সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

ওয়াইম্যাক্স সেবায় গ্রামীণফোন

image_78248_0

 

 

 

 

 

 

 

 

প্রথম মোবাইল অপারেটর হিসেবে বৃহস্পতিবার থেকে পূর্ণাঙ্গ ওয়াইম্যাক্স সেবা চালু করতে যাচ্ছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইএসপি)অগ্নী সিস্টেমস এবং এডিএন টেলিকম লিমিটেডের সহযোগিতায় ডেটাভিত্তিক এই সেবা চালু করবে অপারেটরটি। নতুন এ সেবার ব্র্যান্ড নেম হবে ‘গো ব্রডব্যান্ড’।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৩৫০০ ব্যান্ডে এই ওয়াইম্যাক্স সেবা দিতে যাচ্ছে গ্রামীণফোন। আর এ সেবা দিতে সহযোগী দুই আইএসপি প্রতিষ্ঠান অগ্নি এবং এডিএনের এ ব্যান্ডে ৭ মেগাহার্ডজ করে স্পেকট্রাম রয়েছে।

এর আগে এই প্রতিষ্ঠান দুটির সঙ্গে ফিক্স ওয়াইম্যাক্স চালু করে গ্রামীণফোন।
এর আগে গত বছর ফেব্রুয়ারি মাসে দুটি আইএসপির সঙ্গে ওয়াইম্যাক্স সেবা চালু করার অনুমোদন নেয় গ্রামীণফোন। তবে দীর্ঘ সময় পর সেবা চালু করলেও প্রথম দফায় দেশের কোন কোন এলাকায় এ সেবা দেয়া কোনো তথ্য জানা যায়নি।

বর্তমানে গ্রামীণফোনসহ আরো কয়েকটি অপারেটর অবশ্য রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াই-ফাই সার্ভিস দিচ্ছে।

পাঁচ ভেন্যুতে তৃতীয় বিপিএল

bpl-23বাংলাদেশ ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত ও আকর্ষণীয় আসর বিপিএল। ইতিমধ্যে বিপিএলের দুই আসর হয়ে গেছে। ফিক্সিং কেলেংকারি ও সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপের কারণে তৃতীয় আসর শুরু হতে কিছুটা বিলম্ব হয়েছে। চলতি বছরের শেষ দিকে বিসিবি বিপিএল আয়োজন করার শিডিউল করে রেখেছে। বিপিএলের ফরমেট আর দলগুলোর নাম সবার মোটামুটি জানা থাকলেও এবার বিপিএলের পরিকল্পনায় নতুনত্ব আনা হচ্ছে বলে বিসিবি সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বিপিএলের প্রথম দুই আসর তিন ভেন্যুতে অনুষ্ঠিত হলেও এবারের আসর পাঁচ ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। মিরপুর, চট্টগ্রাম আর খুলনার সঙ্গে যোগ হতে চলেছে সিলেট ও কক্সবাজার ভেন্যু। ১০ অক্টোবর বিপিএল তৃতীয় আসরের পর্দা উঠবে বলে জানিয়েছেন বিসিবি ভারপ্রাপ্ত সিইও নিজামউদ্দিন সুজন।

আগের দুই বিপিএল আসর মিরপুর, চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম আর খুলনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু টি২০ বিশ্বকাপের কারণে নতুন করে সিলেটে আর কক্সবাজারে স্টেডিয়াম তৈরি হবার কারণে পরিস্থিতি পাল্টে গেছে। যেহেতু সরকারের মন্ত্রীসভায় সিলেটের বেশ কয়েক জন শীর্ষ নেতা রয়েছেন। সে কারনেই টি২০ বিশ্বকাপের আগে সিলেটে দ্রুত নতুন স্টেডিয়াম তৈরি হয়েছে।

এমনিতেই সিলেটবাসী দীর্ঘদিন থেকেই বিপিএলসহ আন্তর্জাতিক ক্রিকেট তাদের মাটিতে আয়োজনের দাবি জানিয়ে আসছে। আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরি হবার ফলে বিসিবি এখন আর সিলেটের ভেন্যুর নাম বিপিএল থেকে বাদ দিতে পারবে না। সঙ্গে তো সরকারের শীর্ষ মহলে অবস্থান করা সিলেটবাসীর চাপ রয়েছেই।

সিলেটের সঙ্গে কক্সবাজার ভেন্যু যোগ হতে যাচ্ছে তৃতীয় বিপিএলে। টি২০ প্রমিলা বিশ্বকাপের খেলা অনুষ্ঠিত হবার পর কক্সবাজারে বিপিএলের খেলা আয়োজন করতে চাচ্ছে বিসিবি। এটা বিসিবির নিজস্ব পরিকল্পনায় রয়েছে বলে জানা গেছে।

এদিকে আইসিসি সভাপতি কক্সবাজার ভেন্যু পরিদর্শনে এসে সন্তুষ্টি প্রকাশ করেছেন যেটা তিনি প্রকাশ্যে বলেও গেছেন। তখন থেকেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কক্সবাজার নিয়ে নতুন পরিকল্পনা এটেঁছেন। কিন্তু ঝামেলা বেঁধেছে চট্টগ্রাম ভেন্যু নিয়ে। কারণ, চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে যদি চট্টগ্রামের সব খেলা আয়োজন করা হয় তবে কক্সবাজারে কোন খেলা অনুষ্ঠিত হবে!

রাজধানীর মিরপুরে মসজিদ মার্কেটে আগুন নিয়ন্ত্রনে

Agun_1রাজধানীর মিরপুর ২ নম্বরের কর্মাস কলেজ সংলগ্ন মসজিদ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের পাঁচটি উইনিট ৩৮ মিনিট চেষ্টার পর ১২টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এর আগে বুধবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ওই মার্কেটের নিচতলায় আগুন লাগে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

অনেকের কাছ থেকে ভালোবাসার প্রস্তাব পেয়েছি: স্পর্শীয়া

sporshiaছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী স্পর্শীয়া। তিনি ২০১১ সালে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে মিডিয়ায় যাত্রা শুরু করেন। একই বছর ‘অরুণোদয়ের তরুণদল’ নাটকে রকস্টার চরিত্রে অভিনয় করে আলোচিত হন। বর্তমানে তিনি ঈদের নাটকের পাশাপাশি বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয়ের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সাম্প্রতিক কাজ এবং ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে কথা বলেছেন স্পর্শীয়া।

এই মুহূর্তে…
ঈদের জন্য বেশ কয়েকটি নাটকের কাজ করছি। এরই মধ্যে ‘উইপোকা’ এবং ‘সস্তার মধ্যে টেকসই’ নামের দুটি নাটকের কাজ শেষ করেছি। ‘উইপোকা’ নাটকটি থ্রিলার ধাঁচের। এখানে আমার সহ-অভিনেতা শ্যামল মওলা। অন্যদিকে ‘সস্তার মধ্যে টেকসই’ নাটকটি পুরোপুরি কমেডি ঘরানার। অনেক মজার একটি নাটক। আশা করছি, সবার ভালো লাগবে।

ধারাবাহিকে স্পর্শীয়া…
আমার অভিনীত দুটি ধারাবাহিক নাটক ‘ইচ্ছে ঘুড়ি’ এবং ‘আমাদের ছোট নদী’ এখন প্রচারিত হচ্ছে। এ ছাড়া বর্তমানে ‘উজান গাঙের নাইয়া’ ধারাবাহিক নাটকে অভিনয় করছি। ১৬ পর্বের ধারাবাহিকটি বিটিভির জন্য নির্মিত হচ্ছে। এটি যৌথভাবে পরিচালনা করছেন গিয়াসউদ্দিন সেলিম।

শহরের মেয়ে হয়ে গ্রামের মেয়ের চরিত্রে অভিনয়ের প্রস্তুতি কীভাবে নেন?
এখন পর্যন্ত একাধিক নাটকে গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছি। গ্রামে যাওয়ার সুযোগ খুব বেশি হয় না। বলতে পারেন, আমার পর্যবেক্ষণ ক্ষমতাটা বেশ প্রখর। গ্রাম থেকে আসা অনেক মানুষের সঙ্গে আমার পরিচয় আছে। আমি তাঁদের বোঝার চেষ্টা করি। আর শুটিংয়ের জন্য গ্রামে গেলে আমি সেখানকার মানুষদের সঙ্গে কথা বলি। এতে তাঁদের বুঝতে আমার অনেক সুবিধা হয়।

ড্রিমগার্ল স্পর্শীয়া…
মিডিয়াতে কাজ শুরুর পর থেকে অনেকেই আমাকে ‘ড্রিমগার্ল’ বলে ডাকছেন। অবশ্য ছোটবেলা থেকেই আমি এ শব্দটির সঙ্গে অভ্যস্ত। তাই এখন তেমন কিছু মনে হয় না। স্কুল-কলেজে পড়ার সময় অনেকের কাছ থেকে ভালোবাসার প্রস্তাব পেয়েছি।

প্রিয় সহশিল্পী…
সাবেরী আলম। আমি তাঁকে অনেক সম্মান করি এবং ভালোবাসি।

চলচ্চিত্রে স্পর্শীয়া…
আমি পড়ালেখা শেষ করে চলচ্চিত্রে অভিনয় করতে চাই। এটা সময়ের ওপর নির্ভর করছে। সব ধরনের চলচ্চিত্রেই আমার কাজ করার আগ্রহ আছে। বাণিজ্যিক ছবিতে অভিনয়েও আমার কোনো আপত্তি নেই। তবে চলচ্চিত্রের গল্প এবং চরিত্র আমার মনের মতো হলেই কেবল অভিনয় করতে রাজি হব।

স্পর্শীয়ার গোপন দুঃখ…
আমার নিজের তেমন কোনো দুঃখ নেই। সব সময় হাসিখুশি থাকার চেষ্টা করি। আমি সবকিছু পজিটিভভাবে দেখি। আমি জীবনের বাঁকা রাস্তাগুলো খুব সহজেই পার হতে পারি। তবে একটি বিষয় আমাকে অনেক কষ্ট দেয়। আমাদের মিডিয়ায় নতুনদের ঠিক সেভাবে মূল্যায়ন করা হয় না। এমনকি শুরুর দিকে অনেকে ঠিকমতো পারিশ্রমিকও পায় না। তারা শুধু নিজের আগ্রহ থেকে কাজ করে যায়। আমাদের দেশের অনেক পরিচালকই প্রচণ্ড মেধাবী। কিন্তু নাটকের বাজেট কম থাকার কারণে তাঁদের ভালোভাবে কাজ করতে অনেক সমস্যা হয়। এটা আমার একটা গোপন দুঃখ বলতে পারেন।

নারী উদ্যোক্তাদের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চল গঠনের দাবি

image_77760_0দেশের নারী উদ্যোক্তাদের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চল গঠনের দাবি জানিয়েছেন তৃণমূল নারী শিল্প উদ্যোক্তা সমিতি, বাংলাদেশ এর নেত্রীরা। একই সঙ্গে তারা নারী উদ্যোক্তাদের উন্নত প্রশিক্ষণ ও তথ্য সেবা দেয়ার লক্ষ্যে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য জায়গা বরাদ্দের দাবি জানান।

রোববার তৃণমূল নারী শিল্প উদ্যোক্তা সমিতি, বাংলাদেশ এর নেতারা শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে এ দাবি জানান। শিল্প মন্ত্রণালয়ে সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সংগঠনের সভাপতি মৌসুমী ইসলাম, সহ-সভাপতি মাহবুব আরা জরি, পরিচালক রুবিনা পারভীন, মানসুরা খানম ইভাসহ অন্য নেত্রীরা উপস্থিত ছিলেন। বৈঠকে নেতারা তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের কল্যাণে সংগঠন গৃহীত কর্মসূচি সম্পর্কে শিল্পমন্ত্রীকে অবহিত করেন।

তারা বলেন, নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণের পাশাপাশি উৎপাদিত পণ্য বাজারজাতকরণ ও ঋণ প্রাপ্তিতে এ সংগঠন সহায়তা দিয়ে আসছে। এর ফলে গ্রাম পর্যায়ে দক্ষ নারী উদ্যোক্তা তৈরির প্রচেষ্টা জোরদার হচ্ছে বলে তারা জানান।

শিল্পমন্ত্রী বলেন, নারীদের উৎপাদনের ধারায় সম্পৃক্ত করে আর্থ-সামাজিক উন্নয়ন প্রচেষ্টা জোরদারের লক্ষ্যে বর্তমান সরকার অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে। দেশে দক্ষ নারী উদ্যোক্তা সৃষ্টির জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন এবং বিসিকের মাধ্যমে সরকার ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। এর ফলে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নারী উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পুঁজিবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন শেষ

image_77311_0সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দুই বাজারেই সূচক বাড়লেও কমেছে লেনদেন।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে চার হাজার ৫৯৮ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ৪৪৪ কোটি আট লাখ ৭২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, যা আগের দিনের চেয়ে ৮৬ কোটি টাকা কম।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা যায়।

বৃহস্পতিবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশটি কোম্পানি হলো, লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, অলিম্পিক, পদ্মা অয়েল, গ্রামীণফোন, বিএসসি, ডেল্টা লাইফ, স্কয়ার ফার্মা, লঙ্কা বাংলা ফাইন্যান্স ও ফ্যামিলি টেক্স।

অন্যদিকে সিএসইতে সাধারণ সূচক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৮৬৮ পয়েন্টে। লেনদেন হয়েছে ৩৪ কোটি ৬১ লাখ তিন হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা কম।

সিএসইতে লেনদেন হওয়া ২১২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ৭৬টির এবং অপরিবতির্ত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দাম।

রানা প্লাজার সোহেল রানার ব্যক্তিগত সম্পদ বায়েজাপ্ত

sholel-ranaসাভার বাসস্ট্যান্ডের পাশে ২০১৩ সালের ২৪ এপ্রিল ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার ব্যক্তিগত সব সম্পদ বায়েজাপ্ত করেছে সরকার।

ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, রানাপ্লাজার ১৮ শতাংশ, রানা টাওয়ারের ১০ শতাংশ এবং ধামরাইয়ে সোহেল রানার মালিকাধীন স্থাবর সম্পদের খোঁজ পেয়ে তা বাজেয়াপ্ত করা হয়েছে।

এখন তা গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

দুবাই ওপেনে ১৫তম হয়েছেন জিয়াউর রহমান

zia_0দুবাই ওপেন দাবা চ্যাম্পিয়নশিপে ১৫তম হয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।

এবারের ১৬তম দাবা চ্যাম্পিয়নশিপে ৩৯টি দেশের ৩৮ জন গ্র্যান্ডমাস্টার, ৮ জন নারী গ্র্যান্ডমাস্টার ও ১৬ জন আন্তর্জাতিক মাস্টারসহ ১৪৮ জন খেলোয়াড় অংশ নেন।

এদের মধ্যে জিয়া ৯ খেলায় ৬ পয়েন্ট পেয়ে অর্জন করে নেন ১৫ তম স্থান। গত মঙ্গলবার অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় জিয়া ভারতের সিআরজি কৃষ্ণাকে পরাজিত করেন। এই চ্যাম্পিয়নশিপে ১৫ তম হওয়ায় জিয়ার রেটিং ৭ বৃদ্ধি পাবে।

ফ্রান্সের গ্র্যান্ডমাস্টার এডুয়ার্ডো রোমেইন ৮ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন।

সড়ক-সেতুতে টোল নীতিমালা জুলাই থেকে কার্যকর করতে চায় সরকার

road1সড়ক রক্ষণাবেক্ষণ তহবিলের অর্থ জোগান দিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন সড়ক-সেতুতে টোল আদায়ের জন্য অনুমোদিত নীতিমালা জুলাই থেকে কার্যকর করতে চাচ্ছে যোগাযোগ মন্ত্রণালয়। যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

টোল নীতিমালা ২০১৪ গত ২৪ মার্চ মন্ত্রিসভা বৈঠকে অনুমোদিত হয়। এ নীতিমালা কার্যকর হলে সওজের গুরুত্বপূর্ণ সড়ক, জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক এবং জেলা সড়কে যানবাহন চলাচলের জন্য টোল দিতে হবে। অধিদপ্তর ধাপে ধাপে সড়ক ও মহাসড়ককে টোলের আওতায় আনবে। এ ছাড়া উড়াল সড়ক, নদী বা মাটির নিচ দিয়ে নির্মিত টানেল এবং সরকারি-বেসরকারি অংশীদারিতে (পিপিপি) নির্মিত সড়কেও চলাচলের জন্য যানবাহনভেদে টোল দিতে হবে সর্বনিম্ন পাঁচ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত। ১৩ শ্রেণির যানবাহন টোলের আওতায় আনা হবে।

যোগাযোগ মন্ত্রণালয় থেকে জানা গেছে, সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন সড়ক রয়েছে ২১ হাজার ৫৭১ কিলোমিটার। সেতু আছে চার হাজার ৫০৭টি। এর মধ্যে বর্তমানে ৬১টি সেতু থেকে টোল বাবদ বছরে গড়ে প্রায় ৩৮০ কোটি টাকা আয় হয়। আর সড়ক সেক্টরে চট্টগ্রাম পোর্ট অ্যাকসেস রোড, হাটিকুমরুল-বনপাড়া এবং হবিগঞ্জের রুস্তমপুর থেকে জাফলং রোডে টোল আদায় করা হয়। এ ছাড়া ৫০টি ফেরিঘাটে টোল কার্যকর আছে। নতুন নীতিমালা অনুযায়ী ২০০ মিটারের কম দৈর্ঘ্যরে সব সেতু টোলের আওতামুক্ত থাকবে। ফেরির বদলে নতুন সেতু নির্মিত হলে দৈর্ঘ্য-নির্বিশেষে কমপক্ষে এক বছর পর্যন্ত টোল আদায় হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, পরীক্ষামূলকভাবে টোল লেন চালুর জন্য ঢাকা-চট্টগ্রাম-টেকনাফ জাতীয় মহাসড়কের ঢাকা-চট্টগ্রাম অংশ, ঢাকা-সিলেট-তামাবিল জাতীয় মহাসড়কের ঢাকা-সিলেট অংশ, ঢাকা-আরিচা-বগুড়া-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের ঢাকা-আরিচা অংশ ও ঢাকা-কালীগঞ্জ-ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক মহাসড়ক নির্বাচন করা হয়েছে।

প্রসঙ্গত, টোলনীতি অনুসারে, দেশের গুরুত্বপূর্ণ সড়কে সর্বোচ্চ হারে টোল আরোপ করা হবে। এ ক্ষেত্রে ভিত্তি টোল ধরা হয়েছে ৪০০ টাকা। জাতীয় মহাসড়কে ভিত্তি টোল হবে ৩০০ টাকা, আঞ্চলিক মহাসড়কে ২০০ টাকা এবং জেলা সড়কে ১০০ টাকা। এ ক্ষেত্রে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দেশের গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে বিবেচিত হবে।

টোলনীতি অনুযায়ী, জাতীয় গুরুত্বপূর্ণ সড়ক ব্যবহারে ট্রেইলারের টোল হবে এক হাজার টাকা, ভারী ট্রাক ৮০০, মাঝারি ট্রাক ৪০০, বড় বাস ৩৬০, ছোট ট্রাক ৩০০, মিনিবাস ২০০, কৃষিকাজে ব্যবহৃত যানবাহন (ট্রাক্টর, পাওয়ার টিলার) ২৪০, মাইক্রোবাস ও পিকআপ ১৬০, ব্যক্তিগত গাড়ি ১০০, অটোরিকশা ৪০, মোটরসাইকেল ২০ এবং রিকশা, ভ্যান, ঠেলাগাড়ির জন্য ১০ টাকা।

অপহরণের পরে ফোনে হুমকি পেয়েছি: রিজওয়ানা

534fa3808d5a9-16-04229বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, স্বামী আবু বকর সিদ্দিককে অপহরণের পরে তাঁকে দুবার হুমকি দেওয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে চাননি।

আজ বৃহস্পতিবার স্বামীর উদ্ধারের ব্যাপারে সৈয়দা রিজওয়ানা হাসান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান। তিনি স্বামীকে উদ্ধারের ব্যাপারে ডিবির সহায়তা চান। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

রিজওয়ানা বলেন, ‘স্বামীকে উদ্ধারের ব্যাপারে আমি আশাবাদী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলেছে। আমার সন্দেহের তালিকায় ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। আমাদের আইনগত কর্মকাণ্ডের কারণে যারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই এ কাজ করেছে।’ তিনি বলেন, ‘আমার স্বামীর ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক শত্রু নেই। আমার কাজ পরিবেশ আইন নিয়ে। এগুলো যাদের আঘাত করেছে তারাই এ কাজ করেছে।’

স্বামীকে উদ্ধারের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মবিশ্বাসী উল্লেখ করে রিজওয়ানা বলেন, তাঁরা সময় চেয়েছে। তাঁরা বলছেন, তাঁদের কাছে কোনো ক্লু নেই। এ কারণে তাঁরা সময় চেয়েছেন। তিনি স্বামীকে উদ্ধার করার ব্যাপারে দেশবাসীর সহায়তা চান।

গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে থেকে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকরকে অপহরণ করে। রিজওয়ানা হাসান এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।এ প্রতিবেদন লেখা পর্যন্ত আবু বকরের কোনো খোঁজ মেলেনি। পুলিশ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে।