বছর দুয়েক হলো নতুন পথচলা শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রথমবারের মতো কিট পার্টনারের মাধ্যমে নিজস্ব ডিজাইনের জার্সি পড়ছেন ফুটবলাররা। নতুন মৌসুমের জন্য এবার নতুন জার্সি উন্মোচন করল বাফুফে। ইতিহাস আর ঐতিহ্যের সংমিশ্রণে তৈরি করা হয়েছে এবারের জার্সি।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ নারী ও পুরুষ উভয় দলের জন্য নতুন জার্সি উন্মোচন করা হয়। প্রধান অতিথি হিসেবে জার্সি উন্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এবারও বাংলাদেশের কিট পার্টনার হিসেবে আছে দেশীয় স্পোর্টস ব্যান্ড ‘দৌঁড়’।
বাংলাদেশের এবারের জার্সি ডিজাইনটা ছিল ভিন্ন আঙিকে। সমর্থকদের কাছে চাওয়া হয়েছিল ডিজাইন। তাদের করা ১৫০০টি ডিজাইনের মধ্য থেকে ৩১টি উপাদান নিয়ে ডিজাইন করা হয়েছে এবারের জার্সি।
এবার হোম ও অ্যাওয়ে ম্যাচের জন্য দুটি জার্সি তৈরি করা হয়েছে। হোমে সাদা জার্সির সঙ্গে রাখা হয়েছে লাল শর্টস আর অ্যাওয়ের জন্য সবুজ রঙের জার্সির সঙ্গে রাখা হয়েছে সবুজ শর্টস। জার্সি এবং শর্টস দুটোতেই লাল রঙের একটি শেপ রয়েছে। এছাড়া দুটো জার্সিতেই দেশীয় সংস্কৃতির টেক্সচার রয়েছে।
জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান দৌড়ের সিইও আবিদ জানিয়েছেন, এবারের জার্সিটি ফুটবলারদের কম্ফোর্টের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে। এটি মাত্র ৮ মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে।



