মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

আবারও ব্লুফিন-২১ যোগে খোঁজা হবে ভুলে যাওয়া এমএইচ৩৭০

প্রায় ১ মাস সারা পৃথিবীতে আলোড়ন তোলার পর মালয়েশিয়ার নিখোঁজ বিমান ফ্লাইট নং-এমএইচ৩৭০’র কথা যখন অ-ভুক্তভোগী সাধারণ মানুষ ভুলতে বসেছে, তখন অস্ট্রেলিয়া আবারও অনুসন্ধানী স্বয়ংক্রীয় যান পাঠাতে চলে ভারত মহাসাগরে।

 image_92572_0
সর্বশেষ এপ্রিল মাসে সাগরের যে অংশে চারটি সক্রীয় তরঙ্গসংকেত অল্প সময়ের জন্যে পাওয়া গিয়েছিল, সে সকল স্থানেই পুনরায় অনুসন্ধান চালাতে চলেছে অস্ট্রেলীয় অনুসন্ধানী দল।
অনুসন্ধানী দল জয়েন্ট অ্যাজেন্সি কো-অর্ডিনেশন সেন্টার (জেএসিসি)- এর প্রধান এয়ার চীফ মার্শাল অ্যাঙ্গুজ হাউস্টনের ভাষ্য অনুযায়ী- যদিও অনুসন্ধানে কোন চূড়ান্ত ফল মেলেনি, তারপরও তিনি নিশ্চিত ভারত মহাসাগরের ঐ চিহ্নিত দক্ষিণ করিডোরই সেই জায়গা, যেখানে খোঁজ মিলবে নিখোঁজ এমএইচ৩৭০’র।  কারণ নিখোঁজ বিমানের গতিপথ মালাক্কা প্রণালী থেকে বাঁ দিকে বেঁকে গিয়েছিল।
এপ্রিলে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল লিয়ারমন্থ থেকে আরও পশ্চিমে ১০৬০ কিলোমিটার থেকে ২১০০ কিলোমিটার এর মধ্যে প্রায় ২ লাখ ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিমানের অনুসন্ধানী অভিযান চালানো হয়েছিল।
অ্যাঙ্গুজ হাউস্টন জানান, ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলীয় সেই করিডোরে আবারও ব্লুফিন ২১কেই নামানো হবে। যদিও প্রায় ৪ হাজার ফুট গভীরে যেতে সক্ষম স্বনিয়ন্ত্রিত সাবমেরিনটি ইতোপূর্বে ব্যর্থ হয়েছিল, তবু এবার তাকে ব্যবহারেই সাফল্যের সম্ভাবনা দেখতে চাইছে অস্ট্রেলীয় অনুসন্ধানী দলটি।
চলতি বছরের ৮ মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমান এমএইচ৩৭০ ২৩৯ জন যাত্রী নিয়ে ভারত মহাসাগর অতিক্রম করার সময় হারিয়ে যায়।

চীনে আত্মঘাতী বোমাহামলার ৫ সন্দেহভাজন ‘মুসলিম’ গ্রেপ্তার

চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা শিনহুয়া জানিয়েছে পশ্চিমাঞ্চলের শিনজ্যাং প্রদেশে গত ২২ মে’র বোমাহামলার ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে এ সন্দেহে ৫ সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

 image_92574_0
সংবাদসংস্থা শিনহুয়া জানায় উইঘুর মুসলিম সম্প্রদায় অধ্যুষিত শিনজ্যাং প্রদেশের এক সবজির বাজারে গত ২২ মে বৃহস্পতিবার এক ভয়াবহ আত্মঘাতি বোমাহামলায় ৩৯ জন সাধারণ মানুষ প্রাণ হারান।
সন্দেহভাজনদের নাম নুরাহমাত আপলিপিজ, মেমেত মেমতিমিন, রাগিমজান মেমেত, মেমেতিমিন মাহমাত ও আবলেত আবদু-কাদির। নামের ধরণ দেখেেএদের উইঘুর মুসলিম সম্প্রদায়ের লোক বলে চিহ্নিত করেছে এ বার্তাসংস্থা।
পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, ঐ পাঁচ সন্দেহভাজন ধর্মীয় গোঁড়াপন্থী। ইতোপূর্বে আরও বেশ কিছু চরমপন্থী অপরাধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী। এবং নিয়মিত বিভিন্ন দেশে সশস্ত্র ইসলামী দলসমূহের ত্রাস ছড়ানো ভিডিও ও অডিও দেখে অভ্যস্ত এবং প্রভাবিত।
জানা যায় ২২ মে’র আত্মঘাতী বোমাহামলা তিন সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় শিনজ্যাং প্রদেশের রাজধানীর বুকে দ্বিতীয় বোমাহামলা।
চীন রাষ্ট্রীয়ভাবে আগামি ১ বছরব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে এক বিশেষ ‘ক্র্যাকডাউন’ বা কঠোর ও সশস্ত্র ব্যবস্থা অবলম্বন করবে বলে জানা গেছে। বিগত বছরে সন্ত্রাসী আক্রমণে চীনে প্রায় ১৮০ বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন।
চীনের মানবাধিকার সংস্থাগুলোর মতে, উইঘুরদের অপরাধপ্রবণতার কারণ- তাদের নিজস্ব ধর্ম, কৃষ্টি ও সভ্যতা, ভাষা (তুর্কি) লালন ও পালনে সরকারি ও সংখ্যাগুরু কর্তৃক বাধা প্রদান এবং তাদের সামাজিক গুরুত্ব কমিয়ে নিয়ে আসা।

মোদির ডাকের অপেক্ষায় যশোদাবেন!

আগামী সোমবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি।চল্লিশ বছর ধরে এই দিনটির আশায় বসে আছেন তার পরিত্যক্ত স্ত্রী যশোদাবেন।

ভোটের আগেই দু:খ করে একবার বলেছিলেন, ‘জানি কোনও দিন তিনি আমায় ফোন করবেন না। তবু জানি, একদিন উনি দেশের প্রধানমন্ত্রী হবেন।’ যতদিন না স্বামী প্রধানমন্ত্রী হন, ততদিন অন্ন মুখে তোলেননি, পায়ে জুতা পরেননি। স্বামীর মঙ্গল কামনা করে গোটা দেশে ঘুরে বেড়িয়েছেন মন্দিরে-মন্দিরে। তিনি শুক্রবার এক স্থানীয় চ্যানেলে সাক্ষাৎকারে বললেন, ‘ডাক পেলে দিল্লি আসব। শপথেও ডাক পেলে আসব।’ রেস কোর্স রোডে প্রধানমন্ত্রীর বাসভবনে স্বামীর সঙ্গে থাকতেও রাজি। তবে স্ত্রীর হিসেবে স্বীকৃতি পাওয়াটাই তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে জানিয়েছেন যশোদাবেন।
 image_92582_0.gif
ভারতে এ পর্যন্ত যত জন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, তাঁদের প্রত্যেকের পরিবার সঙ্গে থেকেছে। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে তিন মূর্তি ভবনে থাকতেন ইন্দিরা। মোরারজি দেশাইয়ের ছেলেরা, পি ভি নরসিংহ রাওয়ের সন্তানরাও সঙ্গে থাকতেন। অটলবিহারী বাজপেয়ী বিয়ে না করলেও রেস কোর্স রোডে বাসভবনে থাকতেন তাঁর পালিতা কন্যা। আর মোদি রেস কোর্স রোডে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করতে চলেছেন আগামী সোমবার। সেখানে তিনি যদি একা থাকেন তবে সেটি হবে ব্যাতিক্রমী ঘটনা।
অবশ্য নিজের শপথ অনুষ্ঠানে মাকে নিয়ে আসতে চেয়েছিলেন মোদি। কিন্তু শারীরিক অবস্থার কারণে তাঁর দিল্লি আসার সম্ভাবনা কম।
এবারের নির্বাচনে প্রার্থীর হলফনামায় স্ত্রী যশোদাবেনের নাম উল্লেখ করে তাঁকে প্রকাশ্যে স্বীকৃতি দিয়েছেন মোদি।এখন প্রশ্ন হল, তবে তাঁকে কি রেস কোর্স রোডে থাকার ডাক পাঠাবেন প্রধানমন্ত্রী?
 তার শপথের অনুষ্ঠানে ডাক পেয়েছেন দেশ বিদেশের অনেক রথী-মহারথী- বলিউডের তারকারাও বাদ যাননি। এখন প্রশ্ন হল: রজনীকান্ত, অমিতাভ বচ্চন, লতা মঙ্গেশকর, সলমন খানদের সঙ্গে যশোদাবেনকেও কি দেখা যাবে? এর উত্তর জানেন শুধু মোদি।
তবে স্বামীর কাছ থেকে ডাক না পেলেও কোনো অনুযোগ নেই যশোদাবেনের। কয়েক যুগ পর মোদি যে তাকে স্ত্রী বলে প্রকাশ্যে স্বীকৃতি দিয়েছেন, এতেই তিনি খুশি! এই জীবনে আর কিছুই তার চাইবার নেই, এমনকি ভারতের নয়া প্রধানমন্ত্রী মোদির কাছ থেকেও নয়!

ব্রাজিলে বিশ্বকাপবিরোধী সংগ্রাম ঠেকাবে সাড়ে ৬ হাজার কোটি টাকা

ব্রাজিলে বিশ্বকাপবিরোধী দরিদ্র মানুষের সংগ্রাম যখন তুঙ্গে তখন দেশটির প্রশাসন প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা ব্যয়ে প্রবল নিরাপত্তাবূহ্য তৈরি করতে ব্যস্ত।

 image_92583_0
আগামী মাসে ৩২ দেশের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের আয়োজনে যেন বিক্ষোভকারীরা কোনপ্রকার বিঘ্ন ঘটাতে না পারে, সেজন্যে এ অকল্পনীয় অংক (৮৫ কোটি ৬ লাখ মার্কিন ডলার, প্রায় ৬ হাজার ৬৭৬ কোটি ৮০ লাখ টাকা) খরচ করা হচ্ছে শুধুমাত্র নিরাপত্তাবিধান করার পেছনেই।
বিশ্বকাপ চলাকালীন সময়ে সার্বিক শৃঙ্খলা রক্ষার জন্যে ১ লাখ পুলিশ নিয়োগ করা হবে এবং স্টেডিয়ামসমূহের চারপাশে, বিমানবন্দরে, হোটেল ও বোর্ডিং হাউজগুলোয় নিরাপত্তাবিধানের জন্যে নিয়োগ করা হবে ৫৭ হাজার সশস্ত্র সেনাসদস্যকে।
বিশ্বকাপের খেলাগুলো অনুষ্ঠিত হবে ব্রাজিলের ১২টি শহরে। ১২ জুন থেকে ১৩ জুলাই; ১ মাসব্যাপী আয়োজন। ৬ লাখ বিদেশি পর্যটকের আগমন ঘটবে এ সময়ের মধ্যে।
ব্রাজিলের ৩৬তম রাষ্ট্রপতি দিলমা রৌসেফ যে কোন কিছুর বিনিময়ে নিরাপদে বিশ্বকাপ আয়োজন সম্পন্ন করতে চান। তিনিসহ আয়োজকদের ধারণা, বিক্ষোভকারীদের যে ধরনের দৌরাত্ম গত বছরের জুন মাস থেকে চলে আসছে এবং এখনও চলছে, বিশ্বকাপ চলাকালীন সময়ে তা দুর্বল হয়ে পড়বে।
উল্লেখ্য, ব্রাজিলের ২০১১ সালে কৃত রাষ্ট্রীয় হিসেব অনুযায়ী দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষ মোট জনসংখ্যার ৪ দশমিক ২ শতাংশ। কিন্তু বর্তমান বেসরকারি জরিপ অনুযায়ী সংখ্যাটি মোট জনসংখ্যার ২১ দশমিক ৪ শতাংশ।
বিক্ষোভকারীরা মূলত এই দরিদ্র জনগোষ্ঠি এবং তাদের সমর্থক গোষ্ঠি। তাদের দাবি- বিশ্বকাপের ‘বিলাসিতায়’ না ভেসে ব্রাজিল আগে তাদের মানবিক প্রয়োজন ও মৌলিক অধিকার পূরণ করুক।

