শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

প্রিমিয়ার লিগের মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন সালাহ

প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ। অল রেডদের শিরোপা জেতানোর পথে দারুণ ভূমিকাও ছিল এই ফুটবলারের। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও অবশ্য পেয়েছেন এই স্ট্রাইকার। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

২০২৪-২৫ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের খেলা এখনো বাকি। তবে তার আগে শনিবার (২৪ মে) প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের নাম জানিয়ে দিলো ইপিএল কর্তৃপক্ষ।

লিভারপুলের শিরোপা পুনরুদ্ধারের সালাহ ছিলেন অপ্রতিরোধ্য। আর যে পারফর্ম তিনি করেছেন, তাতে তার সেরার স্বীকৃতি পাওয়াটা একরকম প্রত্যাশিতই ছিল।

ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি হিসেবে এই মৌসুমের শুরুতে লিভারপুলের ডাগ আউটে যোগ দেন ডাচ কোচ আর্না স্লট। তার হাত ধরে মৌসুমের শুরু থেকে দারুণ ছন্দে ছিলো দলটি। শেষ পর্যন্ত চার ম্যাচ হাতে রেখে লিগের শিরোপা জয় নিশ্চিত করে লিভারপুল।

এ মৌসুমে লিভারপুলের হয়ে নিয়মিত গোল করেছেন সালাহ, সেইসঙ্গে অ্যাসিস্টও করেছেন। এখন পর্যন্ত ২৮ গোল করে আসরের সর্বোচ্চ স্কোরার এই মিশরীয়। অ্যাসিস্ট করেছেন ১৮টি, এ তালিকায়ও সবার ওপরে আছেন তিনি।

গোল্ডেন বুটের লড়াইয়েও সবচেয়ে এগিয়ে আছেন মোহামেদ সালাহ। এখন পর্যন্ত গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নিউক্যাসল ইউনাইটেডের আলেকসান্দার ইসাকের চেয়ে পাঁচটি গোল বেশি নিয়ে শীর্ষে আছেন লিভারপুলের এই ফুটবলার।

রোববার (২৫ মে) শেষ রাউন্ডে চরম নাটকীয় কোনো কিছু যদি না ঘটে, তাহলে সবচেয়ে বেশি চারবার গোল্ডেন বুট জয়ী আর্সেনালের সাবেক তারকা থিয়েরি অঁরিকে স্পর্শ করবেন সালাহ।

এরই মধ্যে ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগে এক আসরে সবচেয়ে বেশি গোলে সম্পৃক্ত (গোল ও অ্যাসিস্ট) থাকার রেকর্ড গড়েছেন সালাহ। এখানে অঁরি এবং আর্লিং হলান্ডের যৌথ রেকর্ড (৪৪টি) ছাড়িয়ে গেছেন তিনি।

শেষ রাউন্ডে একটি গোল বা অ্যাসিস্ট করতে পারলে, ৪২ ম্যাচের আসরে দুই গ্রেট অ্যান্ড্রু কোল ও অ্যালান শিয়েরার সর্বোচ্চ ৪৭টি গোলে সম্পৃক্ত থাকার যৌথ রেকর্ডও স্পর্শ করবেন লিভারপুলের এই মিশরীয় তারকা। ঘরের মাঠে রোববার (২৫ মে) শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে লিভারপুল।

মেহজাবীন বললেন, বিয়ের পর আমার ভাগ্য খুলে গেছে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। তাছাড়া যুক্তরাজ্যের ৩৩তম রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর মনোনয়নও পেয়েছেন তিনি। বিয়ের পর এত এত সুখবর পেয়ে মেহজাবীন বেশ আনন্দিত।

দীর্ঘ সম্পর্কের পর নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করেছেন মেহজাবীন। বিয়ের পর দারুণ সময় পার করছেন অভিনেত্রী।

তার ‘প্রিয় মালতী’ দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসা কুড়িয়েছে। গেল ডিসেম্বরে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির পুরস্কার জিতে নেয় ‘প্রিয় মালতী’। এরপর লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে দর্শক পুরস্কার অর্জন করেছে এই ছবি।

এসব কিছুর পরে সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪–এর সেরা চলচ্চিত্রের (পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র/চলচ্চিত্র) পুরস্কার পায় ‘প্রিয় মালতী’। শুধু তাই নয়, সমালোচক ও তারকা জরিপ—দুই বিভাগেই ‘প্রিয় মালতী’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

