বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

ব্র্যন্ডন কিং ও ইভান লুইস ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা

১৮০ রানের লক্ষ্য টি-টোয়েন্টিতে এমনিতেই বর্তমান সময়ে খুব বেশি বড় নয়। লঙ্কানদের দেয়া সেই লক্ষ্য আরও মামুলি হয়ে যায় ব্র্যন্ডন কিং ও ইভান লুইস ঝড়ে। পরে তার ফিরলেও জয় পেতে কোন অসুবিধা হয়নি ওয়েস্ট ইন্ডিজের।

রোববার (১৩ অক্টোবর) ডাম্বুলায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার ১৭৯ রান তারা পেরিয়ে গেছে পাঁচ বল বাকি থাকতেই। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। দলীয় ২৭ রানের মধ্যে ফেরেন দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল পেরেরা। খানিক পরে ফিরেন কুশল মেন্ডিসও।

এরপর কামিন্দুকে নিয়ে পাল্টা আক্রমণ শুরু করেন অধিনায়ক আসালাঙ্কা।মাত্র ৩১ বলে পূর্ণ হয় তাদের জুটির পঞ্চাশ রান। ৫ চার ও ২ ছক্কায় ৩৬ বলে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটিতে পৌঁছান কামিন্দু। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি। স্প্রিঙ্গারের শর্ট বলে পুল করতে গিয়ে সীমানায় রোস্টন চেইসের হাতে ধরা পড়েন ৪০ বলে ৫১ রান করা কামিন্দু। তার বিদায়ে ভাঙে ৫২ বলে ৮২ রানের জুটি।এ দুজনের লড়াকু ফিফটিতে ভর করে ৭ উইকেটে ১৭৯ রান করে শ্রীলঙ্কা।

নির্দিষ্ট রান তাড়া করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন কিং ও লুইস। তাদের তাণ্ডবে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৭৪ রান তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।উদ্বোধনী জুটিতেই ৯.১ ওভারে ১০৭ রান তুলে ফেলে ক্যরিবীয়রা।ফিফটি পেয়েছেন দুজনই। মজবুত এই ভিত্তির ওপর দাঁড়ানো ক্যারিবীয়রা এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অনায়াসেই জিতেছে।

৩৩ বলে ৬৩ রান করেছেন কিং। তার ব্যাট থেকে এসেছে ১১টি চার ও ১টি ছক্কা। অপরদিকে লুইস খেলেন ২৮ বলে ৫০ রানের দুর্দান্ত এক ইনিংস। তার ব্যাটে ছিলো ৫টি চার ও ৪টি ছক্কার একেকটি দৃষ্টিনন্দন শট।

উল্লেখ্য, ৩ ম‍্যাচের সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার একই মাঠে সিরিজ জয়ের লক্ষ‍্যে মাঠে নামবে তারা।

লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, দগ্ধ ২০

লক্ষ্মীপুর পৌরশহরের মুক্তিগঞ্জ এলাকায় একটি ফিলিং স্টেশনে বাসে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ২০ জন। যাদের মধ্যে ১০ জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসার বটুমিয়ার ছেলে সুমন হোসেন, বাঞ্চানগর এলাকার সুজা মিয়ার ছেলে মো. ইউসুফ মিয়া ও হৃদয় হোসেন। নিহত তিনজন সিএনজির চালক, আহতরা বাস ও সিএনজির চালক বলে জানিয়েছেন ফিলিং স্টেশনের ম্যানেজার আল আমিন।

এই ঘটনায় আহতদের মধ্যে সুমন হোসেন, রকি ইসলাম, মোহাম্মদ ফাহাদ হোসেন, সিরাজ মিয়া, শান্ত খান ও আবদুল মালেরেক পরিচয় নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনায় অগ্নিদগ্ধ ১০জনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে দুইটার দিকে লক্ষ্মীপুর-রামগতিগামী মেঘনা পরিবহন নামে একটি বাস গ্যাস নিতে আসে গ্রীন লাইফ ফিলিং স্টেশনে। এ সময় বাসে গ্যাস দেয়ার সময় হঠাৎ বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে চারদিকে ধোঁয়াচ্ছন্ন হয়ে গেলে স্টেশনে থাকা সিএনজি চালকরা ছুটাছুটি শুরু করেন। এ সময় ঘটনাস্থলে মারা যায় সিএনজির তিন চালক।

পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার বলেন, আমরা এসে তিনজনের মরদেহ উদ্ধার করেছি। এছাড়া এসে কয়েকজনকে আহত অবস্থায় দেখেছি। বাসের গ্যাস সিলিন্ডারটি নিম্নমানের ছিল। সেজন্যই এমন দুর্ঘটনা ঘটেছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক জয়নাল আবেদিন বলেন, হাসপাতালে তিনটি মরদেহ এসেছে। এছাড়া আহত অবস্থায় অনেককেই আনা হয়েছে। তাদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় রেফার্ড করা হয়েছে। অনেকের হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও জানান তিনি।

‘রিসেট বাটন’ মন্তব্যের যে ব্যাখ্যা দিল প্রধান উপদেষ্টার প্রেস উইং

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ‘রিসেট বাটন’ টেপা হয়েছে বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা লক্ষ করা গেছে। একটি মহল তার এ বক্তব্যকে ভিন্ন খাতে নেওয়ার লক্ষ্যে নানা বিভ্রান্তি ছড়াতে শুরু করে।

বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি। এ ঘটনায় প্রথমে তাকে ওএসডি ও পরে সাময়িক বরখাস্ত করা হয়। এর পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনায় নতুন মাত্রা যুক্ত হয়। অবশেষে রিসেট বাটন ইস্যুতে ব্যাখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

রিসেট বোতাম টেপা নিয়ে ব্যাখ্যায় প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস যখন রিসেট বোতাম টেপার কথা বলেছিলেন, তখন তিনি দুর্নীতিগ্রস্ত রাজনীতি থেকে একটি নতুন সূচনার কথা বলেছেন। কারণ আগের শাসনামলে বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া হয়েছে এবং ভোটের অধিকার ও নাগরিক স্বাধীনতা হরণ করা হয়েছে। তিনি এই শব্দটিকে লক্ষ লক্ষ শহীদ ও বাংলাদেশের গর্বিত ইতিহাসকে মুছে ফেলার অর্থে ব্যবহার করেননি।

বিবৃতিতে বলা হয়, রিসেট বাটন চাপা হয়েছে অর্থ হলো- নতুন করে শুরু করার কথা বলা হয়েছে। যেমন সফটওয়্যার চালু করা হয়, কিন্তু এর অর্থ হার্ডওয়্যার পরিবর্তন করা নয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের হার্ডওয়্যার।

ভয়েস অফ আমেরিকাকে দেওয়া অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সাক্ষাৎকারকে কিছু মানুষ ভুল ব্যাখ্যা করছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে গত ৮ আগস্ট ঢাকায় আসার পর অধ্যাপক মুহাম্মদ ইউনূস হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্টের ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান ছিল আমাদের দ্বিতীয় স্বাধীনতা- প্রথম স্বাধীনতা ছিল ১৯৭১ সালে দেশের গৌরবময় স্বাধীনতা যুদ্ধ।

প্রফেসর ইউনূস মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ছিলেন। তিনি স্বাধীনতার পরপরই বাংলাদেশ নাগরিক কমিটি গঠন করেন। যা পরবর্তীতে মার্কিন সরকারকে বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি করানোর জন্য যুক্তরাষ্ট্রব্যাপী প্রচারণা চালায়। তিনি বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা সম্পর্কে বিশ্বকে অবহিত করার জন্য বাংলাদেশ নিউজ লেটার প্রকাশ করেন।

এর আগে বুধবার রিসেট বাটনের ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম। তিনি বলেন, ‘রিসেট বাটন বলতে স্যার (প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস) যেটা বলেছেন— তা হচ্ছে ‘ব্যবস্থা’। এটা কোনোভাবেই ৭১ নয়, কোনোভাবেই মুক্তিযুদ্ধ নয়।

গাজায় ইসরায়েলি হামলায় ৬৪ ফিলিস্তিনির মৃত্যু

লেবাননে অভিযানের পাশাপাশি গাজায়ও অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। নতুন করে বুধবার (৯ অক্টোবর) ইসরায়েলি বাহিনীর হামলায় আরও কমপক্ষে ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই উত্তরাঞ্চলের। সেখানে ছয় দিন ধরে অবরোধের কারণে জাতিসংঘের যেসব স্কুল আশ্রয়কেন্দ্র হিসেবে কাজ করছিল এবং একই সঙ্গে হাসপাতালগুলো বন্ধ করতে বাধ্য করা হয়েছে। খবর আল জাজিরার।

এদিকে পশ্চিম তীরে গুলি করে কমপক্ষে চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। নাবলুস শহরের গভর্নর এই ঘটনাকে একটি কাপুরুষোচিত এবং ইচ্ছাকৃত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন। ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননেও হামলা অব্যাহত রেখেছে। দক্ষিণাঞ্চলীয় শহর ওয়ার্দানিয়েহতে কমপক্ষে পাঁচজন এবং টায়ার জেলায় আরও পাঁচজন প্যারামেডিককে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

জাবালিয়া শরণার্থী শিবিরে ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। হামলার শিকার হয়েছেন গণমাধ্যমকর্মীরাও। ক্যাম্পটিতে আহত হয়েছেন আল জাজিরার এক ক্যামেরা পারসন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল ইয়েমেন আল সাঈদ হাসপাতালে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫ জনের। এটিসহ মোট তিনটি হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন। যদিও এসব জায়গায় আশ্রয় নিয়েছে শত শত ফিলিস্তিনি। চিকিৎসাধীন বহু।

উল্লেখ্য, কয়েকদিন ইসরায়েলের বিমান বাহিনী হিজবুল্লার প্রায় ১৮৫টি এবং হামাসের ৪৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। বিভিন্ন স্থানে ভবন, রকেট লঞ্চার এবং হামাস ও হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

এইচএসসির ফল দেখবেন যেভাবে

মাঝপথে বাতিল হওয়া এবারের এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হবে ১৫ অক্টোবর। ওই দিন বেলা ১১ টায় এইচএসসি পরীক্ষার ফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।

অন্যান্য সময়ে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করতেন। তবে এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তা করছেন না বলে বোর্ড সূত্রে জানা গেছে। এবার স্ব স্ব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানেরাই ফল প্রকাশ করবেন।

বুধবার (৯ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে কীভাবে শিক্ষার্থীরা ফলাফল পাবেন, তা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত যে কোনো পদ্ধতিতে স্ব স্ব প্রতিষ্ঠানের Result sheet download করা যাবে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd, www.educationboardresults.gov.bd ও www.eduboardresults.gov.bd– এ Result কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক Result sheet download করা যাবে এবং রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে Result sheet download করতে পারবেন।

পরীক্ষার ফল প্রকাশের পর খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও মিলবে। খুদে বার্তায় ফলাফল সংগ্রহ করা যাবে: HSC Board name (first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: HSC Dha 123456 2024 লিখে 16222-তে পাঠাতে হবে।

গত ৭ অক্টোবর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১৫ অক্টোবর।

আগেই সিদ্ধান্ত হয়েছে, এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে (বিষয় ম্যাপিং) হবে মাঝপথে বাতিল করা এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল।

এ বিষয়ে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার গণমাধ্যমকে জানিয়েছিলেন, ইতোমধ্যে যেসব বিষয়ের পরীক্ষা হয়ে গেছে, সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে। আর যেসব বিষয়ের পরীক্ষা হয়নি, সেগুলোর ফলাফল প্রকাশ করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে।

তিনি জানিয়েছিলেন, বিষয় ম্যাপিংয়ের জন্য একটি নীতিমালা আছে। এ প্রক্রিয়ায় একজন পরীক্ষার্থী এসএসসিতে একটি বিষয়ে যত নম্বর পেয়েছিল, এইচএসসিতে সেই বিষয় থাকলে তাতে এসএসসিতে প্রাপ্ত পুরো নম্বর বিবেচনায় নেয়া হবে। আর এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় বিষয়ে ভিন্নতা থাকলে বিষয় ম্যাপিংয়ের নীতিমালা অনুযায়ী নম্বর বিবেচনা করে ফলাফল প্রকাশ করা হবে।

পিরোজপুরে প্রাইভেট কার খালে, চার শিশুসহ দুই পরিবারের ৮ জন নিহত

পিরোজপুর সদর উপজেলায় একটি প্রাইভেট কার খালে পড়ে দুই পরিবারের মোট আট সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে পিরোজপুর-নাজিরপুর সড়কের নুরানি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও চারটি শিশু রয়েছে।

এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন শেরপুরের খোলআচার পাড়ার মোতালেব (৪৫), তাঁর স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২) এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শাওন মৃধা (৩২), তাঁর স্ত্রী আমেনা বেগম (২৯), ছেলে শাহাদাৎ (১০) ও আবদুল্লাহ (৩)।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গতকাল রাত তিনটার দিকে গাড়িটির ভেতর থেকে আটজনের মরদেহ উদ্ধার করেছে। পরে তাঁদের মরদেহ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়।

শাওন মৃধার স্বজন মুরাদ বলেন, প্রাইভেট কারটি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে পিরোজপুরের নাজিরপুর হয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল।

এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান জানান, নিহত ব্যক্তিদের মধ্যে মোতালেব নামের একজনের সঙ্গে পাওয়া পরিচয়পত্র থেকে প্রাথমিকভাবে তাঁর পরিচয় জানা গেছে। তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

পুতিনের জন্য গোপনে করোনা পরীক্ষার যন্ত্র পাঠান ট্রাম্প!

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘সুসম্পর্ক’ রয়েছে, বিভিন্ন সময় এমন দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন নির্বাচনে জয়ী হলে এই সম্পর্ক দিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ব্যাপারেও আত্মবিশ্বাসী তিনি। এবার জানা গেছে, আসলেই পুতিনের সঙ্গে বিশেষ সখ্যতা ছিল ট্রাম্পের। দুদেশের মধ্যকার বিতর্ক, একে অপরকে হুমকির মধ্যেও সেটা বহাল ছিল।

যার প্রমাণ পাওয়া গেছে, ট্রাম্পের সাবেক সহযোগী বব উডওয়ার্ডের আসন্ন বই ‘ওয়ার’-এ। যেখানে দাবি করা হয়েছে, করোনা ভাইরাসের মরণ ছোবলে আমেরিকা যখন হিমশিম খাচ্ছিল। সেই কঠিন সময়েও পুতিনের কাছে গোপনে করোনা শনাক্তকরণ যন্ত্র পাঠিয়েছিলেন ট্রাম্প।

নির্বাচনের মাত্র এক মাস আগে ওয়াটারগেট কেলেঙ্কারি ফাঁস করা বিখ্যাত প্রবীণ সাংবাদিক বব উডওয়ার্ডের নতুন বই ‘ওয়ার’ এ উঠে এসেছে এসব তথ্য। ট্রাম্পের কার্যালয়ের এক সহযোগীর বরাত দিয়ে উডওয়ার্ড সেই বইতে লিখেছেন, পুতিনের সাথে বেশ দহরম-মহরম সম্পর্কই ট্রাম্পের। পুতিনের সাথে নিশ্চিন্তে কথা বলতে নাকি একাধিক বার অফিস খালি করারও নির্দেশ দেন ট্রাম্প।

যদিও দুই নেতার যোগাযোগের এই তথ্য মিথ্যা বলছে দু’পক্ষই। বইটিতে তার ব্যাপারে যা লেখা হয়েছে সবটাই বানোয়াট বলে দাবি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি একজন গল্প কথক। উন্মাদ এবং জঘন্য একজন গল্পকথক।

ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রিপাবলিকান প্রার্থীর প্রচার শিবিরও। দাবি- ট্রাম্পের সাথে পূর্ব বৈরীতার জেরেই এসব কল্পনাপ্রসূত বিষয় লিখেছেন বব উডওয়ার্ড। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের মুখপাত্র স্টিভেন চিউয়েং বলেন, উডওয়ার্ডের এই বই একটা কল্পকাহিনী ছাড়া আর কিছু নয়। এতোই বাজে যে বইয়ের দোকানের ডাস্টবিনেও ঠাঁই হয় না। এটা টয়লেট টিস্যুর একটি ভালো বিকল্প হতে পারে। এর আগে অনুমতি ছাড়া ট্রাম্পের সাক্ষাৎকার প্রকাশ করায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছিলো। তারই শোধ তুলতে চাইছেন তিনি।

২০২১ সালে নিজের বই ‘রেইজ’-এর জন্য ট্রাম্পের সাক্ষাৎকার নেন বব উডওয়ার্ড। যা প্রকাশের পর তার বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প। দাবি- সেই সাক্ষাৎকার প্রকাশের অনুমতি দেননি তিনি।

১৯৭২ সালে ওয়াটারগেট কেলেঙ্কারি কভার করে ব্যাপক খ্যাতি অর্জন করেন উডওয়ার্ড। যে কেলেঙ্কারি সামনে আসায় পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। এর আগেও রাজনৈতিক বিভিন্ন কেলেঙ্কারি সংক্রান্ত বই লিখেছেন উডওয়ার্ড; যার সবগুলোই ছিলো বেস্ট সেলার।

রুট-ব্রুকের সেঞ্চুরিতে পাকিস্তানকে পাল্টা জবাব দিচ্ছে ইংল্যান্ড

মুলতান টেস্টের প্রথম দিন থেকেই নিষ্প্রাণ উইকেট। আগে ব্যাটিং করে তিন সেঞ্চুরিতে ৫৫৬ রানের পাহাড় গড়ে পাকিস্তান। জবাবে জো রুট ও হ্যারি ব্রুকের জোড়া সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ৪৯২ রান করেছে সফরকারী ইংল্যান্ড। ৭ উইকেট হাতে নিয়ে দিন শেষে ৬৪ রানে পিছিয়ে ইংল্যান্ড।

রুট ও ব্রুকের অবিচ্ছিন্ন জুটির রান এখন ২৪৩। পাকিস্তানের মাটিতে যেকোনো উইকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ জুটি এটিই। ২০২২ সালে জ্যাক ক্রলি ও বেন ডাকেটের ২৩৩ রানের উদ্বোধনী জুটি ছিল আগের সর্বোচ্চ। পাকিস্তানের বিপক্ষে চতুর্থ উইকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ জুটিও এটি। ২০০৬ সালে লর্ডসে কুক ও পল কলিংউডের ২৩৩ রানের জুটি ছিল আগের রেকর্ড।

বুধবার (৯ অক্টোবর) মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ১ উইকেটে ৯৬ রান নিয়ে ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। আগের দিন ৬৪ রানে অপরাজিত থাকা ক্রলি বিদায় নেন আর ১২ রান যোগ করেই। শাহিন শাহ আফ্রিদির বলে মিডউইকেটে দুবারের চেষ্টায় ক্যাচ নেন আমের জামাল। সেঞ্চুরির পথে থাকা ক্রলি সাজঘরে ফেরেন ১৩ চারে ৭৬ রানের ইনিংস খেলে।

ক্রলি ফেরার পর বেন ডাকেটকে সঙ্গে নিয়ে সফরকারীদের রান বাড়াতে থাকেন রুট। এদিকে চারে নেমে শুরু থেকেই ওয়ানডে মেজাজে ব্যাটিং করতে থাকেন ডাকেট। ফলে মাত্র ৪৫ বলে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন বাঁহাতি ব্যাটার। ৬৭ রানে যখন ব্যাটিং করছিলেন তখন আমেরের ওভারের শেষ বলে অন ড্রাইভ করে চার মারেন রুট। দারুণ এক বাউন্ডারিতে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে রান সংগ্রাহকের তালিকায় অ্যালিস্টার কুককে পেছনে ফেলে সবার উপরে উঠে এসেছেন ডানহাতি এই ব্যাটার।

টেস্টে সর্বসাকুল্যে তার চেয়ে বেশি রান আছে কেবল শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস এবং রাহুল দ্রাবিড়ের। ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে সেঞ্চুরির খুব কাছে ছিলেন ডাকেট। তবে আমেরের গুড লেংথ ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেছেন ৮৪ রানের ইনিংস খেলা ইংলিশ ব্যাটার। ডাকেট না পারলেও সেঞ্চুরি পেয়েছেন রুট। আবরার আহমেদের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে এক রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেছেন।

ক্যারিয়ারে তৃতীয়বারের মতো এক পঞ্জিকাবর্ষে পাঁচ বা তার অধিক সেঞ্চুরি পেয়েছেন রুট। বছরের পঞ্চম সেঞ্চুরিতে ব্রায়ান লারা, মাহেলা জয়াবর্ধনে, সুনীল গাভাস্কার এবং ইউনিস খানকে পেছনে ফেলেছেন। ইংল্যান্ডের বাইরে সেঞ্চুরির তালিকায় কেন বেরিংটনের সঙ্গে যৌথভাবে ১৪ শতক পেয়েছেন সময়ের অন্যতম সেরা এই টেস্ট ব্যাটার। রুটের চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল কুকের। ২০১৩ থেকে ২০২০ পর্যন্ত মাত্র ১৭ সেঞ্চুরি করলেও ২০২১ সালের পর থেকে এখন পর্যন্ত ১৮ সেঞ্চুরি করেছেন তিনি।

আগ্রাসী ব্যাটিংয়ে ৪৯ বলে হাফ সেঞ্চুরি করা ব্রুকও সেঞ্চুরির দেখা পেয়েছেন। পাকিস্তানের বিপক্ষে ৬ ইনিংস খেলা ডানহাতি ব্যাটারের এটি চতুর্থ সেঞ্চুরি। যেখানে সবশেষ তিন ইনিংসের প্রতিটিতেই সেঞ্চুরির দেখা পেয়েছেন। সফরকারী দলের ব্যাটার হিসেবে পাকিস্তানের মাটিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় মহিন্দার অমরনাথ এবং অরবিন্দ ডি সিলভার সঙ্গে নিজের নাম লিখিয়েছেন ব্রুক। তাদের দুজনেরও চারটি করে সেঞ্চুরি আছে।

দিনের শেষ বেলায় ইংল্যান্ডকে আর কোন উইকেট হারাতে দেননি রুট এবং ব্রুক। তৃতীয় দিন শেষে ডাবল সেঞ্চুরির অপেক্ষায় থাকায় রুট অপরাজিত আছেন ১৭৬ রানে। আরেক ব্যাটার ব্রুক খেলতে নামবেন ১৪১ রানে অপরাজিত থেকে। তারা দুজনে মিলে অবিচ্ছিন্ন ২৪৩ রানের জুটি গড়েছেন। পাকিস্তানের মাটিতে যা ইংল্যান্ডের যেকোন উইকেটে সর্বোচ্চ রানের জুটি। মাত্র ২ উইকেট হারানোর দিনে স্কোর বোর্ডে ৩৯৬ রান যোগ করেছে ইংলিশরা। একদিনে সবচেয়ে বেশি রান তোলার তালিকায় এটি তৃতীয়।

চলে গেলেন ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটা

ভারতের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান টাটা গ্রুপের ইমেরিটাস চেয়ারম্যান রতন টাটা মারা গেছেন। বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। টাটা গ্রুপ এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে।

টাটা গ্রুপের বিশাল সাম্রাজ্যের অভিভাবক রতন টাটা। তাঁর স্বাস্থ্যের অবস্থা নিয়ে সম্প্রতি নানা কথা শোনা যাচ্ছিল। এ অবস্থায় গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি নিজেই জানান, বয়সের কারণে তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলছে। এর বেশি কিছু নয়।

বুধবার তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিও) ভর্তি করা হয়। এর পর তাঁর স্বাস্থ্যের অবস্থা নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। এ অবস্থায় একটা পর্যায়ে তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করে টাটা গ্রুপ। তাঁর মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক জানিয়েছেন।

১৯৯১ সালে রতন টাটা শিল্পপ্রতিষ্ঠানটির চেয়ারম্যান হন। ১০০ বছরের বেশি সময় আগে তাঁর প্রপিতামহ এই শিল্পগোষ্ঠী প্রতিষ্ঠা করেছিলেন। ২০১২ সাল পর্যন্ত রতন টাটা প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। রতন টাটা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ১৯৯৬ সালে টাটা টেলিসার্ভিসেস প্রতিষ্ঠা করা হয়।

টাটা গ্রুপ ভারতের ব্র্যান্ডিংয়ে অনন্য। আর এই ব্র্যান্ডিংয়ে সবচেয়ে বড় অবদান রতন টাটার। অর্ধশত বছর ধরে তিনি নিরলস পরিশ্রম করেছেন টাটা গ্রুপের জন্য, তিলে তিলে বড় করেছেন গ্রুপকে। ১৫৬ বছরের পুরোনো প্রতিষ্ঠানটি বিশ্বের ১০০টি দেশের সঙ্গে ব্যবসা করে। এই অনন্য প্রতিষ্ঠানটির ২১ বছর ধরে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন রতন টাটা। এ সময়ে টাটা গ্রুপের আয় বেড়েছে ৪০ গুণ। আর মুনাফা বেড়েছে ৫০ গুণ।

ডিসি নিয়োগে কেলেঙ্কারি : তদন্ত শুরু করতে পারেননি ৩ উপদেষ্টা

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে জনপ্রশাসন সচিব ড. মো. মোখলেস উর রহমানের বিরুদ্ধে ডিসি নিয়োগ নিয়ে ঘুষ লেনদেনের অভিযোগের তদন্ত এখনো শুরু হয়নি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের কথা বলা হলেও কমিটি কী কী বিষয়ে তদন্ত করবে, কত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে তা-ও নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়নি।

বিষয়টি নিয়ে মুখ খুলছেন না মন্ত্রিপরিষদ বিভাগ বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তা। গত ৩ অক্টোবরে উপদেষ্টা পরিষদের বৈঠকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলামকে এ দায়িত্ব দেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছিলেন, ‘এই তিনজনের কথা বলা হয়েছে, এর মানে এই নয় যে অন্যরা এতে যুক্ত হতে পারবেন না। একটি কমিটি করে এটা তদন্ত করা হবে। একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এ রকম কথা, এটি নিয়ে অবশ্যই আমরা উদ্বিগ্ন।’ কিন্তু পাঁচ দিন পার হলেও এর কোনো অগ্রগতির খবর নেই।

তবে নির্ভরশীল একটি সূত্র কালের কণ্ঠকে নিশ্চিত করেছে, ডিসি নিয়োগ কেলেঙ্কারি তদন্ত করতে সোমবার (৭ অক্টোবর) আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে প্রধান করে কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করতে নির্দেশনা দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সেই নির্দেশনাসংক্রান্ত ফাইলটি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি) জাহেদা খাতুনের কাছে যাবে।

তিনি এ বিষয়ে অনুমোদন করার পরই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি ও প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা এবং সাচিবিক সহায়তা প্রদানকারীর বিষয়ও নির্ধারণ করে দেওয়া হবে।

সে অনুযায়ী তদন্তকাজ শুরু করবেন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। যেহেতু এখনো প্রজ্ঞাপন জারি হয়নি, সে কারণে আনুষ্ঠানিকভাবে তদন্তকাজ শুরু করতে পারছেন না অন্তর্বর্তীকালীন সরকারের ওই তিন উপদেষ্টা।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, আগামী ১৩ অক্টোবর মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেনের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ হবে। সরকার ১০ অক্টোবর সাধারণ ছুটি ঘোষণা করায় ও পূজার ছুটি থাকায় আজ বুধবার (৯ অক্টোবর) মাহবুব হোসেনের শেষ কর্মদিবস হওয়ার কথা। এ কারণে তিনিও বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তাব্যক্তির বিরুদ্ধেই অভিযোগ তদন্ত করবে উপদেষ্টা কমিটি। ফলে বিষয়টি নিয়ে এই মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বিব্রত। তাঁদের মধ্যে ডিসি নিয়োগ কেলেঙ্কারি নিয়ে সত্য, মিথ্যা দুই ধরনেরই বিশ্বাস রয়েছে। তাই এ বিষয়ে প্রকাশ্যে কোনো কথা বলতে চাচ্ছেন না কেউই। তাঁদের মতে, দেশ স্বাধীনের পর কখনোই এমন বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়নি প্রশাসন।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের পর মাঠ প্রশাসনেও ব্যাপক রদবদল আনে অন্তর্বর্তীকালীন সরকার। এর ধারাবাহিকতায় গত ১০ সেপ্টেম্বর দেশের ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়ে সচিবালয়ে ব্যাপক হট্টগোল হয়। এর মধ্যে এক যুগ্ম সচিবের কক্ষ থেকে তিন কোটি টাকার একটি চেক এবং ডিসি নিয়োগসংক্রান্ত কিছু চিরকুট উদ্ধারের খবর দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে একটি দৈনিক সংবাদপত্র।

গত ৩০ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন ডেকে ওই প্রতিবেদনকে ‘গুজব’, ‘সম্পূর্ণ ভুয়া’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যায়িত করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। এরপর ৩ অক্টোবর অপর এক প্রতিবেদনে খোদ মোখলেস উর রহমানের বিরুদ্ধেই আর্থিক লেনদেন নিয়ে আলোচনার অভিযোগ তুলে ধরে পত্রিকাটি।