বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠি দেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহরিয়ার কবির।

জুলাই অভ্যুত্থানের ‘স্পিরিট’ সমুন্নত রাখতে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখার দাবি জানান তিনি।

যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক-ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। আজ সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয় বলে জানিয়েছেন সরকারপ্রধানের অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ঢাকার যানজট নিরসনে ট্রাফিক-ব্যবস্থা ঢেলে সাজাতে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী শামসুল হকের নেতৃত্বে কয়েকজন বিশেষজ্ঞকে নিয়ে তিনি বৈঠক করেন এবং এ ব্যাপারে তাদের মতামত জানতে চান।

 

আতিকুর রহমান রুমন জানান, শেরেবাংলানগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের বিষয়েও প্রধানমন্ত্রী স্থপতিদের সঙ্গে কথা বলেন এবং তাদের মতামত শোনেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদের সঙ্গেও আলাদা বৈঠক করেছেন।
মন্ত্রীদের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরাও বৈঠকে উপস্থিত ছিলেন।

রাজধানীর গণপরিবহনব্যবস্থায় দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনতে ১৮০ দিনের একটি কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আগামী ছয় মাসের মধ্যে রাজধানীতে নারী যাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করতে চায় সরকার বলে জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল হক। 

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, প্রাথমিক এই কর্মসূচির মূল লক্ষ্য হবে গণপরিবহনকে সুশৃঙ্খল করা এবং নারীদের জন্য নিরাপদ ও আবেদন সৃষ্টিকারী বাসসেবা চালু করা। নারীদের জন্য বিশেষায়িত বাস, যেখানে নারীচালক নিয়োগের বিষয়টিও বিবেচনায় রয়েছে, তা দ্রুত চালুর বিষয়ে আগ্রহ দেখানো হয়েছে।

চাঁদাবাজির বিরুদ্ধে হটলাইন চালু করলেন যুব প্রতিমন্ত্রী

এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাঁদাবাজি ও সন্ত্রাসীর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

নিজ নির্বাচনী এলাকায় (রাজধানীর পল্লবী ও রূপনগর) জনগণের দুর্ভোগ লাঘবে এবং সরাসরি অভিযোগ গ্রহণের সুবিধার্থে একটি বিশেষ হটলাইন নম্বর চালু করেছেন তিনি। তিইন জানান, ঢাকা-১৬ (পল্লবী ও রূপনগর)-এর চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনা অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স।

প্রতিমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়, পল্লবী ও রূপনগর এলাকায় কেউ যদি চাঁদাবাজি বা কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে, তবে তাকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না।

অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরো জানানো হয়, জনগণের দুর্ভোগ লাঘবে এবং সরাসরি অভিযোগ গ্রহণের সুবিধার্থে একটি বিশেষ হটলাইন নম্বর চালু করা হয়েছে। এখন থেকে ওই এলাকার যেকোনো নাগরিক চাঁদাবাজি বা অনিয়মের শিকার হলে সরাসরি ০১৫৫২-১৬১৬১৬ নম্বরে কল করে অভিযোগ জানাতে পারবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

সোমবার (০ে১ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে সেফ সিটি বাস্তবায়ন ও ডাটাবেজ রেজিস্ট্রেশন বিষয়ক সহযোগিতা, সন্ত্রাস দমন ও দু’দেশের পুলিশ একাডেমির মধ্যে পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর, অপরাধী বা বন্দি বিনিময়, ড্রোন খাতে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সৌহার্দপূর্ণ আলোচনা হয়।
বৈঠকের শুরুতে মন্ত্রী হাইকমিশনারকে স্বাগত জানান। হাইকমিশনার নবনিযুক্ত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তার নতুন দায়িত্বে পালনের জন্য অভিনন্দন জানান।

ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ

আজ ২ মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস। ৫৫ বছর আগে ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলাভবন প্রাঙ্গণের বটতলায় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। ওইদিন পতাকা উত্তোলন করেছিলেন ডাকসুর তৎকালীন ভিপি আ স ম আবদুর রব।

একাত্তরের অগ্নিঝরা মার্চের এই দিনে উত্তোলন করা হয়েছিল সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালি মানচিত্রখচিত পতাকা। সেদিন দুপুরে ও রাতে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয়ে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা ওড়ানো হয়েছিল।

পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ, অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে তৎকালীন ডাকসু নেতাদের উদ্যোগে সাড়া দিয়েছিলেন আমজনতা। প্রকৃতপক্ষে সেদিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়েই বাঙালি ছাত্র-জনতা স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত হয় এবং স্বাধীনতা অর্জনের পথে যাত্রা শুরু করে।

