ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার শিকার হয়ে স্থানীয় থানায় আনুষ্ঠানিক মামলা দায়ের করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মঙ্গলবার ভেনিসের পিয়াচ্ছা লে রোমা পুলিশ স্টেশনে গিয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তিনি এই অভিযোগ দায়ের করেন। সেখানে প্রায় তিন ঘণ্টা অবস্থান করে পুলিশের কাছে ঘটনার আদ্যোপান্ত তুলে ধরেন তিনি। ঘটনার সময় ধারণকৃত ভিডিওচিত্র পর্যালোচনার মাধ্যমে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরকালে ইতালিতে নিযুক্ত বাংলাদেশ মিলান কনস্যুলেটের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে উপস্থিত ছিল। প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট ভিডিও ফুটেজও স্থানীয় তদন্তকারী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে সামাজিক মাধ্যমে অভিনেত্রী জানিয়েছিলেন যে ভেনিসে নিজের ওপর হামলার সুবিচার না নিয়ে তিনি শহর ছাড়বেন না।
ঘটনার পরপরই ইতালির পুলিশ প্রশাসন তাঁকে নিরাপত্তা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানান যে কনস্যুলার কর্মকর্তাদের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের আমন্ত্রিত অতিথি হিসেবে বাঁধনের ওপর এমন অপ্রত্যাশিত আচরণের ঘটনাকে আয়োজক কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। স্থানীয় পুলিশকেও তারা বিষয়টি অবহিত করেছে এবং অভিনেত্রীকে বাড়তি নিরাপত্তা ও অবস্থান সুবিধার আশ্বাস দিয়েছে। উৎসবের আনুষ্ঠানিকতা শেষে তিনি ঢাকায় ফিরবেন এবং তদন্ত বা সাক্ষ্যপ্রমাণের প্রয়োজনে পরবর্তীতে ডাকলে পুনরায় ভেনিসে উপস্থিত হবেন বলে নিশ্চিত করেছেন।



