বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

আশরাফুলের আপিল শুনানি আজ

আট বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে মোহাম্মদ আশরাফুলের  আপিলের প্রথম শুনানি হবে বুধবার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি প্যানেলে এই শুনানি হওয়ার কথা।image_93212_0

শুধু আশরাফুল একা নন; ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেছে বাদী-বিবাদী তিন পক্ষই আপিল করেছে। ডিসিপ্লিনারি প্যানেল সূত্রে জানা গেছে, আজ হবে প্রাথমিক শুনানি।

বিসিবি ডিসিপ্লিনারি প্যানেলের চেয়ারম্যান সুপ্রীমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আবদুর রশিদ শুনানিতে সভাপতিত্ব করবেন।

রায়ের বিপক্ষে আশরাফুল ছাড়াও বিপিএলের দল ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরী ও শ্রীলঙ্কার ক্রিকেটার কৌশল লুকারাচ্চিও আপিল করেছেন এবং বাদী পক্ষ বিসিবি ও আইসিসি।

এদিকে, আপিলের রায়ে সন্তুষ্ট না হলে পরবর্তীতে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক ক্রীড়া আদালতেও আপিল করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন আশরাফুল।

প্রসঙ্গত, গত ১৮ জুন স্পট ফিক্সিংয়ের জন্য গঠিত ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেছে। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৮ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন মোহাম্মদ আশরাফুল। সঙ্গে ১০ লাখ টাকা জরিমানার দণ্ড দেয়া হয়েছে তাকে।

নৌমন্ত্রীর তিন ভাগনি ছিলেন ডুবে যাওয়া লঞ্চে

মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে সোমবার ডুবে যাওয়া লঞ্চ ‘পিনাক-৬’-এ নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের তিনজন ভাগনি ছিলেন। তাদের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্য দুজন এখনো নিখোঁজ।image_93104_0

মঙ্গলবার দুপুরে মাওয়ায় অবস্থানকালে শাজাহান খান সাংবাদিকদের এ কথা জানান।

নৌ-পরিবহনমন্ত্রী বলেন, “লঞ্চডুবির ঘটনায় কোনো কোনো পরিবারের ১০ জন পর্যন্ত লোক নিখোঁজ হয়েছে। এমনকি আমার খালাতো বোনের তিন মেয়েও লঞ্চে ছিল। এর মধ্যে একজন শিকদার মেডিকেলের ছাত্রী, আরেকজন একটি কলেজের ছাত্রী। অন্যজন গ্রামে পড়াশোনা করে। তাদের নাম স্বর্ণা, হিরা ও লাকি।”

মন্ত্রী জানান, এদের মধ্যে শিকদার মেডিকেলের ছাত্রী হিরার লাশ গতকাল উদ্ধার করা হয়েছে। দুজন এখনো নিখোঁজ।

ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন এবং উদ্ধার তৎপরতা জোরদারভাবে চলছে বলেও জানান মন্ত্রী।

আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা করলেন যুবলীগ ক্যাডার

ফেনীর দাগনভূঞা উপজেলার বেকের বাজারে এক আওয়ামী লীগ কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে যুবলীগ সন্ত্রাসীরা।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।image_93097_0

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের বদির চেয়ারম্যান বাড়ির করিম উল্লাহর ছেলে আওয়ামী লীগ কর্মী কামাল উদ্দিনের (৪৫) সঙ্গে স্থানীয় যুবলীগ সন্ত্রাসী নুরুল আবছারের জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। মঙ্গলবার বেলা ১১টায় জসিম উদ্দিনের বাড়ির সামনে সহযোগিদের নিয়ে তাকে লক্ষ্য করে আবছার গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়লে এলাকাবাসী তাকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহত কামাল উদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান বদিরের চাচাতো ভাই। তার দুই ছেলে রয়েছে।

এ ঘটনায় দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

দাগনভূঞা থানার ওসি আবুল ফয়সাল আওয়ামী লীগ কর্মী খুনের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার পর থেকে আবছার ও তার সহযোগীরা পলাতক।

হাসান আলীর বিরুদ্ধে ২৪ আগস্ট অভিযোগ দাখিলের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাজাকার কমান্ডার পলাতক ছৈয়দ মো. হাসান আলীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের সময় পিছিয়ে ২৪ আগস্ট ধার্য করেছেন ট্রাইব্যুনাল।image_93069_0

প্রসিকিউশনের এক সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ তৃতীয়বারের মতো হাসান আলীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের সময় পিছিয়েছে আদালত।

আজ এ মামলায় আনু্ষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু প্রসিকিউটর আবুল কালাম ট্রাইব্যুনালের কাছে আনুষ্ঠানিক অভিযোগ প্রস্তুতির জন্য সময় আবেদন করেন। পরে ট্রইব্যুনাল এ দিন ধার্য করেন।

এর আগে গত ২৯ জুন ধানমণ্ডিতে স্থাপিত তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থা হাসান আলীর বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন। পরে তা প্রসিকিউশনে দাখিল করা হয়।

হাসান আলীর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, লুট, আটক ও নির্যাতনের মতো ৬টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ২৪ জনকে হত্যা, ১২ জনকে অপহরণ ও আটক এবং ১২৫টি ঘরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে গত ৩ এপ্রিল ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করলেও এখন পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

লঞ্চডুবির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

মুন্সীগঞ্জে মাওয়া ঘাটের কাছে পদ্মা নদীতে লৌহজং চ্যানেলে লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।image_93090_0

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আড়াই শতাধিক যাত্রী নিয়ে মাদারীপুরের কাওড়াকান্দি থেকে মাওয়াগামী লঞ্চ এমএল পিনাক-৬ লৌহজং চ্যানেলে ডুবে যায়।

লঞ্চ খুঁজতে আসছে ‘জরিপ-১১’

মুন্সীগঞ্জে মাওয়ায় ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ শনাক্ত করতে চট্টগ্রাম থেকে ‘জরিপ-১১’ নামে একটি জাহাজ রওনা দিয়েছে।  মঙ্গলবার সকাল আটটার দিকে জাহাজটি মাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়।image_93091_0

এর আগে নারায়ণগঞ্জ থেকে আসা উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’ আজ সকালে এসে পৌঁছেছে। এছাড়া সোমবার সন্ধ্যা থেকে সেখানে রয়েছে উদ্ধারকারী জাহাজ ‘রুস্তম’।

এদিকে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়া অস্ট্রেলিয়া থেকে সম্প্রতি আমদানি করা বিআইডব্লিউটিএ ‘সাইড স্কেনার সোনার’ যন্ত্র ব্যবহার করে লঞ্চটি শনাক্তের চেষ্টা চলছে। নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান ঘটনাস্থলে থেকে উদ্ধার তৎপরতা তদারক করছেন।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানিয়েছেন, নিখোঁজের তালিকায় ছিল ১২৫ জন। তবে এদের মধ্যে সাতজন জীবিত উদ্ধার নিশ্চিত হওয়ায় তা কমে এখন ১১৮ জনে দাঁড়িয়েছে।

বিআইডব্লিউটিএর পরিচালক শফিকুল হক মঙ্গলবার সকালে জানিয়েছেন, মাওয়া লঞ্চ ঘাট থেকে পৌনে এক কিলোমিটার দূরে লৌহজং চ্যানেলে লঞ্চটি ডুবেছে এমন একটি ধারণা রেখে লঞ্চটি চিহ্নিত করার কাজ চলছে। তবে এখানে পানির গভীরতা ৮০ থেকে ৯০ ফুট। এখানে প্রবল ঘূর্ণি¯স্রোতে।

নৈরাজ্য করতে চাইলে খবর আছে, কামরুলের হুঁশিয়ারি

বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, “শান্তিপূর্ণ আন্দোলন করলে আমরাও শান্তিপূর্ণভাবে তা মোকাবেলা করবো। আপনারাও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন, আমরাও করবো। তবে আন্দোলনের নামে আবারো যদি ২০১৩ সালের মতো নৈরাজ্য করতে চান তাহলে খবর আছে। নৈরাজ্য করতে চাইলে কোনো ছাড় দেয়া হবে না। জনগণের জানমাল রক্ষায় যা করার দরকার তাই করা হবে।”image_93080_0

মঙ্গলবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীর মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শেখ কামালের ৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বিএনপিকে উদ্দেশ্য করে কামরুল ইসলাম বলেন, “তাদের (বিএনপির) আন্দোলনের হুমকি ও সামর্থ্য সম্পর্কে আমাদের জানা আছে। আমরা আগেও তাদের আন্দোলনের হুমকি দেখেছি। তারা প্রতিবারই আন্দোলন করে সরকারকে ফেলে দিতে চায়। এখন দেশ যখন শান্তিপূর্ণ ভাবে এগিয়ে যাচ্ছে তারা আবার আন্দোলনের নামে নৈরাজ্য করতে চাচ্ছে।”

শোকের মাসে বিএনপিকে সতর্ক হয়ে কর্মসূচি দেবার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আজ বিএনপির নেতাদের ভুলে কর্মীরা নেতাদের প্রতি মারমুখি হয়েছে। আর মারমুখি কর্মীদের বোঝাতেই তারা (বিএনপি) আবারো আন্দোলনের কথা বলছে।”

তিনি বলেন, “২০১৩ সালে নৈরাজের আন্দোলনের কারণে আপনার জনগণের সমর্থন পাননি। এখন আবার আন্দোলনের হুমকি দিচ্ছেন। আন্দোলন কত প্রকার ও কী কী আমরা তা জানি। আমাদের আন্দোলনের ভয় দেখাবেন না।”

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, “বিএনপি অফিসে একজন নেতা কাঁথা-বালিশ নিয়ে শুয়ে থাকেন আর সংবাদ সম্মেলন করেন। সেখানে নেতা-কর্মী তো দূরের কথা একটা পিঁপড়াও থাকে না।”

আয়োজক সংগঠনের সহ-সভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, অভিনেতা এনামুল হক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।

