মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

জামায়াত নেতা রফিকুলকে ফের হাইকোর্টে তলব

আদালত অবমাননার অভিযোগে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর আমির মাওলানা রফিকুল ইসলাম খানকে আবারো তলব করেছে হাইকোর্ট। আগামী ৭ জুলাই তাকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।83699_1

সোমবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

এর আগে আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল ডাকায় গত বছরের ৫ আগস্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের অবকাশকালীন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রফিকুল ইসলাম খানকে তলব করেছিল।

একই সঙ্গে কেন আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করেছিল হাইকোর্ট।

সোমবার ওই রুলের রায় দেয়ার জন্য দিন ধার্য ছিল। কিন্তু রফিকুল ইসলাম খান আদালতে হাজির না হওয়ায় তাকে আবারো তলবের আদেশ দেয় হাইকোর্ট।

আদালতে রফিকুল ইসালামের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম মনিরুজ্জামান।

দুর্নীতি: সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর এপিএস শৈলেন গ্রেপ্তার

কোটি টাকার দুর্নীতির মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার একান্ত সহকারী সচিব (এপিএস) সৌমেন্দ লাল চন্দ শৈলেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 83710_1

সোমবার বিকেল সাড়ে চারটার দিকে দুদকের উপপরিচালক এ কে এম মেসবাহ উদ্দিনের নেতৃত্বে একটি দল শৈলেনকে গ্রেপ্তার করে রমনা থানায় সোপর্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, শৈলেনকে রাজধানীর বেইলি রোডের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২ জুন শৈলেনের বিরুদ্ধে ১ কোটি ১১ লাখ ৮৫ হাজার ৬৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে রমনা থানায় মামলা (নম্বর-৫) করে দুদক।

মামলার এজাহারে বলা হয়েছে, আয়কর নথি ও ব্যাংক বিবরণীতে দেখা যায়, শৈলেন মোট ১ কোটি ১৮ লাখ ৪৬ হাজার ৪২ টাকা অর্জন করেছেন। ওই টাকার মধ্যে ১ কোটি ১১ লাখ ৮৫ হাজার ৬৩৯ টাকা তিনি জ্ঞাত আয়বহির্ভূত উত্স থেকে অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত। এ ছাড়া তার আয় ও সঞ্চয়ের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে।

এ বিষয়ে চলতি বছরের ১৫ এপ্রিল শৈলেন ও তার স্ত্রী শাস্তা চন্দকে তলব করে দুদক।

দুদক সূত্র জানায়,  শৈলেনের বিরুদ্ধে প্রায় ৫০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পটুয়াখালীতে শৈলেনের পাঁচতলা একটি বাড়িসহ রাজধানীতে একাধিক ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া ভারতে অর্থ পাচার ও ৫০৪টি হজ এজেন্সির কাছ থেকে অবৈধভাবে কোটি কোটি টাকা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

দেশের জার্সিতেই সুখী মেসি

আগের তিন মৌসুমে গড়ে ৫০ ওপরে গোল করেছেন। তার মধ্যে ২০১১-১২ মৌসুমেই করেছেন সর্বোচ্চ ৭৩ গোল। ওই বছরই ভেঙ্গে ফেলেন এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের রেকর্ড। 83711_1

লিওনেল মেসির প্রতি ভক্তদের প্রত্যাশার পারদ ধীরে ধীরে আকাশচুম্বি হওয়ার পেছনে কিন্তু আর্জেন্টাইন স্ট্রাইকার নিজেই দায়ী! এ কারণে মাত্র ৪১ গোল করে গত মৌসুম শেষ করার পর মেসির সমালোচনা করে বার্সেলোনার সাবেক সহকারি কোচ অ্যাঞ্জেল কাপ্পা বলেছিলেন, ‘ফুটবলের প্রতি মেসির আগ্রহ কমে গেছে।’

