রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

‘রেডি ফর হিলারি’

hillaryiযুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবার লড়াইয়ে নিজের নাম ঘোষণা করেছেন হিলারি ক্লিনটন।

সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী এবং ফার্স্ট লেডি ইন্টারনেটে প্রকাশ করা এক ভিডিও বার্তায় এই ঘোষণা দিয়ে বলেন, তিনি সাধারণ আমেরিকানদের আশা-আকাঙ্ক্ষাকে তুলে ধরতে চান।

ডেমোক্র্যাটিক দলের মনোনয়নে সবচেয়ে এগিয়ে থাকা, মিসেস ক্লিনটন এ সপ্তাহেই আইওয়া থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

মিসেস ক্লিনটনের নির্বাচনী প্রচারণার জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে, যেখানে তিনি নিজের প্রার্থিতার ঘোষণা দিয়ে ভিডিওটি প্রকাশ করেন। সেখানে প্রকাশিত আরো একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সাধারণ মার্কিন নাগরিকেরা তারা তাদের আশা-আকাঙ্ক্ষা ও দাবি-দাওয়ার কথা বলছেন।

মে মাসের মাঝামাঝি নাগাদ সময়ে মিসেস ক্লিনটন তার প্রথম সমাবেশ করবেন বলে ধারণা করা হচ্ছে।

প্রেসিডেন্ট বারাক ওবামাও তার প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছেন।

২০০৮ সালে ডেমোক্র্যাটিক প্রার্থিতার লড়াইয়ে মি. ওবামার কাছে হেরে গিয়েছিলেন মিসেস ক্লিনটন।

প্রার্থিতা ঘোষণার সাথে সাথেই তার বিরোধী রিপাবলিকানরা এর প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, দায়িত্বে থাকার সময় মিসেস ক্লিনটন গোপনীয়তা, কেলেঙ্কারি এবং ব্যর্থ নীতির চিহ্ন রেখে গেছেন।– বিবিসি

পেট্রলবোমায় ঘুমন্ত ট্রাকচালক দগ্ধ

pettrol bomaট্রাকের ভেতরে ঘুমাচ্ছিলেন চালক, এ সময় দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুঁড়লে আগুনে ওই চালক মারাত্মক দগ্ধ হন। কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর নতুন রাস্তায় (বাইপাস) রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ ট্রাকচালকের নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন (৪০)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। রিয়াজের বাড়ি রংপুরে। তাঁর শরীরের ১৪ শতাংশ পুড়ে গেছে বলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা জানিয়েছেন।

রিয়াজউদ্দিনের জানান, ভুট্টা নিয়ে রোববার বিকেলে তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। গৌরীপুর নতুন রাস্তায় ট্রাক থামিয়ে চালক রিয়াজ ও তার সহকারী মুন্না একটি দোকানে চা পান করেন। পরে রিয়াজ ট্রাকে উঠে ঘুমিয়ে পড়েন। এ সময় তার সহকারী নিচের দোকানে ছিলেন।

তিনি জানান, পরে মুন্নার কাছ থেকে জানতে পারেন তিন-চারজন দুর্বৃত্ত হঠাৎ এসে ট্রাকে পেট্রলবোমা ছোড়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ক্যাম্প ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ ও রাজশাহীতে দুই শিবিরকর্মী নিহত

shibir28সিরাজগঞ্জে পুলিশের গুলিতে এক শিবিরকর্মী নিহত হয়েছে। নিহত শিবিরকর্মীর নাম আনিস। সে সিরাজগঞ্জ শহরের মওলানা ভাসানী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। অপরদিকে রাজশাহী মহানগরের নওদাপাড়া বাইপাস থেকে শহীদুল ইসলাম (২৬) নামে এক শিবির কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিবিরকর্মী শহীদুল ইসলাম মহানগরের শাহ মখদুম রহ. থানার ভাড়ালিপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে। তিনি রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।

সিরাজগঞ্জ সদর থানার পুলিশ জানায়, রোববার রাত নয়টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার লিমন ছাত্রাবাসে অভিযান চালিয়ে ছয় ছাত্রকে আটক করে। এ সময় ছাত্রদের কক্ষ থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের জন্য ছাত্রাবাসের মালিক লিমন হোসেনকেও আটক করা হয়। আটকের সময় ছাত্ররা পুলিশের ওপর হামলা চালালে পুলিশও পাল্টা গুলি ছোড়ে এতে উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে আনিস (১৮) গুলিবিদ্ধ হয়। তাকে সিরাজগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তির পর সোমবার ভোর পৌনে ছয়টার সময় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান।

নিহত আনিস সিরাজগঞ্জ শহরের মওলানা ভাসানী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও শিবির কর্মী।

কামারুজ্জামানের গায়েবানা জানাজা পড়ল জামায়াত

janaza kamruzzaজামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের গায়েবানা জানাজা পড়েছে দলটির নেতাকর্মীরা। রবিবার বাদ জোহর মগবাজার কেন্দ্রীয় অফিস মসজিদে গায়েবানা জানাজা পড়ে তারা।

জামায়াতের ঢাকা মহানগর মজলিশে শুরা সদস্য ড. হাবিবুর রহমান, রমনা থানা সেক্রেটারি জিল্লুর রহমান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক আতাউর রহমান সরকারসহ জামায়াত অফিসের কর্মকাতা-কর্মচারীসহ স্থানীয় জামায়াত-শিবির নেতাকর্মী ও সমর্থকরা গায়েবানা জানাজায় শরিক হন।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের প্রচার বিভাগ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

শনিবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ভোররাতে তার মরদেহ শেরপুরে নিজ গ্রামে দাফন করা হয়।

জামায়াতে ইসলামী রবিবার সারাদেশে গায়েবানা জানাজা এবং সোমবার সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করে।

শীতলক্ষ্যায় অর্ধশত যাত্রী নিয়ে ট্রলার ডুবি

trolar12গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীতে অর্ধশত যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে।

আজ রোববার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

খালেদা জিয়াকে দেশ ছাড়তে বাধ্য করা হবে

shajahan14নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি খালেদা জিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সারাদেশে পরিবহন সেক্টরে যদি নাশকতা বন্ধ না করেন, পরিবহন মালিক-শ্রমিক-জনতা আপনাকে দেশ ছাড়তে বাধ্য করবে।

দিনাজপুর শহরের বন্ধন কমিউনিটি সেন্টারে রবিবার দুপুর ১২টায় নাশকতা রোধ এবং সড়কপথে সুষ্ঠুভাবে নিরাপদ যানবাহন চালানোর লক্ষ্যে দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলার সড়ক পরিবহন-মালিক-শ্রমিক-কর্মচারী-মুক্তিযোদ্ধা, পেশাজীবী স্থানীয় আওয়ামী লীগ ও ১৪ দলের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি বলেন, ‘সারাদেশে বিএনপি-জামায়াতের অযৌক্তিক হরতাল-অবরোধে পরিবহন সেক্টরে অপূরণীয় ক্ষতি হয়েছে। যা জঙ্গিনেত্রী খালেদা জিয়া আজীবন সরকার পরিচালনা করেও পূরণ করতে পারবেন না।

দেশের মানুষকে জঙ্গিনেত্রী খালেদা জিয়ার মানুষ হত্যা এবং নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুদ্ধাপরাধীদের মতো তাদের বিচার বাংলার মাটিতে হবে।’

দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরিন আখতার এমপি, দিনাজপুর পুলিশ সুপার মো. রুহুল আমিন, ১৪ দলের সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ওসমান আলী।

অনুষ্ঠানে জেলা ১৪ দলের নেতা মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দিনাজপুর সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবাণী শংকর আগারওয়ালা, জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক, পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আপেল মাহামুদ প্রমুখ।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের জেলা প্রশাসক ও পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

মন্ত্রী সকাল সাড়ে ১১টায় হেলিকপ্টারযোগে দিনাজপুর বড় ময়দান হেলিপ্যাডে এসে পৌঁছান। এ সময় তাকে স্বাগত জানান দিনাজপুর জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্ত্রীদের সংযত থাকতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন

obaidull28প্রধানমন্ত্রী আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণ বিধির বিষয়ে মন্ত্রিপরিষদ সদস্যদের সতর্ক ও সংযত থাকতে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার চট্টগ্রামের আনোয়ারায় আরবান আলী সড়ক পরিদর্শনকালে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান।

মন্ত্রী বলেন, ইতোপূর্বে অনুষ্ঠিত ৯টি সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি, এবারও করবে না। সরকার কোনো দুর্নামের বোঝা ঘাড়ে নিবে না।

তিনি বলেন, স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

উল্লেখ্য, আড়াই কিমি. দীর্ঘ আরবান আলী সড়কটি পুনঃনির্মাণে ব্যয় হচ্ছে প্রায় দশ কোটি টাকা। আগামী ছয় মাসের মধ্যে সড়কের নির্মাণকাজ শেষ হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

এসময় সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী রাশেদুল হকসহ সওজ’র প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশে ৬০ দিনের অস্থিরতায় ক্ষতি ১৭ হাজার কোটি টাকা

world bank17সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় দেশে ১৭ হাজার কোটি টাকা উৎপাদন ক্ষতি হয়েছে। এতে চলতি ২০১৪-১৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১ শতাংশ কমে দাঁড়াবে ৫ দশমিক ৬ শতাংশে।

রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন উপস্থাপন করেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন।

জাহিদ হোসেন বলেন, যদি রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকত, তাহলে চলতি অর্থবছরে (২০১৪-১৫) দেশে জিডিপি প্রবৃদ্ধি হতে পারত ৬ দশমিক ৬ শতাংশ। সাম্প্রতিক হরতাল-অবরোধের ৬০ দিন বিবেচনায় নিয়ে এই হিসাব করা হয়েছে বলে জানান জাহিদ হোসেন।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট।

সোহাইলের বদলে জুনায়েদ

junayadশোয়েব মাকসুদের পর বাংলাদেশ সফরে খেলা হচ্ছে না সোহাইল খানের। পিঠের ইনজুরির কারণে বাংলাদেশ সফরে আসছে না পাকিস্তানের এই পেসার। তার পরিবর্তে ওয়ানডে দলে অর্ন্তভুক্ত হয়েছেন পেসার জুনায়েদ খান। টেস্ট ও টি-২০ দলে আগেই ছিলেন জুনায়েদ। এবার ওয়ানডে দলেও থাকছেন তিনি।

শুক্রবার কন্ডিশনিং ক্যাম্পে চার ওভার বোলিংয়ের পর পিঠে ব্যথা অনুভব করেন সোহাইল খান। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তাকে দুই সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়।

পাকিস্তান দলের প্রধান নির্বাচক হারুন রশীদ বলেন, “সোহাইলের অনিশ্চিত ফিটনেসের কারণে আমরা জুনায়েদ খানকে ওয়ানডে দলেও যুক্ত করা  সিদ্ধান্ত নিয়েছি। এখন আমরা বলতে পারছি না সোহাইলের ইনজুরি কতটা গুরুতর কিন্তু এখন তাকে দুই সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে।”

সোহাইল বিশ্বকাপে ১২ উইকেট নিয়েছিলেন।  জুনায়েদ খান বিশ্বকাপ মিস করেছিলেন হাঁটু ও উরুর ইনজুরির কারণে।

প্রার্থীদের হয়রানি না করে প্রচারণার সমান সুযোগ দিন

rokibসিটি নির্বাচনের প্রার্থীদের কোন ধরণের হয়রানি না করে প্রচারণায় সমান সুযোগ দেয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ।

তিনি বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা করেছে কমিশন। এক্ষেত্রে কাউকে কোন ধরনের ছাড় দেয়া হবে না। সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সিইসি ছাড়া অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। এতে মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা তাদের বক্তব্য তুলে ধরেন।

বেশিরভাগ প্রার্থীই প্রচার প্রচারণায় সমান সুযোগ না পাওয়ার অভিযোগ তুলেন। একইভাবে রাষ্ট্রীয় গণমাধ্যমসহ বেসরকারি গণমাধ্যমের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ করেন প্রার্থীরা।

সমাপনী বক্তব্যে কাজী রকিব উদ্দিন আহমেদ বলেন, আসুন আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করার ঐতিহ্য গড়ে তুলি। ভোটাররা যাতে শান্তিপূর্ণ ভোট দিতে পারেন তা নিশ্চিত করি। প্রতিদ্বন্দ্বি প্রার্থী যাতে নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারেন তা নিশ্চিত করি।

তিনি বলেন, কেউ যেন অযথা হয়রানির শিকার না হয়,  ভোট কেন্দ্র সুরক্ষিত রাখা এবং যে কোন ধরনের বেআইনী তৎপরতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশ দিচ্ছি।