রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

নওগাঁয় আওয়ামী লীগ নেতা খুন

marder2নওগাঁর পত্মিতলা এলাকায় সোমবার গভীর রাতে প্রতিপক্ষ সন্ত্রাসীরা স্থানীয় আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে খুন করেছে।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত হত্যাকান্ডের কারণ ও নিহতের বিস্তারিত পরিচয় ও তার উপর হামলাকারীদের বিষয়ে জানা যায়নি।

রিয়াল ছাড়বেন ক্যাসিয়াস-রোনালদো

ronaldo casiyasগত একটা বছর রিয়াল মাদ্রিদে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের। গুঞ্জন উঠেছে, ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে দলে নিতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা।

রিয়ালের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও সম্প্রতি হতাশায় ভুগছেন। পর্তুগিজ তারকা নিয়মিত গোল পাচ্ছেন না। এ মৌসুম শেষেই তাই ক্যাসিয়াস-রোনালদো ক্লাব ছাড়তে পারেন বলে মনে করছেন রিয়ালের প্রাক্তন গোলরক্ষক অগাস্টিন রদ্রিগেজ।

স্পেনের রেডিও মার্কা’কে রদ্রিগেজ বলেন, ‘আমার মনে হয় ইকার ক্যাসিয়াস ক্লাব ছেড়ে দেবে। সত্যিই ও চলে যাবে। এবং ক্রিস্টিয়ানোও (রোনালদো) একই কাজ করবে।

এ মৌসুমে কোপা ডেল রে থেকে আগেই ছিটকে গেছে রিয়াল। লা লিগার শিরোপাও প্রায় হাতছাড়া করেছে। চ্যাম্পিয়নস লিগের স্বপ্নটাই একমাত্র বেঁচে আছে তাদের। তবে বুধবার রাতে সে স্বপ্নও শেষ হয়ে যেতে পারে কার্লো আনচেলোত্তির দলের। কারণ সেমিফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের মাঠে ২-১ গোলে হেরেছে রিয়াল।

বুধবার নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে রিয়াল। ক্যাসিয়াস-রোনালদোর ক্লাবে থাকা-না থাকার বিষয়টি বুধবারই জানা যাবে বলে মনে করছেন ১০ বছর রিয়ালের গোলপোস্টের দায়িত্ব সামলানো  রদ্রিগেজ।

‘বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীদের ১০ জনে একজন দারিদ্র্যমুক্ত হয়েছেন’

facebookবাংলাদেশে ফেসবুকের ইন্টারনেট ডট অর্গ চালু করা প্রসঙ্গে ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন মার্ক জাকারবার্গ। পোস্টে তিনি ফেসবুকের এই সেবাটি বাংলাদেশে ইন্টারনেট প্রসারে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেছেন।

মার্ক জাকারবার্গ তাঁর পোস্টে লিখেছেন, আমরা সম্প্রতি বাংলাদেশে রবি নেটওয়ার্কে ইন্টারনেট ডট অর্গ চালু করেছি। বিশ্বকে সংযোগ সুবিধার আওতায় আনার আরেকটি পদক্ষেপ এটি।

জাকারবার্গ জানান, বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটিরও বেশি কিন্তু এখানে ইন্টারনেট ব্যবহারকারী ১০ শতাংশের কম।

গবেষণা তথ্য তুলে ধরে জাকারবার্গ বলেন, প্রতি ১০ জন ইন্টারনেট সংযোগের আওতায় থাকা মানুষের মধ্যে একজন দারিদ্র্যের কবল মুক্ত হতে পেরেছেন। এর কারণ হচ্ছে ইন্টারনেট সংযোগ থাকলে চাকরি, শিক্ষা, স্বাস্থ্য তথ্য ও গুরুত্বপূর্ণ যোগাযোগ করা সম্ভব হয়।

জাকারবার্গ বলেন, বাংলাদেশে এক কোটিরও বেশি মানুষকে এবং বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে ইন্টারনেট সুবিধার আওতায় আনার সুযোগ তৈরি হয়েছে।

