রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

খালেদা জিয়া-বিএনপি নিয়ে হাস্যরস মন্ত্রিসভায়

cabinet12অমিত শাহ’র ফোনালাপ এবং কংগ্রেসম্যানদের বিবৃতি মিথ্যা প্রমাণ হওয়ার পর বিএনপির পাল্টা বিবৃতি নিয়ে তীব্র সমালোচনা হয় মন্ত্রিসভায়। পাশাপাশি অনির্ধারিত আলোচনায় চলে খালেদা জিয়ার অতীত নিয়েও কাটাছেঁড়া।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের অনির্ধারিত আলোচনায় খালেদা জিয়ার ‘অবরুদ্ধ’ থাকার গুঞ্জন নিয়ে কথা ওঠে। এ সময় অমিত শাহ’র ফোনালাপ এবং মার্কিন কংগ্রেসম্যানদের নামে ইস্যু করা ভুয়া বিবৃতি নিয়ে কয়েকজন সদস্য তীব্র সমালোচনা করেন।

খালেদা জিয়া অবরুদ্ধ থাকার গুঞ্জনের সময় ভারতের বিজেপি প্রধান অমিত শাহ’র সঙ্গে ফোনালাপ হয়েছে এমন বিবৃতি দেওয়া হয় বিএনপির পক্ষ থেকে। অমিত শাহ বিষয়টিকে ‘ফেক নিউজ’ বললেও বিএনপির পক্ষ থেকে আবারো দাবি করা হয় তার সঙ্গে কথা হয়েছে। অন্যদিকে মার্কিন কংগ্রেসম্যানদের নামে ইস্যু করা ভুয়া বিবৃতি ফাঁস হওয়ার পরেও বিএনপি কংগ্রেসম্যানদের বিবৃতি দেওয়ার দাবি করে।

এই ঘটনার পর সোমবারের মন্ত্রিসভায় এ বিষয় নিয়ে সমালোচনায় অংশ নেন কয়েকজন মন্ত্রী। সমলোচনায় অংশ নেওয়া মন্ত্রিসভার সদস্যরা বলেন, এ ধরণের মিথ্যাচার এটিই প্রথম না। বিএনপির রাজনীতি মিথ্যাচারের উপর প্রতিষ্ঠিত। আর খালেদা জিয়ার জীবনাচরণ মিথ্যাচারে ভরপুর।

আলোচনার সময় মন্ত্রিসভার কয়েকজন সদস্য খালেদা জিয়ার অতীত ইতিহাস নিয়েও কাটাছেঁড়া করেন। ১৯৮৭ সালে খালেদা জিয়ার হঠাৎ হারিয়ে যাওয়া নিয়ে কথা উঠে মন্ত্রিসভায়। এ সময় হাস্যরসেরও সৃষ্টি হয়।

এ সময় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার একজন সদস্যের কাছে জানতে চান, কত সালে খালেদা জিয়াকে আপনারা খুঁজে বের করেছিলেন। জাতীয় পার্টি থেকে মন্ত্রিসভায় স্থান পাওয়া ওই সদস্য প্রধানমন্ত্রীকে বলেন, ১৯৮৫ অথবা ১৯৮৭ সাল হবে। এ সময় প্রধানমন্ত্রী তাকে বলেন, সেটাও ভুলে গেছেন।

মন্ত্রিসভায় অবরোধ নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রিসভার একাধিক সদস্য এ ইঙ্গিত দেন। বিষয়টি নিশ্চিত করতে মন্ত্রিসভার এক সদস্যের সঙ্গে কথা বললে তিনি এড়িয়ে যান। বলেন, অবরোধতো নেই। তাই আলোচনাও হয়নি।

নাম প্রকালে অনিচ্ছুক মন্ত্রিসভার ওই সদস্য অবরোধ প্রসঙ্গে বলেন, ‘অবরোধ হচ্ছে না। আর দূর পাল্লার যানবাহন চলাচলেও বিকল্প ব্যবস্থা নেবে সরকার। তবে কী পদ্ধতি নেওয়া হবে না বলতে চাননি ওই সদস্য। যানবাহন চলাচলে দলীয় কর্মীরা সক্রিয় ভূমিকা নেবে মাঠ পর্যায়ে এমন ইঙ্গিত দেন তিনি।

সোহরাওয়ার্দীতে আ.লীগের সমাবেশ চলছে

somabeshবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ চলছে।

সোমবার দুপুর ২টা ৩৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।

সভা পরিচালনা করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল। সমাবেশে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। মঞ্চে রয়েছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ ছাড়াও মঞ্চের সামনে উপস্থিত আছেন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, যুব মহিলা লীগের নাজমা আকতার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা অ্যাডভোকেট আবু কাওছারসহ অন্যান্য নেতারা সমাবেশে পর্যায়ক্রমে বক্তব্য রাখছেন।

দুপুর ১টার পর থেকেই ক্ষমতাসীন দলের সহযোগী, ভ্রাতৃপ্রতীম, অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দলে দলে ব্যানার-ফেস্টুন, বাদ্য-বাজনা, মিছিলসহ সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন। নেতা-কর্মীদের আনাগোনা এবং গাড়িবহরের কারণে হাইকোর্ট মোড় হয়ে দোয়েল চত্বর, শাহবাগ হয়ে টিএসসি পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে উঠছে। দলীয় নেতা-কর্মী এবং সর্বসাধারনরা উদ্যানের তিনটি গেট দিয়ে জনসভাস্থলে প্রবেশ করছে।

সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। প্রবেশ গেটগুলোয় আর্চওয়ের ব্যবস্থা করা হয়েছে। এসবের মধ্য দিয়ে কড়া নজরদারিতে তল্লাশির মাধ্যমে নেতা-কর্মীদের সমাবেশস্থলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

মঞ্চের সামনে নেতা-কর্মীদের জন্য হাজার হাজার চেয়ার পাতা রয়েছে। মঞ্চটির মুখ করা হয়েছে উদ্যানে অবস্থিত রমনা কালি মন্দিরমুখী।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশের স্বাধীনতা অর্জনের পর পাকিস্তানের কারাগার থেকে মুক্তিলাভ করে লন্ডন-দিল্লি হয়ে দেশে ফিরে আসেন জাতির পিতা। সেদিন সদ্য স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুকে বরণ করে নিতে বিমানবন্দর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে লাখো লাখো জনতা উপস্থিত হয়েছিল।

দিবসটি উপলক্ষে এ বছর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের এক জরুরি বৈঠকে ১০ জানুয়ারির পরিবর্তে বিশ্ব ইজতেমার কারণে দুই দিন পিছিয়ে ১২ জানুয়ারি সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ফেনী জামায়াতের আমির গ্রেফতার

akmজামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির একেএম সামছুদ্দীনকে সোমবার দুপুরে আদালত ভবন থেকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের গাড়িতে বোমা হামলা ও শহীদ মিনারে হামলা-ভাঙচুরের মামলা রয়েছে বলে জানা গেছে।

ফেনী মডেল থানা সূত্র একেএম সামছুদ্দীনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

পোশাকশিল্প বাঁচাতে খালেদার কাছে যাবেন বিজিএমইএ নেতারা

atikulপোশাকশিল্পকে বাঁচিয়ে রাখার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানিয়েছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। তাদের অনুরোধে সাড়া না দিলে বিজিএমইএর প্রতিনিধিরা খালেদা জিয়ার সঙ্গে সরাসরি দেখা করবেন বলে জানিয়েছেন।

সোমবার চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে বিজিএমইএর সহসভাপতি এস এম মান্নান, শহিদউল্লাহ আজীম, সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজনীতিবিদদের উদ্দেশে বিজিএমইএ সভাপতি বলেন, “আপনারা রাজনীতিবিদ। আপনারা রাজনীতি করুন। আমরা অর্থনীতি সচল রাখার কাজ করি। বৃহত্তর স্বার্থে আমাদের সব ধরনের কার্যক্রমকে সব ধরনের রাজনৈতিক কর্মসূচির আওতামুক্ত রাখুন।”

বিজিএমইএর সভাপতি বলেন, “রাজনৈতিক কর্মসূচির নামে রাজনীতিবিদেরা আমাদের ব্যবসা, বিনিয়োগকে জিম্মি করেছেন। এতে গভীর সংকটে পড়েছে পোশাকশিল্প।”

তিনি বলেন, “রাজনৈতিক কর্মসূচির কারণে জানমালের নিরাপত্তা নেই দেখে বিদেশি ক্রেতারা কাজের আদেশ দিতে নিরুৎসাহ বোধ করেন।”

আতিকুল ইসলাম দাবি করেন, চলমান অবরোধে আজ সোমবার পর্যন্ত ক্ষতি হয়েছে ৪৫০ কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানিতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই হাজার ৬০০ কোটি ডলার। সেই অনুযায়ী এক দিনের অবরোধ বা হরতালে ৬৯৫ কোটি টাকার পোশাক রফতানি বাধাগ্রস্ত হয়।

রাজধানীতে যাত্রীবাহী ২ বাসে আগুন

busgpবিএনপি নেতৃত্বাধীন ২০ দলের লাগাতার অবরোধের সপ্তম দিন সোমবার রাজধানীতে ২টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সোয়া ১১টায় রাজধানীর নর্দা বাসস্ট্যান্ডে তুরাগ পরিবহনের একটি বাস আগুন দেয় দুর্বৃত্তরা। এরআগে সকাল ১০টার দিকে গুলিস্তানের গোলাপশাহ মাজারের কাছে গাজীপুর পরিবহন বাসে আগুন দেয়া হয়। তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হননি।

ভাটারা থানার ওসি গোলাম সরোয়ার আলম বলেন, তুরাগ পরিবহনের বাসটি যাত্রবাড়ী থেকে টঙ্গী যাচ্ছিল। পথে নর্দা বাসস্ট্যান্ডে যাত্রী নামনোর জন্য থামলে কয়েকজন দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। যাত্রীরা দ্রুত নেমে পড়ায় কেউ আহত হননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাদী সুলতানা জানান, সকাল ১০টার দিকে গুলিস্তানের গোলাপশাহ মাজারের কাছে গাজীপুর পরিবহনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

একরাম হত্যায় আওয়ামী লীগ নেতা আদেল ও মিস্টার কারাগারে

adelফেনীর আদালতে আত্মসমর্পণ করেছেন বহুল আলোচিত ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার পলাতক আসামি ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আদেল ও পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জিয়াউল আলম মিস্টার।

সোমবার বেলা ১২টার দিকে তারা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক আলমগীর মো. ফারুকী জামিন আবেদন নাকচ করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

গত বছরের ২০ মে ফেনী শহরের জনাকীর্ণ সড়কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও গুলি করে হত্যার পর একরামকে বহনকারী গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। পৈশাচিক এ হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি নেতা মাহতাব উদ্দিন আহমদ চৌধুরী মিনার, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহিদ চৌধুরী, ফেনী পৌর কাউন্সিলর আবদুল্লাহিল মাহমুদ শিবলু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড় মনির ছেলে আবিদ সহ ৩১ জন কারাগারে রয়েছেন। আদেল-মিস্টারসহ ৫১ জনের নাম উল্লেখ করে মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ আদালতে চার্জশিট দাখিল করেন।

সরকারের এক বছর

hasina sopothবর্তমান সরকারের এক বছর পূর্ণ হয়েছে সোমবার। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ দিন। গত বছরের এদিন মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে।

এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারি দেশের সাধারণ নির্বাচনে দলটি জোটগতভাবে বিজয়ী হয়। নির্বাচনে আওয়ামী লীগ ২৩৪টি, জাতীয় পার্টি ৩৪টি এবং আওয়ামী লীগের শরিক ওয়াকার্স পার্টি ৬ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ পাঁচটি আসনে বিজয়ী হয়ে ২০১৪ সালের ১২ জানুয়ারি সরকার গঠন করে।
নানা কারণেই সরকারের গত এক বছর ছিল ঘটনাবহুল। দেশীয়-আন্তর্জাতিক রক্তচক্ষুকে উপেক্ষা করে এই একটি বছরে ছয় শীর্ষ যুদ্ধাপরাধীর বিচারের রায় ঘোষিত হয়েছে। ছয়জনের বিরুদ্ধেই ঘোষিত হয়েছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায়।
সরকারের গত এক বছরের অন্যতম বড় অর্জন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০১৪ সালে গ্লোবাল সাউথ সাউথ ডেভেলপমেন্ট এক্সপো-২০১৪ এর ভিশনারী এ্যাওয়ার্ড পুরস্কৃত অর্জন । এ ছাড়াও কমনওয়েলথ পার্লামেন্টারি এ্যাসোসিয়েশন (সিপিএ) ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিও) নির্বাচনে বাংলাদেশের দুই প্রার্থী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর বিজয়। ১৮৮টি দেশের নির্বাচিত প্রতিনিধিরা তাদের ভোট দিয়ে বিজয়ী করেছেন। ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশন-এর মহাপরিচালক এবং হিউম্যান রাইটস কাউন্সিল ও ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন-এর নির্বাচনেও বিজয়ী হয় বাংলাদেশ। -বাসস

মিরসরাইয়ে পাঁচ ডাকাত গ্রেফতার

dakatmirsoraiমিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে চট্টগ্রাম বিভাগের দুর্ধর্ষ পাঁচ ডাকাত। তাদের ধরতে গত বছর ২২ ডিসেম্বর থেকে বিশেষ পরিকল্পনায় ছক আঁকে পুলিশ। অবশেষে গত শনিবার দিবাগত রাতে এবং রোববারের পৃথক দুইটি অভিযানের সফল হন সংশ্লিষ্ট থানা পুলিশের কর্মকর্তারা।

ফেনী জেলার সোনাগাজী, নোয়াখালীর কোম্পানীগঞ্জ এবং চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় কয়েকদফা অভিযান চালিয়ে ডাকাত গংদের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতির স্বর্ণালংকার, মোবাইল সেট, সিএনজি ট্যাক্সি ও একটি মোটর বাইক।

গ্রেফতারকৃতরা হলেন  নোয়াখালীর কোম্পানীগঞ্জের পার্বতীপুর গ্রামের কামাল উদ্দিন সজিব (২৮), ফেনী জেলার  দাগনভূঁইয়া উপজেলার উত্তর আলীয়া পুর গ্রামের মোহাম্মদ আজাদ (২৪), চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জামালপুর গ্রামের কালন দাস (২৮), হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মোহাম্মদ হামিদ (৩০) ও একই এলাকার নেজাম উদ্দিন (২৮)। এছাড়া আরো ১৩ ডাকাতকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানার ওসি লিয়াকত আলী।

গ্রেফতারকৃতদের মধ্যে সজিব ও আজাদ রোববার চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান থানার এসআই মো. আলমগীর হোসেন। তাদেরকে গত শনিবার ফেনী সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে প্রথম দফায় গ্রেফতার করা হয়। বাকি তিনজনকে গ্রেফতার করা হয়  রোববার দুপুরে মিরসরাই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে। পুলিশ জানিয়েছে তাদেরকে সোমবার আদালতে পাঠানো হবে।

গত ২১ ডিসেম্বর মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর গ্রামের নিজাম উদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনা সংঘটিত হয়। ঘটনার পরদিন গৃহকর্তী ফরিদা ইয়াসমিনের দায়ের করা মামলার সূত্র ধরে ডাকাতদলের এই পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।

মোজাম্বিকে বিষাক্ত বিয়ার খেয়ে ৫৬ জনের মৃত্যু

biyarমোজাম্বিকের উত্তরপশ্চিমাঞ্চলে বিয়ার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এক শিশুসহ ৫৬ জন মারা গেছে। ঐতিহ্যবাহী এই বিয়ার স্থানীয়দের কাছে ‘ফোম্বে’ নামে পরিচিত।

রোববার তেতে প্রদেশের স্বাস্থ্য পরিচালক কার্লা মোসে রেডিও মোজাম্বিককে জানান, এই ঘটনায় অসুস্থ্য অবস্থায় ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষাক্ত বিয়ার খেয়ে যারা মারা গেছেন তাদেরও এ ধরনের উপসর্গ দেখা দেয়। শনিবার সকালে বিষাক্ত বিয়ার পান করে ওই ৫৬ জন মারা যায়।

দৈনিক পত্রিকা ভেরদাদে জানায়, দুই বছরের এক শিশুসহ যারা মারা গেছে তারা সকলেই শুক্রবার এক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে ঐতিহ্যবাহী ওই বিয়ার খেয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ভুট্টা দিয়ে এই বিয়ার তৈরি করা হয়।

এদিকে এ ঘটনায় মোজাম্বিকের সরকার রোববার বিকেলে এক ডিক্রির মাধ্যমে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটকে মিসবাহের বিদায়!

misbahhএবারের বিশ্বকাপ ক্রিকেটের পর পাকিস্তান দলের অধিনায়ক মিসবাহ-উল-হক এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন। রবিবার ইএসপিএন ক্রিকইনফোকে এমনটিই জানিয়েছেন মিসবাহ। তবে টেস্ট ক্রিকেট খেলা অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।

মিসবাহ বলেন, ‘এক সপ্তাহ আগে আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানিয়েছি ওডিআই ও টি টোয়েন্টি থেকে আমার অবসর নেওয়ার এটিই উপযুক্ত সময়। কিন্তু টেস্ট খেলা অব্যাহত রাখব।’

তিনি আরো বলেন, ‘এ বিষয়ে আমি দীর্ঘ দিন ধরে ভেবেছি। বিশ্বকাপ একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট। আমি এতে ভালভাবে খেলতে চাই। এরপর আমি অবসরে যাব।’

২০০২ সালের এপ্রিলে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মিসবাহর। এরপর এ পর্যন্ত ১৫৩টি ওডিআইতে ৪২ দশমিক ৮৩ গড়ে ৪ হাজার ৬শ ৬৯ রান করেছেন তিনি। যাতে অর্ধশতক রয়েছে ৩৭টি। কোন সেঞ্চুরি ছাড়া ওডিআইতে বর্তমানে সর্বোচ্চ রানের রেকর্ড তার।

২০১১ সালের মে মাসে শহিদ আফ্রিদির কাছ থেকে অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করেন মিসবাহ। এ পর্যন্ত ৭৮ খেলায় পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়ে ৪১ খেলায় জয়লাভ করেছেন তিনি।

মিসবাহ পাকিস্তান দলের হয়ে এ পর্যন্ত ৩৯টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। নেতৃত্ব দিয়েছেন আট খেলায়। ২০১২ সালের মে মাসে তিনি টি টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেন। সর্বশেষ টি টোয়েন্টি খেলেছেন তিনি ২০১২ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে।