বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন ধরে ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে বর্তমান সরকার। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে বলেও তিনি জানান।

আজ শুক্রবার ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।’

তিনি আরও বলেন, ‘আমি সব থেকে বেশি ঋণী ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে। তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। তাদের এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।’

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আমরা এখনো আধুনিক প্রযুক্তি নির্ভর গণমাধ্যমে যুক্ত হতে পারিনি : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, জনগণের কাছে তথ্যের অবাক সরবরাহ নিশ্চিত করা হবে। আধুনিক প্রযুক্তি নির্ভর গণমাধ্যমে আমরা এখনো যুক্ত হতে পারিনি। আমরা গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাচ্ছি। এজন্য সাংবাদিকসহ সকল অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত কর হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি কথাগুলো বলেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘বরিশাল আদালতে বিচারক ও আইনজীবীদের সঙ্গে কি কারণে মনোমালিন্য ও বিভেদ সৃষ্টি হয়েছে সে বিষয়টি আমি এখনো পুরোপুরি অবহিত নই। এ বিষয়ে আমি বরিশাল জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে সৃষ্ট সমস্যা সমাধানে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলব।’

এর আগে এদিন সকালে বরিশাল সার্কিট হাউজে একটি সভা শেষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ এর চেক বিতরণ করেন।
এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে ২ কোটি ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

দলীয়করণে জনপ্রশাসন নিরপেক্ষতা ও দক্ষতা হারিয়েছে : জনপ্রশাসন উপদেষ্টা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘গত দেড় দশকের অধিক সময় বাংলাদেশে জনপ্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। এতে জনপ্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে, দক্ষতা হারিয়েছে। দেশের সর্বস্তরেই প্রায় ধস নেমেছে। প্রশাসনেও সেটা থেকে মুক্ত নয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অনুযায়ী আমরা একটা দক্ষ, নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন দেশের জনগণকে উপহার দেব।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুরের কমলনগরের এই বাসিন্দা জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর এই প্রথম লক্ষ্মীপুরে এসেছেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন ‘আই হ্যাভ এ প্ল্যান’।
তিনি তা বাস্তবায়নের কাজ শুরু করেছেন, ঝাঁপিয়ে পড়েছেন। একটি প্রতিষ্ঠানের সিইও’র মতো প্রতিটি বিষয় বিস্তারিত দেখছেন এবং মনিটর করছেন। সেভাবেই কাজ আদায় করছেন।”

তিনি আরো বলেন, ‘একটা উদার গণতান্ত্রিক এবং সমৃদ্ধ-জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ব।
আমরা সবাই মিলে একত্রে একটা সুন্দর মানবিক বাংলাদেশ গড়ে তুলব। যে ইশতেহার ও অঙ্গীকার করে বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে, সেই অঙ্গীকার বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের পবিত্র দায়িত্ব।’

লক্ষ্মীপুর সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাছানুজ্জামান চৌধুরী মিন্টু, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক।

এ ছাড়া ফুলের শুভেচ্ছা জানিয়েছেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সভাপতি সৈয়দ রশিদুল হাসান লিংকন ও জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মহসিন কবির স্বপনসহ অনেকে।

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‘জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থা এবং ইকো সিস্টেমের মধ্যে নতুন গণমাধ্যমের সঙ্গে যুক্ত হতে পারিনি এখনো।
সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই। আমাদের তথ্য মন্ত্রণালয় যখন গড়ে উঠেছে যে আমলে তখন তথ্য প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ছিল না। আবার এখন যে ধরনের তথ্য প্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের যে প্রসার তৈরি হয়েছে, এর সঙ্গে যেভাবে খাপ খাওয়ানো দরকার, তাও এতদিনে হয়ে উঠেনি।’

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বরিশাল আদালতে বিচারক ও আইনজীবীদের সঙ্গে কি কারণে মনোমালিন্য ও বিভেদ সৃষ্টি হয়েছে, সে বিষয়টি আমি এখনো পুরোপুরি অবহিত নয়।
রিশাল জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে আইনমন্ত্রী সঙ্গে কথা বলব।’

এর আগে তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএর চেক বিতরণ করেন। এসময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে ২ কোটি ১৭ লাখ টাকার চেক দেওয়া হয়।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভার সাইড লাইনে এ বৈঠক হয়।

বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গত বছর প্রয়াত খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি বাংলাদেশ সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পররাষ্ট্রমন্ত্রী দার আশা প্রকাশ করেন যে ঢাকার নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে সমৃদ্ধ হবে।

আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধ : মধ্যস্থতার প্রস্তাব ইরানের

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ একাধিক বড় শহরে আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। কয়েক মাসের পাল্টাপাল্টি সংঘর্ষের পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ প্রতিবেশী দেশটির সঙ্গে ‘খোলা যুদ্ধ’ শুরু হয়েছে বলে ঘোষণা দিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা কাবুল ও কান্দাহার থেকে বিস্ফোরণের শব্দ ও যুদ্ধবিমান চলাচলের খবর দিয়েছেন। তালেবান সরকারের দক্ষিণাঞ্চলীয় শক্ত ঘাঁটি কান্দাহারেও জেট বিমানের শব্দ শোনা গেছে।

এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আলোচনাকে সহজভাবে এগিয়ে নেওয়ার জন্য প্রস্তুত ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক্স-এ এক বিবৃতিতে এ কথা বলেছেন। তিনি দুই দেশকে ‘ভালো প্রতিবেশীসুলভ সম্পর্ক এবং সংলাপের মাধ্যমে তাদের মতোপার্থক্য দূর করার’ আহ্বান জানিয়েছেন। সীমান্তে উত্তেজনা বৃদ্ধির পর থেকে ইরান এর আগেও দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং মানবাধিকার প্রধান ভলকার তুর্ক উভয়ই উদ্ভূত চলমান এই পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করেছেন। গুতেরেস উভয় দেশকে আন্তর্জাতিক মানবিক আইনের ওপর বিশেষ জোর দিয়ে আন্তর্জাতিক আইনের অধীনে সব নিয়ম কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

সীমান্ত সংঘর্ষ ও ভয়াবহ বিমান হামলার মধ্যে তুরস্ক আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছে।

এদিকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, তারা অঞ্চলের বর্তমান পরিস্থিতি এবং উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করেছেন। বর্তমানে ইসহাক দার সরকারি সফরে সৌদি আরবে অবস্থান করছেন।

অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মুখপাত্র মোশাররফ জাইদি দাবি করেছেন, পাকিস্তানি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত আফগান তালেবানের ২৭টি সামরিক পোস্ট ধ্বংস করা হয়েছে এবং ৯টি দখলে নেওয়া হয়েছে।

তিনি জানান, ‘অপারেশন গজব লিল–হক’ নামের এই অভিযানে তালেবানের ৮০টিরও বেশি ট্যাংক, কামান এবং সাঁজোয়া সৈন্যবাহী যান (এপিসি) ধ্বংস করা হয়েছে।

আফগানিস্তানের তালেবান সরকারের স্থানীয় কর্মকর্তারা অভিযোগ করেছেন, নাঙ্গারহারের একটি শরণার্থী শিবিরে পাকিস্তান গুলি চালিয়েছে।
যেখানে পাকিস্তান থেকে দেশে আসা আফগান নাগরিকরা বাস করতেন।

বিবিসি আফগান সার্ভিস কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সেখানে কমপক্ষে নয়জন আহত হয়েছেন। সাতজন নারী এবং দুইজন পুরুষ। কর্মকর্তারা আরো জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্র : বিবিসি

পাল্টা ‘অপারেশন গজব-লিল-হক’-এ নিহত ৩০ আফগান সেনা, দাবি পাকিস্তানের

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তালেবান সরকারের বাহিনীর ‘উসকানিমূলক’ হামলার জবাবে পাল্টা অভিযানে অন্তত ৩০ জন আফগান তালেবান সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো। খবর জিও নিউজ।

নিরাপত্তা সূত্র জানায়, সীমান্তে হামলার পর পাকিস্তানি বাহিনী ‘অপারেশন গজব-লিল-হক’ শুরু করে। তালেবান বাহিনী কোয়াডকপ্টার ব্যবহার করে পাকিস্তানি নিরাপত্তা চৌকিতে হামলার চেষ্টা চালালেও তা ব্যর্থ হয়। পাকিস্তানি বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে সব কোয়াডকপ্টার ভূপাতিত করে বলে দাবি করা হয়েছে।

পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে পাল্টা জবাব দেওয়া হচ্ছে এবং ড্রোনের মাধ্যমে তালেবান অবস্থানগুলো লক্ষ্যবস্তু করা হচ্ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া দাবি ও ভিডিও ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ তোলে তারা।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আফগান তালেবান খাইবার পাখতুনখোয়া প্রদেশের একাধিক স্থানে ‘উসকানিমূলক গুলি’ চালায়। এর তাৎক্ষণিক ও কার্যকর জবাব দেওয়া হচ্ছে। বিবৃতিতে বলা হয়, চিত্রাল, খাইবার, মোহমান্দ, কুররম ও বাজাউর সেক্টরে তালেবান বাহিনীকে ‘শাস্তি’ দেওয়া হচ্ছে। প্রাথমিক প্রতিবেদনে আফগান পক্ষের ব্যাপক হতাহতের তথ্য পাওয়া গেছে এবং একাধিক পোস্ট ও সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

পাকিস্তান তাদের ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানানো হয়।

সাম্প্রতিক এই উত্তেজনা কয়েক দিন আগে সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা তথ্যভিত্তিক বিমান হামলার পর শুরু হয়। নিরাপত্তা সূত্রের দাবি, আফগানিস্তানের নানগারহার, পাকতিকা ও খোস্ত প্রদেশে সাতটি শিবির ও আস্তানায় চালানো হামলায় শতাধিক জঙ্গি নিহত হয়েছে।

পাকিস্তান নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ হিসেবে উল্লেখ করে জানায়, সাম্প্রতিক আত্মঘাতী হামলার জবাব হিসেবেই এসব বিমান হামলা চালানো হয়।

পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বলেছেন, আফগান তালেবানের উসকানিমূলক পদক্ষেপের জবাবে পাকিস্তান প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “কেউ পাকিস্তানের শান্তি কেড়ে নিতে পারবে না।”

তিনি বাজার ও মসজিদে বোমা হামলার নিন্দা জানিয়ে বলেন, এসব হামলা কোনোভাবেই বরদাশত করা হবে না। একই সঙ্গে আফগানিস্তানকে শান্তিপূর্ণ প্রতিবেশী হিসেবে আচরণ করার আহ্বান জানান তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে ফিলিস্তিন। এর ফলে আগামী জুন মাসে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশের সঙ্গে সাইপ্রাসের। যেখানে বাংলাদেশের পক্ষে এই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই পদে নির্বাচনের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে মনোনীত করেছেন। যদিও আগে অন্তর্বর্তী সরকার সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল।

প্রতিষ্ঠিত আঞ্চলিক রোটেশন নীতিমালা অনুযায়ী, এবার সভাপতি নির্বাচিত হবেন এশিয়া-প্যাসিফিক গ্রুপ অব স্টেটস থেকে। আগামী সেপ্টেম্বরে ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে। তার আগে নির্বাচনি প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২৬ সালের মে মাসে বর্তমান ৮০তম অধিবেশনের সভাপতি আনালেনা বেয়ারবক প্রার্থীদের সঙ্গে একটি অনানুষ্ঠানিক মতবিনিময় সভার আয়োজন করবেন।

বাংলাদেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ প্রায় চার দশক পর দেশটি আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনের সুযোগ পাচ্ছে। সর্বশেষ ১৯৮৬ সালে ৪১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ প্রায় চার বছর আগেই এ পদে প্রার্থিতা ঘোষণা করেছিল। তবে ফিলিস্তিন শেষ মুহূর্তে ২০২৬–২৭ মেয়াদের জন্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নির্ধারিত এই পদে প্রার্থী হিসেবে নাম দেয়।

গত বছরের সেপ্টেম্বরে সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বাংলাদেশ নির্বাচনে থাকছে কি না, তা নিয়ে কিছু অস্পষ্টতা তৈরি হয়েছিল। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও তুরস্ক বাংলাদেশকে নির্বাচনে অংশগ্রহণ অব্যাহত রাখার জন্য বারবার অনুরোধ জানায়।

লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে আহত ১৫

ক্ষ্মীপুরের রায়পুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনায় আটক ৪ চোরকে উদ্ধার নিয়ে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ ও ধাওয়া- পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় ৪ পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়।

এর জের ধরে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত লক্ষ্মীপুর-চাঁদপুর সড়ক অবরোধ বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় রাস্তায় ইট, বাঁশ ও গাছের গুড়ি ফেলে আগুন দেয় তারা।
এতে অবরোধের ৪ ঘণ্টায় সড়কে দুপাশে শতশত যানবাহন আটকা পড়ে দুর্ভোগ সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হায়দর আলী বেপারী বাড়ির শাহ আলম অটোরিকশা রাস্তার ওপর রেখে ইফতার করতে যায়। এর কয়েক মিনিটের মধ্যেই অটোরিকশাটি চুরি হয়। এতে তিনি স্থানীয়দের সহায়তায় আশপাশে খোঁজাখুঁজি করে ৪ জন সন্দেহভাজনকে আটক করে।
পরে অটোরিকশাটি উদ্ধার করতে সক্ষম হলেও চোরেরা ব্যাটারি অন্য জায়গায় বিক্রি করে দেয়। এতে আটকদের বাড়িতে নিয়ে ব্যাটারির জন্য মারধর করা হয়।

রাত সাড়ে ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ব্যাটারি না পাওয়া পর্যন্ত তাদেরকে ছাড়বে না বলে জানায় এলাকাবাসী।
এনিয়ে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে হামলা-মারামারির ঘটনা ঘটে। এসময় রায়পুর থানা পুলিশের মোতালেব, শওকত, মঞ্জুর ও জাহিদসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পুলিশ সদস্যদেরকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে, এলাকার নিরীহ নারী-পুরুষের ওপর পুলিশের হামলার অভিযোগ এনে লক্ষ্মীপুর-চাঁদপুর সড়কের আঞ্চলিক সড়কের রায়পুরের চৈতাইল্যা দিঘির পাড় এলাকায় অবরোধ করে।
এসময় সড়কে প্রতিবন্ধকতা ও অগ্নিসংযোগ করে ৪ ঘণ্টা অবরোধ করে রাখে। এসময় সড়কের দুই পাশে অন্তত দুই কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে।

রিকশাচালক শাহ আলম বলেন, আমরা ব্যাটারি উদ্ধারের জন্য চোরদের আটক করে রেখেছি। পুলিশ এসে তাদের নিয়ে যেতে চায়। তাদেরকে না দেওয়ায় পুলিশ আমাদের ওপর হামলা চালায়। আমাদের অন্তত ১৫-১৬ জন আহত হয়েছে।

এ বিষয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিনুল হক জানায়, ৪ জন চোরকে আটকে মব করা হচ্ছে- ৯৯৯ এ ফোন পেয়ে আমাদের মোবাইল টিম ঘটনাস্থলে যায়। অনেক চেষ্টা করে যখন তাদেরকে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল, তখন পেছন থেকে এলাকাবাসী পুলিশকে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে এসআইসহ ৪ জন পুলিশ আহত হয়।

তিনি আরো বলেন, আটক ৪ চোর থানা পুলিশের হেফাজতে রয়েছে। রিকশা চুরির ঘটনায় মালিক মামলা দিলে মামলা নেবো। আর পুলিশ আহতের ঘটনায় মামলা হবে। যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ গিয়ে অবরোধ তুলে দিয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৯৫

পবিত্র রমজান মাসে নগরবাসীর নিরাপদ সিয়াম পালন এবং শান্তিপূর্ণ ঈদুল ফিতর উদযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টা থেকে ২টা পর্যন্ত টানা ৪ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল চাঁদাবাজ, কিশোর গ্যাং সদস্য, মাদককারবারি, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের চিহ্নিত করে আটক করা।
সম্মিলিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তেজগাঁও বিভাগ সূত্রে আরো জানা যায়, আদাবর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে মোহাম্মদপুর থানা-পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৫৪ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় একজন, খুনের মামলায় একজন, চাঁদাবাজির মামলায় চারজন, পরোয়ানাভুক্ত আসামি চারজন এবং অন্যান্য আইনে ৪৪ জন রয়েছেন।

গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।