মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

আপিল গ্রহণ করে পিন্টুর ৫ লাখ টাকা জরিমানা স্থগিত

পিলখানা হত্যা মামলায় বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে বিচারিক আদালতের দেয়া যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিল গ্রহণ করে জরিমানা করা পাঁচ লাখ টাকার আদেশ স্থগিত করেছে হাইকোর্ট।83743_1

বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার আপিল গ্রহণ করে এ আদেশ দেয়।

আদালতে পিন্টুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তাকে সহযোগিতা করেন সগীর হোসেন লিয়ন। রাষ্ট্রপক্ষে ছিলেন, সফিউল বাশার ভাণ্ডারী।

আইনজীবী লিয়ন জানান, গত জানুয়ারি মাসে পিন্টুর পক্ষে আইনজীবী আমিনুল ইসলাম হাইকোর্টে আপিল দায়ের করেন। গত ৮ জুন মামলাটি হাইকোর্টের বেঞ্চে পাঠানো হয়।

এছাড়া জেল কোড অনুযায়ী পিন্টুকে ডিভিশন দেয়ার বিষয়ে আগামীকাল শুনানি হবে বলেও জানান আইনজীবী সগীর হোসেন লিয়ন।

প্রসঙ্গত, গত বছরের ৫ নভেম্বর বহুল আলোচিত পিলখানা হত্যা মামলায় বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ লাখ টাকা জারিমানার আদেশ দেয় বিশেষ জজ আদালত।

অনাদায়ে আরও পাঁচ বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলেও আদেশ দেয় বিচারিক আদালত।

আষাঢ়ের শুরুতেই টানা বর্ষণের সম্ভাবনা

আষাঢ়ের শুরুতেই টানা কয়েকদিন অঝোরে ঝরতে পারে বৃষ্টি, এমনটিই জানিয়েছে আবহাওয়া অফিস। ষড়ঋতুর দেশে আষাঢ়-শ্রাবণ মিলেই বর্ষাকাল। আর মাত্র তিন দিন পর শুরু আষাঢ় মাস। ফলে ঋতুর শুরুতেই বৃষ্টি কমাবে গ্রীষ্মের খরতাপ।83768_1

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আরিফ হোসেন মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান,  ১৪/১৫ জুন থেকে টানা বৃষ্টি শুরু হবে। এখন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও ওই বৃষ্টি থাকবে অন্তত এক সপ্তাহ।

সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

আগামী পাঁচ দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সমগ্র বাংলাদেশের উপর বিস্তারলাভ করতে পারে বলেও জানানো হয়েছে।

এদিকে সন্ধ্যা পর্যন্ত সিলেটে ২৬, বগুড়ায় ২০, মংমনসিংহে ১৪, কুমিল্লায় ১৪, সৈয়দপুরে ৪, ফরিদপুর, রংপুর ও দিনাজপুরে ১ মিলিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে তাপমাত্রাও কমতে শুরু করেছে।

এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে ৩৬.৬ ডিগ্রি রেকর্ড করা হয়। এছাড়াও ঢাকায় ৩৬.৪ এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা আরো কমতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ইরাকের আরো কয়েকটি শহর জঙ্গিদের দখলে

ইরাকে মসুল শহর দখল করে নেবার পর আল কায়েদা প্রভাবিত জঙ্গিরা তাদের দখলের পরিমাণ আরও বাড়িয়েছে।পুলিশ বলছে, ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লিভ্যান্ট বা আইসিস নামে পরিচিত জঙ্গি গোষ্ঠীটি এবার কিরকুক ও সালেহদিন প্রদেশের কয়েকটি শহরেরও দখল নিয়েছে।83774_1

মঙ্গলবার মসুল ছেড়ে অন্তত ৫ লাখ মানুষ পালিয়ে গেছে।

তারা মূলত কুর্দিস্তানের তিনটি শহরে গিয়ে আশ্রয় নিয়েছে।

প্রদেশটির আঞ্চলিক সরকার আশ্রয়প্রার্থীদের জন্য কয়েকটি আশ্রয় শিবির খুলেছে।

শিয়া সম্প্রদায় থেকে আসা প্রধানমন্ত্রী নূরি আল-মালিকিকে সুন্নি সংখ্যালঘুদের সাথে মিলেমিশে পরিস্থিতি উন্নয়নের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজের মুখপাত্র জন আর্নেস্ট বলছেন, ‘এটা পরিষ্কার যে ইরাকে সম্প্রতি কিছু মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র নিরাপত্তা ও সামরিক সহায়তা দেবার মাধ্যমে ইরাকের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখবে।’

এদিকে জাতিসংঘ মহাসচিবের একজন মুখপাত্র বলেছেন ইরাক পরিস্থিতিতে তিনিও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সূত্র: বিবিসি

শামীম ওসমান যুক্তরাষ্ট্রে আজীবন নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রে আজীবনের জন্য নিষিদ্ধ হলেন আওয়াম লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমান। দেশটির কালো তালিকার শীর্ষে তার নাম স্থান পেয়েছে। দেশে সন্ত্রাসের গডফাদার হিসেবে খ্যাতি পাওয়া এ সংসদ সদস্য এখন সুদূর আমেরিকাতেও নিষিদ্ধ হলেন। আর এ কারণেই তাকে ভিসা দেয়া হয়নি। 83776_1

ভিসার আবেদনের বিপরীতে যুক্তরাষ্ট্র দূতাবাস তাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে-‘আপনার আবেদনটি আজীবনের জন্য প্রত্যাখ্যান করা হলো।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জে আলোচিত সেভেন মার্ডারের ঘটনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ভিসা চেয়ে আবেদন করেন শামীম ওসমান। নির্ধারিত দিনে তিনি ইন্টারভিউ দেন। ইন্টারভিউ দেয়ার দিনেই তাকে ভিসা না দেয়ার বিষয়টি জানিয়ে সায়মন সেন্টার থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পরামর্শ দেয়া হয়।

নির্ধারিত দিনে পাসপোর্ট সংগ্রহ করার সময় তাকে একটি চিঠি দেয়া হয়। ওই চিঠিতে ‘ভিসা পারমানেন্ট ডিনাই’ কথাটি লেখা ছিল।

এরপর বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেন শামীম ওসমান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, তোমাদের তাকে (শামীম ওসমান) কিছু জানাতে সমস্যা হলে আমাদের কাছে পাঠাও। আমরা বিষয়টি বুঝিয়ে দিচ্ছি।

সংশ্লিষ্ট সূত্র মতে, যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ক্লিয়ারেন্স না মেলায় শামীম ওসমানকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাদের খাতায় শামীম ওসমান একজন ‘সন্ত্রাসের গডফাদার’।

নারায়ণগঞ্জে সেভেন মার্ডারের ঘটনার আগে ও পরে থেকে আলোচিত নাম শামীম ওসমান। তার বিরুদ্ধে নানা অভিযোগ মানুষের মুখে মুখে। সেভেন মার্ডারের ঘটনার পর এ মামলার এক নম্বর আসামি নূর হোসেনের সঙ্গে তার কথোপকথন নিয়ে দেশজুড়ে আলোচনা হয়।

এরপর জাতীয় সংসদে দাঁড়িয়ে কেঁদে ফেলে আবেগময়ী বক্তব্য দেন শামীম ওসমান। সংসদে সর্বশেষ বক্তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমান পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়ে বলেন, রাজনৈতিকভাবে হেয় করতে ওসমান পরিবারের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। তিনি বলেন, যদি প্রয়োজন হয় এ পরিবারকে দেখাশোনা করবো। তার এ বক্তব্যের সমালোচনা করেছে বিরোধী দল।

সূত্র: মানবজমিন

বাজেট বাস্তবায়নে সুশাসন দরকার

দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই মন্তব্য করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ বলেছেন, ‘বাজেট বাস্তবায়ন করতে হলে দেশে সুশাসন নিশ্চিত করতে হবে।’image_95283_0

মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের চাহিদাগুলো জাতীয় সংসদে তুলে ধরবো। আমাদের চাহিদা মানে তো জনগণের চাহিদা।’

২০১৪-১৫ অর্থবছরের বাজেটকে ভাল দাবি করে তিনি বলেন, ‘বাজেট বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা থাকবে। তবে সরকারকে সহযোগিতা করলে আবার বলা হয়, দেশে বিরোধীদলের ভূমিকা নেই।’

রওশন বলেন, ‘আমরা পুরোনো সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। কিন্তু সমালোচকরা এটা মেনে নিতে পারেন না। কারণ এর আগে তারা এ ধরনের আদর্শ বিরোধী দল দেখেনি।’

এক প্রশ্নের জবাবে রওশন বলেন, ‘আমাদের চাহিদাগুলো জাতীয় সংসদে তুলে ধরবো। আমাদের চাহিদা মানে তো জনগণের চাহিদা।’

তিনি বলেন, ‘দেশে কর্মসংস্থান বাড়াতে হবে।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী, সংসদ সদস্য ফখরুল ইমাম, রওশন আরা মান্নান, হাজী ইলিয়াস প্রমুখ।

প্রঙ্গগত, ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত এ বাজেটের আকার দুইলাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা। এ বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা, যা জিডিপির ৫ শতাংশ। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে একলাখ ৮২ হাজার কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ রাখা হয়েছে ৮০ হাজার ৩১৫ কোটি টাকা।

গজারিয়ায় গার্মেন্টস পল্লী স্থাপনে চীনা কোম্পানির সঙ্গে চুক্তি

মুন্সীগঞ্জের গজারিয়ায় গার্মেন্টস পল্লী স্থাপনে চীনের সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে।image_95280_0

মঙ্গলবার বেইজিংয়ে চীনের নির্মাণ প্রতিষ্ঠান দ্য অরিয়ন ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) মধ্যে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে সই করেন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম ও অরিয়নের প্রধান নির্বাহী কর্মকর্তা ত্যাং ঝিয়াওজি। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৬ জুন চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ৬ দিনের সরকারি গেছেন। তার সঙ্গে ৭০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও রয়েছে।

উল্লেখ্য, রাজধানী ঢাকা ও এর আশপাশে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা গার্মেন্ট কারখানা পরিবেশসম্মত স্থানে সরিয়ে নিতে ২০০৬ সালে গার্মেন্টস শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। এর সঙ্গে বিদেশি উদ্যোক্তাদের যুক্ত করারও পরিকল্পনা করা হয়।

বিজিএমইএ’র তথ্যমতে, ইতোমধ্যে এর জন্য জন্য মুন্সীগঞ্জের বাউশিয়া মৌজায় ৪৯২ একর জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে।

সমীক্ষা অনুযায়ী, এতে আড়াইশ’ গার্মেন্টস কারখানা স্থাপিত হবে এবং ১০ লাখ লোকের কর্মসংস্থান  হবে। এ শিল্পপার্ক থেকে বছরে ৩ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক রপ্তানি হবে বলেও উদ্যোক্তারা আশা প্রকাশ করছেন।

৮ম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু ১৮ জুন

নিত্য প্রয়োজনীয় ও ভোগ্য ‍পণ্যের ওপর ৫ দিনব্যাপী শুরু হতে যাচ্ছে ৮ম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড, ইউএসএ (সেমস গ্লোবাল-ইউএসএ) ও সেমস বাংলাদেশের সার্বিক সহযোগীতায় এ মেলা অনুষ্ঠিত হবে।image_95279_0.png

আগামী ১৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত এ মেলা চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সেমস বাংলাদেশ গ্লোবালের গ্রুপ এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম জানান, অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক এ বাণিজ্য মেলায় ভারত, পাকিস্তান, জাপান, চায়না, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিশ্বের ১০টি দেশের প্রায় ১০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এতে থাকবে ইলেকট্রনিক, যোগাযোগ প্রযুক্তি, খাদ্য ও পানীয়, স্বাস্থ্য সেবা পণ্য, প্রসাধন সামগ্রী, গৃহসামগ্রী, ফ্যাশন, কারু ও হস্তশিল্পসহ বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী।

সংবাদ সম্মেলনে আরও জনানো হয়েছে, অস্বাভাবিকভাবে সব পণ্যের চাহিদা বৃদ্ধির কারণে এশিয়ার ক্রমবর্ধমান ভোগ্যপণ্যের বাজার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দক্ষিণ এশিয়ার অচিহ্নিত গোষ্ঠীর পণ্য ক্রয়ের ক্ষমতা ক্রমবর্ধমান এবং উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। তারা নতুন নতুন পণ্যের জন্য বিনিয়োগ করছে এবং এটা প্রতীয়মান যে তারা তাদের সব সঞ্চয় বিনিয়োগের জন্যও প্রস্তুত যা ব্যাংক ও ক্রেডিট কার্ড কোম্পানির সহযোগিতায় আরও তরান্বিত হবে।

সংবাদ সম্মেলনে সেমস বাংলাদেশ গ্লোবালের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম, জিএমন (অ্যাডমিন) লুৎফুর রহমান, জেনারেল ম্যানেজার (মার্কেটিং) আহবাব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলে দেয়া হয়েছে করাচির বিমানবন্দর

পাকিস্তানের সর্ববৃহৎ বিমানবন্দর করাচিস্থ জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরটি ‘সন্ত্রাসীমুক্ত’ করে পুনরায় খুলে দেয়া হয়েছে। অভিযানের স্বার্থে রোববার রাত থেকে সোমবার বিমানবন্দরের কার্যক্রম স্থগিত ছিল।image_95262_0

রোববার গভীর রাতে হত্যাযজ্ঞ শুরু হওয়ার পর সেনাবাহিনীর ব্যাপক তৎপরাতায় সোমবার দিনের শুরুতে বিমানবন্দরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রমণকারী ও বিমানবন্দরের বেসামরিক নিরাপত্তরক্ষীসহ নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০। সেনা অভিযানে আক্রমণকারীদের সকলেই নিহত হয়েছেন।
পাকিস্তানের তালেবান সমর্থিত সশস্ত্র ইসলামি দল তেহরিক-ই-তালেবান এ হামলার দায় স্বীকার করে কারণসহ উল্লেখ করেছে। গত বছর তাদের এক শীর্ষ নেতাকে হত্যার ‘প্রতিশোধে’ এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
হামলাকারিরা কী করে বিমানবন্দরের মতো সুরক্ষিত অঞ্চলে সশস্ত্র অবস্থায় প্রবেশ করতে পারলো তা উৎদঘাটনের স্বার্থে তদন্ত চলছে। ধারণা করছে তারা নকল পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করেছে।
অথবা, বিমানবন্দরের সীমানা অঞ্চলের কাঁটাতার কেটে রোববার স্থানীয় সময় রাত ১১:০০ নাগাদ ভারি অস্ত্রসহ প্রবেশ করেছে।
দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের রাজনীতি সচিব আসিফ কিমরানি তেহরিক তালেবানদের নিয়ন্ত্রণ থেকে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরকে মুক্ত করার জন্যে পরিচালিত সেনাতৎপরতার প্রশংসা করেছেন।

পাকিস্তানের পাশে দাঁড়াতে চায় যুক্তরাষ্ট্র

পাকিস্তানের জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে তালেবান সমর্থিত পাকিস্তানি সশস্ত্র ইসলামি দলের হামলার তদন্ত কার্যক্রমে পাকিস্তানকে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র।image_95274_0

রোববার গভীর রাত থেকে সোমবার অবধি পরিচালিত অভিযান ও ধ্বংসযজ্ঞে ৩০ জন নিহত পরদিনই যুক্তরাষ্ট্র পাকিস্তানের ‘সংশ্লিষ্ট বিভাগকে তদন্ত কার্যে সহায়তা প্রদানের’ এ প্রস্তাব দিলো।
জানা গেছে, তেহরিক-ই-তালিবানের সদস্যেরা রোববার রাতে বিমানবন্দরে নিরাপত্তারক্ষীদের ছদ্মবেশ নিয়ে প্রবেশ করেছিল।
হোয়াইট হাউসের মুখপাত্র জস আর্নেস্ট তার ভাষ্যে জানান, যুক্তরাষ্ট্র এ হামলার তীব্র জানায় এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে। একইসঙ্গে পাকিস্তানকে এর বিরুদ্ধে জোর তদন্তে নামার কাজে সহায়তা করতে চায়।
পররাষ্ট্র দপ্তরের সহকারী মুখপাত্র মেরি হার্ফও একই মত ব্যক্ত করেন। একইসঙ্গে এও জানান, পাকিস্তান যুক্তরাষ্ট্রের সহায়তা নেবে কিনা সে ব্যাপারে তিনি নিশ্চিত নন।
তেহরিক-ই-তালেবান এ হামলার দায় স্বীকার করে কারণও উল্লেখ করেছে। তাদের ভাষ্য- তালেবান বন্দিদের ওপর ‘অকথ্য নির্যাতন’, উত্তর ওয়াজিরিস্তানে ড্রোন বিমান হামলা এবং সে হামলায় তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদের মৃত্যুর ‘প্রতিশোধ’ হিসেবে এ হামলা চালিয়েছে।
তেহরিক-ই-তালেবান আরও জানিয়েছে, ‘মাত্র একজনের জন্যে প্রতিশোধ নেয়া হয়েছে, আরও একশত জনের জন্যে প্রতিশোধ নেয়া এখনও বাকি রয়ে গেছে। সবে তো শুরু।’

পরমাণু ইস্যুতে আলাপ দীর্ঘায়িত করবে ইরান

ইরানের দাপ্তরিক সূত্রে জানা গেছে, পরমাণু ইস্যুতে পশ্চিমের সঙ্গে আলাপ আরও ৬ মাস দীর্ঘায়িত হতে পারে। জুলাই নাগাদ ‘লক্ষ্য’ অর্জিত না হলে এ দীর্ঘায়ন ঘটবে।image_95270_0

ইরানের পরমাণু কর্মসূচিতে পশ্চিমা শক্তি কৃর্তক আরোপিত অবরোধ তুলে নেয়ার বিপরীতে উভয় দেশের শর্তসমূহ চলতি জুলাই মাসের ২০ তারিখ নাগাদ সম্পন্ন না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
এ অবস্থায় এ ইস্যুতে আরও আলাপের জন্যে মূল কার্যে ‘স্থবিরতা’ বিরাজ করতে পারে আগামী আরও ৬ মাস। এবং আশা করা হবে ঐ সময়সীমার মধ্যে দুই পক্ষই অভিষ্ট লক্ষ্য অর্জনে সমর্থ হবে। ইরানের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন।
সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় ইরান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিবর্গের উপস্থিতিতে আয়োজিত এক সম্মেলনে ইরানের মুখপাত্র পররাষ্ট্র উপসচিব আব্বাস আরাকচি লক্ষ্যমাত্রা অর্জন ছাড়াই সময়সীমা পেরিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
আলোচনায় উভয়পক্ষের কাছ থেকেই একই অভিযোগ উঠে আসে। উভয়ই উভয়ের কাছে ‘বড় বেশি’ চাইছে। বিগত মে মাসে চার মাস ধরে চলে আসা এ সংকট বিশেষ ঘনীভূত হয়েছে।
এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সহকারী মুখপাত্র মেরি হার্ফ,  পররাষ্ট্র উপসচিব বিল বার্নস, সহকারী সচিব উইন্ডি শারমেনসহ ইউরোপীয় ইউনিয়নের বক্তরা মত প্রকাশ করেন সাধারণ নাগরিক প্রয়োজনেরও উর্ধ্বে পরমাণু কর্মসূচি চালাতে চাইছে ইরান, যা আব্বাস আরাকচি অস্বীকার করেছেন।