রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির সঙ্গে ঝগড়া, বিষপানে মা-মেয়ের আত্মহত্যা

dinajpurশাশুড়ির সঙ্গে ঝগড়ার জেরে দিনাজপুরে নার্সারি পড়ুয়া মেয়েকে নিয়ে ‘বিষপানে আত্মহত্যা’ করেছেন এক গৃহবধূ।
তারা হলেন- শহরের বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকার হারুন-উর রশিদের স্ত্রী কোহিনূর বেগম (৩০) ও তার মেয়ে তিশা (৬)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য হারুন বর্তমানে পঞ্চগড়ে কর্মরত।
বৃহস্পতিবার সকালে বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কোহিনূরের বাবার বাড়ি দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, পারিবারিক বিষয় নিয়ে বুধবার রাতে শাশুড়ি রেফুন বেগমের সঙ্গে ঝগড়া হয় কোহিনূর বেগমের। বৃহস্পতিবার সকালে তিনি ঘরের ভেতর থেকে দরজা আটকে মেয়ে তিশাকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপানে আত্মহত্যা করেন।
তারা আরও জানায়, কোহিনূরের বড় মেয়ে এসএসসি পরীক্ষার্থী রিফা কোচিং শেষে বাড়িতে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে প্রতিবেশীদের জানায়। পরে প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরের ভেতরে মা-মেয়েকে পড়ে থাকতে দেখেন। এরপর দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নোয়াখালী শহর সাবেক শিবিরের সভাপতিসহ আটক ২

neyamot ullaনোয়াখালী সুধারাম থানা পুলিশ অভিযান চালিয়ে শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য ও নোয়াখালী শহর শিবিরের সাবেক সভাপতি নেয়ামত উল্ল্যা শাকেরসহ দুজনকে আটক করেছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাইজদী হাউজিং’এর লাই-সিয়াম স্কুল অ্যান্ড কলেজ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন শিবিরের কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য এবং নোয়াখালী শহর শিবিরের সাবেক সভাপতি সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়ানের দক্ষিন জগতপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে নেয়ামত উল্ল্যা শাকের (২৮), লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরপাগলা এলাকার নূর মোহাম্মদের ছেলে ও লাই-সিয়াম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম (৩০)।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবির নেতা নেয়ামত উল্ল্যা শাকের ও লাই সিয়াম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলামকে আটক করা হয়েছে।

ওসি আরো জানান, শিবির নেতা নেয়ামত উল্ল্যা শাকেরের বিরুদ্ধে বিভিন্ন সময় নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন ঘটনায় ২০টি অধিক মামলা রয়েছে।

থাকছেন না শাহরুখ, খেলবেন কি সাকিব?

sakib sharukইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফে ওঠার দৌড়ে রয়েছে আইপিলের ছয় দল, উঠবে চার দল। ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্স টেবিলের দ্বিতীয় স্থানে থাকলেও বাকি দুই ম্যাচের মধ্যে এক ম্যাচের ব্যর্থতাই ছিটকে ফেলতে পারে তাদের।

এমন কঠিন সমীকরণ নিয়েই বৃহস্পতিবার রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে কেকেআর।

শেষ ম্যাচে কিংস ইলেভেন পাজ্ঞাবকে নাটকীয়ভাবে হারায় কলকাতা। পেছনের ম্যাচের আত্মবিশ্বাসের সঙ্গে গৌতম গম্ভীরের দলে যোগ হয়েছেন বিশ্বসেরা টি-টোয়েন্টি অলরাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্কান সিরিজ শেষ করে ১১ মে কলকাতার স্কোয়াডে যোগ দেন সাকিব।

মুম্বাই এর পিচ পেস-বোলিং সহায়ক হওয়ায় আজ কেকেআর একাদশে দেখা যেতে পারে  ডানহাতি পেসার মরনে মরকেলকে। আন্দ্রে রাসেলের দলে থাকা নিয়ে কোনো সংশয় নেই।

