শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

অস্ট্রেলিয়ায় দ্রাবিড়ের রেকর্ড ভাঙতে চান কোহলি

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রানের মালিক রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে সফরকারী দলের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির সামনে।image_112316_0

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজে এ পর্যন্ত ৪৯৯ রান করেছেন ভারতীয় টেস্ট অধিনায়ক কোহলি। তাই ব্যাগি গ্রীনদের বিপক্ষে তাদের মাটিতে কিংবদন্তি দ্রাবিড়ের রেকর্ড ভাঙার যথেষ্ট সম্ভাবনা সৃষ্টি হয়েছে কোহলির।২০০৩/০৪ সালে চার টেস্ট সিরিজে ৬১৯ রান করেছিলেন দ্রাবিড় এবং ২৬ বছর বয়সী কোহলি তার সাবেক অধিনায়ক থেকে মাত্র ১২১ রান পিছিয়ে রয়েছেন।

দ্রাবিড় ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের দিক থেকে কোহলির চেয়ে এগিয়ে রয়েছেন কেবলমাত্র গুন্ডাপ্পা বিশ্বনাথ (৫১৮, ১৯৭৯ সালে ) এবং ভি ভি এস লক্ষন (৫০৩ ২০০১ সালে)।

চলতি সফরে তিন টেস্টে ছয় ইনিংসে কোহলি তিনটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি করেছেন। সূত্র: ওয়েবসাইট

প্রথম পরপর দু’বার অস্কারজয়ী প্রয়াত

চলে গেলেন লুইস রাইনার৷ ১০৪ বছর বয়সে যবনিকা পড়ল তার জীবননাট্যের শেষ অঙ্কে৷হলিউডে প্রথম পরপর দুবার অস্কার পাওয়ার বিরল সম্মান তারই৷image_112206_0

হলিউডের স্বর্ণযুগ মোহিত হয়েছিল তার অভিনয়ে৷ জন্মসূত্রে জার্মানি৷বেশ কয়েকটি জার্মান ছবিতে অভিনয়ের পর, ১৯৩৫ সালে পা রাখেন হলিউডে৷ এক বছর পরেই ‘দ্য গ্রেট জিগফিল্ড’ ছবিতে অভিনয়ের জন্য জিতে নেন অস্কার৷ এক কিংবদন্তি থিয়েটার অভিনেতার স্ত্রীর চরিত্রে তার অভিনয়ে মুগ্ধ হয় সারা বিশ্ব৷ হলিউডের আলো-ক্যামেরার দুনিয়া তাকিয়ে ছিল এই তুখোড় অভিনেত্রীর দিকে৷পরের বছর আবার অস্কার আসে তার কাছেই৷ ‘দ্য গুড আর্থ’-এ এক কৃষক রমণীর ভূমিকায় তাকে দেখে আবার মন্ত্রমুগ্ধ হলো দুনিয়া৷তিরিশের দশকে পরপর দু’বার পেয়েছিলেন অস্কার৷ দুনিয়ায় মোট পাঁচজন অভিনেতাই এই সম্মান পেয়েছেন৷ লুইসই প্রথম পেয়েছিলেন পরপর দু’বার অস্কার জয়ের স্বীকৃতি৷প্রথম বিরল এই খেতাবের অধিকারিণী লুইস অবশ্য বিনয়ী হয়েই জানিয়েছিলেন, তখন অস্কার এখনকার মতো বড় ব্যাপার ছিল না৷

১৯৪৩-এ শেষবারের মতো বড় পর্দায় দেখা গিয়েছিল তাকে৷জীবনের বাকিটা সময় কাটিয়েছেন লন্ডনেই৷ দু’একবার ছোট পর্দায় দেখা গিয়েছিল তাকে৷ বছরের হিসেবে ১০৪-এ এসে ফুরোল তার জীবন চিত্রনাট্যের শেষ পাতা৷- ওয়েবসাইট।

আমেরিকানদের সবচেয়ে পছন্দের নারী হিলারি, এরপরেই অপরাহ ও মালালা

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন দেশটির জনমত জরিপে সবচেয়ে পছন্দনীয় নারী হিসেবে নির্বাচিত হয়েছেন। এই তালিকায় হিলারির পরই রয়েছেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে। উইনফ্রের পর রয়েছেন পাকিস্তানের ‘বিস্ময়-বালিকা’ ও চলতি বছর শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই।index

মার্কিন দৈনিক ইউএসএ টুডে ও  গ্যালাপের যৌথ জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। সোমবার এই তথ্য প্রকাশ করা হয়।আগামী ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া হিলারি ক্লিনটন সর্বোচ্চ ১২ শতাংশ ভোট পেয়ে তালিকায় প্রথম স্থান দখল করেন। টানা ১৩তম বারের মতো তিনি প্রশংসিত নারীর তালিকায় প্রথম স্থান অর্জন করেন।

দ্বিতীয় স্থানে থাকা উইনফ্রে ৮ শতাংশ ভোট পান। তৃতীয় স্থানে থাকা ১৭ বছর বয়সী মালালা পান ৫ শতাংশ ভোট।

তালিকায় এর পরের নামগুলো হলো- কন্ডোলিসা রাইস, মিশেল ওবামা, অ্যাঞ্জেলিনা জোলি, সারাহ পলিন, প্রিন্সেস কেট, এলিজাবেথ ওয়ারেন ও লরা বুশ।

১৯৯৩ সাল থেকে এই পর্যলন্ত মোট ১৯ বার পছন্দনীয় নারীদের তালিকায় প্রথম স্থান অর্জন করেন হিলারি ক্লিনটন।

অন্যদিকে পছন্দের পুরুষদের তালিকায় প্রথম স্থানটি গত কয়েক বছরের মতো আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা জিতেন। তিনি সর্বোচ্চ ১৯ শতাংশ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন। ২০০৮ সালের পর থেকেই পছন্দের পুরুষদের তালিকায় প্রথম স্থানটি নিজের দখলে রাখছেন বারাম ওবামা।

দ্বিতীয় স্থানে থাকা পোপ ফ্রান্সিস পান ৬ শতাংশ ভোট। তৃতীয় স্থানে থাকা বিল ক্লিনটন পান ৩ শতাংশ ভোট।
তালিকায় এরপরের নামগুলো হলো- বিলি গ্রাহাম, জর্জ ডব্লিউ বুশ, বেন কার্সন, স্টিফেন হকিং, বিল গেটস, বিল ও’রিলে, বেঞ্জামিন নেতানিয়াহু ও ভ্লাদিমির পুতিন।

যুক্তরাষ্ট্রে বসবাসকারী নাগরিকরা বিশ্বের যেকোনো নারী ও পুরুষের মধ্য থেকে তাদের পছন্দের ব্যক্তিত্বকে বেছে নেন। তাদের পছন্দের ভিত্তিতে সবচেয়ে জনপ্রিয় দশজনের তালিকা প্রকাশ করা হয়। ডিসেম্বরের ৮ থেকে ১১ তারিখে মধ্যে পরিচালিত এবারের জরিপে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের ৮০৫ জন্য ব্যক্তি অংশ নেন।- এএফপি

মেসির জুটি নির্বাচনে উভয়-সঙ্কটে মার্টিনো

আর্জেন্টিনার জাতীয় দলের কোচ জেরার্ডো মার্টিনো বলেছেন, তার হাতে আক্রমণভাগের এত বেশি খেলোয়াড় রয়েছে যে একাদশ নির্বাচন করতে গিয়ে তিনি উভয়-সঙ্কটের মধ্যে পড়েছেন।image_112193_0

বার্সেলোনার সাবেক এই কোচ বলেন, তার হাতে বর্তমানে মেসির সমমানের খেলোয়াড়ের সংখ্যা বেড়ে গেছে। যে কারণে দল গঠনের সময় এসব মেধাবীদের কাউকে কাউকে দলের বাইরে রাখতে হচ্ছে।চারবারের বিশ্বসেরা খেলোয়াড়ের খেতাব পাওয়া লিওনেল মেসিসহ বর্তমানে জাতীয় দলের আক্রমণভাগের জন্য তার হাতে রয়েছে কার্লোস তেবেজ, গঞ্জালো হিগুয়েন ও সার্জিও অ্যাগুয়েরোর মতো তারকারা।

