শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

জয় দিয়ে শেষ হলো অস্ট্রেলিয়ার প্রস্তুতি পর্ব

austiriবিশ্বকাপের টপ ফেবারিট দল অস্ট্রেলিয়া। প্রস্তুতি ম্যাচেও যারা ছাপ রেখেছে স্বাগতিকরা। প্রথম প্রস্তুতি ম্যাচে ভারতকে ১০৬ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। বুধবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল আরব আমিরাতের বিরুদ্ধে ১৮৮ রানে জয় পেয়েছে মাইকেল ক্লার্কের দল।তাই টানা দুই জয়ে প্রস্তুতি পর্ব শেষ করে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে স্বাগতিকরা।

মেলবোর্নে টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ৩০৪ রান করে। ওপেনার হয়ে খেলতে নেমে ক্লার্ক ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করেছেন। ফিঞ্চ ৬১, স্মিথ ৫৯, বেইলি ৪৬ ও ওয়াটসন ৩৪ রান করেন। আরব আমিরাতের পক্ষে কৃষ্ণ চন্দ্র, নাসির আজিজ ৩টি করে উইকেট নেন।

জবাবে ৩০.১ ওভার ব্যাট করে ১১৬ রানে অলআউট হয় আইসিসি দেশ আরব আমিরাত।দলের পক্ষে স্বপ্নীল পাতিল ৩১, আমজাদ আলী ২১, সাইমন আনোয়ার ১৯ রান করেন। অস্ট্রেলিয়ার হ্যাজেলউড, কামিন্স, দোহার্টি ২টি করে উইকেট নেন।

বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত

s s cহরতালের কারণে বৃহস্পতিবারের এসএসসি ও সমমানের নয়টি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি জানান, এ পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে।

হরতালের কারণে এ নিয়ে পাঁচ দিনে মোট ৩৭টি বিষয়ের পরীক্ষা পেছানো হলো।

ডিএমপির পুরস্কার পেলেন ছাত্রলীগের তিন নেতা

dmp satroligঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া দাবি করেছেন, অবরোধ-হরতালে নাশকতার কারণে যে ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতি প্রত্যাশার চেয়েও বেশি উন্নতি হয়েছে।
বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির তথ্যকেন্দ্রে এক অনুষ্ঠানে এ দাবি করেন আছাদুজ্জামান মিয়া। নাশকতাকারীদের ধরিয়ে দিতে সহায়তাকারী ব্যক্তিদের পুরস্কার দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার পাওয়া চারজনের মধ্যে তিনজনই ছাত্রলীগের নেতা।

ডিএমপির পক্ষ থেকে দেওয়া এই পুরস্কার পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াজ আল রিয়াদ, জহুরুল হক হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল নাহিয়ান খান, এ এফ রহমান হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন ও রিকশাচালক মোজাম্মেল হোসেন।

এই চারজনকে ২৫ হাজার থেকে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে। তবে কাকে কী পরিমাণ টাকা পুরস্কার দেওয়া হয়েছে, তা জানানো হয়নি।

ডিএমপির দেওয়া পুরস্কারের বাইরে এক ব্যক্তি নিজ উদ্যোগে রিকশাচালক মোজাম্মেলকে ৫০ হাজার টাকা দিয়েছেন।

অনুষ্ঠানে ডিএমপির কমিশনার দাবি করেন, ৫ জানুয়ারি থেকে অবরোধ ও হরতালে যে নাশকতা চালানো হয়েছিল, তা আগের চেয়ে কমে এসেছে।

আছাদুজ্জামান জানান, অবরোধের শুরু থেকে এ পর্যন্ত রাজধানীতে ১১টি যানবাহন ভাঙচুর ও ১৬৮টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সহিংসতায় ৪৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। দুজন পুলিশ ও এক আনসার সদস্য নিহত হয়েছেন।

ডিএমপির কমিশনারের ভাষ্য, রাজধানীতে ককটেল-পেট্রলবোমা ছোড়ার সময় হাতেনাতে ধরা পড়েছে ১৮৬ জন। এর মধ্যে ১০২ জন বিএনপির ও ৮৪ জন জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।

ঢাকা মহানগর পুলিশের এই শীর্ষ কর্মকর্তার ভাষ্য, অভিযান চালিয়ে এখন পর্যন্ত এক হাজার ১০ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালত ৩০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।

ফর্মহীন কোহলির জন্য জ্যোতিষী!

koheliবিরাট কোহলির অভিশপ্ত ব্যাটিং ফর্ম অব্যাহত থাকল! আফগানিস্তান বোলিং এবং পয়া অ্যাডিলেড ওভালের কম্বিনেশনও তাকে স্বমহিমায় ফিরিয়ে দিতে ব্যর্থ। কোহলি আউট হয়ে গেলেন মাত্র ৫ রান করে। ক্রিজে ছিলেন নয় মিনিট। তার মধ্যেই একাধিক বার আউট হওয়ার উপক্রম করছিলেন। কোহলির শরীরীভাষা দেখে বেশ বোঝা যাচ্ছে রোগটা যত না ক্রিকেটীয় তার চেয়ে অনেক বেশি মানসিক। সমস্যার সমাধানও তাই শুধু নেটে পড়ে থাকা উচিত নয়।

দু’মাস আগে এই মাঠেই তার জোড়া সেঞ্চুরিতে মুগ্ধ ক্রিকেটবিশ্ব কোহলিকে শচিনের যোগ্য উত্তরাধিকার বলছিল। অ্যাডিলেড ওভালে বসে সেই ইনিংস দেখে মোহিত হয়ে গিয়েছিলেন নিল হার্ভির মতো ঠোঁটকাটা বিশেষজ্ঞ। ক্রিকেটের চিরাচরিত বৈশিষ্ট্য হলো, ব্যাটসম্যান অফ ফর্মে থাকলে সব সময় সেই সুড়ঙ্গ থেকে বার হওয়ার জন্য তার ফেভারিট ভেন্যুতে ফিরে যেতে চায়। অ্যাডিলেড হলো ভারতীয় সহ অধিনায়কের সেই ভেন্যু।

অথচ ত্রিদেশীয় সিরিজ মাত্র ৮ রানের গড়-সহ শেষ করার পর প্রিয় মাঠে জোড়া প্রস্তুতি ম্যাচেই ব্যর্থ কোহলি! আগের দিন ১৮ করার পর আজ ৫। টম মুডি-মার্ক টেলরদের মতো অনেকেই বিশ্বকাপে ভারতের একমাত্র আশা হিসেবে কোহলিকে দেখছিলেন। তার এমন ফর্ম চললে ভারতের সম্ভাবনা পাশের টেরেন্স নদীর তলদেশে খুঁজে পাওয়া উচিত।

সংখ্যাতত্ত্ববিদ সঞ্জয় জুমানি অবশ্য মনে করেন সমাধান কোহলির সামনেই পড়ে রয়েছে। সেটা পাকিস্তান ম্যাচের আগেই সম্ভব। শুধু কোহলিকে ফর্মে ফিরতে হলে জার্সি নম্বর বদলাতে হবে। আফগান ম্যাচে কোহলি আউট হয়ে যাওয়ার পর মুম্বই থেকে ফোনে জুমানি বললেন, “ওর পক্ষে ১৮ নম্বরটা ভুল নির্বাচন। ১ হল রবি। আর ৮ মানে শনি। এদের কম্বিনেশন কখনও ভালো নয়। শ্রীনগর, শ্রীলঙ্কা এগুলো সংখ্যাতত্ত্বের বিচারে যোগ করলে ১৮ হয়। মানে ধ্বংসাত্মক কিছু যেকোনো সময় ঘটতে পারে।”

ধোনির ভারতীয় দলের কেউ কেউ জুমানির পরামর্শ নিয়ে জার্সি নম্বর বদলেছেন। বদলে সেই নতুন জার্সিতে বিশ্বকাপ খেলছেন। অতীতে কেকেআর তার পরামর্শে কালো জার্সি থেকে এখনকার বেগুনি রংয়ে চলে যায়। তা কোহলির জন্য তার প্রেসক্রিপশন হল ২৭ নম্বর জার্সি। “ওর বয়স এখন সাতাশ চলছে। বৃশ্চিক রাশি। ২৭ হলো মুন আর নেপচুন মিলে। ওর জন্য দারুণ ভাগ্য বয়ে আনবে,” দাবি করছেন জুমানি।

কোহলির টিমমেটরা জুমানির কাছে নিয়মিত গেলেও তিনি কখনও ও দিক মাড়াননি। জ্যোতিষ বা সংখ্যাতত্ত্ব গণনায় তিনি বিশ্বাসী নন। কোহলির বিশ্বাস পুরুষকার আর বীরবধে। ভারতীয় দলের সঙ্গে যুক্ত কেউ কেউ বলছিলেন, কাছ থেকে দেখে একবারও মনে হচ্ছে না ফর্ম হারিয়ে খুব মুষড়ে পড়েছেন বলে।

এবার দেখার আগামী রোববারের মহাসংঘর্ষের দিনও ১৮ নম্বর জার্সি পরেই কোহলি-রাজ সাম্রাজ্য ফিরে পান কি না?

হাজির না হলে খোকার নামে পত্রিকায় বিজ্ঞপ্তি

khokafনির্বাচন কমিশন সচিবালয়ের গেটে বোমা বিস্ফোরণ মামলায় আদালতে হাজির হতে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ তিনজনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি আগামী ২৯ মার্চ আদালতে দাখিলেরও নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইমরুল কায়েস এ নির্দেশ দেন।

আদালত আগামী ২৯ মার্চের মধ্যে খোকাসহ তিন আসামিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়ে আদালত বলেন, “এর মধ্যে আসামিরা আত্মসমর্পণ না করলে আদালত মনে করবে তারা ইচ্ছাকৃতভাবে বিচারকাজ এড়িয়ে যেতে পালিয়ে আছেন।” তাই তাদের অনুপস্হিতিতে বিচারকাজ চলবে বলে আদেশ দেন আদালত।

এ মামলায় খোকাসহ তিনজন মামলার শুরু থেকেই পলাতক। অন্য যে দুই আসামি পলাতক, তারা হলেন তরিকুল ইসলাম ঝন্টু ও শাহজালাল।

এর আগে গত বছরের ২১ অক্টোবর মামলার ২৩ আসামির মধ্যে খোকাসহ ৯ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন একই আদালত।

পলাতক ৯ আসামি হলেন, সাদেক হোসেন খোকা, তরিকুল ইসলাম ঝন্টু, শাহজালাল, হযরত আলী, মামুনুর রশীদ, রাকিব হাওলাদার, আফতাব হোসেন, আব্দুল কাইয়ুম ও আব্দুল আলীম।

মোয়াজ্জেম হোসেন আলাল ও সাইফুল ইসলাম নীরবসহ চার আসামির পক্ষে সময়ের আবেদন করা হয়। ১০ আসামি আদালতে হাজির ছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ২৭ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ের গেটে নির্বাচন বানচালের লক্ষ্যে আসামিরা পরস্পর যোগসাজশে বোমা হামলা ঘটায়।

এ ঘটনায় শেরেবাংলানগর থানার এস আই রাজু আহমেদ বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ ২৫ জনের নামে মামলা করেন।

গত বছরের ৭ এপ্রিল এসআই মশিউর রহমান সাদেক হোসেন খোকা, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নিরবসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দেন।

শাহজালালে ২ কেজি স্বর্ণসহ ২ জন আটক

goldহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি ১৫০ গ্রাম স্বর্ণসহ দুই জনকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ। বুধবার সকাল ৯ টার দিকে কুয়ালালামপুর থেকে আসা বাংলাদেশ বিমানের দুই যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। উদ্ধার হওয়া স্বর্ণের দাম এক কোটি টাকার বেশি হবে বলে জানা গেছে।

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারি কমিশনার রিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৯ টার দিকে কুয়ালালামপুর থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে বিমানবন্দরে নামেন ওই দুই যাত্রী। তাদের গতিবিধি সন্দেহ হলে তল্লাশি করা হয়। এসময় তাদের কাছে দুই কেজি ১৫০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। স্বর্ণের বারগুলো কেটে ছোট ছোট করা ছিলো। এসবের মধ্যে কিছু গহনাও পাওয়া গেছে। রাইস কুকারের ভেতরে স্বর্ণগুলো টিস্যু দিয়ে পেচানো অবস্থায় ছিলো। উদ্ধার হওয়া স্বর্ণের বর্তমান বাজার দাম এক কোটি টাকার বেশি হবে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি।

অনুসন্ধানী সাংবাদিকতায় ফেলোশিপ দেবে টিআইবি

tib13দুর্নীতি বিষয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে পাঁচটি বিষয়ে ফেলোশিপ দেয়ার লক্ষ্যে সাংবাদিকদের কাছ থেকে প্রস্তাবনা আহ্বান করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।  বুধবার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চূড়ান্তভাবে নির্বাচিত এক বা একাধিক ফেলোকে সম্মানী হিসেবে মোট এক লাখ টাকা ও সনদ দেয়া হবে। আগামী ২৮ মার্চের মধ্যে প্রস্তাবনা জমা দিতে হবে।

এ বছরের ফেলোশিপের প্রস্তাবনা পাঁচটি বিষয়ের জন্য প্রযোজ্য হবে। সেগুলো হলো-শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, ভূমি ও জলবায়ু অর্থায়নে সুশাসন।

২০১৫ সালে যে দু’টি শ্রেণীতে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ফেলোশিপ প্রদান করা হবে-

জাতীয় প্রিন্ট মিডিয়া ফেলোশিপ: রাজধানী ঢাকা থেকে প্রকাশিত যে কোনো বাংলা ও ইংরেজি দৈনিক সংবাদপত্রে কর্মরত সাংবাদিক।

ইলেক্ট্রনিক মিডিয়া ফেলোশিপ: বিটিভি ও দেশীয় মালিকানাধীন বেসরকারি টিভি চ্যানেলসমূহ, রেডিও এবং অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক।

প্রার্থীর যোগ্যতা
দৈনিক সংবাদপত্র, টেলিভিশন, রেডিও এবং অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক। সংবাদ মাধ্যমে কোনো বিরতি ছাড়া ন্যূনতম ৩ বছরের পূর্ণকালীন কর্ম অভিজ্ঞতা। অনুসন্ধানী সাংবাদিকতায় রিপোর্ট প্রণয়নের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৪০ বছর।

আবেদনের নিয়মাবলী
দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তসহ আবেদন করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে সর্বোচ্চ এক হাজার শব্দের মধ্যে একটি অনুসন্ধানী প্রতিবেদনের প্রস্তাবনা ও পরিকল্পনা জমা দিতে হবে। এতে প্রতিবেদনের যৌক্তিকতা, লক্ষ্যসমূহ এবং পরিসীমা, পদ্ধতি, মাঠ-কর্মকা-েরর পরিকল্পনা এবং সময়সূচি, ফেলোশিপ কর্মসূচির প্রত্যাশিত ফল এবং সম্ভাব্য বাজেট বিষয়ের উল্লেখ থাকতে হবে। আবেদনপত্রের সঙ্গে আবেদনকারী কর্তৃক প্রণীত ও প্রকাশিত/প্রচারিত একটি অনুসন্ধানী প্রতিবেদন জমা দিতে হবে। ডাকযোগে ও ই-মেইলের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর কর্মপ্রতিষ্ঠানের সম্পাদক/নির্বাহী প্রধানের স্বাক্ষরিত অভিজ্ঞতার সনদ ও ফেলোশিপে অংশগ্রহণের অনুমতিপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে কাঙ্খিত তিনজন পরামর্শকের/মেনটরের নাম প্রস্তাব করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

প্রতিটি ফেলোশিপের সময়কাল সর্বোচ্চ তিন মাস। প্রার্থীর দেয়া প্রস্তাবনা পত্র ও টিআইবি কর্তৃপক্ষের মূল্যায়নের ভিত্তিতে ফেলোশিপের প্রকৃত সময় নির্ধারণ করা হবে। টিআইবি ট্রাস্টিবোর্ড কর্তৃক মনোনীত জুরি বোর্ড প্রার্থী প্রদত্ত সকল তথ্য এবং প্রস্তাবনা ও পরিকল্পনা মূল্যায়ন এবং সাক্ষাৎকারের ভিত্তিতে ফেলো নির্বাচন করবেন।

দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে  টিআইবির ওয়েবসাইট (িি.িঃর-নধহমষধফবংয.ড়ৎম) দেখা যেতে পারে।

দেশে কোনো সাংবিধানিক ও রাজনৈতিক সংকট নেই: ইনু

enu uদেশে কোনো সাংবিধানিক ও রাজনৈতিক সংকট নেই বলে জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আইন-শৃঙ্খলার যে সংকট আছে, সেটা অবশ্যই কঠোর হাতে দমন করা হবে। বিএনপির আন্দোলনে মাঠে কোনো নেতাকর্মী নেই। তাই তারা সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। এটাকে আইনের আওতায় দমন করা হবে।

বুধবার সকালে সিঙ্গাপুর যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল সোয়া ৮টায় এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী একথা বলেন।

সন্ত্রাস ও নাশকতা বন্ধ হলে সংলাপ হতে পারে জানিয়ে ইনু বলেন, সংলাপ হতে পারে তবে তার আগে আগুন-সন্ত্রাস ও জঙ্গিবাদ বন্ধ করতে হবে।

বিশিষ্ট নাগরিকদের উদ্যোগে সংলাপের আহ্বান জানানোর বিষয়ে ইনু বলেন, তাদের চিঠিতে কিন্তু চলমান আগুন-সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কিছুই বলেননি। আগুন- সন্ত্রাস বন্ধের জন্য তারা আগে খালেদা জিয়ার কাছে ধর্ণা দিক।

ঝালকাঠিতে আ.লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

fire31ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মগড় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের আমিরাবাদবাজার এলাকায় গতরাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, টিনসেডে তৈরি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরটি সম্পূর্ণ ভষ্মিভুত হয়। এতে ভেতরে থাকা একটি টিভিসেট, কয়েকটি চেয়ার-টেবিল, কাগজপত্র ও একটি বৈদ্যুতিক পাখা পুড়ে যায়। তবে ওই সময় ভেতরে কেউ ছিল না।

নলছিটি থানার এসআই আনোয়ার হোসেন জানান, এ কার্যালয়ে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বসত। কারা অগ্নিসংযোগ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) এসএম মাকসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সারাদেশে ২০ দলীয় জোটের চতুর্থ দিনের হরতাল চলছে

hortal30বিক্ষিপ্ত মিছিল-পিকেটিং ও বিস্ফোরণ-অগ্নিসংযোগের মধ্য দিয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি টানা চতুর্থ দিনের হরতাল চলছে। এর আগে রবিবার থেকে ৭২ ঘন্টার তিনদিনের হরতাল পালনের ঘোষণা দেয় বিএনপি জোট। তবে তা শেষ হওয়ার আগেই মঙ্গলবার আরো ৪৮ ঘন্টার হরতালের ডাক দেয়া হয়। ঘোষিত এ হরতাল শেষ হবে শুক্রবার ভোর ৬টায়।

হরতালের সমর্থনে সকালে রাজধানীর বিভিন্নস্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

হরতাল-অবরোধকে ঘিরে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন রয়েছে র‌্যাব, পুলিশ ও বিজিবি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যৌথ টহল টিম নামানো হয়েছে। দেশের অন্যান্য নগর মহানগর ও গুরুত্বপূর্ণ জেলাগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। হরতাল-অবরোধের সমর্থনে মিছিল-পিকেটিং ঠেকাতে সর্বত্র আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক তৎপরতা চোখে পড়ার মতো।

বুধবার সকালে হরতালে রাজধানীতে সীমিত সংখ্যক গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। তবে প্রশাসনের সাথে বৈঠকে ঢাকা পরিবহণ মালিক সমিতির গাড়ি চালানোর সিদ্ধান্তে বেলা বাড়ার সাথে সাথে যানবাহন চলাচল কিছুটা বাড়লেও পরিবহনলোতে যাত্রী সংখ্যা ছিল খুবই কম। ব্যক্তিগত গাড়ি চলাচলও কম।

ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী কম থাকায় নির্ধারিত সময়ের পর সেগুলো ছাড়ছে। তবে গাবতলি, সায়েদাবাদ ও মহাখালী থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। একইভাবে দূরপাল্লার কোন যান ঢাকায় প্রবেশ করেনি।

এদিকে দেশের বিভিন্ন জেলায়ও চলছে শান্তিপূর্ণ হরতাল। আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক প্রহরার মধ্যেও হরতাল-অবরোধের সমর্থনে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত মিছিল-পিকেটিং করছে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। ঘটেছে ককটেল বিস্ফোরণ। অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুলি করে অসংখ্য নেতাকর্মীকে পঙ্গু ও আহত করা এবং বিরোধীদলীয় নেতাকর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতারের প্রতিবাদ, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণ, সাংবাদিক নির্যাতন ও সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে এ হরতালের ডাক দেয়া হয়।

শুক্রবার ও মঙ্গলবার দুই দফায় পৃথক বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ জোটের সব নেতাকর্মী ও দেশবাসীকে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালনের জন্য খালেদা জিয়ার পক্ষ থেকে আহ্বান জানান।