বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

বঙ্গোপসাগরের লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এর ফলে রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কমতে পারে তাপমাত্রা বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (৮ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী বুধবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঈদযাত্রা: অগ্রিম ট্রেন টিকিট বিক্রির শেষ দিন আজ

ঈদুল ফিতর সামনে রেখে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির শেষ দিন আজ সোমবার (৯ মার্চ)। আজ বিক্রি হচ্ছে আগামী ১৯ মার্চের যাত্রার টিকিট।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সম্প্রতি রেল ভবনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এই সময়সূচি নির্ধারণ করা হয়।

গত ৩ মার্চ থেকে শুরু হওয়া অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম আজকের মধ্য দিয়েই শেষ হচ্ছে। এর আগে ধাপে ধাপে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত যাত্রার টিকিট বিক্রি করা হয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে কেনা অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ড করার সুযোগ থাকবে না।

এদিকে যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নন-এসি কোচের মোট আসনের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়ার টিকিট’ বা স্ট্যান্ডিং টিকিট রাখা হয়েছে। যাত্রা শুরুর আগে সংশ্লিষ্ট ট্রেনের প্রারম্ভিক স্টেশন থেকে এসব টিকিট সংগ্রহ করা যাবে।

প্রতিটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী হিসেবে ১০,০০০ টাকা নির্ধারণ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতা দেবে সরকার। এছাড়া অন্যান্য ধর্ম গুরুকেও ভাতা দেওয়া হবে।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মাসিক ভাতা দেওয়ার ক্ষেত্রে প্রতিটি মসজিদের জন্য ১০,০০০ টাকা। যা থেকে ইমাম ৫০০০ টাকা, মুয়াজ্জিন ৩০০০ টাকা এবং খাদেম ২০০০ টাকা করে পাবেন।

প্রতিটি মন্দিরের জন্য ৮০০০ টাকা, যা থেকে পুরোহিত ৫০০০ টাকা এবং সেবাইত ৩০০০ টাকা পাবেন।

প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য ৮০০০ টাকা, যার মধ্যে বিহার অধ্যক্ষ ৫০০০ টাকা এবং উপাধ্যক্ষ ৩০০০ টাকা পাবেন।

প্রতি চার্চের জন্য ৮০০০ টাকা, যা পালক/যাজককে ৫০০০ টাকা, সহকারী পালক/যাজককে ৩০০০ টাকা দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়তে পারে রেমিট্যান্সে : মন্ত্রী আরিফুল হক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক বাংলাদেশি শ্রমিক কাজে যেতে পারছেন না এবং তাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও আতঙ্ক কাজ করছে।

রবিবার (৮ মার্চ) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রথম অগ্রাধিকার। তাদের প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেওয়া হচ্ছে এবং কেউ আহত হলে চিকিৎসা সেবার ব্যবস্থাও করা হবে। পরিস্থিতি আরও খারাপ হলে প্রয়োজন অনুযায়ী তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়েও সরকার ভাবছে বলে জানান তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল প্রতিদিন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত যুদ্ধ পরিস্থিতিতে তিন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, রমজান মাস ও যুদ্ধ পরিস্থিতির কারণে কার্যক্রম কিছুটা ধীর হলেও আগামী মাস থেকে এ বিষয়ে আরও গতি আসবে।

লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’: পররাষ্ট্র উপদেষ্টা

সরকার গঠনের পর প্রথম বিদেশি মিশন প্রধানের দায়িত্বে পরিবর্তন আনছে বিএনপি; লন্ডনে বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহারের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে শনিবার রাতে লন্ডনে পৌঁছে এ তথ্য দেন তিনি।

স্থানীয় বাংলাদেশি সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেওয়ার সময় এটাকে ‘সুখবর’ হিসেবেও তুলে ধরেন তিনি।

তবে অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্ব পাওয়া আবিদা ইসলামকে প্রত্যাহারের অফিস আদেশ এখনও ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।

বাংলাদেশি টেলিভিশন স্টেশন চ্যানেল ২৪ এর ফেইসবুকে প্রকাশ করা ভিডিওতে সিলেটি ও ইংরেজি মিশিয়ে হুমায়ুন কবির সাংবাদিকদের বলছেন, “একটা সুখবর আছে। শোনেন, একটা সুখবর হইল যে, হাই কমিশনার লন্ডনো এতদিন ‘ডিভাইসিস বিহেভিয়ারে-কনডাক্টে কমিউনিটিকে ডিভাইড’ করে রাখছে, যে আওয়ামী করণ করছে এই হাই কমিশনকে, আওয়ামী লীগ করণের ধান্ধা নিয়া চলছে, কমিউনিটির ধান্ধা নাই, বাংলাদেশের ইন্টারেস্ট দেখে না, এই হাই কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে।”

এরপর তিনি ইংরেজিতে বলেন, “হাই কমিশনার আবিদা ইসলাম হ্যাজ বিন রিমুভড ফ্রম হার পোস্ট।”

চব্বিশের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আসা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার বিদেশি মিশনগুলোতে রদবদলের ধারাবাহিকতায় ২০২৫ সালের জানুয়ারিতে আবিদা ইসলামকে এ দায়িত্বে আনে।

এর আগে লন্ডন মিশনে থাকা বহুল আলোচিত হাই কমিশনার সাইদা মুনা তাসনিমকে প্রত্যাহারের পর দায়িত্ব পান তিনি। ওই সময় মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা আবিদা।

মেক্সিকোতে যাওয়ার আগে জ্যেষ্ঠ কূটনীতিক আবিদা দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। কলকাতায় বাংলাদেশের প্রথম নারী ডেপুটি হাই কমিশনার (প্রধান মিশন) হিসেবেও কাজ করেছেন তিনি।

কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গী হয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি।

জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্য মন্ত্রী

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেন, আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধি করবো এবং জাপানের বাজারে আমাদের ফুড আইটেম রপ্তানির জন্য উদ্যোগ নেব।

তিনি বলেন, বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। যদি আমাদের ফুড সেফটি আন্তর্জাতিক মানে উত্তীর্ণ হয়, খাদ্য রপ্তানি সহজ হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

আজ রোববার নিজ অফিস কক্ষে জাইকা’র প্রধান প্রতিনিধি ইচিগুছি তমুহিদের নেতৃত্বে এক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের খাদ্য রপ্তানির অনেক সুযোগ রয়েছে। বিশ্ব বাজারে চাহিদাও আছে। এখন দরকার প্রয়োজনীয় উদ্যোগ। সেই চেষ্টাই আমরা করবো।’

বৈঠকটিতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)’র অর্থায়নে বাংলাদেশে পরিচালিত ‘ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জানা যায়, জাইকার অর্থায়নে দশ বছর মেয়াদি ২ হাজার ৪০৯ কোটি ৭০ লাখ টাকার Food Safety Testing Capacity Development Project এর আওতায় ঢাকায় একটি ফুড সেফটি রেফারেন্স ল্যাবরেটরি, চট্টগ্রাম ও খুলনায় দুটি খাদ্য পরীক্ষাগার, প্রশিক্ষণ ভবন নির্মাণসহ প্রয়োজনীয় সক্ষমতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। এতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের খাদ্য নিরাপত্তা পরীক্ষার সক্ষমতা বৃদ্ধি পাবে।

খাদ্য মন্ত্রী জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ, বিপণন ও বিক্রয় পর্যন্ত খাদ্য ব্যবস্থায় সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

এ প্রকল্পে অর্থায়নের জন্য জাইকা’কে ধন্যবাদ জানান খাদ্য মন্ত্রী। পাশাপাশি এ প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে দেশের খাদ্য ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে জাইকারের উর্ধ্বতন কর্মকর্তারা এবং খাদ্য সচিব মো. ফিরোজ সরকারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৬ মার্চে আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সংকট মাথায় রেখে কৃচ্ছ্র সাধনের উদ্দেশ্যে এবার ২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কৃচ্ছ্র সাধনের জন্য স্বাধীনতা দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। যথাযথ মর্যাদার সঙ্গে ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন করা হবে।

তিনি বলেন, ‘ঈদের আগে কর্মীদের বেতন ভাতা পরিষদ করতে বিজিএমইএ নেতাদের বলা হয়েছে। ব্যাংকিং সেক্টরসহ সব ক্ষেত্রে সরকারের সহযোগিতা থাকবে।’

তিনি আরো বলেন, ‘মব এবং ক্রাইম আলাদা। সবকিছুকে মবের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক হবে না।

আপাতত বিদ্যুতের দাম বাড়বে না : জ্বালানিমন্ত্রী

আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি ও সেহেরির সময় যেন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

রবিবার (৮ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

জ্বালানি মন্ত্রী বলেন, সকাল ১১টায় একটা তেলভর্তি জাহাজ এসেছে পৌঁছেছে।
এছাড়া আজ আরো একটা জাহাজ আসবে।

এদিকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এলএনজি ও এলপিজির ৮টি জাহাজ। পাশাপাশি তেলের জাহাজও আসছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি অতিক্রম করা জ্বালানিবাহী ৮ জাহাজ ইতোমধ্যে বন্দরে এসে পৌঁছেছে।

রবিবার সকালে জ্বালানিবাহী আটটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করেছে। বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এসব জাহাজ গত ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালি অতিক্রম করেছিল।

প্রসঙ্গত, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় গত শুক্রবার তেল বিক্রির সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
সরকার দেশবাসীকে আশ্বস্ত করে বলছে, জ্বালানির কোনো সংকট নেই। তবুও জনমনে শঙ্কা কাটছে না। এর মধ্যে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি অতিক্রম করা জ্বালানিবাহী ৮টি জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ১০ নির্দেশনা

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৫ মার্চ) এ সংক্রান্ত ১০ দফা নির্দেশনা জারি করেছে মাউশি।

মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সরকারি মাধ্যমিক-১ শাখা হতে বেসরকারি সংস্থা কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক প্রস্তুতকৃত ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ সংক্রান্ত ম্যানুয়ালের ভিত্তিতে পরিকল্পনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ)-এর শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সমঝোতা স্মারকের মাধ্যমে বিনামূল্যে একদিনের প্রশিক্ষণ সম্পাদনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী উক্ত কার্যক্রম নিম্নোক্তভাবে বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো:

প্রশিক্ষণ কার্যক্রমের শিরোনাম: শিক্ষা প্রতিষ্ঠানে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’;
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাউশি ও কোয়ান্টাম ফাউন্ডেশনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রশিক্ষণ কার্যক্রমটি স্ব স্ব ভেন্যুতে বিনামূল্যে বাস্তবায়ন করবে;
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ কোয়ান্টাম ফাউন্ডেশনের নিবন্ধিত ও নির্ধারিত স্বেচ্ছাসেবী প্রশিক্ষকগণের সাথে আলোচনা সাপেক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ অনুযায়ী শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ১ দিনের প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করবেন;
প্রশিক্ষণ পরবর্তী দৈনিক অনুশীলন কার্যক্রম নিয়মিত বাস্তবায়ন নিশ্চিত করার জন্য প্রশিক্ষণ ম্যানুয়ালের পরিশিষ্ট- ২(গ) -এর ‘বাস্তবায়ন ও মনিটরিং নির্দেশনা’ অনুসারে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান একটি মনিটরিং পুল গঠন করবে;
ম্যানুয়ালের পরিশিষ্ট-২ এ অন্তর্ভুক্ত পরিচালনা ও বাস্তবায়ন গাইডলাইনের কাউন্সেলিং সেবা প্রদানসহ অবশিষ্ট নির্দেশনাগুলো শিক্ষার্থীদের দৈনিক অনুশীলন কার্যক্রমের সাথে প্রয়োজন অনুসারে বাস্তবায়িত হবে;
প্রশিক্ষণ ম্যানুয়ালের পরিশিষ্ট- ২ ও ৪ এ বর্ণিত নীতিমালা অনুসারে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মনিটরিং পুল তাদের কার্যক্রম পরিচালনা করবে।

মনিটরিং পুলের কার্যাবলি প্রশিক্ষণ ম্যানুয়াল এবং পরিচালনা ও বাস্তবায়ন গাইডলাইনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এর বাইরের কোনো কার্যক্রমের সাথে কোনো অবস্থাতেই সম্পৃক্ত হওয়া যাবে না;
স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মনিটরিং পুল প্রতি বছর নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করবেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সংখ্যা বেশি হলে আলোচনা সাপেক্ষে ব্যাচ আকারে প্রশিক্ষণ প্রদান করা যেতে পারে;
অসংক্রামক রোগ প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং অভিভাবকদেরকে এই প্রশিক্ষণ সম্পর্কে অবহিতকরণের অংশ ‘হিসেবে কোনো- শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজন মনে করলে, ম্যানুয়ালের পরিশিষ্ট-৪(১)(৩) অনুযায়ী প্রয়োজনবোধে শিক্ষার্থীদের অভিভাবকদের প্রশিক্ষণের আওতায় এনে কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা যেতে পারে;
প্রতিষ্ঠান প্রধানগণ সংশ্লিষ্ট অঞ্চল/জেলা/থানা/উপজেলার সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের প্রত্যক্ষ সহযোগিতায় কার্যক্রমটি বাস্তবায়ন করবেন। সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সমঝোতা স্মারকের অংশ হিসেবে স্ব স্ব অবস্থান থেকে প্রশিক্ষণ কার্যক্রমটি বাস্তবায়ন সমন্বয় করবেন।

তাছাড়া প্রতিষ্ঠান প্রধানগণ প্রশিক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে প্রয়োজনে কোয়ান্টাম ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রশিক্ষণ কার্যক্রমের কো-অর্ডিনেটর (মানসিক স্বাস্থ্য, শিক্ষা ও প্রশিক্ষণ) সাইকোলজিস্ট (যোগাযোগ : ০১৮৯২০০৯৯১৪ ও ই-মেইল : (totalfitness@quantummethod.org.bd) এর সাথে যোগাযোগ করতে পারবেন;

প্রশিক্ষণ কার্যক্রমটি বাস্তবায়নে এবং প্রশিক্ষণ পরবর্তী দৈনিক অনুশীলন কার্যক্রমের মনিটরিং পুলের সদস্য হিসেবে বাংলাদেশ স্কাউটস (স্কাউটস- স্কুল পর্যায়ে ও রোভার স্কাউটস- কলেজ পর্যায়ে) সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ত থাকবে।

শেখ হাসিনা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন : মির্জা ফখরুল

গুমের মতো গুরুতর অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও অনুশোচনা না দেখিয়ে শেখ হাসিনা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড এক ধরনের ফৌজদারি অপরাধের শামিল।

রবিবার (৮ মার্চ) বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ‘মায়ের ডাক’ চলচ্চিত্র নির্মাণের যাত্রা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গুমের শিকার পরিবারগুলোর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত রয়ে গেছে।
সরকার থেকে বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হলেও অনেক পরিবার এখনো স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন করতে পারছে না।

তিনি আরো বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য নিয়মিত ভাতা নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, শুধু গুমের বিচার নয়, গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে আনার উদ্যোগও নিতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে আর গুম, হত্যা ও রক্তের রাজনীতি দেখতে চায় না দেশের মানুষ। এ জন্য এ ধরনের ঘটনার স্থায়ী সমাধান প্রয়োজন।