শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

২০ দলের ৪৮ ঘণ্টা হরতালের শেষ দিন চলছে

hortal5অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি বিএনপির নেতৃত্বাধীন জোটের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের শেষ দিন আজ। হরতাল শেষ হবে শুক্রবার ভোর ৬টায়।

এর আগে গত রোববার থেকে ৭২ ঘণ্টা হরতালের ডাক দেয় জোটটি। পরে মঙ্গলবার দুপুরে এক বিবৃতির মাধ্যমে হরতালের সময়সীমা ৪৮ ঘণ্টা বাড়ানো হয়। সে অনুযায়ী শুক্রবার ভোর ৬টা পর্যন্ত হরতাল চলবে।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে জোটের পক্ষে বর্ধিত এই কর্মসূচির কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ।

চলমান অবরোধ-হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ‘দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে বিরোধীদলীয় অসংখ্য নেতা-কর্মীকে গুলি করে হত্যা এবং পঙ্গু ও আহত করা, বিরোধীদলীয় নেতা-কর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতারের প্রতিবাদ, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি, বিচারব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণের প্রতিবাদ, সাংবাদিক নির্যাতন ও সংবাদমাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদ, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবি, অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতা ও সকল রাজবন্দির মুক্তির দাবি এবং এখনো পর্যন্ত অবৈধ সরকারের গণদাবির প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করায় এই হরতাল কর্মসূচি বাড়ানো হয়েছে।

সালাহ উদ্দিন বলেন, আওয়ামী লীগের রাষ্ট্রক্ষমতা চিরস্থায়ী বন্দোবস্তের নেশায় গোটা জাতি আজ শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে রয়েছে। অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করার ঘৃণ্য চক্রান্ত বাস্তবায়নে রাষ্ট্রযন্ত্রের চূড়ান্ত অপব্যবহারের এমন জঘন্য নজির মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।

গণতন্ত্রকামী মানুষের ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করতে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী এখন খালেদা জিয়াকে বিভিন্ন কায়দায় হত্যার ষড়যন্ত্র করছেন।

আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে জনগণ তাদের ব্যালটের অধিকার আদায় করবে’ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘গণতন্ত্র, মৌলিক ও মানবাধিকার পুনরুদ্ধার করবেই। জাগ্রত জনতার গণতন্ত্র মুক্তির নিরন্তর সংগ্রাম বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে গত ৬ জানুয়ারি থেকে সারা দেশে টানা অবরোধ চলছে। এর মধ্যে বিরতি দিয়ে দিয়ে হরতাল আহ্বান করছে জোটটি।

সালমান খানকে নিয়ে নির্মিত হচ্ছে কয়েদি নং ২১০

salman khanসালমান খানের আলোচিত কালো টাকার মামলার রায় চলতি মাসের ২৫ তারিখে ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। তার এ মামলার বিষয়বস্তু ও হাজতবাস নিয়ে বলিউডে নির্মিত হতে যাচ্ছে কয়েদি নং ২১০ শিরোনামে চলচ্চিত্র। গত ১৬ ফেব্রুয়ারি, সোমবার ফিল্মিস্তান স্টুডিওতে সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে।

ভারতীয় একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার নাম নির্ধারণ করা হয়েছে কয়েদি নং ২১০। এ নামকরণের কারণ হিসেবে জানা যায়- সে সময় সালমানের কয়েদি নম্বর ছিল ২১০। সিনেমাটিতে অভিনয় করবেন- উদীয়মান অভিনেতা উসমান খান। পাশাপাশি জেল হাজতের সময় সালমানের সহ হাজতবাসী মহেশ শিয়ানীও অভিনয় করবেন। পরিচালনা করবেন পরিচালক প্রকাশ ঝা। সিনেমাটির প্রযোজনা করছেন রণজিৎ শর্মা।

সিনেমাটি নিয়ে প্রকাশ ঝা বলেছেন, সিনেমাটি শুরু হবে মুম্বাইয়ে এবং শেষ হবে যোধপুরে। মাঝে মধ্যে মানবিক কাজও অপরাধ হয়ে যায় তারকা হওয়ার কারণে। তাদের সব কিছুই শিরোনামে পরিণত হয়। সালমান যে মানবতাবাদী আমরা সেই বিষয়গুলো নিয়েই কাজ করছি।

প্রযোজক রণজিৎ শর্মা বলেছেন, সালমান খানের প্রতি আমার আলাদা ধরণের মুগ্ধতা রয়েছে। তিনি খুব সাধারণ এবং যা কিছু করে হৃদয় থেকে করেন। সিনেমাটি তার জীবনের একটি অংশ নিয়ে নির্মিত হবে। যা খুবই ব্যক্তিগত। সে সময় তার সঙ্গে যারা ছিলেন তারাও এ সিনেমায় থাকবেন।

১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরে হাম সাথ সাথ হ্যায় সিনেমার শুটিংয়ের সময় সহ অভিনয় শিল্পীদের সঙ্গে কালো টাকা রাখার মামলায় আটক হয়েছিলেন সালমান। এ জন্য সালমানকে ৭২ ঘণ্টা জেল হাজতে কাটাতে হয়েছিল।

শুক্রবার ঢাকায় আসছেন হাউজ অব লর্ডসের স্পিকার

sujaজাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর আমন্ত্রণে ঢাকায় আসছের ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষ হাউস অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সুজা। আগামী শুক্রবার রাতে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।

বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিরীন শারমিন জানান, ব্যারোনেস ডি সুজা দুই দিনের সফরে ঢাকা আসবেন।

সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তী জানিয়েছেন, একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যারোনেস শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করবেন। শনিবার বিকেলে চারটায় সংসদ ভবনের বাংলাদেশের স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।

এছাড়াও লর্ডস স্পিকার জাতীয় সংসদের অধিবেশন কক্ষ এবং লাইব্রেরিসহ সংসদ ভবনও ঘুরে দেখবেন বলে জানান প্রণব চক্রবর্তী।

ভালো চরিত্রের অপেক্ষায় স্পর্শিয়া

sporshiyaছোট পর্দার নিয়মিত মুখ অর্চিতা স্পর্শিয়া এবার চলচ্চিত্রের অভিনেত্রী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ভালো চিত্রনাট্য ও ভালো চরিত্রের অপেক্ষায় রয়েছেন তিনি। হুট করে কোনো সিদ্ধান্ত নিতে চান না তিনি, বুঝেশুনেই পা ফেলতে চান সিনেপাড়ায়।

এ বিষয়ে স্পর্শিয়া জানান, দু তিনটি সিনেমার ব্যাপারে কথা হয়েছিল। কিন্তু ব্যাটে-বলে সবকিছু মেলেনি বলে আমার সিনেমাগুলো করা হয়নি। তবে এ বছর একটি সিনেমা করতে পারি। এটা আবার সরকারি অনুদানেরও হতে পারে। তবে চূড়ান্ত হয়নি কিছু।

স্পর্শিয়া বলেন, হরহামেশাই চলচ্চিত্রের অফার আসছে। কিন্তু আমি মনে করি, চলচ্চিত্র ব্যাপারটি এত সোজা নয়। শুধু ভালো অভিনয় জানলেই চলে না। আমি চলচ্চিত্রের এ টু জেড নিয়ে পড়াশোনা করতে চাই। আরও পাকাপোক্ত হয়ে তবেই সিনেমা করবো।

সিনেমাতে কোন ধরনের চরিত্রে কাজ করবেন – এ প্রশ্নের জবাবে স্পর্শিয়া বলেন, আমি কোনো নির্দিষ্ট প্যাটানের্র অভিনেত্রী হতে চাই না। আমার ফ্যান, ফলোয়ারস সবাই জানে আমি আসলে কোন ধরনের অভিনেত্রী। আমি এমন সব চরিত্রেই কাজ করতে চাই, যার মাধ্যমে দর্শককে কোনো মেসেজ দিতে পারবো।

টাঙ্গাইলে ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ, চালক ও হেলপার দগ্ধ

trak24টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। এতে ট্রাকচালক ও হেলপার দগ্ধ হন। আহতরা হলেন- ট্রাকচালক উজ্জ্বল (৩২) এবং হেলপার মামুন (২২)।

বুধবার  রাত ১টার দিকে ভূঞাপুর উপজেলার সারপৈলশিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে। দগ্ধদের মধ্যে মামুনের অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়, রাতে উপজেলার সিরাজকান্দি বালুরঘাট থেকে বালুবোঝাই ট্রাকটি টাঙ্গাইল যাওয়ার পথে সারপৈলশিয়া এলাকায় কে বা কারা পেট্রলবোমা নিক্ষেপ করে।

এতে ট্রাকচালক উজ্জ্বল এবং হেলপার মামুন দগ্ধ হন। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

লক্ষ্মীপুরে যুবদল নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

marder gunলক্ষ্মীপুর সদর উপজেলায় যুবদল নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই যুবদল নেতার নাম মোঃ বাবুল হোসেন। তিনি সদর উপজেলার ভাঙ্গাগাঁও ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ভাঙ্গাগাঁও ইউনিয়নের নেয়ামতপুর দোলাকান্দির একটি খাল থেকে বাবুল হোসেনের গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করে পুলিশ। তার শরীরে ৫টি গুলির চিহ্ন রয়েছে।

এদিকে নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছে, বুধবার বিকালে বাবুল হোসেন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রাতে অনেক খেঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে নেয়ামতপুর দোলাকান্দির একটি খালে তার লাশটি ভাসতে দেখা যায়।

পরে খবর পেয়ে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ইসলামের বিরুদ্ধে নয়, ইসলামকে বিকৃতি করছে যারা তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র : ওবামা

obama21যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে বারাক ওবামা বলেছেন, আমরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছি না যারা ইসলামকে বিকৃত করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে যুক্তরাষ্ট্র।

সন্ত্রাসবাদ ও চরমপন্থা বিষয়ক ৩ দিনব্যাপী হোয়াইট হাউস সম্মেলনের উদ্বোধনী ভাষনে প্রেসিডেন্ট ওবামা বলেন, একটা ভুল ধারণা গড়ে উঠেছে যে ইসলাম এবং পশ্চিমাশক্তি বিরোধে লিপ্ত এটি কেবল ভুল ধারণাই বরং ইসলামের সঠিক মর্মবাণীর বিরুদ্ধে। অবশ্যই যারা খোদার দোহাই দিয়ে মানুষ হত্যার মতো গর্হিত কাজে লিপ্ত তাদের আদর্শ ইসলামের শতকোটি মানুষ সমর্থন করে না। কোনো ধর্ম সন্ত্রাসকে সমর্থন করে না, কোনো ধর্ম সন্ত্রাসে লিপ্ত নয়, মানুষ সন্ত্রাসে লিপ্ত।

তিনি বলেন, যারা আইস’র ইসলামের অর্ন্তনিহিত শিক্ষা থেকে দূরে সরে গিয়ে আইএস’র মতো সন্ত্রাসী সংগঠনে জড়িয়ে পড়ছে।

এর আগে হোয়াইট হাউসের উগ্রবাদী সহিংসতা প্রতিরোধ সম্মেলনে বাংলাদেশের বিষয়ে বার্তা আসছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী সারাহ সিওয়াল।

বুধবার ওয়াশিংটনস্থ ফরেন প্রেস সেন্টারে সম্মেলন উপলক্ষে দেয়া প্রিভিউ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং জনগণের দাবি-দাওয়া আদায়ে সিভিল সোসাইটির প্রতিষ্ঠানগুলোর সুযোগ অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র বরাবরই আহ্বান জানিয়ে আসছে বলেও জানান সারাহ সিওয়াল।

ব্রিফিংটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতের মুখপাত্র মেরি হার্ফ। এ সময় নিউ ইয়র্কস্থ স্টেট ডিপার্টমেন্টের ফরেন প্রেস সেন্টার থেকে ভিডিও কন্সফারেন্সে যোগ দেন বাংলাদেশের সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ একটি উদার মুসলিম দেশ, বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক সংকটময় মুহূর্ত চলছে। গণতান্ত্রিক সমাজে সহনশীলতা অত্যন্ত জরুরি বিশেষ করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য। অথচ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, বিচার বহির্ভূত হত্যাকান্ড চলছে। একটি ভীতিকর পরিস্থিতি চলছে দেশটিতে। বাংলাদেশের বর্তমান সরকার বলার চেষ্টা করছে বাংলাদেশে বর্তমানে যা চলছে তা রাজনৈতিক কর্মকান্ড নয় বরং এটি সন্ত্রাসবাদী এবং উগ্রবাদী কর্মকান্ড। অথচ পশ্চিমা দুনিয়ার সব গণমাধ্যমসহ সবাই বিষয়টি অবগত যে, এটি একটি সম্পূর্ণ রাজনৈতিক সংকট। কারণ ২০১৪ সালে একটি একতরফা নির্বাচনের মাধ্যমে এ সরকার ক্ষমতায় আসে। এ নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপিসহ বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়নি।

এ সময় তিনি জানতে চান এমনি একটি বাস্তবতায় বাংলাদেশ এই সম্মেলনে অংশগ্রহণকারী দেশ হিসেবে সম্মেলনের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রতি কি বার্তা থাকবে? জবাবে সারাহ সিওয়াল বলেন, এটি  খুব গুরুত্বপূর্ণ সুযোগ যে এই সম্মেলনের মাধ্যমে উগ্রবাদী সহিংসতা প্রতিরোধ ব্যবস্থাপনার ক্ষেত্রে  যুক্তরাষ্ট্রের সঙ্গে (বাংলাদেশের) সম্পর্ক উন্নয়নের সুযোগ উন্মুক্ত হবে। মানবাধিকার সমুন্নত রাখা এবং সুশীল সমাজের ভূমিকা প্রসস্ত করা এবং গণতান্ত্রিক ধারাবাহিকতার বিষয়ে প্রেসিডেন্ট ওবামা একাধিকাবার গুরুত্বারোপ করেছেন। তার মতে, বাংলাদেশের বর্তমান বিষয়টি সম্মেলনের ৪র্থ অধিবেশনের আলোচনায় গুরুত্ব পাবে।

সারাহ সিওয়াল আরো জানান, এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে উগ্রবাদী সহিংসতার বিরুদ্ধে দীর্ঘ মেয়াদি ও টেকসই ব্যবস্থাদি গ্রহণ করার বিষয়াদি নিরুপন করা।

ইউক্রেন: কোনো পক্ষই শান্তি চায় না

ucrenfইউক্রেনের সমস্যার মোকাবিলায় আন্তর্জাতিক তৎপরতা চলছে, জার্মানি এবং ফ্রান্সের মতো ইউরোপের শক্তিধর দেশগুলি বড় ভূমিকা নিয়েছে, কিন্তু তা সত্ত্বেও ১৫ ফেব্রুয়ারি যুদ্ধবিরতির যে প্রস্তাব গৃহীত হলো, তা বিশেষ আশা জাগায় না। ইউক্রেনের রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের যুদ্ধ চালিয়ে যাওয়া যাদের স্বার্থের অনুকূল, তাদের অবস্থান পালটায়নি। তবে রাজনীতির কিছু তাৎক্ষণিক বাধ্যবাধকতা থাকে, যার ফলে একটা সাময়িক বোঝাপড়া সম্ভব হতে পারে, যে বোঝাপড়া থেকে আবার ইউক্রেনের একটা নতুন এবং স্থায়ী মানচিত্র তৈরি হতে পারে। যেমন যুগোস্লাভিয়ার ক্ষেত্রে  অনেকগুলো যুদ্ধবিরতি এবং বোঝাপড়ার মধ্য দিয়ে একটা স্থায়ী সমাধানে পৌঁছানো গিয়েছিল।

ইতিমধ্যে এক দিকে পশ্চিম ইউরোপে এবং অন্য দিকে পূর্ব ইউরোপ ও রাশিয়া, দুই অংশেই আবেগ ও আকাঙ্ক্ষা প্রবল থাকবে এবং তার ফলে সংঘাতের পরিবেশও জারি থাকবে। টিমথি গার্টন অ্যাশ-এর মতো যে সব ইউরোপীয় পর্যবেক্ষকের লেখাপত্র কলকাতায় অনেকেই পড়েন, তারা বলেই চলবেন যে, রাশিয়ানদের ভাতে মারার নীতিই আমেরিকার অনুসরণ করা উচিত। তারা আসলে ঠান্ডা লড়াইয়ের পুনরাবৃত্তি চান। অন্য দিকে, রাশিয়া এবং পূর্ব ইউক্রেনের মানুষের চোখে কিয়েভ হল ‘বান্দেরা’দের-এর ঘাঁটি। (দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউক্রেনের প্রভাবশালী রাজনৈতিক নেতা স্তেফান বান্দেরা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ফ্যাসিস্তদের সঙ্গে হাত মিলিয়েছিলেন।)

ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কা এবং তার বিরুদ্ধে যুদ্ধরত দোনিয়েত্স্ক ও লুহান্স্ক-এর নোভোরুসিয়া (নব-রাশিয়া)-পন্থী বিচ্ছিন্নতাবাদী, কোনো তরফেরই যুদ্ধবিরতি মেনে চলার তাগিদ নেই। কিয়েভ-এর রাজনীতিক ও অফিসাররা মনে করেন, ন্যাটো যথেষ্ট অস্ত্র সরবরাহ করলে এই যুদ্ধ তারা জিততে পারবেন, যদিও বহু প্রাণের বিনিময়ে। সে জয় না পেলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং নেটোর সদস্যপদের জন্য ইউক্রেনের দাবি আদায় করা কঠিন হবে। উল্টো দিকে, বিচ্ছিন্নতাবাদী এবং তাদের রুশ পৃষ্ঠপোষকরা যুদ্ধে জয়ী হতে কৃতসঙ্কল্প, সুতরাং এই লড়াইয়ে তারাও একটা স্পষ্ট অবস্থান নিয়েছেন। তার ফলে রাশিয়াতে নানা গোষ্ঠী পূর্ব ইউক্রেনের বিদ্রোহীদের সমর্থনে জোট বেঁধেছে: পুতিনের প্রেরণায় উজ্জীবিত রুশ জাতীয়তাবাদীরা যেমন আছেন, তেমনই আছেন রস্তভ-এর কসাকরা, যারা ইউক্রেন-বাসী ভাই-বেরাদরদের সহমর্মী।

ইউক্রেনের লড়াইয়ে এক দিকে আছে সে দেশের সেনাবাহিনী, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্ল্যাকওয়াটার নিরাপত্তা রক্ষী বাহিনী, পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং সুইডেন। অন্য দিকে আছে রাশিয়ার রাষ্ট্রশক্তি। ইউক্রেনের সরকারি ভাষ্যকাররা যা-ই বলুন, রাশিয়ার ফৌজ এই লড়াইয়ে সরাসরি যোগ দেয়নি, সংঘর্ষটা চলছে ইউক্রেনের মানুষের দুটি গোষ্ঠীর মধ্যেই। কিন্তু রাশিয়া বিচ্ছিন্নতাবাদীদের প্রভূত সাহায্য করছে, অস্ত্রশস্ত্র দিয়ে, সংগঠন দিয়ে এবং অন্য নানা ভাবে। অভিযান পরিচালনার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে ক্রাইমিয়া, ইউক্রেন-সন্নিহিত রাশিয়ার রস্তভ ও বেলগোরোদ অঞ্চল, আর কুবান, কুর্স্ক ও মস্কোয় রুশ ফৌজ এবং প্রধান গোয়েন্দা সংগঠন এফএসবি’র কিছু অংশ।

দুই তরফই এই যুদ্ধে অনেকটা বিনিয়োগ করেছে। এখনও ধ্বংস এবং প্রাণহানি এমন মাত্রায় পৌঁছায়নি যে সেই বিনিয়োগকারীরা বলবেন, ‘আর নয়, এবার থামা দরকার’। এদের মধ্যে আছেন পশ্চিম ইউক্রেনের ক্ষমতাবানরা (যারা পোরোশেঙ্কোর বন্ধু এবং হিতৈষী)। অন্য দিকে আছেন পূর্ব ইউরোপের ক্ষমতাশালীরা, যারা সোভিয়েত যুগের ক্ষমতার উত্তরাধিকার বহন করছেন। কিন্তু তাদের মধ্যে বিভাজন ঘটে গেছে। ক্রিমিয়া রাশিয়ার দখলে চলে যাওয়ায় তাদের কারও কারও স্বার্থহানি ঘটেছে, যেমন পূর্ব ইউক্রেনের দ্নেপোপেত্রভ্স্ক প্রদেশের গভর্নর কলমইস্কি, তিনি এখন কয়লা ও লোহার খনিতে সমৃদ্ধ দনিয়েৎস্ক অঞ্চলে প্রতিপত্তি ফিরে পেতে একটা আপসের পথে যেতে চান, তাই সেখানে সুস্থিতি ফিরুক এটাই তার কাম্য। অন্য দিকে আছেন সোভিয়েত আমলের কমিউনিস্ট পার্টির কিছু মাতব্বর, যারা সোভিয়েত-উত্তর রাশিয়াতে বিপুল সম্পদের মালিক হন, যেমন রিনত আখমেতভ, যিনি এই অঞ্চলগুলির খনি এবং শিল্প নিয়ন্ত্রণ করেন। এরা দু’দিক রেখে চলার চেষ্টা করছেন, এদের পিছনে আছেন রাশিয়ার ক্ষমতাবানরা।

এই সংঘাতকে কেন্দ্র করে যে বৃহত্তর ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব চলছে, তাতেও আবার দুই পক্ষেরই নিজস্ব ভূমিকা আছে। মনে রাখতে হবে, ইইউ-এর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে একটা আধিপত্য কাজ করে। ওয়াশিংটনের দুনিয়াদারির সাধনায় প্রধান বাধা হলো রাশিয়ান ফেডারেশনের সামরিক শক্তি। ২০১৪’য় ইউক্রেনের রাজধানী কিয়েভ-এ যে শাসকরা প্রতিষ্ঠিত হয়েছে, রাশিয়াকে ঠেকিয়ে রাখার উদ্যোগে শরিক হিসেবে তারা পশ্চিমের কাছে গুরুত্বপূর্ণ। ইইউয়ের নিজস্ব স্বার্থ এ ব্যাপারে ওয়াশিংটনের পক্ষে বিশেষ সুবিধাজনক, আবার ইউক্রেনের জাতীয়তাবাদীদের মধ্যে রুশ-ভাষী এবং অন্যদের বিভাজনও তাদের পক্ষে কম সুবিধার নয়। ইউক্রেনকে ইইউয়ের শরিক করে নেওয়ার প্রকল্পটি নিয়ে ইউরোপের দেশগুলিতে দু’রকম মতই আছে, এক দল এই উদ্যোগে উৎসাহী, অন্য দল উৎসাহী নয়। কিন্তু এ ব্যাপারে ওয়াশিংটন ইইউয়ের উপর নিজের মত চাপিয়ে দিতে পারে, সেখানেই তার আধিপত্য।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারে, রাশিয়ার অর্থনৈতিক শক্তি তেলের দামের উপর বিশেষ ভাবে নির্ভরশীল, কিন্তু দুনিয়ায় সামরিক শক্তিতে রাশিয়া এখনও আমেরিকার পরে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। রাশিয়া সম্পর্কে মার্কিন নীতিবিশারদদের মধ্যে নানা মত আছে। গত শতকের নব্বইয়ের দশকে মার্কিন পররাষ্ট্র দফতরের ডেপুটি সেক্রেটারি স্ট্রোব ট্যালবট বা সাম্প্রতিক কালে রাশিয়ায় নিযুক্ত ভূতপূর্ব মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফল রাশিয়ায় উদার গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের পক্ষে তৎপর হয়েছিলেন, সে দেশের অভ্যন্তরীণ ক্ষমতাকাঠামোয় তার কী প্রতিক্রিয়া হবে সেটা নিয়ে মাথা ঘামাতে চাননি। আবার  ব্র্জেজিনস্কির মতো কূটনীতিবিশারদরা সওয়াল করেছেন যে, আন্তর্জাতিক কূটনীতিতে মার্কিন-ইউরোপীয় প্রকল্পের জন্য রাশিয়ার এখনকার চেহারাটাকেই বিসর্জন দিতে হবে- রাশিয়ার নিজের পক্ষে এর পরিণাম কী হতে পারে সেই প্রশ্নটা তারাও অগ্রাহ্য করেছেন।

আমেরিকা ও ইউরোপের এই উদ্যোগ ঠেকাতে পুতিন ভূতপূর্ব সোভিয়েত ইউনিয়নের দেশগুলির রাষ্ট্রনায়কদের সংহতির আহ্বান জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন পশ্চিম এবং পূর্ব এশিয়ার সমমনোভাবাপন্ন রাষ্ট্রনেতাদেরও। গণতন্ত্র সম্পর্কে ইউরো-মার্কিন ধারণার আধিপত্য অস্বীকার করে পুতিন বলছেন ‘সার্বভৌম গণতন্ত্র’-এর কথা, যা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানকে গণতন্ত্রের সঙ্গে মানানসই বলে মনে করে, ইউরো-মার্কিন ধারণার সঙ্গে তা না মিললেও। ‘ইউরেশিয়ান ইউনিয়ন’ তৈরি করে তিনি সোভিয়েত বলয়ে অর্থনৈতিক শক্তির ভিত্তিতে এই ধারণাকে প্রতিষ্ঠিত করতে চান।

তবে পূর্ব ইউক্রেনের দ্বন্দ্বভূমিতে এই ভূ-রাজনৈতিক সংঘাতের বিশেষ ভূমিকা নেই। সেখানে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা প্রশাসনিক দফতরগুলি দখল করেছে এবং গুরুত্বপূর্ণ কিছু অঞ্চলে ঘাঁটি গেড়েছে, আর্থিক প্রতিষ্ঠান, পেনশন ফান্ডের পরিচালনা, যোগাযোগ ব্যবস্থা এবং জনস্বাস্থ্যের মতো বিষয়গুলিকে কিয়েভের হাতেই ছেড়ে রেখেছে। তারা নিজেদের মুদ্রা প্রচলন করেছে এবং বিভিন্ন জনকল্যাণ কর্মসূচি প্রচলনের কথা বলেছে, কিন্তু এই ব্যাপারগুলোকে খুব একটা গুরুত্ব দেয়নি। দনিয়েৎস্ক এবং লুহান্স্ক অঞ্চলে রাজস্ব সংগ্রহ এবং প্রশাসন পরিচালনায় যথেষ্ট নিয়ন্ত্রণ পাওয়ার জন্য তাদের আরও বেশি এলাকা দখলে আনা দরকার। রাশিয়া তার দায় নেবে না, বিশেষ করে তেলের দাম এত কমে যাওয়ার পরে। এখনই যুদ্ধ থেমে গেলে বিচ্ছিন্নতাবাদীরা সেই প্রয়োজনীয় ক্ষমতা পাবে না। তাই শান্তি তাদের স্বার্থের অনুকূল নয়। অন্য দিকে, ইউক্রেন সরকার তার বিভিন্ন প্রতিশ্রুতি পালনে বার বার ব্যর্থ হয়েছে। দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে সীমান্তের উপর তার কোনও নিয়ন্ত্রণ নেই। যুদ্ধবিরতি জারি থাকলে কিয়েভকে তার আর্থিক দায়গুলি মেটাতে হবে, বিচ্ছিন্নতাবাদীদের এলাকাগুলিতে সুস্থিতি আনতে হবে। শান্তি পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এই লক্ষ্য পূরণের অনুকূল নয়।

তবে শান্তি বজায় থাকাটা বাণিজ্যিক লেনদেনের পক্ষে ভাল এবং সেটা জ্বালানি সরবরাহের বন্দোবস্তকেও নতুন করে ঠিকঠাক করে নিতে সাহায্য করবে। এই কারণেই ইউরোপ ও রাশিয়া যুদ্ধবিরতি মেনে নিয়েছে। তা ছাড়া, শান্তি বজায় থাকলে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ ইউক্রেনে একটা ফেডারেশন তৈরির ব্যাপারে কথা চালাতে পারবে। সেই আলোচনা সফল হবে না, কিন্তু তার ফলে দুই তরফেরই প্রত্যাশা নিয়ন্ত্রিত হবে এবং যথাযথ সমাধানে পৌঁছনোর পথটা প্রসারিত হবে। এটাই এই পরিস্থিতিতে একমাত্র আশার আলো।

অবস্থা উদ্বেগজনক। ব্যবসাবাণিজ্য চলছে, যেমন চলছে কয়লাখনি বা কারখানাগুলিও, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ও জনপরিষেবার হাল খুব খারাপ। যুদ্ধবিগ্রহের ফলে বিভিন্ন এলাকায় সরাসরি ক্ষয়ক্ষতি তো ঘটছেই, বিধ্বস্ত ইমারতের ছবিগুলোই তার প্রমাণ, পাশাপাশি সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থায় আঘাত পড়ার ফলে অর্থনীতি বিপর্যস্ত হচ্ছে। উদ্বাস্তু মানুষের স্রোত অব্যাহত। এই পরিস্থিতিতে নির্বাচনের ফল সীমিত হতে বাধ্য। এই ধরনের পরিস্থিতিতে সচরাচর ‘ব্যর্থ রাষ্ট্র’ কথাটি ব্যবহৃত হয়, যদিও ব্যর্থতাটা কার, সেটা বেশির ভাগ ক্ষেত্রেই স্পষ্ট হয় না। তবে পূর্ব ইউক্রেনের ভবিষ্যত্ অন্ধকারাচ্ছন্ন, রুপোলি রেখাগুলো নজর করার পরেও অন্ধকার ঘোচে না।

মেসি-রোনাল্ডো সমানে সমান!

ronaldo messiiচ্যাম্পিয়নস লিগের বৃহস্পতিবার শালকে’র বিপক্ষে গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। গোল পেয়েছেন মার্সেলো। দুজনের গোলে গতবারের শিরোপাজয়ীরা কোয়ার্টার ফাইনালে ওঠার পথে একধাপ এগিয়ে গেল। আগামী ১০ মার্চ ফিরতি লেগের খেলা রিয়াল মাদ্রিদের মাঠ বার্নাব্যুতেই।

খেলার ২৬ মিনিটে হেড থেকে গোল করে দলকে এগিয়ে নেন তিন ম্যাচ পরে খেলতে নামা রোনাল্ডো। ব্রাজিলিয়ান মার্সেলোর পা থেকে রিয়াল দ্বিতীয় গোল পায় খেলার ৭৯ মিনিটে। এ জয়ে গতবার এবং এবার মিলে পরপর ১০ ম্যাচ জিতল স্প্যানিশ জায়ান্টরা৷

তিন ম্যাচ পর গোলের দেখা পেলেন রোনাল্ডো। এ গোলের ফলে মেসি ও রাউলের পাশে নাম লেখালেন পর্তুগিজ তারকা। চ্যাম্পিয়নস লিগের মতো টুর্নামেন্টগুলোতে রিয়ালের হয়ে রোনাল্ডোর গোল সংখ্যা ৫৮। আর সব মিলিয়ে রোনাল্ডোর গোল ৭৬। আর্জেন্টিনার অধিনায়ক বার্সেলোনার তারকা মেসি ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রাউলের গোলও ৭৬।

নিজের স্বার্থেই মমতার ঢাকা সফর

momta18নিজের লাভের জন্যই মমতা ব্যানার্জি ঢাকা আসছেন এমন ইঙ্গিত দিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।

আজ আনন্দবাজার লিখেছে, তিস্তার পানিতে গত চার বছর ক্রমশই ঘোলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঢাকার সম্পর্ক। তাতে আরও ইন্ধন জুগিয়েছে বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণ। ভাষা দিবসের ঐতিহাসিক আবেগকে কাজে লাগিয়ে প্রায় তলানিতে পৌঁছে যাওয়া সম্পর্ক চাঙ্গা করার লক্ষ্যে আজ সন্ধ্যায় ঢাকার শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পা রাখবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সঙ্গে পাত্র-মিত্র-অমাত্যদের বিরাট দল।

প্রতিবেদনে বলা হয়, তিস্তার পানিবণ্টনের বিরোধিতা করেই ২০১১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে ঢাকা সফর শেষ প্রহরে বাতিল করেছিলেন মমতা। পদ্মাপারে তার প্রতি বিরূপ মনোভাবের সেটাই সূত্রপাত। খাগড়াগড়ের বিস্ফোরণ এবং জামায়াতের সন্ত্রাসে তৃণমূল সাংসদের যুক্ত থাকার অভিযোগ যাকে আরও তীব্র করেছে। এ খবর অনিবার্য ভাবেই পৌঁছেছে মমতার কানে। পরিস্থিতি সামাল দিতে তাই বারে বারে ঢাকা সফরে আসতে চেয়েছেন তিনি। কখনও ফিরোজা বেগমকে শেষ শ্রদ্ধা জানাতে, কখনও অন্য কোনো উপলক্ষে। কিন্তু কী দিল্লি, কী ঢাকা কোনো তরফেই সাড়া মেলেনি।

আনন্দবাজার জানাচ্ছে, এর পর প্রায় আচমকাই ছিটমহল হস্তান্তর নিয়ে আপত্তি প্রত্যাহার করে নেন মমতা। তার এই বদলে যাওয়া মনোভাব দ্বিপাক্ষিক সম্পর্কের পক্ষে সহায়ক হবে বুঝেই এ বার ইতিবাচক সাড়া দিয়েছে মোদী সরকার। মমতার এই সফরে ঢাকার পাশাপাশি তাই দিল্লির অবদানও কম নয়। সূত্রের খবর, মমতা বিমানে ওঠার ২৪ ঘণ্টা আগেই ফোনে তার সঙ্গে কথা সেরেছেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ঢাকার পাশাপাশি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়েরও আশা, এই সফরকে স্মরণীয় করে রাখতে সক্রিয়তা থাকবে মমতার তরফেও। তিস্তার পানিবণ্টন চুক্তিতে সায় দেওয়া নিয়ে একেবারে পাকাপাকি কোনো ঘোষণা করুন বা না-করুন, একটু নমনীয়তার ইঙ্গিতও যদি দেন মমতা, সেটাকেই বড় প্রাপ্তি বলে মনে করা হবে। কারণ, লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গে প্রচারে গিয়ে তিস্তা চুক্তির বিরুদ্ধেই কথা বলেছিলেন তিনি।

কিন্তু তার পরে এই ন’মাসে পরিস্থিতি অনেকটাই পাল্টেছে। তৃণমূলের এক রাজ্যসভার সাংসদের সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠনের যোগাযোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ওই সাংসদের হাত দিয়ে সারদা কেলেঙ্কারির অর্থ চোরাপথে বাংলাদেশের জঙ্গি সংগঠনের কাছে পৌঁছেছে, এমন অভিযোগও উঠেছে। খাগড়াগড়ের বিস্ফোরণে বাংলাদেশি জঙ্গি সংগঠনের হাত প্রকাশ্যে আসায় আরও অস্বস্তিতে পড়তে হয়েছে মমতাকে। পশ্চিমবঙ্গে ক্রমশ শক্তি বাড়ানো বিজেপি যে গোটা বিষয়টিকে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রচারে ব্যবহার করবে, এটা টের পেয়েছেন তৃণমূল নেত্রী।

প্রতিবেদনে বলা হয়, সেই কারণে হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার মমতার কাছে জরুরি হয়ে পড়েছে বলে অনেক রাজনীতিকের মত। তারা বলছেন, মমতা জানেন, তার বিরুদ্ধে এই প্রচার ভোটারদের মধ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে। দেশভাগের ফলে চলে আসা রাজ্যের একটা বড় অংশের মানুষের মননে এখনও বাংলাদেশ নিয়ে একটি আবেগ কাজ করে। ঢাকার সঙ্গে সদা সংঘর্ষের পথে চললে, সেই আবেগও বিরুদ্ধে যেতে পারে। মমতার অবস্থান বদলের মূল কারণ এটাই, বলছেন ওই রাজনীতিকরা।

আনন্দবাজার বলছে, আর দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়েও এক কর্তার কথায়, সেই না-যাওয়ার পরে মমতার এই যে ঢাকা যাওয়া এটাই তো একটা ইতিবাচক বিষয়! বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারাও বলছেন, মমতার ঢাকা আসার আগ্রহটাই প্রমাণ করে যে তিনি তিস্তা নিয়ে আলোচনায় প্রস্তুত। কারণ, পোড় খাওয়া রাজনীতিবিদ মমতা ভালোই জানেন যে, এই মুহূর্তে ভারত-বাংলাদেশের রাজনৈতিক ক্লাইম্যাক্স হলো তিস্তা। আগামী ২০ তারিখ মমতার সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই আলোচনার টেবিলে পদ্মার ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাবেন মমতা। আর ঢাকার তরফে যে তিস্তা চুক্তির কথাই বলা হবে সে ব্যাপারে সচেতন তিনি। ঢাকা চায়, এই আলোচনার পরিপ্রেক্ষিতে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে ইতিবাচক কোনো ঘোষণা করুন মমতা।

প্রবিবেদনে বলা হয়, তিস্তা নিয়ে আলোচনার ক্ষেত্রে দু’টি বিষয়কে গুরুত্ব দিচ্ছে হাসিনা সরকার। এক, নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্রের রিপোর্ট। সমস্ত মরসুমের তিস্তার প্রবাহ খতিয়ে দেখে তাকে রিপোর্ট প্রস্তুত করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সেটি তিনি জমা দিয়ে দিয়েছেন। দুই, সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরন সম্প্রতি কলকাতা গিয়ে কল্যাণের সঙ্গে গোটা বিষয়টি নিয়ে কথা বলে এসেছেন। এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে পানিবণ্টনের ব্যাপারে একটা ইতিবাচক পথ বেরিয়ে আসবে বলেই ঢাকা আশাবাদী। পাশাপাশি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সফরটিকে বিজ্ঞাপন করে বাংলাদেশ জুড়ে তাণ্ডব চালানো মৌলবাদী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বার্তা দিতে চায় তারা।

আনন্দবাজার বলছে, ঢাকার কূটনৈতিক সূত্রে খবর, গত তিন মাস ধরেই বাংলাদেশ সফরের আগ্রহ দেখিয়ে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেছিলেন মমতা। নভেম্বরে বাংলাদেশ থেকে আসা সংসদীয় প্রতিনিধি দলের কাছেও তিনি এ বিষয়ে উৎসাহ দেখান। ডিসেম্বরে দিল্লি ও কলকাতা সফরে আসা বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদকেও মমতা জানিয়েছিলেন তিনি ঢাকা যেতে চান। তাৎপর্যপূর্ণ ভাবে এই সময়েই বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তিটি নিয়ে আপত্তি তুলে নেন মুখ্যমন্ত্রী। এই সফরের আগে তিন দিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে বন্দি বাংলাদেশিদের মুক্তি দিয়েছে রাজ্য সরকার। এটিও অবশ্যই একটি মৈত্রীর সঙ্কেত!

বাংলাদেশ সরকার সূত্রে জানা গিয়েছে, শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য এবং শীর্ষ পর্যায়ের বৈঠক ছাড়াও ঢাকা বইমেলা, ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। রিকশা করে শহর ঘোরারও ইচ্ছা রয়েছে তার। তবে গত দেড় মাস ধরে যে ভাবে বিরোধীরা হরতাল ও হিংসা চালিয়ে আসছে, তাতে তার সে ইচ্ছে মিটবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। শেখ মুজিবর রহমানের নামে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি চেয়ার চালু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ওই চেয়ারটির উদ্বোধনে হাজির থাকতে কলকাতায় আমন্ত্রণ জানাবেন মমতা।

আনন্দবাজার পত্রিকাটি এক সময় মমতাকে সমর্থন করতো। উদ্দেশ্য ছিল সিপিএম’র বিরোধিতা। এখন হয়ে ওঠেছে কট্টর বিজেপি সমর্থক।একই সঙ্গে কট্টর মমতা বিরোধী।