ফেসবুক স্ট্যাটাসের সঙ্গে বাংলাদেশে জয়িতার একটি ছবিও পোস্ট করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ছবিটিকে উদাহরণ হিসেবে তিনি বলেছেন, এটি জয়িতার ছবি। তিনি বাংলাদেশের একজন সাংবাদিক। মোবাইল ফোন ব্যবহার করে চাকরি ও খবরের আপডেট নেন তিনি।

কানেক্ট বাংলাদেশ ও কানেক্ট দ্য ওয়ার্ল্ড দুটি হ্যাসট্যাগ ব্যবহার করে তিনি এই লেখাটি পোস্ট করেছেন।

এখন পর্যন্ত জাকারবার্গের এই পোস্টটিতে ৪৪ হাজারেরও বেশি লাইক, তিন হাজার ৮৩০ মন্তব্য করা হয়েছে। পোস্টটি শেয়ার করা হয়েছে তিন হাজার ৪৮১ বার।

কারওয়ান বাজারে মুক্তিযোদ্ধাকে পেটাল সন্ত্রাসীরা

marder pরাজধানীর কারওয়ান বাজারে নুরুন্নবী (৬৫) নামের একজন মুক্তিযোদ্ধাকে বেধড়ক পিটিয়েছে সন্ত্রাসীরা।

সোমবার রাতে তার ওপর এ হামলা করা হয়।

মুক্তিযোদ্ধার ভাতিজা মামুনুর রশীদ জানান, কারওয়ান বাজারে গ্রিন হাউস নামে নুরুন্নবীর একটি কাঁচামালের প্রতিষ্ঠান রয়েছে। গত কয়েকদিন ধরে স্থানীয় সন্ত্রাসী মিজান, আনিস ও শাহআলমসহ কয়েকজন তাকে দোকান ছেড়ে দিতে চাপ দিচ্ছিল।

দোকান না ছাড়লে তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা চাচ্ছিল। নুরুন্নবী চাঁদা দিতে অস্বীকার করায় গতকাল রাতে মিজান আনিসের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তার ওপর হামলা চালায় ।

তারা নুরুন্নবীকে বেধড়ক মারপিট করে। গুরুতর আহত নুরুন্নবীকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার সকালে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মা দিবসে ফোন ওবামার

obama phoneফোনটা পেয়ে প্রথমে বিশ্বাস করতে পারেননি ওনারা৷ রিসিভারের ও প্রান্ত থেকে কেতাদুরস্ত গলায় বলা হয় খোদ প্রেসিডেন্ট বারাম ওবামা কথা বলতে চাইছেন ওনাদের সঙ্গে৷ তিন জনই একবার ক্যালেন্ডারের দিকে তাকিয়ে নেন৷

দিনটা ১ এপ্রিল নয়তো? ততক্ষণে ও পাশে শোনা গিয়েছে সেই গলাটা৷ টিভির দৌলতে বহুবার শোনা৷ নাঃ, ওই গলা যে প্রেসিডেন্ট বারাক ওবামার এ নিয়ে সন্দেহ নেই একটুও৷ কথা রেখেছেন তিনি! আর মা-দিবসের তিন দিন আগেই! এর চেয়ে বড় সম্মান আর কী হতে পারে?

সন্তান পালন করার গুরু দায়িত্ব সম্পর্কে জানিয়ে হোয়াইট হাউসে চিঠি লিখেছিলেন তিন মার্কিন মহিলা৷ তাদের কাছে চিঠির জবাব আসে৷ তাতে লেখা ছিল, শিগগিরই প্রেসিডেন্ট কথা বলবেন তাদের সঙ্গে৷ সত্যিই এমন হবে তা ভাবেননি তারা৷ সব সন্দেহ কাটল মা-দিবসের তিন দিন আগে৷ ওবামা ফোন কররে এক একজনের সঙ্গে প্রায় দেড় মিনিট কথা বললেন৷ সম্মান জানালেন তাদের৷ এই তথ্য হোয়াইট হাউস প্রকাশ করল আন্তর্জাতিক মা-দিবসে৷

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মা অ্যান ডুনহ্যামের মৃত্যু হয় ১৯৯৫-এ জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়ে৷

বাংলাদেশ কি পাকিস্তান? উত্তর চান অভিজিতের স্ত্রী

rafida12সময়টা যদিও সন্ধ্যা, শহরের এক রেস্তোরাঁয় ব্যস্ততা তখনই দেখার মতো৷ শুরু হয়েছে ওয়েটারদের ছোটাছুটি৷ কোনো কোনো টেবিলে বাচ্চারা ছবি আঁকছে৷ ঠিক সেই সময় সেখানে কিছুটা সন্ত্রস্তভাবেই ঢুকলেন এক আর্থিক পরিষেবা সংস্থার কর্মকর্তা রাফিদা বন্যা আহমেদ৷

মধ্যবয়সিনীর বাঁ হাতের বুড়ো আঙ্গুলটা নেই৷ গত ২৬ ফেব্রুয়ারি ঢাকায় জঙ্গিদের হাতে যখন আক্রান্ত হন তখনই খোয়া যায় সেটি৷ তার সঙ্গে মাথায় আঘাতও লাগে৷ সেই আক্রমণেই মারা যান তার স্বামী অভিজিৎ রায়, যার ধর্মনিরপেক্ষ ব্লগার হিসাবে খ্যাতি ছিল৷ ভেরিজন নামে এক তথ্যপ্রযুক্তি সংস্থায় তিনি কর্মরত ছিলেন৷

অভিজিতের মৃত্যুর পর, আমেরিকায় ফিরে তার প্রথম সাক্ষাৎকারে রাফিদা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন৷ তার কথায়, ‘আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে এক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন৷ অথচ, আজ পর্যন্ত বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধি আমার সঙ্গে যোগাযোগ করেননি৷ তাদের কাছে আমার কোনো অস্তিত্বই নেই৷ ওনারা বোধ হয় জঙ্গিদের খুব ভয় পান৷ বাংলাদেশ কী তা হলে এবার পাকিস্তান আর আফগানিস্তানের পথ ধরবে?’

এই অভিযোগ খণ্ডন করে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ বলেন, ‘আমার মা, ব্যক্তিগত স্তরে অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায়কে সমবেদনা জানিয়েছেন৷ কিন্তু বাংলাদেশের বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতিতে দেশের প্রধানমন্ত্রীর পক্ষে একজন ঘোষিত নাস্তিকের পাশে দাঁড়ানো সম্ভব নয়৷ ভুলবেন না, মৃত্যুর আগে অভিজিতবাবুর যে বইটি প্রকাশিত হয় তার নাম ছিল ‘ধর্মের জীবাণু৷’

সজীব ওয়াজেদ, যিনি ক্ষমতাসীন আওয়ামী লিগ-এর অন্যতম উপদেষ্টাও, বলেন, ‘আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, নাস্তিকতায় নয়৷ যেখানে প্রধান বিরোধী দল আমাদের বিরুদ্ধে ক্রমাগত ধার্মিক তাস খেলে যাচ্ছে, সেখানে কোনো নাস্তিক ব্লগারকে আমাদের পক্ষে সরাসরি সমর্থন করা সম্ভব নয়৷’

২০০০ সালে অভিজিত্ মানবাধিকার ও ধর্মনিরপেক্ষতার সমর্থনে ব্লগ লেখা শুরু করলে পাশে বেশি কাউকে পাননি৷ ২০০২ সালে তিনি যখন সিঙ্গাপুরে, তখন এক আমেরিকা নিবাসীর একটি ব্লগ পোস্ট পড়েন যার বিষয় ছিল, ‘বুঝি না মানুষ কেন এখনও রূপকথায় বিশ্বাস করে৷’ লেখিকার নাম ছিল রাফিদা বন্যা আহমেদ৷

রাফিদার কথায়, ‘আমি তখন আটলান্টায় চাকরি করি৷ কন্যা তৃষাকে নিয়ে আমার সংসার৷ সেই ব্লগ পড়ে অনেকে আমায় অনলাইনে ব্যক্তিগত আক্রমণ করেন৷ পরের দিন দেখি অভিজিৎ রায় নামে একজন আমাকে জোরালো ভাবে সমর্থন করছেন৷

