বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

শেখ হাসিনা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন : মির্জা ফখরুল

গুমের মতো গুরুতর অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও অনুশোচনা না দেখিয়ে শেখ হাসিনা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড এক ধরনের ফৌজদারি অপরাধের শামিল।

রবিবার (৮ মার্চ) বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ‘মায়ের ডাক’ চলচ্চিত্র নির্মাণের যাত্রা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গুমের শিকার পরিবারগুলোর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত রয়ে গেছে।
সরকার থেকে বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হলেও অনেক পরিবার এখনো স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন করতে পারছে না।

তিনি আরো বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য নিয়মিত ভাতা নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, শুধু গুমের বিচার নয়, গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে আনার উদ্যোগও নিতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে আর গুম, হত্যা ও রক্তের রাজনীতি দেখতে চায় না দেশের মানুষ। এ জন্য এ ধরনের ঘটনার স্থায়ী সমাধান প্রয়োজন।

খাল খনন কর্মসূচি একটি আন্দোলন, এটি একটি বিপ্লব : পানিসম্পদমন্ত্রী

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমাদের নির্বাচনী অঙ্গকার এবং প্রতিশ্রুতি মোতাবেক আমরা প্রথমেই বলেছিলাম যে এক হাজার কিলোমিটার খাল আমরা খনন কর্মসূচি সম্পন্ন করব। তবে এখন আমরা লক্ষ করছি দৃশ্যমান হবে ১২০০ কিলোমিটারের উপরে। এর বাইরে আগামী পাঁচ বছরে আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ২০ হাজার কিলোমিটার, তার চেয়ে বেশি সম্পন্ন করতে সক্ষম হব। খাল খনন কর্মসূচি একটি আন্দোলন, এটি একটি বিপ্লব।

রবিবার (৮ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোলের বলরামপুর সাহা পাড়ায় একটি খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তার জীবদশায় এই কর্মসূচি স্বেচ্ছায় শ্রমের ভিক্তিতে শুরু করেছিলেন। এখন আমরা প্রাধমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনীর কর্মসূচির মাধ্যমেই এই কর্মসূচি ঈদের আগেই শুরু করতে যাচ্ছি। আগামী মঙ্গলবার মিটিং রয়েছে।
সেকানে ঠিক করা হবে প্রধানমন্ত্রী কোনো কোনো জেলায় উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। আমরা আশা করছি দিনাজপুর জেলায় প্রধানমন্ত্রী উপস্থিত হয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।’

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচন ইস্তেহারে ছিল আমরা সরকার গঠন করলে পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী খাল জলাশয় খনন করব। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কাহারোলের বলরামপুর সাহা পাড়ায় ১২.২০ কিলোমিটার খাল খনন কর্মসূচি আগামী ১৬ তারিখে প্রধানমন্ত্রী উদ্বোধনের মধ্যে দিয়ে সারা দেশে একযোগে প্রতিটি জেলা, উপজেলায় বিভিন্ন মন্ত্রী এমপিরা স্ব স্ব এলাকায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন।
এরই মধ্যে দিয়ে গণজাগরণ তৈরি করতে চাই। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম দিনাজপুরের এই খালকে বেছে নিয়েছেন।’ সারা দেশে খাল খননের পর ২৫ কোটি বৃক্ষ রোপন করা হবে বলেও জানান তিনি।

পরিদর্শনের সময় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম,এসপি জেদান আল মুসা দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক হোসেন ।

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা বাবলুর মৃত্যু

২০২৪ সালের জুলাই আন্দোলনে রাজপথে গুলিবিদ্ধ হওয়া টঙ্গীর ছাত্রদল নেতা মুহাম্মদ বাবলু (২১) অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন।

দীর্ঘদিন খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকার পর শনিবার (৭ মার্চ) সকালে তিনি মারা যান।

জানা যায়, ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের আবুল কাশেমের ছেলে বাবলু বর্তমানে গাজীপুরের টঙ্গী বেপারীবাড়ি এলাকায় বড় ভাইয়ের সঙ্গে বসবাস করতেন।

তিনি টঙ্গী সিটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন এবং বাংলাদেশ ছাত্রদলের টঙ্গী ৫৪ নম্বর ওয়ার্ড শাখার দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে গেলে তার খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসা পরিভাষায় রোগটির নাম Gastro-esophageal Adenocarcinoma Grade-III। এরপর রাজধানীর ধানমন্ডির নিউ লাইফ হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাবলুকে মোট ৮টি কেমোথেরাপি নিতে হতো। এর মধ্যে তিনটি সম্পন্ন হয়েছিল। প্রতিটি কেমোথেরাপির পেছনে প্রায় ৪০ হাজার টাকার বেশি ব্যয় হচ্ছিল।

কেমোথেরাপির পর তাকে জটিল অস্ত্রোপচার করাতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছিলেন, যার জন্য প্রয়োজন কয়েক লাখ টাকা।

বাবলুর পরিবার জানায়, ছেলের চিকিৎসার জন্য তাদের সঞ্চিত অর্থ প্রায় শেষ হয়ে যায় এবং পরিবারটি চরম অর্থসংকটে পড়ে।

উল্লেখ্য, আওয়ামী স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন বাবলু। ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার উত্তরা বিএনসি সেন্টার এলাকায় আন্দোলনের সময় পুলিশের গুলিতে তিনি আহত হন। সেই সময় তার বুকে একটি ছররা গুলি লেগে ছিল।

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় তিনি পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। ডাক্তারদের সময়মত কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি পরিদর্শনে যান। এ সময় হাসপাতালে কর্তব্যরত ২১ জন ডাক্তারের মধ্যে ৫ জন ছুটিতে থাকায় ১৬ জনের মধ্যে ৮ জনের উপস্থিতি দেখতে পান। এর মধ্যে ২ জন ডাক্তার আবার নির্ধারিত সময়ের পরে এসেছেন। পরে তিনি হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রম ঘুরে দেখেন ও রোগীদের সঙ্গে কথা বলেন।

পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল সাংবাদিকদের বলেন, আমরা খবর পেয়েছি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সময় মতো ডাক্তাররা আসেন না। এরই পরিপ্রেক্ষিতে আজকে সকালে হাসপাতাল পরিদর্শন করে তার সত্যতা পেয়েছি। আমরা আজকে কর্তব্যরত ১৬ জন ডিউটি ডাক্তারের মধ্যে ৮ জনের উপস্থিতি পেয়েছি। ডাক্তাররা মানবিক কাজ করেন। আমরা স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। তা ডাক্তারদের মাধ্যমেই পৌঁছে দেওয়া হবে। কিন্তু তারাই সময়মত উপস্থিত নেই। যারা উপস্থিত হয়নি তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা নগদ টাকা দিয়ে রেবিক্স টিকা কিনছি। প্রতি উপজেলায় টিকা পৌঁছে দেওয়া হচ্ছে। দেশে রেবিক্স টিকার আর সমস্যা হবে না।

এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মোহাম্মদ আতিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল-মামুন, পলাশ থানার পরিদর্শক (তদন্ত) কুতুবুল আলমসহ প্রমুখ

আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন,আশা করি আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে। এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন।

তিনি বলেন, ‘অতীতে সংসদে যেসব নেতিবাচকতা সৃষ্টি হয়েছে, সেগুলো মানুষের মন থেকে আমরা মুছে দেব।’

আজ শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কর্মশালায় সংসদের রুলস অব প্রসিডিউর, পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড কনফ্লিক্ট অব ইন্টারেস্টসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া সংসদের রীতিনীতি, রেওয়াজ ও পদ্ধতি নিয়েও কথা হয়েছে, যাতে সংসদ সদস্যরা এসব বিষয়ে ভালোভাবে অবগত হতে পারেন। বিশেষ করে সংবিধান, রুলস অব প্রসিডিউর এবং কাস্টমস কনভেনশন অব দ্য হাউস নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি যেসব দেশে শক্তিশালী গণতন্ত্রের চর্চা রয়েছে, সেসব দেশের সংসদীয় কার্যক্রম নিয়েও কথা হয়েছে।

নতুন সংসদ সদস্যদের নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা নতুন সংসদ সদস্য, তারা নতুন করে যাত্রা শুরু করবেন, শিখবেন ভালো। তাদের ভেতরে কোনো খারাপ সংস্কৃতি না থাকলে ভালো শিক্ষাটা পাবেন। একটা বাচ্চা যেমন জন্মগ্রহণের পর সতেজ সংস্কৃতি শিখে, ঠিক সেইভাবে নবীন সংসদ সদস্যদেরও প্রস্তুত করার চেষ্টা করছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন সংসদ সদস্যদের জনপ্রত্যাশা পূরণে কাজ করার লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রথমবার নির্বাচিত বিএনপির সংসদ সদস্যদের জন্য সংসদীয় কার্যক্রম, বিধি-বিধান ও সংসদীয় আচরণ বিষয়ে এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে। দুদিনব্যাপী কর্মশালার আজ শেষ দিনের কার্যক্রম চলছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রাইমারি হেলথকেয়ার সিস্টেমকে আরও সার্বজনীন করতে ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়ার পরিকল্পনা করছে সরকার। যার মধ্যে ৮০ হাজার নারী স্বাস্থ্য কর্মী থাকবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত।

শনিবার (৭ মার্চ) দুপুরে সিরডাপ মিলনায়তনে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘বাংলাদেশ সর্বজনীন স্বাস্থ্যের পথে’ শীর্ষক ডায়ালগ অনুষ্ঠানে এই কথা জানান তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ই-হেলথ কার্ড নিয়ে কাজ শুরু হয়েছে। বাস্তবায়নে কাঠামো গঠনের কাজ চলছে। প্রাইমারি হেলথকেয়ার সিস্টেমকে আরও সার্বজনীন করতে ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়ার পরিকল্পনা করছে সরকার। যার মধ্যে ৮০ হাজার নারী স্বাস্থ্য কর্মী থাকবেন।’

স্বাস্থ্যখাতে দুর্নীতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে ভাবতে হবে এবং কাজও করতে হবে। এ পর্যন্ত যা কিছু হয়নি তা দুর্নীতির মধ্যে হারিয়ে গেছে। সঠিক তদারকি না করলে সব পরিকল্পনাই মেগা দুর্নীতির খাত হয়ে যেতে পারে। তাই পাইপলাইনিং করতে হবে, যাতে স্বচ্ছতার মাধ্যমে সব কাজ সঠিকভাবে পরিচালিত করা সম্ভব হয়। এম এ মুহিত আরও বলেন, হাসপাতালে দালালদের দৌরাত্ম্যে রোগীরা পড়েন ভোগান্তিতে। আর সেবা নিশ্চিত করতে চিকিৎসকরা হাসপাতালে নিয়মিত থাকেন না। এসব নিয়েও সরকার কাজ করছে।

রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: ইশরাক হোসেন

রমজান ও ঈদকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

শনিবার (৭ মার্চ) সকালে রাজধানীর শ্যামবাজারে ভোক্তা অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে রাজধানীর পাইকারি ও খুচরা বাজার পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী।

এ সময় ব্যবসায়ীদের প্রতি ন্যায্যমূল্যে বজায় রাখার আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, ‘ঈদকে কেন্দ্র করে কেউ যেন অবৈধ মজুদ করতে না পারে সে বিষয়ে প্রশাসনের মনিটরিং অব্যাহত থাকবে।’

এছাড়া, গ্যাস সংকট নিরসনে ঈদের আগেই কার্যকর পদক্ষেপ নিতে কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার

শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ৬ নারী।

রোববার (৮ মার্চ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হবে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (৬ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হবে।

আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য নেতৃত্ব প্রদান এবং গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া অসামান্য অবদান রাখায় তাকে এ পুরস্কার দেওয়া হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়া অন্যান্য বছরের মতো এবারও‌ পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন অদম্য নারীকে পুরস্কার দেওয়া হচ্ছে। ‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, ‘শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর, ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কার পাচ্ছেন।

রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

রাজধানীর সায়েন্সল্যাব ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। সায়েন্সল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সুমন ও তার মেয়ে নিহত হয়েছেন। অন্যদিকে তেজগাঁওয়ে সিএনজিচালিত অটোরিকশা উলটে চালক ও এক যাত্রীসহ প্রাণ গেছে দুজনের।

শুক্রবার (৬ মার্চ) রাতের ঈদ শপিং শেষে ফেরার পথে এ দুটি ঘটনাই ঘটেছে।

জানা যায়, গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন তার একমাত্র মেয়ে ২৩ বছরের সিথিকে নিয়ে বের হয়েছিলেন ঈদ কেনাকাটায়। কেনাকাটা শেষ হলেও বাড়ি ফেরা হয়নি বাবা ও মেয়ের। রাত ৯টার দিকে বাবার মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন সিথি। সায়েন্সল্যাব মোড়ে পৌঁছেলে একটি বালুর ট্রাক মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সুমন। স্থানীয়রা সিথিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে রাতে রাজধানীর তেজগাঁওয়েও ঘটেছে একই ঘটনা। হারুনর রশিদ সানি ঈদের কেনাকাটা শেষে পরিবার নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন। কিন্তু সাত রাস্তার মোড়ে অটোরিকশাটি ইউটার্ন নেওয়ার সময় আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহতদের ঢামেক হাসপাতালে নিলে হারুনর রশিদ সানি ও অটোরিকশাচালক আলিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সূত্র জানায়, এ ঘটনায় সানির স্ত্রী ও তার বোন গুরুতর আহত অবস্থায় হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে, তারা যথাযথ আইনি ব্যবস্থা নিচ্ছে।

সবচেয়ে বড় রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

নিজেদের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

শনিবার (৭ মার্চ) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সূত্র জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় এ মার্কিন রণতরী গত কয়েকদিন ধরে ভূমধ্যসাগরে অবস্থান করছিল। এখন এটি লোহিত সাগরে নিয়ে যাওয়া হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এটি মিসরে সুয়েজ খাল পার হচ্ছে।

গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করতে ইউএসএস জেরাল্ড ফোর্ডকে ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। এরপর ইরানে হামলার জন্য এটিকে ভূমধ্যসাগরে আনা হয়। ওই সময় এটি ইসরায়েলের হাইফা বন্দরে নোঙর করেছিল।

সূত্র : আলজাজিরা