এদিন মঞ্চে উঠে জোড়া পুরস্কার হাতে পেয়ে স্বামীকে মিস করেছেন অভিনেত্রী। কারণ; নির্মাতা আদনান আল রাজীব বর্তমানে নিজের সিনেমা ‘আলী’র প্রদর্শনী নিয়ে এই ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে রয়েছেন।

স্বামীকে মিস করলেও পুরস্কার হাতে নিয়ে মেহজাবীন জানালেন, বিয়ের পর তার ভাগ্য খুলে গেছে। অভিনেত্রী বললেন, ‘আমার মনে হয় বিয়ের পর আমার ভাগ্য খুলে গেছে।’

এর আগে যুক্তরাজ্যের ৩৩তম রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়ে সংবাদ মাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত যে আমাকে আন্তর্জাতিক অনেক প্রতিভাবান শিল্পীদের সঙ্গে একই তালিকায় মনোনয়ন দেয়া হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে এটা আমার জন্য বড় অর্জন। আমি চাই আরও ভালো কাজ করতে, আরও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে।’

একসঙ্গে আসছেন শাকিব-জয়া

দীর্ঘ ৯ বছর পর আবারও একসঙ্গে সিনেমার রুপালি পর্দার স্কিন একসঙ্গে শেয়ার করছেন দুই বাংলার জনপ্রিয় তারকা শাকিব খান ও জয়া আহসান। রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমায় দেখা যাবে এ দুই সেলিব্রেটিকে।

সর্বপ্রথম ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ সিনেমায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন শাকিব ও জয়া। এর ৩ বছর পর ২০১৬ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি টু’-তে অভিনয় করেন এ জুটি। এর দীর্ঘ ৯ বছর পর এবার এ জুটি দর্শকদের জন্য নিয়ে আসছে কোরবানি ঈদের নতুন সিনেমা ‘তাণ্ডব’।

ইতিমধ্যে নেটদুনিয়ায় প্রকাশ পেয়েছে নতুন এ সিনেমার ট্রেলার ও পোস্টার। যা নজর কেড়েছে সিনেপ্রেমীদের। আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি অপেক্ষায় রয়েছে সিনেমাটি।

এ সিনেমার কাহিনি এগিয়ে গেছে একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ। নির্মাতা রায়হান রাফির এ গল্পে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে ও আদনান আদিব খান।

সিনেমায় প্রধান চরিত্র গ্যাংস্টারের অভিনয় করেছেন শাকিব খান। আর পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। ৪০ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে রয়েছেন অভিনেতা শরিফুল রাজকে।

সালমানের বাসায় ঢুকতে পারবেন না তারকারাও, লাগবে বিশেষ অনুমতি

বলিউড ভাইজান সালমান খানের ওপর প্রাণনাশের হুমকি গত বছর থেকে দেখা যাচ্ছে। গত বছর এপ্রিলে সালমান খানের অ্যাপার্টমেন্টের জানালা লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এর পেছনে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হাত ছিল বলে প্রমাণ পায় পুলিশ। এরপর নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয় অভিনেতার।

সম্প্রতি নিরাপত্তা বলয় টপকে সালমান খানের বাংলোয় দুই বহিরাগতের প্রবেশ নিয়ে আবারও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আর সেই প্রেক্ষিতেই এবার ভাইজানের বাসায় আরও কড়া নিরাপত্তায় মুড়ে ফেলল মুম্বাই পুলিশ।

গত সোমবার এবং মঙ্গলবার পর পর দুইদিন সালমান খানের বাড়িতে ঢোকার চেষ্টা করেন দুই অনুপ্রবেশকারী। প্রথম ঘটনা গত সোমবারের। সেদিন এক নারী ভক্ত কাকভোরে ভাইজানের বাড়িতে ঢুকে পড়েন। ৩২ বছরের সেই নারীর নাম ইশা ছাবড়া। লিফটের সামনে দাঁড়াতেই নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে ধরেন।

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ বিষয়ে আলোচনা

জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব (নির্বাচন, সংস্কার ও বিচার) বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শের-ই-বাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি-দাওয়া, উদ্দেশ্যপ্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে।

দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে।

বিবৃতিতে বলা হয়, শত বাধার মাঝেও গোষ্ঠীস্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার ওপর দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

এতে আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে। কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

ইসরাইলি হামলায় চিকিৎসকের ১০ সন্তানের নয়জন নিহত

গাজায় একজন চিকিৎসকের বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে ওই ডাক্তারের ১০ জন সন্তানের মধ্যে নয়জনই নিহত হয়েছে। খান ইউনিস শহরের নাসের হাসপাতাল এ তথ্য জানিয়েছে।

