সোমবার, অক্টোবর ৫, ২০২৬

নারী মানে কেবল জৈবিক নারীই : যুক্তরাজ্য

নারীর আইনি সংজ্ঞা নির্ধারণী রায় দিয়েছে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। বলা হয়েছে, সমতা আইনে ‘নারী’ তারাই যাদের জৈবিক লিঙ্গ নারী অর্থাৎ, জন্মসূত্রে বা শারিরীকভাবে যারা নারী। ২০১০ সালের সমতা আইনের ব্যাখ্যা নিয়ে আদালত এই রায় দেয়। এর মাধ্যমে প্রথমবারের মতো ‘নারী’র সংজ্ঞা চূড়ান্ত করল যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত।
খবর রয়টার্স ও বিবিসির।

ওই আইনে উল্লিখিত পরিভাষা ‘নারী’ ও ‘লিঙ্গ’ বলতে কেবল জৈবিক নারী এবং জৈবিক লিঙ্গই বোঝানো হয়েছে বলে সুপ্রিম কোর্ট এই রায় দেওয়ার মানে হল, রূপান্তরকামী (ট্রান্সজেন্ডার) কারও নারী হিসাবে স্বীকৃতি পাওয়ার সার্টিফিকেট থাকলেও আইনটির আওতায় সমতার বিচারে তাদেরকে নারী বলে বিবেচনা করা উচিত না।

ব্রিটিশ সমতা আইনে কেবলমাত্র জন্মসূত্রে নারীরই বৈষম্য থেকে সুরক্ষা পাওয়া উচিত- এই যুক্তিতে স্কটিশ সরকারের বিরুদ্ধে মামলা করেছিল নারী অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘ফর উইমেন স্কটল্যান্ড’।

সেই মামলাতেই সুপ্রিম কোর্ট সর্বসম্মত ওই রায় দিয়েছে।
তবে বিচারপতি লর্ড হজ বলেছেন, “এই সিদ্ধান্তকে এক পক্ষের অপর পক্ষের বিরুদ্ধে বিজয় হিসেবে দেখা উচিত নয়।” কারণ তিনি বলেন, এ আইনে ‘জেন্ডার রি-অ্যাসাইনমেন্ট’ বৈশিষ্ট্যের আওতায় বৈষম্য থেকে ট্রান্সজেন্ডারদের সুরক্ষা এখনও রয়েছে।

২০১৮ সালে স্কটিশ পার্লামেন্ট সরকারি খাতের বোর্ডে লিঙ্গ ভারসাম্য নিশ্চিত করার জন্য একটি আইন পাস করে এবং বোর্ডগুলোতে ৫০ শতাংশ নারী প্রতিনিধিত্ব রাখার কথা বলা হয়। সেই আইনের কোটায় নারীর সংজ্ঞার আওতায় রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার নারীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছিল।

এরপরই নারী অধিকার সংগঠন ‘ফর উইমেন স্কটল্যান্ড’( এফডব্লিউএস) এই আইনকে চ্যালেঞ্জ জানায়। স্কটিশ আদালতে এই আইন নিয়ে কয়েক দফায় আইনি লড়াই চলেছে।

গাজায় কোনো মানবিক সাহায্য প্রবেশ করবে না : ইসরায়েল

গাজায় মানবিক সাহায্য প্রবেশে বাধা প্রদান অব্যাহত থাকবে বলে গতকাল বুধবার ইসরায়েল জানিয়েছে। অনবরত ইসরায়েলি হামলা ফিলিস্তিনি ভূখণ্ডকে গণকবরে পরিণত করেছে বলে একটি চিকিৎসা দাতব্য সংস্থা জানিয়েছে। গত ১৮ মার্চ ইসরায়েল গাজা উপত্যকাজুড়ে আবার বিমান ও স্থল হামলা শুরু করে। গতকাল বুধবার উদ্ধারকারীরা জানিয়েছেন, গাজাজুড়ে হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে।

গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজায় সাহায্য প্রবেশ বন্ধ করে দেয়। এ কারণে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে তীব্র মানবিক সংকট আরো তীব্র হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেছেন, ২৪ লাখ মানুষের অবরুদ্ধ অঞ্চলে ইসরায়েল সাহায্য প্রবেশ করতে দেবে না।

কাটজ বুধবার এক বিবৃতিতে বলেছেন, ‘ইসরায়েলের নীতি স্পষ্ট, কোনো মানবিক সাহায্য গাজায় প্রবেশ করবে না এবং হামাস সেখানকার বাসিন্দাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, মানবিক সাহায্য আটকানোর এই পদক্ষেপ হামাসের ওপর চাপ দেওয়ার জন্য।
’

তিনি আরো বলেন, ‘গাজায় বর্তমানে কেউ কোনো মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে না এবং এ ধরনের সাহায্য প্রদানের জন্য কোনো প্রস্তুতিও নেই।’

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক চাপকে গাজায় বর্তমানে আটক ৫৮ জন জিম্মির মুক্তি নিশ্চিত করার একমাত্র উপায় হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘হামাস একের পর এক আঘাত পাবে। তারা আমাদের জিম্মিদের মুক্তি দিক।
’

ইসরায়েল গাজায় সব সাহায্য এবং সরবরাহের প্রবেশ নিয়ন্ত্রণ করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে আক্রমণে এখন পর্যন্ত কমপক্ষে এক হাজার ৬৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এরপর ২০২৩ সালের অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা ৫১ হাজার ০২৫ জনে দাঁড়িয়েছে, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।

সূত্র : এএফপি

এবার রিয়ালের রূপকথা নয়, ১৬ বছরের অপেক্ষা ঘুচিয়েছে আর্সেনাল

মঞ্চটা নিজেদের বলেই হাতের তালুর মতোই চেনা ছিল রিয়াল মাদ্রিদের। তবে চেনা মঞ্চে আজ নিজেদের রূপকথা লিখতে পারেনি তারা। এর আগে সান্তিয়াগো বার্নাব্যুতে অনেকবারই কামব্যাকের ইতিহাস লিখলেও এবার নায়োকোচিত হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেননি লুকা মদরিচ-ভিনিসিয়ুস জুনিয়ররা।

রিয়ালের মঞ্চেই শেষ হাসি হেসেছেন বুকায়ো সাকা-গ্যাব্রিয়েল মার্তিনেলিরা।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ২-১ গোলে জিতে ১৬ বছরের অপেক্ষা ঘুচিয়েছে আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানের জয়ে ২০০৯ সালের পর সেমিফাইনালে উঠেছে গানাররা। বিপরীতে ঘরের মাঠে বিদায় ঘণ্টা বেজেছে বর্তমান চ্যাম্পিয়নদের।

আরেকটি কামব্যাকের গল্প লিখতে ম্যাচের দ্বিতীয় মিনিটেই অবশ্য প্রতিপক্ষের জাল কাঁপিয়ে দিয়েছিল রিয়াল।
তবে সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের বাড়ানো বল বুক দিয়ে জালে জড়ানোর আগে অফসাইড ছিলেন কিলিয়ান এমবাপ্পে। ষষ্ঠ মিনিটে ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্সেনালও। বুকায়ো সাকার ডান পায়ের জোড়াল শটটি যদি গোলবারে রাখতে পারতেন। দুই মিনিট পর অবশ্য রেখেছিলেন।
তবে রিয়ালের গোলবারের রক্ষাকর্তা থিবো কোর্তোয়া কর্নারের বিনিময়ে দারুণ এক সেভ করলেন। এতে ২০ গজ থেকে শট নেওয়া সাকাকে হতাশই হতে হলো।

তবে এই কর্নার কপাল খুলেই গিয়েছিল গানারদের। কেননা কর্নার কিকের সময় মিকেল মেরিনোকে বক্সের মধ্যে ফেলে দেন রাউল আসেনসিও। ভিএআরের সহায়তা পেনাল্টির সিদ্ধান্ত দেন ফ্রাঁসোয়া লেটেক্সি।
কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি সাকা। আসলে তাকে সফল স্পটকিক নিতে দেননি কোর্তোয়া। আর্সেনাল ফরোয়ার্ডের নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক। এতে প্রথম লেগের ৩-০ গোলের ব্যবধানটা বাড়িয়ে নেওয়ার দুর্দান্ত সুযোগ মিস হয় কোচ মিকেল আর্তেতার দলের।

২৩ মিনিটে এবার আর্সেনালের বিপক্ষে পেনাল্টির বাঁশি বাজান ফ্রান্সের রেফারি। বক্সের মধ্যে এমবাপ্পেকে ফেলে দেন প্রথম লেগের জোড়া গোলের নায়ক ডেকলাইন রাইস। রেফারি সঙ্গে সঙ্গে রাইসকে হলুদ কার্ড দেখালেও ভিএআরে দুটি সিদ্ধান্তই বদলান লেটেক্সি। বিরতিতে যাওয়ার আগে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আরেকটা দারুণ সেভ দেন কোর্তোয়া, আর্সেনালের উইঙ্গার গ্যাব্রিয়েল মার্তিনেলির শট প্রতিহত করে।

৫৭ মিনিটে গোলের দেখা প্রায় পেয়েই গিয়েছিল রিয়াল। তবে রদ্রিগোর নেওয়া কর্নার সরাসরি জালে জড়ানোর আগেই পাঞ্চ করে আর্সেনালকে গোল হজম করা থেকে বাঁচান গোলরক্ষক ডেভিড রায়া। ৬৫ মিনিটে ভুলের প্রায়শ্চিত করেন সাকা। মোরেনোর পাস ধরে কোর্তোয়াকে ফাঁকি দেন ইংল্যান্ডের স্ট্রাইকার। এতে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে পিছিয়ে পড়া রিয়ালের কামব্যাকের আশা যেন ক্ষীণ হয়ে আসে। এমন সময়ই লস বø্যাঙ্কোসদের ঘুরে দাঁড়ানোর দারুণ এক সুযোগ করে দেন আর্সেনালের ডিফেন্ডার উইলিয়াম সালিবা।

৬৭ মিনিটে গোলরক্ষক রায়ার বাড়ানো বল সালিবা নিয়ন্ত্রনে নিয়ে সতীর্থকে পাস দেওয়ার আগে পেছন থেকে দৌড়ে এসে পাখির মতো বল ছিনিয়ে নেন ভিনিসিয়ুস। তারপর মুহূর্তের মধ্যে গানারদের জালে বল জড়িয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ম্যাচে সমতায় ফিরলেও প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পারেনি রিয়াল। উল্টো ৮১ মিনিটে মার্টিন ওডেগার্ড গোলবারে বল রাখতে পারলে ২-১ ব্যবধানের লিড পেত আর্সেনাল।

শেষ দিকে অবশ্য দুটি সুযোগ পেয়েছিল রিয়াল। তবে ৯০ মিনিটে ব্রাহিম দিয়াজের শট আটকিয়ে দেন গানারদের গোলরক্ষক রায়া। ফিরতি মিনিটে এনদ্রিক গোলে রাখতে পারলেও ব্যবধান কমত। রিয়ালের ফরোয়ার্ড যখন সুযোগ হাতছাড়া করলেও আর্সেনালের মার্তিনেলি ভুল করেননি। যোগ করা সময়ের ৩ মিনিটে ম্যাচের শেষটা টানলেন দারুণ এক ফিনিশিংয়ে। এতে ২-১ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিশ্চিত হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ঘরে মাঠ সান সিরোতে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মিলান। দি¦তীয় লেগের ড্রয়ে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠেছে ইন্টার মিলান। মিলানের হয়ে গোল দুটি করেন লাউতারো মার্তিনেজ ও বেঞ্জামিন পাভার্ড। আর বায়ার্নের হয়ে করেন হ্যারি কেইন ও এরিক ডিয়েরার।

গাজা থেকে ২৪ জনকে সরিয়ে নিল জার্মানি

জার্মান সরকার জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ২৪ জন জার্মান নাগরিক ও তাদের ঘনিষ্ঠ আত্মীয়দের একটি দলকে বুধবার সরিয়ে নেওয়া হয়েছে।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘মাসের পর মাস গাজায় আটকে থাকার পর আজ ২৪ জন জার্মান ও তাদের পরিবারের সদস্যরা ইসরায়েলি কর্তৃপক্ষের ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে গাজা ছাড়তে সক্ষম হয়েছে।’

এই দলের ৯ জন জার্মান নাগরিক ও বাকিরা তাদের ফিলিস্তিনি আত্মীয় বলে জানা গেছে। মুখপাত্র জানান, ওই দলটিকে বাসে করে ইসরায়েল ও পশ্চিম তীর হয়ে জর্দানে নিয়ে যাওয়া হয়েছে।
সেখান থেকে তারা জার্মানির উদ্দেশে বিমানে রওনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক মুখপাত্র ক্রিশ্চিয়ান ওয়াগনার এর আগে সাংবাদিকদের বলেন, ‘প্রায় দুই ডজন জার্মান’ গাজা ত্যাগ করছে। তিনি আরো জানান, গাজায় এখনো ‘এক অঙ্কের সংখ্যায় অল্প কয়েকজন’ জার্মান আছে, যারা দেশ ছাড়তে ইচ্ছুক, তাদের সম্পর্কে জার্মান কর্তৃপক্ষ অবগত।

২০২৪ সালের মে মাসে রাফা সীমান্ত ক্রসিং বন্ধ হওয়ার পর এটি ছিল জার্মানির নাগরিকদের সরিয়ে নেওয়ার তৃতীয় দফার কার্যক্রম।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত জার্মান সরকার প্রায় ৭০০ জন জার্মান ও তাদের পরিবারের সদস্যদের গাজা থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে জার্মানি জানায়, তাদের ১৯ জন নাগরিক ও তাদের ১৪ জন আত্মীয়কে গাজা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে ১৯ জানুয়ারি কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতি চুক্তি দুই মাসের মধ্যে ভেঙে পড়ার পর ইসরায়েল ফের ব্যাপক বিমান ও স্থল হামলা শুরু করেছে। এতে গাজা উপত্যকায় কয়েক লাখ মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছে।
এর মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার বলেছেন, ইসরায়েল গাজায় মানবিক সহায়তা ঢুকতে বাধা দিয়ে যাবে।

বছরের প্রথম তিন মাসে মক্কায় ৬৫ লাখের বেশি ওমরাহযাত্রী

চলতি বছরের প্রথম তিন মাসের ওমরাহযাত্রীর সংখ্যার তথ্য প্রকাশ করেছে সৌদি আরব। ২০২৫ সালের প্রথম তিন মাসে বিভিন্ন দেশের ৬৫ লাখের বেশি লোক ওমরাহ পালন করেছেন।

গত সোমবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ওমরাহ ও জিয়ারাহ ফোরামের অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়া।

আল-রাবিয়া বলেছেন, গত বছরের একই সময়ের তুলনায় বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রী ও দর্শনার্থীর সংখ্যা ১১ শতাংশেরও বেশি বেড়েছে।
যা ক্রমবর্ধমান চাহিদা এবং বিশ্বজুড়ে হজযাত্রীদের স্বাগত জানাতে সৌদি আরবের ক্রমবর্ধমান সক্ষমতার প্রমাণ।

তিনি বলেন, হারামাইন হাইস্পিড রেলওয়ের ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে যাত্রী সংখ্যা ২০২২ সালের ৩৩ লাখ থেকে বেড়ে ২০২৪ সালে ৮৮ লাখে পৌঁছেছে। এই বৃদ্ধি পবিত্র দুই মসজিদে হজযাত্রী ও দর্শনার্থীদের প্রদত্ত পরিষেবার মান ও দক্ষতার চলমান উন্নতিকে প্রতিফলিত করে।

আল রাবিয়া আরো বলেন, ‘দর্শনার্থীর সংখ্যার দিক থেকে মক্কা নগরী সারা বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। তা ছাড়া পবিত্র রওজা শরিফের দৈনিক ধারণক্ষমতা ৫২ হাজারের বেশি দর্শনার্থীতে উন্নীত করা হয়েছে।’

তিনি বলেন, ‘এই ফোরামে ৩৩০টি লাইসেন্সপ্রাপ্ত সৌদি ওমরাহ কম্পানি অংশগ্রহণ করেছে। এসব কম্পানি ৮ হাজার আন্তর্জাতিক ওমরাহ এজেন্টের সঙ্গে সরাসরি যুক্ত।
এই ফোরামে চার হাজার চুক্তি স্বাক্ষরিত হবে, যা বৃহত্তর সহযোগিতা এবং ওমরাহযাত্রীদের পরিষেবা দেওয়ার পথ আরো সমৃদ্ধ করবে।’

এদিকে আসন্ন হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে গত ১৩ এপ্রিল ছিল বিদেশি ওমরাহযাত্রীদের সৌদি আরবে প্রবেশের শেষ দিন। আগামী ২৯ এপ্রিলের আগেই তাঁদের দেশত্যাগ করতে হবে। তা ছাড়া ২৯ এপ্রিল থেকে কেবল হজ ভিসাধারীদের মক্কায় প্রবেশ বা অবস্থানের অনুমতি দেওয়া হবে। হজ পারমিট ছাড়া কেউ মক্কায় প্রবেশ অথবা অবস্থান করতে পারবেন না।

উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে ব্যবস্থা নেওয়া হবে : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মাতুয়াইল, আমিন বাজারসহ উন্মুক্ত স্থানে কেউ বর্জ্য পোড়ালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্জ্য পোড়ানোর ঘটনায় দায়ী সরকারি, বেসরকারি ব্যক্তিকে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৬ এপ্রিল) সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

উপদেষ্টা বলেন, বায়ুদূষণ রোধে নির্মাণসামগ্রী ঢেকে রাখতে হবে। ঢেকে বালু ও নির্মাণসামগ্রী পরিবহন করতে হবে। তা না হলে ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, রাজউক, সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর ম্যাজিস্ট্রেটরা একসঙ্গে কাজ করবে।

তিনি আরও বলেন, সেবাপ্রদান সংস্থাগুলো যেন আলাদা আলাদাভাবে রাস্তা খোঁড়াখুঁড়ি না করে, সেটা নিশ্চিত করতে হবে। ‘নো ব্রিক ফিল্ড জোন’ বাস্তবায়ন করা হবে। রাস্তা ও আশপাশে পানি ছিটাতে হবে। আইন না মানলে অঞ্চলভিত্তিক বিশেষ অভিযান চালানো হবে।

পরিবেশ উপদেষ্টা বলেন, শহরকে সবুজ করতে হবে। রাস্তার ডিভাইডারে ঘাস লাগাতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বায়ুদূষণ কমাতেই হবে। জনগণকে সম্পৃক্ত করেই কাজ করতে হবে।

পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, বিআরটি চেয়ারম্যান মো. ইয়াসীন, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতার, অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. কামরুজ্জামান প্রমুখ।

বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। এতে ইতিহাসে প্রথমবারের মতো ৩ হাজার ৩০০ মার্কিন ডলারের ওপরে উঠেছে প্রতি আউন্স সোনার দাম। এর প্রভাবে দেশের বাজারেও বাড়তে পারে দাম।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববাজারে স্পট সোনার দাম প্রতি আউন্স রেকর্ড ৩ হাজার ৩০৫ ডলার ৩৫ সেন্ট।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ব্যাংকিং করপোরেশন বা এএনজেড পূর্বাভাস দিয়েছে, বছরের শেষ নাগাদ সোনার দাম প্রতি আউন্স ৩ হাজার ৬০০ ডলারে পৌঁছাবে।

বিশ্লেষকরা বলেছেন, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন কর্তৃক বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানির ওপর বাড়তি শুল্ক আরোপ ও এর বিপরীতে চীন পাল্টা শুল্ক আরোপ করছে। এতে সোনার বাজারেও অস্থিরতা বিরাজ করছে।

বিশ্ববাজারে সোনার দামে এমন অস্থিরতায় দেশের বাজারেও কয়েক দফায় সোনার দাম বাড়ানো এবং কমানোর ঘটনা ঘটেছে।
দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম নির্ধারণের এক দিন পর গত ১৪ এপ্রিল দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, গত ১৪ এপ্রিল থেকে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৫৪ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৩২ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়।
সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৯ হাজার ৫৩৭ টাকা। বর্তমানে দেশের বাজারে এ দামেই সোনা বিক্রি হচ্ছে।