তবে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিতে হলে উইনিং কম্বিনেশন ভাঙ্গতে হবে কেকেআরকে। সাকিবকে একাদশে রাখতে আগের ম্যাচে খেলা তিন বিদেশি স্পিনার সুনীল নারাইন, জোহান বোথা ও ব্রাড হগের মধ্যে দুইজনকে সরিয়ে দিতে পারে কেকেআর টিম ম্যানেজম্যান্ট।

এর আগে আইপিএলের শুরুতে কলকাতার হয়ে প্রথম দুটি ম্যাচে অংশ নেন সাকিব। ব্যাট হাতে তেমন কিছু না করতে পারলেও বোলিংয়ে ভালো করেন এই বাঁহাতি। দুই ম্যাচে দুটি উইকেট নেন তিনি।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজ দলের গুরুত্বপূর্ন ম্যাচ মাঠে বসে দেখতে পারবেন না কেকেআরের কর্নধার ও বলিউড তারকা শাহরুখ খান। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢোকার নিষেধাজ্ঞা বহাল থাকার কারণে টিভি’র পর্দায় চোখ রেখেই খেলা দেখতে হবে কিং খানকে।

২০১২ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হট্টগোল করায় মু‍ম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন শাহরুখ খানকে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে।

১৬ মে রাজিব গান্ধী স্টেডিয়ামে শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রারাবাদের বিপক্ষে খেলবে কেকেআর।

চট্টগ্রামে বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা

marder2চট্টগ্রামে শারমিন আক্তার (২৫) নামের এক গৃহবধূকে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে নগরের পাঁচলাইশ থানার মির্জার পুল এলাকার ইকুইটি ভিলেজ নামের একটি বহুতল ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।

নিহত শারমিনের স্বামী আবদুল হাকিম আবুধাবি প্রবাসী। শারমিন তার দ্বিতীয় স্ত্রী।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) গিয়াসউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ইকুইটি ভিলেজের চতুর্থ তলায় নিহতের স্বামী আবদুল হাকিমের প্রথম স্ত্রী রোজি আক্তার থাকেন। সপ্তাহখানেক আগে শারমিন ওই বাসায় বেড়াতে যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রোজি আক্তারকে থানায় নিয়ে গেছে।

রোজি আক্তারের দাবি, এক দল ডাকাত ডাকাতি করতে এসে শারমিনকে হত্যা করে।

তবে নিহত শারমিনের মামা মোহাম্মদ আজিমের অভিযোগ, রোজি পরিকল্পিতভাবে বাসায় ডেকে নিয়ে তার ভাগনিকে হত্যা করেছে। শারমিনের একটি ছেলে আছে বলে তিনি জানান।

প্রথমবারের মতো জাপানের আইটি সপ্তাহে বাংলাদেশ

japan itজাপানের সর্ব বৃহৎ তথ্যপ্রযুক্তি মেলা “জাপান আইটি উইক”-এ  প্রথম বারের মত অংশ নিলো বাংলাদেশ।  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে এই মেলায় অংশ নিয়েছের বাংলাদেশের ৭ সদস্যের প্রতিনিধি দল।
জাপানের রাজধানী টোকিও’র বিগ সাইটে অনুষ্ঠিত হওয়া মেলার উদ্বোধনী দিনে প্রতিমন্ত্রী বাংলাদেশের স্টল উদ্বোধন করেন।

এ সময় জাপানে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মোঃ হারুনুর রশীদ, জেট্রোর সুজুকি, বিজেআইটি’র সাটো  ও তরু ওকাজাকি প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন বলে আইসিটি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার স্টল উদ্বোধনের পর প্রতিমন্ত্রী মেলার একটি সেমিনারেও অংশ নেন। সেমিনারে প্রতিমন্ত্রী একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে অংশ নিয়ে ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম বাস্তবায়নে তিনি বর্তমান সরকারের গৃহীত নানা কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন এবং বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের ক্ষেত্রে  বিদ্যমান প্রণোদনাসমূহ উল্লেখ করার মাধ্যমে  জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে অধিক হারে বিনিয়োগের আহবান জানান।

জাপানের আইটি সপ্তাহে এরপর থেকে প্রতিবছরই অংশগ্রহণের জন্য প্রতিমন্ত্রী ইচ্ছা প্রকাশ করে বলেন, জাপান প্রযুক্তি বিশ্বে নেতৃত্ব দানকারি একটি দেশ এবং জাপান বরাবরই বাংলাদেশের বন্ধু। তাই আগামীবার থেকে বাংলাদেশ প্রতিবারই জাপানের আইটি সপ্তাহে অংশ নেবে এবং তথ্যপ্রযুক্তি খাতে জাপানী বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সম্ভব সবকিছুই বাংলাদেশ করবে। উক্ত সেমিনারে জাপানে বসবাসরত বাংলাদেশী আইটি উদ্যোক্তারাও অংশগ্রহণ করেন।

সন্ধ্যায় বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক জাপানের স্বরাষ্ট্র ও যোগাযোগ প্রতিমন্ত্রীর সাথে তার কার্যালয়ে এক দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও প্রতিমন্ত্রী বাংলাদেশে হাই-টেক পার্কে জাপানের বিনিয়োগের আহবান জানান।

এছাড়াও তিনি বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইন ও বিধিমালার খসড়া প্রণয়নে এবং বাংলাদেশে একটি সাইবার ফরেনসিক ল্যাব স্থাপনে জাপানের বিশেষ সহযোগিতা কামনা করলে জাপানের প্রতিমন্ত্রী সহায়তার আশ্বাস প্রদান করেন। এ সময় জাপানের প্রতিমন্ত্রী অবহিত করেন যে, জাপান সরকার বিদেশে ২০ বিলিয়ন ইয়েন  বিনেয়োগের পরিকল্পনা করছে এবং এর একটি বড় অংশ বাংলাদেশে বিনিয়োগের জন্য তিনি কাজ করবেন।

১৩ই মে থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ১৫ মে পর্যন্ত।

অভিবাসী সঙ্কটের জন্য মিয়ানমার দায়ী: এইচআরডব্লিউ

hrw7বাংলাদেশী ও রোহিঙ্গা অভিবাসী বা আশ্রয়প্রার্থীদের বহনকারী বোটগুলোকে সমুদ্রে ফিরিয়ে দেয়া বন্ধ করতে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার প্রতি আহবান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে দেশ তিনটির প্রতি এ আহ্বান জানিয়ে এইচআরডব্লিউ বলেছে, আশ্রয়প্রার্থীদেরকে তীরে নিয়ে গিয়ে জরুরি ভিত্তিতে তাদের যেসব সহায়তা প্রয়োজন অবিলম্বে সেগুলো সরবরাহ করা উচিত।

এদিকে বার্মা (মিয়ানমার) সরকার রোহিঙ্গা মুসলমানদের ওপর অব্যাহত নিপীড়ন চালানোর মাধ্যমে এ সঙ্কট সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেছেন সংস্থাটির এশিয়া বিষয়ক ডেপুটি-পরিচালক ফিল রবার্টসন।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) দেয়া তথ্যানুযায়ী, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সমুদ্র উপকূলসমূহে বোটে ভাসছেন ৮ হাজার বাংলাদেশী ও রোহিঙ্গা অভিবাসী। তাদের কাছে পর্যাপ্ত খাবার, পানি বা স্যালাইন কিছুই নেই।

এমন খবরে গভীর উদ্বেগ জানিয়ে এ প্রতিবেদন প্রকাশ করেছে এইচআরডব্লিউ।

ফিল রবার্টসন বলেছেন, বার্মা (মিয়ানমার) সরকার রোহিঙ্গাদের ওপর অব্যাহত নিপীড়ন চালানোর মাধ্যমে এ সঙ্কট সৃষ্টি করেছে।

তিনি বলেন, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ বোটে আসা অভিবাসীদের এ প্রবাহকে ফিরিয়ে দেয়ার নির্মম নীতি গ্রহণের মাধ্যমে সে সমস্যাকে আরও ঘনীভূত করেছে, যা হাজার হাজার জীবনকে ঝুঁকিতে ফেলেছে।

