বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম

রাজধানীর আধুনিক যানবাহন মেট্রোরেলে এক বা দুই স্টেশন আগে উঠে আসন দখল করে রাখার (লুপ রাইডিং) অভিযোগ উঠেছে কিছু যাত্রীর বিরুদ্ধে। অন্য যাত্রীদের এমন অভিযোগের পর সিট দখল ঠেকাতে মতিঝিল স্টেশনে নিয়মিত অপারেশন বা ট্রেন চালানোর নিয়মে কিছু বদল এনেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

উত্তরাগামী যাত্রীদের অভিযোগ, একশ্রেণির যাত্রী উত্তরা থেকে ছেড়ে আসা মতিঝিলগামী ট্রেনে উঠে পড়েন। তারা মতিঝিল স্টেশনে নামার বদলে সিটে বসেই থাকেন এবং একই ট্রেনে আবার উত্তরার দিকে যাত্রা শুরু করেন। এর ফলে সচিবালয় বা শাহবাগ স্টেশন থেকে যারা ওঠেন, তারা কোনো আসন খালি পান না।

ঢাকা মেট্রোরেলের অপারেশন প্রধান মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে এবং মতিঝিল স্টেশনে ট্রেন ঘোরানোর (টার্নঅ্যারাউন্ড) পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।
আরও পড়ুন
রাজধানীর বাস কাউন্টারগুলোতে টিকিট বিক্রি বন্ধ, জিম্মি যাত্রীরা

তিনি আরও বলেন, আগে একটি ট্রেন মতিঝিল আসার পর প্ল্যাটফর্ম পরিবর্তন করে আবার ছেড়ে যেত। এখন ট্রেনের সংখ্যা বাড়ানোয় যাত্রীরা সরাসরি মতিঝিল থেকেই নতুন ট্রেনে উঠতে পারবেন। এ ছাড়া কোনো যাত্রী মতিঝিল পৌঁছানোর পর ওই একই ট্রেনে বসে থেকে ফিরতি যাত্রা করতে পারবেন না। তাকে অবশ্যই ট্রেন থেকে নামতে হবে এবং অন্য প্ল্যাটফর্মে গিয়ে নতুন ট্রেনে উঠতে হবে।

মেট্রোর প্ল্যাটফর্ম বা ট্রেনের ভেতর অহেতুক ঘোরাঘুরি বন্ধে চেকইন ও আউটের মধ্যবর্তী সময়সীমা কমিয়ে আনা হয়েছে জানিয়ে নজরুল ইসলাম বলেন, আমরা অনুমোদিত সময় কমিয়ে দিয়েছি। যদি কোনো যাত্রী নির্ধারিত সময়ের বেশি প্ল্যাটফর্ম বা সিস্টেমের ভেতরে অবস্থান করেন, তবে তাকে জরিমানার মুখে পড়তে হতে পারে।

লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ১৬৫ জন বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফেরত এসেছেন। শুক্রবার (৬ মার্চ) সকালে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। এদের মধ্যে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী ২২ জন দুস্থ, অসহায় ও শারীরিকভাবে অসুস্থ নাগরিক ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনাগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায় ও শারীরিকভাবে অসুস্থ ২২ জনসহ মোট ১৬৫ জন স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসনেচ্ছুক অনিয়মিত বাংলাদেশি নাগরিককে আজ সকাল সাড়ে ৫টায় এ বুরাক এয়ারের ফ্লাইট যোগে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।

‘প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে বলে জানা যায়। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন মর্মে অভিযোগ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসন করা প্রত্যেককে পথখরচ, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।’

বার্তায় আরো বলা হয়, লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা এক সঙ্গে কাজ করে যাচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত হোসেনের পাশে প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত মো. হোসেন আলীর চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (শুক্রবার) দুপুর ১২টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরের ছুড়িচালা এলাকায় আহত হোসেন আলীর সঙ্গে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে দলে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম।

প্রতিনিধি দলটি হোসেন আলীর পরিবারের সঙ্গে কথা বলে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন।

পাশাপাশি নতুন করে একটি চায়ের দোকান দিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তাও ভুক্তভোগীর হাতে তুলে দেওয়া হয়।

এসময় মোকছেদুল মোমিন বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে ‘আমরা বিএনপি পরিবার’ এই ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে আহত হোসেন আলীকে চিকিৎসা সহায়তার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ব্যবসায়িক সহায়তাও দেওয়া হয়েছে।’

চিকিৎসা সহায়তা পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হোসেন আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য মমতাজ উদ্দিন রেনু; ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন ও মুস্তাকিম বিল্লাহ; বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ; এমট্যাবের সহ-সভাপতি শহীদুল আমিন ও ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতারা।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসা ও পুনর্বাসনের আবেদন জানান হোসেন আলী।

ফিলিং স্টেশন থেকে জ্বালানি ক্রয়ের সীমা নির্ধারণ করল সরকার

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এতে জ্বালানি সংকটের আতঙ্ক দূর করতে সারা দেশের ফিলিং স্টেশন থেকে কী পরিমাণ জ্বালানি সংগ্রহ করা যাবে তা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

শুক্রবার (৬ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, একটি মোটরসাইকেলে দিনে ২ লিটার পেট্রল বা অকটেন নিতে পারবে।
ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাবে ১০ লিটার তেল। স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল বা এসইউভি (যা জিপ নামে পরিচিত) ও মাইক্রোবাস দিনে পাবে ২০ থেকে ২৫ লিটার তেল। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারবে ৭০ থেকে ৮০ লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান বা কনটেইনার ট্রাক দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল নিতে পারবে।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় ৯৫ শতাংশ বিদেশ হতে আমদানি করতে হয়। বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জ্বালানি তেলের আমদানি ব্যবস্থাপনা মাঝেমধ্যে বাধাগ্রস্ত/বিলম্বিত হয়। চলমান বৈশ্বিক সংকট পরিস্থিতিতে বিভিন্ন গণমাধ্যম/সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার হওয়ায় ভোক্তা/গ্রাহকদের মধ্যে অতিরিক্ত চাহিদার প্রবণতা লক্ষ্যে করা যাচ্ছে। অতিরিক্ত চাহিদা পূরণের লক্ষ্যে ডিলারেরা বিগত সময়ের চেয়ে অতিরিক্ত পরিমাণ জ্বালানি তেল ডিপো থেকে সংগ্রহের চেষ্টা করছেন।

নির্দেশনায় আরো বলা হয়, কিছু কিছু ভোক্তা ও ডিলার ফিলিং স্টেশন হতে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ করে অননুমোদিতভাবে মজুত করার চেষ্টা করছেন মর্মে খবর প্রকাশ হচ্ছে, যা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসিসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।

দেশের জনগণের ভয়/আতঙ্ক হ্রাস করার লক্ষ্যে জানানো যাচ্ছে যে, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিদেশ হতে আমদানি কার্যক্রম/সূচি নির্ধারিত রয়েছে এবং নিয়মিতভাবে পার্সেল দেশে আনা হচ্ছে। পাশাপাশি ডিলারদের সাময়িকভাবে প্রধান স্থাপনা হতে সারাদেশের সকল ডিপোতে নিয়মিতভাবে রেল ওয়াগণ/ট্যাংকারের মাধ্যমে প্রেরণ করা হচ্ছে। আশাকরা যাচ্ছে যে, স্বল্প সময়ের মধ্যে দেশে জ্বালানি তেলের বাফার স্টক (পর্যাপ্ত মজুদ) গড়ে উঠবে। জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ/বিপিসি কর্তৃক উল্লিখিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

নির্দেশনায় জ্বালানি তেল সরবরাহ গ্রহণ/প্রদানের ক্ষেত্রে কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে- ১. ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল গ্রহণের সময় ভোক্তাকে আবশ্যিকভাবে তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রশিদ প্রদান করতে হবে। ২. ফিলিং স্টেশন থেকে প্রতিবার জ্বালানি তেল গ্রহণের সময় পূর্ববর্তী ক্রয় রশিদ/বিল প্রদর্শন করতে হবে। ৩. ডিলাররা বরাদ্দ ও নির্দেশনা অনুযায়ী ক্রয় রশিদ গ্রহণ করে ভোক্তা প্রান্তে জ্বালানি তেল সরবরাহ করবে। ৪. ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেলের মজুত ও বিক্রয় সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ডিপোতে প্রদান করে জ্বালানি তেল উত্তোলন করবে। ৫. তেল বিপণন কোম্পানিগুলো ডিলারদের জ্বালানি তেল সরবরাহ দেওয়ার পূর্বে বর্তমান বরাদ্দের আলোকে মজুত ও বিক্রয় সংক্রান্ত তথ্য পর্যালোচনা করবে, কোনোভাবেই বরাদ্দের বেশি দেওয়া যাবে না।

নির্দেশনায় আরো বলা হয়েছে, দেশে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল ক্রয়/বিক্রয়ের বাধ্যবাধকতা রয়েছে। সংকটের অজুহাতে অতিরিক্ত মূল্য আদায় আইনগত অপরাধ। তাছাড়া, দেশে জ্বালানি তেলের মূল্যে প্রতিমাসের শুরুতে সরকার কর্তৃক নির্ধারণ করা হয়। বর্তমান সংকটময় পরিস্থিতিতে দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়ে সরকার অদ্যবধি কোনরূপ সিদ্ধান্ত গ্রহণ করেনি। বর্ণিত অবস্থায় দেশের সকল ভোক্তা/ডিলারদের বর্ণিত নির্দেশনা অনুসরণ করে দেশের জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হলো।

দেশের সব ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

দেশের সব তফসিলি ব্যাংককে গুরুত্ব ও মর্যাদার সঙ্গে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) এ সংক্রান্ত এক সার্কুলার জারি করা হয়েছে।

দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকিং খাতেও দিবসটি যথাযথভাবে পালনের উদ্যোগ নিতে হবে।

এ বছর দিবসটির জন্য সরকার নির্ধারিত প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ সামনে রেখে সব ধরনের কর্মসূচি ও প্রচার কার্যক্রমে তুলে ধরার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী তাদের নিয়ন্ত্রক ক্ষমতা প্রয়োগ করে এ নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ব্যাংকিং খাতে দিবসটি যথাযথভাবে পালিত হয়।

সার্কুলারে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক নারী দিবসের জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে এবং নির্ধারিত প্রতিপাদ্য তাদের উদযাপন কর্মসূচিতে সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে।

প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল, সতর্কবার্তা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে ও তার আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তার কাছে ফোনকল সম্পর্কে সতর্ক করেছে প্রতিমন্ত্রীর দপ্তর।

শুক্রবার (৬ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সম্পর্কে সতর্কীকরণ করা হয়।

বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করে এ বিষয়ে এরই মধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ করা যাচ্ছে যে, ০১৮২৬০৯৫৩১৮ নম্বর থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে কিংবা তার আত্মীয় পরিচয় প্রদান করে বিভিন্ন ব্যক্তি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তার কাছে ফোনকল করা হচ্ছে।
ওই ফোনকলের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত বা প্রশাসনিক সুবিধা প্রদান করা হবে মর্মে আশ্বাস দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অবগত করা যাচ্ছে যে, প্রতিমন্ত্রী কিংবা তার দপ্তরের পক্ষ থেকে এ ধরনের কোনো ফোনকল বা ব্যক্তিগত সুবিধা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করা হয় না। এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণরূপে প্রতারণামূলক এবং আইনত দণ্ডনীয় অপরাধ।

এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

জাতিসংঘের সভাপতি পদে কূটনীতিকদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতি সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতারে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের সব স্তরে দুর্নীতি মোকাবেলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে ইফতার অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক প্রতিনিধিরা অংশ নেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা একসঙ্গে ইফতার করেন এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর টেবিলে তার ডান পাশে স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং বাম পাশে মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন।

অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নয়, প্রতিষ্ঠান। সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে।

শুক্রবার (৬ মার্চ) গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদকে স্মরণীয় করে রাখতে চাই, এই সংসদের কাছে জাতির প্রত্যাশা অনেক।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রত্যাশা যাতে পূরণ করতে পারি, সেজন্য জাতীয় সংসদকে শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার বিধান নেই। আমরা উদারতা দেখিয়েছি। জামায়াতের উদারভাবে তা গ্রহণ করা উচিত বলে মনে করি।

কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৬ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে এ ইফতারের আয়োজন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক প্রতিনিধিরা অংশ নেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা একসঙ্গে ইফতার করেন এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় প্রধানমন্ত্রীর টেবিলে তার ডান পাশে স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং বাম পাশে মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন।

অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

ডিএমপির এডিসি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাতজন অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে (এডিসি) বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।