শুল্ক নিয়ে উত্তেজনা : নতুন বাণিজ্য দূত নিয়োগ দিল চীন

চীন হঠাৎ করেই একজন নতুন বাণিজ্য দূত নিয়োগ দিয়েছে। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই লি চেংগ্যাংকে এই পদে বসাল চীন। খবর বিবিসির।

নতুন বাণিজ্য দূত লি চেংগ্যাং এর আগে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী এবং ডব্লিউটিও-তে রাষ্ট্রদূত হিসেবে ছিলেন।
তিনি অভিজ্ঞ বাণিজ্য আলোচক ভাইস কমার্স মন্ত্রী ওয়াং শোউয়েনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

এই পরিবর্তনটি এমন এক সময়ে এসেছে, যখন বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে বাণিজ্যযুদ্ধ তুঙ্গে উঠছে এবং দুই দেশের কেউই এই যুদ্ধে হার মানতে রাজি নয়। এই যুদ্ধ শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক চীনা পণ্যের উপর আরোপিত উচ্চ শুল্কের কারণে।

ইতিমধ্যেই চীনের অর্থনীতিতে মার্কিন শুল্কের প্রভাব পড়তে শুরু করেছে।
তবে ওয়াশিংটন এবং বেইজিং উভয়ই আলোচনার দ্বার উন্মুক্ত থাকার কথা বলেছে, কিন্তু এখনো পর্যন্ত কেউই আলোচনার জন্য উদ্যোগ নেয়নি।

তবে যখন সেই উদ্যোগ আসবে, তখন ৫৮ বছর বয়সী লি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করা হচ্ছে। তিনি পূর্বে জেনেভায় জাতিসংঘে উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

রয়টার্সকে চীনের কেন্দ্রীয় করফারেন্স বোর্ডের জ্যেষ্ঠ উপদেষ্টা আলফ্রেদো মন্টুফার-হেলু বলেন, এই দায়িত্ব বদল খুব হঠাৎ এবং বর্তমান বাণিজ্য উত্তেজনার মধ্যে সম্ভবত এটি প্রভাব ফেলতে পারে।

তিনি বলেন, এটা হতে পারে যে চীনের শীর্ষ নেতৃত্ব মনে করছে, উত্তেজনা যেভাবে বাড়ছে তাতে অচলাবস্থা ভাঙার জন্য এবং আলোচনা শুরু করার জন্য নতুন কাউকে দরকার।

তবে রয়টার্সকে আরেক বিশ্লেষক বলেন, এই পদোন্নতি হতে পারে ‘একটি সাধারণ নিয়মিত প্রক্রিয়া’, যা কেবল একটি অস্থির সময়ে এসে পড়েছে।

সবাইকে নিয়ে চলার সময় এসেছে : উপদেষ্টা শারমিন

সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, ‘নতুন করে ভালোবাসা, নতুন করে সবাইকে নিয়ে চলা, নতুন করে প্রতিজ্ঞা করা এবং নতুন করে ভাবার সময় এসেছে আমাদের।’

বুধবার (১৬ এপ্রিল) ঢাকার ইস্কাটনে মহিলাবিষয়ক অধিদপ্তরে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, ‘আনন্দ শোভাযাত্রায় আমরা গত বছরের তুলনায় এবার অনেক বড় আকারে ২৭টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণ দেখেছি। আনন্দ শোভাযাত্রায় ফকির-বাউলরা ছিলেন।
তাদের মনে যে রঙিন আনন্দ ছিল, তা দেখে মনে হলো এটাই তো আমার বাংলাদেশ।’

তিনি বলেন, ‘বাংলাদেশকে প্রাণ দিয়ে রক্ষা করতে আমার আমিটা আরেকটু বড়, আরেকটু উদার করে, আমার আমিটা দেওয়ার মধ্যে দিয়ে পাওয়ার আনন্দ শিখব।’

