শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

উদ্যোগ ব্যর্থ হলে পরিণতি ভয়াবহ: সাখাওয়াত

sakhawatনাগরিক সমাজের উদ্যোগ ব্যর্থ হলে দেশের স্বাধীনতা-সাবভৌমত্ব বিপন্ন হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, নাগরিক সমাজ এগিয়ে এসে যে প্রস্তাব দিয়েছেন তা ব্যর্থ হলে পরিণত ভয়াবহ হবে।

শনিবার সকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ‘শান্তি-সম্প্রতি ও সমঝোতার’ দাবিতে আয়োজিত মানববন্ধনে এ উদ্বেগের কথা জানান তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, “রাজনীতিবিদরা যখন সমস্যা সমাধান করতে ব্যর্থ হয়েছেন, তখন  নাগরিক সমাজ এগিয়ে এসে  উদ্যোগ নিয়েছে। সরকার ও বিএনপির উচিত এই উদ্যোগকে স্বাগত জানিয়ে একটি সমঝোতায় আসা। না হয় দেশের স্বাধীনতা-সাবভৌমত্ব বিপন্ন হয়ে যাবে। পরিণতি ভয়াবহ হবে।”

রাজনীতি ক্রমেই রাজনীতিবিদদের হাতের বাইরে চলে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করে এই সাবেক নির্বাচন কমিশনার বলেন, এই অবস্থা চলতে থাকলে অচিরেই পুরোপুরি রাজনীতি রাজনীতিবিদদের হাতছাড়া হয়ে যাবে, যা দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না।”

সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, “সারা দেশে রাজনীতির নামে মৃত্যুর কাফেলা চলছে। আর এই মৃত কাফেলায় দগ্ধ হয়ে মরছে সাধারণ মানুষ। আমরা এই অচলাবস্থায় দ্রুত সমাধান চাই। এর সমাধানের জন্য জরুরি একটি সংলাপ প্রয়োজন। সংলাপকে ফলপ্রসু করতে দুই দলকে এগিয়ে আসতে হবে।”  তবে এ ক্ষেত্রে সরকারকে অগ্রণী ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।

মানববন্ধনে  আরো  বক্তব্য দেন তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, সুজনের নির্বাহী সদস্য ড. হামিদা হোসেন, সুজনের সহসম্পাদক জাকির হোসেন, কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার প্রমুখ।

রোববার থেকে বুধবার পর্যন্ত হরতাল ডেকেছে ২০ দল

hortal30চলমান অবরোধের পাশাপাশি রবিবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ফের ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।

গুলশান কার্যালয় ঘেরাওয়ের হুমকি নৌমন্ত্রীর

shajahanহরতাল-অবরোধ প্রত্যাহার না করলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছে নৌমন্ত্রী শাহজাহান খান।

আজ শনিবার বেলা ১১ টার দিকে ধানমন্ডির ঝিগাতলায় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে হরতাল-অবরোধ বিরোধী মানববন্ধনে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত হরতাল অবরোধের নামে দেশব্যাপী যে নৈরাজ্য সৃষ্টি করছে, পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করছে, তা অবিলম্বে বন্ধ না করলে সোমবার খালেদা জিয়ার কার্যালায় ঘেরাও করা হবে।

পোশাক শিল্প উদ্যোক্তাদের প্রতিকী অনশন

bgmeaশুরু হয়েছে পোশাক শিল্প উদ্যোক্তাদের প্রতিকী অনশন।

শনিবার সকাল ১১টা থেকে জাতীয় সংগীতের মাধ্যমে বিজিএমইএ ভবনের  সামনে এই প্রতিকী অনশন কর্মসূচি শুরু হয়।

চলমান রাজনৈতিক অচলাবস্থা এবং বিদ্যমান সংকট নিরসনে এ প্রতিকী অনশন করছে পোশাক খাতের এই সংগঠনগুলো।

বিজিএমইএ, বিকেএমইএ, এবং বিটিএমএ সহ পোশাক খাতের সংশ্লিষ্ট সংগঠন সমূহ এই প্রতিকী অনশনে অংশ নিয়েছে। অনশন সন্ধ্যা পর্যন্ত চলবে বলে জানা গেছে।

