বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

সুন্দরবনে বাড়ছে রয়্যাল বেঙ্গল টাইগার, আশায় বুক বাঁধছে বন

সুন্দরবন রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা এখন ১২৫। আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৫ শতাংশ। জরিপের ফলাফল ঘোষণা করে এসব তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (৮ অক্টোবর সচিবালয়ে এক ব্রিফিং এ তথ্য জানানো হয়। পরিবেশ ও বন বিষয়ক উপদেষ্টা বলেন, অতি বিপন্ন প্রাণী হিসেবে বাঘ সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে সরকার।

রিজওয়ানা হাসান বলেন, ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা, চাদঁপাই ও শরণখোলা রেঞ্জের ৬০৫টি গ্রিডে বাঘ গণনা করা হয়েছে। ২০১৮ সালে সবশেষ জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১১৪টি। কিছু পদক্ষেপ নেয়ার কারণে ৬ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ৯ দশমিক ৬৫ শতাংশ। প্রতি ১০০ বর্গ কিলোমিটারের বাঘের ঘনত্ব এখন ২ দশমিক ৬৪।

উপদেষ্টা জানিয়েছেন, বিপন্ন বাঘ সংরক্ষণে বিচরণ ও প্রজননে সুন্দরবনের ৫৩ দশমিক ৫২ শতাংশ এলাকাকে রক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। লোকালয় সংলগ্ন ৬০ কিলোমিটার এলাকায় লায়লনের ফেন্সিং করা হচ্ছে। ঝড় ও জলোচ্ছ্বাসে বাঘের আশ্রয়ের জন্য ঢিবি নির্মাণ করা হয়েছে।

এছাড়া বাঘের আক্রমণে নিহতদের ক্ষতিপূরণ দেয়া হচ্ছে। লোকালয়ে চলে আসা বাঘ ফিরিয়ে দিতে ৪৯টি ভিলেজ টাইগার রেসপন্স টিম গঠন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

৭ অক্টোবরকে কেন্দ্র করে ইসরায়েলে ১৩৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হিজবুল্লাহ-হামাসের

গতকাল পার হয়েছে গাজা যুদ্ধের এক বছর। এই দিনটিকে মাথায় রেখে অনেকটা বর্ষপূর্তি উদযাপন মনোভাব নিয়ে ইসরায়েলি শহর হাইফার প্রধান ভূমধ্যসাগরীয় বন্দর লক্ষ্য করে প্রায় ১৩৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হিজবুল্লাহ ও হামাস। সোমবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, হাইফার বিভিন্ন অবৈধ বসতি ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা পর্যন্ত ক্ষেপণাস্ত্র হামলা চালায় সশস্ত্র সংগঠন দুটি।

এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন থেকে হাইফার প্রধান ভূমধ্যসাগরীয় বন্দর লক্ষ্য করে পাঁচটি রকেট ছোড়া হয়েছিল। তবে এসব রকেট ধ্বংস করতে ইন্টারসেপ্টর নিক্ষেপ করা হয়েছিল।

উল্লেখ্য, এসব হামলায় হাইফা এলাকায় ১০ জন এবং মধ্য ইসরায়েলে আরও দুইজন আহত হয়েছে বলে জানা গেছে।

দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি

একদিন বারলো দুর্গাপূজার ছুটি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বৃহস্পতিবারও (১০ অক্টোবর) ছুটি দিয়েছে সরকার। কাল বুধবার (৯ অক্টোবর) মহাষষ্ঠির মধ্যে দিয়ে শুরু হচ্ছে এবারের দূর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। প্রস্তুত সারাদেশের পূজার মন্ডপগুলো।