চাঁদপুরের মেঘনায় দুই লাশ উদ্ধার

চাঁদপুরের হাইমচরে মেঘনার মাঝেরচরে ভেসে এসেছে দু’জনের মৃতদেহ। ধারণা করা হচ্ছে, মৃতদেহ দু’টি সোমবার মুন্সীগঞ্জে এমভি পিনাক-৬ ডুবে যাওয়া লঞ্চযাত্রী।image_93082_0

চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. আমির জাফর দু’টি লাশ পাওয়ার কথা নিশ্চিত করেছেন এবং এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। ভেসে আশা লাশগুলোর মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুজ্জামান মিয়া জানান, মঙ্গলবার ভোরে স্থানীয়রা লাশ দু’টি দেখতে পেয়ে থানায় খবর দিলে বিষয়টি তারা জানতে পারেন। নদী উত্তাল থাকায় সেখানে যাওয়া কষ্টকর তাই নিকটবর্তী নীলকমল থানার পুলিশ লাশ উদ্ধার করে হাইমচর থানাকে লাশ হস্তান্তর করেছে।

বিজিএমইএ ভবন ঘেরাওয়ে বাধা, শ্রমিকদের সমাবেশ

পুলিশের বাধায় বিজিএমইএ ভবন ঘেরাও করতে না পেরে ওই ভবনের সামনে সমাবেশ করছেন তোবা গ্রুপের শ্রমিকরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সমাবেশ শুরু হয়।image_93078_0

বেতন বোনাস পরিশোধের দাবিতে নয়দিন ধরে চলে আসা আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার বিজিএমইএ ভবন ঘেরাও করতে যান তোবা শ্রমিকরা। কিন্তু পুলিশের কঠোর অবস্থানের কারণে তাদের ঘেরাও কর্মসূচি ব্যর্থ হয়। পুলিশ ভবনে কড়া নিরাপত্তা বলয় তৈরি করে। পরে শ্রমিক নেতা মন্টু ঘেষের নেতৃত্বে ভবনের সামনে সমাবেশ শুরু হয়। দুশতাধিক শ্রমিক এ সমাবেশে যোগ দেন।

প্রসঙ্গত, তোবা গ্রুপের প্রায় ১৬শ শ্রমিকের তিন মাসের বকেয়া বেতন ও ঈদের বোনাস আদায়ের জন্য গত ২৮ জুলাই সন্ধ্যা থেকে বাড্ডা এলাকায় তোবা গার্মেন্টসের ভবন ঘেরাও করে অনশন কর্মসূচি শুরু করেন শ্রমিকরা। এর মধ্যে গত বৃহস্পতিবার বিজিএমইএ সংবাদ সম্মেলন করে ঘোষণা দেয়, এক সপ্তাহের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করা হবে। কিন্তু বিজিএমইএ’র এ আশ্বাসে শ্রমিকরা ভরসা করতে না পেরে শনিবার থেকে লাগাতার বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেন শ্রমিকরা।

মাদক ব্যবসায় সহযোগিতা না করায় ভাঙচুর

ফরিদপুরের শহরতলীর অম্বিকাপুর এলাকায় মাদক ব্যবসায় সহোযোগিতা না করায় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিনতাইকারীরা হামলা চালিয়েছে দিনমজুর আয়নাল বিশ্বাসের বাড়িতে। এঘটনার প্রতিবাদে এলাকাবাসী মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।image_93081_0

আয়নাল মল্লিকের ছেলে ইশা বিশ্বাস জানান, এলাকার মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী হিসাবে পরিচিত্র মিন্টু, মনি, সাদ্দাম, সবুজ ও জামাল আমাকে ও আমার ভাই লাবলুকে ওদের সঙ্গে ফেনসিডিলের ব্যবসা করতে বলে। আমি ও আমার ভাই ফেনসিডিল ব্যবসা করতে চাইনি বলে সোমবার দিবাগত মধ্যরাতে মাদক ব্যবসায়ী মিন্টু, মনি, সাদ্দাম, সবুজ ও জামাল আমাদের বাড়িতে হামলা চালায়। এসময় মাদক ব্যবসায়ীরা আমাদের বসতঘর এলোপাতাড়িভাকে কুপিয়ে ও ভেঙে ফেলেছে। আমাদের ঘরে থাকা নগদ ৩৫ হাজার টাকা ও আমার ভাবী রহিমার গলায় থাকা স্বর্ণের চেন চিনিয়ে নিয়ে গেছে।

এলাকার মুরব্বী জামাল মল্লিক জানান, মিন্টু এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী।

তিনি আরো বলেন, পল্লী কবি জসীম উদ্দীনের বাড়ি দেখতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা আসে। আর সেই দর্শনার্থীদের কাছ থেকে টাকা, মোবাইল ও স্বর্ণের জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায়। আর এই ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের কারণে কবির বাড়িতে এখন আর তেমন দর্শনার্থী দেখা যায় না।

এদিকে বাড়ি ঘর ভাঙচুরের ঘটনায় এলাকার মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী হিসাবে পরিচিত্র মিন্টু, মনি, সাদ্দাম, সবুজ ও জামালকে আসামি করে মামলা করেছেন আয়নাল বিশ্বাস।