মার্টিনো বলেন, ‘এই মুহূর্তে আর্জেন্টিনার জাতীয় দল গঠনের জন্য প্রধান সংকট হচ্ছে মধ্যমাঠ ও আক্রমণভাগে মানসম্পন্ন খেলোয়াড়ের আধিক্য। সোমবার স্থানীয় সংবাদপত্র ক্লারিনে তার এই মন্তব্য প্রকাশিত হয়। তিনি বলেন, ‘তেভেজ যদি দু্ই নম্বর পজিশনে, হিগুয়েন ৬ নম্বর এবং অ্যাগুয়েরো ৯ নম্বরে খেলতেন তাহলে আমরা অসাধারণ একটি দল পেতাম।’

তিনজন খেলোয়াড়ই বর্তমানে নিজ নিজ ক্লাবের হয়ে দারুণ একটি মৌসুম কাটাচ্ছে। ইতোমধ্যে ম্যানচেস্টার সিটির হয়ে এগুইরো ১৪টি এবং জুভেন্টাসের হয়ে তেভেজ ১০ গোল করে যথাক্রমে ইংলিশ ও ইতালীয় লিগে সর্বোচ্চ গোলদাতার আসনে বসে আছেন। হিগুয়েনও কম যান না। দারুণ গোল করার দক্ষতাসম্পন্ন এই খেলোয়াড় নেপোলীর হয়ে এরই মধ্যে ৭ বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন।

মার্টিনো বলেন, ‘কোপা আমেরিকার জন্য গঠিত স্কোয়াডে তিনি এদের সবাইকেই অন্তর্ভুক্ত করেছেন। তিনি বলেন, ‘যখন সময় আরো ঘনিয়ে আসবে, তখন আমরা ভেবে দেখব তিনজনের সবাইকে দলে রাখার বিষয়ে। এখন আমাদের দেখতে হবে এদের সবাই কেমন করে। এরই ভিত্তিতে আমরা কাউকে খেলাব এবং কাউকে খেলাব না।

খেলোয়াড়দেরকে এটি অবশ্যই অনুধাবন করতে হবে যে একই মানের এবং একই পজিশনের সব খেলোয়াড়কে একই দলে রাখা যায় না।’ সূত্র: ওয়েবসাইট

জ্বালাও-পোড়াও করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, রাজনৈতিক দল হিসেবে যে কেউ তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে পারবে। তবে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।image_112142_0

তিনি বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো । ২০১৯ সাল পর্যন্ত দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে।মঙ্গলবার দুপুরে চাঁদপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন ঘাঁটি উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

এর আগে মন্ত্রী কোস্ট গার্ডের নতুন এই ঘাঁটিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় মন্ত্রী আরো বলেন, কোস্ট গার্ডের উন্নয়নে সরকার বদ্ধ পরিকর। আমি আশা করি দেশের পতাকা সমুজ্জল ও জলসীমার আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা কোস্ট গার্ডের সদস্যরা তাদের নিয়োজিত রাখবেন।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনিসহ কোস্ট গার্ড ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেখানে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নেন।

শহীদুল আইজিপি, র‌্যাবের ডিজি বেনজীর

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজি) হয়েছেন বর্তমান অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) একেএম শহীদুল হক। এ ছাড়া র‌্যাবের মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে ডিএমপি কমিশনার বেনজির আহমেদকে। আর ডিএমপি’র নতুন কমিশনার হয়েছেন বর্তমান ডিআইজি (হাইওয়ে) আসাদুজ্জামান মিয়া।image_112151_0

মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন এই  নিয়োগের কথা জানানো হয়।
আগামীকাল ৩১ ডিসেম্বর পুলিশের বর্তমান আইজি হাসান মাহমুদ খন্দকার ও র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে। ২০১০ সালের ৩০ আগস্ট হাসান মাহমুদ খন্দকার আইজিপি হিসেবে নিয়োগ পান। এর পর থেকে টানা চার বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন তিনি।
প্রসঙ্গত, নতুন পুলিশ প্রধান, র‌্যাব প্রধান ও ডিএমপি প্রধানের বাড়ি বৃহত্তর ফরিদপুরে। শহীদুলের বাড়ি শরীয়তপুরে, বেনজীরের বাড়ি গোপালগঞ্জে এবং আসাদুজ্জামানের বাড়ি ফরিদপুরে।

সন্ত্রাস বন্ধে প্রয়োজনে কঠোর পদক্ষেপ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোয়াখালীতে নারী স্কুল শিক্ষকের হত্যাকাণ্ড এবং ঢাকায় অপর এক নারী শিক্ষক অগ্নিদগ্ধ হবার ঘটনায় বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের দায়ী করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার সরকার এ ধরনের ঘটনা আর সহ্য করবে না এবং প্রয়োজনে এ ধরনের হত্যাকা- বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।
image_112138_0
শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াতের এ ধরনের অপরাধের নিন্দা জানানোর ভাষা আমার নেই। নোয়াখালীতে স্কুল শিক্ষকের মর্মান্তিক হত্যাকাণ্ডের জন্য বিএনপি-জামায়াতই দায়ী।তিনি এ ধরনের অপরাধ করা থেকে বিরত থাকতে বিএনপি-জামায়াতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা এ ধরনের সন্ত্রাসী কর্মকা- আর সহ্য করব না এবং এ ধরনের অপরাধ বন্ধে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

প্রধানমন্ত্রী আজ সকালে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি উচ্চারন করেন।

প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এডভোকেট মুস্তাফিজুর রহমান এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী একই অনুষ্ঠান থেকে সারাদেশে পাঠ্য বই বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, নোয়াখালী ও ঢাকায় যারা এ ধরনের জঘন্য অপরাধ করেছে, তাদেরকে অবশ্যই খুঁজে বের করা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

তিনি বলেন, আমরা কখনোই চাই না, কেউ এ ধরনের অপরাধ করুক, আমরা অবশ্যই অপরাধীদেরকে খুঁজে বের করব এবং এ ধরনের জঘন্য অপরাধ বন্ধে অপরাধীদের বিচার করব ইনশাআল্লাহ।

শেখ হাসিনা বলেন, দেশের জনগণ যে মুহূর্তে শান্তিতে বসবাস করছে, ঠিক সে সময় এ ধরনের ঘটনা ঘটানোর কোন যৌক্তিকতা থাকতে পারে না।

তিনি বলেন, সোমবারের বিএনপি-জামায়াতের হরতাল ডাকার কি যৌক্তিকতা থাকতে পারে, আমার জানা নেই। তিনি হরতাল আহ্বানকারী বিএনপি-জামায়াতের উদ্দেশ্যে বলেন, তারা একজন স্কুল শিক্ষককে হত্যা করে এবং অপর একজন স্কুল শিক্ষককে পুড়িয়ে কি পেয়েছে। তারা একজন স্কুল শিক্ষকের জীবন কেড়ে নেয়া ছাড়া এবং অপর একজন আগুনে পোড়ানো ছাড়া আর কিছু তো পায়নি। গত সোমবারের হরতাল থেকে তারা আর কিছুই পায়নি। তাহলে কেন এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো হলো। মানুষ মারা এবং পোড়ানোই যদি তাদের একমাত্র উদ্দেশ্য হয় তাহলে এটি হবে খুবই দুঃখজনক।

তিনি বলেন, তারা কেন একজন স্কুল শিক্ষকের ওপর হামলা চালাবে।

শেখ হাসিনা ২০১৩ সালে সারা বছর বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের উল্লেখ করে বলেন, চট্টগ্রামে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের বোমা হামলায় একজন স্কুল ছাত্রী তার চোখ হারিয়েছে। বিএনপি-জামায়াত ক্যাডাররা ৫ জানুয়ারির নির্বাচন প্রতিরোধে আন্দোরনের নামে নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে এবং সারাদেশে ৫৮৪টি স্কুল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এমনকি তারা শিক্ষক ও ছাত্রদের উপরও হামলা চালিয়েছে।

তিনি বলেন, তারা নির্বাচনের আগে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল। কিন্তু কী করতে পেরেছে। নির্বাচন হয়েছে। তারা নির্বাচন প্রতিরোধ করতে পারেনি। তাহলে তারা কেন পুনরায় মানুষ হত্যা করছে।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ভাল কর্মসূচি দিলে এবং জনগণের জন্য ভালো কাজ করলে জনগণকে বলতে পারত এবং জনগণের সমর্থন পেত। কিন্তু তারা জনগণের সমর্থন পাচ্ছে না। জনগণ তাদের ব্যাপারে খুবই সচেতন। ফলে আমি মনে করি, বিএনপি নেতাদের ধ্বংসাত্মক কর্মকা- থেকে বিরত থাকা উচিত এবং জনগণকে শান্তি ও স্বস্তিতে থাকতে দেয়া উচিত। সূত্র: বাসস

একনেকে ১১টি প্রকল্প অনুমোদিত

জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় ৭ হাজার ১৭ কোটি টাকার মোট ১১টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। সভায় ৮৬৮ কোটি টাকা ব্যায়ে ‘ন্যাশনাল গ্যাস অ্যাফিসিয়েন্সি’ প্রকল্পও গ্রহন করা হয়েছে। জাপানি উন্নয়ন সংস্থা (জাইকা)’র আর্থিক সহায়তায় গৃহীত এ প্রকল্পটি একনেক অনুমোদন করেছে। গ্যাসের চাপ বাড়াতে দু’টি গ্যাস ফিল্ডে মোট ৬টি ওয়েলহেড কম্প্রেসার স্থাপনই এ প্রকল্পের মূল লক্ষ্য। মঙ্গলবার একনেক’র এক সভায় এটি অনুমোদিত হয়। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেড এ প্রকল্পটি ২০২০ সালের জুন মাস নাগাদ বাস্তবায়িত করবে।image_112178_0

এসব প্রকল্পের মোট ব্যয়ের দুই হাজার ১৭৬ কোটি টাকা বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ২৪ কোটি দেয়া হবে। প্রকল্প সাহায্য হিসেবে চার হাজার ৮১৭ কোটি টাকা পাওয়া যাবে। মঙ্গলবার শেরে বাংলা নগরে এনইসি ভবনে অনুষ্ঠিত একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।অনুমোদিত মোট ১১টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প ১০টি এবং সংশোধিত প্রকল্প একটি রয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। এতে বলা হয়, বাংলাদেশের গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে তিতাস ও নরসিংদী গ্যাসক্ষেত্রের গ্যাসের চাপ দিন দিন কমে আসছে। এর ফলে এদুটো গ্যাসফিল্ড থেকে গ্যাস উৎপাদন ও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ দিন দিন কমে যাচ্ছে। গ্যাসের চাপ এভাবে কমতে থাকলে আগামী তিন থেকে সাত বছরের মধ্যে এদুটি গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রিড লাইনের চাপের সাথে তাল মিলিয়ে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না। এ সমস্যার সমাধান পেতে এদুটো গ্যাসফিল্ডে মোট ৬টি ওয়েলহেড কম্প্রেসার স্থাপন করবে সরকার। ফলে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে এবং উৎপাদন ও সরবরাহ বেড়ে যাবে। কম্প্রেসার স্থাপনের জন্যই ৮৬৮ কোটি টাকার এ প্রকল্পটি একনেক অনমোদন করেছে।

এদিকে, গ্যাসের অপচয় ও সিস্টেমলস ঠেকাতে এখন থেকে সব গ্যাস সংযোগ প্রি-পেইড মিটার ভিত্তিক করা হচ্ছে। এ সম্পর্কিত ন্যাচারাল গ্যাস এনার্জি এ্যফিসিয়েন্সি প্রকল্প নামে অপর একটি প্রকল্পের আজকের একনেক সভায় অনুমোদিত হয়েছে।  এ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় দু’ধাপে মোট ৬০,০০০ গৃহস্থালী প্রি-পেইড মিটার স্থাপন করা হবে। এতে করে গ্যাসের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল।

৩৫তম বিসিএস প্রিলিমিনারি ১ মাস পেছাল

৩৫তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা এক মাস পেছানো হয়েছে। আগামী ৬ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগে এই পরীক্ষার নির্ধারিত তারিখ ছিল ৬ ফেব্রুয়ারি।image_112175_0

সরকারি কর্মকমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রককে (ক্যাডার) উদ্ধৃত করে এই তথ্য জানান সেখানকার জনসংযোগ কর্মকর্তা। বলা হয়েছে অনিবার্য কারণবশত এই পরীক্ষা পেছানো হয়েছে।এর আগে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এ পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে পিএসসির ইতিহাসে এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যাক পরীক্ষার্থী এবার আবেদন করায় সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার স্বার্থে পরীক্ষার তারিখ পেছানো হয়েছে বলে সে সময় জানানো হয়।

২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এর ১৯ মাস পর এ বছরের ২৩ সেপ্টেম্বর এক হাজার ৮০৩টি খালি পদে কর্মকর্তা নিয়োগের জন্য ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৩০ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আবেদনের সময়সীমা ছিল।

৩৫তম বিসিএসে ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেন। অতীতে কোনো বিসিএসে এত সংখ্যক প্রার্থী আবেদন করেননি। এর আগে ৩৪তম বিসিএসে আবেদন করেছিলেন ২ লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী। ৩৩তম বিসিএসে আবেদন করেছিলেন এক লাখ ৯৩ হাজার ৫৯ জন

জবি শিক্ষক সমিতির সভাপতি আলী নূর, সম্পাদক আবুল হোসেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৫ এ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আলী নূর ও সাধারণ সম্পাদক পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হোসেন। এ বছরের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদে জয়লাভ করেছে নীলদলের বিদ্রোহী প্যানেল। নির্বাচনে সাদা দল অংশগ্রহণ না করায় নীল দলেরই দুই পক্ষে বেশ হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ করা গেছে।image_112187_0

সভাপতি পদে নির্বাচিত ড. মো. আলী নূর পেয়েছেন ২২১ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ড. মো. জাকারিয়া মিয়া ২০১ ভোট পেয়েছেন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ড. মো. আবুল হোসেন পেয়েছেন ২১৮ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জনাব জুনায়েদ আহমেদ হালিম পেয়েছেন ২০৩ ভোট।মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ৫০৭ জন ভোটারের মধ্যে ৪২২ ভোটার ভোট দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ড. লীমা হক।

অন্যান্ন পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আমিনুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ। সদস্য পদে মো. আমিনুল ইসলাম, অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, মোহাম্মদ হাফিজুল ইসলাম, অধ্যাপক শাওলী মাহবুব, এ বি এম আশরাফুজ্জামান, তাসলিমা আক্তার, অনির্বাণ সরকার, অধ্যাপক ড. নূরে আলম আবদুল্লাহ, বিভাস কুমার সরকার ও অধ্যাপক মো. জাকির হোসেন।

সদ্য নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. আলী নূর বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে উন্নয়ন চলছে সেই উন্নয়নে অংশগ্রহণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এশটি আধুনিক ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার জন্য আমরা কাজ করে যাব।”

অপরদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে মাত্র ১৫ ভোটের ব্যবধানে পরাজিত হয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক জুনায়েদ আহমেদ হালিম বলেন, “আমি গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী, ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।”

এদিকে এবারের নির্বাচনে সাদা দল অংশগ্রহণ না করলেও সাদা দলের বিরাটসংখ্যক সদস্য ভোট দিয়েছেন বলে জানা গেছে। সাদা দলের ভোট প্রদান সম্পর্কে সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দীন বলেন, “ভোটাধিকার সবার গণতান্ত্রিক অধিকার, আমরা সাংগঠনিকভাবে কোনো সদস্যকে ভোট দিতে কিংবা না দিতে বলিনি।”

নির্বাচনে কোন প্যানেলকে সমর্থন করেছেন কিনা সাংবাদিকের এমন প্রশ্নে তিনি বলেন, “না, সাংগঠনিকভাবে এমন কোনো সিদ্ধান্ত ছিল না। সবাই তাদের ইচ্ছা অনুযায়ী ভোট দিয়েছেন।”