অন্য দেশের সরকারসমূহের উচিত এই তিন সরকারকে একসঙ্গে কাজ করে মরিয়া এ মানুষগুলোকে উদ্ধারের আহ্বান জানানো এবং তাদের মানবিক ত্রাণ সরবরাহ করা। যাদের আন্তর্জাতিকভাবে সুরক্ষা প্রয়োজন, তাদের দাবিসমূহ প্রক্রিয়ার আওতায় আনতে সহযোগিতা করা এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা।

ফিল রবার্টসন আরও বলেছেন, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া নৌবাহিনীর উচিত মানব সন্তানদের নিয়ে ত্রিমুখী পিং-পং খেলা বন্ধ করা। বরং, তাদের উচিত এসব দুর্ভাগ্যপীড়িত বোটগুলো থেকে সবাইকে উদ্ধারে একসঙ্গে কাজ করা।

তিনি বলেন, এ সরকারসমূহকে বিশ্ব মূল্যায়ন করবে তারা কিভাবে ভীষণভাবে অরক্ষিত এ পুরুষ, নারী ও শিশুদের সঙ্গে আচরণ করে, তার নিরীখে।

যদি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো বার্মা থেকে রোহিঙ্গাদের গণপলায়নের ঘটনায় সত্যিকারার্থে উদ্বিগ্ন হয়ে থাকে, তাদের উচিত অবিলম্বে বার্মাকে তার সবচেয়ে অরক্ষিত জনসংখ্যার বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের আবসান ঘটানোর দাবি জানানো।

রবার্টসন বলেন, বৈষম্যমূলক নীতিসমূহের অবসান এবং পূর্ণ নিরাপত্তা প্রদানের বিষয়টি নিশ্চিত করা, যাতে রোহিঙ্গারা নিরাপদে এবং মর্যাদার সঙ্গে আরাকান রাজ্যে তাদের বাড়ি ফিরতে পারে, সেটা হবে শুরু করার জন্য ভালো একটি পদক্ষেপ।

সাভারে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

electri5সাভারে বিদ্যুৎস্পৃষ্টে রওশন আলী (৩৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর একটায় সাভারের রেডিও কোলনী নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 প্রত্যক্ষদশীরা জানান, দুপুরে রেড়িওকোলনীর নয়াবাড়ি এলাকায় বিদ্যুতের মেইন লাইন থেকে অবৈধ ভাবে বিদ্যুত সংযোগ নেয়ার চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হন রওশন আলী। পরে গুরুতর আহত অবস্থায় ক্লিনিকে নেয়ার পথে মারা যান তিনি।

নিহত রওশন আলী রেডিও কোলনী এলাকার স্থায়ী বাসিন্দা।

ঢাকা পল্লী বিদ্যুত সমিতি-৩ শিমুল তলা জোনাল অফিসের ডিপোটি জেনারেল ম্যানেজার আক্তারউজ্জামান লস্কর বলেন, “অবৈধভাবে বিদ্যুত সংযোগ নেয়ার চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন তিনি। এ সময় ওই লাইনের ট্রান্সফর্মারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

এ ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, “বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিহতের ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছেনা বলেও জানান তিনি।

বিচারের মুখে থাইল্যান্ডে আটক বাংলাদেশি ও রোহিঙ্গারা

thai bdথাইল্যান্ডে আটক দুই শতাধিক বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

বৃহস্পতিবার থাই পুলিশের এক বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

দেশটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদেরকে বিচার করা হবে বলে বিবৃতিতে জানায় পুলিশ।

এর আগে, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় এক জঙ্গলে ‘গণকবরের’ সন্ধান পাওয়ার পর দেশটিতে মানব পাচার বিরোধী অভিযান শুরু করে পুলিশ। এরই প্রেক্ষিতে গত প্রায় ১৫ দিনে আড়াই শতাধিক বাংলাদেশি ও মায়ানমারের রোহিঙ্গা আটক হয়েছে বলে জানা গেছে।

থাইল্যান্ড পুলিশের উপপ্রধান আয়েক আংসানানন্ট জানান, পুলিশ এরই মধ্যে একশ’ ৮৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এবার এসব মামলার আইনি প্রক্রিয়া শুরু হবে।

আটক বাকি ৬৩ জনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, তা পুলিশ ও উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি কমিটি খতিয়ে দেখছে বলেও এসময় জানান তিনি।

লিস্টারশায়ারে আকমল

akmol14ঘরোয়া টি-২০ লীগে নিজেদের এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে লিস্টারশায়ার পাকিস্তানি হার্ড হিটিং ব্যাটসম্যান উমর আকমলকে দলে ভিড়িয়েছে, ইংলিশ কাউন্টি দলটি বুধবার বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে লিস্টারশায়ার তাদের বিদেশী রিক্রুটের কোটাতে নিউজিল্যান্ডের গ্র্যান্ট এলিয়টের সাথে চুক্তি করেছিল। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের কারণে এলিয়ট খেলতে না পারায় পাকিস্তানি বিশ্বকাপ স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ এই ব্যাটম্যানকে দলে নিয়েছে লিস্টার।

এ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ২৪ বছর বয়সী আকমল লিস্টারশায়ারের ওয়েবসাইটে বলেছেন, ‘কাউন্টিতে এটা আমার প্রথম টি২০ লীগ এবং এই ধরনের সুযোগ পেয়ে আমি সত্যিই অভিভূত। কাব আমার উপর আস্থা রেখেছে। তাই আমি নিজের শতভাগ দিতে চাই।’

লিস্টারশায়ারের প্রধান কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক দায়িত্ব পালনে এলিয়ট চলে যাবার পরে উমরের সাথে চুক্তি করতে পেরে আমরা দারুণ সন্তুষ্ট। আগামী চার ম্যাচে আমরা তার প্রতিভার দিকে তাকিয়ে আছি। আশা করছি দলের জন্য সে নিজেকে প্রমাণ করতে পারবে।

সব জেনে সালাহ উদ্দিনের বিষয়ে কথা বলবে বিএনপি

bnp logoবিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে নিয়ে রাজনৈতিক নেতাদের বিভিন্ন মন্তব্যের সমালোচনা করে দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, “সালাহ উদ্দিনের প্রকৃত অবস্থা জানা দরকার। তার পরিবারের সদস্যরা দ্রুত মেঘালয়ে যাবেন। তখন তার প্রকৃত অবস্থা জানা যাবে। এরপর বিএনপি বক্তব্য দেবে।”

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, “রেড অ্যালার্ট কিছু নয়। এটি সরকারের দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।”

দলটির যুগ্ম মহাসচিব মো. শাহাজাহান বলেছেন, “দীর্ঘ দুই মাস সালাহউদ্দিন আহমদের সন্ধান পাওয়ার পর আমার সবাই খুশি হয়েছি। এখন সবার উচিত, তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া। কিন্তু বিভিন্ন মহল থেকে যে ধরনের মন্তব্য করা হচ্ছে তা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। সবারই উচিত সালাহউদ্দিনের বিষয়ে মানবিক আচরণ করা।”

এদিকে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮শে মে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটি আলোচনা সভার আয়োজন করবে বিএনপি।

কর্মসূচির প্রথম দিন ২৮ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

এছাড়া ৩০ মে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন চেয়ারপারসন খালেদা জিয়া।

এর আগে নয়াপল্টন কার্যালয়ে ঘণ্টাব্যাপী যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক আফজাল এইচ খান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, শ্রম বিষয়ক সম্পাদক জাফরুল হাসান, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, সহ-প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, মহিলা দল সভাপতি নুরী আরা সাভা, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মৎস্যজীবী দল সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, নির্বাহী কমিটির সদস্য এম এ তাহের, তকদির হোসেন মো. জসিম, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, ওলামা দল সভাপতি হাফেজ মাওলানা আবদুল মালেক, সাধারণ সম্পাদক মাওলানা শাহ মো. নেছারুল হক, ফেরদৌস আহমেদ খোকন, নুরুল ইসলাম খান নাসিম, মুক্তিযোদ্ধা দল সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, তাঁতী দল সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং আবদুল মতিন চৌধুরী, মিলন মেহেদী, মো. আউয়াল খান, আকম মোজাম্মেল হক, এম সানোয়ার হোসেন, জিয়াউল হায়দার পলাশ ও এ কে এম আবুল কালাম আজাদ।