শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

আগুনে পুড়ল আরো ৯ প্রাণ

bus fire6বিএনপি জোটের অবরোধের মধ্যে গাইবান্ধা ও বরিশালের গৌরনদীতে বাস ও ট্রাকে পেট্রলবোমা হামলায় আরো নয়জন নিহত ও কমপক্ষে ৩৯ জন আহত হয়েছেন। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে

গাইবান্ধা: গাইবান্ধায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় দুই শিশুসহ নিহত হয়েছে ছয়জন এবং দগ্ধ হয়েছে ৩২ জন। তবে গাড়ি থেকে লাফিয়ে পড়ে আরো সাতজন আহত হয়।

পেট্রলবোমার আগুনে পুড়ে ঘটনাস্থলে এবং গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর মারা যায় শিশুসহ চারজন। দগ্ধ ২০ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে মারা যায় দুজন। এদের মধ্যে একজন শিশু এবং ঘটনাস্থলে নিহত হওয়া এক শিশুর মা।

এ ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট এলাকার বুড়ির ঘড় নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। জেলার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর থেকে নাপু এন্টারপ্রাইজের একটি বাস প্রায় ৫০ থেকে ৬৫ জন যাত্রী নিয়ে পুলিশের পাহারায় ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে তুলসীঘাট এলাকার বুড়িরঘর নামক স্থানে ওই বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা।

গাইবান্ধা থেকে পুলিশ-বিজিবি পাহারা দিয়ে ২০-২৫টি গাড়িবহর নিয়ে যাচ্ছিল পলাশবাড়ীতে। ওই গাড়িবহরে ছিল নাপু এন্টারপ্রাইজের বাসটি। পুলিশ-বিজিবি থাকার পরও বাসে পেট্রলবোমা হামলা হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। হতাহত হওয়া সবাই ওই বাসের যাত্রী। তাদের মধ্যে কেউ গার্মেন্ট শ্রমিক, কেউ রিকশাওয়ালা এবং অধিকাংশই ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক। কারো কারো সঙ্গে পরিবারের সদস্যরাও ঢাকায় যাচ্ছিল।

গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবু হানিফ জানিয়েছেন, চারজনের মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়। রংপুরে পাঠানোর পর এক শিশু মারা গেছে। পরে সেখানে দগ্ধ আরো এক নারী মারা যান। তিনি আরো জানান, প্রাথমিক চিকিৎসা শেষে ছয়জনকে ছেড়ে দেয়া হয়েছে। যারা এখন গাইবান্ধায় চিকিৎসা নিচ্ছে, তাদের কারো ২০ শতাংশ, কারো ৩০ শতাংশ, কারো ৫০ শতাংশ এমনকি কয়েকজনের ৪০-৫০ শতাংশ পুড়ে গেছে।

এদিকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যেসব দগ্ধকে ভর্ত্তি করা হয়েছে, তাদের শরীরের ৮০ থেকে ৯০ ভাগ পুড়ে গেছে। এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আটজনকে আটক করেছে।

গাইবান্ধার জেলা প্রশাসক এহছানে এলাহী বলেন, “হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।”

বরিশালের গৌরনদীতে একটি ট্রাকে পেট্রলবোমায় তিনজন প্রাণ হরিয়েছেন।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানিয়েছেন, ট্রাকটি পোল্ট্রি ফিড নিয়ে মাদারীপুরের দিক থেকে বরিশাল আসছিল। পথে গৌরনদীর বাটাজোর বাজারের দণি পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে পৌঁছালে দুর্বৃত্তরা ট্রাকে পেট্রোল বোমা মারেন। এতে ট্রাকের চালক, হেল্পার ও একজন লেবার মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গৌরনদী হাসপাতালে রেখেছেন।

নির্বাচন আপনাকে দিতেই হবে

bchow26প্রধানমন্ত্রীর উদ্দেশে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, “নির্বাচন আপনাকে দিতেই হবে, তা না শান্তি কেনোভাবেই আসবে না।”

শনিবার কৃষক শ্রমিক জনতা লীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথির বক্তব্যে অতিথির বক্তব্যে বদরুদ্দোজা চৌধুরী একথা বলেন।

বদরুদ্দোজা বলেছেন, “দেশে সঙ্কটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একমাত্র পথ হচ্ছে আলাপ আলোচনা মাধ্যমে পরিস্থিতির উন্নতি করা। এজন্য অবশ্যই সংলাপে বসতেই হবে।”

প্রধানমন্ত্রীর উদ্দেশে বদরুদ্দোজা চৌধুরী বলেন, “আলোচনায়ও আপনাকে বসতে হবে। আজ দেশবাসীর প্রয়োজন চিন্তা করে আলোচনা না বসে বিদেশীদের চাপে সেটি করলে জাতি লজ্জিত হবে।”

সাবেক এই রাষ্টপতি  বলেন, “আমি এখন দেশে শান্তির জন্য আহবান জানাচ্ছি বলে সরকারের রোষানলে। কিন্তু সেদিন বিএনপি ছেড়েছিলাম বলে আওয়ামী অনেক খুশি হয়েছিল, ভালোও বলেছিল, ধন্যবাদ দিয়েছিল।”

দেশের গৃহযুদ্ধের মতো পরিস্থিতি বিরাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী, সাবেক পরররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

আবার পেছাল এসএসসি পরীক্ষা

s s cশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, “৮ ফেব্রুয়ারি রোববারের এসএসসি পরীক্ষা (ইংরেজি প্রথম আবশ্যিক) ১৩ ফেব্রুয়ারি শুক্রবার এবং ১০ ফেব্রুয়ারি মঙ্গলবারের পরিবর্তে ১৪ তারিখ শনিবার (ইংরেজি দ্বিতীয় পত্র আবশ্যিক) অনুষ্ঠিত হবে।

শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির প্রতি ইঙ্গিত করে নাহিদ বলেন, “আমরা আশা করছিলাম তাদের মনে চেতনা জাগ্রত হবে, বোধ জাগ্রত হবে যাতে তারা বাচ্চাদের পরীক্ষার মধ্যে হরতাল দেবে না। এটা একাটা নিষ্ঠুর কাজ। কিন্তু তারা তা মানেনি।”
তিনি বলেন, “পেট্রলবোমায় যাদের মৃত্যু হচ্ছে তাদের কী করুণ পরিস্থিতি সুষ্টি হয়েছে।”
নাহিদ বলেন, “কোনো দল হিসেবে নয়, জাতি হিসেবে বলছি নতুন প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করবেন না। আমাতের ছেলেমেয়েদের ক্ষতি করবেন না। জাতির অগ্রগতির জন্য অন্তত বাচ্চাদের পরীক্ষার সুযোগ দিন। দয়া করে বাচ্চাদের সুযোগ দিন।” আমরা আাবেদন করছিলাম কিন্তু তারা শোনেনি বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, “হরতালের মধ্যে পরীক্ষা আমরা নেব কি না সেটাই হলো বিষয়। আমাদের ছেলে-মেয়েদের এমন এক হিংস্রতার মধ্যে ঠেলে দিতে পারি না আমরা।”
নাহিদ বলেন, “দয়া করে পরীক্ষার আগে দুই ঘণ্টা এবং পরে দুই ঘণ্টা আমাদের ছাড় দিন। এতটুকু আমরা সর্বশেষ দাবি জানাচ্ছি।”

রাষ্ট্রপতিকে সংলাপের উদ্যোগ নিতে হবে

bodiulসুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, সংলাপ হতে হবে। সংলাপের পরিবেশ নেই। রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকেই এগিয়ে আসতে হবে। রাষ্ট্রপতির সুপরিয়র রেসপন্সিবিলিটি আছে। শুধু দুই দলের সঙ্গে নয় বৃহত্তর পরিসরে সংলাপের আয়োজন করতে হবে।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ঐক্য প্রক্রিয়া আয়োজিত ‘জাতীয় সংকট নিরসনে জাতীয় সংলাপ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ সব কথা বলেন।

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, উসকানিমূলক বক্তব্য সমস্যা আরও বাড়াবে। সমস্যার গভীরে যেতে হবে। রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। গত ৫ জানুয়ারি আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছি। এই বঞ্চিত হওয়ার জন্য এই দুই দলই দায়ী। আমরা নষ্ট রাজনীতির শিকার হচ্ছি।

তিনি বলেন, ৩টি বিষয়ে আমাদের ঐক্যমত হতে হবে। নির্বাচনকালীন সরকার কী ধরণের হবে? নির্বাচনকালীন আইন-কানুন-বিধি-বিধান ঢেলে সাজাতে হবে। নির্বাচনের মাধ্যমেই যারা আসুক তাদের কতগুলো সংস্কার করতে হবে। নতুন সামাজিক চুক্তি গড়ে তুলতে হবে। জাতীয় সনদ তৈরি করে সবাইকে স্বাক্ষর করতে হবে। রাষ্ট্রপতি উদ্যোগ নেবেন, এই সমস্যার স্থায়ী সমাধানের পথ বের হবে।

বদিউল আলম মজুমদার, আমার মনে হয় মৃত্যুর মিছিল চলছে। আজ সকালেও বরিশালে পেট্রোলবোমা কয়েকজন মারা গেছে। যারা এগুলো করছে তারা এরা নিঃসন্দেহে অপরাধী। আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের খুঁজে বের করে শাস্তি প্রদান করতে হবে। অপরদিকে যুদ্ধের দামামা বাজিয়ে সমস্যার সমাধান করা যবে না। সহিংসতা দমন করতে যে সহিংস ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা কখনো সমাধান হবে না।

তিনি আরও বলেন, আমাদের সমস্যা চিহ্নিত করতে হবে। বর্তমান সংকটের পেছনে রয়েছে রাজনৈতিক সমস্যা। এটা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। এটা সহিংসভাবে সমাধান হবে না। এক্ষেত্রে আমাদের অভিভাবক রাষ্ট্রপতিকে এগিয়ে আসতে হবে। তার হাতে সুপিরিয়র রেসপনসিবিলিটি আছে। এটার প্রয়োগ করে স্থায়ী সমাধানের দিকে যেতে হবে।

সুজন সম্পাদক বলেন, ঐক্যমতের ভিত্তিতে একটি সংলাপ আহ্বান করা দরকার। এ সংলাপের বিষয় হবে নির্বাচনকালীন কি ধরণের সরকার হবে। আমি তত্ত্বাবধায়ক সরকার বলছি না। এটা হবে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনকালীন সরকার, যেটা সবার কাছে গ্রহণযোগ্য হয়।

এরপর নির্বাচনকালীন সরকারের জন্য আইনকানুনের কিছু পরিবর্তন আনতে হবে। এছাড়া, নির্বাচনের পরে যারাই ক্ষমতায় আসবে তাদেরকে কিছু বিষয়ে সংস্কার করতে হবে। সংবিধানের যেখানে অসংগতি আছে সেখানে পরিবর্তন করতে হবে।

ড. শাহদীন মালিকের সঞ্চালনায় গোলটেবিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, প্রযুক্তিবিদ হাবিবুল্লাহ করিম, সাংবাদিক আবু সাঈদ খান প্রমুখ।

সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র গ্রেফতার

helalসিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক টিআরএম নুর-ই-আলম হেলালকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ওসি নাসির উদ্দিন।
তিনি জানান, জেলার বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনার অভিযোগে শহরের ফজলুল হক রোডের এলএসডি গোডাউনের পাশ থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ দিকে জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মালশাপাড়ার বাসিন্দা নুরুল ইসলাম নুরালকে শুক্রবার রাতে আটক করেছে সদর থানা পুলিশ।

আইএস জঙ্গিদের সঙ্গে বিএনপি-জামায়াতের পার্থক্য নেই: হানিফ

hanif14ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সঙ্গে বিএনপি জামায়াতের কোনো ‘পার্থক্য নেই’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

 

শনিবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, ‘আইএস জঙ্গিরা যেভাবে মানুষ পুড়িয়ে মারছে, তারাও [বিএনপি-জামায়াত] একই কাজ করছে। তারা তালেবান স্টাইলে এদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। কিন্তু খালেদা জিয়ার সে স্বপ্ন পূরণ হবে না।’
বিএনপি-জামায়াত দেশে যা করছে, তা নিছক ‘সন্ত্রাসী কার্যকলাপ’- একথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিদেশি রাষ্ট্র সন্ত্রাসী কার্যকলাপ রুখতে যা যা করে, বর্তমান সরকারও তাই করবে। আইন প্রণয়নের মাধ্যমে সন্ত্রাসীদের রুখে দেয়া হবে। দেশের সাধারণ জনগণ সন্ত্রাসীদের রুখতে প্রশাসনকে সহযোগিতা করছে।’
শিগগিরই বিএনপি-জামায়াতের এই ‘সন্ত্রাস’ দূর হবে বলেও এসময় দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এমপি, ড. আব্দুর রাজ্জাক এমপি, এস এম কামাল হোসেন, মীর মোস্তাক আহমেদ রবি এমপি, স ম জগলুল হায়দার এমপি, অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি, মিসেস রিফাত আমিন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুর ইসলাম, জেলা পরিষদ প্রশাসক মনসুর আহমেদ প্রমুখ।
কাউন্সিল শেষে বিকেলে দ্বিতীয় অধিবেশনে জেলা শিল্পকলা একাডেমিতে কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০৪ জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নেতা নির্বাচন করবেন।
উল্লেখ্য, দীর্ঘ দশ বছর পর শনিবার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক কাউন্সিল অনুষ্ঠিত হলো। এর আগে ২০০৫ সালের ৮ এপ্রিল সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

শুভর শুভবিবাহ

shuvoআরিফিন শুভর শুভবিবাহ সম্পন্ন হয়েছে। ৬ ফেব্রুয়ারি কলকাতার টালিগঞ্জে কণের বাবার বাসায় এক ঘরোয়া অনুষ্ঠানে তাদের বিয়ে রেজিস্ট্রির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ঢাকায় আগামী ১৬ ফেব্রুয়ারি তার বিয়ের বাকি অনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন শুভ।

বিয়ের পরপরই শুভ কলকাতা থেকে একটি জাতীয় দৈনিককে জানান, “নতুন জীবনের জন্য যাত্রা শুরু করলাম। সবাই আমার ও অর্পিতার জন্য দোয়া করবেন। আমরা যেন সবাইকে নিয়ে সুখে শান্তিতে পথ চলতে পারি, সেই দোয়াটুকু সবার কাছে কামনা করি।”

কলকাতার মেয়ে অর্পিতা একজন ফ্যাশন ডিজাইনার। ঢাকায় আছেন আট বছর। এখানে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করছেন। অর্পিতার সঙ্গে শুভর পরিচয় হয়েছে বছর খানেক হলো।

শুভ বলেন, “সম্পর্কটা ছিল শুধুই বন্ধুত্ব। এবার পারিবারিকভাবে আমাদের বিয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

রাজধানীর বাইরের পরিস্থিতি মারাত্মক: অর্থমন্ত্রী

muhitঅর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, “হরতাল-অবরোধের ফলে ঢাকায় হয়তো কিছু বোঝা যায় না, কিন্তু রাজধানীর বাইরের জেলাগুলোতে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে।”

শনিবার অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশের আর্থসামাজিক অগ্রযাত্রা এবং সামষ্টিক অর্থনীতির সাম্প্রতিক অবস্থান’ বিষয়ক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশ কি এ অবস্থার মধ্য দিয়েই যাবে? এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “বাংলাদেশ অদ্ভুত দেশ, চাইলেই হরতাল-অবরোধ হয়। তবে এর মধ্যেও মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির হার (জিডিপি) ৬ শতাংশের ওপর থাকছে।”

দেশের সাম্প্রতিক পরিস্থিতির উত্তরণ কবে হবে, জিজ্ঞেস করলে অর্থমন্ত্রী বলেন, “নো বডি নোউজ।’ তিনি সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেন, ‘আপনারা বলতে পারবেন? গত জানুয়ারিতে আমি আশা করেছিলাম, এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এমন আশা তো আমি করতেই পারি।”

অতিরিক্ত পুলিশ, বিজিবি মোতায়েন করে দেশ সচল রাখতে গিয়ে অতিরিক্ত খরচ হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “অবশ্যই অতিরিক্ত বরাদ্দ দিতে হচ্ছে। তবে কী পরিমাণ অতিরিক্ত বরাদ্দ দেওয়া হচ্ছে, তা এখনই বলব না।”

দেশবাসীর প্রতি আপনার আহ্বান কী? এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “এ আন্দোলন যারা করছে, তারা বাংলাদেশের শত্রু। আমি সচেতন ব্যক্তিদের (সেনসিটিভ পারসন) এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাই।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অর্থ সচিব মাহবুব আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান ও অথনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মেজবাহউদ্দিন আহমেদ।

ঢাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ছাত্রদলের

du satrodol‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান নিশ্চিত না করা এবং সহ-অবস্থান নিশ্চিত না করতে পারায় ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকে’র পদত্যাগের দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।

শনিবার দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি।

বিবৃবিতে নেতারা বলেন, ঢাকা বিশ্বিদ্যালয়ে সহাবস্থান এখন নির্বাসিত। এ সমস্যা সমাধানের জন্য আলটিমেটাম দিলেও তার কোনো সুফল সরকারী ছাত্র সংগঠন ব্যাতীত অন্য কেউ পায়নি। এর অন্যতম কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একজন দলকানা ভিসির তত্ত্বাধানে পরিচালিত হচ্ছে।

ছাত্রলীগের আজ্ঞাবহ এবং ছাত্রলীগের অপকর্মের দোসর বিশ্ববিদ্যালয়ের ভিসিএখন ছাত্রলীগকে রক্ষায় মরিয়া হয়ে উঠেছেন। তিনি সাধারণ শিক্ষার্থীদের অভিভাবকত্ব না করে ছাত্রলীগের অভিভাবক হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন চালাচ্ছেন।

তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক দশকের ইতিহ্য হলো এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ বা সংগঠনের কোনো ছাত্র আহত হয়ে হাসপাতালে গেলে বিশ্ববিদ্যালয় ভিসি বা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে দেখতে যায় এবং সান্ত্বনা দেয়। কিন্তু আওয়ামী অন্তপ্রাণ বর্তমান এই ভিসি ছাত্রলীগ ব্যাতীত অন্য কাউকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রই মনে করে না। তাই তাদেরকে দেখতে যাওয়ারও প্রয়োজন বোধ করেন না।

আমরা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারক লিপি দিয়েছি ও আহবান জানিয়েছি আমাদের শত শত শিক্ষার্থীর হলে অবস্থান এবং রা্জনৈতিক সহাবস্থান নিশ্চিত করার জন্য। কিন্তু সরকারের এজেন্ডায় এবং ভিন্নমত দমনের অভিপ্রায়ে বিশ্ববিদ্যালয়ের এই ভিসি আমাদের কোন দাবি আমলে নেননি। তাই নেতৃদ্বয় অবিলম্বে দলকানা এবং ছাত্রলীগের দোসর ভিসি পদত্যাগ দাবি করেন।

তারা বলেন, এই ভিসি যতদিন পর্যন্ত পদত্যাগ না করবে ততদিন পর্যন্ত আমাদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে না।

তারা আরো বলেন, এখন আমাদের কাছে স্পষ্টভাবে প্রতিয়মান হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে প্রধান অন্তরায় সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী এই ভিসি। আমরা মনে করি এই ভিসি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না তাই এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে উনার অপ্রতুল জ্ঞানের কারণে উনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবেগ অনুভূতি ঠিকভাবে অনুধাবন করতে পারছেন না।

নেতৃদ্বয় বলেন, আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। ছাত্রলীগের অব্যহত সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরন ও খুনের ঘটনায় শিক্ষাঙ্গনসহ সরা দেশ এখন মৃত্যুপুরী। বিগত আওয়ামী সরকারের পাঁচ বছর ও ৫ জানুয়ারির তামাশার নির্বাচনে গঠিত অবৈধ সরকারের এক বছরে নিজেদের অভ্যন্তরীন কোন্দলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই খুন হয়েছে প্রায় ৫০ জনের অধিক মেধাবী ছাত্র।

শুধু তাই নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিচ্ছিন্ন ছাত্রলীগ সাধারণ ছাত্রদেরকে তাদের দলীয় কর্মসূচিতে যেতে চাপ প্রয়োগ করছে। সত্য প্রকাশের কারণে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর চড়াও হচ্ছে। শিক্ষক নিয়োগে মেধাহীন ছাত্রলীগের ক্যাডারদেরকে নিয়োগ দিচ্ছে প্রশাসন।

নেতৃদ্বয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সকল অন্যায় ও প্রতিবাদের কেন্দ্রস্থল। ১৯৫২ থেকে ১৯৯০ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনের সূত্রপাত হয়েছিল এই বিশ্ববিদ্যালয় থেকে। তাই আমরা  যারা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থী তারা কেমন করে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ে অন্যায়, অবিচার আর অগণতান্ত্রিক পরিবেশ মেনে নিতে পারি।

দেশের মানুষ যেখানে আমাদের কাছ থেকে ন্যায়, নিষ্ঠা আর সহমর্মিতা আশা করে সেখানে কিভাবে আমরা একটি জঙ্গি ছাত্র সংগঠনের কাছে জিম্মি হয়ে যেতে পারি। ছাত্রলীগ আজ অবৈধ সরকারকে রক্ষায় মরিয়া হয়ে পেট্রোল বোমা আর ধ্বংসের খেলায় মেতে উঠেছে। তাই নেতৃদ্বয় সবার প্রিয় বিদ্যাপীঠকে এখনই রক্ষায় সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং ঘোষিত ধর্মঘটে একাত্মতা প্রকাশের অনুরোধ করেন।

তারা বলেন, কিন্তু এই নৈরাজ্য আর চলতে দেয়া যায় না।এখন সময় এসেছে অন্যায়ের প্রতিবাদ করার। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় কারো পৈতৃক সম্পতি নয়। এখানে অধিকার রয়েছে সকল মতের ছাত্রদের সমান সুযোগ সুবিধা ভোগ করার। তাই যতদিন পর্যন্ত সকল সাধারণ ছাত্র-ছাত্রীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের ছাত্র ধর্মঘট চলবে।

গণতন্ত্র উদ্ধারের নামে যে আন্দোলন, তা অসাড়: মিজান

mizanur27জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, “আমরা সাধারণত সরকারের দিক থেকে মানবাধিকার নিয়ে শঙ্কিত থাকি, কিন্তু এখন যা ঘটছে, তা ভিন্ন। অগণতান্ত্রিক পন্থায় গণতন্ত্র অর্জন সম্ভব নয়। গণতন্ত্র উদ্ধারের নামে যে আন্দোলন চলছে, তা অসাড়।”

শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সংঘাত নয় সমঝোতা, সহিংসতা নয় শান্তি’ শীর্ষক একটি সেমিনারে তিনি এ কথা বলেন।

মিজানুর রহমান বলেন, “রাষ্ট্রীয় কাঠামোতে আঘাতকারী সন্ত্রাসীদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না, তবে নির্বাচনব্যবস্থার সমস্যা সমাধানে আলোচনা হতে পারে।”

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, “নিরাপত্তার জন্য আপনাদের বুলেটপ্রুফ গাড়ি আছে। গরিব মানুষ সিএনজি অটোরিকশায় চলাচলের নিরাপত্তা চায়। আমার চলার স্বাধীনতার জন্য লাইসেন্সের প্রয়োজন নেই। এটা আমার অধিকার।”

মিজান বলেন, “এটি রাজনীতি নয়, সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ। এ ক্ষেত্রে রাষ্ট্র তার কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারেনি।”

সেমিনারের আয়োজক ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রাইটস অরগানাইজেশন।