পাল্টা ‘অপারেশন গজব-লিল-হক’-এ নিহত ৩০ আফগান সেনা, দাবি পাকিস্তানের

SHARE

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তালেবান সরকারের বাহিনীর ‘উসকানিমূলক’ হামলার জবাবে পাল্টা অভিযানে অন্তত ৩০ জন আফগান তালেবান সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো। খবর জিও নিউজ।

নিরাপত্তা সূত্র জানায়, সীমান্তে হামলার পর পাকিস্তানি বাহিনী ‘অপারেশন গজব-লিল-হক’ শুরু করে। তালেবান বাহিনী কোয়াডকপ্টার ব্যবহার করে পাকিস্তানি নিরাপত্তা চৌকিতে হামলার চেষ্টা চালালেও তা ব্যর্থ হয়। পাকিস্তানি বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে সব কোয়াডকপ্টার ভূপাতিত করে বলে দাবি করা হয়েছে।

পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে পাল্টা জবাব দেওয়া হচ্ছে এবং ড্রোনের মাধ্যমে তালেবান অবস্থানগুলো লক্ষ্যবস্তু করা হচ্ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া দাবি ও ভিডিও ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ তোলে তারা।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আফগান তালেবান খাইবার পাখতুনখোয়া প্রদেশের একাধিক স্থানে ‘উসকানিমূলক গুলি’ চালায়। এর তাৎক্ষণিক ও কার্যকর জবাব দেওয়া হচ্ছে। বিবৃতিতে বলা হয়, চিত্রাল, খাইবার, মোহমান্দ, কুররম ও বাজাউর সেক্টরে তালেবান বাহিনীকে ‘শাস্তি’ দেওয়া হচ্ছে। প্রাথমিক প্রতিবেদনে আফগান পক্ষের ব্যাপক হতাহতের তথ্য পাওয়া গেছে এবং একাধিক পোস্ট ও সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

পাকিস্তান তাদের ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানানো হয়।

সাম্প্রতিক এই উত্তেজনা কয়েক দিন আগে সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা তথ্যভিত্তিক বিমান হামলার পর শুরু হয়। নিরাপত্তা সূত্রের দাবি, আফগানিস্তানের নানগারহার, পাকতিকা ও খোস্ত প্রদেশে সাতটি শিবির ও আস্তানায় চালানো হামলায় শতাধিক জঙ্গি নিহত হয়েছে।

পাকিস্তান নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ হিসেবে উল্লেখ করে জানায়, সাম্প্রতিক আত্মঘাতী হামলার জবাব হিসেবেই এসব বিমান হামলা চালানো হয়।

পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বলেছেন, আফগান তালেবানের উসকানিমূলক পদক্ষেপের জবাবে পাকিস্তান প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “কেউ পাকিস্তানের শান্তি কেড়ে নিতে পারবে না।”

তিনি বাজার ও মসজিদে বোমা হামলার নিন্দা জানিয়ে বলেন, এসব হামলা কোনোভাবেই বরদাশত করা হবে না। একই সঙ্গে আফগানিস্তানকে শান্তিপূর্ণ প্রতিবেশী হিসেবে আচরণ করার আহ্বান জানান তিনি।