শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

মানুষের জন্য রাজনীতি করি : প্রধানমন্ত্রী

hasina5প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি। দেশের মানুষই যদি মারা যায় তাহলে কাদের জন্য এই রাজনীতি। মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত এক আলোচনা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দেশজুড়ে চলমান আন্দোলনে ক্ষতিগ্রস্তদের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় এ আলোচনা সভার আয়োজন করে।

প্রধানমন্ত্রী সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিহত করতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যারা মানুষের জীবন নিয়ে খেলায় মেতে উঠেছে তারা কখনো দেশের উন্নয়ন চায় না।

তিনি বলেন, আজ যারা স্বজন হারিয়েছেন তাদের যন্ত্রণা আমি বুঝি। যারা অগ্নিদগ্ধ হয়েছেন তাদের এ যন্ত্রণা যাবে না।

প্রধানমন্ত্রী বলেন, আমরাও আন্দোলন করেছি। জনগণকে নিয়ে আন্দোলন করেছি।  মানুষকে কষ্ট দেইনি, পুড়িয়ে মারিনি।

তিনি বলেন, নির্বাচনের পর গত এক বছর শান্তিপূর্ণভাবে কাজ করেছি। গত ৫ জানুয়ারি থেকে অশান্তি শুরু হয়। মানুষের জীবন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।

নৌমন্ত্রীর মিছিলে ককটেল: খালেদাকে হুকুমের আসামি

khaledaবিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় অভিমুখে নৌমন্ত্রী শাজাহান খানের মিছিলে হাতবোমা হামলার ঘটনায় করা মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে।

সোমবার গভীর রাতে  গুলশান থানায় মামলাটি করেন সড়ক পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা ইসমাইল হোসেন ওরফে বাচ্চু। মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাবেক সংসদ সদস্য দেওয়ান সালাহউদ্দিন, জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী শিরীন সুলতানা ও ঢাকার সাবেক ওয়ার্ড কমিশনার আবদুল কাইয়ুমের নাম রয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে গুলশান সেন্ট্রাল পার্ক থেকে মিছিল নিয়ে খালেদা জিয়ার কার্যালয়ের দিকে রওনা হন সমন্বয় পরিষদের নেতাকর্মীরা। দুপুর ১২টা ২০ মিনিটের দিকে মিছিলটি গুলশান ২ নম্বর মোড়ের পাশে মেট্রোপলিটন শপিং প্লাজার সামনে যাওয়ার পর একটি ককটেল বিস্ফোরিত হয়।  এ ঘটনায় উপস্থিত নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে মেট্রোপলিটন শপিং প্লাজায় ভাঙচুর চালান।

হরতাল বাড়লো ৪৮ ঘণ্টা

hortal30বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে সারাদেশে চলমান ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি আরো ৪৮ ঘণ্টা বাড়ানো হয়েছে। আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে আগামী শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এই হরতাল চলবে। মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এই হরতালের ঘোষণা দেন।

বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে বিরোধী দলীয় অসংখ্য নেতাকর্মীকে গুলি করে হত্যা, পঙ্গু ও আহত, বিরোধীদলীয় নেতাকর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতার, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণ, সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনঃরুদ্ধার, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠা, মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দ ও সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এবং অবৈধ সরকার গণদাবির প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করায় চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি পূনরায় বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী চলমান সর্বাত্মক হরতাল কর্মসূচি বর্ধিত করা হলো।

তিনি বলেন, আওয়ামী লীগের রাষ্ট্রক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্তের নেশায় গোটা জাতি আজ চরম শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে নিপতিত। অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করার ঘৃণ্য চক্রান্ত বাস্তবায়নে রাষ্ট্রযন্ত্রের চূড়ান্ত অপব্যবহারের এমন জঘণ্য নজির মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।

সালাহ উদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে অবাধে হত্যার লাইসেন্স প্রদান করেও গণতন্ত্রকামী মানুষের ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করতে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিভিন্ন কায়দায় হত্যার ষড়যন্ত্র করছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এককালের মোটরশ্রমিক ও চোখ উপড়ানো পার্টির সদস্য নৌমন্ত্রী শাহজাহান খান সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় প্রকাশ্য ঘোষণা দেন বেগম খালেদা জিয়ার আবাসস্থলের বিদ্যুৎ, গ্যাস, পানির লাইন কেটে দেয়ার এবং খাবার বন্ধ করে দেয়ার। জাতি অবাক বিস্ময়ে দেখলো তার প্রত্যেকটি কথার বাস্তবায়ন করেছে সরকার।

সালাহ উদ্দিন আহমেদ বলেন, আমরা বিস্মিত হয়েছি সোমবার সেই মন্ত্রীর নেতৃত্বে অবরুদ্ধ খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে হামলা করার মহড়া দেয়া হয়েছে।

তিনি বলেন, সারাদেশের মতো আওয়ামী ষড়যন্ত্রের অংশ হিসেবে নিজেদের সমাবেশে নিজেরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে তার দায় বিএনপি ও ২০ দলীয় জোটের ওপর চাপানোর অপচেষ্টা হচ্ছে।

সালাহ উদ্দিন আহমেদ বলেন, অবৈধ শাসকশ্রেণী হয়তো অনুধাবন করতে পারছে না-চলমান গণআন্দোলন গ্রাম-বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। বিএনপিসহ ২০ দলীয় জোটের প্রত্যেক নেতাকর্মী আজ বেগম খালেদা জিয়ার চূড়ান্ত ত্যাগ স্বীকারের বার্তা পৌঁছে দিয়েছে কৃষাণীর উঠোন থেকে শুরু করে রাজধানীর গলিপথ পর্যন্ত।

তিনি প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, শহীদ জিয়ার দল বিএনপি কোনো ভূঁইফোড় সংগঠন নয়। বেগম খালেদা জিয়া এ দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, ৩ বারের প্রধানমন্ত্রী, তাকে অপমানিত ও আক্রান্ত করার যেসমস্ত নাটক মঞ্চস্থ করা হচ্ছে তা যদি অবিলম্বে বন্ধ করা না হয়, তাহলে বিএনপির সারাদেশের নেতাকর্মীরা কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় থাকবে না। সারাদেশের আওয়ামী নেতাকর্মীদের নিরাপত্তা বিধানের ক্ষমতাও আপনার পেটোয়া পুলিশ বাহিনীর থাকবে না। তাই আগুন নিয়ে খেলা বন্ধ করুন।

সালাহ উদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রীয় নৈরাজ্যের প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে জনগণ তাদের ব্যালটের অধিকার আদায় করবেই। গণতন্ত্র, মৌলিক ও মানবাধিকার পুনঃরুদ্ধার করবেই।

তিনি চলমান অবরোধ-হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে উদ্বাত্ত আহ্বান জানিয়ে বলেন, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

নির্বাচন প্রশ্নে আগের অবস্থানেই যুক্তরাষ্ট্র : সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত

marshiya17ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্রুম বার্নিকাট বলেছেন, নির্বাচন প্রশ্নে আগের অবস্থানেই রয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দুপুরে গুলশানে আমেরিকান সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বাংলাদেশে কাজ শুরু করার পর এটিই তার প্রথম সংবাদ সম্মেলন।

রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা শক্তির পক্ষ নেয় না। বাংলাদেশের জনগণের পাশে থাকতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, বাংলাদেশিরাই চলমান সমস্যার সমাধান করতে পারবে। তবে সমস্যা সমাধানে কোনো সহযোগিতা চাওয়া হলে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সমপ্রদায় এ জন্য তৈরি আছে।

জামায়াত নেতা আব্দুস সুবহানের মামলার রায় বুধবার

subhanজামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুস সুবহানের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল বুধবার ঘোষণা করা হবে।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন।

এর আগে গত ৪ ডিসেম্বর উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখে দেন।

গত বছর ১৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৮ কার্যদিবসে সুবহানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী এডভোকেট মিজানুল ইসলাম ও ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী।

গত বছর ২৭ মার্চ ট্রাইব্যুনাল-১ স্বপ্রণোদিত হয়ে এই মামলাটি ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ২০ সেপ্টেম্বর সকালে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে সুবহানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই রাতেই তাকে পাবনা কারাগারে নেয়া হয়। ২৬ সেপ্টেম্বর পাবনা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয় জামায়াত নেতা সুবহানকে। পরে জিজ্ঞাসাবাদ শেষে ৩০ সেপ্টেম্বর প্রসিকিউশনের আবেদন আমলে নিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

১৫ বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু করছে জিডিজি

gdgইন্টারনেটে বাংলা ভাষা ছাড়িয়ে দিতে ‘সীমানা ছাড়িয়ে বাংলা’ অভিযাত্রায় দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ে ‘গুগল ট্রান্সলেশন এ-থন’ শুরু করছে গুগল ডেভেলপার গ্রুপ বাংলা (জিডিজি বাংলা)।  এ উদ্যোগ বাস্তাবায়নে সহযোগী হয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), এসো ডট কম এবং হাই-ফাই পাবলিক ডট কম।

জিডিজি বাংলার সঙ্গে মঙ্গলবার বিডিওএসএন, এসো ডট কম এবং হাই-ফাই পাবলিক ডট কমের মধ্যে এ-সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি সই হয়েছে। এতে এসো ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, জিডিজি বাংলার কমিউনিকেশন অ্যাসোসিয়েট রাহিতুল ইসলাম রুয়েল, বিডিওএসএনের অনুষ্ঠান সমন্বয়ক প্রমি নাহিদ এবং হাই-ফাই পাবলিকের প্রধান কারিগরি কর্মকর্তা শাফকাত আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুগলের ইঞ্জিনিয়ারিং কান্ট্রি কনসালটেন্ট খান মো. আনোয়ারুস সালাম, জিডিজি বাংলার ব্যবস্থাপক জাবেদ মোর্শেদ চৌধুরী, হাই ফাই পাবলিকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কুতুব উদ্দিন কামাল, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়া জুয়েল প্রমুখ।

গত ডিসেম্বর মাসে ‘সীমানা ছাড়িয়ে বাংলা’ স্লোগানে ইন্টারনেটে বাংলা ভাষা ছাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে শুরু হয় বাংলার জন্য বিশেষ গুগল ডেভেলপারস্ গ্রুপ জিডিজি বাংলার কার্যক্রম।

পৃথিবীর ১০৬টি দেশে ৫৯৬টি জিডিজি কাজ করছে। এর সবগুলোই এলাকাভিত্তিক। জিডিজি বাংলা হলো ভাষাভিত্তিক প্রথম জিডিডি। জিডিজি বাংলায় দুজন ব্যবস্থাপক নিয়োগ পেয়েছেন; জাবেদ সুলতান পিয়াস ও জাবেদ মোর্শেদ।

আয়োজকরা জানিয়েছেন, গুগল ট্রান্সলেশনে বাংলাকে সমৃদ্ধ করে তুলতে যে কেউ জিডিজি বাংলার ( http://goo.gl/WuXLKp) সঙ্গে যুক্ত হতে পারবেন।

পরারাষ্ট্রমন্ত্রীকে উৎফুল্ল থাকার পরামর্শ

khameni iইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফকে পরামর্শ দিয়েছেন পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সাথে মীমাংসা বৈঠকে তিনি যেন জোর গলায় কথা না বলেন।

মন্ত্রী স্বীকার করেন হাসিমুখে যুক্তিতর্ক উপস্থাপনের উপদেশ দেয়া হয়েছে তাকে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাথে সাম্প্রতিক কিছু বৈঠকে মন্ত্রী জারিফ একেকসময় এতটাই উত্তেজিত পড়ছিলেন যে তার জোর গলা শুনে উদ্বিগ্ন নিরাপত্তা রক্ষীরা উঁকিঝুকি পর্যন্ত দিয়েছে।

ইরানের ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি লিখছে, এসব কথা সম্ভবত আয়াতুল্লাহ খামেনেই শুনেছেন।

সম্প্রতি একদল ছাত্রের সাথে খোলামেলা কথোপকথনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার সাথে আয়াতুল্লাহর বৈঠকের কথা তুলে ধরেন।

“তিনি (খামেনেই) আমাকে বললেন, তুমি বৈঠকে বসে কেন চিৎকার করো? যা বলার হাসিমুখে বলবে…যা বলার তা যুক্তি দিয়ে বলো, খামাখা তর্ক করবে না।”

গত জানুয়ারিতে ইরানের কট্টরপন্থীরা মি. জারিফের সমালোচনা করেন যে তিনি তার মার্কিনী প্রতিপক্ষের সাথে খুব বেশি বন্ধুসুলভ আচরণ করছেন।

জেনিভাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার হেটে বেড়ানোর একটি ছবি প্রকাশিত হলে, সে ব্যাপারে সংসদে ব্যাখ্যা দেওয়ার দাবি তোলেন অনেক এমপি।

তবে পররাষ্ট্রমন্ত্রীসহ মীমাংসা আলোচকদের এভাবে প্রকাশ্যে সমালোচনা করার নিন্দা করেন স্বয়ং প্রেসিডেন্ট রুহানি। প্রেসিডেন্ট বলেন, এ ধরনের সমালোচনা জাতীয় স্বার্থের বিরোধী।

ইরান তাদের পারমানবিক কর্মসূচি নিয়ে ছটি পশ্চিমা দেশের সাথে আপোষ মীমাংসা করছে। এই প্রক্রিয়া নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও, তা দীর্ঘায়িত হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জটিল এই মীমাংসায় ইরানের নেতৃত্ব দিচ্ছেন।- বিবিসি

মৌলভীবাজারে পেট্রলবাহী ২ গাড়িতে আগুন

pettrol fireমৌলভীবাজার সদর উপজেলায় পেট্রলবাহী ২টি গাড়িতে আগুন দেয়া হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় মৌলভীবাজার পৌর জামায়াতের আমির ইয়ামির আলীকে (৪৫) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে।

জানা যায়, সকালে পেট্রলবাহী গাড়ি ২টি হবিগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ডে যাওয়ার পথে কামালপুর বাজার এলাকায় কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

marder gunnগাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় র‌্যাবের গুলিতে এক শিবিরকর্মী নিহত হয়েছেন। নিহতের নাম মোস্তফা মঞ্জিল (৩০)। তিনি গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জসিজার মাস্টারের ছেলে।

মঙ্গলবার ভোরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার বুড়ির ঘর এলাকায় এই ঘটনা ঘটে।

র‌্যাব সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে র‌্যাবের একটি টহল দল গাইবান্ধা ক্যাম্পে ফেরার পথে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের বুড়িরঘর এলাকায় র‌্যাবের গাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা ও গুলি ছোড়া হয়। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মোস্তফা মঞ্জিল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

র‌্যাবের দাবি, ঘটনাস্থল থেকে ৭টি পেট্রলবোমা, ১টি বিদেশি পিস্তল, ১টি দেশি বন্দুক ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এদিকে পলাশবাড়ী থানা সূত্রে জানা গেছে, নাপু এন্টারপ্রাইজের বাসের পেট্রলবোমা হামলায় ৮ জন নিহতের মামলার প্রধান আসামি ছিলেন মোস্তফা মঞ্জিল।

ধৈর্যের বাঁধ ভেঙে গেলে অস্ত্র গুলি কাজে আসবে না

abbas shohelবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নেতাকর্মী থেকে দূরে রাখতে সরকার নানা অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্যসচিব হাবিব-উন নবী খান সোহেল।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় এমন অভিযোগ করে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে পুলিশি প্রটোকল, অস্ত্র, গুলি কোনো কিছুই কাজে আসবে না।”

রোববার রাতে পাঠানো বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “গণআন্দোলনে হিতাহিত জ্ঞান হারিয়ে দখলদার সরকার বেগম খালেদা জিয়াকে টার্গেট করেছে। তারা রাষ্ট্রযন্ত্রের অপব্যবহারের মাধ্যমে গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ, টেলিফোন লাইন, ডিস লাইন কেটে দিয়ে খালেদা জিয়াকে নেতাকর্মী থেকে বিচ্ছিন্ন করে রাখার অপচেষ্টা চালিয়েছে। এখন কার্যালয়ে খাবার প্রবেশেও বাধা দেয়া হচ্ছে। এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। কিন্তু সরকার জানে না, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীর সাথে এই বিমাতাসুলভ আচরণ তাদের কোন অন্ধকার পথে নিয়ে যাচ্ছে। জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে পুলিশি প্রটোকল, অস্ত্র, গুলি কোনো কিছুই কাজে আসবে না।”

অবিলম্বে খালেদা জিয়ার কার্যালয়ে খাবার প্রবেশের ক্ষেত্রে বাধা তুলে নেয়ার দাবি জানান আব্বাস-সোহেল।

খালেদা জিয়ার কার্যাকলয়ের সামনে নেতাকর্মী নিয়ে নৌমন্ত্রী শাজাহান খানের মিছিল সমাবেশ করার নিন্দা জানিয়ে নেতৃদ্বয় বলেন, “সরকারের নৌমন্ত্রীর ভাড়াটে কিছু লোকজন হাজির করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয় ঘেরাও করতে চেয়েছেন। আমরা মনে করি, সরকারের উপরের মহলের নির্দেশে নৌ মন্ত্রীর এই কর্মসূচি চরম উস্কানিমূলক। খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে কার্যালয় ঘেরাওয়ের চেষ্টা হয়েছে।”

নেতৃদ্বয় বলেন, “শাহজাহান খান ঘেরাও কর্মসূচির নামে বেগম খালেদা জিয়াকে বন্দি করার হুমকি দিয়ে চরম দুঃসাহস দেখিয়েছেন। শিগগিরই গণতন্ত্রকামী জনগণ আন্দোলনের মাধ্যমে তার এই হুমকির সমুচিত জবাব দেবে।”

খালেদা জিয়াকে নিয়ে শনিবার সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে নেতৃদ্বয় বলেন, “বিএনপি পেট্রলবোমার এই ঘৃণ্য রাজনীতি কোনোদিনই করেনি, আগামীতেও করবেও না। স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে সরকারই বোমার রাজনীতি করছে। হরতাল-অবরোধ চলাকালে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ককটেল ও পেট্রলবোমাসহ গ্রেফতার হয়েছে। এতেই প্রমাণিত হয়, কারা নাশকতার সঙ্গে জড়িত।”

নেতৃদ্বয় বলেন, “প্রধানমন্ত্রী আন্দোলন দমনের নামে দেশজুড়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছেন। ”

চলমান আন্দোলনে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত নেতৃদ্বয় বেগম খালেদা জিয়ার নির্দেশে গণতন্ত্র পুনঃরুদ্ধারের আন্দোলন চালিয়ে যেতে ঢাকা মহানগরের নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আহবান জানান।