সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপদের রাখা নিয়ে স্পিকারের উষ্মা

SHARE

জাতীয় সংসদের সংসদীয় কমিটিতে প্রতিমন্ত্রী ও হুইপদের রাখা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেছেন, সংসদীয় কমিটির সভাপতি হবেন বেসরকারি সদস্য। আর মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সংশ্লিষ্ট কমিটিতে সদস্য হিসেবে থাকবেন। বিষয়টি নিয়ে ভবিষ্যতে সতর্ক থাকতে চিফ হুইপকে অনুরোধ করেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে পাঁচটি সংসদীয় কমিটি গঠন ও দুটি কমিটি পুনর্গঠন করেন চিফ হুইপ নূরুল ইসলাম। এরপর তাকে উদ্দেশ্য করে এ কথা বলেন স্পিকার।

নতুন গঠিত কমিটিগুলোর মধ্যে প্রতিমন্ত্রীর পদমর্যাদাধারী চারজন হুইপকে চারটি কমিটির সভাপতি করা হয়েছে। তারা হলেন- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি হুইপ রকিবুল ইসলাম বকুল, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি হুইপ আখতারুজ্জামান মিয়া এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি হুইপ জি কে গউছ।

অন্যদিকে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। সংসদীয় রীতি অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য করা হয়। এর বাইরে অন্য কোনো কমিটিতে তাদের রাখা হয় না।

চিফ হুইপকে উদ্দেশ্য করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদীয় কমিটি গঠনের ক্ষেত্রে কমিটির চেয়ারম্যান বেসরকারি সদস্য হওয়ার এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সদস্য হিসেবে রাখার প্রথা রয়েছে। কিন্তু কয়েকটি কমিটিতে প্রতিমন্ত্রী, হুইপসহ উচ্চপদস্থ ও সরকারি সুযোগ-সুবিধাভোগী ব্যক্তিদের সদস্য করা হয়েছে। এতে কোনো বাধা না থাকলেও সংসদের প্রচলিত রীতি অনুযায়ী বেসরকারি সদস্যদেরই কমিটিতে রাখার বিষয়টি গুরুত্ব পায়।

ভবিষ্যতে সংসদীয় কমিটি গঠনের সময় এ বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য চিফ হুইপকে অনুরোধ জানান স্পিকার।