শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

কানে এসে ডাকোটা জানালেন নতুন অধ্যায়ের কথা

জমে উঠেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘কান চলচ্চিত্র উৎসব’। মঙ্গলবার (১৩ মে) কানের ৭৮তম আসর শুরু হয় ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভাল ভবনে। বিশ্বের নামিদামি সব তারকা পৌঁছে গেছেন কান সমুদ্রসৈকতে। সেখানে জমে উঠেছে সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলা।

‘ফিফটি শেডস’ দিয়ে বিশ্বজোড়া পরিচিতি পাওয়া আমেরিকান অভিনেত্রী ডাকোটা জনসনকে গতকাল কানের ফটোকলে দেখা গেল। তিনি হাজির হয়েছিলেন কালো লং টপে। উদ্দেশ্য, তাঁর অভিনীত ‘স্প্লিটসভেল’-এর প্রদর্শনীতে অংশ নেওয়া। গতকাল এটি উৎসবের স্পেশাল স্ক্রিনিং বিভাগে প্রদর্শিত হয়েছে।

তবে অভিনেত্রী হয়ে এলেও ভিন্ন আরেক খবর জানালেন ডাকোটা। পূর্ণদৈর্ঘ্য ছবি বানাতে চলেছেন তিনি। এর আগে শর্টফিল্ম বানিয়েছিলেন। কানে এসে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তিনি একটি চিত্রনাট্য নিয়ে এগোচ্ছেন।
যেটা লিখেছেন বিশেষ সুবিধাসম্পন্ন তরুণী ভেনেসা বুরঘাত।

ডাকোটা বলেন, ‘চিত্রনাট্যটি আমার কাছে বিশেষ। তাই চাচ্ছি না এটা অন্য কেউ নির্মাণ করুক।’
কানে নির্মাণের খবর দিলেন ডাকোটা
টেবিলের ওপর উঠে এভাবেই হাত মেলে উল্লাস করলেন সিরীয় অভিনেতা নাদের আব্দ আলায়

এছাড়া কানে গতকাল টেবিলের ওপর উঠে হাত মেলে উল্লাস করতে দেখা গেল সিরীয় অভিনেতা নাদের আব্দ আলায়কে। তাঁর অভিনীত ‘ওয়ান্স আপন আ টাইম ইন গাজা’ লড়ছে উৎসবের আঁ সার্তে রিগায়।
এটি বানিয়েছেন আরব নাসের ও তারজান নাসের। তাঁরাও এসেছেন উৎসবে।

মঙ্গলবার (১৩ মে) রাতে শুরু হয় কানের ৭৮তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো এ আয়োজনে নানা দেশের তারকারা অংশ নিয়েছেন। উৎসব চলবে ২৪ মে পর্যন্ত। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। এ ছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’— প্রতিটি বিভাগেই দেখা যাবে বিশ্বব্যাপী নানা দেশের চলচ্চিত্র।

১১ সপ্তাহ পর গাজায় ত্রাণ ঢুকল, জাতিসংঘ বলছে ‘সমুদ্রে এক বিন্দু জল’

ইসরায়েল ১১ সপ্তাহ পর গাজা উপত্যকায় জাতিসংঘের পাঁচটি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে, যাতে শিশু খাদ্যসহ জরুরি ত্রাণসামগ্রী রয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও একে বিশাল সাগরে এক বিন্দু পানির ফোঁটার সমান বলে জানিয়েছেন।

তিনি জানায়, ‘প্রয়োজনীয় ত্রাণের সাগরের এক বিন্দু পানি’।’ যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে বসবাসরত ২১ লাখ ফিলিস্তিনির জন্য তা যথেষ্ট নয় বলে সতর্ক করেছেন তিনি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র সিনেটের মিত্রদের চাপের মুখে ‘সামান্য’ পরিমাণ খাদ্য প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