অনশন কর্মসূচিতে উপস্থিত আছেন, বিজিএমই এর বিপিও সহ-সভাপতি এম এ মান্নান কচি, বিকেএমইএর ভারপ্রাপ্ত সহ-সভাপতি আসলাম আলী, এবং বাংলাদেশ প্লাস্টিক এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিনসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সঙ্কট সমাধানে কাজ শুরু করেছেন তারানকো

tarankoনিশা দেশাইয়ের সঙ্গে বৈঠকে সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা বাংলাদেশের চলমান রাজনৈতিক সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান চায় জাতিসংঘ। সঙ্কটের সমাধানে সরকার ও বিরোধী নেতাদের সঙ্গে যোগাযোগের দায়িত্ব দেয়া হয়েছে সংস্থাটির সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোকে।

জাতিসংঘ মহাসচিব বান কি মুনের নির্দেশনা অনুযায়ী তিনি কাজ করে যাচ্ছেন। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক বৃহস্পতিবার নিউ ইয়র্কে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এদিকে, জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বাংলাদেশের চলমান রাজনৈতিক সঙ্কটের একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে এই ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেই সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধানে পৌঁছতে হবে।

বৃহস্পতিবার এই প্রতিনিধির এক প্রশ্নের লিখিত জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মুখপাত্র এ মন্তব্য করেন। বুধবার জাতিসংঘের রাজনৈতিক বিভাগের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে বৈঠকে বসেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

গত বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয়, তারানকো-দেশাই বৈঠকে বাংলাদেশ বিষয়ে ঠিক কি কি আলাপ হয়েছে, বা আদৌ বাংলাদেশ পরিস্থিতি আলোচনা হয়েছে কি না? এই প্রশ্নের লিখিত জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মুখপাত্র উপরোক্ত মন্তব্য করেন।

এই প্রতিনিধির কাছে প্রেরিত লিখিত জবাবে মুখপাত্র বলেন, সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল নিয়মিতভাবেই বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এটা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অংশ হিসেবেই করা হয়ে থাকে। ওই মুখপাত্র বলেন, এরই অংশ হিসেবে বিগত ১১ই ফেব্রুয়ারি সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকোর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বাভাবিকভাবেই দক্ষিণ এশিয়াসহ ওই অঞ্চলের বৃহত্তর বিষয়াবলী আলোচনায় স্থান পায়।

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মুখপাত্র ওই লিখিত প্রতিক্রিয়ায় আরও বলেন, ওই বৈঠকে সহকারী সেক্রেটারি জেনারেল তারানকো ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী বিসওয়াল বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াবলীর সঙ্গে বাংলাদেশ বিষয়াবলী নিয়েও আলোচনা করেন।

মুখপাত্র বলেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতায় যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ সঙ্কট সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ একযোগে কাজ করছে এবং তা চলমান থাকবে। মুখপাত্র বলেন, বাংলাদেশ সঙ্কটের একটি সম্ভাব্য সমাধানের উপায় নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে, তবে যুক্তরাষ্ট্র মনে করে বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকেই শেষ পর্যন্ত একটি শান্তিপূর্ণ সমাধানের উপায় খুঁজে বের করতে হবে।

এর আগে গত বৃহস্পতিবার সকালে তারানকো-দেশাই বৈঠকে বাংলাদেশ বিষয়ে কি আলোচনা হয়েছে জানতে চাইলে জাতিসংঘের এশিয়া প্যাসিফিক অঞ্চলের মুখপাত্র ম্যাথিয়াস গিলম্যাড এই প্রতিনিধিকে টেলিফোনে বলেন, এটি একটি নিয়মিত বৈঠক ছিল, তবে বাংলাদেশ বিষয়ে ঠিক কি আলোচনা হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত আমার হাতে কিছু নেই।

পরবর্তীকালে ওই দিন অপরাহ্নে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক প্রেস ব্রিফিং শুরুর আগে দিনের নিয়মিত ঘোষণায় স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশ প্রসঙ্গ তোলেন। মুখপাত্র ওই ঘোষণায় বলেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নিশা দেশাই বিসওয়াল এবং অস্কার ফার্নান্দেজ তারানকোর বৈঠকে আলোচনা হয়েছে।

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র বাংলাদেশ সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে এবং এ বিষয়ে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করছে এবং তা অব্যাহত থাকবে। ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে তিনটি প্রশ্ন করা হয়। বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয়ে খাবার প্রবেশে বাধা দেয়ার প্রসঙ্গও উঠে আসে। প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নোত্তরের অংশটি তুলে ধরা হলো:

প্রশ্ন: বাংলাদেশে পরিস্থিতি পরিবর্তন হয়নি। মনে হচ্ছে সঙ্কটের কোন সমাধান নেই। কেননা,  বিরোধীরা অব্যাহতভাবে গ্রেপ্তার আর কারারুদ্ধ হওয়ার চাপে রয়েছে। জাতিসংঘ মহাসচিব দেশটিতে বিশেষ প্রতিনিধি পাঠানোর কোন চিন্তাভাবনা করছেন কিনা ?
উত্তর: আগের দিন যা বলেছিলাম আপনি হয়তো তার কিছু অংশ মিস করেছেন। সেটা হলো,  শান্তিরক্ষী অফিসের প্রধান অস্কার ফার্নান্দেজ তারানকোকে জাতিসংঘ মহাসচিব ঠিক ওই ইস্যুগুলোতে বাংলাদেশ সরকার ও বিরোধী নেতাদের সঙ্গে লিয়াজোঁ করার দায়িত্ব দিয়েছেন। তার কাজের অংশ হিসেবে সেটা তিনি করছেন। আর মহাসচিব স্পষ্টত বাংলাদেশে স্থিতিশীলতা ও উন্নয়ন নিয়ে ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আর আমরা প্রাণহানি প্রসঙ্গে অব্যাহতভাবে নিন্দা জানাচ্ছি। আমি মনে করি, গুরুত্বপূর্ণ বার্তাটা হলো-  চলমান সঙ্কটের একটি শান্তিপূর্ণ সমাধান।

প্রশ্ন: বুধবার ওয়াশিংটনে সহকারী মহাসচিব মি. তারানকো এবং মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিস  নিশা বিসওয়ালের বৈঠকের কথা আপনি উল্লেখ করেছেন। সংক্ষেপে কি ওই বৈঠকের ফলাফল সুনির্দিষ্টভাবে বলতে পারবেন?
উত্তর: না।

প্রশ্ন: এবং…
উত্তর: আমি মনে করি এ বৈঠকগুলো জাতিসংঘের সিনিয়র কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের মধ্যকার নিয়মিত যোগাযোগের অংশ। এটা একটা চলমান আলোচনা প্রক্রিয়া। ওই প্রসঙ্গে আপনার সঙ্গে শেয়ার করার মতো কোন বক্তব্য নেই। আমার মনে হয় আপনার উত্তর পেয়েছেন।

প্রশ্ন: আরেকটি প্রসঙ্গ হলো প্রধান বিরোধী দল বিএনপি চেয়ারপারসন যিনি তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, এখন অবরুদ্ধ রয়েছেন। আর ক্ষমতাসীন কর্তৃপক্ষ গতকাল ও পরশু থেকে সেখানে এমনকি কোন খাবারও পাঠাতে দিচ্ছে না। সেখানের কর্মচারীরা কিছু শুকনো খাবার খাচ্ছে এমন দৃশ্য নিউজ মিডিয়াতে এসেছে। কাজেই, এসব অমানবিক পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্য কি?
উত্তর: জাতিসংঘ মহাসচিব নিশ্চিতভাবে এ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। আমরা যে চলমান রাজনৈতিক উত্তেজনা প্রত্যক্ষ করছি তিনি তার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছেন। আর তার সহকারী মহাসচিব মি. তারানকো নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
সূত্র : মানবজমিন