তবে অসি আরদিলিস মনে করছেন তার উল্টো।

আর্জেন্টিনার হয়ে ১৯৭৮ সালে বিশ্বকাপজয়ী এ কিংবদন্তি মনে করেন, ২০১৪ বিশ্বকাপ আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা আছে। কারণ দলে মেসির মতো ফুটবলারের উপস্থিতি। সবচেয়ে বড় ব্যাপার হলো, বার্সেলোনার থেকে মেসি এখন জাতীয় দলের জার্সিতেই বেশি সুখী বলে বিশ্বাস করেন আর্জেন্টিনার সাবেক এ সেন্ট্রাল মিডফিল্ডার।

আর্জেন্টিনার জার্সিতে ৮৬ ম্যাচ খেলে ৩৮ গোল করেছেন মেসি। দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শুধু গ্যাব্রিয়েল বাতিস্তুতাই তার সামনে রয়েছেন। ৭৮ ম্যাচ খেলে ৫৬ গোল করেছিলেন আর্জেন্টিনার সাবেক এ স্ট্রাইকার।

আরদিলিস বলেন, আর্জেন্টাইনদের আশাবাদী না হওয়ার কোনও কারণ নেই। গত বিশ্বকাপের আগেও মেসি বার্সার হয়ে অবিশ্বাস্য ফর্মে ছিল। কিন্তু এবার প্রেক্ষাপট পাল্টে গেছে। মেসি এখন জাতীয় দলের জার্সিতেই বেশি সুখী।

২০১০ সালে আর্জেন্টিনার জার্সিতে ১০ ম্যাচে মাত্র ২ গোল করেছিলেন মেসি। পরের বছর ১৩ ম্যাচ খেলে সেই সংখ্যাটা দাঁড়ায় ৪-এ। কিন্তু তারপর থেকে আকাশি-সাদায় মেসিকে ধারাবাহিক বলাই যায়। ২০১২ সালে ৯ ম্যাচে ১২ গোল করার পর গত বছর ৭ ম্যাচে ৬ গোল করেন মেসি।

কাফুর বাজি জার্মানি

বিশ্বকাপ ফাইনালে জার্মানি অবশ্যই ফাইনাল খেলবে বলে মনে করছেন ব্রাজিলের সাবেক অধিনায়ক কাফু। তিনি বলেন, ফাইনালে ব্রাজিল-জার্মানি মুখোমুখি হবে তাতে কোনো সন্দেহ নেই।83718_1

২০১০ বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছা কোচ জোয়াচিম লো’র শিষ্যদের দারুণ সমীহ করছেন সাবেক সেলেসাও অধিনায়ক। এই রকম তারুণ্য নির্ভর দল নিয়েই সে বছর আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বের প্রশংসা কুড়িয়েছিলেন বলে মনে করছেন কাফু।

কাফুর বিশ্বাস গত চার বছরে জার্মানরা আরও বেশি অভিজ্ঞতা অর্জন করেছে এবং ১৩ জুলাই রিওতে স্বাগতিকদের প্রতিপক্ষ হবেন তারাই।

স্পোর্টসইনফরমেশন ডাইনেস্টকে দুইবারের বিশ্ব কাপ জয়ী কাফু বলেন, ‘জার্মানি খুবই শক্তিশালী একটা দল। এখানে (ব্রাজিল) তারা খুবই শক্তিশালী মানের দল। জার্মানি বেশ ভালভাবে উন্নতি করেছে।’

তিনি আরও বলনে ‘আমাদের সবার বিশ্বাস ফাইনালে আমরা জর্মানির বিপক্ষে খেলব। তারা অবশ্যই ফাইনালে পৌঁছাবে।’

২০০২ বিশ্বকাপ ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারানো ব্রাজিল দলের নেতৃত্বে ছিলেন কাফু।

বিরোধী দলীয় নেতা ছাড়াই চলবে ভারতের এবারের সংসদ

সংসদীয় গণতন্ত্রের নজিরবিহীন হলেও পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের এবারের লোকসভায় কোনো বিরোধী দলীয় নেতা থাকছেন না।

স্পিকার সুমিত্রা মহাজান অতীতের নজির ঘেঁটেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানাচ্ছে এনডিটিভি।83712_1

ভারতের সংসদীয় আইন অনুসারে বিরোধী দলীয় নেতা হলে তার দলকে সংসদে বৃহত্তম বিরোধী দল হতে হবে এবং সংসদের মোট আসনের অন্তত ১০ শতাংশ বা ৫৫টি আসনে পেতে হবে।

কিন্তু ১৬তম লোকসভা নির্বাচনে কংগ্রেস বৃহত্তম বিরোধী দলের মর্যাদা পেলেও আসন পেয়েছে মাত্র ৪৪টি। এরপরেই রয়েছে জয়ললিতার এআইএডিএমকে, পেয়েছে ৩৭টি আসন।

নির্বাচনে বিজেপি এককভাবে ২৮২ আসন এবং জোটগতভাবে ৩৩৬ আসনে জয় পেয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন যে তিনি সংসদীয় নজির ঘেঁটে দেখবেন যে কংগ্রেসকে প্রধান বিরোধী দলের নেতার আসনে বসানো যায় কিনা।

তবে স্পিকার সংসদের নজির ঘেঁটে দেখতে পান যে ভারতে এর আগেও বিরোধী দলীয় নেতা ছাড়াই সংসদ চলেছে।

জওহর লাল নেহরু ও রাজিব গান্ধীর সময় কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় এবং সে সময় তৎকালীন বিরোধী দল ৫৫ আসন না পাওয়ায় সংসদে কোনো বিরোধী দলীয় নেতা ছিল না।

গত সংসদে লোকসভায় বিরোধী দলীয় নেতা ছিলেন বিজেপি নেত্রী সুষমা স্বরাজ।

ভুয়া হেডস্কার্ফে সু চি

মিয়ানমারের নোবেলজয়ী নেত্রী অং সান সু চির মাথায় ভুয়া ইসলামিক হেডস্কার্ফ পরানোর জন্য দুঃখপ্রকাশ করেছেন দেশটির তথ্যপ্রতিমন্ত্রী।83727_1

সু চির মাথায় হেডস্কার্ফ পরানোর ছবিটি প্রকাশিত হয় তথ্যপ্রতিমন্ত্রী ইয়ে হাটের স্ত্রী খিন সান্দার তুনের ফেসবুক পেজে।

তারপর আরেকজন ফেসবুক ব্যবহারকারী ‘এ সপ্তাহের নারী’ শিরোনামে ছবিটি প্রকাশ করলে সেটি নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

মিয়ানমারে রাজনৈতিক সংস্কার ও বাক স্বাধীনতা বেড়ে যাওয়ায় মুসলিম বিরোধী মনোভাবও বেড়ে গেছে।

বহু মৌলবাদী বৌদ্ধ সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা-বিদ্বেষ ছড়ানোর কাজে ফেসবুক ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে।

গত দুবছরে রাখাইন রাজ্যে বেশ কয়েকবার মুসলিম বিরোধী দাঙ্গার সৃষ্টি হয়েছে যাতে বহু রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছেন।

সূত্র: বিবিসি

বাংলাদেশ ও চীনের মধ্যে ৫টি চুক্তি স্বাক্ষরিত

বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বিষয়ে পাঁচটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

এর মধ্যে দুটি চুক্তি হচ্ছে-বাণিজ্য ও বিনিয়োগ এবং বিদ্যুৎ উৎপাদন ও জলবায়ু পরিবর্তনে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করা নিয়ে।83721_1

চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে সোমবার দুদেশের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শেষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।চুক্তিতে দুদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বাক্ষর করেন।বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, স্বাক্ষরিত পাঁচটি চুক্তির মধ্যে দুটি চুক্তি হলো সমঝোতা স্মারক (এমওইউ) এবং পত্র বিনিময় (ইওএল)।
প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি এ কে এম শামীম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, চুক্তিগুলো হলো- বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনীতি ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত চুক্তি এবং পটুয়াখালীতে কয়লাচালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।

শহীদুল হক বলেন, চট্টগ্রামে চীনা ইকোনোমিক এন্ড ইনভেস্টমেন্ট জোন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ জোন কর্তৃপক্ষ (বেপজা) এবং চীনের হারবার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানী এই চুক্তিতে স্বাক্ষর করে।

শহীদুল হক বলেন, দ্বিপক্ষীয় আলোচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচটি প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে চীন সরকারের সহায়তা চেয়েছেন।

চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে শেখ হাসিনাকে আশ্বাস প্রদান করেন।

প্রস্তাবিত প্রকল্পসমূহ হলো বাংলাদেশ সরকারের জন্য ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক (ফেস-৩), রাজশাহী ওয়াসা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ, কালুরঘাট পয়েন্টে কর্নফুলি নদীর ওপর দ্বিতীয় রেলওয়ে-কাম-সড়ক সেতু নির্মাণ, রামু হয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ, ইস্টার্ন রিফাইনারী ইউনিট-২ এবং সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রজেক্ট প্রতিষ্ঠা।

পররাষ্ট্র সচিব বলেন, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রসঙ্গটি আলোচনায় স্থান পায়। এই বিষয়টি নিয়ে উভয় পক্ষ আলোচনা অব্যাহত রাখতে সম্মত হন।

সূত্র: বাসস

৭ লাখ টাকা ঘুষে হাইস্কুলের শিক্ষক!

যশোরের চৌগাছায় সাত লাখ টাকা ঘুষের বিনিময়ে একজন শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে একটি স্কুলে তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগের কর্মীরা।

সোমবার উপজেলার ধুলিয়ানী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 83720_1

এলাকাবাসী জানায়, সম্প্রতি ধুলিয়ানী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়েগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগের জন্য ৩জন প্রার্থী আবেদন করেন।

অভিযোগ উঠেছে, ২৯ মে নিয়োগ বোর্ড বসিয়ে আবেদনকারীদের মধ্য থেকে ঝিকরগাছা উপজেলার গুলবাকপুর গ্রামের মোতাহার হোসেনকে সাত লাখ টাকার বিনিময়ে নিয়োগ দেন প্রধান শিক্ষক ও স্কুলের সভাপতি।

নিয়োগপ্রাপ্ত মোতাহের হোসেন ধুলিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম নেতা ও স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য শফিকুল ইসলামের ভাগ্নে। সেই সুবাদে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমানের স্ত্রী রোকেয়া রহমান ও স্কুলের প্রধান শিক্ষক মহব্বত হোসেন সাত লাখ টাকা ঘুষ নিয়ে তাকে নিয়োগ দেন।

সোমবার মোতাহার হোসেন স্কুলে যোগদান করেন এবং এ উপলক্ষে ম্যানেজিং কমিটির সদস্যসহ স্কুলের শিক্ষদের ভুরিভোজের আয়োজন করেন।

এ সংবাদ পেয়ে নিয়োগ বঞ্চিত স্থানীয় আওয়ামী লীগ ক্যাডার ঝিকরগাছা উপজেলার ব্যাংদাহ গ্রামের শোয়ায়েব হোসেন সোমবার সকালে ২০/২৫ জন সন্ত্রাসী নিয়ে স্কুলে হামলা চালায়। তারা প্রধান শিক্ষকের উপর চড়াও হয় এবং স্কুল মাঠে বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এসময় ছাত্রছাত্রী ও শিক্ষকরা আতংকিত হয়ে দৌড়াদৌড়ি করেন।

ঘটনার সময় শফিকুল ইসলাকে লক্ষ্য করে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলি চালালে তিনি অল্পের জন্য প্রানে বেঁচে যান।

ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্য নাম প্রকাশ না করে বলেন মোতাহারের দেওয়া সাত লাখ টাকার এক টাকাও স্কুল ফান্ডে জমা পড়েনি। প্রধান শিক্ষক ও  স্কুলের সভাপতি পুরো টাকাটাই ভাগাভাগি করে নিয়েছেন।

এদিকে ধুলিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, নিয়োগপ্রার্থী মোতাহের হোসেন বিএনপি এবং শোয়ায়েব হোসেন আওয়ামীলীগ করলেও প্রধান শিক্ষক ও সভাপতি নগদ নারায়ণে তুষ্ট হয়ে শোয়ায়েবকে নিয়োগ না দিয়ে মোতাহেরকে নিয়োগ দিয়েছে। এ কারণে ইউনিয়ন  আওয়ামী লীগের নেতাকর্মীরা খুবই ক্ষুব্ধ, যার বহিঃপ্রকাশ ঘটেছে সোমবার।

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও গোমস্তাপুরে কাল বৈশাখী ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। 83725_1

নিহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত আটটা থেকে রাত ১০টার মধ্যে কাল বৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে  রয়েছেন শিবগঞ্জ পৌর এলাকার বিরাহিমপুর গ্রামের রুহুলের স্ত্রী  মোসা. শিরিন আক্তার (২৪) ও তার তিন বছরের শিশু সন্তান আবু সাঈদ।

শিরিন আক্তার তার বাড়ির সামনে কোলে সন্তানকে নিয়ে আমবাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা যান।

এছাড়া সোমবার রাতে একই সময়ে বজ্রপাতে গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউপির ইমামনগর গ্রামের মৃত আরেপ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম বাড়ির পাশে একটি আম বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা যান।

অন্যদিকে একই রাতে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের লাউঘাট্টা গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে সাদিকুল ইসলাম (৪৫) একই একইভাবে বজ্রপাতে মারা যান।

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আমরা সফল: প্রধানমন্ত্রী

জিরো টলারেন্স নীতির কারণেই বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সফল হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার আন্তর্জাতিক আইন অনুযায়ী হচ্ছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।image_85526_0

সোমবার সকালে চীনের বেইজিংয়ে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে চীনের অংশীদারিত্ব বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে, এ কারণেই আমরা এ ক্ষেত্রে সফলতা অর্জন করেছি। আমরা বিডিআর বিদ্রোহে জড়িত অপরাধীদের শাস্তি দিয়েছি। জাতিরজনক বঙ্গবন্ধু ও তার পরিবারের ১৮ সদস্য হত্যাকাণ্ডে জড়িত পরিবারের সদস্যরাও যথাযথ বিচার পেয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলায় যারা আহত ও নিহত হয়েছিলেন সেটার বিচারও প্রক্রিয়াধীন। ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে যারা জড়িত ছিলো তাদের বিচার কাজও আন্তর্জাতিক মানদণ্ড মেনেই করা হচ্ছে।”

সেমিনারে বক্তব্যের পরে চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন শেখ হাসিনা। পরে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় চীনের প্রধানমন্ত্রীর আয়োজনে এক ভোজসভায় তিনি অংশ নেবেন।

প্রধানমন্ত্রী মঙ্গলবার বাংলাদেশ চায়না ট্রেড এন্ড ইকোনমিক কোঅপারেশন ফোরামে মূল বক্তব্য দেবেন।

শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট জি জিনপিং এবং চায়নিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) চেয়ারম্যান উ ঝেংশেংয়ের সঙ্গে বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী সিসিটিভি, ফনিক্স টিভি, ইউনান টিভি ও চায়না রেডিও ইন্টারন্যাশনালের বাংলা বিভাগকে সাক্ষাৎকার দেবেন। এছাড়া চীনের কমিউনিকেশন ইউনিভার্সিটির বাংলা বিভাগের ছাত্রছাত্রীদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন।