শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

এশিয়া কাপে অনিশ্চিত শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার

শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না। এই অবস্থায় তার ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপে অংশগ্রহণও অনিশ্চিত হয়ে উঠেছে।

হাসারাঙ্গা গত জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় ইনজুরিতে পড়ার পর মাঠে নামেননি। ইতিমধ্যেই তিনি জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেও বাদ পড়েছেন।

তার অনুপস্থিতিতে শ্রীলঙ্কার স্পিন আক্রমণ নেতৃত্ব দিবেন মহেশ থিকসেনা ও দুনিথ ভেলালাগে। ফাস্ট বোলার মাতিশা পাতিরারানা আবার দলে ফিরেছেন। এছাড়া অভিজ্ঞ অলরাউন্ডার চারিথ আসালাঙ্কা উভয় সিরিজেই শ্রীলঙ্কার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াডে রয়েছেন পাথুম নিশাঙ্কা, কুসল মেন্ডিস, কুসল পেরেরা, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, চামিকা করুণারত্নেসহ আরো অভিজ্ঞ খেলোয়াড়রা।

শ্রীলঙ্কার জিম্বাবুয়ে সফর শুরু হবে ২৯ আগস্ট প্রথম ওয়ানডে দিয়ে, এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ সেপ্টেম্বর।

সিডিসি প্রধান সুসানকে বরখাস্ত করল হোয়াইট হাউস

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক সুসান মনারেজকে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই বরখাস্ত করা হয়েছে বলে বুধবার হোয়াইট হাউস জানিয়েছে। একই সঙ্গে টিকাদান নীতি ও জনস্বাস্থ্য নির্দেশিকা নিয়ে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে সংস্থার চারজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। খবর রয়টার্সের।

স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের (এইচএইচএস) সচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়র সম্প্রতি টিকাদান নীতিতে ব্যাপক পরিবর্তন এনেছেন।
মে মাসে তিনি গর্ভবতী নারী ও সুস্থ শিশুদের জন্য কোভিড টিকার ফেডারেল সুপারিশ প্রত্যাহার করেন। এরপর জুনে সিডিসির বিশেষজ্ঞ ভ্যাকসিন পরামর্শক কমিটির সব সদস্যকে বরখাস্ত করে নিজস্ব পছন্দের উপদেষ্টা নিয়োগ দেন যার মধ্যে টিকাবিরোধী কর্মীরাও ছিলেন।

পদত্যাগকারী এক কর্মকর্তার মতে, সিডিসির নতুন টিকাদান সুপারিশগুলো তরুণ আমেরিকান ও অন্তঃসত্ত্বা নারীদের ঝুঁকির মধ্যে ফেলছে।

বুধবার রাতে হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই জানান, মনারেজ মার্কিন প্রেসিডেন্টের ‘আমেরিকাকে আবার সুস্থ করে তোলা’ এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিলেন না।

দেশাই আরো বলেন, ‘যেহেতু মনারেজ স্বেচ্ছায় পদত্যাগ করতে অস্বীকার করেছেন,তাই হোয়াইট হাউস তাকে সিডিসি থেকে বরখাস্ত করেছে।’

তবে মনারেজের আইনজীবী মার্ক এস. জেইদ ও অ্যাবে ডেভিড লোয়েল এক বিবৃতিতে দাবি করেছেন, তিনি পদত্যাগ করেননি বা বরখাস্তও হননি।

ভিন্নমত প্রকাশের ভঙ্গিটা অশ্লীল হয়ে গেছে : ডা. সায়ন্থ

চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ বলেছেন, ‘ভিন্নমত থাকা দোষের না। কিন্তু সমস্যা হচ্ছে ভিন্নমত প্রকাশের ভঙ্গিটা অশ্লীল হয়ে গেছে। অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়ির সামনে গিয়ে জড়ো হয়ে মব ক্রিয়েট করে এমন সব শব্দ উচ্চারণ করা হয়েছে, যেই স্লোগানে, যেই শব্দগুলো ব্যবহার করা হয়েছে, সেম ক্যাটাগরির লোকরাই তারেক রহমানকে নিয়ে এর আগে করেছে।’

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডা. সায়ন্থ আরো বলেন, ‘এই শব্দগুলো রাজনৈতিক কর্মীরা স্লোগান আকারে বলছে। স্লোগান তো বাংলাদেশের রাজনীতিতে সবসময় ছিল। সেই স্লোগান মানুষ আগ্রহ নিয়ে শুনতো। স্লোগান তো লুকিয়ে দেখার বিষয় না।
কিন্তু ওদেরগুলোতো পর্ন স্লোগান হয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো এগুলাকে আবার পেট্রোনাইজ করছে।’

তিনি বলেন, ‘রাজনীতির ভাষা বদলে যাওয়াটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ছিল। কিন্তু সমস্যা হলো এটা খুব নেগেটিভলি বদলে গেছে।
আমাদের চাওয়া ছিল রাজনীতির ভাষা বদলে যাক এবং মানুষ আনন্দিত হোক। প্রশংসা করুক।’

মেসির জোড়া গোলে ফাইনালে মায়ামি

চোটের কারণে লিগস কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে পারেননি লিওনেল মেসি। সঙ্গী জর্দি আলবাও ছিলেন চোটে ভুগছেন। সেমিফাইনালে দুজনকে পাওয়া যাবে কি না, তা নিয়ে ছিল সংশয়। তবে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে মাঠে নামতেই মেসি-আলবার জুটি যেন ফিরিয়ে এনেছে বার্সেলোনার সোনালি দিনের স্মৃতি।

অরল্যান্ডো সিটির বিপক্ষে সেমিফাইনালে মেসির জোড়া গোল আর সুয়ারেজের সঙ্গে তেলেসকো সেগোভিয়ার দারুণ বোঝাপড়ায় আসে আরেক গোল—এই তিন গোলেই ৩-১ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখালেও প্রথমার্ধের যোগ করা সময়ে গোল খেয়ে বসে মায়ামি। ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকনের ভুলে বল পান অরল্যান্ডোর উইঙ্গার মার্কো পাসালিচ। বাঁ পায়ের জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।
ফ্যালকন তখন হ্যান্ডবলের দাবি তুললেও রেফারি তা খারিজ করে দেন।

এরপর ৭৫ মিনিটে সমতায় ফেরে মায়ামি। বক্সে মায়ামির উইঙ্গার তাদেও আয়েন্দেকে ফেলে দেন ডেভিড ব্রেকালো। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় অরল্যান্ডোর ডিফেন্ডারকে, আর মেসি গোলকিপারের বাঁ পাশে নিখুঁত শটে পেনাল্টি থেকে গোল আদায় করেন।

৮৮ মিনিটে আসে বার্সেলোনার দিনগুলো মনে করিয়ে দেওয়া গোল। বাঁ প্রান্ত দিয়ে উঠে বক্সের মাথায় আলবাকে পাস দিয়ে সঙ্গে সঙ্গে বক্সে ঢুকে পড়েন মেসি। আলবার নিখুঁত ফিরতি পাস থেকে বাঁ পায়ের শটে জালে বল পাঠান আর্জেন্টাইন মহাতারকা। এ বছর মায়ামির হয়ে এটি মেসির ৩৩ ম্যাচে ২৭তম গোল।

তবে অরল্যান্ডোর দুঃস্বপ্ন শেষ হয়নি এখানেই।
যোগ করা সময়ের প্রথম মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে গোল করেন ভেনেজুয়েলান মিডফিল্ডার তেলেসকো সেগোভিয়া। এতে ৩–১ ব্যবধানে জয় পায় মেসির মায়ামি।

অন্য সেমিফাইনালে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি ও সিয়াটল সাউন্ডার্সের মধ্যে জয়ী দলের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। রোববারের ফাইনালে ওঠার মধ্য দিয়ে আগামী বছরের কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলার যোগ্যতাও অর্জন করেছে হাভিয়ের মাশ্চেরানোর দল।

ব্যক্তিগত বিষয় প্রকাশে আলিয়ার ক্ষোভ, খোঁচা দিলেন পায়েল

নতুন বাড়িতে প্রবেশ করেছেন বলিউডের প্রভাবশালী দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। মুম্বাইয়ের পালি হিলে রাজ কাপুরের বাড়িটিই নতুন করে তৈরি করিয়েছেন রণবীর কাপুর ও আলিয়া। বাড়িতে প্রবেশের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর দাবি, তাঁর ব্যক্তিগত পরিসরে ছবিশিকারিরা ঢুকে পড়েছেন, যা নিয়ে তিনি বিরক্ত।
এবার আলিয়াকে এ নিয়েই খোঁচা দিলেন বিতর্কিত অভিনেত্রী পায়েল রোহতগী।

বাড়িকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করায় আলিয়াকে খোঁচা দিয়ে পায়েল রোহতগী বলেছেন, “বাড়ির বাইরে থেকে ছবি তোলাকে ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়া বলা যায় না। স্বামী বা অন্য কোনো পুরুষের সঙ্গে একান্ত মুহূর্তের ছবি ছড়ালে তবেই বলা যেত ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ।’

পায়েলের দাবি, বাড়ির এলাকা ক্যামেরাবন্দি হলে তা কোনোভাবেই প্রাইভেসি লঙ্ঘন নয়।
তিনি আরো বলেন, ‘নেটিজেনরা রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করেন, যেখানে আশপাশের বহু বাড়ি ধরা পড়ে। আলিয়ার নিরাপত্তারক্ষী ও সিসিটিভি লাগানোর মতো সামর্থ্য রয়েছে, সেটাই করা উচিত।’

তবে এই মন্তব্যের জন্য উল্টো সমালোচনার মুখে পড়েছেন পায়েল রোহতগী। আলিয়ার ভক্তরা এবং সাধারণ নেটিজেনরা তাকে কটাক্ষ করে লিখেছেন, ‘মানুষ নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য কী না করছে! এই মহিলার মধ্যে প্রবল ঘৃণা জমে রয়েছে।
ঘৃণা প্রকাশ করেই চর্চায় উঠতে চাইছেন তিনি।’

চীনা কুচকাওয়াজে যোগ দেবেন পুতিন, কিম জং উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগামী সপ্তাহে চীনের বেইজিংয়ে একটি সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন। এটি আন্তর্জাতিক পর্যায়ে কিমের প্রথম সরাসরি নেতৃবৃন্দের সম্মেলন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই খবর জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই কুচকাওয়াজটি চীনের জাপানের বিরুদ্ধে যুদ্ধের ৮০তম বার্ষিকী এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির স্মরণে অনুষ্ঠিত হচ্ছে।

এই অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিশ্বের ২৬টি দেশের রাষ্ট্রপ্রধানদের অংশ নেওয়ার কথা রয়েছে। চীন এই অনুষ্ঠানে তাদের সামরিক বাহিনীর নতুন গঠন ও শক্তি প্রদর্শন করবে—শত শত যুদ্ধবিমান, ট্যাংক ও ড্রোনবিরোধী সিস্টেম প্রথমবারের মতো পূর্ণাঙ্গভাবে প্রদর্শিত হবে। তিয়ানআনমেন স্কয়ারে হাজার হাজার সেনা সদস্য অত্যন্ত সুশৃঙ্খলভাবে মার্চ করবেন। চীনের ৪৫টি সামরিক ইকেলনের সদস্য এবং যুদ্ধের প্রবীণরাও অংশ নেবেন।

চীনা প্রেসিডেন্ট শি চিনপিং কুচকাওয়াজটি পরিদর্শন করবেন। অনুষ্ঠানটি ৭০ মিনিটব্যাপী চলবে এবং আন্তর্জাতিক বিশ্লেষক ও পশ্চিমা শক্তিগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পিয়ংইয়ংয়ের সঙ্গে তাদের দীর্ঘদিনের ‘ঐতিহ্যবাহী বন্ধুত্ব’ রয়েছে এবং উভয় দেশ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে যৌথভাবে কাজ করবে। এবার কিম নিজে অংশ নেওয়ায় এটি এক কূটনৈতিক উত্তরণ হিসেবেই দেখা হচ্ছে।
চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের জন্য এটি এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক জয়।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যেমন কিম ও পুতিনের সঙ্গে চুক্তি করতে চাইছেন, শি তেমনি দেখাচ্ছেন যে ভূ-রাজনৈতিক দৌড়ে তার অবস্থান এখনো গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, শি যদি কিম ও পুতিনের কাছ থেকে সরাসরি তথ্য ও দৃষ্টিভঙ্গি সংগ্রহ করতে পারেন। তবে তিনি যেকোনো মার্কিন-চীন সম্মেলনে আরো প্রস্তুত অবস্থায় থাকবেন। হোয়াইট হাউস ইতিমধ্যেই জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প অক্টোবরের শেষদিকে ওই অঞ্চলে সফরে যেতে পারেন এবং শির সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী।

২০১৯ সালের পর এই প্রথমবার কিম বেইজিং সফর করছেন। ২০১৮ সালে তিনি তিনবার বেইজিং সফর করেছিলেন, যা তার জন্য এক ব্যতিক্রমী আন্তর্জাতিক কার্যক্রম ছিল। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এই কুচকাওয়াজে যোগ দেবেন কি না, তা এখনো অনিশ্চিত। তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে এখনো কোনো আনুষ্ঠানিক সম্মতি জানাননি। সরকার পরিবর্তে নিম্নপর্যায়ের একজন রাজনীতিককে পাঠানোর কথা। লি যদি এই কুচকাওয়াজে অংশ নেন, তবে এটি কিমের কাছাকাছি আসার সুযোগ হলেও, ঝুঁকিপূর্ণ।

কিম যদি প্রকাশ্যে তাকে উপেক্ষা করেন, তবে এটি দক্ষিণ কোরিয়ার জন্য বিব্রতকর হতে পারে। এছাড়া, রাশিয়া, বেলারুশ ও ইরানের প্রেসিডেন্টদের পাশে দাঁড়ানোও দক্ষিণ কোরিয়ার জন্য কূটনৈতিকভাবে সমস্যাজনক হতে পারে। আজ প্রেসিডেন্ট লির দপ্তর এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র : বিবিসি

সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়েও জিততে পারেনি অ্যান্টিগা

আগের ম্যাচে মাত্র ১১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন সাকিব আল হাসান। তবে বোলিং কোটা পূরণ করা হয়নি তখন। অবশেষে চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এই মৌসুমে প্রথমবারের মতো ৪ ওভার বল করলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। নিয়ন্ত্রিত বোলিংয়ে এক উইকেটও শিকার করেছেন তিনি।
কিন্তু তার পারফরম্যান্স জয়ের জন্য যথেষ্ট হয়নি অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে বৃহস্পতিবার ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৮ উইকেটে হেরে যায় অ্যান্টিগা। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১৪৬ রান তোলে দলটি। ব্যাট হাতে ব্যর্থ সাকিব ১৪ বলে ১৩ রান করেন।
লক্ষ্য তাড়ায় ৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় নাইট রাইডার্স।

প্রথমে ব্যাট করতে নেমে অ্যান্টিগার ইনিংসের শুরুটা ছিল বিপর্যস্ত। রানের খাতা খোলার আগেই ফেরেন ওপেনার রাকিম কর্নওয়াল ও করিমা গোর। জুয়েল অ্যান্ড্রু ৩১ বলে ৪০ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন।
তবে মিডল অর্ডারে ব্যর্থ আন্দ্রেস গুস (১৪) ও সাকিব (১৩)। শেষদিকে ইমাদ ওয়াসিমের ২৫ বলে ৩৭ এবং উসামা মিরের ২৬ বলে ৩৪ রানে কোনোমতে দেড়শ’র কাছাকাছি পৌঁছায় অ্যান্টিগা।

বল হাতে ত্রিনবাগোর হয়ে মোহাম্মদ আমির নেন সর্বোচ্চ ৩ উইকেট। আকিল হোসেন ও আন্দ্রে রাসেল ২টি করে উইকেট শিকার করেন।

জবাবে ওপেনার কলিন মানরোকে শুরুতেই সাকিব ফেরালেও সুবিধা করতে পারেনি অ্যান্টিগা।
দ্বিতীয় উইকেটে কেসি কার্টি ও অ্যালেক্স হেলসের ৮৭ রানের জুটিই মূলত জয় নিশ্চিত করে দেয় নাইট রাইডার্সের। চার নম্বরে নেমে নিকোলাস পুরান ১১ বলে ২৩ রানে ম্যাচ শেষটা সহজ করে দেন। হেলস খেলেন ক্যারিয়ারের ৮৮তম টি-টোয়েন্টি ফিফটি।

