শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

১৫ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৭১

srilanka26বিশ্বখ্যাত মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে (এমসিজি) বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। টস নামক ভাগ্যপরীক্ষায় হেরেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। এমসিজিতে আগে ব্যাটিংয়ের সুযোগটাই নিল শ্রীলঙ্কা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ ওভারে বিনা উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ৭১ রান। থিরিমান্নে ৩৫, দিলশান ৩১ রানে ব্যাট করছেন।
ইনিংসের চতুর্থ বলেই লঙ্কানদের উপহার দিলেন এনামুল হক বিজয়। স্লিপে মাশরাফির বলে লাহিরু থিরিমান্নের সহজ ক্যাচ ছেড়েছেন বিজয়। যা হতাশ করেছে এমসিজিতে উপস্থিত দর্শকসহ ও ক্রিকেটপ্রেমীদের।

ইনিংসের নবমম ওভারে আবারও ২২ রানে থিরিমান্নে জীবন পেয়েছেন মাশরাফির বলে। এবার উইকেটকিপার মুশফিক ও স্লিপ ফিল্ডার বিজয়ের মাঝ দিয়ে বল চলে যায়।

খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় বান কি মুনের উদ্বেগ

mun26বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। বুধবার স্থানীয় সময় দুপুর ১টায় জাতিসংঘ সদর দফতরের নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিরক। সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্নার গ্রেফতারের প্রসঙ্গও উঠে আসে।

সংবাদ সম্মেলনে জনৈক বিদেশী সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র প্রধান খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবর ইতিমধ্যেই মহাসচিব অবহিত হয়েছেন এবং এই ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ, বাংলাদেশের চলমান রাজনৈতিক অচলাবস্থার অবসানে একটি শান্তিপূর্ণ সমঝোতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মহাসচিব সেখানে আলোচনার মাধ্যমে সঙ্কটের সমাধান খুঁজে বের করার জন্য তাগিদ দিয়ে আসছেন। সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো মহাসচিবের দেয়া দায়িত্ব অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় যোগাযোগ করছেন।

অনভিজ্ঞতার দাম দিলো আমিরাত আয়ারল্যান্ডের শ্বাসরুদ্ধকর জয়

irland25ম্যাচের বড় একটা সময় নিয়ন্ত্রন করেছে আরব আমিরাত। কিন্তু নিজেদের ছন্দটা গোটা সময় ধরে রাখতে পারেনি দলটি। স্নায়ুর চাপটাও সামলাতে পারেনি বহুজাতিক খেলোয়াড়ে গড়া আমিরাত।

টানা দ্বিতীয় ম্যাচে নিজেদের অনভিজ্ঞতার দাম দিতে হলো আইসিসি সহযোগী দেশটিকে। তাই জিম্বাবুয়ের পর আয়ারল্যান্ডের কাছেও একই পরিণতি বরণ করতে হলো আমিরাতকে। বুধবার ব্রিসবেনে রুদ্ধশ্বাস উত্তেজনাকর ম্যাচে আয়ারল্যান্ড ২ উইকেটে পরাজিত করেছে আমিরাতকে। এই জয়ে শেষ আটের আরও কাছাকাছি চলে গেল আইরিশরা।

প্রথমে ব্যাট করে শায়মন আনোয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ব্রিসবেনে ৯ উইকেটে ২৭৮ রান করেছে আমিরাত। বিশ্বকাপে আমিরাতের পক্ষে এটি প্রথম সেঞ্চুরি।  জবাবে চার বল বাকি থাকতে ৮ উইকেটে ২৭৯ রান করে ম্যাচ জিতে নেয় আয়ারল্যান্ড। ম্যাচ সেরা হন গ্যারি উইলসন।

২৭৯ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় আয়ারল্যান্ড। পল স্টারলিং ফিরেন ইনিংসের দ্বিতীয় ওভারে। অধিনায়ক পোর্টারফিল্ড ও এড জয়েসের ৬৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় আইরিশরা। তবে ৯৭ রানে প্রতিপক্ষের চার উইকেট ফেলে দিয়ে ম্যাচে ফিরেছিল আমিরাত। পোর্টারফিল্ড ৩৭, এড জয়েস ৩৭, নেইল ও’ব্রায়েন ১৯ রান করেন। পঞ্চম উইকেট জুটিতে বালব্রিনি ও উইলসন ৭৪ রান যোগ করেন। যা আইরিশদের জয়ের রাস্তা সুগম করে দেয়। বালব্রিনি ৩০ রান করে ফিরলেও উইলসন একপ্রান্ত আগলে ছিলেন।

রান-বলের ব্যবধানটা ঘুচিয়ে দিয়ে গেছেন কেভিন ও’ব্রায়েন। ২৫ বলে ৫০ রানের (৮ চার, ২ ছয়) ক্যামিও উপহার দেন তিনি। শেষদিকে উইলসন- মুনিদের আউট করে ম্যাচটা জমিয়ে দিয়েছিল আমিরাত। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি মোহাম্মদ তৌকিরের দল। কিছুটা উত্তেজনা তৈরি হলেও ইনিংসের শেষ ওভারে কুস্যাক, ডকরেল দলের জয় নিশ্চিত করেন। উইলসন ৬৯ বলে ইনিংস সর্বোচ্চ ৮০ রান (৯ চার) করেন। কুস্যাক ৫, ডকরেল ৭ রান করেন। আমিরাতে পক্ষে আমজাদ জাবেদ ৩টি, নাভিদ-তৌকির ২টি করে উইকেট নেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৪৯ রানের ওপেনিং জুটিতে আমিরাতের শুরুটা খারাপ হয়নি। আইরিশদের ব্রেক থ্রু এনে দেন পল স্টারলিং। বেরেনজার ১৩ রানে ফিরেন। কৃষ্ণ চন্দ্র, আমজাদ আলী, স্বপ্নীল পাতিলরা দ্রুত ফিরলে ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে বসে আমিরাত। ওপেনার আমজাদ আলী আউট হওয়ার আগে ৪৫ রান করেন। অভিজ্ঞ খুররাম খান ৩৬ রান করে ডকরেলের বলে এলবির ফাঁদে পড়েন। দলীয় ১৩১ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হন রোহান মুস্তাফা।

তখন আমিরাতের ইনিংসের দ্রুত শেষ হয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিল আইরিশরা। তাদের সেই স্বপ্ন গুঁড়েবালি করে দেন শায়মন আনোয়ার ও আমজাদ জাবেদ। সপ্তম উইকেট জুটিতে তারা দুজন পাল্টা আক্রমণ  শুরু করেন। দুশো রানই যেখানে দূরতম কল্পনা ছিল সেখানে তাদের ব্যাটেই আমিরাত পেয়ে যায় আড়াই ছাড়ানো স্কোর। ১০৭ রানের জুটি গড়েন শায়মন আনোয়ার-আমজাদ জাবেদ। এটি বিশ্বকাপে ৭ম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে ৯৮ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের রেডলি জ্যাকবস-সারওয়ান ২০০৩ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

জাবেদ ৩৫ বলে ৪২ রান করে ফিরলেও শায়মন আনোয়ার টিকে ছিলেন। ৫১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তিনি। কেভিন ও’ব্রায়েনের বলে চার মেরে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন তিনি। ৭৯ বলে তার সেঞ্চুরি। সরেনসেনের বলে উইলসনের হাতে ক্যাচ দেওয়ার আগে ৮৩ বলে ১০৬ রানের অসাধারণ ইনিংস খেলেন শায়মন আনোয়ার।  তিনি ১০টি চার ও ১টি ছক্কা হাঁকান। এটি বিশ্বকাপে আমিরাতের পক্ষে প্রথম সেঞ্চুরি। শেষ দিকে নবী ১৩ রান করেন। আয়ারল্যান্ডের সরেনসেন, কেভিন ও’ব্রায়েন, স্টারলিং, কুস্যাক ২টি করে উইকেট পান।

সিরাজগঞ্জে গৃহবধুর লাশ উদ্ধার

sirajganjসিরাজগঞ্জ পৌর এলাকার চর মালশাপাড়া মহল্লা থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত  আঁখি খাতুন (২০) চরমালশাপাড়া মহল্লার পিছুনি শেখের স্ত্রী।

বুধবার বেলা সাড়ে তিনটায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এলাকাবাসী জানায়, সিরাজগঞ্জ পৌর এলাকার চর মালশাপাড়া মহল্লার ইউসুফ আলীর ছেলে পিছুনি শেখের সঙ্গে দুই বছর আগে একই এলাকার আঁখি খাতুনের বিয়ে হয় । বিয়ের আগে থেকেই পিছুনির সঙ্গে মালশাপাড়া মহল্লার পিংকি খাতুনের প্রেমের সম্পর্ক ছিলো। ওই সম্পর্ক মেনে নেয়নি পিংকির পরিবার।

বিয়ের পরও তাদের পরকীয়া সম্পর্ক চলতে থাকে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। বুধবার সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর দুপুরের দিকে ঘরের মধ্যে আঁখি খাতুনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়।

এ ঘটনায় আঁখি খাতুন আত্মহত্যা করেছে বলে প্রচার চালায় তার স্বামী ও পরিবারের লোকজন। তবে নিহতের স্বজনদের দাবি, তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে স্বামী ও পরিবারের লোকজন  পলাতক রয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার এসআই রফিকুল ইসলাম জানান, নিহতের পরিবারের দাবি ,আখিকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

শনিবার ভারতের একটি গ্রাম থাকবে আমিরাতের সমর্থনে!

shopnilএ কেমন গ্রাম! সারা ভারত যখন একদিকে, তখন ভাসাইয়ের ‘দারপালে’ গ্রামের বাসিন্দারা বিপরীত দিকে৷

কেন?

আগামী শনিবার ভারত বনাম সংযুক্ত আরব আমিরাতের খেলা বিশ্বকাপে৷ পুরো দেশ চাইবে, ধোনিরা দাপট বজায় রেখে বিরাট ব্যবধানে জিতুক৷ কিন্তু, ‘দারপালে’ গাঁ-ও চাইছে, জিতুক সংযুক্ত আরব আমিরাত! কেন? আর আমিরাতের দলেই যে রয়েছে এ গ্রামের ছেলে! স্বপ্নিল পাতিল৷ সংযুক্ত আরব আমিরশাহি দলের উইকেটরক্ষক৷

স্বপ্নিলের বাবা প্রকাশ জানিয়েছেন, ‘ছেলের জন্য গোটা গ্রাম গর্বিত৷ বিশ্বকাপ শুরুর পর থেকে সবাই চাইছিল, ভারত জিতুক৷ কিন্তু, শনিবারের ম্যাচটা আলাদা৷ সেদিন প্রত্যেকে সমর্থন করবে সংযুক্ত আরব আমিরাতে৷ স্বপ্নিলের জন্যই৷ মুহূর্তটা আমাদের কাছে স্বপ্নের৷ কারণ, ছেলে বিশ্বকাপে খেলছে৷’

স্বপ্নিলের বাড়িতে বড়পর্দায় খেলা দেখার ব্যবস্হা করা হয়েছে, যাতে গ্রামবাসীরা একসঙ্গে খেলা দেখতে পারেন৷ গতবার টি ২০ বিশ্বকাপে স্বপ্নিল যখন খেলেছিলেন, তখন বড়পর্দা বসানো হয়েছিল গ্রামের একটি মাঠে৷ এবার জায়গা বদলের কারণ?

প্রকাশ জানিয়েছেন, ‘এবার ভোরে খেলা৷ তাই বাড়ির ভেতরেই খেলা দেখার বন্দোবস্ত করা হয়েছে৷’ গ্রামবাসীরা শনিবারের ম্যাচে স্বপ্নিলের সেঞ্চুরি দেখতে চান৷ এক গ্রামবাসী প্রীতম চৌধুরী বলেছেন, ‘ও যদি সেঞ্চুরি করতে পারে, তা-ও ভারতের বিরুদ্ধে, তা হলে সেটা আমাদের কাছে হবে বিরাট পাওয়া৷’

আরেক প্রতিবেশী নিবেদিতা পাতিল বলেছেন, ‘স্বপ্নিলের জন্য সব সময় প্রার্থনা করি৷ তবে এবার আরও বেশি করে করব৷ কারণ, লড়বে যে ভারতীয় দলের বিরুদ্ধে৷ চাইব, ও শেষ পর্যম্ত ব্যাট করুক৷ যাতে আমরা পুরো সময়টা আগ্রহ নিয়ে খেলা দেখতে পারি৷’

আগামী ১৫ এপ্রিল ৩০ হবে স্বপ্নিলের৷ ২০০৬ সালে আরব আমিরাতে পাড়ি দেন তিনি৷ স্বপ্নিলের বাবা জানিয়েছেন, ‘ক্রিকেট নিয়ে ছেলে চিরকালই পাগল ছিল৷ মুম্বাইয়ের অনূর্ধ্ব ১৯ এবং অনূর্ধ্ব ২২ দলের হয়ে খেলেছে৷ ২০০৪-০৫ সালে রনজির সম্ভাব্য দলেও ছিল৷ কিন্তু, শেষ পর্যন্ত জায়গা হয়নি৷’ ২০০৬ সালে যোগী গ্রুপ ক্রিকেট ক্লাবে খেলার প্রস্তাব পান স্বপ্নিল৷ মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভি ডি ও দেখেই স্বপ্নিলকে পছন্দ হয়েছিল৷ চার বছর ক্লাব ক্রিকেট খেলার পর, সংযুক্ত আরব আমিরাতের দলে ডাক পান স্বপ্নিল৷ মাস দুই আগেই বিয়ে করেছেন৷ মুম্বাইয়ের প্রাক্তন সতীর্থ রাহানের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে এখন৷ ছেলের হয়ে বাবা বলেছেন, ‘স্বপ্নিল অপেক্ষায় আছে রাহানে, রোহিতদের বিরুদ্ধে খেলার জন্য৷ আমার ছেলে ওখানে দারুণ খুশি৷’

ময়মনসিংহে ১৩ জনের যাবজ্জীবন

moyman23ময়মনসিংহের হালুয়াঘাটে পাঁচজনকে খুনের দায়ে ১৩ জনকে যাবজ্জীবন ও দুই জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

খুনের ঘটনার ১৯ বছর পর বুধবার দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ড. মোহাম্মদ আমীর উদ্দিন এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- হালুয়াঘাট উপজেলা সদরের গরুহাটা গোপীনগর এলাকার হোসেন আলীর ছেলে হক মিয়া, আকবর আলীর ছেলে সিরাজুল, মানিক ও আজিজুল, ওমেদ আলীর ছেলে আব্দুস সাত্তার, বারেক, নুর মোহাম্মদ ও কাসেম, আব্দুল হেকিম মুন্সীর ছেলে ফজলুল করিম, আবু তাহের ওরফে নকুল ও আবুল খায়ের, সোবহানের ছেলে গফুর উদ্দিন এবং আব্দুল হেকিমের ছেলে রমজান।

দশ বছর সাজাপ্রাপ্তরা হলেন- জসিম উদ্দিন ওরফে জসু ও আব্দুর রাজ্জাক।

মামলায় ১০৭ জন আসামির মধ্যে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান এবং বাকীদের বেকসুর খালাস প্রদান করে আদালত। এর মধ্যে সাতজন পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে হালুয়াঘাট উপজেলা সদরের গরুহাটা গোপীনগর এলাকায় জালাল উদ্দিনের সঙ্গে হোসেন আলী মন্ডলের বাকবিতন্ডা ও ঝগড়া এবং এরপর চার দফা গ্রাম্য সালিশ হয়। এতে সুরাহা না হওয়ায় ৯ মে হোসেন আলী মন্ডলের নেতৃত্বে শতাধিক এলাকাবাসী জালাল উদ্দিনের বাড়ির পাঁচটি ঘরে ভাঙচুর চালিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় জালাল উদ্দিনের ছোট ভাই আব্দুল মোতালেবকে (৪২) কুপিয়ে জখমের পর আগুনে পুড়িয়ে হত্যা এবং জালাল উদ্দিনের বড় ভাই নুরুল ইসলাম (৬০), ছোট ভাই আব্দুর রশিদ (৪৫), ভাতিজা সাজাহান (২৬) ও একমাত্র ছেলে আলমগীরকে (১৮) রামদা, বল্লম, কিরিচ ও ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় জালাল উদ্দিন বাদী হয়ে পরদিন হালুয়াঘাট থানায় ১০৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা  করেন। পরে বিভিন্ন সময় পুলিশ হোসেন আলী মন্ডলসহ একশ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। এরপর সাক্ষ্য-প্রমাণ শেষে দীর্ঘ ১৯ বছর পর আদালত ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড এবং দুইজনকে ১০ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড প্রদান করে।

দীপিকাকে টপকে শীর্ষে ক্যাটরিনা

kat dipikaভারতীয়দের ভালোবাসায় `রামলীলা` তারকা দীপিকা পাডুকোনকে ছাড়িয়ে গেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ছবির সফলতার বিচারে দীর্ঘ ৩ বছর ধরে বলিউডপাড়ায় এক নাম্বার স্থানটি ধরে রেখেছেন দীপিকা।

তারপরও ইন্টারনেটে ভারতীয়রা সবচেয়ে বেশি খুঁজছেন লাস্যময়ী ক্যাটকে। তার আকর্ষণীয় শারীরিক গড়ন ও ভিনদেশি ইমেজই তাকে দর্শকপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে বলে চলচ্চিত্রবোদ্ধারা মনে করছেন।

ইনডিয়া টুডের খবরে জানা গেছে, ক্যাট সোসাল মিডিয়ায় সরব নন। এমনকি তার টুইটারেও কোনো অ্যাকাউন্ট নেই। তবুও অসংখ্য ভক্ত কেবল তাকেই খুঁজছেন।

এর কারণ হিসেবে রয়েছে ক্যাটের বিলেতি অবয়ব। তার মাঝে বিদেশিনীর বৈশিষ্ট্য বিদ্যমান। তাই তিনি যখন শাড়ি কিংবা লেহেঙ্গা পরে ভারতীয় ঢঙে নাচেন, তখন তা দর্শকের মনে দারুণভাবে নাড়া দেয়।

এছাড়া লন্ডনে বেড়ে ওঠা ক্যাটের পুরোপুরি ভারতীয় হয়ে ওঠার চেষ্টাও তার প্রতি বলিউডবাসীর শ্রদ্ধাবোধ বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়েও ক্যাট মানুষের মনে স্থান করে নিয়েছেন।

এদিকে দীপিকার সঙ্গে তার সাবেক প্রেমিক রণবীর কাপুরের উত্তপ্ত বাক্য বিনিময়ের কথা সবাই জানেন। এমনকি দীপিকার সঙ্গে সিদ্ধার্থ মালিয়ার লুকোচুরি প্রেমের বিষয়টিও ভক্তরা ভালোভাবে নেয়নি। হতে পারে এসব ঘটনায় দীপিকার প্রতি মানুষের মনে কিছুটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে।

অন্যদিকে ক্যারিয়ারের পাশাপাশি ক্যাটরিনার নম্রভদ্র ব্যবহারেও সবাই মুগ্ধ বনে গেছেন। এভাবেই ক্যাট ভারতীয়দের স্বপ্নের রাজকন্যায় পরিণত হয়েছেন।

দিল্লীর অরবিন্দ কেজরিওয়াল হতে চান মান্না

obaidull28সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দিল্লীর অরবিন্দ কেজরিওয়াল হতে চান মাহমুদুর রহমান মান্না। তিনি জানেন না বাংলাদেশ ভারত নয়, আর ঢাকাও দিল্লী নয়।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় বুধবার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, যাদের ৫শ লোক আনারও ক্ষমতা নেই, তাদের দিবাস্বপ্ন দেখে আমার করুনা হয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, বোমাবাজি ও জনবিচ্ছিন্ন আন্দোলন করে, মানুষ পুড়িয়ে আপনার কী লাভ হচ্ছে? দেশের ক্ষতি হচ্ছে, উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, আর সাধারণ মানুষ জিম্মি হচ্ছে। তিনি খালেদা জিয়াকে এমন আত্মঘাতী পথ থেকে সরে আসার আহ্বান জানান।

পদ্মাসেতুর ব্যাপারে মন্ত্রী বলেন, পদ্মাসেতু এখন আর স্বপ্ন নয়, এটা এখন বাস্তবতা।

তিনি রাজধানীতে মেট্রোরেল এবং এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কাজ শুরু হয়েছে জানিয়ে বলেন, এক বছরের মধ্যে জয়দেবপুর-ময়মনসিংহ সড়কের চার লেনের কাজ শেষ হয়ে যাবে।

জবির কেন্দ্রীর মিলনায়তনে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এফএম শরীফুল ইসলামের সভাপতিত্বে শুরু হওয়া আলোচনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাংসদ নজরুল ইসলাম বাবু, প্রধামন্ত্রীর একান্ত সচিব সাইফুজ্জামান শেখর, ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূর ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘বিএনপি-জামায়াত দেশে বিশুদ্ধ সন্ত্রাস চালাচ্ছে। তারা আল-কায়েদা, আইএসের মতো জঙ্গি তৎপরতায় লিপ্ত।

মান্নার পক্ষের জ্ঞান পাপীদের গ্রেফতার করতে হবে

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, নাটের গুরু খালেদার সঙ্গী মান্নাকে গ্রেফতার করলে হবেনা। টক শোতে যারা মান্নার পক্ষে সাফাই গাইছে ওই সকল জ্ঞান পাপীদেরও অবিলম্বে গ্রেফতার করতে হবে।

আজ বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১নং গেইটে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের উদ্যোগে হরতাল বিরোধী মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মায়া বলেন, হরতাল-অবরোধে সকল হত্যার দায় খুনি খালেদা ও মান্নাকে নিতে হবে।

তিনি আরো বলেন, মান্না দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তাই জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে সরকার বিরোধী কর্মকা- করায় রাষ্ট্রদ্রোহ মামলায় মান্নাকে ফাঁসিতে ঝোলাতে হবে।

১০ দিনের রিমান্ডে মান্না

manna25গুলশান থানার সেনাবিদ্রোহের উসকানি দিয়ে সরকার উৎখাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে ১০ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

আজ বুধবার বিকেলে ঢাকার মূখ্য মহানগর হাকিম মাহবুবুর রহমান-এর আদালতে মান্নার রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন আদালত। মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।

এর আগে বিকেল তিনটার দিকে প্রিজন ভ্যানে করে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে আদালতে নিয়ে যাওয়া হয় তাকে।

উল্লেখ্য, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় মান্নাকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরেক ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

বনানীর একটি বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার ২১ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গুলশান থানা-পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান এ তথ্য নিশ্চিত করেন। তবে আটকের পর থেকে ২১ ঘণ্টা মান্নাকে কোথায় রাখা হয়েছিল, এ ব্যাপারে তিনি কিছুই বলতে পারেননি।

পুলিশ জানায়, মান্নার বিরুদ্ধে দণ্ডবিধির ১৩১ ধারায় মামলা হয়েছে। এসআই সোহেল রানা মামলাটির বাদী। মামলায় গতকাল সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। থানায় হস্তান্তরের পর তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বনানীর একটি বাসা থেকে মান্নাকে গোয়েন্দা পুলিশের পরিচয়ে একটি দল তুলে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। পরিবারের লোকজন গতকাল দিনভর খোঁজ করেও জানতে পারেননি, তিনি কোথায় ছিলেন, কেমন ছিলেন।

দিনভর মান্নার খোঁজ পাওয়া না গেলেও রাত সাড়ে ১০টার দিকে আভাস পাওয়া যায় যে তাকে রাতের যেকোনো সময় থানায় হস্তান্তর করা হবে। শেষ পর্যন্ত রাত সাড়ে ১২টার দিকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশের রমনা, মতিঝিল ও গুলশান বিভাগের ১১ থানায় মান্নার বিরুদ্ধে সন্ত্রাস, নাশকতা, লাশ ফেলাসহ বিভিন্ন কর্মকাণ্ডে ইন্ধন জোগানোর অভিযোগে পুলিশ ২৪টি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির নেতা সাদেক হোসেন খোকা এবং অজ্ঞাতনামা এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে মান্নার কথোপকথন নিয়ে গত সোমবার আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

এর পর রাত সাড়ে ৩টার দিকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।