সোমবার, অক্টোবর ৫, ২০২৬

প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর কাজ চলছে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘পরামর্শ কমিটি প্রধান শিক্ষক পদকে দশম গ্রেড, সহকারী শিক্ষকদের নিয়োগ থেকে ৪ বছর পর সিনিয়র শিক্ষক হিসেবে ১১তম গ্রেডে পদোন্নতি, প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর সুপারিশ করেছে। আমরা আন্তরিকতার সঙ্গে সেই কাজ করে যাচ্ছি।’

শনিবার (১৯ এপ্রিল) মাগুরা জেলা মিলনায়তনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘প্রাথমিক শিক্ষা খাতে আমরা অনেক ভালো শিক্ষক পাচ্ছি এবং তাদের সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সরকারি নানা উদ্যোগ তাদের জন্য আছে। কিন্তু দুঃখজনক হচ্ছে যে, শ্রেণিকক্ষে আমরা সেটার কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পাচ্ছি না। শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে সম্মিলিতভাবে সবাইকে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘সারা দেশে সহকারী শিক্ষকের বড়সংখ্যক পদ খালি রয়েছে।
এই সংকট দূর করতে যত তাড়াতাড়ি সম্ভব বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিধিমালা পাস হয়ে গেলেই এই বিজ্ঞপ্তি দেওয়া হবে।’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল নিয়ে তাদের দেওয়া প্রস্তাবনা বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এ উপদেষ্টা। এ ছাড়া প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর কথা জানান তিনি।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘দীর্ঘদিন ধরে শিক্ষকদের বদলিজনিত সমস্যা ছিল। শিক্ষকদের বদলিজনিত সমস্যা সমাধান করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘মামলার জন্য আমাদের প্রধান শিক্ষক পদে পদায়ন সমস্যা হচ্ছে। আশা করছি, দ্রুত এ সমস্যার সমাধান করা হবে। তখন প্রধান শিক্ষক পদে পদায়ন হলে অনেক পদ খালি হবে।
’

মাগুরার জেলা প্রশাসক অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, খুলনা বিভাগীয় উপপরিচালক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুস সাত্তারসহ অন্যরা বক্তব্য দেন।

মাঠ-পার্কের সাড়ে ৫০০ একর জায়গা দখল হয়ে যাচ্ছে : ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, ডিএনসিসি এলাকায় বর্তমানে ২৫টি মাঠ রয়েছে। তবে ড্যাপের নকশা অনুযায়ী শুধু ডিএনসিসি এলাকায় মাঠ ও পার্কের জন্য সাড়ে ৫০০ একর জায়গা রয়েছে। এগুলো সব দখল হয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘আমরা রাজউকের সঙ্গে এগুলো উদ্ধারে কাজ করছি।
এই সাড়ে ৫০০ একর জমির খাজনা খারিজ বন্ধ করে দেওয়া হবে। আমরা সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছি। পর্যায়ক্রমে ঢাকার পাবলিক স্পেসগুলো উদ্ধার করা হবে।’

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে ডিএনসিসি এবং বনানী স্পোর্টস এরেনা আয়োজিত ক্রিকেট কার্নিভালে এসব কথা বলেন ডিএনসিসি প্রশাসক।

মোহাম্মদ এজাজ বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পরে ঘোষণা দিয়েছি ডিএনসিসির আওতাধীন মাঠগুলো কোনো ক্লাবের আন্ডারে থাকবে না। ক্লাবের আন্ডারে থাকায় সাধারণ মানুষের এক্সেস (প্রবেশাধিকার) বন্ধ হয়ে গিয়েছিল। পাবলিক স্পেসে মানুষের আসা-যাওয়া, শিশুদের খেলাধুলা এগুলো অধিকার। সাধারণ মানুষের অধিকার বঞ্চিত করে কিছু নির্দিষ্ট শ্রেণির জন্য মাঠ বরাদ্দ থাকলে সামাজিক বৈষম্য হয়, অবিচার হয়।
তাই এটি আর করতে দেওয়া হবে না।’

তিনি উল্লেখ করেন, বনানী চেয়ারম্যান বাড়ি মাঠসহ ডিএনসিসির অনেকগুলো মাঠে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কেয়ার গিভিং সার্ভিস ব্যবস্থা রয়েছে। তাদের বিনোদন ও বিকাশের জন্য এই মাঠে বিভিন্ন ব্যবস্থা আছে। এই মডেল অনুযায়ী অন্যান্য মাঠেও ব্যবস্থা নেওয়া হবে। এগুলো দেখভালের জন্য স্থানীয় অধিবাসীদের নিয়ে কমিটি করে দেওয়া হবে।

ডিএনসিসি প্রশাসক বলেন, আমি দায়িত্ব নিয়েছি দুই মাস হলো। গত দুই মাসে আমরা কয়েকটি মাঠ উদ্ধার করেছি। গত সপ্তাহে মিরপুর প্যারিস রোড মাঠের অবৈধ মেলা আমরা গুঁড়িয়ে দিয়েছি। এর আগে মিরপুরের বাউনিয়ায় ১২ বিঘা একটি মাঠ উদ্ধার করেছি। সেখানে বড়দের জন্য একটি অলিম্পিক সাইজের ফুটবল মাঠের পাশাপাশি শিশুদের জন্যও আলাদা খেলার মাঠ থাকবে। যেসব মাঠ বড় সেখানে আমরা মায়েদের ক্লাব করে দেব যেন তাদের শিশুদের খেলা নিশ্চিত করতে পারে। সিনিয়র সিটিজেনদেরও আমরা মাঠের ব্যবস্থাপনায় যুক্ত করব। এ ধরনের মডেল তৈরি করতে আমরা কাজ করছি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিবি) ফারুক আহমেদ, বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিক, হাবিবুল বাশার সুমন, জাবেদ ওমর বেলিম, শাহরিয়ার নাফীস প্রমুখ।

ফিক্সিংয়ের প্রমাণ পেলে শাস্তি দেওয়া হবে : বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেটে সম্প্রতি আবারও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তীব্রভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর গেল আসরের বেশ কয়েকটি ম্যাচ নিয়ে সন্দেহজনক খবর আসে। সেই খবর মিলিয়ে যেতে না যেতেই এবার ঘরোয়া ক্রিকেটে নতুন করে ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে বড় ধরণের বিতর্কের সৃষ্টি হয়। তবে বিসিবি প্রধান ফারুক আহমেদ মনে করেন, ম্যাচ ফিক্সিং অনেকাংশে কমে এসেছে, কিন্তু পুরোপুরি নির্মূল হয়নি।

চলতি মৌসুমের বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার একটি ম্যাচ নিয়ে সন্দেহ দেখা দেওয়ার পর সেই ম্যাচ নিয়ে বিসিবি ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

‘খেলবেই বাংলাদেশ’ কর্তৃক আয়োজিত যুবকদের মধ্যে ক্রিকেট প্রচারের জন্য একটি ক্রিকেট কার্নিভাল প্রোগ্রামে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফারুক আহমেদ বলেন, ‘প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ডিভিশনে ফিক্সড ম্যাচ অনেক কমে গেছে, তবে এখনো পুরোপুরি বন্ধ হয়নি।’

তিনি আরো বলেন, ‘যদি ম্যাচ ফিক্স করা হয়, তাহলে ভালো খেলোয়াড় পাওয়া যাবে না, কারণ আপনি আপনার সেরা খেলোয়াড়কে শূন্য রানে আউট হতে বলছেন অথবা ইচ্ছাকৃতভাবে ওয়াইড, নো বল করতে বলবেন। বলবেন উইকেট না নিতে।
এটি ক্রিকেট নয়।’

আইসিসি মিটিং থেকে ফিরে এসে ফারুক বলেন, ‘আমাদের একটি টেকনিক্যাল কমিটি আছে এবং আমরা বিস্তারিত তদন্ত করব। যদি কিছু প্রমাণ পাওয়া যায়, তবে অবশ্যই অপরাধীদের শাস্তি দেওয়া হবে।’

তিনি নিশ্চিত করেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) যেদিন বিসিবি কার্যালয়ে অভিযান চালায়, সেদিনই তিনি আইসিসি সভা থেকে ফিরেছেন।
ফারুক আহমেদ বলেন, ‘তারা নিশ্চয়ই নির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়ার পরই এসেছে। আমি বিশ্বাস করি, বোর্ড সর্বোচ্চ সহযোগিতা করবে –কাগজপত্র, দলিল-দস্তাবেজ সবই সরবরাহ করা হবে।’

‘আমি আমাদের সিইওকে বলেছি, যেন দুদকের সব প্রশ্নের উত্তর দেন। তদন্ত কতদূর যাবে, সেটা সময়ই বলে দেবে।’

ফারুক আহমেদ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কে।
যারা জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজটি সম্প্রচার করতে রাজি হয়েছে। যখন বোর্ড এই সিরিজের জন্য কোনো ব্রডকাস্টার পাচ্ছিল না। ‘আমি মনে করি আন্তর্জাতিক এবং ঘরোয়া পর্যায়ে আর্থিকভাবে একটি মন্দা চলছে। জিও স্টার, যারা আইসিসির জন্য গ্লোবাল ইভেন্ট করে, তারাও স্পনসরশিপ সংক্রান্ত সমস্যায় ভুগছে। সরকার পরিবর্তনের পর আমাদেরও কঠিন সময় পার করতে হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমরা বিটিভি কে ধন্যবাদ জানাই যারা এই সিরিজ সম্প্রচার করবে। তাদের স্লট পাওয়া কঠিন ছিল এবং আমি এখানে উপস্থিত সচিবকে বিশেষ ধন্যবাদ জানাই। আমরা বোর্ড থেকে তার সাথে যোগাযোগ করেছিলাম এবং সবাইকে এয়ার টাইম কিনতে হয়েছিল। এটি খুবই ভালো হয়েছে যে বিটিভি বিনা খরচে এই সিরিজ সম্প্রচার করতে এগিয়ে এসেছে। অন্তত মানুষ খেলা দেখার সুযোগ পাবে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখনও চেষ্টা করছি আরেকটি টিভি চ্যানেলকে নিয়ে আসতে। যদি পাই, তাহলে তাদের দেব, কিন্তু সময় খুব কম।’

তিনি আরো বলেন, ‘আমরা আগামী আড়াই বছরের জন্য মিডিয়া রাইটস বিক্রির প্রস্তুতি নিচ্ছি এবং এর জন্য টেন্ডার ডকুমেন্ট প্রস্তুত করেছি। আমরা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকেও আমন্ত্রণ জানাব।’

ভারত-আমেরিকা-চীন নয়, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ

দেশের ভবিষ্যৎ নিজেদেরই নির্মাণ করতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প, চীনের শি বা ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে দিয়ে যাবে না—দেশের উন্নয়নে যা করার, আমাদেরই করতে হবে।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীতে আয়োজিত ‘বাংলাদেশের ক্ষমতায়ন: নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মহান মুক্তিযুদ্ধে আমরা এক হয়ে লড়াই করেছি। তেমনি ২০২৪ সালে ছাত্রদের ওপর গুলির ঘটনায়ও আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি।
গণঅভ্যুত্থানের সময় যেমন সবাই এক হয়েছিল, সেভাবেই আজও আমাদের এক হয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় দেশের জনসংখ্যা ছিল সাত কোটি, আর এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটিতে। সেই সময় খাদ্য ঘাটতি ছিল ২৮ লাখ মেট্রিক টন, অথচ বর্তমানে তা প্রায় নেই বললেই চলে। এই সাফল্যের কৃতিত্ব দেশের কৃষক ও কৃষি বিজ্ঞানীদের।

যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক প্রসঙ্গে তিনি বলেন, তারা যে ট্যারিফ দিয়েছে, তা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ সমস্যার দ্রুত সমাধান না হলে তা আরও ঘনীভূত হবে।

গ্রামের পরিশ্রমী মানুষ ও স্বল্প বেতনে কাজ করা নারীদের অবদানের কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ১৫ হাজার টাকার বেতনে যে নারী কাজ করছে, তার শ্রমেই দেশের প্রবৃদ্ধি বাড়ছে। মাঠে যারা দিনরাত খেটে চলেছে, তারা দেশকে টেনে নিচ্ছে সামনে।
আমরা যদি তাদের নিয়ে না ভাবি, তাহলে কোনোভাবেই দেশ এগোবে না। কিন্তু যদি সত্যিকার অর্থেই তাদের নিয়ে ভাবি, তাহলে অবশ্যই দেশ এগিয়ে যাবে।

তিনি বলেন, এইটুকু আশাবাদী আমি, যদি আমরা সবাই বিশ্বাস করি যে দেশকে এগিয়ে নিতে ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবতে হবে। সমস্যা থাকবে, তবে সমাধানও হবে।

ড. ইউনূসকে দায়িত্ব দেওয়ার বিষয়টি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তিনি চেষ্টা করছেন, তাকে ধন্যবাদ জানাই।
আশা করি, তিনি সফল হবেন।

তরুণরাই গড়বে আগামীর পরিবেশবান্ধব বাংলাদেশ : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তরুণরাই গড়বে আগামীর পরিবেশবান্ধব বাংলাদেশ। আমাদের রেখে যাওয়া পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে। এছাড়া, সঠিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে সবুজ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।

আজ শনিবার রাজধানীর বিজয় সরণিতে বাংলাদেশ সামরিক জাদুঘরে ‘দ্য গ্রিন এনার্জি অলিম্পিয়াড-২০২৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, জীবাশ্ম জ্বালানি ব্যবহারকারীরা প্লাস্টিক দূষণরোধে আগ্রহী নয়। এ দেশের তরুণদের সিঙ্গাপুরের জনগণের মতো পরিবেশ সচেতন হতে হবে। উত্তরাধিকার সূত্রে পাওয়া পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের উদ্ভাবনী চিন্তা ও পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি তরুণদের প্রতি ভিন্ন ধারার উন্নয়ন, জীবনযাপন ও দর্শন প্রচারের আহ্বান জানান।
এ প্রতিযোগিতায় বিজয়ীরাই আগামীতে জলবায়ু পরিবর্তন রোধে এবং পরিবেশসম্মত সবুজ পৃথিবী গড়তে নেতৃত্ব দেবে।

অনুষ্ঠানে কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন)-এর নেটওয়ার্ক উপদেষ্টা এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি)-এর নির্বাহী সদস্য মনোয়ার মোস্তফার সভাপতিত্বে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব নূর আহমেদ, সিটি ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, ডিরেক্ট রিনিউয়েবল এনার্জি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল এবং এথিক্যাল ট্রেড ইন্টারন্যাশনাল (ইটিআই) ও বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবিল বিন আমিনসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন মোড়কে ফিরছে ‘নো এন্ট্রি’, থাকছেন তামান্না

অনেক দিন ধরেই জল্পনা চলছিল রোমান্টিক-কমেডি ঘরানার ‘নো এন্ট্রি’ সিনেমার সিক্যুয়েল নিয়ে। জল্পনার অবসান, প্রযোজক ও পরিচালক নিশ্চিত করেছেন।

‘নো এন্ট্রি ২’-তে প্রধান নারী চরিত্রে থাকছেন তামান্না ভাটিয়া। শোনা যাচ্ছে, ছবিতে তার চরিত্রটি আগের ছবিতে বিপাশা বসুর চরিত্রের আধুনিক রূপ।

অন্যদিকে, আরও একটি মুখ্য নারী চরিত্রের জন্য কথাবার্তা চলছে অদিতি রাও হায়দারির সঙ্গে, যদিও এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি। ছবিতে তিন প্রধান নায়কের চরিত্রে থাকছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও অর্জুন কাপুর।

বনি কাপুর জানিয়েছেন, আমি অনেক দিন অপেক্ষা করেছি পুরোনো কাস্টকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু তাদের নিজস্ব কারণ ছিল। তাই সম্পূর্ণ নতুন প্যাকেজে ফিরছে ‘নো এন্ট্রি’।

বনি কাপুরের দাবি, এই ছবির গল্প যারা শুনেছেন, তারা শোনার পর জানিয়েছেন প্রিক্যুয়েলকেও ছাপিয়ে যাবে এই ছবি! সবরকম মশলা, মজাদার টুইস্ট—সব আছে।

জানা গেছে, ‘নো এন্ট্রি ২’ ছবির শ্যুটিং শুরু হবে চলতি বছরের জুন-জুলাই মাসে, আর মুক্তি পাবে দীপাবলিতে—২৬ অক্টোবর ২০২৫।

সৎ থেকে ২০২৬ বিশ্বকাপে খেলতে চান মেসি

২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা এমন প্রশ্ন যতবারই করা হয়েছে ততবারই একই উত্তর দিয়েছেন লিওনেল মেসি। এবারও তার ব্যতিক্রম হয়নি। ‘সিম্পলি ফুটবলকে’ দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সময় হলে জানা যাবে। সঙ্গে এ বছরটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন বলেও জানিয়েছেন তিনি।

‘সিম্পলি ফুটবল’ অনুষ্ঠানটি হচ্ছে আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার কিকে উলফের। সম্প্রতি মায়ামি কমপ্লেক্সে গিয়ে মেসির বিশ্বকাপ ভাবনা শুনেছেন কিকে ও তার ছেলে পেদ্রো। আর্জেন্টিনার অধিনায়ক বলেছেন, ‘সত্যি হচ্ছে, আপনি যদি থামতে এবং এটি নিয়ে ভাবতে চান তাহলে এখনো সময় আছে। তবে এটাও ঠিক সময় দ্রুত চলে যায়।
আমি দেখব কেমন অনুভব করব। অবশ্যই এটা নিয়ে ভাবছি। তবে লক্ষ্য স্থির করতে চাচ্ছি না।’

বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিয়ে এ বছরটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন মেসি।
ইন্টার মায়ামির অধিনায়ক বলেছেন, ‘আমার জন্য এ বছর খুবই গুরুত্বপূর্ণ। দিন ধরে ধরে এগিয়ে যেতে চাই এবং শারীরিকভাবে কেমন অনুভব করব সেটার ওপর নির্ভর করবে। সেখানে থাকতে পারব কি না এ নিয়ে আমাকে সৎ থাকবে হবে।’

২০১৪ বিশ্বকাপের ফাইনাল হারের যন্ত্রণার কথা জানিয়েছেন মেসি। ৩৭ বছর বয়সী প্লে মেকার বলেছেন, ‘২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে না পারাটা আমার জন্য যন্ত্রণার ছিল।
পরে চ্যাম্পিয়ন হওয়ায় সবকিছু সহনীয় হয়েছে। দৃষ্টিভঙ্গি পাল্টেছে। দুটি বিশ্বকাপ জিততে পারতাম, তবে আমার বিশ্বকাপ আছে।’

গত ৯ মাসে এক আকাশ ভালোবাসা অর্জন করেছি : প্রেসসচিব

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পান শফিকুল আলম। সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় ৯ মাসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে কী অর্জন করেছেন, তা তুলে ধরেছেন তিনি।

আজ শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোষ্টে শফিকুল আলম লিখেছেন, ‘গত নয় মাসে আমি কী অর্জন করেছি: এক চিমটি ঘৃণা, একমুঠো অবিশ্বাস ও এক আকাশ ভালোবাসা।

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৪ পাকিস্তানি নিহত

লিবিয়ার হারাওয়া উপকূলে অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনায় ৪ পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। গত মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের (এফও) মুখপাত্র শাফকাত আলী খান এক বিবৃতিতে বলেছেন, পূর্ব লিবিয়ার সির্তে শহরের কাছে হারাওয়া উপকূলে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় কমপক্ষে চারজন পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ত্রিপোলিতে অবস্থিত আমাদের মিশন জানিয়েছে যে সির্তে শহরের হারাওয়া উপকূলের কাছে বিদেশী অভিবাসী বহনকারী একটি জাহাজ ডুবে গেছে।
সির্তে শহরে পাকিস্তান দূতাবাসের একটি দল ১১ জন অভিবাসীর মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে চারজনকে তাদের জাতীয় নথির ভিত্তিতে পাকিস্তানি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। দুটি মৃতদেহ এখনো অজ্ঞাত রয়েছে।

সনাক্ত হওয়া চারজন নিহত পাকিস্তানি হলেন- জাহিদ মাহমুদ, সামির আলি, সৈয়দ আলি হুসাইন, আসিফ আলি।

এদের মধ্যে তিনজনের বাড়ি মাণ্ডি বাহাউদ্দিনে এবং একজনের বাড়ি গুজরানওয়ালায়।

উদ্ধার করা মৃতদেহের মধ্যে আরো দুজনের পরিচয় শনাক্ত করা যায়নি। বাকি পাঁচজন নিহতের মধ্যে সবাই মিশরের নাগরিক বলে জানানো হয়েছে।

ফার্গুসনের চ্যাম্পিয়নস লিগ জয় থেকে অবিশ্বাস্য কামব্যাকের অনুপ্রেরণা পেয়েছেন আমোরিম

ওল্ড ট্র্যাফোর্ডে অবিশ্বাস্য কামব্যাকের গল্প লিখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অতিরিক্ত সময়ে ৪-২ গোলে পিছিয়ে থেকে শেষ সাত মিনিটে ৩ গোল দিয়ে জয়োল্লাসে মাতে তারা। এমন অবিশ্বাস্য জয়ের অনুপ্রেরণা কোথা থেকে এসেছে সেই গল্পই শুনিয়েছেন কোচ রুবেন আমোরিম।

ম্যানচেস্টার ইউনাইটেডের ১৯৯৯ সালের চ্যাম্পিয়নস লিগ জয়ের ডকুমেন্টারি দেখেই জয়ের অনুপ্রেরণা পেয়েছেন বলে জানিয়েছেন আমোরিম।
তিনি টিএনটি স্পোর্টসকে বলেছেন, ‘১৯৯৯ সালের ডকুমেন্টারি আবার দেখেছি। তা থেকেই এই মুহূর্তের অনুপ্রেরণা পেয়েছি। গতকালের রাতটা সত্যি দুর্দান্ত ছিল। একজন খেলোয়াড় বেশি নিয়ে দল ৪-২ ব্যবধানকে ধরার চেষ্টা করছিল।
আমরা মনে করছিলাম শেষ। কিন্তু এখানে শেষ হয়নি।’

ওল্ড ট্র্যাফোর্ডে সবকিছু সম্ভব বলে জানিয়েছেন আমোরিম। ম্যানইউ কোচ বলেছেন, ‘এখানে (ওল্ড ট্র্যাফোর্ড) সবকিছুই সম্ভব।
এখানকার বাতাবরণটা অনুভব করেন। ব্রুনো ফার্নান্দেজের পেনাল্টির পর ৪-৩ হলে আমরা বিশ্বাস করছিলাম ম্যাচ ঘুরাতে পারব।’

সত্যি সত্যিই ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন আমোরিমের শিষ্যরা। ম্যানইউ প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গেলে বিরতির পর সমতায় ফেরে লিওন। অতিরিক্ত সময়ে দুই গোল দিয়ে ৪-২ ব্যবধানে এগিয়েও যায় তারা।
তবে ম্যাচের শেষ ৭ মিনিট কোনো রকমে কাটিয়ে দিতে পারেনি লিওন। যার ফল এ সময় ৩ গোল দিয়ে তাদের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নেয় ম্যানইউ।

রেড ডেভিলসের জয়ের নায়ক হ্যারি ম্যাগুয়ের। অতিরিক্ত সময়ের যোগ করা প্রথম মিনিটে দলকে হেডে আনন্দে ভাসান তিনি। তার আগের মিনিটেই অবশ্য ৪-৪ সমতায় ফেরানোর কাজটা করেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড কোবি মাইনু। এতে দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে ইউরোপা লিগের সেমিফাইনাল নিশ্চিত করে ম্যানইউ।

মাইনু আর ম্যাগুয়েরের মতোই ১৯৯৯ সালের চ্যাম্পিয়নস লিগের ট্রফি বায়ার্ন মিউনিখের কাছ থেকে ছিনিয়ে নেয় স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানইউ। ক্যাম্প নূতে ম্যাচের ৬ মিনিটে মারিও বাসলারের ফ্রি কিকে এগিয়ে গিয়েছিল বায়ার্ন। জার্মান মিডফিল্ডারের গোলেই শিরোপা উদযাপনের প্রহরও গুণছিল।

কেননা ম্যাচ শেষ হতে শুধু যোগ করা সময়ের মুহূর্তই বাকি। কিন্তু ফার্গুসনের দুই শিষ্য টেডি শেরিংহাম ও ওলে গুনার সুলশার হতে দিলেন কই। যোগ করা সময়ের প্রথম ও তৃতীয় মিনিটে গোল করে বায়ার্নের মুখ থেকেই যেন খাবার কেড়ে নিলেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার। গতকাল ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারিতে বসে প্রিয় ক্লাবের বিজয়োল্লাস দেখে ফার্গুসনেরও কি মনে পড়েনি সেই জাদুকরী রাতের কথা?