নারীদের নিয়ে মন্তব্যে নোবেলজয়ী বিজ্ঞানীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক : নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় অনারারি প্রফেসরের পদ থেকে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের নোবেলজয়ী একজন বিজ্ঞানী।
আন্তর্জাতিক ডেস্ক : নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় অনারারি প্রফেসরের পদ থেকে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের নোবেলজয়ী একজন বিজ্ঞানী।
আওয়ামী লীগ সরকার দেশের কল্যাণের জন্য কাজ করে বলে মন্তব্য করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গুলশানের পুলিশ প্লাজা কনকর্ডে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের নবনির্মিত বাণিজ্যিক ভবন উদ্বোধন শেষে বক্তব্যে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের সমস্যা সমাধানের জন্য কল্যাণ ফান্ড। এই ফান্ডের টাকা দিয়ে তারা নিজেদের প্রয়োজন মেটাতে পারেছন- এটাই বড় কথা।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, এই প্লাজাটি চমৎকার একটি স্থানে। পাশেই হাতিরঝিল। যে উদ্দেশ্য নিয়ে আপনারা এটি করেছেন সেটা আশাকরি সফল হবে।
বিশ্ব ঐতিহ্যের অন্যতম ম্যানগ্রোভ সুন্দরবনের পরিধি বেড়ে চলেছে। আর এরই অংশ হিসাবে সুন্দরবনের মূল ভূ-খণ্ড থেকে প্রায় শত কিলোমিটার উত্তরে বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের সীমানা ঘেঁষে বয়ে যাওয়া চিত্রা নদীর বিস্তীর্ণ চর ও আশপাশের ১০-১৫টি গ্রামজুড়ে গড়ে উঠেছে নতুন মিনি সুন্দরবন।
যদিও বাঘ-হরিণের উপস্থিতি এখানে নেই, তবে সুন্দরী, গোলপাতা, কেওড়া, ওড়াসহ বিভিন্ন প্রজাতির গাছে ভরপুর। এছাড়া অসংখ্য প্রকার সুন্দরবনের উদ্ভিদ জন্মেছে এখানে।
দিন দিন এর ব্যাপকতা বেড়ে যাওয়ায় অনেকটা বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে বলে অভিমত প্রকাশ করেছেন কেউ কেউ। এতে একদিকে যেমন গ্রামবাসীর মধ্যে আশার আলো দেখা দিয়েছে অন্যদিকে সংশয় প্রকাশ করেছেন অনেকে।
সরেজমিনে ঘুরে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার সীমানা ঘেঁষে বয়ে যাওয়া চিত্রা নদীর আশপাশের রায়গ্রাম, শুরিগাঁতী, খিলিগাঁতী, করাতদিয়া, ডুমুরিয়া, আড়ুলিয়া, খড়িয়াসহ গ্রায় ১০-১৫টি গ্রাম ও নদীর বিস্তীর্ণ চরজুড়ে এখন ‘নব্য সুন্দরবন’ গড়ে উঠেছে। মাত্র কয়েক বছরের ব্যবধানে এসব গ্রাম বনাঞ্চলে পরিণত হয়েছে ।
এখানকার অধিকাংশ বাড়ির আঙিনাসহ আশপাশে আবাদি-অনাবাদি জমিতেও এখন গোলপাতা, কেওড়া, ওড়া, সুন্দরীসহ নানা প্রজাতির গাছ বেড়ে উঠছে। এছাড়া নদীর দু’কূল জুড়ে চিত্রা নদীর বিস্তীর্ণ চর এলাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে গাছের সংখ্যা। বাঘ-হরিণসহ বন্যপ্রাণীর দেখা না মিললেও মাথা তুলে দাঁড়িয়েছে অরণ্য। ঠিক যেন সুন্দরবনেরই একটা অংশ। বর্তমানে এলাকার লোকজন তাদের নিজেদের চাহিদা মিটিয়ে হাজার হাজার টাকার গোলপাতা বিক্রি করছেন এখান থেকে।
এছাড়া জ্বালানিসহ প্রয়োজনীয় কাঠের চাহিদা মেটানো হচ্ছে এসব গাছ থেকে। পাশাপাশি এখানকার মনোরম দৃশ্য মুগ্ধ করছে অনেককে। বর্তমানে এখানকার প্রাকৃতিক পরিবেশ পুরোপুরি রূপ নিয়েছে সুন্দরবনে। প্রকৃতির এক অপরূপ লীলা ভূমিতে পরিণত হচ্ছে এলাকাটি। যদিও দর্শনার্থীদের উপস্থিতি এখানে এখনো তেমনভাবে গড়ে ওঠেনি তবে এলাকার লোকজন অনায়াসে বাড়িতে বসে সুন্দরবনের মনোরম দৃশ্য উপভোগ করছেন।
এ অঞ্চলের বিভিন্ন বাড়ির আঙিনাসহ আশপাশে সুন্দরীসহ নানা প্রজাতির বনের গাছ জন্ম নেয়ায় আশার আলো দেখছেন লোকজন। তবে মাত্র কয়েক বছরের মধ্যে এভাবে বনাঞ্চল বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন বন্যপ্রাণী ও বিষধর সাপের উপদ্রব বেড়ে যেতে পারে বলে গ্রামবাসীদের মধ্যে এক প্রকার সংশয় দেখা দিয়েছে।
উপজেলার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রকৃতিপ্রেমী হরেন্দ্র নাথ রানা তার অনুভূতি প্রকাশ করে জানান, এখন বাড়িতে বসে সুন্দরবনের দৃশ্য উপভোগ করতে পারছি। নদীর দুপাড়ে সবুজের হাতছানি কেবলই কাছে টানছে ।
উপজেলার করাতদিয়া গ্রামের চিত্রা নদীর পাড়ের বাসিন্দা প্রবীণ বিষ্ণুপদ অধিকারী জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে নদী পাড়ের অধিকাংশ গ্রাম প্লাবিত হয়। সুন্দরবন থেকে উঠে আসা বিভিন্ন নদী চিত্রা নদীর সাথে যুক্ত হয়েছে। সুন্দরবনের বিভিন্ন গাছের বীজ এসব নদীতে ভেসে সরাসরি এখানে চলে আসে। এসব বীজে মূলত আপনা থেকে গাছের জন্ম হচ্ছে।
এতে গ্রামগুলো দিন দিন বন-জঙ্গলে ঘিরে যাচ্ছে। অনেকটা বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে বলেও উল্লেখ করেন। এখানকার দৃশ্য পাল্টে যাচ্ছে। এভাবে গাছপালা বাড়তে থাকলে আগামী কয়েক বছর পর বসবাসের উপযোগী থাকবে না বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।
চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন জানান, তার ইউনিয়ন ঘেঁষে বয়ে গেছে চিত্রা নদী। এখানে নদীর পাড়ে বেড়িবাঁধ ভেঙে প্রতি বছর প্লাবিত হয় অসংখ্য গ্রাম। আর এসব গ্রামেই বর্তমানে সুন্দরবনের নানা গাছপালা জন্ম নিয়েছে। সুন্দরবন থেকে উঠে আসা বিভিন্ন নদীর সাথে চিত্রা নদীর সংযোগ রয়েছে। যে কারণে নদীর মাধ্যমে সহজে এখানে বনাঞ্চল গড়ে উঠছে বলে তিনি অভিমত প্রকাশ করেন।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা আমীর হোসাইন চৌধুরী উত্সাহ প্রকাশ করে জানান, যেহেতু সুন্দরবন দিন দিন ছোট হয়ে আসছে নতুন করে এ ধরনের বনাঞ্চল সৃষ্টি হওয়াটা খুবই আনন্দের সংবাদ।
যেহেতু উপকূলীয় অঞ্চল এটি, এখানে সহজে বনের বিভিন্ন গাছপালা জন্মানোর সুযোগ রয়েছে। তবে উপযুক্ত পরিবেশ পেলে নতুন করে সুন্দরবনের বিস্তৃতি ঘটতে পারে। কিন্তু এটি যথাযথভাবে রক্ষার দায়িত্ব আমাদের সকলের।
বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বাংলাদেশ হতে পারে নবায়নযোগ্য জ্বালানির বড় জায়গা। ইতোমধ্যে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় সোলার অ্যানার্জির দেশ হয়ে উঠেছে। এদেশে এখন ৩ লাখ ৫০ হাজার ঘরে সোলার প্যানেল রয়েছে।
তিনি আজ আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং ইনোভেশন সামিট বাংলাদেশ-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
নসরুল হামিদ বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থার কারণে দেশের ২০ ভাগ এলাকায় গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না। এসব এলাকা সৌর বিদ্যুতের মাধ্যমে আলোকিত করা হবে। এছাড়া প্রত্যন্ত চরাঞ্চল, পাহাড়ি এলাকার কথা চিন্তা করে উইন্ড মিল স্থাপনের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, খুব শিগগিরই ২০০ মেগাওয়াট সোলার পাওয়ার স্টেশন স্থাপনের কাজ শুরু করা হবে। এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা হবে। যদিও সোলার পাওয়ার স্টেশন বসানো খুবই খরচসাধ্য ব্যাপার। তারপরও সরকার এ খাতে অগ্রাধিকার দিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অফিসের প্রজেক্ট ডিরেক্টর এবং এটুআই প্রজেক্টের পরিচালক কবির বিন আনোয়ার, সামিটের আয়োজক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএসএবি) উপদেষ্টা হারুনুর রশিদ এবং সংগঠনটির নেতা, বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
র্যাকিংয়ে এগিয়ে থাকায় বিশ্বকাপের জন্য এবার আর প্রাক বাছাই খেলতে হয়নি বাংলাদেশকে। সরাসরি ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে খেলার সুযোগ পেয়েছে লাল-সবুজের পতাকাবাহীরা।
এই সুযোগটি কাজে লাগাতে পরিকল্পনা ও কর্মযজ্ঞ অনেকদিন ধরেই চলছে। সে অনুসারে কাজও হয়েছে। অনুশীলন ক্যাম্প। ফিটনেস ক্যাম্প। প্রস্তুতি ম্যাচ। বলতে গেলে বাদ যায়নি কোনোটাই। এসব কিছু এবার মাঠে প্রমাণ করার সুযোগ।
আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে কিরগিজস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বিকেল ৫টায় ম্যাচটি মাঠে গড়াবে। সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন।
এই ম্যাচে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। ৩১ মে সিঙ্গাপুরের বিপক্ষে দারুণ খেলেও ২-১ গোলে হেরে যায়। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও ৯৩ মিনিট পর্যন্ত এগিয়ে থাকে লাল-সবুজের জার্সিধারীরা। কিন্তু শেষ মুহূর্তের গোলে ম্যাচটি ড্র হয়। ওই দুটো ছিল প্রস্তুতি ম্যাচ। আজ বিশ্বকাপের বাছাইপর্ব। তাই আজ হেরে যাওয়া কিংবা ড্র করা নয়, পূর্ণ তিন পয়েন্টই চাই বাংলাদেশের।
বাংলাদেশ দলের কোচ লোডভিক ডি ক্রুইফ যেমনটি বললেন, আমাদের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রীতি ম্যাচে আমরা খুব ভাল করতে পারিনি। এই ম্যাচে সবাই শতভাগ উজাড় করে দিয়ে খেলতে প্রস্তুত। আমাদের ঘরের মাঠে খেলা হবে। দেশের মানুষের অনেক প্রত্যাশা থাকবে। আমরাও সে সব বিবেচনায় রেখে প্রস্তুতি নিয়েছি। আজ আমাদের ভাল কিছু করার সুযোগ আছে। পূর্ণ তিন পয়েন্টের জন্যই মাঠে নামব।
অধিনায়ক মামুনুল ইসলাম মামুনের কণ্ঠেও জয়ের প্রত্যয়, আমাদের ঘরের মাঠে খেলা হবে। তাই ম্যাচে আমাদের লক্ষ্য থাকবে ৩ পয়েন্ট আদায় করে নেওয়া। ওরা শারীরিকভাবে শক্তিশালী। ইংলিশদের মতো পাওয়ার ফুটবল খেলে। লং পাসে বল দিয়ে থাকে। আমরা ছোট পাসে মাঠে বল রেখে খেলতে চাই।
কিরগিজস্তানের চেয়ে র্যাকিংয়ে অবশ্য বাংলাদেশ এগিয়ে। ফিফা র্যাকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৬৬। অন্যদিকে কিরগিজস্তান রয়েছে ১৭৭তম স্থানে। তবে ফিটনেসের দিক দিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের চেয়ে কিরগিজরা বেশ এগিয়ে।
কিরগিজস্তান দল সম্পর্কে বাংলাদেশের যেমন খুব বেশি ধারণা নেই। তেমনি বাংলাদেশ দল সম্পর্কেও ধারণা নেই কিরগিজদের। তবে সুনির্দিষ্ট একটা লক্ষ্য নিয়েই বাংলাদেশে এসেছে তারা। সেই লক্ষ্যটি কি সে সম্পর্কে খোলাসা করে বলেননি দলটির কোচ আলেক্সান্ডার ক্রেস্টিনিন।
তিনি বলেন আমরা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই এসেছি। সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছি। আমরা আরব আমিরাতে অনুশীলন ক্যাম্প করেছি। বাড়তি অনুপ্রেরণারও ব্যবস্থা ছিল। তবে আমরা বুঝতে পারছি আজকের ম্যাচটি আমাদের জন্য কঠিন হবে।
২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিল কিরগিজস্তান। সেই সুখস্মৃতি স্মরণ করিয়ে দিয়ে অধিনায়ক আজামত বৈমাতভ বলেন, আমরা একই কন্ডিশনে ২০১০ সালে খেলেছিলাম। ওই ম্যাচে অবশ্য আমরা জিতেছিলাম। তবে বাংলাদেশ দলের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে। ঘরের মাঠে তারা বেশ শক্তিশালী। আজকের ম্যাচটি যে আমাদের জন্য সহজ হবে না সেটা বুঝতে পারছি।
র্যাকিংয়ে বাংলাদেশ এগিয়ে। তার ওপর ঘরের মাঠে খেলা। প্রস্তুতিও কিরগিজস্তানের চেয়ে বেশি নিয়েছে বাংলাদেশ। বলতে গেলে সবদিক দিয়েই এগিয়ে মামুনুল-এমিলিরা। এই এগিয়ে থাকাটা মাঠেও ধরে রাখতে পারবে কি বাংলাদেশ?
জাতিসংঘের একটি খসড়া প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে মোতায়েনকৃত শান্তিরক্ষীরা ‘পণ্যসামগ্রীর বিনিময়ে যৌনতা কিনছে’। অথচ শান্তিরক্ষীদের মোতায়েন করা হয়েছে ওই সব দেশের মানুষদের বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করার জন্য।
বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘের অফিস অব ইন্টারন্যাল ওভারসাইট সার্ভিসেস (ওআইওএস) এক প্রতিবেদনে বলেছে, তাদের অনুসন্ধানে ধরা পড়েছে হাইতি ও লাইবেরিয়ার শত শত নারীকে ক্ষুধা ও দারিদ্র্যের কারণে যৌনসঙ্গ বিক্রি করার জন্য প্রভাবিত করা হচ্ছে।
যৌনসঙ্গের বিনিময়ে নারীদের দেওয়া হচ্ছে নগদ অর্থ, সোনাদানা, মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী।
ওআইওএসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৪৮০টি যৌনঘটিত শোষণ ও স্বার্থসিদ্ধির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শিশুদের সম্পৃক্ততা এক-তৃতীয়াংশ।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হাইতি ও লাইবেরিয়ায় এ-সংক্রান্ত জরিপে অংশ নেওয়া শত শত নারী জানিয়েছে, ক্ষুধা, দারিদ্র্য থেকে মুক্তি ও জীবন ধারণের পথ উন্নয়নের কথা বলে যৌনতা বিক্রিতে উদ্বুদ্ধ করা হয় তাদের। ওআইওএসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খসড়া প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স আরো জানিয়েছে, জরিপকৃত দুই দেশের তথ্য-উপাত্ত থেকে দেখা যাচ্ছে, কোনো কিছুর বিনিময়ে যৌনতা বিক্রি’ করার ঘটনা স্বাভাবিক। কিন্তু শান্তিরক্ষা মিশনের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে না।
বার্তা সংস্থা এপির বরাত দিয়ে বিবিসি বলেছে, হাইতির ২৩১ ব্যক্তি গত বছর স্বীকার করে, ‘শান্তিরক্ষীদের সঙ্গে তাদের বিনিময়কৃত’ যৌন সম্পর্ক রয়েছে।
ওআইওএসের প্রতিবেদন থেকে পাওয়া তথ্য নিয়ে এপি আরো জানিয়েছে, যেসব ক্ষেত্রে অর্থের লেনদেন না করেই যৌনসঙ্গ পাওয়ার চেষ্টা করে শান্তিরক্ষীরা, সেসব ক্ষেত্রে সামাজিক যোগাযোগের মাধ্যমে নারীদের অসতীত্ব প্রকাশ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এতে আরো বলা হয়েছে, শুধু ২০১৪ সালেই এ ধরনের ৫১টি অভিযোগ পাওয়া গেছে। যেখানে এর আগের বছর ছিল ৬৬টি।
তবে জাতিসংঘের শান্তিরক্ষা অভিযান ও ফিল্ড সাপোর্ট বিষয়ক বিভাগ জানিয়েছে, গত ১০ বছরে ক্রমেই যৌনতাবিষয়ক অভিযোগ কমে এসেছে।
বিশ্বের কয়েকটি দেশে বর্তমানে জাতিসংঘের ১ লাখ ২৫ হাজার শান্তিরক্ষী মোতায়েন রয়েছে।
ভোলার মনপুরায় ৭০-৮০ জন যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। মনপুরার কলাতলি থেকে হাজিরহাট যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায়।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতদের মধ্যে ৩ জন নারী, ৪ জন শিশু ও ১ জন পুরুষ। নিখোঁজ রয়েছেন আরো ৩০ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ট্রলারচালক নিজাম।
গাছের সঙ্গে বাসের ধাক্কায় ও ট্রাকের নিচে চাপা পড়ে বগুড়া, নাটোর ও দিনাজপুরে আট জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৯ জন।
বৃহস্পতিবার ভোরে বগুড়ার সান্তাহার, দিনাজপুরের ঘোড়াঘাট ও নাটোরের সিংড়া উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
বগুড়া: বগুড়া-নওগাঁ মহাসড়কে বিআরটিসি বাস উল্টে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মহাসড়কের সান্তাহারের অদূরে ঢাকা রোড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসের হেলপার নওগাঁর নজিপুর উপজেলার ডাবলু হোসেনের ছেলে রাশমিন হোসেন (২৫) ও যাত্রী জয়পুরহাট জেলার মঙ্গলপুর এলাকার মৃত জিয়াউর রহমানের ছেলে নাসির উদ্দিন নাসিম (১৭)।
পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁর সাপাহারগামী বিআরটিসির একটি বাস ঢাকা রোড এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়।
এতে বাসটি খাদে পড়ে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। আহত চার জনকে পুলিশ উদ্ধার নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে। চালক ঘুমিয়ে পড়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে যাত্রীরা অভিযোগ করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন জানান, চালক পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।
দিনাজপুর : দিনাজপুর-ঢাকা মহাসড়কের ঘোড়াঘাটে ইনসাফ স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ তিন জন নিহত হয়েছেন।
এতে আহত কমপক্ষে ২৫ জন যাত্রী। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারের পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চালক মো. সুলতান (৪৫)। তিনি দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসিন্দা। বাসযাত্রী মো. আব্দুস সালাম (২২)। তিনি বিরল উপজেলার বাসিন্দা। বাকীদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
ঘোড়াঘাট থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. জাকারিয়া জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী ইনসাফ স্পেশাল (ঢাকা-মেট্রো-ব-১৪-১০২৮) পরিবহনের একটি নৈশ কোচ উপজেলার রাণীগঞ্জ বাজারের পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে নিন্ত্রয়ণ হারিয়ে রাস্তার পাশে বটগাছের সঙ্গে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলেই চালক মো. সুলতান ও যাত্রী মো. আব্দুস সালাম মারা যান। এ ঘটনায় আহত হন কমপক্ষে ২৫ জন যাত্রী। আহতদের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক যাত্রীর মৃত্যু হয়।
নাটোর : সিংড়ায় নিজের ট্রাকের চাপায় চালকসহ তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে সিংড়া পৌরসভার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পৌরসভার চাঁদপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে চালক শাহিন (৩০) ও তার দুই সহকারী বালুয়া-বাসুয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে শুভ (২৪) এবং সিংড়া উপজেলার কলম ইউনিয়নের পকম আলীর ছেলে ছোটন (২৪)।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, বৃহস্পতিবার ভোরে বগুড়া থেকে নাটোরগামী একটি ট্রাক সিংড়া পৌরসভার সামনে বিকল হয়ে যায়।
এ সময় চালক শাহিন ক্যারিয়ার দিয়ে ট্রাকটি মেরামত করছিলেন। হঠাৎ ক্যারিয়ার ভেঙে চালক শাহিন, শুভ ও ছোটন ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই শাহিন মারা যান। পরে শুভ ও ছোটনকে নাটোর সদর হাসপাতালে নেয়ার পথে তারাও মারা যান।
২৫ এপ্রিল ২০১৫। ভয়াবহ ভূকম্পনে কেঁপে উঠেছিল নেপাল। এর পর ছোট্ট দেশটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই।
এবার সেই তালিকায় নাম লেখালেন হংকংয়ের মার্শাল আর্ট স্পেশালিস্ট তথা কমেডি-অ্যাকশন হিরো জ্যাকি চ্যান। নেপালের রেড ক্রস সোসাইটি আয়োজিত একটি অনুষ্ঠানে জ্যাকি পাঁচ হাজার ‘রিলিফ কিট’ তুলে দেন সংস্থার হাতে। ভূমিকম্পে শারীরিক ভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থেই ওই কিটগুলো দিয়েছেন ‘রাশ আওয়ার’-এর অভিনেতা। কাঠমান্ডুর কাছেই ললিতপুর জেলা ঘুরেও দেখেন জ্যাকি। পরিশেষে তাকে এই কাজের সুযোগ করে দেওয়ার জন্য রেড ক্রসকে ধন্যবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ বৃহস্পতিবার।
এ উপলক্ষে ক্ষমতাসীন দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান শেখ হাসিনা। সেনা সমর্থিত ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হন বর্তমান প্রধানমন্ত্রী।
এ সময় কারাগারের অভ্যন্তরে শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়েন। তখন বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপোসহীন মনোভাব ও অনড় দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মু্ক্তি দিতে বাধ্য হয়।
শেখ হাসিনার কারামু্ক্তি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে যুবলীগ। এ দিন সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে।
এছাড়াও বিকেল ৩টায় মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
অন্যদিকে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে স্বেচ্ছাসেবক লীগ। এরপর এ সংগঠনের উদ্যোগে সকাল ১১টায় বঙ্গবন্ধু ভবনের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।