শনিবার (২৪ মে) বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

হাসপাতালটি জানায়, এই হামলায় চিকিৎসক আলা আল-নাজ্জারের এক সন্তান এবং তার স্বামী আহত হয়েছেন, কিন্তু বেঁচে গেছেন। হাসপাতালে কর্মরত ব্রিটিশ সার্জন গ্রেইম গ্রুম বলেছেন, তিনি আল- নাজ্জারের বেঁচে যাওয়া ১১ বছর বয়সী ছেলেটির অস্ত্রোপচার করেছেন।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালকের শেয়ার করা এবং বিবিসির যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে, শুক্রবার খান ইউনিসে হামলার ধ্বংসস্তূপ থেকে ছোট ছোট পোড়া মৃতদেহ তোলা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ডাক্তার মুনির আলবোর্শ সামাজিকমাধ্যম এক্স-এ বলেছেন, ডাক্তার আল-নাজ্জারের স্বামী হামদি তার স্ত্রীকে কাজে নিয়ে বাড়ি ফেরার কয়েক মিনিট পরেই তাদের বাড়িতে হামলা চালায় ইসরাইল।

এতে আল-নাজ্জারের স্বামী গুরুতর আহত হয়েছেন বলে জানান আলবোর্শ।

আলবোর্শ এটিকে ডাক্তার আল-নাজ্জারের জন্য একটি ‘অকল্পনীয়’ পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন।

হাসপাতালটি প্রথমে ফেসবুকে আট শিশুর মৃত্যুর খবর পোস্ট করেছিল, তারপর দুই ঘন্টা পরে সেই সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়ায়। আল-নাজ্জারের সবচেয়ে বড় সন্তানের বয়স ১২ বছর।

এদিকে, হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শুক্রবার ইসরাইলি বিমান হামলায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। শনিবার এ পর্যন্ত কমপক্ষে আরও ছয়জন নিহত হন।

একনেকে ১১ হাজার ৮৫১ কোটি টাকার ৯ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯টি প্রকল্পের প্রায় ১১ হাজার ৮৫১ কোটি ২৯ লাখ টাকার অনুমোদন করা হয়েছে।

শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯টি প্রকল্পের প্রায় ১১ হাজার ৮৫১ কোটি ২৯ লাখ টাকার অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সরকারের অর্থায়ন ৮ হাজার ৪৬ কোটি ৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৯৮৮ কোটি ৯৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৮১৬ কোটি ২৫ লাখ টাকা।

এনইসি সম্মেলন কক্ষে বেলা ১১টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়। দুপুর সোয়া ১২টার দিকে একনেক সভা শেষ হয়। বৈঠকে দশটি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

বৈঠকের কথা নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

আকাশসীমা বন্ধের মেয়াদ আরও ১ মাস বাড়াল ভারত-পাকিস্তান

ভারত ও পাকিস্তান একে অপরের বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে। গত শুক্রবার (২৩ মে) প্রতিবেশী দেশ দুটির সরকার পাল্টাপাল্টি পদক্ষেপ নেয়। খবর চায়না ডেইলির।

গত মাসে (২২ এপ্রিল) ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে ২৬ পর্যটক নিহত হয়। এ ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করে। ফলে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়।

ভারত ২৩ এপ্রিল একতরফাভাবে এক মাসের জন্য পাকিস্তানের বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয়। পরদিন পাকিস্তানও পাল্টা ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে। ভারত ও পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধবিরতি চলছে যা চারদিনের তীব্র সংঘাতের পর গত ১০ মে কার্যকর হয়।

পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও গত সপ্তাহে পাকিস্তান জানায়, তারা ভারতের বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধের সময় আরও এক মাসের জন্য বাড়াবে যা চলতি সপ্তাহ থেকে কার্যকর হবে। এরপর গত শুক্রবার পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি (পিসিএএ) ঘোষণা করে, সরকার সমস্ত ভারতীয় ফ্লাইটের উপর আকাশসীমা বন্ধের মেয়াদ এক মাস বাড়িয়েছে।

আকাশসীমা বন্ধের এই স্থগিতাদেশ আগামী ২৩ জুন পর্যন্ত বলবৎ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামরিক ফ্লাইটসহ ভারতে নিবন্ধিত, পরিচালিত বা মালিকানাধীন বিমান ও দেশটির এয়ারলাইন্সগুলোর ইজারা নেয়া বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এ ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না।

অন্যদিকে ভারতের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সামরিক ফ্লাইটসহ পাকিস্তানে নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন বা ইজারা নেয়া বিমান ২৩ জুন পর্যন্ত ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।

টেস্টে ভারতের নতুন অধিনায়ক শুভমান গিল

রোহিত শর্মার অবসরের ঘোষণা দেওয়ার পর থেকে জল্পনা-কল্পনা শুরু হয়েছিল সাদা পোশাকে ভারতের নতুন নেতৃত্ব নিয়ে। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। জাসপ্রিত বুমরাহকে পেছনে ফেলে টেস্টে ভারতের নতুন অধিনায়ক নির্বাচিত হলেন ২৫ বছর বয়সী শুভমান গিল।

শনিবার (২৪ মে) ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে শুভমান গিলের নেতৃত্বে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সিরিজে গিলের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন রিশাভ পন্ত।

লাল বলে অধিনায়কত্বের দৌড়ে গিলের প্রতিদ্বন্দ্বী ছিলেন বুমরাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে রোহিতের ডেপুটির দায়িত্বে ছিলেন এই ফাস্ট বোলার। সিরিজের প্রথম ও শেষ টেস্টে দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। তাকেই রোহিতের উত্তরসূরি ভাবা হচ্ছিল, কিন্তু ইনজুরিই পিছিয়ে দিয়েছে বুমরাহকে। সিডনি টেস্টে চোট পেয়ে চার মাস মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। যে কারণে ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি এই ফাস্ট বোলার।

আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলে বেশ কয়েকটি টেস্টে হয়ত মাঠের বাইরে থাকতে হবে বুমরাহকে। ইনজুরিপ্রবণ এই ফাস্ট বোলারের ওয়ার্ক লোড ম্যানেজমেন্টে অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী সার্কেলের কথা মাথায় রেখে দীর্ঘ মেয়াদে অধিনায়কের কথা ভাবা হচ্ছে, আর সে কারণেই অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে গেছেন গিল।

টেস্ট বা ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব না দিলেও জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন গিল। এছাড়া চলতি মৌসুমে তার অধিনায়কত্বে আইপিএলে শীর্ষে থেকে প্লে অফ নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স। অধিনায়কত্বের চাপ সামলে ব্যাট হাতেও দারুণ ফর্মে তিনি।

২০২০ সালের ডিসেম্বরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক হয় গিলের। অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির বোলিং আক্রমণের বিপক্ষে দুই ইনিংসে ৪৫ ও অপরাজিত ৩৫ রান করেন তিনি। আজিঙ্কা রাহানের নেতৃত্বে সে ম্যাচে ভারত ৮ উইকেটে জয় পেয়েছিল। এখন পর্যন্ত ৩২ টেস্টে ৩৫.০৫ গড়ে ১৮৯৩ রান করেছেন গিল। নামের পাশে পাঁচটি সেঞ্চুরির পাশাপাশি সাতটি হাফ সেঞ্চুরিও আছে।

হেডিংলিতে আগামী ২০ জুন শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

ইংল্যান্ড সফরে ভারতের টেস্ট দল:
শুভমান গিল (অধিনায়ক), রিশাভ পান্ত (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুধারসন, ইশ্বরন, করুণ, নীতিশ রানা, রবীন্দ্র জাদেজা, জুরেল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ কৃষ্ণা, আকাশ দীপ, আরশদীপ সিং, কুলদীপ যাদব

সন্ধ্যায় বিএনপি এবং জামায়াতের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জনের মধ্যে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার সন্ধ্যায় বিএনপি এবং জামায়াতের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

শুক্রবার দিবাগত রাত (২৪ মে) প্রদান উপদেষ্টার প্রেস উইং থেকে এমন তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, বিএনপি ও জামায়াত দুই দলের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। শনিবার সন্ধ্যা ৭টায় বিএনপি এবং রাত ৮টায় জামায়াতের সঙ্গে বৈঠক হবে।

এদিকে গত ১৯ মে থেকে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, বিএনপি সোমবার (১৯ মে) থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাতের চেষ্টা করেও পায়নি। সরকারের ভেতরের আওয়ামী দোসর এবং উচ্চাভিলাষী কেউ কেউ বিএনপিকে প্রতিপক্ষ ভাবে।

অন্যদিকে বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক থেকে দলটির আমির জরুরি সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

এছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি কোনো সিদ্ধান্ত নেয়ার আগে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাইয়ের ত্যাগের প্রতি দায়বদ্ধতা, তার প্রতি পুরো দেশের মানুষের আস্থা এবং জাতীয় ঐক্যের বিষয়ে ভেবে দেখার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান।