জয়ের ধারাটা শেষ ম্যাচেও ধরে রাখল বাংলাদেশ। হংকংকে একপ্রকার ছেলেখেলায় মাতিয়ে ৬-০ গোলের বড় জয় তুলে নিয়ে চ্যালেঞ্জার পুলের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। চার ম্যাচের চারটিতেই জিতে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকেই নারী জুনিয়র এশিয়া কাপ হকির কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের দল।
চীনের ইনার মঙ্গোলিয়ার হুলুনবুইর সিটিতে আজ চ্যালেঞ্জার পুলের শেষ ম্যাচে শুরু থেকেই হংকংয়ের ওপর আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। একতরফা ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন আইরিন রিয়া ও মোছা. লিমা। একটি করে গোল করেছেন শারিকা রিমন ও কনা আক্তার।
ম্যাচের ৯ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন শারিকা। এরপর ১৯ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আইরিন রিয়া। ২৬ মিনিটে কোনা আক্তারের ফিল্ড গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রাখে লাল-সবুজের মেয়েরা। ৩১ মিনিটে লিমার ফিল্ড গোলে স্কোরলাইন হয় ৪-০। মাত্র দুই মিনিট পরই নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশের ব্যবধান আরও বাড়ান আইরিন রিয়া। এরপর ৪৮ মিনিটে লিমাও নিজের দ্বিতীয় গোলটি করলে ৬-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয়।
এর আগে চাইনিজ তাইপে, পাকিস্তান ও কাজাখস্তানকে টানা হারিয়েছিল বাংলাদেশ। চার ম্যাচে প্রতিপক্ষের জালে মোট ২২ গোল করেছে তারা। বিপরীতে হজম করেছে মাত্র একটি গোল, সেটিও পাকিস্তানের বিপক্ষে।
চ্যালেঞ্জার ও এলিট, দুই পুল মিলিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাদের তালিকাতেও দারুণ অবস্থানে বাংলাদেশের দুই খেলোয়াড়। ছয় গোল নিয়ে সবার ওপরে আছেন শারিকা রিমন। পাঁচ গোল নিয়ে তার পরেই আছেন বাংলাদেশের আইরিন রিয়া ও ভারতের পূর্ণিমা যাদব।
চ্যালেঞ্জার পুলে অপরাজিত থেকে শীর্ষস্থান নিশ্চিত করায় এবার কোয়ার্টার ফাইনালে এলিট পুলের তৃতীয় দলকে মোকাবিলা করবে বাংলাদেশ। আগামীকালের সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে দক্ষিণ কোরিয়া কিংবা জাপান।