শচীনের পরেই সাঙ্গাকারা

একদিনের ক্রিকেটে শচীন টেন্ডুলকারের পরে এখন সবচেয়ে বেশি রান শ্রীলংকার কুমার সাঙ্গাকারার।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ রান করতেই টপকে গেছেন দ্বিতীয় স্থানে রিকি পন্টিংকে। ৩৬৫ ইনিংস ব্যাটিং করা সাবেক অস্ট্রেলিয় অধিনায়কের রান ১৩ হাজার ৭০৪।
আজ ৩৯ রানের ইনিংস খেলে সাঙ্গাকারা পৌছে গেছেন ১৩ হাজার ৭৩২ রানে। ৪৫২ ইনিংসে ১৮ হাজার ৪২৬ রান নিয়ে সবার উপরে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। সর্বোচ্চ রানের তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন অন্য দুই লংকান সনাৎ জয়সুরিয়া এবং মাহেলা জয়াবর্ধনে।
এদিকে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় হওয়া ছাড়াও আরো একটি মাইলফলক ছুঁয়েছেন সাঙ্গাকারা। বিশ্বকাপে ৩১তম ম্যাচে পূর্ণ করেছেন হাজার রান। ২০০৩ থেকে চলতি বিশ্বকাপ পর্যন্ত সাঙ্গাকারার রান এখন ১০৩০।

কেজরিওয়ালের অপেক্ষায় রামলীলা ময়দান

kejriরামলীলা ময়দান আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের শপথ গ্রহণের জন্য প্রস্তুত।  শনিবার স্থানীয় সময় দুপুর ১২টায় দ্বিতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কেজরিওয়াল। তার সঙ্গে শপথ নেবেন আরো ছয়জন মন্ত্রী।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, পদত্যাগের ঠিক এক বছরের মাথায় আবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন কেজরিওয়াল। ২০১৩ সালে প্রথমবার একই স্থানে শপথ নিয়েছিলেন তিনি।  তিনি হবেন দিল্লির সপ্তম মুখ্যমন্ত্রী।

শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য রামলীলা ময়দান প্রস্তুত করতে শুক্রবার এএপির কর্মীরা ব্যস্ত সময় কাটান। মঞ্চ প্রস্তুত করা হয়েছে। আমন্ত্রিত অতিথিসহ দর্শকদের জন্য সব আয়োজন সম্পন্ন হয়েছে।

তার শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় এক লাখ দর্শক উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে।  ময়দানে ৩৫ হাজার দর্শকের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। আর দাঁড়িয়ে থেকে অনুষ্ঠান দেখতে পারবে প্রায় ৫০ হাজার দর্শক। ময়দানের ভেতরে নয়টি ও বাইরে ১০টি এলইডি পর্দা লাগানো হয়েছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ময়দান ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় তিন হাজার সদস্য নিরাপত্তা দেবেন। তাদের সহায়তা করবেন এএপির প্রায় দুই হাজার সদস্য।
মঞ্চের নিরাপত্তা নিশ্চিত করবে নিরাপত্তা উইং।

কেজরিওয়াল ও অপর ছয় জনকে শপথ গ্রহণ করাবেন দিল্লির উপরাজ্যপাল নাজিব জং। অন্য ছয়জন হলেন মনীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, গোপাল রাই, জিতেন্দ্র টোমার, সন্দীপ কুমার ও আসিম আহমেদ খান। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দিল্লিবাসীর উদ্দেশে ভাষণ দেবেন কেজরিওয়াল।

এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, বেলা ১১টার দিকে গাজিয়াবাদের বাসভবন থেকে রামলীলা ময়দানের উদ্দেশে রওনা দেয়ার কথা কেজরিওয়ালের। গাড়িতে করে সেখানে যাবেন তিনি। সঙ্গে থাকবেন তার পরিবারের সদস্যরা।
শপথ গ্রহণের পর রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে যাবেন কেজরিওয়াল। এরপর দায়িত্ব গ্রহণ করতে যাবেন সচিবালয়ে। বিকেল সাড়ে চারটায় মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় নগর উন্নয়নমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুকে আমন্ত্রণ জানানো হলেও তাঁরা কেউই ‘অন্য কাজ থাকায়’ হাজির থাকছেন না।