এই ভাবেই দু’জনের মধ্যে সম্পর্ক তৈরি হয়৷ রাফিদা তার মেয়ে স্কুলের গণ্ডি পেরোবার আগে আমেরিকা ছাড়তে রাজি না হওয়ায় অভিজিতই ২০০৬ সালে আমেরিকায় চলে আসেন৷ এর কিছু দিন পরে তাদের বিবাহ হয়৷ দু’জনেই বাংলাদেশ ও আমেরিকার দ্বৈত নাগরিকত্ব নেন৷ তৃষা কলেজে যেতে শুরু করলে অভিজিৎ ও রফিদা ফেব্রুয়ারিতে ঢাকা সফরের সিদ্ধান্ত নেন৷

জুনে মোদির সঙ্গে ঢাকা আসবেন মমতা

modi momotaনজরুল মঞ্চের গ্রিনরুমেই প্রস্তাবটা দিয়েছিলেন নরেন্দ্র মোদি-আপনি আমার সঙ্গে ঢাকায় চলুন৷ মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাবে রাজিও হয়েছেন৷ খুব সম্ভবত আগামী ৬ ও ৭ জুন প্রধানমন্ত্রী ঢাকা যাচ্ছেন৷ মমতাও জানিয়ে দিয়েছেন, জুনের প্রথম সপ্তাহে ঢাকা যেতে তার কোনো অসুবিধা নেই৷ মাসখানেক পরে হলে অবশ্য মুখ্যমন্ত্রী যেতে পারতেন না৷ কারণ জুলাইয়ে তার লন্ডন সফরে যাওয়ার কথা৷ প্রধানমন্ত্রী মমতাকে জানিয়েছেন, তিনি জুনেই যাবেন৷

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বকেয়া অর্থ পেতে শুরু করেছে পশ্চিমবঙ্গ৷ রাজ্যের উন্নয়নের স্বার্থে তৃণমূলও আগের সর্বাত্মক মোদি-বিরোধিতা থেকে বেশ কিছুটা সরে এসেছে৷ আপাতত ঝুড়ি, ঘটি, কালো ছাতা, লাল ডায়েরি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভের পর্ব অতীত৷ এখন বরং জমি বিল বাদে অন্য প্রায় সব বিলেই কেন্দ্রীয় সরকারের পাশে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল৷ এই আবহে নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় সঙ্গে যাওয়ার অনুরোধ ঠেলতে পারেননি মমতা৷

চার বছর আগে ২০১১ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে স্থলসীমান্ত চুক্তি করেছিলেন মনমোহন সিং৷ তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢাকা যেতে অনুরোধ করেছিলেন৷ কিন্ত্ত একেবারে শেষসময়ে মমতা যাননি৷ গিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ৷ এ বার সংসদে স্থলসীমান্ত চুক্তির অনুমোদনের পর নরেন্দ্র মোদি যখন ঢাকা যাচ্ছেন, তখন সঙ্গে যাচ্ছেন মমতা৷ তবে গগৈ এবারও যাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়৷ কারণ, গগৈকে এখনও আমন্ত্রণ জানাননি মোদি৷ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে ঢাকা সফর নিয়ে আলোচনাটা হয়েছে নরেন্দ্র মোদির সাম্প্রতিক কলকাতার সফরের সময় নজরুল মঞ্চে৷

গত শনিবার প্রধানমন্ত্রী সেখানে নির্দিষ্ট সময়ের একটু আগেই পৌঁছে গিয়েছিলেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় সামান্য পরে নজরুল মঞ্চে পৌঁছে সেখানকার নবনির্মিত বাতানুকূল গ্রিন রুমে মোদির কাছে চলে যান৷ প্রধানমন্ত্রীর সঙ্গে সেখানে মুখ্যমন্ত্রীর নিভৃতে কিছুক্ষণ আলোচনা হয়৷ তখনই প্রধানমন্ত্রী তাকে ঢাকা সফরের প্রস্তাব দেন৷ মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তার এমনিতে কোনও আপত্তি নেই৷ কিন্ত্ত জুলাই হলে তিনি যেতে পারবেন না৷ দিনক্ষণ ঠিক করার আগে তার সঙ্গে যেন একবার কথা বলে নেওয়া হয়৷ প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে জানিয়ে দেন, তিনি অত দেরি করবেন না, জুনের প্রথম সপ্তাহেই যাবেন৷ তখন মমতা জানান, তা হলে তার ঢাকা যেতে আপত্তি নেই৷

এবার পশ্চিমবঙ্গ সফরে গিয়ে নরেন্দ্র মোদি প্রতিটি পদে বুঝিয়ে দিয়েছেন, তিনি যে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কথা বলেন, সেটা শুধু কথার কথা নয়৷ তিনি পশ্চিমবঙ্গকে সাহায্য করতেও সমান আগ্রহী৷ বস্ত্তত উন্নয়নের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে পাশে পেতে তিনি উদগ্রীব৷ কারণ রাজ্যসভায় বিল পাস করার ক্ষেত্রে তৃণমূলের সমর্থন পেলে নিঃসন্দেহে কিছুটা সুবিধা হবে মোদির৷ আপাতত, এনডিএ বাদে এআইএডিএমকে ও বিজু জনতা দলের সমর্থন পেয়েও রাজ্যসভায় তার লাভ হচ্ছে না৷ তৃণমূলকে পাশে পেলে সংখ্যার দিক থেকে রাজ্যসভায় বিল পাস করার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থায় থাকবেন তিনি৷

তা ছাড়া ভারতের যে দু’টি রাজ্যে সব থেকে বেশি বাংলাদেশি ছিটমহল আছে, তার একটা পশ্চিমবঙ্গ, অন্যটা অসম৷ এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে যেহেতু বাংলাদেশের নিবিড় যোগ রয়েছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও বেশি করে বাংলাদেশে নিয়ে যেতে চেয়েছেন মোদি৷ তাতে দেশে তো বটেই, বাংলাদেশের কাছেও একটা ভালো বার্তা দেওয়া সম্ভব হবে৷

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের খবর, মোদির সফরের সময় দুই দেশের প্রধানমন্ত্রী স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের সম্মতিপত্রে সই করবেন৷ এ ছাড়া দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনায় তিস্তা প্রসঙ্গ উঠবে৷ ২০১১ সালে মনমোহনের সঙ্গে বাংলাদেশে মমতার না-যাওয়ার অন্যতম প্রধান কারণ ছিল তিস্তা চুক্তি৷ এখন অবশ্য তিস্তা চুক্তি নিয়েও আগের সেই কট্টর অবস্থান মমতার নেই৷ রাজ্যের স্বার্থ বজায় রেখে চুক্তি হলে মমতার আপত্তি হবে না বলে পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে৷ তবে গরমের সময় যখন তিস্তায় পানির পরিমাণ কমে যায়, তখন কতটা পানি দেওয়া হবে, তা নিয়ে নয়া দিল্লি ও ঢাকা এখনও মতৈক্যে পৌঁছতে পারেনি৷ এ ব্যাপারে মতৈক্য হলে তিস্তা চুক্তিও হয়ে যাবে৷ সেদিক থেকেও প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার ঢাকা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷

বাঘের মাথার খুলি ও ১৫৭ পিস হাড়সহ শিকারি আটক

bagerhatসুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রাম থেকে বাঘের মাথার খুলি ও ১৫৭ পিস হাড়সহ ছগির ঘরামি (৪৫) নামে এক শিকারিকে আটক করেছে বনবিভাগের সদস্যরা।

মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ছগিরের বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়। এছাড়া এসময় বাঘ ও হরিণ শিকারে ফাঁদ হিসেবে ব্যবহৃত ১০ কেজি জালও উদ্ধার করা হয় সেখান থেকে।

আটক ছগির একই গ্রামের মৃত ইউসুফ ঘরামির ছেলে। বনবিভাগের বন্যপ্রাণী শিকার ও পাচারকারীদের তালিকায় তার নাম রয়েছে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহমেদ ঘটনাস্থল থেকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে বনবিভাগের একটি দল ছগিরের বাড়িতে অভিযান চালায়।

এসময় তার বাড়ি থেকে বাঘের মাথার খুলি, হাড়গোড় ও শিকারে ব্যবহৃত ফাঁদ উদ্ধার করা হয়।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আমীর হোসাইন চৌধুরী জানান, আটক ছগির সরাসরি সুন্দরবন থেকে বাঘসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকার ও পাচারের সঙ্গে জড়িত।