তিনি আরো বলেন, ‘ছোট ছোট আনন্দ বিশাল বোধ তৈরি করে। বিশাল বিশাল পাওয়া বিষাদ তৈরি করে, যা কাম্য নয়।
সবাইকে নিয়ে গড়ে ওঠা বাংলাদেশকে আমরা মনেপ্রাণে আঁকড়ে ধরে রাখব—এই নতুন বছরে এটাই আমাদের প্রতিজ্ঞা।’

শারমিন এস মুরশিদ বলেন, ‘দেশের ৭৫ শতাংশ জনগোষ্ঠীর দায়িত্বে আছে তরুণ প্রজন্ম। তাদের হাতে গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের প্রান্তিক পর্যায়ের নারী ও শিশুদের উন্নয়নমূলক কাজ। এ মন্ত্রণালয়কে উন্নয়নের মূলধারায় এগিয়ে নিতে নতুন বাংলাদেশে নতুন বছরে আমরা সম্মিলিতভাবে প্রয়াস চালাব।
’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ড. ইউনূসকে নিয়ে যা লিখেছেন হিলারি ক্লিনটন

মার্কিন সাময়িকী টাইম প্রকাশিত ২০২৫ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ম্যাগাজিনে শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

সাবেক মার্কিন সেক্রেটারি অব স্টেট হিলারি ক্লিনটন লিখেছেন, ‘গত বছর ছাত্র-নেতৃত্বাধীন এক অভ্যুত্থানে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পতনের পর একজন সুপরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আসেন—তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূস।’

‘ক্ষুদ্রঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়নের লক্ষ্যে কয়েক দশক আগে ড. ইউনূস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন।
এর ফলে লাখ লাখ মানুষ—যাদের মধ্যে ৯৭ শতাংশই নারী—ব্যবসা গড়ে তুলতে, পরিবারকে টিকিয়ে রাখতে এবং আত্মমর্যাদা পুনরুদ্ধার করতে সক্ষম হন।’

হিলারি ক্লিনটন লিখেছেন, ‘ইউনূসের সঙ্গে আমার প্রথম দেখা হয় যখন তিনি তৎকালীন গভর্নর বিল ক্লিনটন ও আমাকে যুক্তরাষ্ট্রে একই ধরনের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করতে আরকানসাসে ভ্রমণ করেছিলেন। তারপর থেকে আমি বিশ্বের যেখানেই গেছি, তার কাজের অসাধারণ প্রভাব প্রত্যক্ষ করেছি—তার কাজে বদলে গেছে জীবন, উন্নত হয়েছে বিভিন্ন সম্প্রদায় এবং নতুন করে জন্ম নিয়েছে আশা।’

‘এখন ইউনূস আবারো তার দেশের আহ্বানে সাড়া দিয়েছেন।
তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন, সেই সঙ্গে মানবাধিকার পুনরুদ্ধার করছেন, জবাবদিহি দাবি করছেন এবং একটি ন্যায়সংগত ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করছেন।’

আজ বুধবার ২০২৫ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। তালিকাটি বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে—আর্টিস্ট, আইকন, লিডার, টাইটান, পায়োনিয়ার ও ইনোভেটর।

‘লিডার’ শ্রেণিতে যারা স্থান পেয়েছেন তারা হলেন— কিয়ার স্টারমার, ক্লডিয়া শেইনবাউম, ডোনাল্ড ট্রাম্প, মারিয়া কোরিনা মাচাদো, ইলন মাস্ক, মুহাম্মদ ইউনূস, হাওয়ার্ড লুটনিক, টেড্রোস আধানম গেব্রিয়েসাস, জে ডি ভ্যান্স, রেশমা কেওয়ালরামানি, ফ্রেডরিখ মেৎস, মেগান কেলি, লি জে-মিয়ুং, তেরেসা রিবেরা, রবার্ট এফ কেনেডি জুনিয়র, আন্দ্রেয়া ভিদাউরে, দুমা বোকো, রাসেল ভট, হাভিয়ের মিলেই, নোয়া আরগামানি, মো আবুদু এবং আহমেদ আল-শারা।