সিরিয়ায় মর্টার হামলায় নিহত ৩৯

সিরিয়ায় শুক্রবার মর্টার বোমা হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। প্রেসিডেন্ট বাসির আল আসাদের পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নেওয়ার সময় বৃহস্পতিবার ওই হামলা চালানো হয়।

 image_92588_0.gif
সিরিয়ার সরকারি টেলিভিশনের বরাত দিয়ে সংবাদ সংস্থা আল জাজিরা জানায়, ঘটনার দিন আসাদের সমর্থকরা দেশের দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে একটি তাবুতে প্রেসিডেন্টের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এসময় হামলাটি চালানো হয। এতে শিশুসহ ৩৯ জন নিহত হন। আহত হয়েছেন আরো বহু মানুষ।
এর আগে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অবজারভেটরি ফর হিউমেন রাইটস বৃহস্পতিবারের ওই হামলায় ২১ জন নিহত এবং আরো ৩০ জন আহত হওয়ার কথা জানিয়েছিল।
দেরা শহর থেকে এক বিদ্রোহী নেতা এপিকে বলেছেন, ফ্রি সিরিয়ান আর্মি সরকার নিয়ন্ত্রিত এলাকায় ওই হামলা চালিয়েছে। হামলার সময় তাবুতে প্রায় একশ জন লোক অবস্থান করছিল। তবে হামলা চালানোর আগে বিদ্রোহীরা সাধারণ লোকজনকে ঘটনাস্থল থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল।
সিরিয়ায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এটিই হচ্ছে প্রথম হামলা।
হামলার পর দেরার গভর্ণর মোহাম্মদ আল-হানুস সরকারি টেলিভিশনকে বলেছেন, এ ধরণের সন্ত্রাসী হামলা চালিয়ে তারা সিরিয়ার আসন্ন নির্বাচন বানচান করতে পারবে না।

শনিবার জ্যাকব জুমার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ

শান্তির প্রবাদপুরুষ নেলসন ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নির্বাচনে জয় লাভের পর, নেলসন ম্যান্ডেলার একসময়ের ভাবশিষ্য, বর্তমান দলীয় প্রধান জ্যাকব জুমা দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি হিসেবে শপথবাক্য পাঠ করতে চলেছেন।

 image_92591_0
দক্ষিণ আফ্রিকার গুয়াতেং প্রদেশের উত্তরাংশের শহর প্রিটোরিয়ায় এ শপথবাক্য পাঠ করা হবে। শপথবাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জিম্বাবুয়ের রাষ্ট্রপতি রবার্ট মুগাবে।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কোন প্রতিনিধি পাঠাচ্ছে না। কিন্তু রাশিয়া, চীন ও ভারতের প্রতিনিধিরা নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকবেন।
গত ৭ মে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নির্বাচনে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস জয় লাভ করে।
শপথবাক্য পাঠের পর পরবর্তী ৫ বছরের জন্যে রাষ্ট্রপতি হিসেবে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন বিগত শাসনামলে বিপুল অংকের দুর্নীতির অভিযোগে আকণ্ঠ নিমজ্জিত জ্যাকব জুমা।

যুক্তরাষ্টে ফের বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গহরাজ্যের সান্তা বারবারা এলাকায় শুক্রবার রাতে এক বন্দুকহামলায় তিন জন নিহত এবং আরো সাত জন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন দু জনকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

 image_92621_0.gif
সান্তা বারবারা কাউন্টি শরিফের মুখপাত্র কেলি হুভার স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, শুক্রবার রাতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান্তা বারবারা ক্যাম্পাসের এক ছাত্রাবাসে ওই বন্দুক হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন দু জনকে আটক করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে এই হামলার কারণ জানা যায়নি। হামলার পর ঘটনাস্থল চারদিক থেকে ঘিরে রেখেছে পুলিশ।  এছাড়া সান্তা বারবারার লোকজনকে ঘরে থাকারও নির্দেশ দেয়া হয়েছে।

সারাদেশে আইনজীবীদের আদালত বর্জন রবিবার

সুপ্রিম কোর্টে পূর্বঘোষিত কর্মসূচিতে বাধার প্রতিবাদে রবিবার সারাদেশে আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।82978_1

এছাড়া ২৭ মে দেশের সব বারে মানববন্ধন এবং ২৯ মে কালো পতাকা মিছিলের কর্মসূচিও ঘোষণা করেন তিনি।

শনিবার দুপুরে রাজধানীর প্রেসক্লাবে জাতীয়তাবাদী আইইজীবী ফোরামের সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আইনজীবী সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

টিপু সুলতানের সেই আংটিটি নিলামে বিক্রি

মহীশুরের প্রাক্তন শাসক টিপু সুলতানের সেই বিখ্যাত সোনার আংটিটি লন্ডনে নিলামে ১ লাখ ৪৫ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।

অংটিটি যুদ্ধে নিহত টিপু সুলতানের মরদেহ থেকে চুরি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।82970_1

আংটিটির বিক্রি নিয়ে ভারতে প্রতিবাদের ঝর উঠেছিল।

নিলামে ৪১.২ গ্রাম ওজনের এই আংটির দাম ধার্য করা হয়েছিল ১০ থেকে ১৫ হাজার পাউন্ডের মধ্যে। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্রেতা তার দশগুণ বেশি দাম দিয়ে  প্রায় ১ কোটি ৯০ লাখ টাকায় আংটিটি কিনে নিয়েছেন।

টিপু সুলতান ১৭৯৯ সালে শ্রীরাঙ্গাপাত্তিনামে বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর সাথে যুদ্ধে নিহত হন।

সাহসী যোদ্ধা টিপু সুলতানের পরিবার এবং ভারতীয় ইতিহাসবিদরা মনে করেন, বৃটিশ বাহিনীর অধিনায়ক আর্থার ওয়েলেসলি অংটিটি সুলতানের আঙ্গুল থেকে খুলে ইংল্যান্ডে নিয়ে যান।টিপু সুলতান ১৭ বছর মহীশুর (বর্তমানে কর্ণাটক) শাসন করেন এবং ১৭৮০ সাল থেকে তার মৃত্যু পর্যন্ত বৃটিশদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান।হায়দার আলীর উত্তরাধিকারী টিপু একজন সাহসী যোদ্ধা এবং প্রগতিশীল শাসক হিসেবে খ্যাত ছিলেন।
টিপু একজন মুসলিম সুলতান হওয়ার সত্ত্বেও আংটিতে দেভনাগারী বর্ণমালায় হিন্দু দেবতা রামের নাম লেখা আছে।
ইতিহাসবিদরা মনে করেন, হিন্দু ধর্মের প্রতি এই সুলতানের শ্রদ্ধার কারণেই তার আংটিতে রামের নাম খোদাই করা ছিল।

সূত্র: বিবিসি

সিরাজগঞ্জে কলেজছাত্রী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ সরকারি কলেজের মেধাবি ছাত্রী লিজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ‘বন্ধু ও বন্ধুত্ব’ সংগঠন।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের নাজমুল চত্বরে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন লিজার বাবা লিয়াকত আলী, বাসদের সমন্বয়ক নব কুমার কর্মকার ও লিজার সহপাঠীরা।image_83162_0

মানববন্ধনে লিজার সহপাঠী, কলেজ শিক্ষার্থী, এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতারের জন্য পুলিশের প্রতি আহ্বান জানান।

গত ২৪ মার্চ শহরের এস এস রোডের ফ্রেন্ডস প্লাজার ছাদ থেকে সিরাজগঞ্জ সরকারি কলেজের মেধাবী ছাত্রী লিজাকে ফেলে দেয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ও পরে ঢাকায় পাঠানো হয়। ৩০ মার্চ বিকালে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনার জন্য নিহতের বাবা সিরাজগঞ্জ জজ কোর্টের পেশকার লিয়াকত আলী বাদী হয়ে লিজার বান্ধবী বন্যার নাম উল্লেখ সহ কয়েকজনের নামে মামলা করেন। মামলা করার পর থেকেই বন্যা ও তার পরিবার পলাতক রয়েছে।

দুই মাস অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত কোনো আসামি আটক না হওয়ায় ‘বন্ধু ও বন্ধুত্ব’ সংগঠনের পক্ষ থেকে শনিবার এই মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।