সকাল থেকে ঢাকেশ্বরী সার্বজনীন মন্দিরে দেখা যায় উৎসবের আমেজ। দেবীদূর্গার মঞ্চ এবং ভক্ত দর্শনার্থীদের প্রার্থণার জায়গা সাজানো হয়েছে। মন্ডপ পরিদর্শনে যান প্রধান উপদেষ্ঠার তথ্য সচিব ও বিশেষ সহকারী। হিন্দু সম্প্রদায়ের আট দফা দাবি নিয়ে মতবিনিময় করেন নেতাদের সাথে।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, সংখ্যালঘুদের উপর হামলার সব ঘটনার বিচার করা হবে। কেউ মামলা করলে আইনী সহায়তা দেয়া হবে। বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর যাতে নিরাপত্তার সাথে উদযাপন করতে পারে, সে ব্যবস্থা করবে সরকার।

একইসাথে বৃহস্পতিবার ছুটির কথাও জানান তিনি। সরকারের নির্বাহী আদেশে এই ছুটি (বৃহস্পতিবার) ঘোষণা করা হয়েছে। এর ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি হতে যাচ্ছে।

কারণ, আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর পরদিন রোববার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি। ফলে সব মিলিয়ে আগামী বৃহস্পতি থেকে রোববার পর্যন্ত ছুটি থাকছে।

আবারও রিমান্ডে পলক, সালমানসহ আ. লীগ নেতা ও পুলিশ কর্মকর্তারা

আবারও রিমান্ডে পাঠানো হয়েছে দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমানসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ও পুলিশ কর্মকর্তাকে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে আসামিদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে তোলা হলে তিনি রিমান্ডের এই আদেশ দেন।

যাত্রাবাড়ী থানার ইমন গাজী হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড দেয়া হয়েছে জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে।

এছাড়া, যাত্রাবাড়ী থানার পৃথক হত্যা মামলায় দীপু মনিকে ৭ দিন ও ৫ দিন, জুনায়েদ আহমেদ পলককে ৭ দিন ও ৫ দিন, সালমান এফ রহমানকে ৫ দিন এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৭ দিন ও ৪ দিন এবং ডিবির সাবেক উপ কমিশনার মশিউর রহমানকে ৪ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

নিউ মার্কেট থানার বিস্ফোরক মামলায় জুনায়েদ আহমেদ পলকের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিএমএম কোর্ট।

অপরদিকে, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক আইজিপি শহীদুল হকসহ কয়েকজনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন একই আদালত।

এ ছাড়াও, মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হককে।

ওএসডির পর এবার বরখাস্ত হলেন সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি

ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার কারণে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মিকে এবার সাময়িক বরখাস্ত করেছে সরকার।

সোমবার বিকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে, রোববার তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসডি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ওএসডি হওয়া কর্মকর্তা তাপসী তাবাসসুম উর্মিকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফেসবুকে সরকার ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের নিয়ে ঊর্মির দেওয়া পোস্টের জেরে গত দুইদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনায় চলছে।

শনিবার তাপসী তাবাসসুম উর্মি নিজের ফেসবুকে লিখেছেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

পরে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে উর্মি গণমাধ্যমকে জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এক বক্তব্যের জের ধরে তার এই প্রতিক্রিয়া।

ফ্যাসিবাদী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি বিপ্লবী ছাত্র পরিষদের

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ ও জুলাইয়ে ছাত্র-গণহত্যায় জড়িত অভিযোগে ফ্যাসিবাদী ছাত্র সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ।

ভারতীয় আগ্রাসনবিরোধী শহিদ আবরার দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ দাবি জানানো হয়।

এছাড়াও ছাত্রলীগের নির্যাতনের শিকার শিক্ষার্থীদের আর্থিক ক্ষতিপূরণ, চাকরি প্রদান, ভারতের সঙ্গে সব অন্যায্য চুক্তি বাতিল ও অভিন্ন আন্তর্জাতিক নদীর পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি জানানো হয়।

বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- জাতীয় বিপ্লবী পরিষদের সমন্বয়ক হাসান আরিফ, যুগ্ম আহ্বায়ক আবদুস সালাম ও আব্বাস উদ্দীন।

এছাড়াও বক্তৃতা করেন বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানোয়ারা খাতুন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ইয়ামিন সরকার, সহকারী সদস্য সচিব হামিম হোসাইন শুভ, মো. শফিক ও জিহাদী ইহসান প্রমুখ।

সমাবেশে আবদুল ওয়াহেদ বলেন, শহিদ আবরার ফাহাদ ফেসবুকে ভারতীয় আগ্রাসনবিরোধী স্ট্যাটাস লেখায় ছাত্রলীগ ক্যাডাররা তাকে রাতভর নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। ঘটনার পাঁচ বছর পেরিয়ে গেলেও সংগঠন হিসেবে ছাত্রলীগের কোনো বিচার হয়নি। তাই বারবার বিনা বিচারে পার পাওয়া ছাত্রলীগ জুলাই গণহত্যার সূচনা করতে পরোয়া করেনি।

তিনি অভিযোগ করেন, ছাত্রলীগের বর্তমান নেতাকর্মীরা হামলা করার পর পুলিশ, বিজিবি ও র‍্যাবে কর্মরত সংগঠনটির সাবেক নেতাকর্মীরাই ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়েছে। এ অবস্থায় ছাত্রলীগকে ফ্যাসিস্ট সংগঠন হিসেবে নিষিদ্ধ করার বিকল্প নাই।

এজন্য সরকারকে আইন করে ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে সিনেট-সিন্ডিকেটের মাধ্যমে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানান বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক।

তিনি আরও বলেন, ছাত্রলীগ গত ১৬ বছরে অব্যাহতভাবে হাজার হাজার ছাত্রছাত্রীকে নির্যাতন করেছে, পুলিশের হাতে তুলে দিয়েছে, ঠিক মতো ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে দেয়নি, এমনকি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশনের নামে অন্যায়ভাবে বাদ দিয়েছে।

এসব অন্যায়ের প্রতিকার করতে ফ্যাসিবাদবিরোধী কমিশন গঠন করে মজলুম শিক্ষার্থীদের শারিরীক মানসিক একাডেমিক ও পেশাগত ক্ষতির ন্যায্যমূল্য নির্ধারণ করে ক্ষতিপূরণ প্রদানের আহ্বান জানান আবদুল ওয়াহেদ।

তিনি বলেন, আবরার ফাহাদ শহিদ হয়েছিলেন ভারতের আগ্রাসনের প্রতিবাদ করায়। তাই ভারতের সঙ্গে করা আগ্রাসনমূলক অন্যায্য সব চুক্তি বাতিল করতে হবে। এসব চুক্তি ফ্যাসিস্ট হাসিনা রেজিম করেছে বলে চুক্তিগুলো অবৈধ বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশ শেষে রাজু ভাস্কর্য থেকে বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলে ‘শহিদ আবরার, লও লও সালাম’ ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘অবিলম্বে ছাত্রলীগকে নিষিদ্ধ করো’ বলে স্লোগান দেওয়া হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সব সড়ক প্রদক্ষিণ করে।

প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে। পরে রাত ৩টার দিকে হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় বয়ে যায়। দায়ের হয় হত্যা মামলা। ওই মামলায় সব মিলিয়ে ২৫ জনকে অভিযুক্ত করে ২০১৯ সালের ১৩ নভেম্বর অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর মামলায় অভিযোগ গঠন করা হয়। এর মধ্যে ২০ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ৭৩৭ জন: স্বাস্থ্য উপদেষ্টা

জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ৭৩৭ জন, মোট আহত ২২ হাজার ৯০৭ জন।এমনটা জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।সোমবার (৭ অক্টোবর) বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা এসব তথ্য তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, নিহত ও আহতের তালিকা করতে যে কমিটি হয়েছে এর ভিত্তিতে ৭৩৭ জন নিহতের তথ্য পেয়েছে মন্ত্রণালয়। এটা যাচাই করা হয়েছে। ছাত্ররা বলেছে পনেরো শ’র উপরে নিহত। এটা মিলিয়ে দেখা হবে। ডিসি ও সিভিল সার্জন পর্যায়ে তথ্য চাওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা।

তিনি আরও জানান, মোট ২২ হাজার ৯০৭ জন আহতের তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে চোখে আঘাত পেয়েছে ৪০০ জন। এরমধ্যে ১ চোখ হারিয়েছে সাড়ে ৩শ জন, দুই চোখ হারিয়েছে ৩৫ জন, অঙ্গহানি হয়েছে ২২ জনের। বাকিরা নানাভাবে আহত হয়েছেন বলেও জানান তিনি।

সামিট গ্রুপের আজিজ খানসহ পরিবারের ১১ জনের ব্যাংক হিসাব জব্দ

সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানসহ তাদের পরিবারের ১১ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনার চিঠি পাঠিয়েছে। রোববার (৬ অক্টোবর) তাদের হিসাব স্থগিত করা হয়েছে।

ব্যাংক হিসাব স্থগিত করা পরিবারের সদস্যরা হলেন— মোহাম্মদ আজিজ খান, মোহাম্মদ ফয়সাল করিম খান, আঞ্জুমান আজিজ খান, আয়শা আজিজ খান, আদিবা আজিজ খান, জাফর উদ্দীন খান, মোহাম্মদ লতিফ উদ্দিন খান, মোহাম্মদ ফরিদ উদ্দিন খান, সালমান খান, কর্নেল (অব.) ফারুক খান।

লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে জব্দ করা ব্য ক্তিদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়া হয়েছে।

বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণীসহ আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং হিসাবসহ খেলাপি থাকলে তারও তথ্য পাঠাতে বলা হয়েছে।

এছাড়া আমদানি বা রফতানি বিলের বিস্তারিত তথ্য চিঠি পাওয়ার দুই কর্মদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

ভারতের চেন্নাইয়ে বিমানবাহিনীর এয়ার শো দেখতে গিয়ে ৩ জনের মৃত্যু

ভারতের চেন্নাইয়ের মেরিনা বিচে বিমানবাহিনীর এয়ার শো দেখতে গিয়ে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অন্তত একজন হিট স্ট্রোকে মারা গেছেন বলে জানায় চিকিৎসকেরা। রোববার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বয়া হয়, ৯২তম বিমানবাহিনী (আইএএফ) দিবস উদ্‌যাপন উপলক্ষে এই এয়ার শোর আয়োজন করা হয়। এই শো দেখতে স্থানীয় সময় রোববার সকাল ১১টার আগে, মেরিনা সৈকতে উৎসুক জনতা জড়ো হয়। সূর্যের প্রচণ্ড খরতাপ থেকে বাঁচতে অনেকে ছাতা নিয়ে হাজির হন।

তবে, বিপুল সংখ্যক মানুষের ভিড়ে পানিশূন্যটা ও হিট স্ট্রোকে ওই তিনজন দর্শক মারা যান বলে জানান চিকিৎসকরা। এয়ার শো দেখতে সমুদ্র সৈকতে প্রায় ১৫ লাখ মানুষ জড়ো হয়েছিল। এ নিয়ে তৃতীয়বারের মতো দিল্লির বাইরে এবং দক্ষিণ ভারতে প্রথমবারের মতো এয়ার শো করলো ভারতীয় বিমানবাহিনী।

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. ইউনূস

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি তালিকায় শীর্ষ ৫০ ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন।

জর্ডানের রাজধানী আম্মানভিত্তিক প্রতিষ্ঠান ‘দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)’ ১৬তম বারের মতো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলমান ব্যক্তিদের এ তালিকা প্রকাশ করেছে। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতিবছর এ তালিকা প্রকাশ করে আসছে।

ধর্মীয় চিন্তাভাবনা এবং রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে শিল্প ও সংস্কৃতি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে গভীরভাবে অবদান রাখছেন এবং নিজ দেশে ও দেশের বাইরে মুসলমান সম্প্রদায়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে যাচ্ছেন এমন ব্যক্তিরা ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শিরোনামের এ তালিকায় স্থান পান।

যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটিতে প্রিন্স আলওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম-ক্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিংয়ের সহযোগিতায় এ বছরের তালিকাটি প্রস্তুত করা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. ইউনূস।