নারায়ণগঞ্জে ৫১ কৃতি শিক্ষার্থীকে জেলা পরিষদের সংবর্ধনা ও শিক্ষা সহায়তা

SHARE

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিভিন্ন বিভাগে অসাধারণ কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা ও শিক্ষা সহায়তা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ।

বুধবার দুপুর ১২টায় জেলা পরিষদ কার্যালয়ে এ সংবর্ধনা ও শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ৫১ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও এককালীন নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ফলজ গাছের চারা উপহার দেওয়া হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। এ সময় জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নাহিদ ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন কর্মসূচির মধ্যে শিক্ষার্থীদের উৎসাহিত করা ও মেধার বিকাশে সহায়তা করা অন্যতম। শিক্ষা ও চাকরির ক্ষেত্রে নারায়ণগঞ্জ পিছিয়ে থাকলেও আমাদের নেতৃত্ব দেওয়ার পূর্ণ সক্ষমতা রয়েছে। সেই ভাবনা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। আমরা নেতিবাচক নয়, একটি পজিটিভ নারায়ণগঞ্জ দেখতে চাই। অতীত কর্মকাণ্ডের কারণে জেলাটিকে ঘিরে তৈরি হওয়া নেতিবাচক ধারণা তরুণদের হাত ধরেই পরিবর্তন করতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমাদের নিজেদের প্রশ্ন করতে শিখতে হবে এবং নিজেকে জানতে হবে। নিজের ভিতর থেকেই সবকিছু জানার ও বোঝার চেষ্টা চালিয়ে যেতে হবে।

সংবর্ধনা পেয়ে অনুভূতি ব্যক্ত করেন সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় ১২০২ নম্বর পাওয়া শিক্ষার্থী বায়েজিদ ইবনে ওবায়েদ, কৃতি শিক্ষার্থী সাদিয়া চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী অমিত হাসান।

তারা জানান, জেলা পরিষদের এমন উদ্যোগ তাদের দায়িত্ববোধ বাড়িয়ে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরো ভালো করার অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।