মানবিক সহায়তা প্রধান বলেন, ‘আমরা দুর্ভিক্ষের মতো পরিস্থিতিতে যেতে পারি না—ব্যবহারিক ও কূটনৈতিক—দুই দিক থেকেই এটি অনুচিত।’ তবে তিনি জানিয়েছেন, এই খাদ্য সহায়তা সাময়িক, যতক্ষণ না ইসরায়েলি সেনাবাহিনী ও বেসরকারি সংস্থাগুলো যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি পরিকল্পনার আওতায় ত্রাণ বিতরণের কেন্দ্র স্থাপন করতে পারে। এই পরিকল্পনাটি জাতিসংঘ প্রত্যাখ্যান করেছে।

নেতানিয়াহু ঘোষণা করেছেন, গাজার সব এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে ইসরায়েলি বাহিনী। রবিবার থেকে তারা হামাসের বিরুদ্ধে নতুন বিস্তৃত স্থল অভিযানে নামার পর এই ঘোষণা দেওয়া হয়। এদিকে গতকাল সোমবার ইসরায়েলি বিমান হামলায় গাজাজুড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নুসেইরাত শরণার্থী শিবিরের একটি স্কুলে আশ্রয় নেওয়া পরিবারদের ওপর এক হামলায় অন্তত পাঁচজন নিহত হন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ওই এলাকায় হামাসের একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে।
তারা দক্ষিণ গাজার খান ইউনিস শহর ও তার পূর্ব উপশহর খালি করে দিতে বলেছে, কারণ সেখানে হামলা চালানো হবে বলে সতর্ক করা হয়েছে।

গত ২ মার্চ ইসরায়েল গাজায় সব ধরনের মানবিক ও বাণিজ্যিক সরবরাহ বন্ধ করে দেয় এবং দুই সপ্তাহ পর আবার সামরিক অভিযান শুরু করে। এতে দুই মাসের যুদ্ধবিরতি শেষ হয়। এই অভিযান এবং অবরোধের কারণে ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
জাতিসংঘ বলেছে, এতে খাদ্য, ওষুধ ও জ্বালানির চরম সংকট দেখা দিয়েছে।

হামাস-শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ১১ সপ্তাহে অপুষ্টিজনিত কারণে ৫৭ শিশু মারা গেছে। জাতিসংঘ সমর্থিত সংস্থা আইপিসি জানিয়েছে, প্রায় ৫ লাখ মানুষ ক্ষুধামারিতে পড়ার ঝুঁকিতে রয়েছেন।

জাতিসংঘ বলেছে, আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে ইসরায়েলের দায়িত্ব গাজার জনসাধারণের জন্য খাদ্য ও চিকিৎসা সরবরাহ নিশ্চিত করা। তবে ইসরায়েল দাবি করছে, যুদ্ধবিরতির সময় হাজার হাজার ট্রাক ত্রাণ প্রবেশ করেছিল এবং হামাস সেগুলো লুট করেছে। হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।

মিত্রদের চাপের মুখে রবিবার রাতে নেতানিয়াহুর কার্যালয় ঘোষণা দেয়, ‘জনগণের জন্য একেবারে মৌলিক খাদ্যসামগ্রী প্রবেশের অনুমতি দেওয়া হবে যাতে দুর্ভিক্ষের পরিস্থিতি না হয়।’ তবে এই সিদ্ধান্তে ডানপন্থী নেতারা ক্ষুব্ধ হয়েছেন।
নেতানিয়াহু বলেছেন, মানবিক নয়, বরং কৌশলগত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘দুর্ভিক্ষ যাতে না হয়, কেবল সে কারণেই আমরা এই সামান্য সহায়তা দিচ্ছি।’

তিনি আরো জানান, নতুন একটি ত্রাণ বিতরণ পদ্ধতি গ্রহণ করা হয়েছে, যেখানে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন নামের একটি সংস্থা ত্রাণ বিতরণ করবে, যা আইডিএফ এবং নিরাপত্তা কম্পানির সহায়তায় পরিচালিত হবে। তিনি বলেন, ‘আমরা যদি দুর্ভিক্ষের ছবি দেখাই, তাহলে তা আমাদের কৌশলগত পরাজয় হয়ে উঠবে।’

ইসরায়েলের আরেক মন্ত্রী বেজালেল স্মোত্রিচ বলেন, এই সামরিক অভিযান মূলত ফিলিস্তিনিদের গাজার দক্ষিণে ঠেলে দেওয়া এবং সেখান থেকে ঈশ্বরের ইচ্ছায় তৃতীয় দেশে পাঠানোর জন্য পরিকল্পিত।

যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার নেতারা এই সহায়তা উদ্যোগকের সমালোচনা করেছেন। তারা হুঁশিয়ার করে বলেছেন, ইসরায়েল যদি সহিংসতা না থামায় এবং মানবিক সহায়তার ওপর নিষেধাজ্ঞা না তুলে নেয়, তাহলে তারা আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। নেতানিয়াহু এর জবাবে বলেন, এভাবে সমর্থন বন্ধ করে তারা ৭ অক্টোবরের হামলার জন্য ‘পুরস্কার’ দিচ্ছে।

সোমবার সন্ধ্যায় ইসরায়েলের সামরিক সংস্থা সিওজিএটি জানিয়েছে, আইডিএফ কর্মকর্তাদের সুপারিশে এবং রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী পাঁচটি জাতিসংঘের ট্রাক গাজায় প্রবেশ করেছে। জাতিসংঘের মানবিক প্রধান টম ফ্লেচার ইসরায়েলের এই পদক্ষেপকে স্বাগত জানালেও এটি প্রয়োজনের তুলনায় এক ফোঁটা মাত্র বলে অভিহিত করেছেন। আরো বেশি ত্রাণ প্রবেশের জন্য অনুমতি দেওয়ার আহবান জানান তিনি।

ইসরায়েল জানিয়েছে, আগামী দিনে আরো অনেক ত্রাণ ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের প্রধান হোসে আন্দ্রেস বলেছেন, ‘এই পরিকল্পনা বাস্তবায়ন হতে সপ্তাহ লাগবে। ততদিনে মানুষ না খেয়ে থাকবে।’

জাতিসংঘ ও অন্যান্য সংস্থা জানিয়েছে, তারা ইতিমধ্যেই ৮ হাজার ৯০০ ট্রাক ত্রাণ প্রস্তুত রেখেছে এবং একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও কার্যকর পদ্ধতি রয়েছে ত্রাণ বিতরণের জন্য। তারা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিকল্প পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে।

তারা সতর্ক করেছে, নতুন পরিকল্পনায় চলাফেরায় অক্ষম, বৃদ্ধ ও প্রতিবন্ধীরা বাদ পড়বে, আরো বাস্তুচ্যুতি ঘটবে এবং সহায়তা প্রদান রাজনৈতিক শর্তসাপেক্ষ হয়ে উঠবে—যা বৈশ্বিকভাবে মানবিক নীতির পরিপন্থী।

খান ইউনিসের পশ্চিমের উপকূলীয় এলাকা আল-মাওয়াসিতে এক বাস্তুচ্যুত ফিলিস্তিনি আবদ আল-ফাতাহ হুসেইন বলেছেন, তার পরিবার বর্তমানে দিনে এক বেলা খাবার পাচ্ছে। তিনি বলেন, ‘খাদ্য, ওষুধ ও অন্যান্য সামগ্রী পাওয়া খুব কঠিন হয়ে গেছে—প্রায় অসম্ভব। যদি পাওয়া যায়ও, দামে তা অতিরিক্ত চড়া।’

গাজাভিত্তিক দাতব্য সংস্থা ‘শাবাব গাজা’র প্রধান মোহাম্মদ আবু রিজলাহ বলেছেন, তারা সোমবার মাত্র ২ হাজার ৫০০ খাবার বিতরণ করতে পেরেছে, যা স্বাভাবিকের চেয়ে অনেক কম।

নেতানিয়াহু বলেন, ইসরায়েলি বাহিনী গাজায় ‘ব্যাপক লড়াই’ চালাচ্ছে এবং অগ্রগতি করছে। তিনি বলেন, ‘আমরা গাজার সব এলাকা নিয়ন্ত্রণে নেব, এটাই আমাদের লক্ষ্য।’

তিনি আরো বলেন, এই অভিযানের মূল উদ্দেশ্য হামাসকে পরাজিত করা এবং এখনো জীবিত থাকা ২৩ জনসহ ৫৮ জন বন্দিকে মুক্ত করা। আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি দেফরিন জানান, পাঁচটি ডিভিশন এই অভিযানে অংশ নিচ্ছে এবং অঞ্চল ভাগ করে জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে।

ইসরায়েল ও হামাসের মধ্যস্থতাকারীরা কাতারে থাকলেও যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির বিষয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি বলে উভয়পক্ষ জানিয়েছে। ইসরায়েল এই সামরিক অভিযান শুরু করে ৭ অক্টোবর ২০২৩ সালে হামাসের এক আকস্মিক আক্রমণের পর, যাতে ১ হাজার ২০০ মানুষ নিহত হয় এবং ২৫১ জনকে বন্দি করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এরপর থেকে অন্তত ৫৩ হাজার ৪৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৩ হাজার ৩৪০ জন নিহত হয়েছেন সর্বশেষ সামরিক অভিযানে।

সূত্র : বিবিসি

পাকিস্তানে ‘ভারতীয় প্রক্সি’ সংগঠনের ১২ সন্ত্রাসী নিহত : আইএসপিআর

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর দাবি করেছে, খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও বেলুচিস্তানে পৃথক অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ সংগঠনের ১২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এই অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর দুই সদস্যও নিহত হয়েছেন।

রবিবার ও শনিবার বহিষ্কৃত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও প্রসক্রিপ্টেড বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ)-এর বিরুদ্ধে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। খবর ডনের।

খবরে বলা হয়, এই অভিযানের মধ্যে লাক্কি মারওয়াত জেলায় প্রথম অভিযানে সেনারা পাঁচজন ‘ভারতীয় মদদপুষ্ট’ সন্ত্রাসীকে হত্যা করে। বান্নু জেলায় দ্বিতীয় অভিযানে আরো দুইজন ‘ভারতীয় মদদপুষ্ট’ সন্ত্রাসীকে সফলভাবে নির্মূল করা হয়। আরেকটি ঘটনার সময়, উত্তর ওয়াজিরিস্তান জেলার মির আলি এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি বহর সন্ত্রাসীদের হামলার শিকার হয়। সেনারা পাল্টা জবাব দিয়ে আরো দুইজন সন্ত্রাসীকে হত্যা করে।

তবে এই সংঘর্ষে সৈনিক ফারহাদ আলি তুরি (বয়স ২৯, কুররাম জেলা) ও ল্যান্স নায়েক সাবির আফ্রিদি (বয়স ৩২, কোহাট জেলা) নিহত হন।

আইএসপিআর জানিয়েছে, ঘটনাস্থলগুলোতে এখনো অভিযান চলছে, যাতে আরো সন্ত্রাসী লুকিয়ে থাকলে তাদের খুঁজে বের করে ধ্বংস করা যায়।

এক বিবৃতিতে আইএসপিআর দাবি করেছে, পাকিস্তানে ভারতের সহায়তা ও নির্দেশনায় সন্ত্রাসবাদ চালানো হচ্ছে। কিন্তু আমাদের সাহসী সেনাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্প আরো দৃঢ় করে তুলছে।
আমরা এই হুমকি সম্পূর্ণ নির্মূল করব।

আইএসপিআর আরো জানায়, ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। নিহতরা আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কার্যক্রম ও নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল।

সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫১ হাজার ২৮৭ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ১৩০টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা। ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৫টি, সৌদি এয়ারলাইন্সের ৪৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে সৌদি যান তারা।

মঙ্গলবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

এদিকে হজে গিয়ে এখন পর্যন্ত ৯ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন বলে হেল্প ডেস্ক জানিয়েছে। তাদের মধ্যে ৮ পুরুষ ও একজন নারী। তারা হলেন- জামালপুর বকশীগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২), চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অহিদুর রহমান (৭২), গাজীপুর সদরের জয়নাল হোসেন (৬০) ও চাঁদপুর মতলবের আব্দুল হান্নান মোল্লা (৬৩)।

গত ২৯ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ দিন ৩৯৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ৩১ মে শেষ হবে এই ফ্লাইট পরিচালনা। ১০ জুন থেকে পুনরায় হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে।
শেষ হবে ১০ জুলাই।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনা হজ করতে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৭০টি। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

বাংলাদেশ সফরে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী

চলতি বছরের আগস্টে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সফরে বৈধপথে কর্মী নিয়োগ ও অর্থনৈতিক উন্নয়নসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে আলোচনা হতে পারে।

সোমবার (১৯ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, উভয়দেশ এই সফর চূড়ান্ত করতে উচ্চপর্যায়ে আলোচনা করছে। এই সফরকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

চলতি মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি ঢাকায় তার সফরকালে সম্ভাব্য এই সফরের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সেপ্টেম্বরের আগে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বাংলাদেশ সফর করতে পারেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব ‘নবায়ন’ ও ‘পুনরায় চালু’ করতে রোমের ইচ্ছার কথাও জানিয়েছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

গত বছরের সেপ্টেম্বরে ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ওই সময় মেলোনি বাংলাদেশের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের ওপর বিশেষভাবে জোর দিয়ে চলমান সংস্কার উদ্যোগের প্রতি ইতালির সমর্থন পুনর্ব্যক্ত করেন।

ক্লাব বিশ্বকাপ খেলতে ব্রাজিলের ক্লাবে যোগ দেবেন রোনালদো!

আল নাসরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর নতুন চুক্তি সময়ের ব্যাপারই মনে হচ্ছিল। সৌদি ক্লাবটিতেই ক্যারিয়ারের ইতি টানার সম্ভাবনার কথা বেশ কয়েকবার জানিয়েছিলেন এই পর্তুগিজ। কিন্তু তিন মৌসুমেও ক্লাবটির হয়ে সাফল্যের দেখা না পাওয়াতেই কি তবে ধৈর্যচ্যুতি ঘটল পর্তুগিজ মহাতারকার? আল নাসরের সঙ্গে নতুন চুক্তির আলোচনা স্থগিতের পর থেকেই গুঞ্জন জোরাল হয়েছে ক্লাব ছাড়ার। রোনালদোর ক্লাব ছাড়ার সেই গুঞ্জন এবার নতুন করে ডালপালা মেলেছে।

আল নাসরের জার্সিতে রোনালদো গোলের পর গোল করে চলেছেন। চলতি মৌসুমে সৌদি লিগে তার চেয়ে বেশি গোল করতে পারেননি কেউই। গত মৌসুমেও তিনিই জিতেছেন লিগের গোল্ডেন বুট। কিন্তু একবারও শিরোপা হতে তুলতে পারেননি তিনি। গতবার আল হিলাল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। এবার এরই মধ্যে শিরোপা নিশ্চিত করেছে করিম বেনজেমার আল ইত্তিহাদ। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগেও সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে আল নাসর।

এই মৌসুমে ৩২ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রোনালদোর দল। ম্যাচ বাকি আর মাত্র দুটি। আগামী মৌসুমে যে চ্যাম্পিয়ন্স লিগে আল নাসরের জায়গা হচ্ছে না নিশ্চিত হয়ে গেছে তা। নেই আসন্ন ক্লাব বিশ্বকাপেও। ফলে যা হওয়ার তাই হয়েছে। আল নাসরে হতাশা চেপে বসেছে রোনালদোর ওপর।

আগামী ৩০ জুন আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে রোনালদোর। ৪০ বছর বয়সী পর্তুগিজ তারকাকে ফের লোভনীয় চুক্তির প্রস্তাব দিয়ে রেখেছে ক্লাবটি। রোনালদোও প্রাথমিকভাবে সম্মত হয়েছিলেন। কিন্তু গণমাধ্যমের খবর, সেই চুক্তির আলোচনা আপাতত স্থগিত রেখেছেন তিনি। নতুন গুঞ্জন হচ্ছে, আল নাসর তো বটেই, সৌদি আরবই ছাড়ছেন রোনালদো।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি, ব্রাজিলের একটি ক্লাবের প্রস্তাব পেয়েছেন রোনালদো। আসন্ন ফিফার ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগকে ‘টোপ’ হিসেবে কাজে লাগিয়ে পর্তুগিজ মহাতারকাকে দলে টানতে চায় সেই ক্লাবটি। তবে ক্লাবটির নাম প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি।

এবারের ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের মোট চারটি দল অংশ নেয়ার সুযোগ পাচ্ছে। ক্লাবগুলো হলো–বোতাফাগো, ফ্লামেঙ্গো, ফ্লুমিনেন্স এবং পালমেইরাস। মার্কার দাবি সত্য হলে এই চারটি ক্লাবের যেকোনো একটির থেকে প্রস্তাব পেয়েছেন তিনি।

তবে, আগামী ১৩ জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে রোনালদোর অংশ নেয়ার সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। প্রথমত, রোনালদোর সঙ্গে আল নাসরের চুক্তি আছে ৩০ জুন পর্যন্ত। অন্যদিকে ২৭ জুনই ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলাগুলো শেষ হবে। সেই হিসেবে ফ্রি ট্রান্সফারে ব্রাজিলের ক্লাবে যোগ দিলে এই পর্তুগিজ শুধু তখনই এই বিশ্বকাপে খেলার সুযোগ পাবে, যদি তার দল গ্রুপ পর্ব পার হতে পারে। এছাড়া রোনালদোর উচ্চ পারিশ্রমিক দেয়ার মতো ক্ষমতাও এই ক্লাবগুলোর নেই। সে ক্ষেত্রে বিশ্বকাপে খেলতে চাইলে বড় অঙ্কের আর্থিক ক্ষতি করেই ক্লাব বদলাতে হবে এই ৪০ বছর বয়সীকে।

রোনালদোর ব্রাজিলের ক্লাবে যোগ দেয়ার গুঞ্জনে বোতাফাগোর কোচ রেনাতো পাইভা বলেন, ‘বড়দিন ডিসেম্বরে আসবে…কিন্তু যদি সে আসে, তার মতো তারকাকে কেউ ‘না’ বলতে পারবে না। আমি এ ব্যাপারে কিছু জানি না। আমি শুধু এই প্রশ্নের উত্তর দিতে পারি। তবে আমি যেটা বলি, কোচ সবসময় সেরাটা চায়। রোনালদো এমনকি এই বয়সেও একজন গোলমেশিন। এমন একটা দল, যারা সুযোগের পর সুযোগ তৈরি করতে পারে, তাদের জন্য সে ভালো পছন্দ হতে পারে।’

আনচেলত্তির প্রথম ব্রাজিল দল হবে চমকে ঠাঁসা

আনুষ্ঠানিকভাবে এখনও ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেননি কার্লো আনচেলত্তি। আগামী ২৪ মে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের লিগের শেষ ম্যাচের পর ব্রাজিলে যাবেন এই ইতালিয়ান কোচ। তবে এরই মধ্যে নতুন দল নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন তিনি। জুনে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ সামনে রেখে দল গোছাচ্ছেন আনচেলত্তি।

দীর্ঘ ২৪ বছরের খরা ঘুচিয়ে হেক্সা মিশনকে সফলতা দেখাতে ঐতিহ্য ভেঙে কার্লো আনচেলত্তিকে কোচ বানিয়েছে ব্রাজিল। ছয় দশকের বেশি সময়ের মধ্যে তিনিই ব্রাজিলের প্রথম বিদেশি কোচ। কিংবদন্তি এই ইতালিয়ান কোচের প্রথম অ্যাসাইনমেন্ট জুনে বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে দুটি ম্যাচ। সেই দুই ম্যাচের জন্য দল অনেকটাই ঠিক করে ফেলেছেন ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান।

ইনজুরির কারণে ১৬ এপ্রিলের পর আর সান্তোসের হয়ে মাঠে নামতে না পারা নেইমারকে নিয়েই নাকি বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। এমন খবরই জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্তে। সান্তোসের প্রথম একাদশের হয়ে অ্যাতলেটিকো মিনেইরোর বিপক্ষে প্রথমবার খেলতে নেমেই নতুন ইনজুরিতে পড়ার পর আর মাঠে নামতে পারেননি নেইমার। ঝুঁকি নিয়েই তাকে স্কোয়াডে রাখার কথা ভাবছেন আনচেলত্তি।

আনুষ্ঠানিকভাবে একাদশ ঘোষণা না হলেও গ্লোবো জানিয়েছে, আনচেলত্তির প্রথম দলে ফ্লামেঙ্গোর ৬ ফুটবলার জায়গা পাচ্ছেন। তারা হলেন–দানিলো, ওয়েসলি, লিও আর্টিজ, অ্যালেক্স সান্দ্রো, গেরসন ও পেদ্রো। এছাড়া ক্রুজেইরোর ফ্যাব্রিসিও ব্রুনো ও করিন্থিয়াসের গোলরক্ষক হুগো সৌজাও দলে থাকতে পারেন। তবে বড় চমক হতে পারেন অস্কার। চীনের ঘরোয়া ফুটবলে নাম লেখানোয় ২০১৬ সালের পর আর জাতীয় দলে দেখা যায়নি এই মিডফিল্ডারকে। চলতি মৌসুমে ব্রাজিলের ক্লাব সাও পাওলোতে যোগ দেয়া অস্কারকেও জাতীয় দলে ডাকছেন আনচেলত্তি।

দলে চমক থাকতে পারে আরও। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেতে পারেন ডাচ ক্লাব ফেইনুর্দের হয়ে এই মৌসুমে আলো ছড়ানো ফরোয়ার্ড ইগর পাইজাও। চলতি মৌসুমে ১৮ গোল ও ১৪ অ্যাসিস্ট করে তার ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এই ২৪ বছর বয়সী। তার পুরস্কার হিসেবে জাতীয় দলে অভিষেক হতে পারে পাইজাওয়ের।

প্রাথমিক দলে প্রায় ৫০জন ফুটবলারকে ডাকতে পারেন আনচেলত্তি। তাদের নিয়েই আগামী ২ জুন প্রথমবার অনুশীলন করবেন তিনি। সেখান থেকেই চূড়ান্ত দল বেছে নেবেন। নিয়মিত খেলোয়াড়দের মধ্যে রিয়ালে তার শিষ্য ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, সাবেক শিষ্য ক্যাসেমিরো, বার্সেলোনার তারকা রাফিনিয়ারও নিশ্চিতভাবে ডাক পাওয়ার কথা।

আগামী ৬ জুন এস্তাদিও মনুমেন্টাল বাঙ্কো পিচিঙ্কায় ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১১ জুন করিন্থিয়াস অ্যারেনায় প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিকরা।

জয়শঙ্করের মতো পররাষ্ট্রমন্ত্রী ভারতের নিরাপত্তার জন্য হুমকি: রাহুল

‘অপারেশন সিন্দুর’ ইস্যুতে তোপের মুখে পড়েছে মোদি সরকার। জয়শঙ্করের মতো একজন পররাষ্ট্রমন্ত্রী ভারতের নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে আবারও প্রশ্নবাণে বিদ্ধ করলেন রাহুল গান্ধী। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে, পাকিস্তানকে আগে থেকে জানানোয় (অভিযানের খবর) ভারত কয়টি যুদ্ধবিমান হারিয়েছে সেই জবাব চান তিনি।

একে ‘অপরাধ’ আখ্যা দিয়ে রাহুল বলেন, জয়শঙ্করের নীরবতাই প্রমাণ করে তার মতো একজন পররাষ্ট্রমন্ত্রী দেশের জন্য কতটা ভয়ংকর।

যদিও এমন অভিযোগ নাকচ করে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে, পানি ইস্যুতে সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিয়েছে পাকিস্তান। দেশটির আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যেন পাকিস্তানের ২৪ কোটি মানুষের জন্য পানি বন্ধ করার সাহস না করে। এমন কিছু হলে বিশ্ব তার ‘ভয়ংকর পরিণতি’ দেখবে এবং সেই যুদ্ধ বছরের পর বছর চলবে।

চলমান উত্তেজনার মধ্যেই চীন সফরে গেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে তিনদিনের এই সফরে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা হবে বলে জানা গেছে।

এর আগে কাশ্মীরে হামলা ও অপারেশন সিন্দুরের পরবর্তী প্রতিক্রিয়ায় চীন প্রকাশ্যে পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়ে দুই দেশের ‘আয়রন ব্রাদারহুড’ সম্পর্ক পুনর্ব্যক্ত করে।

এদিকে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ নিয়ে অমৃতসরের গোল্ডেন টেম্পলে প্রদর্শনী আয়োজন করেছে ভারতীয় সেনাবাহিনী। ৮ মে পাকিস্তান থেকে ছোড়া একাধিক চীনা ও তুর্কি ড্রোন, এ-১০০ রকেট ও পিএল-১৫ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করে ভারত।

সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৯ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, মোহাম্মদ আলী মিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানের জন্যে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।

মোহাম্মদ আলী মিয়ার বিষয়ে বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি দেশত্যাগ করার চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অভিযোগে উল্লেখিত বিভিন্ন দুর্নীতির রেকর্ডপত্র এবং সম্পদ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিধায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয়া একান্ত প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

কুয়েতের ভিসা নিয়ে সুখবর দিলেন উপদেষ্টা আসিফ

সোমবার (১৯ মে) ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি ভিসা প্রক্রিয়া নিয়ে সতর্ক করার পাশাপাশি বিশেষ অনুমতি ছাড়াই বাংলাদেশিরা কুয়েতের ভিসা সুবিধা পাচ্ছেন বলেও জানান তিনি।

উপদেষ্টা আসিফ পোস্টে লিখেছেন, ‘বিশেষ অনুমতি ছাড়াই কুয়েতের ভিসা সুবিধা পাচ্ছেন বাংলাদেশিরা। সম্প্রতি এমনটি জানিয়েছেন দেশটিতে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।’

উপদেষ্টা বলেন, ‘গেল এক সপ্তাহ ধরে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হলেও বাংলাদেশিরা ভিসা পাচ্ছেন বিশেষ অনুমতি ছাড়াই। ভিসা নিয়ে প্রতারণা না করার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেছেন রাষ্ট্রদূত।’

উপদেষ্টা আসিফ অপর এক পোস্টে বলেন, ‘তফসিলি ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা বিক্রির সময় বিভিন্ন হারে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি ও চার্জ এবং অতিরিক্ত সার্ভিস ফি বা কমিশন নিচ্ছে। অতিরিক্ত ফি আদায় করায় ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা কিনতে নিরুৎসাহিত হন গ্রাহকরা। এ কারণে বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা কিনতে উৎসাহিত করতে প্রথমবারের মতো পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নির্দিষ্ট করে দেয়া হয়েছে।’

উপদেষ্টা বলেন, ‘পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বাবদ গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা আদায় করতে পারবে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংক গতকাল এই ফি নির্ধারণ করে দিয়েছে। এর বাইরে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বাবদ বাড়তি কোনো অর্থ আদায় করা যাবে না।’