বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

আতঙ্কে পোশাক কারখানার মালিকরা

পোশাক কারখানার মালিকরা বিশাল আতঙ্কে আছেন৷ কারণ নিরাপত্তা ইস্যুতে কারখানাগুলোর সংস্কার বা সেগুলো নতুন ভবনে স্থানান্তরের জন্য অর্থের সংস্থান এখনো নিশ্চিত হয়নি৷ আর তার ওপর আছে শ্রমিকদের বর্ধিত মজুরির চাপ৷image_87840_0

গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে এক হাজার ১৩৪ জন শ্রমিকের মৃত্যু এবং এর আগে তাজরীন ফ্যাশানস-এ আগুনের ঘটনায় শ্রমিক নিরাপত্তা এবং ন্যূনতম মজুরি নিয়ে চাপের মুখে পড়ে বাংলাদেশের পোশাক শিল্প৷ শ্রমিকদের নিরাপত্তা, ভবনসহ নানা বিষয় দেখতে স্থানীয়ভাবে পাঁচ হাজার ৫০০ পোশাক কারাখানা এরই মধ্যে পরিদর্শনের আওতায় এসেছে৷ এর বাইরেও ক্রেতাদের জোট দুই হাজার ১০০টি পোশাক কারখানা পরিদর্শন করেছে।ক্রেতারা এখন স্বাভাবিকভাবেই ত্রুটিপূর্ণ কারখানা বন্ধ করে সংস্কার বা নতুন ভবনে কারখানাগুলি সরিয়ে নেয়ার তাগিদ দিচ্ছে মালিকদের৷ কিন্তু এই কাজের খরচ এবং বন্ধ অবস্থায় শ্রমিকদের বেতন কোথা থেকে আসবে – সেটাই বড় প্রশ্ন হয়ে উঠেছে তাদের কাছে৷

ক্রেতারা এ জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি তহবিল গঠনের কথা বলেছে৷ এছাড়া স্বল্প সুদে প্রায় ১০০ মিলিয়ন ডলার ঋণের প্রস্তাব দেয়া হয়েছে৷ যে সব পোশাক কারখানা বন্ধ করা হবে, তাদের শ্রমিকদের দুই মাসের আংশিক বেতন পরিশোধের প্রতিশ্রুতিও পাওয়া গেছে৷ তবে একই সঙ্গে এর মধ্যে ১৪টি পোশাক কারখানা বন্ধ করে দেয়া হয়েছে বাংলাদেশে৷

গত বছরের ১লা ডিসেম্বর থেকে বাংলাদেশে পোশাক কারখানায় নতুন মজুরি কার্যকর হয়৷ ৭৭ ভাগ মজুরি বৃদ্ধি পেয়ে শ্রমিকদের এখন সর্বনিম্ন মজুরি দাঁড়িয়েছে ৫,৩০০ টাকা৷ কিন্তু মজুরি বৃদ্ধির এই চাপ সহ্য করতে পারছে না অনেক পোশাক কারখানাই৷ এর মূল কারণ, আন্তর্জাতিক ক্রেতারা পোশাকের দাম বাড়াচ্ছে না৷ ফলে ছোট ছোট অনেক পোশাক কারাখানা এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বলে জানান তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ-র সহ সভাপতি শহীদুল আযিম৷

৯৪৬টি পোশাক কারখানার ওপর জরিপ চালিয়ে দেখা গেছে যে, তাদের মাত্র ৪০ ভাগ নতুন মজুরি বাস্তবায়ন করতে পেরেছে৷ শহীদুল আযিম জানান, ‘‘অনেক পোশাক কারখানারই নতুন মজুরি বাস্তবায়নের সক্ষমতা নেই৷”

কাজের পরিবশে এবং নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলি গত ছয় মাসে ১১ কোটি ডলারের কার্যাদেশ হারিয়েছে। এরপরেও আরো কার্যাদেশ বাতিলের আশঙ্কা করছে বিজিএমইএ৷

বিজিএমইএ-র সভাপতি আতিকুল ইসলাম বলেন, “৫৭টি পোশাক কারখানা থেকে গত ছয় মাসে ১১ কোটি ডলারের কার্যাদেশ বাতিল হয়েছে৷ সংখ্যার হিসাবে যা প্রায় ২০ কোটি পিস পোশাক৷”

তিনি জানান, পোশাক শিল্পের ৪০ শতাংশ কারখানাই শেয়ার্ড বিল্ডিংয়ে৷ সেখানে শ্রমিকদের নিরাপত্তা ইস্যুই এখন প্রধান৷ এ সব কারখানায় শতকরা ১৫ ভাগ শ্রমিক কাজ করেন৷ এভাবে কার্যাদেশ বাতিল হলে লাখ লাখ শ্রমিক বেকার হবেন৷

নিরাপত্তা, কম মজুরি এবং রাজনৈতিক অস্থিরতাসহ নানা প্রশ্নে পশ্চিমা ক্রেতারা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে৷ বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে তারা ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ায় চলে যাচ্ছে বলে শোনা যাচ্ছে৷

প্রসঙ্গত, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রফতানিকারক দেশ৷ রফতানি আয়ের প্রায় ৮০ ভাগ আসে এই খাত থেকে৷ পোশাক কারখানায় নিয়োজিত আছে প্রায় ৪০ লাখ শ্রমিক, যাদের ৮০ ভাগই নারী৷ তাই পোশাক কারখানার এ ধরনের বিপর্যয় পুরো অর্থনীতির ওপর নেতিবাচক প্রতিক্রিয়া ফেলবে৷ ব্যবসা হারাবেন বাংলাদেশের অনেক পোশাক কারখানার মালিক৷ সূত্র: ডিডব্লিউ

বাংলাদেশকে ২০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে আইডিবি

মঙ্গলবার জেদ্দায় সৌদি বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদের পক্ষে দেশটির উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী ক্রাউন প্রিন্স সালমান বিন আব্দুল আজিজ ইসলামিক ডেভেলপমেন্ট  ব্যাংকের (আইডিবি) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সংস্থার বোর্ড অফ ডাইরেক্টরদের বার্ষিক অধিবেশনের উদ্বোধন করেছেন।image_87848_0

অনুষ্ঠান চলাকালে আইডিবি গ্রুপ প্রেসিডেন্ট ডক্টর আলী বাংলাদেশের অর্থমন্ত্রী স্বাক্ষরিত একটি চুক্তিনামা গ্রহণ করেন। যেখানে বাংলাদেশের বরিশালের প্রত্যন্ত অঞ্চলের বিদ্যুৎ খাতে আইডিবি যৌথভাবে ২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে উল্লেখ রয়েছে।

সম্মেলনস্থলে পৌঁছে ক্রাউন প্রিন্স সালমান বিন আব্দুল আজিজ  ইন্দোনেশিয়ায় সুনামিতে ক্ষতিগ্রস্ত এক হাজার অনাথ শিশুর প্রতিনিধি হিসাবে ১২ জন শিশুর সঙ্গে কুশল বিনিময় করেন। এদেরকে আইডিবির তত্ত্বাবধানে সৌদি বাদশা ১৫ বছর পর্যন্ত পৃষ্টপোষকতা করবেন।

সৌদি বাদশার এমন মানবিক আচরণের জন্য শিশুরা সৌদি বাদশা, ক্রাউন প্রিন্স, সরকার এবং সৌদি আরবের জনগণকে ধন্যবাদ জানায়।

এর আগে আইডিবির গ্রুপ প্রেসিডেন্ট ডক্টর আলীর সঙ্গে মিশরের আর্ন্তজাতিক সমন্বয় বিষয়ক ভারপ্রাপ্ত গভর্নর ডক্টর নাজলা আল আহওয়ানী মিশরের চারটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে তিনটি চুক্তি হলো, পশ্চিম কায়রো পাওয়ার জেনারেশন প্রকল্পে আইডিবির ২২২মিলিয়ন মার্কিন ডলার, পশ্চিম ডিময়াত বিদ্যুৎ সম্প্রসারণ এবং উন্নয়ন প্রকল্প বাবদ ২০০মিলিয়ন মার্কিন ডলার এবং আসিউট স্টিম বিদ্যুৎ সম্প্রসারণ এবং উন্নয়ন প্রকল্প বাবদ ২২০মিলিয়ন মার্কিন ডলারের অনুদান। চতুর্থ প্রকল্প হচ্ছে পুর্নবাসন, সেচ এবং পানি নিষ্কাশন উন্নয়ন, নলকূপ স্থাপনসহ বিভিন্ন কৃষি অঞ্চলে অনুদান প্রদান।

অনুষ্ঠানে মক্কার আমির মিশাল বিন আব্দুল্লাহ, জেদ্দার গভর্নর মিশাল বিন মাজেদ, সৌদি অর্থমন্ত্রী আইডিবির বোর্ড অফ গভর্নরস এর প্রেসিডেন্ট ইব্রাহীম আল আসসাফ, আইডিবি প্রেসিডেন্ট ডক্টর আহমদ মোহাম্মদ আলী, দুবাইয়ের শেখ হামাদ বিন রাশিদ আল মুকতুমসহ বেশ কয়েকজন যুবরাজ এবং উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এনটিভির আতিক হত্যায় একজনের ফাঁসি, দুইজনের ডাবল যাবজ্জীবন

এনটিভির ভিডিও এডিটর আতিকুল ইসলাম আতিক হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ অপর এক আসামিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।image_87734_0

মঙ্গলবার দুপুরে ২ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুজ্জামান এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে দুটি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ডাবল যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া যাবজ্জীবনপ্রাপ্ত প্রত্যেকের পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ডে, অনাদায়ে আরো একবছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন শাকিল শিকদার ঝালকাঠি জেলার নলছিটি থানার শরমহল গ্রামের আবদুস সাত্তার সিকদারের ছেলে শাকিল শিকদার। ঘটনার সময়ে তিনি ঢাকার দক্ষিণখান থানার আজমপুর এলাকার কাচাবাজার মধ্যপাড়া বারেক ভাণ্ডারি রোডে থাকতেন।

যাবজ্জীবন কারাদাণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নরসিংদীর রায়পুরা থানার রামনগরহাট গ্রামের মজিবুর রহমানের ছেলে আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আলী সরকার নাহিদ ও পটুয়াখালী জেলার কেওয়াবুনিয়া গ্রামের জিন্নাত হাওলাদারের ছেলে ফোরকান।

ঘটনার সময় নাহিদ থাকতেন ঢাকার কেরানীগঞ্জে।

এছাড়া অপর আসামি মো. খোকনকে  তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক মাস বেশি কারাভোগ করতে হবে।

তিনি বরগুনা জেলা আমতলী থানার কলাগাছিয়া গ্রামের মোহাম্মদ আমজাদ মৃধার ছেলে। ঘটনার সময় তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পাগলা দক্ষিণ নয়ামাটির রুহুল আমিনের বাড়িতে বসবাস করতেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, নিহত আতিকুল ইসলাম ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি রাত ৮টায় অফিসের কাজ শেষে মোটরসাইকেলযোগে বাসায় ফিরেছিলেন। টঙ্গী ডাইভারশন রোডের মগবাজার রেল ক্রসিংয়ের তালতলা গলির ভেতর বাবুলের চায়ের দোকানের সামনে পৌঁছলে সন্ত্রাসীরা আতিকুল ইসলামকে পরপর দুটি গুলি করে তার মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যায়। এরপর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।

শুক্রবার খালেদা-সুষমা বৈঠক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বৈঠক করবেন। শুক্রবার সকালে তাদের মধ্যে বৈঠক হবে।

মঙ্গলবার মধ্যরাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যাালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান।image_87838_0

মারুফ কামাল খান বলেন, “এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন ভারত সফরে গিয়েছিলেন তখন সুষমা স্বরাজের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছিল। এবার সুষমা ঢাকা সফরে আসছেন। আগামী ২৭ জুন সকালে সুষমার সঙ্গে বেগম জিয়ার বৈঠক হবে।” তবে বৈঠকের সময় ও স্থান পরে জানানো হবে- জানান তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বৈঠকে কী নিয়ে আলোচনা হবে তা পরে আপনাদের জানানো হবে।তবে আমরা প্রত্যাশা করি দু’দেশের মধ্যে সম্পর্কন্নোয়নের বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি বেগম খালেদা জিয়া এতোদিন যে বলে আসছেন বিশেষ দল নয়, বাংলাদেশের জনগণের কল্যাণে সকলের সঙ্গে ভারতের সম্পর্ক হবে- সেসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে “

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।

শামীম ওসমানের গোপন বৈঠকের অডিও টেপ ফাঁস

নারায়ণগঞ্জ-৫ আসনে উপনির্বাচনকে ঘিরে সাংসদ শামীম ওসমানের গোপন বৈঠকের খবর নিয়ে এখন নগরীর সর্বত্র আলোচনা হচ্ছে। নিজের অনুসারীদের সঙ্গে এ বৈঠকে তার বক্তব্যের অডিও ফাঁস হয়ে গেছে। অডিও ভয়েসে শোনা যায় নির্বাচনকে ঘিরে শামীম ওসমানের নির্দেশনা। অনুসারীদের তিনি বলেন, নির্বাচনের দিন তার নির্বাচনী এলাকার (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) ২০-২৫ হাজার নেতাকর্মী বন্দর এলাকার কর্মীদের সহায়তা করতে উপস্থিত থাকবেন। তার এ অডিও প্রকাশ পাওয়ায় নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ওসমান পরিবারের আরেক সদস্য সেলিম ওসমানের প্রতিপক্ষ সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। বৈঠকের অডিও রেকর্ডটির কপি সমকালের হাতে রয়েছে। এই অডিওতে নির্বাচনে টাকা ছড়ানোর কথা শামীম ওসমান একাধিকবার বলেছেন।

উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ এসব অভিযোগ সম্পর্কে বলেন, ‘তদন্ত করে দেখা হবে।’ শামীম ওসমানের অডিও রেকর্ড সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এমন একটি কথা শুনেছি। কিন্তু এখনও কোনো রেকর্ড হাতে পাইনি।’অডিও রেকর্ডে শোনা যায়, শামীম ওসমান নির্বাচনে দুই টাকা খরচ হলে তার ডাবল চার টাকা খরচ করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। সবকিছুর ব্যবস্থাও তিনিই করবেন বলে নিশ্চিত করেন। ১৭ জুন একটি গোপন বৈঠকে বন্দর উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে ওসমান পরিবারের অনুসারী নেতাকর্মীদের তিনি নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা দেন। ওই বৈঠকে শুধু ওসমান পরিবারের অনুসারীরাই উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ এবং জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম উপস্থিত ছিলেন। গোপন ওই সভাটি নারায়ণগঞ্জ বাংলাভবন কমিউনিটি সেন্টারে হয়ে থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।image_87842_0

জিজ্ঞেস করা হলে শামীম ওসমান তার বক্তব্যের অডিও সম্পর্কে বিস্ময় প্রকাশ করেন। তিনি পাল্টা সমকালের কাছে জানতে চান, কিসের অডিওর কথা বলছেন? বিষয়টি ব্যাখ্যা করার পর তিনি বলেন, ‘আমি গত ১৫ দিনের মধ্যে নারায়ণগঞ্জের কোথাও কোনো সভা-সমাবেশে যাইনি।’ এর পর তিনি নিজে থেকেই বলেন, ‘আচ্ছা, কেন্দ্র দখলের ভাবনাটাই আসছে কেন? নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে তো একজন প্রার্থীই ভোটের দৌড়ে এগিয়ে আছেন। আর কেউ তো লড়াইয়ে নেই। কেন্দ্র দখল করার ভাবনা আসতে পারে নৌকা বনাম ধানের শীষে নির্বাচন হলে।’ সবশেষে তিনি সমকালের কাছে অডিওটির একটি কপি পেতে চান। নিজের মোবাইল ফোন থেকে একটি ই-মেইল অ্যাড্রেস পাঠিয়ে বলেন, ‘আমার গলা কে নকল করল, তা জানার জন্য আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।’ তবে অডিও মেইল করার পর তিনি কোনো উত্তর দেননি।

