শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

মান্নাকে নিয়ে মন্ত্রিসভায় আলোচনা!

mannaa24সেনা হস্তক্ষেপ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলার টেলিফোন কথোপকথন ফাঁস হওয়ার পর নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে গ্রেফতারের দাবি উঠেছে মন্ত্রিসভায়। এ কথোপকথনকে গভীর ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে মন্ত্রিসভার সদস্যদের অনেকেই মান্নাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। আবার কেউ কেউ মান্নাকে বিএনপির ‘পেইড এজেন্ট’ হিসেবে আখ্যায়িত করেছেন।

সংবাদমাধ্যমে মাহমুদুর রহমান মান্নার দু’টি পৃথক অডিও প্রকাশ হয়। বৈঠকে ওই অডিও নিয়ে মন্ত্রিসভার সদস্যরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কেউ কেউ মান্নার আগের রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেছেন। তারা বলেন, মান্না একেক সময় একেক দল করেছেন। কখনো জাসদ, কখনো বাসদ, এরপর আওয়ামী লীগ-এভাবে দলবদল করেছেন। তার নিজের রাজনৈতিক কোনো চরিত্র নেই। এ নিয়ে হাস্যরসও হয় মন্ত্রিসভায়। আবার কেউ কেউ বলেছেন, মান্নার বড় ভাই জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। জামায়াতের তৎকালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘ করতেন মান্নার বড় ভাই। ঘটনাচক্রে হয়তো মান্না জাসদে যোগ দিয়েছিলেন। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী কোনো মন্তব্য করেননি। সূত্র: প্রথম আলো

আলমারিতে বৌকে লুকিয়ে বিশ্বকাপ খেলেন সাকলাইন

saclineধরুন বিরাট কোহলির আলমারি থেকে আবিষ্কৃত হলেন আনুশকা। কিংবা ধোনির ঘরের আলমারি থেকে বেরিয়ে এলেন সাক্ষী! গল্পটা একদম সেই রকম! আনুশকা শর্মাদের উপস্থিতি বিশ্বকাপে বিরাট কোহলিদের মনঃসংযোগের পক্ষে উপকারী না ক্ষতিকর, তা নিয়ে বিতর্কের মধ্যেই এ দিন যে গল্পটা শুনিয়েছেন সাকলাইন মুশতাক।

প্রাক্তন পাকিস্তানি তারকা স্পিনার জানিয়েছেন, ১৯৯৯ বিশ্বকাপে কী ভাবে টিম ম্যানেজমেন্টের চোখে ধুলো দিয়ে আলমারিতে লুকিয়ে সঙ্গে রেখেছিলেন স্ত্রীকে। রোম্যান্সে বলিউড সুপারহিটকে টক্কর দেওয়া কাহিনির শুরু ১৯৯৯ বিশ্বকাপের সেমিফাইনাল পর্বের আগে। সাকলাইন বলেছেন, “টুর্নামেন্টে তখনও পর্যন্ত বৌরা টিমের সঙ্গেই ছিল। কিন্তু সেমিফাইনালের আগে টিম ম্যানেজমেন্ট জানিয়ে দিল, বৌদের সঙ্গে রাখা যাবে না।”

কিন্তু ‘দুসরা’র উদ্ভাবক স্ত্রী সানাকে ফেরত পাঠাতে রাজি ছিলেন না। তাই দারুণ একটা পরিকল্পনা উদ্ভাবন করেন সাকলাইন। পাকিস্তান টিমের যে যে হোটেলে ওঠার কথা, সেই তালিকা ধরিয়ে দেন স্ত্রীকে।

“টিম পৌঁছনোর আগেই হোটেলে চেক ইন করত সানা। পরে চলে আসত আমার ঘরে। কিন্তু সমস্যা ছিল আচমকা কোচ বা ম্যানেজার এসে গেলে কী করব? আমরা ঠিক করি, ঘরে কেউ এলেই সানা গিয়ে লুকাবে আলমারিতে।”

কিন্তু তা-ও ধরা পড়ে যান। টিম ম্যানেজমেন্টের কাছে নয়, টিমমেটদের কাছে। সাকলাইনের কথায়, “একদিন মুহম্মদ ইউসুফ আর আজহার মাহমুদ আমার ঘরে আড্ডা দিতে এসে হেসেই চলেছে। শেষে বলে, আমরা জানি ভাবী এখানে আছে। ভাবীকে আলমারি থেকে বেরিয়ে আসতে বল।” এর পর কী হয়েছিল, সেটা অবশ্য সাকলাইন আর জানাননি!

হরতাল বাড়ল শুক্রবার সকাল পর্যন্ত

20 dolবিএনপির নেতৃত্বাধীন ২০ দলের চলমান ৭২ ঘণ্টার হরতাল আরো ৪৮ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার ছয়টা পর্য়ন্ত পালনের ঘোষণা দিয়েছে জোটটি। একই দাবীতে বৃহস্পতিবার সারাদেশে জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের ওয়ার্ড পর্যায়ে বিক্ষোভ মিছিল করার ঘোষণাও দিয়েছে তারা।

মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এই ঘোষণা দেন। চলমান অনির্দিষ্টকালের অবরোধও একই সঙ্গে চলবে বলে বিবৃতিতে বলা হয়।

চলমান ৭২ ঘণ্টার হরতাল পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল ছয়টায় শেষ হওয়ার কথা ছিল। ৪৮ ঘণ্টা বাড়ানোয় তা এখন শেষ হবে আগামী শুক্রবার সকাল ছয়টা।

পশ্চিমবঙ্গে একসঙ্গে ৫ কিশোরীর আত্মহত্যা

kishoriপশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় একসঙ্গে বিষ খেয়ে পাঁচ কিশোরী আত্মহত্যা করেছে।

সোমবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের জামবনির ওরো গ্রামে।

স্থানীয় সুত্রে জানা যায়, মোট আত্মহত্যার চেষ্টা করে ছয় কিশোরী। তাদের মধ্যে পাঁচ জন মারা গেলেও একজন আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঝাড়গ্রাম ও সেখান থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তবে কী কারণে ওই ছয়জন কিশোরী একসঙ্গে বিষ খাওয়ার সিদ্ধান্ত নিল সেই বিষয়ে বিস্তারীত এখনও কিছু জানা যায়নি।

মৃত কিশোরীদের দেহ উদ্ধার হয়েছে গ্রামের স্থানীয় একটি মাঠ থেকে। মৃত কিশোরীরা প্রত্যেকে ওড়ো গ্রামের নায়েক পরিবারে  সদস্য বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

এই ঘটনায় ওই পরিবারসহ গ্রামবাসীরা এখন সবাই বাকরুদ্ধ। নায়েক পরিবারের এক সদস্য মঙ্গল নায়েক জানিয়েছেন,  সরস্বতী, সোমা, বেবী, পালং, নমিতা ও পুজা সোমবার সন্ধ্যায় একসঙ্গে মাঠে শৌচকার্্যপ করার জন্য যায়৷ কিন্ত রাত হয়ে গেলেও তারা না ফেরায় তাদের খোঁজ শুরু হয়। প্রতিদিন সন্ধ্যায়  ওরা একসঙ্গে বড়পুকুর মাঠে যায় বলেও জানা যায়।

যেকরাণে তারা রাত অবধি বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা বড়পুকুর মাঠে গিয়ে দেখতে পান সকলেই যন্ত্রনায় কাতরাচ্ছে, মুখদিয়ে ফেনা বের হচ্ছে। এরপর তরিঘড়ি করে ওদের ঝাড়গ্রাম হাসপাতালে পাঠানো হলেও পুজা বাদে সকলেই মারা যায়।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এই কিশোরীদের নামে বিভিন্ন রকম অপবাদ দেওয়া হয়েছিলো। অভিযোগ, তাদের বাজে মেয়ে বলা হত। সেই কারণেই কি তাদের একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্ত নাকি এই ঘটনার পিছনে অন্য রহস্য রয়েছে  তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুজা সুস্থ হয়ে আসলে ঘটনা জানা যাবে বলে মনে করছে পুলিশ।

রাজনৈতিক কর্মকাণ্ড পালনে সুযোগ সৃষ্টির আহ্বান সুইডেনের

friselপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পালনের সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন সুইডিশ রাষ্টদূত। পাশাপাশি দেশের উদ্ভূত সঙ্কট নিরসনে সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সুইডেনের নতুন রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে সুইডেনের নতুন রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল আহ্বান জানিয়েছেন। সোমবার ঢাকাস্থ সুইডিশ দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য দেয়া হয়েছে।

সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল বংলাদেশের সঙ্গে ‘আরো গভীর ও বৃহত্তর’ সম্পর্ক গড়ার ব্যাপারে তার পরিকল্পনার কথা জানিয়েছেন।  পাশাপাশি বাংলাদেশের চলমান সহিংসতা ও হতাহতের ঘটনা এবং দেশের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের ‘সব রাজনৈতিক পক্ষ’ ‘পরিস্থিতির তীব্রতা প্রশমনে পদক্ষেপ গ্রহণ করবে’।

এদিকে ‘উভয় দেশের স্বার্থেই সুইডেন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও বহুমুখী’ করার বিষয়টি ‘সহজতর’ করার বিষয়ে জোর দেন রাষ্ট্রদূত।

সুইডেন ও বাংলাদেশের মধ্যে ‘দীর্ঘস্থায়ী ও চমৎকার’ দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ার বিষয়টি গুরুত্ব পায় এ বৈঠকে। একই সঙ্গে বেশ কয়েকটি ইস্যুতে মতবিনিময় করেন তারা। ‘মহামূল্যবান আলোচনায়’ সময় দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান সুইডিশ রাষ্ট্রদূত।

রাজধানীতে র‍্যাব সদস্যসহ নিহত ২

rabরাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে সড়ক দুর্ঘটনায় একজন র‍্যাব সদস্যসহ দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব সরকার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছের সড়কে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়ির চালক ও মোটরসাইকেলের চালকের মৃত্যু হয়। তাঁদের লাশ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রাখা আছে।
র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান জানান, দুর্ঘটনায় র‌্যাব-৪-এর সদস্য করপোরাল উচ্ছেল আলম নিহত হয়েছেন।

মিডিয়ার চোখে ছানি পড়েছে, কিন্তু অন্ধ হয়ে গেছে জানতাম না: আসিফ

asif fচিত্রনায়ক দেব’কে কলকাতায় গিয়ে বাংলাদেশের সঙ্গে যোগ দেয়ার আন্দোলনে নামার পরামর্শ দেয়ায় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে অভিনন্দন জানিয়েছেন কন্ঠশিল্পী আসিফ আকবর।

তিনি ফেসবুকে লিখেছেন, “কলকাতার হালের চিত্রনায়ক দেব ক’দিন আগে বাংলাদেশ সফর করে গেল। সে বলে গেল দুই বাংলাকে এক দেখতে চায় । মোস্তফা সরয়ার ফারুকীকে অভিনন্দন, তিনি দেব’কে প্রেসক্রিপশন দিয়ে বলেছেন কলকাতা গিয়ে এ বিষয়ে আন্দোলন করতে। বাংলাদেশ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে এনেছে। পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য মাত্র। কিন্তু দুই বাংলা এক হওয়া নিয়ে তার বক্তব্য আমার স্বার্বভৌমত্বে আঘাত হানার চেয়েও বড় কিছু। আরো দশ বছর আগেই বলেছি বাংলাদেশের মিডিয়ার চোখে ছানি পড়েছে, কিন্তু অন্ধ হয়ে গেছে জানতাম না । ধিক্কার জানাই এ সমস্ত এজেন্ডাধারী মিডিয়াকে। দেবের মত একটা ভাঁড় ঔদ্ধত্যপূর্ণ কথা বলে যায় আর মিডিয়া ছাপায় শহীদ মিনারে দেবের ‘ভি’ দেখিয়ে দাঁত কেলানো ছবি ! শহীদ মিনার আমাদের অস্তিত্ব, হাসাহাসির জায়গা নয়। ছিঃহ ! এ দেশের মানুষ ও কি আধমরা হয়ে গেল নাকি বুঝলাম না। এখনো বেঁচে আছি স্বাধীন দেশের নাগরিক হিসাবে। কথা দিচ্ছি আমার বাংলাদেশে দেবকে প্রতিহত করা হবে। এটা শুধু দেব এর নিছক বক্তব্য নয়, সুদুরপ্রসারী কোন পরিকল্পনার অংশ হতে পারে। বিষদাঁত এখুনি ভেঙ্গে দিতে হবে। আধমরাদের ঘা  মেরে জাগিয়ে তুলতে হবে। লক্ষ্য স্থির করুন, মিডিয়ার ওপর চোখ রাখুন, প্রয়োজনে বর্জন করুন এবং প্রতিবাদ মুখর হউন। ঘাপটি মেরে থাকা এজেন্টরা চিহ্নিত হবে খুব দ্রুত ইনশাল্লাহ।”

ষড়যন্ত্র করলেই আইনের আওতায় আনা হবে

kamrul29সকল গণতান্ত্রিক রীতিনীতি বাদ দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যডভোকেট কামরুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিরোধী জোটের হরতাল-অবরোধের প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ফোনালাপের সমালোচনা করে তিনি বলেন, কুজোর যেমন চিত হয়ে শোয়ার স্বপ্ন সফল হয়না।

ঠিক তেমনি মান্না সাহেবের স্বপ্নও কোনদিন সফল হবে না। পলাতক আসামি (খোকা) ও ক্ষমতালোভীদের (মান্না) রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র সফল হবে না।

তিনি বলেন, এসব ষড়যন্ত্র, নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্যকারীদের আর প্রশ্রয় দেয়া যায় না। এখন আমাদের সবচেয়ে বড় কাজ হলো এদরেকে স্ব-মূলে নির্মূল করা। এদেরকে বিচারের কাঠগঁড়ায় দাঁড় করানো হবেই। কাউকে রেহাই দেয়া হবে না।

কামরুল বলেন, দেশের সেনাবাহীনি আজ ঐক্যবদ্ধ আছে। কোন নাশকতা, ষড়যন্ত্র ও সন্ত্রাসকে এরা প্রশ্রয় দেবে না। সাবেক সেনা প্রধান জিয়াউর রহমান ও হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবরা সেনাবাহীনিকে যেভাবে ব্যবহার করছেন ২০১৫ সালের সেনাবাহিনী ও পঁচাত্তরের সেই সেনাবাহিনীর চরিত্র এক নয়।

মানববন্ধনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে নাগরিক সমাজ ষড়যন্ত্র করছেন। এটা দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি সরকারের কাছে আহ্বান জানাবো- মাহমুদুর রহমান মান্নাসহ যারা এর সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।

তিনি আরও বলেন, মান্না সাহেবের মতো আরও অনেকে আছে। যারা ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চায়। তাদের সেই ষড়যন্ত্র কোনদিন সফল হবে না।

সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সদস্য হেদায়াতুল ইসলাম স্বপন, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।

মান্না-কামাল দলছুট সন্ত্রাসী : মায়া

mayaনাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে দলছুট সন্ত্রাসী বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। ২০ দলীয় জোটের ডাকা হরতালের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মায়া বলেন, মান্না-কামাল ও জামায়াতে ইসলাম একই সূত্রে গাঁথা। এরা দলছুট সন্ত্রাসী। কেউই  আইনের  শাসন মানেন না। সংবিধান মানেন না। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।

খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, আপনি ক্ষমতায় আসলে বাংলাদেশ হবে জঙ্গির দেশ। দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন করতে দেয়া হবে না।

মায়া আরো বলেন, খালেদার হরতাল কেউই মানে না। যানবাহন  চলছে, দোকানপাট খোলা আছে, মানুষ কাজকর্ম করছে।

সংগঠনের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, আওলাদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.দিলীপ রায় ও দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন প্রমুখ।

মান্নাকে আটক এবং অস্বীকার গভীর ষড়যন্ত্র

nagorik okkoনাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে গ্রেফতার এবং অস্বীকার করার মধ্যে গভীর ষড়যন্ত্র কাজ করছে।

আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের হল রুমে মাহমুদুর রহমান মান্নার পক্ষে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় পরিষদের সদস্য ইফতেখার আহমেদ বাবু।

তিনি বলেন, সবাই জানে গত রাত সাড়ে ৩টার দিকে বনানীতে অবস্থিত মান্নার এক আত্মীয়ের বাসা থেকে ডিবি পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। অথচ এখন তার আটকের বিষয়টি অস্বীকার করা হচ্ছে।

গণতন্ত্রের দাবিতে মান্না আন্দোলনে তৎপর ছিলেন উল্লেখ করে ইফতেখার বলেন, আমরা কখনো সন্ত্রাস-সহিংসতা সমর্থন করি না। এ থেকে বেরিয়ে আসার জন্য জনগণকে সংযুক্ত করার চেষ্টা করেছি। দেশে ছাত্ররা সব সময়ই আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে।

দেশের বর্তমান অবস্থায় ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত ও বিস্তৃত করতেই মান্না কথা বলছিলেন। কিন্তু বক্তব্যটি বিকৃতভাবে ব্যাখ্যা করে তার বিরুদ্ধে লাশ চাওয়ার অভিযোগ তোলা হয়েছে।

একই সঙ্গে সেনাবাহিনীর কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলার প্রস্তাব নিয়েও পরিস্থিতি ঘোলা করা হচ্ছে। এমন অবস্থায় চলমান সংকটকে আরো ঘনীভূত করতেই মান্নাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক স্বার্থে সবার সঙ্গে কথা বলা যেতে পারে। এর সঙ্গে এক এগারো বা অন্য কোনো যড়যন্ত্রের আবিষ্কার দূরভিসন্ধিমূলক। কথোপকথনের বিষয়টি নিয়ে কথা বলতেই আজকে মান্না সংবাদ সম্মেলন ডেকেছেন, কিন্তু তাকে সে সুযোগ দেওয়া হয়নি।

তিনি আরো বলেন, কেউ রাষ্ট্রবিরোধী কথা বললে তার বিরুদ্ধে মামলা হবে, আইন অনুযায়ী ব্যবস্থা হবে।  কিন্তু তা প্রকাশ করে একজন মানুষের সাংবিধানিক অধিকারকে খর্ব করা হয়েছে বলে মনে করি।

মান্না রাষ্ট্র বিরোধী কোনো কথা বলেননি বলেও দাবি করেন ইফতেখার আহমেদ।

মান্নার বিরুদ্ধে অপপ্রচার বন্ধ ও তার আশু মুক্তি দাবি করেন তিনি। এ বিষয়ে সকল গণতন্ত্রমনা ব্যক্তি, শক্তি ও দলের সহযোগিতা কামনা করেন তিনি।

মান্নার পক্ষ থেকে কোনো আইনি পদক্ষেপ নেওয়া বা কোনো কর্মসূচি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মান্নার পরিবার সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করতে গেছে। এ ছাড়া এ বিষয়টি আমরা পর্যবেক্ষণ করে পরবর্তী কর্মসূচি দেব এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।