বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

ডিএমপির এডিসি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাতজন অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে (এডিসি) বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে ৩ ভূমি কর্মকর্তা বদলি, গ্রাহকসেবা বন্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে। ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের পর তিন কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে দিনভর ভোগান্তিতে পড়েছেন সাধারণ সেবাগ্রহীতারা।

জানা গেছে, গত বুধবার (৪ মার্চ) সকালে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল কাউকে অবহিত না করেই আকস্মিকভাবে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি দেখেন, নির্ধারিত সময় পার হলেও অফিস তালাবদ্ধ এবং কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত নেই। কর্মকর্তাদের এমন অপেশাদার আচরণে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

বদলিকৃত তিন কর্মকর্তা হলেন- সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপসহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক ও অফিস সহকারী জান্নাতী ৷ এদের মধ্যে নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াই হাজারে ও অফিস সহকারী জান্নাতীকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে ৷

শাহজাহান নামের এক সেবাগ্রহীতা বলেন, এখানকার ভূমি অফিসে কাজ করানো মানে ভোগান্তি সহ্য করা। গতকাল মন্ত্রী আসছে শুনে আজ আসছিলাম। তবে এসে কোনো কর্মকর্তাকে পাইনি।

খাইরুল নামে আরেক ব্যক্তি বলেন, আমার জমির খাজনা জনিত সমস্যা আছে, এ বিষয়ে সমাধান জানতে এসেছিলাম। কােনো কর্মকর্তা না থাকায় ফিরে যাচ্ছি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির জাগো নিউজকে জানিয়েছেন, বুধবার রাতেই সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের অফিস সহকারীসহ তিনজনকে বদলি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তাৎক্ষণিকভাবে বদলির কারণে আজ ওই ভূমি অফিসের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে, নতুনরা জয়েন করলেই আগামী কার্যদিবস থেকে এখানে সব ধরনের নাগরিকগণ সেবা চালু হবে।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ

ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর সামরিক উত্তেজনার প্রভাব নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

গতকাল (বৃহস্পতিবার) বিকেলে দুই নেতার মধ্যে এই একান্ত ফোনালাপ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সালেহ শিবলী জানান, আলাপকালে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাত এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) দেশগুলোর প্রতি গভীর সংহতি প্রকাশ করেন। জবাবে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোন করার জন্য এবং তার আন্তরিক উদ্বেগের জন্য ধন্যবাদ জানান।

প্রেস সচিব আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ যত্ন নেওয়ায় দেশটির প্রেসিডেন্ট ও সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

সালেহ শিবলী আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি এবং ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া বিভিন্ন সহযোগিতা ও সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান।

প্রেস সচিব বলেন, ফোনালাপ চলাকালীন প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ইউএই প্রেসিডেন্ট এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশে আসার বিষয়ে সম্মতি প্রকাশ করেন।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এই ফোনালাপের জন্য এবং তার দেশের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রেস সচিব সালেহ শিবলী বলেন, আঞ্চলিক সংঘাত যেন আরও ছড়িয়ে না পড়ে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার ওপর এর মারাত্মক প্রভাব মোকাবিলায় অবিলম্বে সামরিক উত্তেজনা প্রশমনের ওপর উভয় পক্ষই গুরুত্বারোপ করেছেন।

শিবলী আরও জানান, বিদ্যমান সমস্যাগুলো নিরসন এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে সংলাপ ও কূটনৈতিক পন্থার গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেছেন দুই নেতা।

সূত্র : বাসস।

এমপিদের দুই দিনের প্রশিক্ষণ শুরু, উপস্থিত প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত সংসদ সদস্য এবং মন্ত্রীদের জন্য দুই দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে শুক্রবার সকালে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশনকে কেন্দ্র করেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার দুটি সেশনে কর্মশালা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেবেন। মধ্যাহ্ন ভোজের বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হবে বিকেল আড়াইটায়, যা চলবে সাড়ে ৪টা পর্যন্ত।

এতে অংশ নেবেন রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সংসদ সদস্য। দ্বিতীয় দিন ৭ মার্চ একই নিয়মে সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার বাকি সংসদ সদস্যরা অংশ নেবেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

বিএনপির সিনিয়র নেতারা জানিয়েছেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিশ্চিত করতে সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়ন, নীতিমালার কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তদারকিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হতে পারে। এ ছাড়া মন্ত্রীদের দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার কৌশল নিয়েও আলোচনা হবে।

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে দেশ : রাষ্ট্রপতি

বাজারের চাহিদা অনুযায়ী নিত্যনতুন আধুনিক মানসম্মত ও ব্যবহার উপযোগী স্বাস্থ্যপণ্য উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ শুক্রবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় চাষিদের পাট চাষের আহ্বান জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, অল্পমূল্যে পাটের ব্যাগ তৈরি ও বিপণন করুন।
সৃজনশীল তরুণ প্রজন্মের প্রতি আহ্বান থাকবে, স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে মেড ইন বাংলাদেশ ব্যান্ডিং ও বৈশ্বিক ইকমার্স প্ল্যাটফরমে যুক্ত হয়ে নতুন উন্মোচন করুন।

মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সব শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে, আমাদের জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তিতে আরো সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে।
গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ।

এর আগে আজ সকাল সাড়ে ৯টায় জাতীয় ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ২০১৭ সাল থেকে প্রতিবছর ৬ মার্চ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়ভাবে পাট দিবস পালিত হয়ে আসছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’।

দিবসটি উপলক্ষে পাট খাতের সমৃদ্ধির ধারা চলমান রাখতে এবং এই খাতে বিশেষ অবদান রাখার জন্য এ বছর ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। পাটক্ষেত উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাটবীজ উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উৎসাহিত করার লক্ষ্যেই প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।

যুদ্ধবিরতির অনুরোধ করছে না ইরান, দীর্ঘস্থায়ী যুদ্ধর জন্য পুরোপুরি প্রস্তুত

ইরান ‘দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং এমন কিছু উন্নত অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুতি নিচ্ছে, যা এখনো চলমান সংঘাতে ব্যবহার করা হয়নি। এমন কথা জানিয়েছেন ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর এক মুখপাত্র।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও জানিয়েছেন, ‘ইরান বর্তমানে কোনো যুদ্ধবিরতির অনুরোধও করছে না।’

তিনি বলেন, ইরানের মাটিতে যদি কোনো স্থল সামরিক অভিযান চালানো হয়, তবে সেখানে মোতায়েন করা মার্কিন সেনাদের মোকাবিলার জন্য তেহরান সম্পূর্ণ প্রস্তুত।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সতর্কবার্তা দেন।

ইরানে ‘বুটস অন দ্য গ্রাউন্ড’, অর্থাৎ মার্কিন স্থল সেনা মোতায়েনের বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট অবস্থান দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বরং তিনি বিভিন্ন সময়ে এ নিয়ে মিশ্র ইঙ্গিত দিয়েছেন। এ প্রসঙ্গে আরাগচি বলেন, ‘এই যুদ্ধে কেউ শেষ পর্যন্ত বিজয়ী হবে না।’

এক বিবৃতিতে (আইআরজিসি)-এর এক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেন, ‘আসন্ন হামলার নতুন ঢেউয়ে ইরানের শত্রুদের জন্য বেদনাদায়ক হবে।
ইরানের নতুন উদ্যোগ ও নতুন অস্ত্র ব্যবহারের প্রস্তুতি চলছে।’

তিনি আরো জানান, ‘এই প্রযুক্তিগুলো এখনো বৃহৎ পরিসরে মোতায়েন করা হয়নি।’ নায়েনি দাবি করেন, গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘটিত ১২ দিনের যুদ্ধের সময়ের তুলনায় এখন ইরান আরো বেশি প্রস্তুত। তিনি চলমান সামরিক সংঘাতকে ‘পবিত্র ও বৈধ যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেন।

সূত্র: আলজাজিরা, দ্য গার্ডিয়ান।

ইরানে সেনা পাঠানো সময়ের অপচয়: ট্রাম্প

ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মুহূর্তে ইরানে মার্কিন সেনা পাঠানো যুক্তরাষ্ট্রের জন্য ‘সময়ের অপচয়’ হবে। তিনি জানান, এখনই এমন কোনো পদক্ষেপ নিয়ে ভাবছেন না।

বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটা সময়ের অপচয়। তারা সবকিছু হারিয়েছে।
তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। তারা যা হারাতে পারে তার প্রায় সবই হারিয়েছে।’

সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাম্প্রতিক মন্তব্যও উড়িয়ে দেন। আরাঘচি এনবিসিকে বলেছিলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সম্ভাব্য স্থল আক্রমণের জন্য ইরান প্রস্তুত রয়েছে।
ট্রাম্প ওই বক্তব্যকে ‘অযথা মন্তব্য’ বলে উল্লেখ করেন।

এছাড়া ট্রাম্প বলেন, তিনি বর্তমান ইরানি নেতৃত্ব কাঠামোকে ‘সাফ করে দিতে’চান। ‘আমরা চাই তাদের একজন ভালো নেতা থাকুক। আমাদের কিছু লোক আছে, যারা আমার মনে হয় ভালো কাজ করতে পারবে।

তবে সম্ভাব্য নতুন নেতৃত্ব সম্পর্কে তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করেননি।

সূত্র : বিবিসি

যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ, অস্বীকার ভারতের

ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে ভারত নিজেদের বন্দর ব্যবহার করতে দিচ্ছে, এমন অভিযোগ ওঠার পর তা অস্বীকার করেছে দেশটি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ভারতের পরররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন সেনারা তাদের বন্দর ব্যবহার করছে এমন তথ্য মিথ্যা ও ভুয়া।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর উগ্রডানপন্থি সংবাদমাধ্যম ‘ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক’-কে বলেন, “ইরানের বিরুদ্ধে হামলা চালাতে মার্কিন নৌবাহিনী হয়তো ভারতের বন্দর ব্যবহার করছে।’

তার এ দাবি পুরোপুর প্রত্যাখ্যান করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘যুক্তরাষ্ট্রভিত্তিক টিভি ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কে ভারতীয় বন্দর ব্যবহার করার যে দাবি করা হয়েছে এটি ভুয়া ও মিথ্যা।
আমরা এ ধরনের ভিত্তিহীন এব্ং বানোয়াট মন্তব্যের ব্যাপারে সতর্ক করছি।’

এদিকে এমন সময় ভারতের বিরুদ্ধে এ অভিযোগ উঠল যখন দেশটির জলসীমায় মহড়া দিয়ে ফিরে যাওয়ার সময় সাবমেরিনের হামলার শিকার হয়েছে ইরানের একটি যুদ্ধজাহাজ।

বুধবার মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে যায় ইরানি যুদ্ধজাহাজ। শ্রীলঙ্কার জলসীমায় থাকা অব্স্থায় এটি হামলার শিকার হয়।
জাহাজটি মহড়া শেষে ভারত থেকে যাচ্ছিল। সূত্র: আল-জাজিরা

মার্চের ৩ দিনে রেমিট্যান্স এসেছে ৫৭ কোটি ডলার

চলতি মার্চ মাসের প্রথম ৩ দিনে দেশে এসেছে ৫৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। সেই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৯ কোটি ১৭ লাখ ডলার।

বুধবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত বছরের একই সময়ে এসেছিল ২৮ কোটি ৬০ লাখ ডলার।
যা বছর ব্যবধানে বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৩ মার্চ পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৩০২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২২ দশমিক ৬০ শতাংশ।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
জানুয়ারি এসেছে ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

ঈদের ছুটি হতে পারে টানা ৭ দিন, শুরু যেদিন

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি ৫ দিন নির্ধারিত থাকলেও তা আরও বাড়তে পারে। আসন্ন ঈদুল ফিতরে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগে একদিন ছুটি বাড়ানোর ঘোষণা করতে যাচ্ছে সরকার। নির্বাহী আদেশে আগামী ১৮ মার্চ ছুটি ঘোষণা করা হতে পারে। ফলে আগামী ১৬ মার্চ অফিস করেই সরকারি চাকরিজীবীদের ঈদ ছুটি শুরু হতে যাচ্ছে।

বুধবার (৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে এই ছুটি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আরবি শাবান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। ঈদকে কেন্দ্র করে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের সাধারণ ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছে সরকার।
এর আগে ১৭ মার্চ মঙ্গলবার শবে কদরের ছুটি রয়েছে। মাঝখানে ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে টানা ৭ দিনের ছুটি মিলবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র অনুযায়ী, ১৮ মার্চ ছুটির প্রস্তাব তৈরি করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন পেলে ঈদের ছুটি ৭ দিনে গড়াবে।

গত ১৮ ফেব্রুয়ারি দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায় এবং পরদিন ১৯ ফেব্রুয়ারি থেকে প্রথম রোজা শুরু হয়। সেই হিসেবে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।