শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

গৌরনদীতে ট্রাক খাদে পড়ে নিহত ২

road accident2বরিশাল-ঢাকা মহাসড়কে বরিশালের গৌরনদী উপজেলায় লবন বোঝাই একটি ট্রাক খাদে পড়ে ট্রাকের চালক ও তার সহকারী মারা গেছেন। ‘দুর্ঘটনার’ পর ট্রাকটিতে লাগা আগুনের কারণে এটিকে ‘পেট্রোলবোমা হামলার’ ঘটনা বলছেন স্থানীয়রা। তবে পুলিশের দাবি এটি একটি দুর্ঘটনা।

সোমবার রাত ১টার দিকে উপজেলার সুন্দরদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক নুর হোসেন ও তার সহকারী জাফর রাঢ়ীর শরীরে পোড়া চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নুর হোসেনের বাড়ি পটুয়াখালীর বাউফল থানার আয়নাবাজ কালাইয়া গ্রামে। আর জাফর রাঢি পটুয়খালীর দশমিনা উপজেলার বহরম পুর গ্রামের মৃত শাহজাহান রাঢ়ীর ছেলে।
তবে বরিশালের পুলিশ সুপার একেএম এহসান উল্ল্যাহ বলেন, ‘ট্রাকটি লবণ নিয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ট্রাকের ইঞ্জিনে আগুন ধরে যায়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। তবে তার আগেই চালক ও সহকারী মারা যান।’

 

লক্ষ্মীপুরে দগ্ধ পিকআপ চালক কামাল মারা গেছেন

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ পিকআপ ভ্যানচালক কামাল  হোসেন (২৮) মারা গেছেন।

মঙ্গলবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সোমবার রাতে লক্ষ্মীপুর জেলা কারাগার এলাকায় এ ঘটনা ঘটে।
কামাল  হোসেনের ভাই শাহজাহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাতে বেগমগঞ্জের চৌমুহনী থেকে পিকআপভ্যানে করে চাল নিয়ে লক্ষ্মীপুর আসছিল কামাল। পথে লক্ষ্মীপুর-চৌমুহনী মহাসড়কের লক্ষ্মীপুর জেলা কারাগার এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা পিকআপভ্যান লক্ষ করে পেট্রোলবোমা ছুড়ে মারে। এতে তার ভাই চালক কামালসহ দুইজন দগ্ধ হন। এসময় পিকআপভ্যানটি রাস্তার পাশে উল্টে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত ৮ দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার ভোররাতে মারা যান কামাল।
লক্ষ্মীপুর পুলিশ সুপার শাহ মিজান মো সাফিউর রহমান বলেন, ‘খবর পেয়ে রাতে হাসপাতালে যাই। সেখানে কামালের অবস্থা আশঙ্কজনক দেখতে পাই। পরে সকালে খবর পেলাম কামাল মারা গেছেন। বিষয়টি দুঃখজনক। হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান চলছে।’

 

গাজীপুরে বাস ও কাভার্ডভ্যানে আগুন

gazipur mapহরতাল চলাকালে গাজীপুরের আলাদা দুটি স্থানে বাস ও কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়া হয়। মঙ্গলবার ভোরে নগরের শিববাড়ী মোড়ে ঢাকা-গাজীপুর সড়কের পাশে কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা ঢাকা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়া হয়। দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা আগুন নেভায়। অন্যদিকে জেলার কালীগঞ্জের মূলগাও এলাকায় নরসিংদি থেকে টঙ্গীর দিকে আসা একটি কাভার্ডভ্যান চলন্ত অবস্থায় দুর্বৃত্তরা ইট-পাটকেল ছুড়ে। এসময় চালক -হেলপার ভয়ে গাড়ি থামিয়ে নেমে পালিয়ে গেলে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। আগুনে গাড়ির চাকা ও চালকের সিট পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। এদিকে গাজীপুরে নাশকতাসৃষ্টি, নাশকতার পরিকল্পনার অভিযোগে ও বিভিন্ন মামলার আসামী ২৭ জনকে আটক করা হয়েছে।

যশোরে মাছবাহী পিকআপে পেট্রলবোমা

pettrol bomaযশোর-সাতক্ষীরা সড়কে মণিরামপুর ডিগ্রি কলেজের সামনে একটি মাছবাহী পিকআপভ্যানে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবিরউদ্দিন জানান, রাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে একটি পিকআপ (যশোর-ড-১১-০৮৪৮) মাছ নিয়ে রংপুরের উদ্দেশে যাচ্ছিল। পিকআপে চালক মোশারফ হোসেন ছাড়াও মালিক ওজিয়ার রহমান ছিলেন। পিকআপটি মণিরামপুর ডিগ্রি কলেজের কাছে পৌঁছলে দুর্বৃত্তরা একটি পেট্রোলবোমা ছুঁড়লে ফলে পিকআপটিতে আগুন লেগে যায়। তবে মালিক ও চালক নিরাপদে পিকআপ থেকে নেমে যেতে সক্ষম হন।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস মণিরামপুর স্টেশনের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

রাজধানীতে সংঘর্ষ, শিবির কর্মী গুলিবিদ্ধ, বাসে আগুন

action3রাজধানীর কদমতলী থানার জাপান মার্কেটের সামনে পুলিশের সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে শিবির কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে এক শিবির কর্মী আহত হয়েছেন। গুলিবিদ্ধ শিবির কর্মীর নাম আব্দুল হামিদ (২২)। তিনি ঢাকা কলেজে সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র।
ওদিকে, রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় মাওয়া-গাজীপুর রুটে চলাচলকারী প্রচেষ্টা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়েছে। এ ঘটনায় আক্তার হোসেন (৫০) নামে বাসের এক যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় একই সময়ে শাহজাদপুরে একটি ঝটিকা মিছিল বের করে শিবির কর্মীরা। এসময় মিছিল থেকে তারা কমপক্ষে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এছাড়া সড়কে আগুন ধরিয়ে অবরোধ ও গাড়ি ভাঙচুরের চেষ্টা করে।

কুমিল্লায় পেট্রলবোমায় পুড়ে নিহত ৭

lash burnকুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রলবোমায় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন সাতজজন। আহত হয়েছেন ১৬ জন। এদের ১১ জনই আগুনে দগ্ধ হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার জগমোহনপুর এলাককায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। কক্সবাজার থেকে ঢাকামুখী ‘আইকন পরিবহন’ এর একটি বাস জগমোহনপুর এলাকায় পৌঁছলে তাতে দুবৃত্তরা পেট্রোলবোমা ছুঁড়ে মারে বলে জানান কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনির হোসেন।

কুমিল্লা ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আহতদের উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

পরে দগ্ধ ১১জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে।

এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এদের মধ্যে একজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন বলে জানান এক প্রত্যক্ষদর্শী। আগুনে পুড়ে তাদের চেহারা বিকৃত হয়ে গেছে।

চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম চক্রবর্তী বলেন,“ দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।”

মোবাইলে কথা বলার সুযোগ পাচ্ছেন কারাবন্দিরা

central jelমোবাইল ফোনে কথা বলার সুযোগ পেতে যাচ্ছেন কারাবন্দিরা। হাজতিরা মাসে দুইবার এবং কয়েদিরা মাসে একবার এ সুযোগ পাবেন। এ সংক্রান্ত একটি নীতিমালা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কারা সদর দফতরের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভিন্ন বিচারাধীন মামলায় গ্রেফতার আসামিকে কারা আইনে ‘হাজতি’ এবং সাজাপ্রাপ্তদের ‘কয়েদি’ হিসেবে উল্লেখ করা হয়। কারাগারে একাকী জীবনে অবসাদে ভুগে বিভিন্ন সময় বিভিন্ন কারাগারে বন্দিদের আত্মহত্যার ঘটনাও ঘটেছে।

কারা অধিদফতর সূত্র জানায়, বন্দিদের মানসিক স্বাস্থ্যের অবনতি থেকে রক্ষা করতে উন্নত বিশ্বের আদলে দেশের কারাগারগুলোতে মোবাইল বুথ বসানোর উদ্যোগ নেয়া হয়েছে। কারাগারে ঢোকানোর পর বন্দির দুজন নিকটাত্মীয়ের ফোন নম্বর সংগ্রহ করবে কারাকর্তৃপক্ষ। সর্বোচ্চ পনেরো ১৫ মিনিট কথা বলতে পারবেন তারা। তবে শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গিরা কথা বলার সুযোগ পাবেন না। বিশেষ প্রয়োজনে গোয়েন্দাদের উপস্থিতিতে তাদের কথা বলার সুযোগ দেয়া হবে।

মোবাইলে কথা বলার এ সুযোগের অপব্যবহার রোধে থাকবে প্রযুক্তিগত ব্যবস্থা। প্রাথমিকভাবে একুশটি কেন্দ্রীয় কারাগারে এ সুবিধা দেয়া হবে। চলতি বছরেই এ সুবিধা চালু করতে চায় প্রশাসন।

দীর্ঘ দিন কারাগারে ফ্রিকোয়েন্সি জ্যামার বা তরঙ্গ প্রতিরোধকযন্ত্র দিয়েও আসামিদের মোবাইল ফোন ব্যবহার ঠেকাতে ব্যর্থ হয় কারাপ্রাশাসন। টাকা থাকলে কারাগারে সব মেলে- এমন কথা বহুদিন ধরে প্রচলিত। কর্তৃপক্ষের ব্যবস্থা যতোই কঠোর হোক নানা কায়দায় আসামিরা মোবাইল ব্যবহার করে আসছে। এটি ঠেকাতে ২০১৪ সালের শেষের দিকে কারা এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধের উদ্যোগ নেয়া হলেও এখনো তা আলোর মুখ দেখেনি।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো.মিজানুর রহমান বলেন, “এ সুবিধা চালু হলে ভালো হবে।”

উদাহরণ দিয়ে তিনি বলেন, “টেকনাফের একজন আসামি যদি কাশিমপুর কারাগারে থাকেন এবং তার স্বজনরা এতদূর পথ পেরিয়ে কারাগারে না এসে মাসে একবার যদি মোবাইল ফোনে কথার সুযোগ পেলে তাদের আর সাক্ষাতের প্রয়োজন না-ও হতে পারে। আমাদেরও কাজে সুবিধা হবে।”

দুই মেয়েকে নিয়ে মালয়েশিয়ায় ফিরে গেলেন কোকোর স্ত্রী

coco wife sonবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সদ্যপ্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তাদের দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান মালয়েশিয়া ফিরে গেছেন। সোমবার দুপুরে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমানে তারা মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

গত ২৯ জানুয়ারি কোকোর মরদেহের সঙ্গে তার স্ত্রী ও দুই মেয়ে দেশে আসেন। জাহিয়া ও জাফিয়া মালয়েশিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত। সেখানে পরীক্ষা থাকায় তারা ফিরে গেছেন বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে।

গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে কোকো ইন্তেকাল করেন।

সোনারগাঁওয়ে মালবাহী ট্রাকে আগুন

trak10ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিল্পনগরী মেঘনা টোলপ্লাজা এলাকায় কাগজভর্তি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দূবৃত্তরা। সোমবার রাত সোয়া ১০টায় হরতাল চলাকালে এ ঘটনা ঘটে। আগুনে ট্রাকে থাকা সকল মালামাল ও ট্রাকটি সম্পন্নরূপে পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার রাত সোয়া ১০ টার দিকে উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকায় কাগজভর্তি একটি ট্রাক থামানো অবস্থায় দুবৃত্তরা ট্রাকে পেট্রোল দিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। ট্রাকের চাকা বিকল হওয়ায় ট্রাকটির চালক তা ঠিক করার সময় এ আগুন দিয়েছে বলে জানা গেছে। আগুনের খবর পেয়ে মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ট্রাকে থাকা সকল মালামাল (কাগজ) ও ট্রাকটি পুড়ে গেছে।

প্রধান দুই দলে কেন অনড় মনোভাব?

train3বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ এখনও চলমান পরিস্থিতিকে রাজনৈতিক সংকট হিসেবে বিবেচনা করতে রাজি নয়।

সরকারের একজন সিনিয়র মন্ত্রী বলেছেন, রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতা চলছে, নাশকতা বা সন্ত্রাসের এই প্রেক্ষাপটে সরকার রাজনৈতিক কোনো উদ্যোগ নেবে না।
নাশকতা বা সন্ত্রাসের বিষয় স্বীকার না করলেও বিএনপি নেতারা বলেছেন, সরকারের দমননীতির কারণে পরিস্থিতি সহিংস হচ্ছে।

তবে বিশ্লেষকদের অনেকে বলেছেন, দুই দলই রাজনীতি পিছনে ফেলে অন্য পথে হাঁটছে।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার বিরোধী জোটের কর্মসূচিতে নাশকতা বা সহিংসতার বিষয়টিকে সামনে এনে, সেই পরিস্থিতিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়েই মোকাবেলা করতে চাইছে।

সরকারের এই কৌশল পরিস্থিতির শুরু থেকেই দৃশ্যমান। এমনকি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রধানদের বক্তব্যেও কঠোরভাবে দমনের কথা উঠে এসেছে। যা নিয়ে সমালোচনাও হচ্ছে।

তবে আওয়ামী লীগ এখনও পরিস্থিতিটাকে রাজনৈতিক সংকট হিসেবে বিবেচনা করতেই রাজি নয়। দলটির একজন ঊর্ধ্বতন নেতা ও মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এখনকার পরিস্থিতিকে ‘রাজনৈতিক সংকট’ হিসেবে দেখা হলে তাতে নাশকতা বা সন্ত্রাসের কাছে নতি স্বীকার করা হবে বলে সরকার মনে করছে।

তিনি বলেন, ”যারা নাশকতা বা সন্ত্রাস করছে, তাদের সাথে তো আলোচনার কোনো উদ্যোগ নেয়া যায় না। এখানে উদ্যোগ একটাই, তাহলো আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে আইনগত ব্যবস্থা নেবে।”

আওয়ামী লীগের মধ্যে আরও কয়েকজন নেতার সাথে কথা বলে মনে হয়েছে, এখনকার পরিস্থিতিকে রাজনৈতিক সংকট হিসেবে বিবেচনা করে আলোচনার উদ্যোগ নিলে সেখানে নির্বাচনের বিষয়টি উঠে আসবে। ঠিক এই মূহুর্তে সরকার তাদের দিক থেকে নির্বাচনের ইস্যুকে সামনে আনতে চায় না।

attack3

পুলিশের ক্রসফায়ারের শিকার বিরোধীদলীয় কর্মী।
বিএনপির নেতৃত্বাধীন জোটও লাগাতার অবরোধের পাশাপাশি মাঝে মাঝে হরতাল ডাকছে। কিন্তু কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ না থাকা এবং মূলত নাশকতা বা সহিংসতার অভিযোগই এখন উঠছে। এই জোটও সমালোচনা উপেক্ষা করে কর্মসূচি বহাল রেখে কঠোর অবস্থানেই থাকছে।

বিএনপি চেয়ারপার্সনের একজন উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন মনে করেন, সরকার পরিস্থিতিকে রাজনৈতিক সংকট হিসেবে দেখছে না বলেই সমস্যাটি বাড়ছে।

তিনি বলেন, ”আন্দোলন শুরু হলে, তখন কিন্তু অনেক সময় নেতৃত্বের বাইরে অনেক কিছু হয়।”

তিনি বলেন, ”বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি নিয়েছে, তার মধ্যেও সন্ত্রাসমূলক কাজ হচ্ছে। এটা অস্বীকার করার উপায় নেই। তবে তা বিএনপির তরফ থেকে সমর্থন করা হয় না।”

বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, পরিস্থিতি মোকাবেলায় সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ওপর অনেকাংশে নির্ভরশীল হয়ে পড়ছে।

আর বিরোধী জোট সেটি স্বীকার না করলেও তাদের কর্মসূচিতে সহিংসতা একটা কৌশল হয়ে দাঁড়াচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলাম বলেছেন, দু’পক্ষই রাজনীতি বাদ দিয়ে ভিন্ন পথে হাঁটছে।

বিএনপির নেতৃত্বাধীন জোটে অবশ্য তাদের কৌশলের ক্ষেত্রে সংকট সমাধানে সংলাপের বিষয়কেও তুলে ধরছে। তবে আওয়ামী লীগ সহিংস পরিস্থিতিতে সংলাপে আগ্রহী নয়।– বিবিসি।