শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

বাজেট ঘোষণা ৪ জুন, রবিবার আলোচনা শুরু

muhit28প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করা হবে ৪ জুন। এটি দেশের ৪৫তম বাজেট। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করবেন।

আর বাজেটকে সামনে রেখে অর্থমন্ত্রীর নেতৃত্বে রবিবার থেকে শুরু হচ্ছে প্রাক-বাজেট আলোচনা। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের এটি দ্বিতীয় বাজেট। আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের এটি সপ্তম বাজেট। তবে এর আগে এরশাদ সরকারের আমলে অর্থমন্ত্রী হিসেবে ১৯৮২-৮৩ এবং ১৯৮৩-৮৪ অর্থবছরের জাতীয় বাজেটও ঘোষণা করেন তিনি।

মন্ত্রণালয় সূত্র জানায়, ৪ জুন সংসদে আগামী ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট, চলতি ২০১৪-১৫ অর্থবছরের সংশোধিত বাজেট ও ২০১৫ সালের অর্থবিল উপস্থাপন করা হবে। ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পাস হবে ৩০ জুন। এর আগে ২৯ জুন প্রস্তাবিত বাজেটের উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সমাপনী বক্তব্য রাখবেন।

চলতি ২০১৪-১৫ অর্থবছরের সংশোধিত বাজেটের উপর আলোচনা হবে ৭ জুন এবং ৮ জুন এটা পাস হবে। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা শুরু হবে ৯ জুন এবং শেষ হবে হবে ২৮ জুন। ছুটির দিন ছাড়া মোট ১৪ কার্যদিবস এ সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।

প্রাক-বাজেট আলোচনা শুরু রবিবার

এদিকে আসন্ন ২০১৫-১৬ অর্থবছরের বাজেট প্রণয়নকে সামনে রেখে রবিবার প্রাক-বাজেট আলোচনা শুরু হচ্ছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বে অর্থ মন্ত্রণালয়, রাজধানীর শেরেবাংলা নগর এনইসি’র সম্মেলন কক্ষ ও রাষ্ট্রায়ত্ত অতিথি ভবন পদ্মায় এসব আলোচনা অনুষ্ঠিত হবে। সম্প্রতি প্রাক-বাজেট আলোচনার ১১টি বৈঠকের একটি সময়সূচি ও স্থান নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়।

নির্ধারিত এ সময়সূচি অনুযায়ী, রবিবার (৫ জুলাই) প্রাক-বাজেট আলোচনা হবে ‘পলিসি রিসার্চ ইনস্টিটিউট’ (পিআরআই), ‘ইকোনমিক রিসার্চ গ্রুপ’ (ইআরজি), ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ’ (বিআইডিএস) ও ‘বাংলাদেশ অর্থনীতি সমিতি’র সদস্যদের সঙ্গে।

অন্যান্যের মধ্যে এনজিও নেতাদের সঙ্গে ৭ এপ্রিল, দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ও পেশাজীবীদের সঙ্গে ৮ এপ্রিল, চ্যানেল আই’র উদ্যোগে ‘কৃষি বাজেট, কৃষকের বাজেট’ নিয়ে আলোচনা ৯ এপ্রিল, সকল মন্ত্রণালয়/বিভাগের সিনিয়র সচিব/সচিবদের সঙ্গে ২৭ ও ২৮ এপ্রিল, ‘ইকোনমিক রিপোর্টার্স ফোরাম’-এর সঙ্গে ২৯ এপ্রিল, চারটি সংসদীয় স্থায়ী কমিটি (অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি ও সরকারি প্রতিষ্ঠান কমিটি)-এর সভাপতি ও সদস্যদের সঙ্গে ১০ মে, বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের সঙ্গে ১১ ও ১২ মে এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে ১৪ মে প্রাক-বাজেট মতবিনিময় করবেন অর্থমন্ত্রী।

বেশি সন্তান জন্ম না দিলে ভারত মুসলিমদের দখলে চলে যাবে

chompot raiহিন্দুরা বেশি সন্তান জন্ম না দিলে ভারত মুসলিমদের দখলে চলে যাবে বলে মন্তব্য করেছেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক মহাসচিব চম্পত রাই।

তিনি বলেন, যদি হিন্দুরা একটি সন্তানে খুশি হয়, তাহলে ২০৫০ সালে তাদের এর পরিণাম ভোগ করতে হবে।

চম্পত রাই জানান, ‘কেন্দ্রীয় সরকার একমত হোক বা না হোক, বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে ‘ঘর ওয়াপসি’ কর্মসূচি চালু রাখা হবে।’ ‘ঘর ওয়াপসি’র মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে জাতির সেবা করা হচ্ছে বলে তার দাবি।

মার্কিন ‘পিউ রিসার্চ সেন্টার’ নামে এক সংস্থার রিপোর্টে বলা হয়েছে, ২০৫০ সালে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বাসিন্দাদের দেশ হবে ভারত। এক্ষেত্রে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে ভারত প্রথম স্থানে চলে যাবে তখন। এই সময়ে ভারতে হিন্দুরাই সংখ্যাগরিষ্ঠ থাকবে। তখন জনসংখ্যার বিচারে বিশ্বের তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী হবে হিন্দুরা।

পিউ রিসার্চ সেন্টার থেকে জনসংখ্যা সম্পর্কিত তথ্য প্রকাশিত হওয়ার পরেই বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে চম্পত রাই এ ধরণের মন্তব্য করেছেন।

বাংলাভাই নেই, আছে খালেদা জিয়া

nasim20স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগে উত্তরবঙ্গে জঙ্গি ছিল বাংলা ভাই। এখন বাংলাভাই নেই, আছে খালেদা জিয়া।

শনিবার বিকেল ৩টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে মার্শাল ল’ জারি হতো উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না।

তিনি বলেন, বিএনপি জামায়াতকে সঙ্গে নিয়ে পেট্রোল বোমা মেরে দু’শ মানুষকে হত্যা করেছে। অগ্নিদগ্ধ মানুষের কান্নায় ভারি হয়ে উঠেছে বার্ন ইউনিটের বাতাস।

তারা নির্বাচন নির্বাচন করছে, কিন্তু ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ জানুয়ারির নির্বাচনের আগে খালেদাকে গণভবনে চায়ের দাওয়াত দিয়েছিলেন। কিন্তু তিনি আসেন নি। এখন সংলাপের কথা বলছেন।

খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, আপনাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে, আপনারা সিটি নির্বাচনে আসুন। সেখানে যে ফলাফল হবে তা আমরা মেনে নেব। কিন্তু আমার বিশ্বাস, তারা যেভাবে মানুষ হত্যা করেছে তাদের কেউ ভোট দেবে না।

নাসিম বলেন, ৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে এতো উন্নয়ন হতো না। আজ এই মেডিকেল কলেজ উদ্বোধন করা যেত না, কাজ বন্ধ হয়ে যেত।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা মেডিকেল কলেজে প্রয়োজনীয় পদ সৃষ্টি ও শূন্য পদ পূরণে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এছাড়া, তিনি শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে একটি পরিবহন বাস, একটি অ্যাম্বুলেন্স এবং অভ্যন্তরীণ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য দুই কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন।

এর আগে, স্বাস্থ্যমন্ত্রী অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক কাজী হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য স ম জগলুল হায়দার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রিফাত আমিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ, বিএমএ ও স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. ইকবাল আর্সানাল, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আহমেদুল কবীর, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা. এসজেড আতীক প্রমুখ।

শিশুকে ঘুম পাড়াবে অ্যাপ

child sleepingশিশুদের ঘুম পাড়াতে নয়া অ্যাপ নিয়ে এল নিউ ওর্য়ক ভিত্তিক এক সংস্থা। বহু বাবা-মায়ের কাছে সন্তানদের ঘুম পাড়ানো সমস্যা হয়ে দেখা দেয়। তাদের জন্যই এই অ্যাপ তৈরি করা হয়েছে। এর ফলে লক্ষাধিক মানুষ উপকরণ হবেন বলে জানা মনে করছেন চিকিৎসকরা।

শিশু চিকিৎসক ও মনোবিদদের পরামর্শ নিয়ে তৈরি করা হয়েছে এই অ্যাপ। নয়া এই অ্যাপটির নাম ‘Kids Sleep Dr’. কিভাবে শিশুদের সহজে ঘুম পাড়ানো যায় তার জন্যই এই অ্যাপ চালু করা হচ্ছে। নানা পন্থার কথা উল্লেখ করা হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, প্রায় ২ লক্ষেরও বেশি শিশু ঘুমের সমস্যায় ভোগে। তাদের উপকারে আসবে বলে মনে করা হচ্ছে। শিশুদের শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ঘুম অত্যন্ত জরুরী। অ্যান্ড্রয়েড ফোনে বিনামূল্যে পাওয়া যাচ্ছে এই অ্যাপ।

চুয়াডাঙ্গায় একজনকে কুপিয়ে হত্যা

marderrআলমডাঙ্গা উপজেলার বটিয়াপাড়া গ্রামে এক ব্যাক্তিকে কুপিয়ে ও পিটিয়ে খুন করা হয়েছে।

শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম আবদুল হান্নান (৪৮)।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, উপজেলার খাদিমপুর ইউনিয়নের শিয়ালমারি গ্রামের  মৃত টগর মালিথার ছেলে আবদুল হান্নান পেশায় একজন কৃষক। তিনি পার্শ্ববর্তী বটিয়াপাড়ায় শরিফুলের বরজে পান চুরি করতে গিয়ে ধরা পড়েন বলে জানতে পেরেছেন। এ সময় গ্রামবাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে।

তবে নিহত হান্নানের মেয়েজামাই ফিরোজ জানান, শরিফুলের লোকজন তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। একজন পানচোরকে কেউ কুপিয়ে হত্যা করতে পারে না। তিনি হত্যাকরীদের শাস্তির দাবি জানিয়েছেন।

টাইগারদের স্পন্সরের প্রস্তাব পেয়েছে ওয়ালটন

walton4সাহারা ইন্ডিয়া পরিবারের সঙ্গে বাতিল হয়েছে বিসিবির চুক্তি। জাতীয় দলের স্পন্সর আর থাকছে না ভারতীয় কোম্পানি সাহারা। পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজেই নতুন স্পন্সর খুঁজছে বিসিবি। এজন্য গত ৩০ মার্চ একটি ইংরেজি দৈনিকে বিজ্ঞাপনও দিয়েছে বিসিবি।

তাছাড়া দেশীয় কয়েকটি কোম্পানির সঙ্গে কথা চালাচ্ছে বিসিবি। তাদের মধ্যে ওয়ালটন অন্যতম। শনিবার ওয়ালটনের এক শীর্ষ কর্মকর্তাও বিষয়টি স্বীকার করেছেন। তবে প্রস্তাবটি মৌখিক পর্যায়েই রয়েছে। আর এ কারণেই ওয়ালটন গ্রুপ নিজেদের উর্ধ্বতন পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা করেনি। আনুষ্ঠানিক প্রস্তাব পেলে ওয়ালটনও বিষয়টি ভেবে দেখতে পারে। এমনই জানিয়েছেন ওয়ালটনের ওই কর্মকর্তা। বিসিবি সূত্রে জানা গেছে, শুধু পাকিস্তান সিরিজের জন্যই ৪ কোটি টাকা চেয়েছে বিসিবি টাইগার বাহিনীর স্পন্সর হিসেবে।

বিসিবিও দেশীয় কোম্পানির প্রতি আগ্রহী। অতীতে চুক্তির অর্থ প্রাপ্তি নিয়ে জটিলতার মুখে পড়ায় বিসিবি দেশীয় বড় গ্রুপ অব কোম্পানির দিকে ঝুঁকছে। তাই আপাতত দীর্ঘ মেয়াদে না পেলেও সিরিজ বাই সিরিজ পদ্ধতির দিকেও যেতে পারে বিসিবি।

উল্লেখ্য, বাংলাদেশের ক্রিকেটে জাতীয় দলের স্পন্সর হিসেবে সবচেয়ে বড় অঙ্কটা বিসিবি পেয়েছিল সাহরার মাধ্যমে। চার বছর মেয়াদী  চুক্তিতে বিসিবিকে ১৮ মিলিয়ন ডলার দিয়েছিল সাহারা। কিন্তু মেয়াদ শেষ হওয়ার ১৫ মাস আগেই বাতিল হয় চুক্তি।

কেনিয়ার বিশ্ববিদ্যালয়ে হামলায় নিহত ১৪৭

keniya4কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয় কলেজে আল-শাবাবের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৭-এ দাঁড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়টিতে সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

খবর আলজাজিরা ও বিবিসির।

সোমালিয়াভিত্তিক আল-শাবাব গত বৃহস্পতিবার ভোরে বিশ্ববিদ্যালয়টিতে হামলা চালায়। শিক্ষার্থীদের জিম্মি ও গোলাগুলির পর দেশটির সামরিক বাহিনী উদ্ধার অভিযান চালায়। ওই দিন সন্ধ্যায় এ অভিযান শেষ হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ঘটনায় ৭৯ শিক্ষার্থী আহত ও ৫৮৭ জনকে মুক্ত করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জোসেফ এনকায়জারি জানিয়েছেন, চার হামলাকারী শরীরে পেঁচিয়ে রাখা বোমার মাধ্যমে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। ওই হামলাকারীরা নিহত হওয়া ছাড়াও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।

নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, তারা লাশগুলোর পরিচয় নির্ণয়ের চেষ্টা চালাচ্ছেন।

আল-কায়েদা সংশ্লিষ্ট সংগঠন আল-শাবারের পক্ষ থেকে বলা হয়েছিল, তারা শুধু খ্রীষ্টান শিক্ষার্থীদের হত্যা করছে। মুসলিমদের ছেড়ে দেওয়া হয়েছে।

এ ঘটনার পর পরই সোমালিয়ার সীমান্তসংলগ্ন গারিসা, ওয়াজির, মান্দেরা ও তানা রিভার বিভাগে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটিতে হামলার ঘটনাকে সন্ত্রাসী ঘটনা হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সন্ত্রাসবাদ ও সহিংসতা’ দমনে কেনীয় সরকারকে সহযোগিতা করতে সংস্থাটি প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও আল-শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে কেনীয় সরকারকে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছে।

দেশটিতে বিগত কয়েক দশকে হামলায় হতাহতের সংখ্যার দিক থেকে এটা দ্বিতীয় সর্বোচ্চ ঘটনা। এর আগে ১৯৯৮ সালে দেশটির রাজধানী নাইরোবিতে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে আল-কায়েদার চালানো হামলায় ২১৩ জন নিহত হয়েছিল।

পিসিবিকে ক্ষতিপূরণ দিবে বিসিবি

bcb pcbপাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ক্ষতিপূরণ দিতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। ক্ষতিপূরণ পাওয়ার আশ্বাস পেয়েই চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দলের দুটি সফর বাতিল করায়, এই ক্ষতিপূরণ দিবে বিসিবি।গত শুক্রবার নিজের বাসায় সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আসন্ন পাকিস্তান দলের বাংলাদেশ সফর নিয়ে দুই বোর্ডের মাঝে অনেক জল ঘোলা হয়েছিল। পিসিবি এটিকে তাদের হোম সিরিজ দাবি করেছিল। সঙ্গে সিরিজের লভ্যাংশের ৫০ ভাগও চেয়েছিল পিসিবি। বিসিবি অবশ্য নিজেদের হোম সিরিজের দাবিতে অটল ছিল। তবে পিসিবিকে সফরে রাজি করিয়েছে বিসিবি, ক্ষতিপূরণ দিবে জানিয়ে। আর ক্ষতিপূরণ হবে, ১ থেকে ৩ লাখ ডলার

ক্রিকইনফোয় প্রকাশিত এক প্রতিবেদনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, “আগের দুই সফর নিয়ে ওদের সঙ্গে যে ঝামেলা সৃষ্টি হয়েছে তার অবসান চাই। আমরা সেই সফরের ক্ষতিপূরণ দিয়ে দিবো। যার পরিমাণ হবে আনুমাণিক এক লাখ থেকে তিন লাখ মার্কিন ডলার।”

তিনি আরও বলেন, “এখন আর পিসিবির সঙ্গে কোনও ঝামেলা নেই। ওরা প্রথমে এই সফর থেকে ৫০ শতাংশ লভ্যাংশ দাবি করেছিল। এরপর এটাকে নিজেদের হোম সিরিজও দাবি করেছিল। কিন্তু আমরা বলেছি এটা আমাদের হোম সিরিজ। আইসিসির একটি নিয়ম আছে যদি কোনও দেশ সফরে রাজি হওয়ার কথা বলে সফর বাতিল করে তাহলে আয়োজক বোর্ডকে ক্ষতিপূরণ দিতে হয়। আমরা সেই ক্ষতিপূরণ দিতে রাজি আছি।”

চাদে ৭ গ্রামবাসীকে হত্যা করেছে বোকো হারাম

boko haramচাদের একটি গ্রামে হামলা চালিয়ে ৭ গ্রামবাসীকে হত্যা করেছে বোকো হারাম।

নাইজার ও চাদের সেনাবাহিনীর হামলায় চাদ থেকে পালানোর সময় সংগঠনটির সদস্যরা এ হত্যাকাণ্ড চালায় বলে নিরাপত্তা সূত্র শুক্রবার জানিয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে নাইজেরিয়ার উত্তর সীমান্তে অবস্থিত বোকো হারামের অন্যতম শেষ আশ্রয় হিসেবে পরিচিত মালাম ফাতোরিতে হামলা চালায় নাইজার ও চাদের সেনাবাহিনী।

পালিয়ে যাওয়ার সময় বোকো হারামের সদস্যরা বৃহস্পতিবার চাদের ওই গ্রামে প্রবেশ করে। ওই দিন দুই দেশের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বোকো হারামের কয়েকশ’ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে চাদ। এই সংঘর্ষে চাদের নয়জন সেনা নিহত ও অপর ১৬ জন আহত হয়েছেন।

নাইজেরিয়ায় ইসলামী শরিয়াহ আইন প্রতিষ্ঠান জন্য ২০০২ সালে কার্যক্রম শুরু করে বোকো হারাম। তবে ২০০৯ সালে প্রথম সশস্ত্র অভিযান চালায় সংগঠনটি।

সংগঠনটির উদ্দেশ্য ছিল পশ্চিমা শিক্ষার বিরোধিতা করা। বোকো হারাম মানে ‘পশ্চিমা জ্ঞান নিষিদ্ধ’।

বোকো হারামের তাণ্ডবে এ পর্যন্ত অন্তত ১৩ হাজার মানুষ মারা গেছেন।

মূলত নাইজেরিয়ার উত্তরাঞ্চলে যুদ্ধ করছে সংগঠনটি। উত্তরের প্রদেশ বোর্নোর রাজধানী মাইদুগরিকে ইসলামিক রাষ্ট্রের রাজধানী বানাতে চায় বোকো হারাম।

নাইজেরিয়ার পার্শ্ববর্তী দেশ নাইজার, ক্যামেরুন ও চাদেও হামলা করছে সংগঠনটি।

বোকো হারামের বিরুদ্ধে আফ্রিকান ইউনিয়নের সমর্থন নিয়ে নাইজার, ক্যামেরুন ও চাদের সেনাবাহিনী যৌথ অভিযান চালাচ্ছে। সূত্র : রয়টার্স

দর্শকদের পাগল করে দেব: পরীমনি

pori moniiমাস খানেক আগে মুক্তি পাওয়া ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় পরীমনির। প্রথম ছবি মুক্তির মাস পেরোতে না পেরোতেই আবার মুক্তি পেল পরীমনি অভিনীত নতুন চলচ্চিত্র। নাম ‘পাগলা দিওয়ানা’। পরিচালক ওয়াজেদ আলী সুমন। দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে বসে ছবিটি দেখতে গত বুধবার রাতে সিরাজগঞ্জ যান পরীমনি। দর্শকদের সঙ্গে ছবি দেখার অভিজ্ঞতাসহ অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
ছবি দেখার জন্য সিরাজগঞ্জ কেন গেলেন?
কোনো ছবি সারা দেশে মুক্তির একদিন আগে সিরাজগঞ্জের সিনেমা হলে মুক্তি দেওয়া হয়। এই নিয়মটি নাকি অনেক বছর ধরে চলে আসছে। সিরাজগঞ্জের চলা সিনেমা হলে ছবি কেমন চলল, সেই ফলাফল দেখেই চলচ্চিত্র প্রদর্শনের জন্য বুকিং দেন দেশের অন্য হল মালিকেরা। এই সিনেমা হল থেকে নায়ক-নায়িকা আর প্রযোজক-পরিচালকদের ভাগ্য পরীক্ষাও হয় বলতে পারেন। সব বিষয় মাথায় রেখে নায়ক-নায়িকারাও চেষ্টা করেন বৃহস্পতিবার চালা সিনেমা হলে ছবি মুক্তির দিনটিতে দর্শকের সঙ্গে বসে ফলাফল দেখতে। এ থেকে দর্শক ছবিটি কেমনভাবে গ্রহণ করলেন, তা বোঝা যায়।
সিরাজগঞ্জে ছবি দেখার অভিজ্ঞতা কেমন?
অসাধারণ। অবিশ্বাস্য। গত বুধবার রাতে সিরাজগঞ্জ যাই। স্থানীয় একটি রেস্টহাউসে বিশ্রাম নিই। সকালবেলা ঘুম ভাঙতেই শুনি মানুষের চিৎকার। জানতে পারলাম, আমি যে গেছি সেই বিষয়টি সেখানকার মানুষজন টের পেয়ে গেছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমার সঙ্গে দেখা করার জন্য। অনেকক্ষণ পর্যন্ত তাঁরা অপেক্ষা করলেন। তারপর আমি রেডি হয়ে কিছু দর্শকের সঙ্গে কথা বলি। সবাই তখন পরী, পরী বলে চিৎকার করছিলেন। কী যে ভালো লাগছিল বলে বোঝাতে পারব না। আমার মতো একজন নবাগত নায়িকার এর চেয়ে বেশি আর কী পাওয়ার আছে? মনে হয়েছে, আমার চলচ্চিত্র জীবন সার্থকতার পথে যাচ্ছে। দর্শকেরা আমাকে দারুণভাবে গ্রহণ করেছেন। আমি ধন্য।
মজার অভিজ্ঞতা…

আমি ভাবতেই পারিনি, ছবি দেখতে এত দর্শক আসবেন। সিরাজগঞ্জের চালা সিনেমা হলে আমি যখন মঞ্চে উঠলাম, তখন ‘ভালোবাসা সীমাহীন’ ছবির আইটেম গান বাজানো হচ্ছিল। সবাই ওই গানের সঙ্গে নাচতে শুরু করে দিলেন। আমি উপস্থিত সবার কাছে জানতে চাইলাম, আমার প্রথম ছবির নাম কী ছিল। সবাই একবাক্যে জোরে চিৎকার করে বললেন, ‘ভালোবাসা সীমাহীন’। তখন আমার ভেতরে কতটা আনন্দ হচ্ছিল, তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। রাত নয়টার শো শুরু হওয়ার পরপরই আমরা ঢাকায় চলে আসি। এভাবে অসাধারণ একটি দিন কাটে আমার।
অনেককে বলতে শোনা যায়, আজকাল বাংলা ছবির দর্শক নেই। এ বিষয়ে আপনার মতামত কী?
এটি পুরোপুরি ভুল একটি ধারণা। আমি বিষয়টির সঙ্গে মোটেও একমত নই। বাংলা সিনেমার দর্শক যদি নাইবা থাকত, তাহলে বাংলা সিনেমা বানানো হতো না। আর বাংলা সিনেমা না বানানো হলে তো বাংলাদেশি চলচ্চিত্রশিল্পই টিকে থাকত না। আমার দুটি ছবি মুক্তি পেয়েছে। দুটিতেই আমি দর্শকদের উপচে পড়া ভিড় দেখেছি।
পাগলা দিওয়ানা ছবির বিশেষত্ব কী? কেনইবা দর্শক টিকিট কেটে ছবিটি প্রেক্ষাগৃহে বসে দেখবেন বলে মনে করেন আপনি?
যাঁরা সিনেমা হলে ছবি দেখতে চান, ছবি দেখার সময় অনেক মজা করতে চান, যাঁরা প্রেম করতে চান, প্রেমের জন্য পাগলামি করতে চান—তাঁদের জন্যই এই সিনেমা। এককথায় ভালোবাসার পুরো একটি প্যাকেজ হচ্ছে ‘পাগলা দিওয়ানা’। ছবিটিতে ধুমধাড়াক্কা ব্যাপারও আছে। মারামারি যেমন আছে, তেমনি অনেক রোমান্টিক দৃশ্যও আছে। ‘পাগলা দিওয়ানা’ শুধু সিনেমা দর্শকদের পাগল করার জন্যই। আমি দর্শকদের পাগল করে দেব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে দর্শক একবার হলে ঢুকবেন, তিনি প্রেমের জন্য পাগল হয়ে বের হবেন। ‘পাগলা দিওয়ানা’ ছবির একটি সংলাপ হল, ‘যদি ভালো লাগে একজনকে বলুন, আর যদি ভালো না লাগে তবে ১০০ জনকে বলুন।’ দর্শকদের প্রতিও আমার এই অনুরোধ রইল।
নতুন কী কাজ করছেন?
এখন আমার হাতে বেশ কয়েকটি নতুন ছবির কাজ আছে। কয়েকটি ছবির কাজ এরই মধ্যে শুরু হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে এস এ হক অলীকের ‘আরও ভালোবাসবো তোমায়’, ওয়াজেদ আলী সুমনের ‘দরদিয়া’ এবং শামীমুল ইসলামের ‘আমার প্রেম আমার প্রিয়া’। ছবিগুলোতে আমার সঙ্গে অভিনয় করেছেন শাকিব খান, আরিফিন শুভ ও আরজু। এ ছাড়া আরও ডজন খানেক ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আছি। পর্যায়ক্রমে ছবিগুলোর কাজ শুরু হবে।