তার বিরুদ্ধে শিকার ও পাচারের অভিযোগে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে আগের মামলা রয়েছে। দীর্ঘ্যদিন ধরে তাকে আটকের চেষ্টা চলছিল।

এ ব্যাপারে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে আরো একটি মামলা করা হবে বলেও জানান তিনি।

সাগরে হাজার হাজার বাংলাদেশী, রোহিঙ্গা

manob pacharইন্দোনেশিয়ার আঁচে প্রদেশের উপকূলে উদ্ধার হওয়া অভিবাসীরা

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম জানিয়েছে মিয়ানমার এবং বাংলাদেশের কয়েক হাজার অবৈধ অভিবাসী থাইল্যান্ড উপকূলের কাছে সাগরে অপেক্ষা করছে।

সংস্থার একজন মুখপাত্র বলেছেন, থাই নিরাপত্তা রক্ষীদের তৎপরতা বেড়ে যাওয়ায় পাচারকারীরা নৌকাগুলো তীরে ভেড়াতে চাইছে না।

গভীর জঙ্গলে গোপর শিবিরে না এনে পাচারকারীরা এখন অভিবাসীদের সাগরের বুকে রাখছে।

সাগরে আটকে পড়া অভিবাসীদের সংখ্যা আট হাজারের মতো হতে পারে।

মালয়েশিয়ায় নেমেছে এক হাজার
মালয়েশিয়ার পুলিশ জানিয়েছে, আজ (সোমবার) উত্তর-পশ্চিমাঞ্চলের লাংকাওয়ী দ্বীপে নৌকায় করে এক হাজারেরও বেশি অভিবাসী এসে নেমেছে।

গভীর রাতে তিনটি নৌকায় এদেরকে এনে তীরে নামিয়ে দেওয়া হয়।

লাংকাওয়ীর পুলিশ কর্মকর্তা জামিল আহমেদ বিবিসিকে বলেন, মোট ১০১৮ জন অভিবাসীর মধ্যে ৫৫৫ জন বাংলাদেশী এবং ৪৬৩ জন মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম।

অভিবাসীদের মধ্যে পঞ্চাশটিরও বেশি শিশু এবং প্রায় একশ’র মত মহিলা রয়েছে।

ইন্দোনেশিয়ায় ১০০০ উদ্ধার
ইন্দোনেশিয়ায় পুলিশ জানিয়েছে, সোমবার সকালে আচে প্রদেশের উপকুলের কাছে একটি নৌকা থেকে চারশো’র মতো অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে গত দুদিনে ইন্দোনেশিয়া তাদের উপকূল থেকে এক হাজারের মতো বাংলাদেশি এবং রোহিঙ্গাকে উদ্ধার করেছে।

রোববার উদ্ধার হওয়া ৬০০ লোককে আঁচের একটি ফুটবল স্টেডিয়ামে নিয়ে রাখা হয়েছে।

তারা পুলিশকে জানিয়েছে, তীরে নামার আগে তাদের নৌকাগুলো সপ্তাহখানেক ধরে সাগরে ভাসছিল। তাদের খাবার ফুরিয়ে গিয়েছিল।

জাতিসংঘ শরণার্থী সংস্থার হিসাবে, এব বছরের প্রথম তিন মাসে বাংলাদেশ ও মিয়ানমার থেকে ২৫,০০০ এর মতো অভিবাসী নৌকায় করে অবৈধভাবে মূলত মালয়েশিয়া যাওয়ার পথে রওয়ানা হয়।- বিবিসি

ঢাবিতে সর্বাত্মক ধর্মঘট চলছে

du logoপয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীর উপর যৌন নিপীড়ন ও রবিবার ছাত্র ইউনিয়ন নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সর্বাত্মক ধর্মঘট পালিত হচ্ছে।

প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর ডাকে একই সঙ্গে মঙ্গলবার সকালে থেকে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধর্মঘট চলছে বলে জানিয়েছেন আন্দলোনরত ছাত্রনেতারা।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে রবিবার সংবাদ সম্মেলন করে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট কর্মসূচি ঘোষণা করে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।

কর্মসূচি ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক। সোমবার প্রগতিশীল ছাত্রজোট ও সামরাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যও ছাত্র ইউনিয়নের এই কর্মসূচির সঙ্গে সংহতি জানায়।