অ্যান্টিগার হয়ে ৪ ওভারে ২৫ রান খরচায় একটি উইকেট নেন সাকিব। আরেকটি উইকেট পান জেইডেন সিলস।

তবে হারের পরও ৭ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়ে গেছে সাকিবের অ্যান্টিগা। যদিও বাকি দলগুলো তাদের চেয়ে কম ম্যাচ খেলেছে। দ্বিতীয় স্থানে থাকা ত্রিনবাগো ৪ ম্যাচে জিতেছে ৩টিতেই।

শুল্কের চাপে আমিরাতে ব্যবসা সরাচ্ছেন ভারতীয়রা

যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে আমেরিকায় রপ্তানিতে ২৫% শুল্ক ধার্য করেছিলেন এবং এরপর রাশিয়া থেকে তেল কেনা দেশের জন্য সেটি দ্বিগুণ করে ৫০% করা হয়, তখন থেকেই ভারতীয় ব্যবসাগুলো সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) বিকল্প হিসেবে খুঁজতে শুরু করেছে। এই শুল্ক গতকাল বুধবার (২৭ আগস্ট) থেকে কার্যকর হয়েছে।

ব্যবসা স্থাপন ও সহায়তা পরামর্শদাতা সংস্থাগুলো জানিয়েছে, ট্রাম্পের ঘোষণা পরবর্তী সময়ে ভারতীয় ব্যবসাগুলো ইউএইতে আগ্রহ বৃদ্ধি পেয়েছে।

ইউএইতে একটি খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিটের সিইও বলেছেন, প্রথম ২৫% ঘোষণার পরও অনেকেই আশা করছিলেন এটি শুধু ট্রাম্পের আলোচনার কৌশল।
কিন্তু দ্বিতীয় ২৫% ঘোষণার পর স্পষ্ট যে মার্কিন ও ভারত সরকারের মধ্যে কোনো চুক্তি হবে না। ফলে অনেক ভারতীয় ব্যবসা, যারা মার্কিন বাজারে রপ্তানি করে, তারা এখন ইউএইতে যৌথ উদ্যোগ বা বিনিয়োগের কথা ভাবছে।

এ ছাড়া এই একই পরিস্থিতি ইউএইয়ের গহনাশিল্পে দেখা যাচ্ছে। আরো অনেক ভারতীয় প্রতিষ্ঠান এখন গহনার ডিজাইন ও উৎপাদন কেন্দ্র ইউএইতে স্থাপন করতে চাইছে, যাতে সরাসরি ভারত থেকে আমেরিকায় রপ্তানি না করতে হয়।
যদি ৫০% শুল্ক স্থায়ী হয়, ভারতের গহনা রপ্তানিকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। অতিরিক্ত ২৫% শুল্ক যুক্ত হলে মার্কিন বাজারে তাদের পণ্য ‘দামের কারণে অযোগ্য’ হয়ে যাবে।

দুবাইভিত্তিক গহনা ব্যবসায়ী আনাইল ধানক (কানজ জুয়েলস) সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘মার্কিন শুল্ক নিয়ে এখনো অপেক্ষা করা উচিত।
কারণ ট্রাম্প সংক্ষিপ্ত সময়ের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। কানজ কোনো যৌথ উদ্যোগ খুঁজছে না; আমরা চাই স্পষ্টতা আসুক। উচ্চ সোনার দামের কারণে আমরা বর্তমানে খরচ মেটাতে লড়াই করছি এবং নতুন কোনো প্রতিশ্রুতি চাই না।’

ভারতের শ্রমনিষ্ঠ রপ্তানি খাত এখন তাদের বৃহত্তম বাজারে বড় প্রতিবন্ধকতার মুখোমুখি। এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের ম্যানেজিং পার্টনার স্টিফেন ইনেস বলেন, ‘এটি শুধু শুল্ক নয়, এটি যেন তাদের দীর্ঘদিনের বাসস্থান থেকে উচ্ছেদের নোটিশ।
’

তবে ট্রাম্পের শুল্ক ভারত থেকে ফার্মাসিউটিক্যাল ও প্রযুক্তি-সম্পর্কিত পণ্যের ওপর প্রযোজ্য নয়। উদাহরণস্বরূপ, অ্যাপল আইফোন ভারতের কারখানা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাতে শুল্ক দিতে হবে না।

ইউএইতে উৎপাদন স্থানান্তর : শুল্কে বড় সুবিধা

যদি ভারতীয় গহনা উৎপাদকরা মার্কিন বাজারের জন্য উৎপাদন ইউএইতে স্থানান্তর করেন, তবে রপ্তানিতে শুল্ক হবে ৫০% নয়, মাত্র ১০%। তবে এটি কেবল তখনই প্রযোজ্য, যদি উৎপাদন এবং মূল্য সংযোজন ইউএইতে হয়, বলেছেন বারজিল জিওজিট ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের সিইও কৃষ্ণন রামাচন্দ্রন।

সোভরেইন গ্রুপের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আকসানা সুকার বলেন, ‘ভারতীয় প্রতিষ্ঠানগুলো সব সময়ই ইউএইতে আগ্রহ দেখিয়েছে। এই বছরের জানুয়ারি থেকে মোট ব্যবসা স্থাপনের অনুসন্ধানের প্রায় ৫%ই এখানে এসেছে। যারা মার্কিন বাজারে রপ্তানি করে, তারা এখন বিবেচনা করছে কোথায় উৎপাদন ও শিপমেন্ট হবে, যাতে সবচেয়ে সুবিধাজনক শুল্ক পাওয়া যায়। ইউএই এমন একটি শক্তিশালী বিকল্প কেন্দ্র হিসেবে কাজ করছে।’

এখন অনেক ভারতীয় ব্যবসা ইতিমধ্যেই ইউএইতে নিজেদের উপস্থিতি তৈরি করেছে, বিশেষ করে টেক্সটাইল ও পোশাক, ধাতু ও প্রকৌশল পণ্য, রাসায়নিক, ফার্মাসিউটিক্যাল এবং আইটি সেবার খাতে। এমসিএ গালফের ম্যানেজিং পার্টনার ভেঙ্কটেশ সন্থানম বলেন, ‘এই প্রতিষ্ঠানগুলো সুবিধা নিতে ভালো অবস্থানে আছে।’

সূত্র : খালিজ টাইমস

রক্ত দিয়ে লেখা ‘১১০৬২৫’, রহস্যের সমাধান করে নারীকে বাঁচাল ডেলিভারি বয়

চীনের সিচুয়ান প্রদেশে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। গ্রীষ্মের ছুটিতে ডেলিভারি বয়ের কাজ করা বিশ্ববিদ্যালয় ছাত্র ঝাং প্রতিদিনের মতোই পার্সেল পৌঁছে দিতে যাচ্ছিলেন ঠিকানায়। হঠাৎই রাস্তার ধারে দেখতে পেলেন একটি বালিশ। অন্য পথচারীরা সেটিকে এড়িয়ে গেলেও কৌতূহলী ঝাং বালিশটি হাতে তুলে দেখেন।
মুহূর্তেই চমকে ওঠেন তিনি—বালিশের উপর রক্ত দিয়ে লেখা একটি সংখ্যা: ‘১১০৬২৫’।

প্রথমে ভয় পেলেও দ্রুত নিজেকে সামলে পুলিশে খবর দেন ঝাং। আর সেই ফোনেই বাঁচে এক নারীর জীবন।

পুলিশ জানায়, সিচুয়ান প্রদেশের একটি বহুতলের ২৫ তলায় একাই থাকতেন ওই মহিলা।
ঘর পরিষ্কারের সময় দুর্ঘটনাবশত দরজা বন্ধ হয়ে তিনি এক কামরায় আটকে পড়েন। মোবাইল ফোন ছিল অন্য ঘরে, ফলে সাহায্যের জন্য কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রায় ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে ছিলেন তিনি।

চরম অসহায় অবস্থায় জানালা দিয়ে একটি লাল পোশাক ঝুলিয়ে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে লাভ হয়নি।
শেষমেশ আঙুল কেটে রক্ত দিয়ে বালিশে লিখে ফেলেন ‘১১০৬২৫’।

এর মধ্যে ১১০ হলো চীনের জরুরি হেল্পলাইন নম্বর। আর ৬২৫ তার অ্যাপার্টমেন্ট নম্বর।

বালিশটি তিনি জানালা দিয়ে নিচে ছুড়ে দেন। সেই সংকেতই পৌঁছে যায় ঝাংয়ের হাতে।

ঝাংয়ের ফোন পেয়ে পুলিশ দ্রুত ওই অ্যাপার্টমেন্টে গিয়ে দরজা ভেঙে মহিলাকে উদ্ধার করে। উদ্ধার করার সময় তিনি অচেতন অবস্থায় ছিলেন। পরে জ্ঞান ফিরলে পুলিশকে দেখে কেঁদে ফেলেন স্বস্তি ও কৃতজ্ঞতায়।

এরপর ঝাংকে পুরস্কার দিতে চাইলেও তরুণ বিনয়ের সঙ্গে তা ফিরিয়ে দেন। পুলিশের পক্ষ থেকেও ধন্যবাদ জানানো হয়েছে ঝাংকে।

চতুর্থ বিভাগের দলের কাছে হেরে ‘অপমানজনক’ বিদায় ম্যানইউর

ইংলিশ লিগ কাপের (কারাবাও কাপ) দ্বিতীয় রাউন্ডেই বড় অঘটনের শিকার হলো ম্যানচেস্টার ইউনাইটেড। চতুর্থ বিভাগের দল গ্রিমসবি টাউনের কাছে টাইব্রেকারে ১২-১১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রুবেন আমোরিমের শিষ্যরা। নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্রয়ের পর ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টিতে।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে স্বাগতিক গ্রিমসবি।
প্রথমার্ধে চার্লস ভারনাম ও টাইরেল ওয়ারেনের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। একদিকে ওনানার একের পর এক ভুল, অন্যদিকে প্রতিপক্ষের গতি—সব মিলিয়ে একেবারে চাপা পড়ে যায় ইউনাইটেড।

দ্বিতীয়ার্ধে ব্রুনো ফার্নান্দেস, ব্রায়ান এমবেউমো ও ম্যাথাইস ডি লিগটকে নামিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেন কোচ আমোরিম। শেষ পর্যন্ত এমবেউমো ও হ্যারি ম্যাগুইয়ারের গোল ম্যাচে সমতা ফেরায়।
যোগ করা সময়ে বেঞ্জামিন সেসকোর অবিশ্বাস্য মিসের কারণে ম্যাচ টাইব্রেকারে গড়ায়।

৪-৪ অবস্থায় মাথিউস কুনহার শট বাঁচিয়ে দেন গ্রিমসবি গোলকিপার ক্রিস্টি পিম। এরপর দুই দল মিলে টানা ১৫টি সফল শটের পর এমবেউমোর শট ক্রসবারে লেগে গোল মিস হলে বিদায় নিতে হয় ইউনাইটেডকে।

পরাজয়ের পর ক্ষুব্ধ আমরিম বলেন, ‘আমার মনে হয় সেরা দল জিতেছে, একমাত্র দল যারা মাঠে ছিল।
যে কোনো দল যদি ইচ্ছা নিয়ে খেলতে নামে, তারা জয় পেতেই পারে। আমরা শুরু থেকেই কোনো উদ্যম ছাড়াই খেলেছি, সম্পূর্ণ হারিয়ে গিয়েছিলাম। খেলোয়াড়দের মনোভাবই সবচেয়ে বড় কথা বলে দিয়েছে।’

এই হারে নতুন মৌসুমের শুরুতেই আরও বড় চাপের মুখে পড়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে এখনো জয়হীন দলটি গত মৌসুমে শেষ করেছিল ১৫তম স্থানে, যা ১৯৭৪ সালের পর সবচেয়ে বাজে ফলাফল।
এবার মৌসুমের অন্যতম সহজলভ্য ট্রফিও হাতছাড়া করল তারা।

অন্য ম্যাচে ব্রাইটন ৬-০ গোলে অক্সফোর্ডকে উড়িয়ে দিয়েছে। জোড়া গোল করেন তরুণ স্টেফানোস তজিমাস। এছাড়া ফুলহাম ২-০ গোলে ব্রিস্টল সিটি ও এভারটন একই ব্যবধানে ম্যান্সফিল্ডকে হারিয়ে তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে।