মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

টপ অর্ডারে ধস, ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান

দারুণ বোলিংয়ে ম্যাচের শুরুতেই পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে দিয়েছে বাংলাদেশ। ৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৭ রান তুলেছে সফরকারীরা। ১৩৪ রানের লক্ষ্য ছুঁতে এখনো প্রয়োজন ১১৭ রান, হাতে আছে মাত্র ৫ উইকেট ও ৮৪ বল।

ইনিংসের শুরুতে নতুন বলে আস্থা রাখা হয় স্পিনার শেখ মেহেদীর ওপর। ভালো লাইন-লেংথে বোলিং করে ওভারের শেষ বলে সায়িম আইয়ুবকে রান আউট করে দেন তিনি। এরপর দ্বিতীয় ওভারেই শরিফুল ইসলাম এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মোহাম্মদ হারিসকে, যিনি গোল্ডেন ডাকেই সাজঘরে ফেরেন।

তৃতীয় ওভারে ফের ব্যাট হাতে ব্যর্থ হন অভিজ্ঞ ফখর জামান। শরিফুলের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে করেন ৮ বলে ৮ রান।

চাপ বাড়িয়ে দিয়ে পঞ্চম ওভারে আক্রমণে আসেন তানজিম হাসান সাকিব। তৃতীয় বলে অফ স্টাম্পের বাইরে করা ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন হাসান নাওয়াজ। পরের বলেই সাজঘরে ফেরেন মোহাম্মদ নাওয়াজ। ফলে মাত্র ১৫ রানে পাকিস্তান হারায় প্রথম পাঁচ উইকেট।

বাংলাদেশের বোলারদের সুসংগঠিত আক্রমণে চরম বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। এখনো জয়ের জন্য অনেক পথ পাড়ি দিতে হবে তাদের, কিন্তু প্রতিপক্ষের ছড়ানো ফাঁদে সেই পথটা আরও কঠিন হয়ে উঠছে প্রতি ওভারেই।

প্রাণের বিনিময়ে ২০ শিশুকে বাঁচিয়ে না ফেরার দেশে শিক্ষিকা মাহেরীন চৌধুরী

সবাই যখন দিগ্বিদিক ছুটছে, যখন চারপাশ ধোঁয়া আর আগুনে ঘিরে রেখেছে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস, তখন একজন মানুষ যেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ছিলেন অন্যদের জীবন রক্ষা করতে। তিনি শিক্ষিকা মাহেরীন চৌধুরী। নিজের প্রাণ দিয়ে বাঁচিয়ে দিলেন ২০টি নিষ্পাপ শিশুর জীবন।

সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজের প্রাইমারি সেকশনের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। বিকট শব্দ, বিস্ফোরণ, সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে আগুন। ভেতরে তখন ক্লাস চলছিল। অধিকাংশের বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীরা জানান, বিমান বিধ্বস্তের পর যখন চারদিক আগুন ও ধোঁয়ায় ছেয়ে যায়, তখন শিক্ষিকা মাহেরীন নিজের জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেন। তিনি দ্রুততার সঙ্গে আতঙ্কিত শিশুদের ভবন থেকে বের করার চেষ্টা করেন। তার এই দুঃসাহসিক প্রচেষ্টায় অন্তত ২০ জন শিক্ষার্থী অক্ষত বা সামান্য আহত অবস্থায় ভবন থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু দুর্ভাগ্যবশত, এই বীরত্বপূর্ণ কাজটি করতে গিয়ে তিনি নিজে আগুনের শিখার মধ্যে আটকা পড়েন এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন।

শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক—সবাই স্তম্ভিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার সাহসিকতার গল্প। কেউ বলছেন, তিনি একজন ‘জীবন্ত শহীদ’; কেউ বলছেন, তাঁর মতো মানুষই সমাজের আসল নায়ক।

সাদিয়া ইসলাম নামে একজন ফেসবুকে লিখেছেন, “মাহেরীন চৌধুরী শুধু একজন শিক্ষক ছিলেন না, ছিলেন একজন অভিভাবক, একজন পথপ্রদর্শক, একজন সাহসিনী। তাঁর মৃত্যু আমাদের কাঁদায়, কিন্তু তাঁর কাজ আমাদের চোখ খুলে দেয়—শিক্ষক মানে শুধু পাঠ দেওয়া নয়, সত্যিকারের ভালোবাসা, দায়িত্ব আর ত্যাগের নামও শিক্ষক।”

রাজশাহীতে পাইলট তৌকিরের জন্য খনন করা হচ্ছে কবর

ঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের দাফনের প্রস্তুতি চলছে। রাজশাহী নগরীর সপুরা গোরস্থানে মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে কবর খনন করা হচ্ছে।

স্বজনরা জানিয়েছেন, বিকেলে বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে তৌকিরের মরদেহ রাজশাহীর হজরত শাহ মখদুম (র.) বিমানবন্দরে আসবে। তারপর জানাজার জন্য মরদেহ নেওয়া হবে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে। জানাজা হবে বিকেল সাড়ে ৪টায়। স্টেডিয়ামে জানাজা শেষে সপুরা গোরস্থানে পাইলট তৌকির ইসলাম সাগরের মরদেহ দাফন করা হবে।

সাগরের বাবা তহুরুল ইসলাম ব্যবসায়ী। তাদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। তবে, প্রায় ২৫ বছর ধরে তারা রাজশাহী শহরে বাস করেন। বর্তমানে রাজশাহী নগরীর উপশহরের ৩ নম্বর সেক্টরের ২২৩ নম্বর বাড়িতে ভাড়া থাকেন তারা। সোমবার বিমান বিধ্বস্তের পর থেকেই ‘আশ্রয়’ নামের ওই বাড়ির সামনে প্রতিবেশী, স্বজন ও উৎসুক মানুষ ভিড় করছেন।

শিক্ষার্থীদের ৬ দাবিই যৌক্তিক, মনে করছে সরকার

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রত্যেকটিই যৌক্তিক বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আলোচনা শেষে উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, “মাইলস্টোন স্কুলে একটি তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এতে নিহত ও আহতের তথ্য থাকছে। কেউ নিখোঁজ থাকলে সে তথ্য থাকছে। এখান থেকে তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। নিহত ও আহত পরিবারের ক্ষতিপূরণ, পূনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে।”

জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাবাহিনীর কর্তব্য পালনকালে কয়েকজন সেনাসদস্য কর্তৃক শিক্ষার্থীদের ওপর মারধরের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তিনি।

জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য বিমান বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও আইন উপদেষ্টা শিক্ষার্থীদের জানান।

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার শিক্ষার্থীদের বলেন, “আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে।”

সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে, তথ্য গোপনের খবর সঠিক না: প্রেস উইং

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে সরকার।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, “নিহতদের প্রত্যেকের নাম-পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে। যেসকল মরদেহ শনাক্ত করা যাচ্ছে না, সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। এর পাশাপাশি, ঢাকার কয়েকটি হাসপাতালে এ ঘটনায় আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

“আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই যে, এ দাবি সঠিক নয়।”

এ মর্মান্তিক ঘটনায় আহত-নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ সরকার, সেনাবাহিনী প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে বলেও এতে বলা হয়।

“আমরা সকলের প্রতি আহ্বান জানাই, এই দুর্ঘটনায় আপনার পরিচিত কেউ যদি নিখোঁজ থেকে থাকে তবে অতিদ্রুত স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন, সেখানে একটি কন্ট্রোল রুম বসানো হচ্ছে। এর পাশাপাশি, এখনো কেউ নিখোঁজ রয়েছে কি না তা বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথি থেকে যাচাই করে দেখা হচ্ছে।”

মাইলস্টোনে নিহত শিক্ষার্থীর মরদেহ নেওয়ার পথে দুর্ঘটনা

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর মরদেহ গ্রামের বাড়ি নেওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে মরদেহবাহী ফ্রিজার ভ্যান।

সোমবার (২১ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে ঘটনাটি ঘটে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায়। এতে গাড়িতে থাকা নিহতের স্বজনেরা আহত হয়েছেন।

নিহত ওই শিক্ষার্থী টাঙ্গাইলের সখিপুর থামার তেলিপাড়া এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে মেহনাজ আফরিন হুমাইরা (৮)।

সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে বাংলাদেশ, টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে সূচনা করেছে বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে জিততে পারলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে লিটন দাসের দলের। অন্যদিকে, সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয় ছাড়া উপায় নেই পাকিস্তানের।

ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বাংলাদেশ একাদশে দেখা গেছে একাধিক পরিবর্তন। বিশ্রামে রয়েছেন তানজিদ তামিম ও তাসকিন আহমেদ। তাদের জায়গায় দলে এসেছেন নাঈম শেখ ও শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ:
নাঈম শেখ, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম।

পাকিস্তান একাদশ:
সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আহমেদ ড্যানিয়েল।

দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচটি নির্ধারক হয়ে উঠতে পারে পুরো সিরিজের গতিপথের জন্য। বাংলাদেশের সামনে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ, আর পাকিস্তানের সামনে লড়াই করে ফিরে আসার চ্যালেঞ্জ।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তান সফরে যাচ্ছেন ২৬ জুলাই

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে চলমান পরমাণু উত্তেজনার প্রেক্ষাপটে আসন্ন ২৬ জুলাই পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসলামাবাদে অবতরণ করার মধ্য দিয়ে শুরু হবে এই সফর, যা ইরান-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়েই ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইরান ও পাকিস্তানের সম্পর্ক ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে গড়ে উঠেছে এবং এই সম্পর্ক দৃঢ় ও স্থিতিশীল।

সম্প্রতি ইরান-ইসরায়েল সংঘাত এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রেক্ষিতে আঞ্চলিক কূটনীতি নতুন মাত্রা পেয়েছে। গত মে মাসে যুক্তরাষ্ট্রের আহ্বানে ইরান পরমাণু ইস্যুতে সংলাপে বসে, যার উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক পর্যায়ে একটি সমঝোতায় পৌঁছানো। তবে এই সংলাপ চলাকালীন গত ১২ জুন ইসরায়েল ইরানে বিমান হামলা চালায়, যার পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের দিকে। পরে ২৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

এছাড়া সীমান্ত নিরাপত্তা ও সহযোগিতা ইরান-পাকিস্তান সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ইরানের সঙ্গে বেশ কয়েকটি সীমান্ত ক্রসিং রয়েছে, যার মধ্যে গাব্দ-রিমদান ও তাফতান সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইরান-ইসরায়েল সংঘাত শুরুর পর পাকিস্তান সাময়িকভাবে সীমান্ত ক্রসিং বন্ধ রাখলেও দেশটির শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব ইরানের প্রতি সমর্থন প্রকাশ করে।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ও ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনির মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে। আলাপচারিতায় ইরানের পক্ষ থেকে পাকিস্তানের বর্ষাকালীণ দুর্যোগে নিহতদের প্রতি সমবেদনা জানানো হয়।

পেজেশকিয়ানের আসন্ন সফরকে কেন্দ্র করে উভয় দেশ কৌশলগত ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সহযোগিতা আরও জোরদার করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সিরিয়া ও গাজায় চার্চে ইসরায়েলের হামলায় ‘হতবাক’ ট্রাম্প: হোয়াইট হাউস

সিরিয়া ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের একটি চার্চে সম্প্রতি হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনায় ‘হতবাক’ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এমনকি হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোনও করেন তিনি। মঙ্গলবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, সিরিয়ায় বোমা হামলা ও গাজার একটি ক্যাথলিক গির্জায় ইসরায়েলের হামলার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘হতবাক’ হয়ে পড়েছিলেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। উভয় ঘটনার পর ট্রাম্প তৎক্ষণাৎ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করেন বলেও জানান হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট।

সোমবার তিনি সাংবাদিকদের বলেন, “সিরিয়ায় বোমা হামলা এবং গাজার ক্যাথলিক চার্চে হামলার ঘটনায় প্রেসিডেন্ট পুরোপুরি হতবাক হয়ে পড়েছিলেন। তিনি সঙ্গে সঙ্গেই উভয় ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন বিষয়টি স্বাভাবিক করতে।”

এর আগে গত ১৩ জুলাই দক্ষিণ সিরিয়ার সুয়েইদা প্রদেশে বেদুইন আরব গোত্র এবং সশস্ত্র দ্রুজ গোষ্ঠীর মধ্যে সহিংসতা শুরু হয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ১৬ জুলাই। সেসময় ইসরায়েল সিরিয়ার প্রেসিডেনশিয়াল প্যালেস, জেনারেল স্টাফ হেডকোয়ার্টার ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর বিমান হামলা চালায়।

এ ধরনের হামলার পর যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, ট্রাম্প প্রশাসনের ভেতরে নেতানিয়াহুর ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তারা মনে করছে, নেতানিয়াহুর নীতি মধ্যপ্রাচ্যে অতিরিক্ত অস্থিরতা সৃষ্টি করছে।

এরপর গত বৃহস্পতিবার গাজার চার্চ অব দ্য হোলি ফ্যামিলিতে (ক্যাথলিক গির্জা) ইসরায়েলি বিমান হামলায় ৩ জন নিহত এবং আরও ১০ জন আহত হন, যার মধ্যে প্যারিশের পুরোহিতও ছিলেন।

গাজা পরিস্থিতি নিয়ে লেভিট বলেন, “এই যুদ্ধ অনেক বেশি দীর্ঘ হয়ে গেছে এবং সাম্প্রতিক সময়ে তা ভয়ানক রকম নিষ্ঠুর হয়ে উঠেছে”। তিনি আরও বলেন, “প্রেসিডেন্ট চাচ্ছেন এই রক্তপাত বন্ধ হোক, যুদ্ধবিরতির পথে আলোচনা শুরু হোক এবং গাজা থেকে সব জিম্মিদের মুক্ত করা হোক।”

চলতি বছরের ২ মার্চ থেকে ইসরায়েল গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে, যার ফলে খাদ্য, ওষুধ এবং মানবিক সহায়তা প্রবেশ বন্ধ রয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো মানবসৃষ্ট দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছে।

এমন অবস্থায় অবস্থান আরও কঠোর করে ইসরায়েল যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করেছে এবং ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৫৯ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। যাদের অধিকাংশই নারী ও শিশু।

২০ জনের মরদেহ হস্তান্তর

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে মোট ২০ জনের মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গতকাল রাত থেকে ১২ ঘণ্টা আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট ২৭ জন মারা গেছে। এর মধ্যে ২৫ জনই শিশু। বাকি দুইজনের মধ্যে একজন পাইলট ও অপরজন শিক্ষিকা।