LOVE নাকি লাভ

love loveফেব্রুয়ারির গোড়া থেকেই রুখাশুখা ফুটপাথ সেজে উঠেছে রঙবেরঙের কার্ডে৷ লাভ সাইন পিলো আর হরেক গিফটের বাহার যেন আগেভাগেই শহরকে বলে উঠতে চাইত, ‘বসন্ত এসে গেছে’৷ বাতাসের শিরশিরানিতে তখনও লাগেনি ফাল্গুনি ছোঁয়া৷ গাছে গাছে তখনও ফোটেনি প্রথম পলাশ৷ তবু ফুল ফুটুক না ফুটুক শহরের প্রেমিক মন জানত বসন্তের আর দেরী নেই৷ ভ্যালেন্টাইন্স ডে কী, আর কী নয়, সে প্রশ্ন তুলে রেখে, গোপনে কার্ডের বুকে বুকে লেখা হয়ে যাচ্ছে প্রিয়জনের নাম৷ এ দিনের এমনই জাদু৷ শুধু এ শহর কেন, সারা পৃথিবীতে কার্ড বিনিময়ের এমন হিড়িক যে, ১৪ ফেব্রুয়ারি প্রায় ১৫০ মিলিয়ন কার্ড বিনিময় হয়, এবং সংখ্যাতত্ত্বে কার্ড দেওয়া-নেওয়ার এটাই দ্বিতীয় বড় দিন৷ এহেন যে দিনের ম্যাজিক, তার পিছনে ইতিহাস নিশ্চয়ই একটা আছে৷ কিন্তু ফিলহালের কফির উপর লাভসাইন ক্রিম তো আর ইতিহাসের পাতা মাথায় রাখার তোয়াক্কা করে না৷ গিফট আর ফোনে-ফেবুতে উইশলিস্টের ভিড়ে গল্পগাছা আছে যা তা প্রায় রবাহুতের মতো মুখ লুকিয়ে৷ তবু হান্ড্রেড পার্সেন্ট লাভের দিনে একবার গোড়ার কথায় না ফিরলেই নয়৷

LOVE  নাকি লাভ…
ভ্যালেন্টাইন্স ডে LOVE নাকি লাভের সে নিয়ে বেশ সরগরম বাজার৷ অনেকেই বলেন, প্রেমেরে বিদায় দিয়ে, শুধু গিফট দিয়ে আর কী হবে৷ মুক্তবাজারের অর্থনীতির দিকে আঙুল তুলে বলেন, পুরোটাই আসলে প্রেমের সেন্টিমেন্ট ভাঙিয়ে খোলবাজারের গাঁটকাটার কারসাজি৷ বাজারের দিকে তাকিয়ে সে কথার যে সারবত্তা নেই তাও বলা যায় না৷ যেভাবে উপহারের উপাচারে এ দিনের ভ্যালুয়েশন চলে, যেভাবে পার্টি, ডিজে, লাঞ্চ-ডিনারের বিশেষ ছাড়ের ঘোষণা করে রেস্তরাঁগুলো, যেভাবে অনলাইন শপিং ডেস্টিনেশনে খুড়োর কলের মতো নাকের ডগায় ডিসকাউন্ট ঝুলিয়ে দেওয়া হয়, তাতে কে বলবে আসলে এ দিনের ফোকাস থাকার কথা প্রেমে, অন্য কিছুতে নয়৷ তবু প্রেম ছেড়ে কবে থেকে যেন তা হয়ে গেছে প্রেম দেখানোর দিন৷ বিজ্ঞাপনের সেই ‘দেখো আমি বাড়ছি মাম্মি’র মতো, এও যেন লোক ডেকে হেঁকে বলা, শোনো হে খোলাবাজার, প্রেম করেছি আমি৷ অথচ সে কথা তো শোনার কথা ছিল শুধুমাত্র দখিনাহাওয়ার৷ চোখে নেশা লাগলে যে পথ  ভুলতে হয়, সে পথ যে বাজারি অর্থনীতির চোরাগলিতে লেংচে বেড়াবে, এমন কথা স্বয়ং ভ্যালেন্টাইন সাহেবও নিশ্চয়ই কল্পনা করেননি৷

তবুও প্রেম..
তবু কেউ কেউ বলেন, ভ্যালেন্টাইন্স গোলাপে নাকি কাঁটা থাকে না৷ তা ঠিক না ভুল সে না হয় খুঁজে দেখার বিষয়৷ তবে প্রেমিকহৃদয় কবে আর কাঁটার তোয়াক্কা করেছে! আসলে সময়টাই যা বদলেছে৷ বদলে গেছে সেলিব্রেশনের ধরনও৷ আজ প্রেমিক-প্রেমিকের মুশকিল আসান করে খবরের কাগজ থেকে রেডিও চ্যানেল সবাই উপহারের পরামর্শ দেয়৷ বলে দাও হে পেনডেন্ট, দাও হে প্রেমের গ্রাফিটি দেওয়া কুশন৷ কিন্তু সত্যি কি আর তাতে মুশকিল আসান হয়৷ ভালোবাসা যে হৃদয়ে বাসা বাঁধে তার সবথেকে মুশকিল এই যে, সে সবথেকে বেশি ভালোবাসে ভালোবাসাকেই৷ সে তো অন্তরের গহীন প্রদেশ৷ বাজারের উপহার তার ধারকাছ দিয়ে বহুবার ঘুরে গেছে, কিন্তু ছুঁতে পারেনি৷ আর ধরাছোঁয়ার বাইরে থেকেই, যে ছিল অন্তরে সে বের হয়ে আসে৷ আসনপিঁড়ি পেতে দেয় প্রেমের জন্যে, আর মনে মনে বলে ওঠে, ‘অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারেনি বলে, হৃদি ভেসে গেছে অলকানন্দ জলে’৷ আজ ‘ভালোবাসা মানে আর্চিজ গ্যালারি’ হয়ে যায় চোখের আলোয়, কিন্তু অন্তরে আজও দেখলে চোখে পড়বে টলটল করছে একদিঘী জল৷ সেই আঁজলা ভরা জলেই আজও চোখ ধুয়ে নেয় প্রেমিক-প্রেমিকরা৷ একজন বলে, ‘… পাগলি তোমার সঙ্গে ধুলোঝড় জীবন কাটাবো.. পাগলি তোমার সঙ্গে ভোর ভায়োঁ কাটাব জীবন৷’ আর একজন বলে, ‘.. হিয়া টুপটাপ জিয়া নস্ট্যাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন..আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতি..৷’ আর তখনই চিলেকোঠার পাশে বেজে ওঠে একতারা৷ ঠিক সন্ধ্যা নামার মুখে কে যেন কার নাম ধরে ডেকে ওঠে আজও, আর মনখারাপের রাতে চোখে ঘুম হয়ে নেমে আসে এক রাতজাগা তারা৷

প্রেম শুধু এক মোমবাতি, আমাদের শুনিয়ে গিয়েছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়, জীবনের রঙ যে বদলে দিতে পারে রাতারাতি৷ আজও সে তা পারে৷ এই যে দলে দলে যুগল আজ ভালোবাসার শপথে হাতের উপর হাত রাখার প্রতিশ্রুতি নিয়ে কাছে আসছে তাদেরও জীবনের রঙ যে রাতরাতি বদলে দিতে পারে প্রেম৷এখনও, এই বাজার অর্থনীতি ইত্যাদি প্যারামিটার সঙ্গে নিয়েই৷ তাই ‘বেশ করেছি প্রেম করেছি’-জমানাটাই যা বদলে যায়, প্রেম বদলায় না?

প্রেম কি একদিনের জন্য হয় নাকি? কক্ষণও নয়৷ সেদিনও ছিল না৷ আজও নয়৷ তবে এমন ঘটা করে উদযাপন কেন? আহা, স্বাধীনতাও কি একদিনের নাকি? তবু একটা দিন তো স্বাধীনতার নামে বরাদ্দ থাকে৷ সেরকমই একটা দিন যদি প্রেমের নামে তোলা থাকে ক্ষতি কী! একদিন যদি সবাই বলে উঠতে পারে ‘বিদ্রোহ আর চুমুর  দিব্যি শুধু তোমাকে চাই’ তবে মন্দ কী! না হয় শহুরে লাভস্পটই হলো, না হয় হাতে একটা গিফট নিয়েই কেউ দাঁড়াল, তবু যদি প্রেমহীন দাঁত-নখ বের করা সময়ে দাঁড়িয়ে কেউ বলে ওঠে ‘এ জীবন ভালোবেসে তোমাকে চাই’.. তবে জীবনই তো কিশলয়ে ভরে ওঠে৷ প্রতি প্রেমের উচ্চারণে কোথাও না কোথাও যদি ফুটে ওঠে পলাশ, তবে পৃথিবীটাই তো রঙিন হয়ে উঠতে পারে৷ তাই শ্যাওলা যতটুকু জমে আছে সময়ের ধর্মে তা হয়তো অস্বীকার করা যায় না, তবু শ্যাওলা সরালে যে প্রেমটুকু চোখে পড়ে তাকে স্বীকার না করে কীইবা লাভ আছে! চোখের তারায় যে আয়না ধরে, যার আদরে কান্না আসে, যার জন্য সব দাবি-দাওয়া, অমরত্বের প্রত্যাশাও তুচ্ছ হয়ে যায়, সেই প্রেমের জন্য একটা দিন যদি তোলা থাকে, থাকুক৷ প্রেম তো চিরকালই জেনে এসেছে, এখনও জানে, ভ্রূপল্লবে ডাক দিলে দেখা ঠিক হবেই, চন্দনের বনে৷

নিজ মাঠে জয় দিয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের

newziland140উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯৮ রানে রানে শুভ সূচণা করেছে বিশ্বকাপের সহ-আয়োজক নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের করা ৩৩১ রানের জবাবে লঙ্কানরা গুটিয়ে যায় ২৩৩ রানে। ফলে বড় জয়ে বিশ্বকাপ-অভিযান শুরু হয় টুর্নামেন্টের অন্যতম ফেভারিট নিউজিল্যান্ডের।

জয়ের জন্য ৩৩২ রানের বড় লক্ষ্যের পেছনে ছুটতে নেমে শুরুটা ভালোই করেই দুই লঙ্কান ওপেনার লাহিরু থিরিমান্নে ও দিলশান। এই দুজনের ৬৭ রানের জুটিতে ভালো কিছুর ইঙ্গিত দেয় লঙ্কানরা। দলীয় ৬৭ রানে দিলশান (২৪) ফিরে গেলেও লড়াই চালিয়ে যান থিরিমান্নে ও সাঙ্গাকারা।

তবে ট্রেন্ট বোল্ট, এডামস মিলনে ও ভেট্টরির তোপের মুখে পড়ে ম্যাচ থেকে ছিটকে যায় লঙ্কানরা। দলীয় ১২৪ থেকে ১২৫- এই ৫ রানের মধ্যে বোল্ট ও ভেট্টরির তোপে পড়ে তিন উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় শ্রীলঙ্কা। একে একে ফিরে যান থিরিমান্নে (৬৫), সাঙ্গাকারা (৩৯) ও জয়াবর্ধনে (০)।

১২৯ রানে চার উইকেট হারানোর পর করুনারত্নেকে নিয়ে ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। তবে এডামস মিলনে ধাক্কায় মেরুদণ্ড ভেঙে যায় লঙ্কান ব্যাটিংয়ের। ৪ উইকেটে ১৬৩ থেকে ৬ উইকেটে ১৬৮ রানে পরিণত হয় গত দুই আসরের রানার্স-আপরা।

১৬৮ রানে ৬ উইকেট হারিয়ে মেরুদণ্ড ভেঙে যায় ম্যাথুজের দল। সেখান থেকে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি তারা।

ম্যাথুজ একপ্রান্ত আগলে রেখে চেষ্টা করেছিলেন। তবে সেটা শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

শুরুতে ভেট্টরি-বোল্ট এর বোলিং শ্রীলঙ্কাকে ধাক্কা দেয়। মাঝপথে এডামস মিলনে লঙ্কানদের ব্যাটিংয়ের কোমড় ভেঙে দেন। তুলির শেষ আঁচড়টুকু দেন কোরি অ্যান্ডারসন ও টিম সাউদি। শেষ চারটি উইকেট এই দুজন ভাগ করে নেন।

শ্রীলঙ্কার হয়ে থিরিমান্নে ৬৫, ম্যাথুজ ৪৬ ও সাঙ্গাকারা করেন ৩৯ রান। দিলশানের ব্যাট থেকে আসে ২৪ রান। আর কোনো ব্যাটসম্যান উল্লেখযোগ্য রান করতে পারেননি।

কিউইদের হয়ে বোল্ট, ভেট্টরি, মিলনে, টিম সাউদি, অ্যান্ডারসন ও সাউদি দুটি করে উইকেট লাভ করেন্

এর আগে কোরি অ্যান্ডারসন, ব্রেন্ডন ম্যাককালাম ও কেন উইলিয়ামসনের অর্ধ-শতকের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩৩১ রানের পাহাড় গড়েছে বিশ্বকাপের সহ-আয়োজকরা। এক রানের জন্য হাফ-সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন ওপেনার গাপটিল।

কিউইদের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেছেন অ্যান্ডারসন। তার ৪৬ বলের ইনিংসটি আটটি চার ও দুটি ছয়ে সাজানো ছিল। এছাড়া ম্যাককালাম ৪৯ বলে ৬৫ এবং উইলিয়ামসন ৬৫ বলে করেন ৫৭ রান। গাপটিলের ৪৯ রান আসে ৬২ বল থেকে।

লঙ্কানদের হয়ে সুরঙ্গা লাকমল ও জীবন মেন্ডি দুটি করে উইকেট লাভ করেন। একটি করে উইকেট নেন কুলাসেকারা ও হেরাথ। লঙ্কানদের হতাশ করেন দলের সেরা বোলার মালিঙ্গা। তিনি ১০ ওভার বল করে ৮৪ রান দিয়ে উইকেট-শুন্য থাকেন।

ব্যাটিংয়ে ৭৫ রান করার পর বল হাতে দুই উইকেট দখল করে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠে কোরি অ্যান্ডারসনের হাতে।

আগামী ১৭ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ২২ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে  শ্রীলঙ্কার প্রতিপক্ষ আফগানিস্তান।

বাপ্পারাজের ‘তারছেঁড়া’

tarseraপ্রথম ছবি মুক্তির আগেই নায়ক বাপ্পারাজ তার দ্বিতীয় ছবির কাজ শুরু করেছেন। ছবির  নাম ঠিক করলেন ‘তারছেঁড়া’। প্রথম ছবির কাস্টিং মোটামুটি নতুন ছবিতেও থাকছে।

অ্যাকশন-থ্রিলারধর্মী গল্পের ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন নায়ক রাজ রাজ্জাক, বাপ্পারজ, সম্রাট, শিমুল খান, শহীদুল আলম সাচ্চু, সোহেল খান, অরুণা বিশ্বাস প্রমুখ। ছবিতে নায়িকা দুজন। তবে তারা কারা হচ্ছেন তা এখনও ঠিক হয় নি। খুব শীঘ্রই শুটিং আরম্ভ হবে বলে জানান বাপ্পারাজ।

ছবিটি প্রযোজনা করবে রাজলক্ষ্মী টেলিফিল্মস। ‘বাপ্পারাজ’ পরিচালিত প্রথম ছবি ‘কার্তুজ’ মুক্তি পাচ্ছে আগামী ৬মার্চ।