শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

১/১১’র কুশিলবরা সরকারের মন্ত্রিসভায় দাবা খেলছে: মান্না

mannaaনাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, “সংলাপের উদ্যোগ নেয়া নাগরিক সমাজের প্রতিনিধিরা এক-এগারো’র কুশিলব নয়, বরং এক-এগারো’র কুশিলবরা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রীসভায় দাবা খেলছে।”

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

‘চলমান রাজনৈতিক সংকট ও আমাদের ভবিষ্যত’ শীর্ষক আলোচনার আয়োজন করে নাগরিক ছাত্র ঐক্য। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক নাজমুল হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, জাসদ (রব)-এর নেতা আব্দুল মালেক রতন ও এমএ গোফরান সেখানে বক্তব্য রেখেছেন।

মাহমুদুর রহমান মান্না ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে বলেন, “বার্ন ইউনিটে গিয়ে মায়াকান্না করা বাদ দিন। কোনটা গ্লিসারিনের কান্না আর কোনটা আসল কান্না- সে বিতর্ক আমরা করব না। তবে মমতাময়ী মা কানতে কানতে অস্থির হয়ে গেছেন।”

তিনি বলেন, “সংলাপের প্রস্তাবে সরকার সাড়া না দিলে এক সময় কথা বলারও সুযোগ পাবে না।”

বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি না করতে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মান্না। তিনি বলেন, “নাশকতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলে যেসব বক্তব্য দেয়া হচ্ছে, সেসবের মাধ্যমে বিচারবহির্ভূত হত্যায় জড়িত আইনশঙ্খলা বাহিনীর সদস্যদের দায়মুক্তি দেয়া হচ্ছে।”

“সরকারের এমপিরা পুলিশ পাহারায় বাড়িতে যায়। আবার বলে দেশের পরিস্থিতি স্বাভাবিক। ক্ষমতাসীনদের লজ্জা নেই। তারা ঘড়ের ওপর চেপে বসে আছে।” বিভিন্ন স্থানে পেট্রলবোমা হামলার সঙ্গে ছাত্রলীগ-যুবলীগ জড়িত বলেও মন্তব্য করেন তিনি। এসব ঘটনার নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান মান্না।

আওয়ামী লীগের সাবেক এ নেতা বলেন, “ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনে বিরোধীদল না থাকলে না থাকবে। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ছেড়ে দেয়া হবে না। হঠাৎ করে একদিনেই ডিসিসি’র সীমানাবিতর্ক শেষ হয়ে গেল। এটি কেমনে সম্ভব? আলাদিনের চেরাগ একটি আছে আলাদিনের কাছে, আরেকটি হাসিনার কাছে।”

আসিফ নজরুল বলেন, “ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধ রোগীদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হচ্ছেন। কিন্তু ক্রসফায়ারে নিহতদের স্বজনদের কান্না দেখে কি মমতাময়ী মায়ের কোনো কান্না আসে না?”

তিনি বলেন, “বর্তমান আওয়ামী লীগ সরকারের মতো এমন ফ্যাসিস্ট সরকার নব্বইয়ের পর আর দেখিনি…। এরশাদ ও খালেদার সময়ও বিরোধীদল তাদের কর্মসূচি পালন করতে পারত। কিন্তু এখন পারছে না। এরশাদ-খালেদার মধ্যেও নির্বাচনের পর পাঁচ বছর ক্ষমতায় থাকার অহংকার ছিল না। এ সরকার পাঁচ বছর থাকবে বলছে।”

মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইপি প্রতিনিধি দল

eu16বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ্ন প্রকাশ করেছে বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট (ইপি) প্রতিনিধি দল।

এ ছাড়া বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট প্রতিনিধি দলের বক্তব্য সম্পর্কে যে মন্তব্য করেছেন, তার প্রতিও ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে এ ক্ষোভের কথা জানান তারা।

বর্তমানে ক্রিশ্চিয়ান ড্যান প্রিডার নেতৃত্বে ছয় সদস্যের  ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট (ইপি) প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছেন।

ইপি প্রতিনিধি দল প্রধান ক্রিশ্চিয়ান ড্যান প্রিডা সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন। আমরা এই জন্যই বাংলাদেশে এসেছি।”

তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বুধবার তাদের সম্পর্কে দেয়া বক্তব্যে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন। এ সময় প্রতিনিধিদলের হাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া বক্তব্য সংবলিত একটি ইংরেজি দৈনিকের কপি দেখতে পাওয়া যায়।

এদিকে, মানবাধিকার কমিশন সূত্র জানায়, জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট প্রতিনিধি দল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বুধবার দেয়া বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রতিনিধি দল এতটাই ক্ষুব্ধ ছিলেন যে, তা আমাদের বৈঠকে পর্যন্ত প্রভাব ফেলেছে।

কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা কারাগারে

kamruzzzজামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা ও পূর্ণাঙ্গ রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় করাগারে পৌঁছেছে।

লাল কাপড়ে মোড়ানো মৃত্যু পরোয়ানা ও পূর্ণাঙ্গ রায়ের কপি বৃহস্পতিবার দুপুর দেড়টায় ঢাকা কেন্দ্রীয় করাগারে এসে পৌঁছায়।

ট্রাইব্যুনালে ডেপুটি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আফতাব উদ্দিন আহমেদ মৃত্যু পরোয়ানাটি কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

এর আগে দুপুর ১২টা ২০ মিনিটে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ এ পরোয়ানা জারি করেন।

এর আগে বুধবার মোহাম্মদ কামারুজ্জামানের আপিলের পূর্ণাঙ্গ রায়ের সার্টিফাইড কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছে।

বুধবার রাত পৌনে আটটায় ট্রাইব্যুনালে রায়ে রায়ের সার্টিফাইড কপি পৌঁছেছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম।

সুপ্রিম কোর্টের সূত্র জানায়, পূর্ণাঙ্গ রায় ৫৭৭ পৃষ্ঠার। রাত আটটার দিকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. মোস্তাফিজুর রহমান বলেন, রায়ের কপি এসেছে। মিলিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম বলেন, রাত পৌন আটটার দিকে পূর্ণাঙ্গ রায় ও আনুষঙ্গিক নথিপত্র ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।

জামায়াতে ইসলামীর সাবেক নেতা আবদুল কাদের মোল্লার পুনর্বিবেচনার আবেদন নিষ্পত্তি করে দেয়া পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সিদ্ধান্ত দেন, পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করতে পারবেন দণ্ডিত ব্যক্তি ও রাষ্ট্রপক্ষ। অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বিবেচনার আবেদন নিষ্পত্তি হবে। আপিল বিভাগের এই সিদ্ধান্ত কামারুজ্জামানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে ২০১৩ সালের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাতটি অভিযোগের মধ্যে পাঁচটিতে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিলেন। ওই পাঁচটি অভিযোগে খালাস চেয়ে আপিল করেছিলেন কামারুজ্জামান। গত বছরের ১৭ সেপ্টেম্বর আপিল শুনানি শেষে রায় অপেক্ষমান (সিএভি) রাখা হয়। একই বছরের ৩ নভেম্বর ওই রায়ের আদেশের অংশটুকু ঘোষণা করা হয়।

একাত্তরে বর্তমান শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামে গণহত্যা ও মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে হত্যার দায়ে ট্রাইব্যুনাল-২ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আপিল বিভাগ আদেশের অংশে সোহাগপুরে গণহত্যার দায়ে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে বহাল রাখেন। তবে গোলাম মোস্তফা হত্যাকাণ্ডের জন্য তাকে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের পূর্ণাঙ্গ বিবরণীতে সই করেন চার বিচারপতি।

এই চার বিচারপতি হলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

মুক্তিযুদ্ধকালে আলবদরের সংগঠক কামারুজ্জামান বর্তমানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল। তিনি জামায়াতের দ্বিতীয় সহকারী সেক্রেটারি জেনারেল, যিনি মানবতাবিরোধী অপরাধের দায়ে আপিল বিভাগেও মৃত্যুদণ্ডাদেশ পেয়েছেন। এর আগে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন আপিল বিভাগ। ২০১৩ সালের ১২ ডিসেম্বর ওই রায় কার্যকর হয়।

মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি আপিল বিভাগের তৃতীয় রায়। কাদের মোল্লাকে মৃত্যুদণ্ডাদেশের পর আপিল বিভাগ জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেন। ট্রাইব্যুনালের রায়ে তাঁর মৃত্যুদণ্ড হয়েছিল।

চার অভিযোগ চূড়ান্তভাবে প্রমাণিত: কামারুজ্জামানের বিরুদ্ধে প্রথম অভিযোগ, একাত্তরের ২৯ জুন কামারুজ্জামানের নেতৃত্বে আলবদরের সদস্যরা শেরপুরের ঝিনাইগাতি উপজেলার রামনগর গ্রাম থেকে মুক্তিযোদ্ধা বদিউজ্জামানকে অপহরণ করে আহম্মেদনগর সেনাক্যাম্পে নিয়ে সারা রাত নির্যাতন করেন। পরদিন তাঁকে গুলি করে হত্যা করা হয়। এ অভিযোগে দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনাল কামারুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। তবে আপিল বিভাগ কামারুজ্জামানকে সর্বসম্মতিক্রমে খালাস দিয়েছেন।

দ্বিতীয় অভিযোগ: ১৯৭১ সালের মে মাসের মাঝামাঝি একদিন কামারুজ্জামান ও তার সহযোগীরা শেরপুর কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল হান্নানকে প্রায় নগ্ন করে শহরের রাস্তায় হাঁটাতে হাঁটাতে চাবুকপেটা করেন। এ অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল কামারুজ্জামানকে ১০ বছরের কারাদণ্ড দেন। সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আপিল বিভাগ এ দণ্ড বহাল রেখেছেন।

তৃতীয় অভিযোগ: ১৯৭১ সালের ২৫ জুলাই কামারুজ্জামানের নেতৃত্বে আলবদর বাহিনী, রাজাকার ও পাকিস্তানি সেনাসদস্যরা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামে নির্বিচারে হত্যাকাণ্ড চালায় ও নারী ধর্ষণ করে। ওই বর্বরতার পর থেকে গ্রামটি বিধবাপল্লি নামে পরিচিত। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে এ অভিযোগে কামারুজ্জামানকে দোষী সাব্যস্ত করেন। তবে সংখ্যাগরিষ্ঠ বিচারপতির মতের ভিত্তিতে তাঁর মৃত্যুদণ্ড বহাল রাখেন।

চতুর্থ অভিযোগ: একাত্তরের ২৩ আগস্ট রাতে কামারুজ্জামানের নির্দেশে আলবদরের সদস্যরা শেরপুরের মোস্তফাবাগ থানার গৃদ্দা নারায়ণপুর গ্রামের গোলাম মোস্তফা ও আবুল কাসেমকে সেরিহ সেতুর কাছে নিয়ে গুলি করা হয়। গোলাম মোস্তফা মারা গেলেও আবুল কাসেম নদীতে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচে যান। এই অভিযোগে দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনাল কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন। আপিল বিভাগ তা কমিয়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

সপ্তম অভিযোগ: মুক্তিযুদ্ধ চলাকালে পবিত্র ২৭ রমজান কামারুজ্জামানের নেতৃত্বে আলবদরের সদস্যরা ময়মনসিংহের কোতোয়ালি থানার কাঁচিঝুলি গ্রামের ট্যাপা মিয়া, তার বড় ছেলে জহুরুল ইসলামসহ আরও পাঁচ ব্যক্তিকে ব্রহ্মপুত্র নদের পাড়ে নিয়ে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করেন। তবে এদের মধ্যে ট্যাপা মিয়া নদীতে ঝাঁপিয়ে পড়লে তাকে গুলি করা হয়। গুলি তার পায়ে লাগে। এ অভিযোগে দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনাল কামারুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ অভিযোগে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে কামারুজ্জামানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন আপিল আদালত।

পঞ্চম অভিযোগ ও ষষ্ঠ অভিযোগ ছিল যথাক্রমে মুক্তিযুদ্ধ চলাকালে পবিত্র রমজান মাসের মাঝামাঝি শেরপুরের চকবাজার এলাকা থেকে মো. লিয়াকত আলী, মুজিবুর রহমানসহ ১০ জনকে আহম্মেদনগর উপজেলা পরিষদ কার্যালয়ের কাছে গুলি করে হত্যা করা এবং একাত্তরের নভেম্বরে টুনু ও জাহাঙ্গীরকে অপহরণ করে ময়মনসিংহের জেলা কাউন্সিল ডাকবাংলোতে নিয়ে নির্যাতন করা হয়। এ দু’টি অভিযোগ থেকে কামারুজ্জামানকে খালাস দিয়েছিলেন ট্রাইব্যুনাল।

রাজধানীর পল্লবী থানায় করা একটি মামলায় ২০১০ সালের ১৩ জুলাই কামারুজ্জামানকে গ্রেফতার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই বছরের ২ অক্টোবর তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়। ২০১২ সালের ৪ জুন ট্রাইব্যুনাল-২ তাঁর বিরুদ্ধে সাতটি অভিযোগ গঠন করেন।

রংপুরে শিবিরের ঝটিকা মিছিল, গ্রেফতার ১২

shr২০ দলের টানা অবরোধের ৪৪ তম দিনে এবং তৃতীয় দফা হরতালের চতুর্থ দিনও শান্তিপুর্নভাবে পালিত হয়েছে রংপুর মহানগরীতে।

দলীয় কার্যালয়ে অবরুদ্ধ ছিল বিএনপি। আর ইসলামী ছাত্রশিবির ঝটিকা মিছিল  করেছে। পুলিশ সহিংসতা, গাড়ি ভাংচুর ও নাশকতার অভিযোগে আট বিএনপি ও চার শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

রংপুর পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ মাজেদুল ইসলাম জানান, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ আট বিএনপি এবং চার জামায়াত শিবির কর্মীকে গ্রেফতার করেছে। এদের মধ্যে কোতয়ালী থেকে বিএনপির চার, জামায়াতের এক , পীরগাছা থেকে বিএনপির চার, জামায়াতের এক, পীরগঞ্জ থেকে এক শিবির ও মিঠাপুকুর থেকে এক শিবিরকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন সহিংসতার অভিযোগে মামলা আছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজাতে পাঠানো হয়েছে।

এদিকে বৃহস্পতিবারও মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেনের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে আছেন। তারা কোনো মিছিল সমাবেশ করেনি।  দলীয় অফিসের আশেপাশে বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা আছে।

অন্যদিকে চলমান অবরোধ এবং হরতালের সমর্থনে এবং দিনাজপুর ও গাইবান্ধায় গুলি করে জামায়াত ও শিবির নেতাকে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে নগরীল মাহিগঞ্জ এলাকায় সড়কে ঝটিকা বিক্ষোভ করে মহানগর ইসলামী ছাত্রশিবির নেতাকর্মীরা।

হরতাল অবরোধে রংপুর মহানগরীসহ জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।

এছাড়া দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত নগরীর কোথাও কোন ঝটিকা মিছিল মিটিং পিকেটিং হয়নি।

তবে নগরীর বাইরে গঙ্গাচড়াসহ বিভিন্ন উপজেলায় ২০ দলীয় জোট নেতাকর্মীরা কর্মসূচির পক্ষে বিক্ষোভ করেছে।

এদিকে হরতালের সঙ্গে আবারও অবরোধের কারণে রংপুর মহানগরী থেকে দূরপাল্লা, আন্তঃজেলা ও উপজেলা রুটগুলোতে ভারী ও মাঝারি যানবাহন পুলিশ ও বিজিবির পাহারায় চলাচল করেছে। এছাড়া নগরীতে দোকান পাটও খুলেছে। বেশ কিছু মার্কেটও খোলা ছিল। রিকশা অটো রিকশা চলাচল ছিল স্বাভাবিক এবং সিডিউল বিপর্যয়ের মধ্যে ট্রেন চলাচল করেছে।

পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, জননিরাপত্তার জন্য পুলিশ সতর্ক অবস্থায় আছে। পুলিশের নিচ্ছিদ্র নিরাপত্তার কারণে সন্ত্রাসী ও দুর্বৃত্তরা আর জনগনের কোন ক্ষতি করতে পারছে না। তারপরেও যদি কেউ করার চেষ্টা করে তাহলে তা কঠোরভাবে মোকাবেলা করতে প্রস্তুত পুলিশ।

ইয়েমেনে বন্দুকযুদ্ধে তেলক্ষেত্রের ৪ নিরাপত্তা কর্মী নিহত

yemen19ইয়েমেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় হাদ্রামাওত প্রদেশে উপজাতিদের সঙ্গে বন্দুকযুদ্ধে তেলক্ষেত্রের নিরাপত্তার দায়িত্বে থাকা চার সৈন্য নিহত হয়েছেন।

এক সামরিক কর্মকর্তা জানান, তেলক্ষেত্রের কাছে ওয়াদি দেওয়ান এলাকায় বুধবার এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সশস্ত্র উপজাতিরা সেনা ছাউনিতে রসদ ও খাদ্য সরবরাহ করা একটি সামরিক গাড়ি বহরে হামলা চালালে সেখানে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে কয়েকজন হামলাকারী নিহত হয়। তবে তাদের সংখ্যা কত তা জানা যায়নি।

শিয়া হুথি মিলিশিয়ারা এ মাসে রাজধানী সানায় তাদের অবস্থান শক্ত করার পর থেকেই ইয়েমেনে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ ঘটনা ঘটল।

এছাড়া ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় এডেন নগরীতে সামরিক বাহিনীর এক গোয়েন্দা কর্মকর্তা বন্দুক হামলায় নিহত হয়েছেন।

সামরিক সূত্র জানায়, বন্দুকধারীরা মনসুরা এলাকায় কর্নেল মোহাম্মাদ আল-জাহরাবিকে লক্ষ্য করে একের পর এক গুলি করলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

নৌমন্ত্রীর পতাকা মিছিলে ককটেল

cocktel5নৌপরিবহণমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের পতাকা মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে শহীদ মিনার অভিমুখে যাওয়ার সময় ৫৯ পুরানা পল্টন বন্ধু হোটেলের (আবাসিক) সামনে দুপুর ১২টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পরে মিছিলে অংশ নেয়া উত্তেজিত শ্রমিকরা ওই ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে।

বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে জাতীয় পতাকা নিয়ে এ মিছিলের আয়োজন করে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ।

মিছিলের আগে মতিঝিলে সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান।

সিলেটে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

road accident2সিলেটে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত এব কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে দক্ষিণ সুরমা থানার লালাবাজার ফাঁসিগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে হবিগঞ্জ এঙপ্রেস নামের একটি বাস সিলেট আসার পথে সিলেট থেকে ঢাকাগামী কাভার্ডভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন মারা যান এবং বাসের কয়েকজন যাত্রী আহত হন।

এদিকে দুর্ঘটনার পর এলকাবাসী সড়ক অবরোধ করে রাখেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া-বৃষ্টি

jhorরাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝড় বইয়ে গেছে। বুধবার রাতে উত্তর-পশ্চিম দিক থেকে শুরু হওয়া এ ঝড়ো হাওয়া বৃহস্পতিবার ভোর পর্যন্ত ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে যায়।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকায় বয়ে যাওয়া বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ৫০ কিলোমিটার। বৃষ্টি হয়েছে ৩ মিলিমিটারের মতো। কালবৈশাখীর কারণে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বুধবার বিকালে ২ নম্বর সর্তকতা সংকেত জারি করা হয়েছিল।

ঢাকায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে দমকা বাতাস শুরু হয়। কিছুক্ষণ পরই এর সঙ্গে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। মেঘের গর্জন ও বিদ্যুৎ চমকানি চলে ভোর পর্যন্ত।

এ ছাড়া রাজধানীর মিরপুর, পুরান ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মগবাজার, বসুন্ধরা এলাকাসহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে।

দক্ষিণাঞ্চলের যশোর, কুষ্টিয়া ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।

একুশে পদক পেলেন ১৫ বিশিষ্ট নাগরিক

hasina19ভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ একুশে পদক-২০১৫ পেলেন ১৫ জন বিশিষ্ট নাগরিক।  বৃহস্পতিবারর সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পদক তুলে দেন।

তাদের মধ্যে সাংবাদিকতায় কামাল লোহানী, ভাষা ও সাহিত্যে দ্বিজেন শর্মা ও মুহাম্মদ নুরুল হুদা, গণমাধ্যমে ফরিদুর রেজা সাগর এবং শিল্পকলায় এস এ আবুল হায়াত, আব্দুর রহমান বয়াতি মরণোত্তর ও এ টি এম শাসুজ্জামান মনোনীত হন।

এ ছাড়া ভাষা আন্দোলনে পিয়ারু সরদার মরণোত্তর, গবেষণায় আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া, শিক্ষায় সনৎ কুমার সাহা, সমাজসেবায় ঝর্না ধারা চৌধুরী, শ্রীমৎ সত্যপ্রিয় মাহাথের, অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী একুশে পদক পান।

এদিকে মুক্তিযুদ্ধ ক্ষেত্রে অধ্যাপক মোঃ মজিবুর রহমান দেবদাসকে এ বছর একুশে পদক দেয়া হয়।

জাতিসংঘের ব্রিফিংয়ে আবারো বাংলাদেশ

dujarজাতিসংঘের নিয়মিত সংবাদ-সম্মেলনে আবারও উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের মুখপাত্র স্টিফেন ডুজাররিকের কাছে বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করা হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বান কি-মুনের চিঠি পাঠানোর ইস্যুটি নিয়ে জানতে চাওয়া হয় ডুজাররিকের কাছে। এখানে সেই অংশটুকু উপস্থাপন করা হলো:

প্রশ্ন: গতকাল বাংলাদেশ বিষয়ে প্রশ্ন করেছিলাম এবং কিছু উত্তর পেয়েছি। রিপোর্ট অনুযায়ী, জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছ থেকে বাংলাদেশ সরকার একটি চিঠি পাওয়ার বিষয় নিশ্চিত করেছে। তারা বলছেন, দুই দিন আগে তারা চিঠিটি পেয়েছেন। কিন্তু, অন্যান্য বিবরণ অনুযায়ী, গত ৩০ জানুয়ারি ওই চিঠি পাঠানো হয়েছিল। জাতিসংঘ প্রতিনিধির কাছে বাংলাদেশ সরকার জানতে চেয়েছে, চিঠিটি পৌঁছতে দুই সপ্তাহ সময় লাগলো কেন? আপনি কি চিঠির বিষয়টি নিশ্চিত করতে পারেন? চিঠির বিষয়বস্তু সম্পর্কে আপনি কি কোনো কিছু বলতে পারেন? ওই চিঠিতে কি লেখা রয়েছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বান কি-মুনের চিঠি পৌঁছাতে দুই সপ্তাহ লাগার খবর কি সত্যি?

মুখপাত্র: আমি চিঠির বিষয়টি দেখব। দেখি আমরা চিঠিটির ব্যাপারে আপনাকে কি জানাতে পারি। এসব চিঠির ক্ষেত্রে আদর্শ পদ্ধতি হচ্ছে, যদি এ ধরনের কোন চিঠি থাকে, সেটি এখানকার স্থায়ী মিশনের মাধ্যমে পাঠানো হয় এবং তারপর স্থায়ী মিশন পুনরায় চিঠিটিকে রাজধানীতে পুনঃপ্রেরণ করে।

প্রশ্ন: চিঠিটি থেকে উদ্ধৃত করে তারা বলছেন, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের জন্য জাতিসংঘ মহাসচিব শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। কেউ কেউ মনে করেন, এটি জাতিসংঘকে এক ধরনের কঠিন অবস্থায় ফেলেছে। বেশ প্রয়োজনীয় শান্তিরক্ষা মিশনের জন্য ধন্যবাদ দেয়া এবং একই সঙ্গে সড়কে সহিংসতার জন্য কাউকে দায়ী করার চেষ্টা- এ দুটি বিষয়ের মধ্যে কি ধরনের সামঞ্জস্য রয়েছে?

মুখপাত্র: আমার মনে হয়, আপনি এ দুটিই করতে পারেন। তবে আপনার জন্য আমি চিঠির বিষয়টি দেখব।