অডিওতে যা রয়েছে
অডিওতে শোনা যায়, শুরুতেই শামীম ওসমান বলছেন, ‘জাতীয় পার্টিরটা জাতীয় পার্টি বুঝবে। বিএনপির লগে যদি কিছু লাইন করতে পারলে বিএনপিরটা বুঝব। আওয়ামী লীগেরটা আওয়ামী লীগ বুঝবে। আরেকটা দামি কথা বলি_ আপনি অ-নে-ক বড় নেতা, উনি অ-নে-ক ছোট নেতা। বড় নেতার সেন্টার বড় নেতায় বুঝায়া দেবেন, ছোট নেতারটা ছোট নেতায়। আপনের দৌড়াদৌড়ি কইরা অন্যেরটা বুঝানোর দরকার নাই।’

শামীম ওসমানের এ বক্তব্যের পর নেতাকর্মীরা সমস্বরে ‘ঠিক’ বলে হাততালি দেন। তার পর শামীম ওসমান আবার বলেন, ‘বন্দরের মানুষের দরকার নাই মদনগঞ্জে, আর মদনগঞ্জের মানুষের কলাগাইচ্ছা যাওনের। কলাগাইচ্ছার মানুষ কলাগাইচ্ছারটাই করেন। হিজ হিজ, হুজ হুজ। যার যারটা সে সে করেন। নিজেরটা কইরা দিয়া যদি আপনে মনে করেন, আমার আরও ২/১টা সেন্টার হাতে আছে, এইটা কইরা দিয়া আমি আরও ১০ জায়গায় যাইতে পারমু, যান। কিন্তু এইটা কইরেন না, ওইটা করতে গিয়া আমারটা গেল গা। আমি আপনাগো হুকুম দিতাছি না, অনুরোধ করতাছি।’

এর পর শামীম ওসমান বলেন, ‘এখন কথা হলো সেন্টার কমিটি। নির্বাচন কি বিনা পয়সায় করবেন_ নাহ। দুই টাকা খরচ হলে চার টাকা খরচ করেন। সমস্যা নাই। যা লাগে আমি বুঝুম। যা করতে অয় আমি করমু। ফকিরের মতো ইলেকশন করার দরকার নাই। বড়লোকের মতোই করেন। ন্যায়সঙ্গতভাবে নির্বাচন করার জন্য সেন্টার ওয়াইজ যা কিছু করার দরকার, সব করমু। কোথাও কোনো চাঁদাবাজি করবেন না। কারও থেইক্কা কোনো টাকা নেবেন না। আমার ভাইয়ের নির্দেশ, সে কারও থেইক্কা একটা টাকা নিতে দিব না এবং সে নিজেই চাঁদা দেওয়া মানুষ। আল্লায় তাকে তৌফিক দিছে দেওয়ার। এমনকি আমাকেও দিতে দিচ্ছে না সে।’ তিনি বলেন, ‘কেউ খবরাখবর নিতে বা গোয়েন্দাগিরি করতে আসছেন? ভাই আমার লগে গোয়েন্দাগিরি কইরেন না। কারণ, প্রত্যেকটা সেন্টারে নারায়ণগঞ্জের বিভিন্ন কর্নার থেকে তিনজন করে ছেলে পাঠাইছি। একজন করে আগামীকাল থেকে নিজাম পরিচয় করিয়ে দেবে। আর দুই জন থাকব। নির্বাচনের দিন আমার যে নির্বাচনী এলাকা আছে, সেখান থেকে ২০-২৫ হাজার লোক আসব আপনাদের সঙ্গে আপনাগো এলাকায় নির্বাচন করতে। যদি কন ২৫ হাজারে অইব না, তাইলে ৫০ হাজারে পাঠামু। ৫০ হাজারে না অইলে এক লাখ পাঠামু; চিন্তা কইরেন না। আমার ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ এবং সোনারগাঁ থেইক্কা এক লাখ লোক নিয়া আসা শামীম ওসমানের জন্য বড় কোনো ব্যাপার না।’

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়েছেন ওসমান পরিবারের এক ভাই সেলিম ওসমান। তার প্রতিদ্বন্দ্বী হলেন সাবেক অতিরিক্ত সচিব, সাবেক সাংসদ ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পদত্যাগী আহ্বায়ক এস এম আকরাম। সূত্র: দৈনিক সমকাল

সুষমাকে স্বাগত জানাবে বিএনপি

বাংলাদেশে সফরে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে বিএনপি স্বাগত জানাবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুষমা স্বরাজের ঢাকা সফর দুই দেশের সীমান্ত বিরোধ, অভিন্ন পানির ন্যায্য হিস্যাসহ বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।image_87849_0

ফেনীতে গণসংযোগ সফরে যাওয়ার আগে নয়াপল্টনে কার্যালয়ের নিজ চেম্বারে বুধবার সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, সাবেক সংসদ সদস্য শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ।

ফখরুল বলেন, “নতুন সরকারের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ ভারতের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। তার এই সফরকে আমরা স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের মানুষের প্রত্যাশা এই সফরের মধ্যমে দিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের পথে এগিয়ে যাবে।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ভারতের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী বিজেপির নেতৃত্বাধীন জোট সরকার গঠন করেছে। তারা ক্ষমতায় আসার পর নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে দক্ষিণ এশীয় দেশসমূহের আঞ্চলিক সংস্থা সার্ককে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। তার অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভুটান সফর করেছেন। বাংলাদেশে আসছেন পররাষ্ট্রমন্ত্রী। এটা ইতিবাচক।”

তিনি বলেন, “আমরা মনে করি, ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো ঘনিষ্ঠতর হবে।”

সহিংস-নৈরাজ্যকর আন্দোলন করলে খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে – বুধবার সংসদে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল হক সেলিমের দেয়া এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এই সরকারের নির্যাতনের সব মাত্রা ছাড়িয়ে গেছে। আমাদের হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও হাজার হাজার নেতা-কর্মী গ্রেফতার করা হয়েছে। জনগণের ম্যান্ডেট না নিয়ে ক্ষমতায় বসে তারা গণতন্ত্র বিরোধী ফ্যাসিস্ট বক্তব্য রাখছে, যার উত্তর দেয়ার প্রয়োজন নেই।”

কাফরুলে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

রাজধানীর কাফরুল এলাকা থেকে শাফিয়া বেগম নামের ৭০ বছর বয়সির এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।image_87841_0

কাফরুল থানার উপপরিদর্শক তোফায়েল আহমেদ জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে ডি.এন.সি উত্তর কাফরুলের ৯৮ নম্বর বাড়ি থেকে হাত পা বাধা অবস্থায় শফিয়ার গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে এ পুলিশ কর্মকর্তা জানান, শাফিয়া বেগমের প্রয়াত স্বামী আব্দুল লতিফ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ছিলেন। তারা ওই বাড়িতে প্রায় ৪৫ বছর ধরে বসবাস করছেন। তার আরো আগে ওই জমিটি তারা খরিদ সূত্রে মালিক হন।

নিহতের এক ছেলে দুই মেয়ে রয়েছে। ছেলেটি অবিবাহিত এবং কিছু দিন আগে একটি বিমানে চাকরি নিয়েছেন। দুই মেয়ের মধ্যে একজন থাকেন ডেমরা এলাকায় তার স্বামীর সঙ্গে। আরেকজন থাকেন সুইডেনে।

পরিবারের লোকজনের ভাষ্য, শাফিয়া বেগমের পরিবারের কোনো শত্রু ছিল না। তাকে কে বা কারা হত্যা করেছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারছে না তারা।

বাংলাদেশ মডেল ইউনাইটেড নেশন্সের সম্মেলন শুরু

বাংলাদেশ মডেল ইউনাইটেড নেশন্স (বানমুন)-২০১৪ তিন দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় রাজধানীর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে সম্মেলনটি শুরু হয়। এটি ষষ্ঠবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। আয়োজক হিসেবে রয়েছে ইউনাইটেড নেশন্স ইয়ুথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)।image_87872_0

বানমুন মূলত জাতিসংঘের আদলে পরিচালিত একটি সম্মেলন যাকে ছায়া জাতিসংঘ হিসেবেও অভিহিত করা হয়। বানমুনের এবারের শ্লোগান ‘উন্নয়নের জন্য তারুণ্য’।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা ইউনিভার্সিটির উপাচার্য ড. ডালেম চন্দ্র বর্মণ, বাংলাদেশ সরকারের জাতিসংঘ এবং মানবাধিকার বিভাগের ডিরেক্টর জেনারেল সৈয়দা মুনা তাসনিমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাতিসংঘ এবং মানবাধিকার বিভাগের ডিরেক্টর ফায়ায মুর্শেদ, ইউএনআরসি এর অফিসার ইনচার্জ মোহাম্মাদ মনিরুজ্জামান।

ইউনিস্যাবের সঙ্গে মন্ত্রণালয়ের সহযোগিতামূলক সম্পর্কের কথা উল্লেখ করে ফায়ায মুর্শেদ বলেন, “আমরা ছয় বছর যাবত ইউনিস্যাবের সঙ্গে কাজ করছি। এইবারের বানমুনের শ্লোগান ‘উন্নয়নের জন্য তারুন্য’ আমাকে অভিভূত করেছে। আশা করছি এই তরুণরা আমাদের ভবিষ্যৎকে উন্নয়নের বিষয়গুলো নিয়ে কাজ করবে।”

উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এছাড়াও সম্মেলনের আলোচনার মাঝে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আইসক্রিম বিরতি, চা বিরতিসহ নানা ধরনের চিত্তবিনোদনমূলক কাজে অংশগ্রহণ করে।

এই সম্মেলনে ১০টি কমিটির অধীনে ৩৬টি স্কুল থেকে মোট ৩০০ প্রতিযোগী অংশগ্রহণ করছে। সম্মেলনটি শুরু হয় একটি প্লেনারি সেশনের মাধ্যমে এবং সারাদিনে ১০টি কমিটির সেশন সম্পন্ন হয়। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন।

এসবের মধ্যে ছিল সিরিয়ান আরব প্রজাতন্ত্রে নারী ও শিশু অধিকার লঙ্ঘন, আন্তর্জাতিক অভিবাসন এবং তথ্যপ্রযুক্তি খাতে নিরাপত্তা এবং এধরনের আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
দিনশেষে শিক্ষার্থীরা এধরনের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের লক্ষ্যে ওয়ার্কিং পেপার বা কার্যপত্র তৈরি করেন যার ওপর তারা পরবর্তী দুই দিন আলোচনা করবেন। আলোচনা শেষে সব কমিটি থেকে তাদের আলোচিত সমস্যাগুলোর একটি সমাধান বের করে নিয়ে আসাই হলো এই সম্মেলনের উদ্দেশ্য।

২৬ জুন বানমুন-২০১৪ সম্মেলনের সমাপনী অনুষ্ঠান হবে। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাপনী দিনেই প্রতিযোগী ও আয়জকদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

নারায়ণগঞ্জ-৫ আসনের ভোট কাল, কাটছে না শঙ্কা

নারায়ণগঞ্জ-৫ সংসদীয় আসনের উপনির্বাচনের ভোট বৃহস্পতিবার। ইতিমধ্যে নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। নির্বাচন কমিশনের প্রস্তুতিও শেষ পর্যায়ে। আইনশৃঙ্খলা রক্ষায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পুলিশের পাশাপাশি মাঠে থাকবে র্যা্ব ও বিজিপি। তবে শঙ্কা কাটছে না আতঙ্কের নগরী নারায়ণগঞ্জের মানুষের। ইতিমধ্যে শামীম উসমানের একটি অডিও টেপ ফাঁস হয়ে যাওয়ার পর অজানা আতঙ্কে ভুগছেন সাধারণ ভোটাররা। ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন বলে জানা গেছে।image_87867_0

এদিকে নারায়ণগঞ্জ উপনির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ ১৪১ কেন্দ্রের মধ্যে ৯৮ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ চিহ্নিত হয়েছে। এছাড়াও এ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী জোটের সমর্থকরা যেকোনো গ্রুপে ঢুকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন আশঙ্কার কথা জনিয়েছেন গোয়েন্দা সংস্থাগুলো। তাদের প্রতিবেদনে নাশকতাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে ২৩ অভিযুক্তকে। অধিক স্পর্শকাতর বলেছে ১৭ কেন্দ্রকে।

বৃহস্পতিবার অনুষ্ঠেয় এ উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। আর দশম সংসদ নির্বাচন বর্জনের পর কোনো উপনির্বাচনেও প্রার্থী দেয়নি বিএনপি। নিবন্ধন অবৈধ থাকায় জামায়াত নেই নির্বাচনেও।

গত ৩০ এপ্রিল ওই আসনের এমপি জাতীয় পার্টি থেকে নির্বাচিত নাসিম ওসমান ভারতের দেরাদুনে মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। নারায়ণগঞ্জ উপনির্বাচনে প্রার্থী হয়েছেন, জাতীয় পার্টির এ কে এম সেলিম ওসমান, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ এস এম আকরাম, কৃষক শ্রমিক জনতা লীগের শফিকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মামুন সিরাজুল মজিদ। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে সেলিম ও আকরামের মধ্যে বলে জানা গেছে।

এ আসনে ভোট কেন্দ্র রয়েছে ১৪১টি, এতে ভোটকক্ষ রয়েছে ৬৭৪টি। ভোটার রয়েছে তিন লাখ ৪২ হাজার ৪০৫ [পুরুষ ১,৭৪,৩১১ ও মহিলা ১,৬৮,০৯৪]।

প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

শিক্ষার প্রসারে দেশের প্রতিটি জেলায় একটি সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বাইরে বিশ্ববিদ্যালয় স্থাপনে সরকার অনুমোদন দেবে বলেও জানান তিনি।
image_87869_0
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৪’ এর উদ্বোধন করে দেয়া বক্তব্যে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি পড়ালেখার পাশাপাশি সবাইকে সংস্কৃতিও খেলাধুলার চর্চায় আগ্রহী হওয়ারও আহ্বান জানান। তিনি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি অন্যতম উন্নত দেশে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, বাঙালি জাতিকে শিক্ষার অধিকার থেকে শুরু করে মাতৃভাষায় কথা বলার অধিকার আদায় করতে হয়েছে সংগ্রাম করে। বঙ্গবন্ধু স্বাধীনতার পর শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। তিনি প্রাথমিক শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক করেছিলেন। মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলেন। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান আওয়ামী লীগ সরকারও শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে। আমরা মনে করি শিক্ষাই পারবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে।

এ সময় তিনি সৃজনশীল পদ্ধতির প্রশংসা করে বলেন, এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ একটি অন্যতম উন্নত দেশে পরিণত হবে। যে দেশের মানুষ বিশ্বসভায় মাথা উঁচু করে চলবে। ২০২১ সালের মধ্যে মধ্যমায়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার নয় সমগ্র পৃথিবীতে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তুলবো বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী প্রজন্মকে এমনভাবে গড়ে তুলে চাই যাতে এদেশের মানুষকে কেউ বঞ্চিত করতে না পারে। বাংলাদেশের মানুষ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে।

প্রধানমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে শিক্ষাকে যতদূর সম্ভব অবৈতনিক করে দেয়া। যাতে এদেশের সব স্তরের মানুষ শিক্ষিত হতে পারে।

তিনি বলেন, বিগত পাঁচ বছরে শিক্ষার প্রসার ও মানোন্নয়নে যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়েছে। শিক্ষার সুযোগ ও সুবিধা আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমরা চাই আধুনিক শিক্ষায় শিক্ষিত সুদক্ষ, মূল্যবোধসম্পন্ন, দেশপ্রেমিক ও সৃজনশীল নতুন প্রজন্ম। সে লক্ষ্য পূরণের জন্য আমরা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছি। যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করে তার বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার একমাত্র মাধ্যম হচ্ছে শিক্ষা। সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চালু করে শিক্ষার্থীদের নিজস্ব প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা হয়েছে। একটি নতুন প্রজন্ম গড়ে তোলার প্রস্তুতি চলছে। যে প্রজন্ম হবে বিজ্ঞান-প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ।