে সেখানে আসা মুক্তিযোদ্ধাদের (যারা বয়সে অবশ্যই প্রবীণ) সঙ্গে অনেক সরকারি কর্মকর্তা যথাযথ ব্যবহার করেন না। স্বাধীনতার জন্য যারা নিজেদের উৎসর্গ করেছিলেন, তারা কি একটু সদয় ব্যবহার পেতে পারে না?

আশা করব যে, সংস্কৃতি মন্ত্রণালয়, জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ এবং গণপূর্ত বিভাগ স্বাধীনতা জাদুঘর পরিচালনার বিষয়ে প্রথাগত সরকারি নিয়মের বাইরে আসতে পারবেন। এমন মহতী আয়োজন কেবল সরকারি নিয়মের রশিতে যেন বাধা না পড়ে।

সাংবাদিক, মুক্তিযোদ্ধা

ajoydg@gmail.com

নির্বাচন ও আন্দোলন একসাথে চলবে : গাজী

gazi11যতদিন না গণতন্ত্র মুক্তি পাবে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রের আন্দোলন ও আসন্ন সিটি নির্বাচন একসাথে চলবে বলে মন্তব্য করেছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিসেশন অব বাংলাদেশ(ড্যাব) আয়োজিত গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধার এবং গুম, খুনের প্রতিবাদে এক মানববন্ধনে তিনি  এই মন্তব্য করেন।

রুহুল আমিন গাজী বলেন, সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগকে বিনা চ্যালেঞ্জে যেতে দেবে না মর্মে বেগম খালেদা জিয়া যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে আমরা স্বাগত  জানাই ।

বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন ও নির্বাচন এক সাথে চলবে। সে আন্দোলনে আমরা পেশাজীবীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত পেশাজীবীদের আন্দোলন চলবে।

তিনি বলেন, সরকার একদিকে নির্বাচনের ঘোষণা দিয়েছে, অন্যদিকে বিরোধী দলের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে, ভয়ভীতি সৃষ্টি করছে। গুম, খুনে দেশ আজ মৃত্যুপুরিতে পরিণত হয়েছে। এসময় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সরকারের অন্যায় আদেশ না মানতে অনুরোধ করেন।

গাজী বলেন, ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর হত্যাযজ্ঞে যেভাবে যেখানে-সেখানে লাশ পাওয়া যেত, এখনো তেমনিভাবে সারাদেশে যেখানে-সেখানে মানুষের লাশ পাওয়া যাচ্ছে। সরকারের অত্যাচার পাক বাহিনীকেও হার মানিয়েছে।

ড্যাব সভাপতি এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএফইউজের সভাপতি  শওকত মাহমুদ, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি প্রোকৌশলী হারুণ অর রশিদ, ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ।