বুধবার, অক্টোবর ৭, ২০২৬

জার্মানিতে ‘গাড়ি হামলায়’ আহত ২৮, আফগান আশ্রয়প্রার্থী আটক

কয়েক দিনের মধ্যেই জার্মানির মিউনিখ শহরে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী ২৩ ফেব্রুয়ারি জার্মানিতে ফেডারেল নির্বাচন। এমন সময় সাধারণ মানুষের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা ঘটল। এতে অন্তত ২৮ জন আহত হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে এক আফগান আশ্রয়প্রার্থীকে এরই মধ্যে আটক করা হয়েছে।

এদিকে এটি কি নিছক দুর্ঘটনা, নাকি হামলা সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। মিউনিখ শহরের কেন্দ্রীয় চত্বরে বৃহস্পতিবার আন্দোলনরত শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে গাড়ি চালিয়ে দেন চালক। তখন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ।

২৪ বছর বয়সী আফগান আশ্রয়প্রার্থীকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মিউনিখ পুলিশের উপপ্রধান ক্রিস্টিয়ান হ্যুবার।

বাভারিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মার্কুস স্যোয়েডার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ঘটনাটি ‘ভয়ানক’ এবং ‘দেখে মনে হচ্ছে যে এটি একটি হামলা’।

ঘটনাস্থলে চশমা, জুতা, চেয়ারসহ নানা জিনিস ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী এলেক্সা গ্রিফের মনে হয়েছে, চালক ‘ইচ্ছাকৃতভাবে’ ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দিয়েছেন।

তিনি বলেন, ‘আমি আশা করছি, এ রকম কিছু এবারই শেষবারের মতো দেখলাম।’

হাসিনা ভারতে বসে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছেন : আমানউল্লাহ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন, দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছেন। দেশকে ভারতের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা করছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলার বরিশুর আঞ্চলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, হাসিনা পালিয়ে যাওয়ার দুই দিন আগেও বলেছিলেন শেখ মুজিবের মেয়ে পালায় না।
ছাত্র-জনতার তীব্র আন্দোলনে পালিয়েছে যেতে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, এ দেশের বিরুদ্ধে, এ দেশের মানুষের বিরুদ্ধে যুগে যুগে ষড়যন্ত্র হয়েছে। বারবার ছাত্র-জনতা সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে। ১৯৫২ তে ভাষা আন্দোলন, ১৯৬২ তে শিক্ষা আন্দোলন, ১৯৬৯ গণ-অভ্যুত্থান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ এবং ২০২৪ সালে ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা পেয়েছে।

কালিন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মেহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, স্কুলের সাবেক কৃতি ছাত্রী লুবনা আক্তার।

সীমান্তে গাজায় প্রবেশের অপেক্ষায় নির্মাণ সরঞ্জাম : প্রতিবেদন

রাফা সীমান্ত ক্রসিংয়ের মিসরীয় পাশে বৃহস্পতিবার গাজা উপত্যকায় প্রবেশের অপেক্ষায় ডজনখানেক বুলডোজার, নির্মাণকাজে ব্যবহৃত যানবাহন ও ভ্রাম্যমাণ ঘর বহনকারী ট্রাক সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ছিল। মিসরের সরকার সংশ্লিষ্ট গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মিসরের গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ আল-কাহেরা নিউজ জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশের প্রস্তুতির অংশ হিসেবে এই সরঞ্জাম সীমান্তে অবস্থান করছে। এএফপির একজন আলোকচিত্রীও নিশ্চিত করেছেন, ট্রাকসহ এসব যানবাহন সীমান্তে অপেক্ষমাণ রয়েছে, যার মধ্যে ক্যারাভ্যানবাহী ট্রাকও রয়েছে।

এ ছাড়া সীমান্তে থাকা এক সরকারি সূত্র মিসরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনাকে জানিয়েছে, এই সরঞ্জামগুলো ‘আগামী কয়েক দিনের মধ্যে’ গাজায় প্রবেশ করতে পারে, যেখানে ১৫ মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলি বিমান হামলার ধ্বংসাবশেষ সরানো ও সড়ক মেরামতের কাজে এগুলো ব্যবহৃত হবে।

তবে ইসরায়েলি সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, মিসরের রাফা ক্রসিং দিয়ে গাজার ভেতরে ভারী যন্ত্রপাতি প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র ওমর দোস্ত্রি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ‘গাজায় কোনো ক্যারাভ্যান (ভ্রাম্যমাণ ঘর) বা ভারী সরঞ্জাম প্রবেশ করছে না, এবং এ বিষয়ে কোনো সমন্বয়ও হয়নি।’

তিনি আরো বলেন, ‘চুক্তি অনুযায়ী, রাফা ক্রসিং দিয়ে গাজায় কোনো পণ্য প্রবেশের অনুমতি নেই।
’

এদিকে চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় রাফা ক্রসিং শুধু আহত ও অসুস্থ ব্যক্তিদের সরিয়ে নেওয়ার জন্য খোলা হয়েছে। অন্যদিকে কেরেম শালোম ক্রসিং দিয়ে মানবিক সহায়তা গাজায় প্রবেশ করছে।

সীমান্তে অপেক্ষমাণ চালক আহমেদ আবদেল দায়েম এএফপিকে বলেন, ‘আমরা ফিলিস্তিনিদের পাশে আছি এবং আশা করি, সামনে আরো ভালো দিন আসবে।’

এ পরিস্থিতি এমন সময় সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পরিকল্পনা নিয়ে উত্তেজনা বেড়েছে, যেখানে গাজার ফিলিস্তিনিদের মিসর ও জর্দানে স্থানান্তরের কথা বলা হয়েছে।
তবে উভয় দেশই এই প্রস্তাবের কঠোর বিরোধিতা করেছে। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতেহ আল-সিসি এই ধরনের বাস্তুচ্যুতিকে ‘অন্যায়’ আখ্যা দিয়ে বলেছেন, মিসর এতে ‘অংশ নিতে পারে না।’ অন্যদিকে জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, তার দেশ গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে ‘অটল’ অবস্থানে রয়েছে।

এ মাসের শেষের দিকে মিসর আরবদেশগুলোর একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে এবং এই সপ্তাহে ঘোষণা দিয়েছে, গাজা পুনর্গঠনের জন্য একটি ‘সমন্বিত পরিকল্পনা’ উপস্থাপন করবে, যা ফিলিস্তিনিরা তাদের নিজ ভূমিতে থেকেই পুনর্বাসিত হবে বলে নিশ্চিত করবে।

মিসর ও জর্দান—উভয়ই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র এবং বৈদেশিক সহায়তার ওপর নির্ভরশীল।
যুক্তরাষ্ট্র তাদের অন্যতম প্রধান দাতা দেশ।

বেতারকে শক্তিশালী করতে সব ধরনের ব্যবস্থা নেবে সরকার : তথ্যসচিব

বাংলাদেশ বেতারকে শক্তিশালী করতে সব ধরনের ব্যবস্থা নেবে সরকার। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার প্রাঙ্গণে বিশ্ব বেতার দিবস ২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এ কথা বলেন।

বাংলাদেশ বেতারকে ঐতিহ্যবাহী গণমাধ্যম উল্লেখ করে সচিব বলেন, ‘বেতার তথ্য, বিনোদন ও সংবাদ প্রচারের মাধ্যমে মানুষের অতি প্রয়োজনীয় সঙ্গী হয়ে উঠেছে। জনগণের সামাজিক, প্রাতিষ্ঠানিক, ধর্মীয় ও নৈতিক শিক্ষা অর্জনের অন্যতম উৎস হচ্ছে বাংলাদেশ বেতার।
’

ঘূর্ণিঝড়, বন্যা, খরাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বেতারের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘দুর্যোগের সময় যখন অন্যান্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন বেতারের মাধ্যমেই মানুষ জরুরি বার্তা পেয়ে থাকে।’

বেতারের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার বেতারের কর্মপরিধি ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বেতারের পদসোপান সৃষ্টিতেও ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।’

মাহবুবা ফারজানা বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান প্রচারের পাশাপাশি অপপ্রচার প্রতিরোধে বেতারের কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ইন্টারনেটের মাধ্যমে মানুষ সব সময় যেন বেতার শুনতে পায়, সে জন্য সংশ্লিষ্টদের কাজ করতে হবে। তথ্য-প্রযুক্তির এই যুগে বেতারকে নিউ মিডিয়ার সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে।’

এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তিনি বেতারের কর্মকর্তা, কলাকুশলী, শিল্পীসহ সংশ্লিষ্ট সবার প্রশিক্ষণ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

‘বেতার ও জলবায়ু পরিবর্তন’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত বিশ্ব বেতার দিবসের আলোচনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম এবং ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভায়েজ।
বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদের সভাপতিত্বে আলোচনাসভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মু. আনোয়ার হোসেন মৃধা।

আলোচনাসভার শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণমূলক ভিডিও প্রদর্শন করা হয়। এরপর জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম ভূঁইয়া এবং গণ-অভ্যুত্থানে আহত মাসুদুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিশ্ব বেতার দিবসের এই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা, মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থাসমূহের প্রধানসহ বেতারের কর্মকর্তা-কর্মচারী, শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

অপারেশন ডেভিল হান্ট, ২৪ ঘণ্টায় আরো ৫৬৬ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ৫৬৬ জনকে। এ ছাড়া ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৬৬৫ জনকে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার করা হয়েছে ৫৬৬ জনকে।
এ ছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ১টি ছোরা ও ১টি রামদা উদ্ধার করা হয়েছে।

আগামীকাল পবিত্র শবেবরাত

আগামীকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবেবরাত পালিত হবে। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবেবরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত। এ উপলক্ষে আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) সরকারি ছুুটি থাকবে।

পবিত্র শবেবরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বাণীতে প্রধান উপদেষ্টা পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক মোবারকবাদ জানান।

তিনি বলেন, এই সৌভাগ্যময় রজনী মানব জাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এ রাতে আল্লাহপাক ক্ষমা প্রদান ও প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।

পবিত্র এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা আরো বলেন, ‘এই মহিমাময় রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তার অসীম রহমত, বরকত, নাজাত ও মাগফিরাত।’

পবিত্র শবেবরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘আসুন, সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সব স্তরে প্রতিষ্ঠা করি।
’

পবিত্র শবেবরাত ১৪৪৬ হিজরি উপলক্ষে আগামীকাল শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ নাতসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ইফা আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ পবিত্র কুরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয় বিষয়ে ওয়াজ করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রাত ৭টা ১০ মিনিটে লাইলাতুল বরাতের ফজিলত ও তাৎপর্য বিষয়ে ওয়াজ করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান।

রাত ৮টা ৫০ মিনিটে লাইলাতুল বরাতের ফজিলত ও তাৎপর্য তুলে ধরে ওয়াজ করবেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নসের গভর্নর ও তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. খলিলুর রহমান মাদানি।

রাত সাড়ে ৯টায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয় সম্পর্কে ওয়াজ করবেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নসের গভর্নর ও চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি।

রাত সোয়া ২টায় (দিবাগত রাত) নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত নিয়ে ওয়াজ করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান এবং ভোর ৫টা ৫০ মিনিটে আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী।

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও এ উপলক্ষে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করবে।

এ রাতে বাসাবাড়ি ছাড়াও মসজিদে মসজিদে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। রাতটি ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটাবেন। মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুসলমানরা বিশেষ মোনাজাত করবেন।

সৌদি ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমানের বিশেষ ভাড়া নির্ধারণ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনায় সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের টিকিটমূল্য কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

‘ওয়ার্কার ফেয়ার’ নামে এই সুবিধা প্রায় চার মাস পর্যন্ত চলবে। তবে এই সুবিধা মিলবে শুধু নতুন কর্মী ভিসা এবং ওয়ান ওয়ে (একক যাত্রা) টিকিটের ক্ষেত্রে। এসব দেশে গমনেচ্ছু বিএমইটি কার্ডধারী কর্মীদের ক্ষেত্রে হ্রাসকৃত বিশেষ ভাড়া প্রযোজ্য হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড প্রাথমিক পর্যায়ে আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মামগামী কর্মীদের জন্য বিদ্যমান যথাক্রমে ৪৮০ ডলার, ৪০০ ডলার, ৪৩০ ও ৪০০ ডলারের পরিবর্তে ভাড়া ৩৬০ ডলার (কর ব্যতীত) এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী কর্মীদের জন্য বিদ্যমান ১৭৫-১৮০ ডলারের পরিবর্তে ভাড়া ১৫০ (কর ব্যতীত) ডলার নির্ধারণ করেছে।

বিমান কর্তৃপক্ষ বলেছে, গত ১০ ফেব্রুয়ারি থেকে এই সুবিধা দেওয়া হচ্ছে, আগামী ৩০ জুন পর্যন্ত এই সুবিধা অব্যাহত থাকবে। এই সুবিধা পেতে হলে যাত্রীকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটির ক্লিয়ারেন্স কার্ড বা বিএমইটি সত্যায়িত ভিসার প্রয়োজন হবে। ওমরাহ ভিসা, ফ্যামিলি ভিজিট বা রেসিডেন্স ভিসাধারী যাত্রীরা এই ভাড়া সুবিধা পাবেন না।

এর আগে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে ১০টি নির্দেশনা দিয়েছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ নির্দেশনাগুলো দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রণালয়। সেখানে বলা হয়, ওয়ার্ক ভিসা নিয়ে বিদেশগামী শ্রমিক/কর্মীদের জন্য বিশেষ বিমান ভাড়ার ব্যবস্থা করবে।

গত ২২ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব‍্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আটাবের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় সৌদি ও মালয়েশিয়াগামী নতুন শ্রমিকদের বিমান ভাড়া কমানোর দাবি জানিয়েছিল আটাব। এ দাবির পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সৌদি আরব ও মালয়েশিয়াগামী শ্রমিক যাত্রীদের জন‍্য লেবার ফেয়ার নির্ধারণ করল।

চ্যাম্পিয়নস ট্রফির আগে সুসংবাদ পেল পাকিস্তান

রেকর্ড গড়া জয়ের পুরস্কার পেয়েছে পাকিস্তান। গতকাল দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারানো মোহাম্মদ রিজওয়ানের দল আজ র‌্যাংকিংয়ের দুইয়ে উঠেছে। আজ আইসিসির হালনাগাদে এমন সুসংবাদই পেয়েছেন চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক। চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তানের জন্য সুসংবাদই বটে।

এতে করে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে পাকিস্তান। সর্বশেষ সিরিজে ইংল্যান্ডকে ধবলধোলাই করা ভারত ১১৯ রেটিং নিয়ে সবার ওপরে। দুইয়ে থাকা পাকিস্তানের বর্তমান রেটিং ১১১। সমান রেটিং অবশ্য অস্ট্রেলিয়ারও।
তবে এক ধাপ এগানো পাকিস্তান অস্ট্রেলিয়ার চেয়ে কম ম্যাচ খেলায় দুইয়ে উঠেছে।

শ্রীলঙ্কার কাছে গতকাল হেরেই তিনে নেমে গেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার পথে দুই ম্যাচ জেতা নিউজিল্যান্ড এক ধাপ এগিয়ে চারে উঠেছে। তাদের রেটিং পয়েন্ট ১০২।
আর গতকাল রেকর্ড ৩৫৩ রানের লক্ষ্য দিয়েও হারা দক্ষিণ আফ্রিকা পাঁচে নেমে গেছে। প্রোটিয়াদের বিদায়য়ে আগামীকাল করাচির ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড।

ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ দশের শেষ পাঁচের কোনো উন্নতি-অবনতি হয়নি। ১০ নম্বরে থাক ওয়েস্ট ইন্ডিজের ওপরে আছে বাংলাদেশ। আর ৬ থেকে ৮ নম্বরে আছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও আফগানিস্তান।

‘ক্যালিফোর্নিয়া কিনে নিক ডেনমার্ক’

ডেনমার্কের অন্তর্গত গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিলেন ট্রাম্প। তার বিরুদ্ধে উপহাস করে এই আবেদনপত্র তৈরি করা হয়েছিল। ক্যালিফোর্নিয়াকে আবার সকল দেশের দেশের সেরা করতে হবে, এই মর্মে একটি আবেদনপত্র ছড়িয়ে দেওয়া হয়েছিল ভার্চুয়াল জগতে। যেখানে বলা হয়েছিল, ডেনমার্ক ক্যালিফোর্নিয়াকে কিনে নিলেই একমাত্র তা সম্ভব হবে।
সেই আবেদনপত্রে দুই লাখের বেশি সই পড়েছে।

ক্ষমতায় আসার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন আমেরিকা গ্রিনল্যান্ড এবং একাধিক পার্শ্ববর্তী দ্বীপ কিনে নেবে। ডেনমার্কের অন্তর্গত গ্রিনল্যান্ড বাস্তবে একটি স্বশাসিত অঞ্চল। ফলে ট্রাম্পের এই প্রস্তাব বিতর্ক তৈরি করে।
ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের প্রশাসন স্পষ্ট জানিয়ে দেয়, কোনোভাবেই তারা আমেরিকার দখলদারি মেনে নেবে না।

এরপরেই উপহাসমূলক এই প্রচারপত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। যেখানে বলা হয়, আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য ক্যালিফোর্নিয়ার পুরনো গৌরব ফিরিয়ে আনতে হবে, তাকে আবার শ্রেষ্ঠ আসনে পৌঁছে দিতে হবে। তার জন্য কোপেনহাগেনের উচিত ক্যালিফোর্নিয়ার দায়িত্ব নেওয়া।

ওই প্রস্তাবে লেখা হয়েছে, ‘ম্যাপের দিকে তাকিয়ে দেখুন। কী চাই আপনাদের? সূর্যের উত্তাপ? সমুদ্রের ধারে পাম গাছের জঙ্গল? রোলার স্কেট? তাহলে জীবনের শ্রেষ্ঠ সুযোগটি হাত ছাড়া করবেন না, ডনাল্ড ট্রাম্পের কাছ থেকে ক্যালিফোর্নিয়া কিনে নিন।’

বলা হয়েছে, ডিসনিল্যান্ডের নাম বদলে করা হবে হ্যানস ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেনল্যান্ড। ক্যালিফোর্নিয়া অ্যাভাকাডোর জন্য বিখ্যাত। তাই প্রস্তাবে লেখা হয়েছে, প্রতিদিন অ্যাভাকাডো টোস্ট খাওয়ার জন্য তৈরি হোন।
বেভারলি পাহাড়ে সাইকেলের জন্য আলাদা রাস্তা তৈরি করা হবে বলেও ঘোষণা করা হয়েছে।

যারা এই প্রস্তাবনাটি তৈরি করেছেন, তারা জানিয়েছেন, নিছক মজা করেই তারা এই প্রস্তাবটি লিখেছিলেন। কিন্তু প্রায় দুইলাখ মানুষ যে তাতে সই করবেন, তা তারা ভাবতে পারেননি।

প্রস্তাবনাটি উপহাস হলেও ক্যালিফোর্নিয়ায় সত্যি সত্যি একটি ছোট ডেনমার্ক আছে। তিনজন ডেনমার্কের অধিবাসী ক্যালিফোর্নিয়ার দক্ষিণে সরভ্যাং শহরটি তৈরি করেছিলেন। সেখানে ডেনমার্কে পেস্ট্রি থেকে খাবার সব পাওয়া যায়। জনপ্রিয় পর্যটকস্থলটির একটি রাস্তার নাম কোপেনহাগেন ড্রাইভ। ১৯১১ সালে ইউরোপ থেকে শরণার্থীরা গিয়ে ওই অঞ্চলে থাকতে শুরু করেন। তারপর থেকে জায়গাটিকে আমেরিকার ড্যানিশ রাজধানী হিসেবে চিহ্নিত করা হয়।

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি পুরোপুরি উঠিয়ে দেয়া বা সহজ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার, (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে বিদেশি নাগরিকদের জন্য ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ উদ্বোধন, পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ ও অভিযোগ গ্রহণে ৯৯৯ কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি পুরোপুরি উঠিয়ে দেয়া বা সহজ করতে উদ্যোগ নেয়া হবে।’ এছাড়া পাসপোর্ট আবেদনে কেউ সমস্যার মুখোমুখি হলে এখন থেকে ৯৯৯ এ জানানোর নির্দেশ দেন তিনি।

এছাড়া র্যাব বিলুপ্তি, বিজিবিকে শুধু সীমান্ত রাখা এবং ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে রাখার বিষয়ে জাতিসংঘ যে প্রস্তাব করেছে সে বিষয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, সরকার জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও অষ্ট্রেলিয়াসহ ১৪টি দেশের নাগরিকরা এখন থেকে অনলাইনে ১০ মিনিটে ৩০ দিনের জন্য ওয়ান অ্যারাইভ্যাল ভিসা পাবেন। যার জন্য কার্ড এবং ক‍্যাশ দুই পদ্ধতিতেই পেমেন্ট করা যাবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।