বিদেশের মাটিতে সর্বপ্রথম অর্থাৎ ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল ১৯৭১ সালের ১৮ এপ্রিল। ডেপুটি হাইকমিশনের প্রধান এম হোসেন আলী বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে জাতীয় পতাকা উত্তোলন করেন।

পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আজ নানান কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আজ সকাল ১০টায় ‘পতাকা উত্তোলন দিবস’ উদযাপন করা হবে। অনুষ্ঠানে ডাকসুর সাবেক ভিপি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রব অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

জটিল সমস্যায় হাসপাতালে এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু, দোয়া চাইলেন স্বামী

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু। গাইনোকোলজিক্যাল জটিলতার কারণে গত ২৩ ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হলে জরুরি অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের আগে তিনি প্রায় শক অবস্থায় ছিলেন এবং পেটের ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গুরুতর জটিলতা তৈরি হয়। অস্ত্রোপচার সফল হলেও পরবর্তীতে নতুন করে কয়েকটি জটিলতা দেখা দেয়। বর্তমানে পোস্ট-অপারেটিভ ফুসফুসের সংক্রমণসহ একাধিক সমস্যায় ভুগছেন তিনি। তার শরীরে সেপটিসেমিয়ার লক্ষণ, নিউট্রোফিলিয়া, ডি-ডাইমার, লিভার এনজাইম, সি-আর-পি ও ডব্লিউবিসি সহ বিভিন্ন পরীক্ষার সূচক বেড়ে গেছে।

এছাড়া হাই ডায়াবেটিস (ইনসুলিন নির্ভর) অবস্থা এবং অক্সিজেন সাপোর্ট ছাড়া স্যাচুরেশন কমে যাওয়ার সমস্যাও রয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ডা. মিতুর ভেরিফায়েড ফেসবুক আইডিতে তার স্বামী এক পোস্টে এসব তথ্য জানিয়ে দোয়া চেয়েছেন। তিনি লিখেছেন, অস্ত্রোপচারের পর কিছু প্যারামিটার কমে আসলেও কিছু নতুন করে বেড়েছে। তবে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এনসিপির বিভিন্ন নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ডা. মিতুর দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণে এনসিপির ১৪ সদস্যের কমিটি

জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণে হাসনাত আব্দুল্লাহকে প্রধান করে ১৪ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (১ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি।

এতে জানানো হয়, জুলাই গণহত্যা ও গুমের বিচার নিশ্চিত করতে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটি প্রধান এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উপ-প্রধান মুজাহিদুল ইসলাম শাহীন।

কমিটির সদস্য কাজী রাইসুল ইসলাম (জুলাই আহত যোদ্ধা), শারমিন সুলতানা (শহীদ জুয়েলের বোন), জাহিদ হাসান (গুম হওয়া পরিবারের সদস্য), মো. মাহবুব আলম, অ্যাডভোকেট খন্দকার রাকিব, অ্যাডভোকেট ওমর ডালী, অ্যাডভোকেট এরশাদুল বারী খন্দকার, অ্যাডভোকেট আমিনা আক্তার লাভলী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, তামিম আহমেদ ও আরমান হোসাইন।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চড়া, ঝুঁকিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার পর ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে—বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল এই সংকীর্ণ সমুদ্রপথ দিয়ে পরিবাহিত হয়। বর্তমানে যুদ্ধঝুঁকির কারণে এই রুট দিয়ে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার উপক্রম হয়েছে, যার প্রভাবে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ইতিমধ্যে গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। গত ১৭ ফেব্রুয়ারিতে যেখানে ব্যারেলপ্রতি দাম ছিল ৬১ ডলার, তা বেড়ে বর্তমানে ৬৭ ডলারে দাঁড়িয়েছে। মূলত ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক ফলহীন হওয়ার পর থেকেই বাজারে অস্থিরতা বাড়ছিল; সাম্প্রতিক সামরিক পদক্ষেপের পর দাম আরও উর্ধ্বমুখী হওয়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

বাংলাদেশের ঝুঁকি কোথায়?

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা সরাসরি হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল। দেশের প্রায় ৯০ শতাংশ প্রাথমিক জ্বালানি আমদানি—অপরিশোধিত তেল, পরিশোধিত জ্বালানি ও এলএনজি—এই রুট দিয়েই বাংলাদেশে আসে। সৌদি আরব, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের মতো প্রধান সরবরাহকারীদের কাছ থেকে জ্বালানি আনার ক্ষেত্রে বাস্তবে কোনো বিকল্প সমুদ্রপথ নেই।

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জন্য মূলত দুই ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে— ১. মূল্যঝুঁকি: আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও এলএনজি আমদানিকারকদের আমদানি ব্যয় বহুগুণ বাড়বে। এতে সরকারের ওপর ভর্তুকির চাপ বাড়বে অথবা দেশীয় বাজারে দাম সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।

২. সরবরাহঝুঁকি: হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বিঘ্নিত হলে বা বীমা প্রিমিয়াম বেড়ে গেলে শিপমেন্ট বিলম্বিত হতে পারে। এর ফলে দেশের বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে জ্বালানি সরবরাহে বড় ধরণের ঘাটতি তৈরির আশঙ্কা রয়েছে।

জ্বালানি সংকটের প্রভাবে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়তে পারে, যা সরাসরি শিল্পখাতে উৎপাদন খরচ বাড়িয়ে দেবে। এতে জ্বালানিনির্ভর রপ্তানি পণ্যগুলো বিশ্ববাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে। এছাড়া আমদানি বিল বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে, যা দেশীয় বাজারে মুদ্রাস্ফীতি পুনরায় ঊর্ধ্বমুখী হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে।

জ্বালানি বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশকে দ্রুত বিকল্প সরবরাহ উৎস খোঁজা, দীর্ঘমেয়াদি মূল্যচুক্তি নিশ্চিত করা এবং কৌশলগত জ্বালানি মজুত বাড়ানোর বিষয়টি নতুন করে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।

তথ্যসূত্র: টিবিএস

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন : উপদেষ্টা

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা। ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক হামলার পর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রবিবার (১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন তিনি। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর।

নাম প্রকাশ না করার শর্তে ওই উপদেষ্টা বলেন, ‘আমি তার সঙ্গে যোগাযোগে আছি।

সব ঠিক আছে।’
আহমাদিনেজাদের ওই উপদেষ্টা আরো জানান, শনিবার তার নিরাপত্তা কাজে ব্যবহৃত একটি ভবনে হামলা চালানো হয়েছে। এতে ইরানের বিশেষ বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পসের (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছেন। তারা সাবেক এই প্রেসিডেন্টের দেহরক্ষী হিসেবে নিয়োজিত ছিলেন।

তবে আহমাদিনেজাদের নিজস্ব বাসভবনটি ওই ভবন থেকে মাত্র ১০০ মিটার দূরে হলেও সেটি হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং ভবনটি পুরোপুরি অক্ষত রয়েছে।
এর আগে, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল যে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন। তিনি ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন।

ইরানের হামলায় কুয়েতে ১ জন নিহত, আহত ৩২

মার্কিন-ইসরাইলি যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এসব হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মধ্যে কুয়েতও আক্রান্ত হয়েছে। ইরানের পাল্টা হামলায় কুয়েতে ১ জন নিহত হয়েছেন এবং ৩২ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, আদান হাসপাতালে জরুরি বিভাগে ৩২ জন আহত রোগী নেওয়া হয়েছে, যাদের প্রত্যেকেই বিদেশি নাগরিক। চিকিৎসা দল সর্বোচ্চ প্রস্তুতি ও সতর্কতার সঙ্গে আহতদের সেবা দিচ্ছে।

পরে আহতদের মধ্যে ১৫ জনকে জাবের হাসপাতালে বিশেষ চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়, এবং বাকি আহতদের চিকিৎসা আদান হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া আদান হাসপাতালে পাঁচজনের জরুরি অস্ত্রোপচার করা হয়েছে, এবং একজনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের প্রতি শোক প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র ড. আব্দুল্লাহ আল-সানাদ বলেছেন, আহতদের মধ্যে বিভিন্ন ধরনের ক্ষত রয়েছে। বক্ষ, মাথা ও পেটসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত, অস্থিভঙ্গসহ একাধিক স্থানে জখম হয়েছে। তিনি নিশ্চিত করেছেন, সব রোগী অনুমোদিত চিকিৎসা প্রোটোকল অনুযায়ী পর্যবেক্ষণ ও চিকিৎসা পাচ্ছেন।

চলমান পরিস্থিতির মধ্যে জরুরি ও নিবিড় পরিচর্যা ইউনিটগুলোর প্রস্তুতি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দ্রুত সাড়া ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্যখাতের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে।