শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

খুনিদের যেকোনো মূল্যে গ্রেফতার করতে হবে

nasim20স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকারীদের যেকোনো মূল্যে গ্রেফতার করতে হবে।

আজ রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সাম্যবাদী দল (এম.এল.) আয়োজিত বাংলাদেশে নবনিবযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং এর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মান্নার যে কথপোকথন ফাঁস হলো, সেখানে বলা হয়েছে ‘লাশ চাই’। আমরা অনেক আন্দোলন দেখেছি, কিন্তু কখনো আন্দোলনের আগে কেউ লাশ চাওয়ার কথা বলেনি, হল দখল করার কথা বলেনি।

তাদের এই কথপোকথনের প্রথম লাশ অভিজিৎ রায়। তাই এই খুনিদের যেকোনো মূল্যে গ্রেফতার করতে হবে। আর খুনিদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না।

ঘোষণা দিয়ে জঙ্গিদের উস্কানি দিচ্ছে যারা তাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না বলে তিনি জানান।

খালেদা জিয়া অন্দোলনের বারোটা বাজিয়েছেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এদেশে কোনো আন্দোলনই জনগণের সমর্থন ছাড়া সফল হয়নি। আজকে খালেদা জিয়ার আন্দোলনও এদেশের মানুষ সমর্থন করছে না। তার কারণ বাংলাদেশের মানুষ ভয়কে জয় করেছে। এখন জীবনযাত্রা স্বাভাবিক হয়ে গেছে।

সংগঠনের সাধারণ সম্পাদক ও প্রাক্তন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গহর রিজভী প্রমুখ।

বিদেশীরা যতই বলুক সংলাপ হবে না: কামরুল

kamrul29চলমান রাজনৈতিক সংকট নিরসণে বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, “বিদেশী বন্ধুরা যতই বলুক কোনো সংলাপ হবে না। কেবল মানুষ পোড়ানো বন্ধ হলেই সংলাপ হতে পারে।”

রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের এক মানববন্ধনে তিনি একথা বলেন।
কামরুল ইসলাম বলেন, “মান্না আর খোকার ষড়যন্ত্র বেরিয়ে এসেছে। অনেক ষড়যন্ত্রকারী এখন চুপ করে আছে। আরো অনেকের কথোপকথন বের হবে। তারপর এটা স্পষ্ট হয়ে যাবে যে, কীভাবে তারা ষড়যন্ত্র করছে।”

সুশীল সমাজের সমালোচনা করে খ্যাদ্যমন্ত্রী বলেন, “যারা সুশীল সাজার চেষ্টা করছেন তারা নিরপেক্ষ নয়, নিরপেক্ষতার ভান করছেন। আড়ালে থেকে তারা সন্ত্রাসী তৎপরতা ও জঙ্গিবাদকে উসকানি দিচ্ছেন।”

বিএনপি গণতান্ত্রিক ও রাজনৈতিক কর্মসূচিতে ফিরে আসলে সরকার বাধা দিবে না এমনটা জানিয়ে তিনি বলেন, “কিন্তু আগুন নিয়ে খেললে নিজেরাই আগুনে পুড়বেন।”

আয়োজক সংগঠনের সভাপতি মনিরুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন নাজমুল হাসান পাখী, সালাউদ্দীন, হাফিজ মাহবুবুর রহমান প্রমুখ।

অতিরিক্ত ওজন কমাবে ‘অ্যাকোয়া যোগা’

jog1অতিরিক্ত মোটা হওয়ায় এক্সারসাইজ করতে অসুবিধা হয়? কিংবা চোট আঘাতের কারণেও সবরকমের এক্সারসাইজ করা মানা৷ তাহলে অ্যাকোয়া যোগা আপনার পারফেক্ট ফিটনেস রুটিন হতে পারে৷

যোগ ব্যায়ামের উপকারিতা নিয়ে এখন আর আলাদা করে প্রশ্ন নেই৷ তবে এটাও ঠিক সবাই যোগ ব্যায়াম সহজেই আয়ত্ত করে উঠতে পারেন না৷ যোগ ব্যায়ামের পশ্চারগুলি সঠিকভাবে অভ্যাস করতে না পারলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে৷

তাছাড়া সব ধরনের পশ্চার সকলের পক্ষে অভ্যাস করা সম্ভব নাও হতে পারে৷ তাই যোগব্যায়াম যাতে সহজেই সকলের ফিটনেস রুটিনের অঙ্গ হতে পারে, সেই জন্যই তার নতুন নতুন আঙ্গিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে৷ ঠিক সেইরকমই একটি সহজ আঙ্গিক হলো ‘অ্যাকোয়া যোগা’৷ নাম শুনেই বোঝা যাচ্ছে এই এক্সারসাইজের সঙ্গে পানির একটা সম্পর্ক আছে৷ ঠিকই ধরেছেন৷ ‘অ্যাকোয়া যোগা’ বা ‘ওয়াটার যোগা’-র ক্ষেত্রে সমস্ত এক্সারসাইজ পানির মধ্যেই দাঁড়িয়ে করতে হয়৷

যোগব্যায়ামের উপকারিতা তো পাবেনই৷ সঙ্গে ওয়াটার থেরাপির সমস্ত উপকারিতাও বোনাস হিসেবে পাবেন৷

কেন বেছে নেবেন ‘অ্যাকোয়া যোগা’? কারণ অনেকেই অতিরিক্ত ওজনের কারণে সব ধরনের এক্সারসাইজ করতে পারেন না৷ ওবেসিটির কারণে অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে অসুবিধা হয়। তবে জলের মধ্যে সেই এক্সারসাইজগুলোই সহজেই করে ফেলা যায়।

তার কারণ জলের মধ্যে প্রেশার পয়েন্ট বেশি হওয়ার কারণে হাত পা নাড়াতে খুব একটা অসুবিধা হয়না৷ ভারসাম্যও বজায় রাখতে অসুবিধা হয়৷ একই কারণে যাদের চোট আঘাত রয়েছে তাদেরও এই বিশেষ এক্সারসাইজটি করা উচিত্৷ তাতে নতুন করে চোট আঘাত লাগার তেমন কোনও সম্ভাবনা নেই৷ যারা আর্থাইটিসের মতো অসুখে ভুগছেন, তারা এই এক্সারসাইজ করলে ব্যথা থেকে অনেকটাই রেহাই পাবেন৷

তাছাড়া ‘অ্যাকোয়া যোগা’ নিয়মিত অভ্যাস করলে শরীরের নমনীয় ভাব ফিরে আসে৷ ফলে চটপট ওজন কমে৷ শরীরও স্বাভাবিকভাবেই টোনড হয়ে ওঠে৷ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে৷

শুধু তাই নয়, জলের মধ্যে এক্সারসাইজ করার অন্যতম উপকারিতা হলো, ক্লান্তি দূর করতে এর জুড়ি নেই৷ গরমকালে এমনিতেই এক্সারসাইজ করতে ক্লান্ত লাগে৷ জলের মধ্যে এক্সারসাইজ করলে কিন্তু আর ক্লান্ত লাগবে না৷

বরং শরীরের মাসলগুলি রিল্যাক্সড হয়ে যাওয়ার ফলে শরীর চনমনে থাকবে৷ যারা স্ট্রেস বা মানসিক অবসাদে ভুগছেন, তারাও কিন্তু ‘অ্যাকোয়া যোগা’-র সাহায্য নিতে পারেন৷উপকার পাবেন৷ এমনকি ইনসমনিয়ায় ভুগলেও এই ফিটনেস রুটিন নিয়মিত অভ্যাস করলে উপকার পাওয়া যাবে৷

আগেই বলেছি ‘অ্যাকোয়া যোগা’ অভ্যাস করলে ওয়াটার থেরাপিরও উপকার পাওয়া যায়৷ সুতরাং শরীরকে ডিটক্সিফাই করতেও এই বিশেষ এক্সারসাইজ সাহায্য করে৷

অ্যাকোয়া যোগার জন্য কিন্তু আলাদা পুলের ব্যবস্থা থাকতে হয়৷ নির্দিষ্ট উষ্ণতার পানির মধ্যে এক্সারসাইজ করলে তবেই সমস্ত রকমের উপকারিতা পাবেন৷ অবশ্যই কোনও ট্রেণারের অধীনে এক্সারসাইজ করা উচিত্৷ যদি শ্বাস কষ্টের সমস্যা থাকে তবে এই এক্সারসাইজটি শুরু করার আগে চিকিত্সকের পরামর্শ নেওয়া উচিত্৷ একই পরামর্শ দেওয়া হয় যাদের স্লিপ ডিস্কের সমস্যা আছে তাদেরও৷ এক্সারসাইজের জন্য পুলের পানি অবশ্যই পরিষ্কার থাকতে হবে৷ না হলে ত্বক জনিত সমস্যা হতে পারে৷

রামুতে সেনানিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

hasina5রামুতে নবনির্মিত ১০ পদাতিক ডিভিশনের সেনানিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকাল ১১টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তিনি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এর আগে ১০টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ১০ পদাতিক সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করে। এ সময় তাকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।

পরে প্রধানমন্ত্রীকে কুচকাওয়াজের মাধ্যমে রাষ্ট্রীয় সালাম জানান সেনাবাহিনীর প্যারেড কমান্ডার মেজর জয়নুল আবেদীন চিসতি।

প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও রয়েছেন।

মিশরে ব্রাদারহুডের ৪ নেতাকে ফাঁসি

bratharhoowdমিশরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডের চার নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। এছাড়া দলটির আদর্শিক অভিভাবক মোহাম্মদ বাদেই এবং তার সহকারী খায়রাত আল শাতেরসহ অপর ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার রাজধানী কায়রোর একটি আদালত এই দণ্ড ঘোষণা করে।

যাবজ্জীবনপ্রাপ্ত অপর শীর্ষ ব্রাদারহুড নেতাদের মধ্যে রয়েছেন সাবেক পার্লামেন্ট সদস্য মোহামেদ আল বেলতাজি এবং ব্রাদারহুড প্রধান সাদ আল কাতানি এবং তার সহকারী এসাম আল এরিয়ান।

সামরিক বাহিনী কর্তৃক মিশরের ইতিহাসের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে উৎখাতের মাত্র চারদিন আগে ২০১৩ সালের ৩০ জুন ব্রাদারহুডের সদর দফতরের কাছে সংঘর্ষে ১১ জন নিহত এবং ৯১ জন আহত হন। এ ঘটনায় হত্যাকাণ্ডে প্ররোচনা প্রদান, গুলি বর্ষণ এবং অন্যান্য অপরাধে অভিযুক্ত করা হয় দণ্ডপ্রাপ্ত মুসলিম ব্রাদারহুড নেতাদের।

গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর কমপক্ষে ২২ হাজার মুরসি সমর্থককে কারারুদ্ধ করেছে মিশরের প্রেসিডেন্ট সিসির নেতৃত্বাধীন সেনা সমর্থিত সরকার।

অভিজিতের প্রতি শেষ শ্রদ্ধা

ovijit1দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে নিহত লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় রোববার শেষ শ্রদ্ধা জানানো হয়েছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মুক্ত ও প্রগতিশীল চিন্তার মানুষ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ফুল দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেন।

সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে করে অভিজিৎ রায়ের মরদেহ প্রথমে তার শিক্ষাপ্রতিষ্ঠান বুয়েটে নিয়ে যাওয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০টা ২০ মিনিটে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের তত্ত্বাবধানে শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম শুরু হয়।

ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনুর রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমানর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক।

পাশাপাশি মুক্ত ও প্রগতিশীল চিন্তার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। অভিজিৎ রায়ের বাবা বিশিষ্ট শিক্ষাবিদ অজয় রায়সহ তার পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
এ ছাড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সৈয়দ হাসান ইমাম, নাসির উদ্দীন ইউসুফ, গোলাম কুদ্দুস, শাহরিয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধা নিবেদন শেষে অভিজিৎ রায়ের মরদেহ বড় মগবাজারের বাসায় নিয়ে যাওয়া হবে। পরে তার মরদেহ গবেষণার জন্য ঢাকা মেডিকেল কলেজের কাছে হস্তান্তর করা হবে।

যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রকৌশলী অভিজিৎ (৪৩) গত বৃহস্পতিবার রাতে স্ত্রীকে নিয়ে বইমেলা থেকে ফেরার পথে আক্রান্ত হন। দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। তার স্ত্রীকেও কুপিয়ে আহত করে।

হামাসকে সন্ত্রাসী ঘোষণা করেছে মিশর

hamasইসরায়েল, যুক্তরাষ্ট্র ও কানাডার পর এবার ফিলিস্তিনের একাংশের নিয়ন্ত্রক হামাসকে ‘সন্ত্রাসী’ সংগঠন ঘোষণা করলো মিশর। দেশটির একটি আদালতের এই ঘোষণায় ফিলিস্তিনসহ পুরো গাজাজুড়ে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে।

ফিলিস্তিনের স্বাধীনতার লক্ষ্যে আন্দোলনকারী দাবিদার হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডকে ‘সন্ত্রাসী’ ঘোষণার একমাস পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) পুরো সংগঠনকেই এ আখ্যা দেওয়া হয়।

এই ঘোষণার পাশাপাশি আদালতের রায়ে মিশরীয় প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসির ‘মৌলবাদবিরোধী আইনানুগ অভিযান’ অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়।

গাজা উপদ্বীপের ‘ডি ফ্যাক্টো’ (কার্যত) শাসক হামাসের বিরুদ্ধে দু’টি বেসরকারি আবেদনের প্রেক্ষিতে শনিবার এই আদেশ দেওয়া হয়।

হামাসের মুখপাত্র সামি আবু জুহরি একটি মুসলিম দেশের আদালতের এই রায়ের নিন্দা জানিয়ে বলেন, মিশরের আদালতের সিদ্ধান্ত আমাদের স্তম্ভিত করেছে। এই রায় ফিলিস্তিনের জনগণ ও এ অঞ্চলের প্রতিরক্ষা বাহিনীকে দমিয়ে দিতে দেওয়া হয়েছে।

এই রায়ের প্রতিবাদে শনিবারই গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরের লোকজন বিক্ষোভে নামে। রোববারও (১ মার্চ) বিক্ষোভ অব্যাহত রয়েছে।

খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা ১৬ এপ্রিল

khaleda22বংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের বিভিন্ন ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ৪২ জনের মৃত্যুর বিষয়ের মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ এপ্রিল।

এ মামলায় প্রধান আসামী করা হয়েছে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়াকে।

আজ রোববার ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করে আদেশ দেন। আজ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা ছিল। কিন্তু মামলার তদন্তকারী গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি-তদন্ত) প্রতিবেদন দাখিল করেনি।

মামলায় অপর অভিযুক্তরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী ও অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ।

গত ২ ফেব্রুয়ারি আ’লীগের সংগঠন জননেত্রী পরিষদের সভাপতি মামলাটি দায়ের করে।

শাকিব কেন এতো ভালোবাসলেন পরীকে

pori sakibশাকিব খানের সঙ্গে গ্ল্যামার কন্যা পরী মনির রোমান্স শুরু হয়েছে চলতি মাসে। এ রোমান্সের কারণে নিজের অভিষেক চলচ্চিত্র মুক্তির দিন ঢাকায় থাকতে পারেননি পরী।

তারা এখন অবস্থান করছেন রাঙ্গামাটিতে। সেখানে শাকিব-পরী একে অপরকে বলছেন কেন এতো ভালোবাসলে আমায়।

একে বাস্তব কাহিনী ভেবে খুশি হওয়ার কিছু নেই। বরং এ শিরোনামের গানের শুটিং চলছে রাঙ্গামাটিতে। কেন এতো ভালোবাসলে আমায় গানটি লিখেছেন এস এ হক অলিক।

গানটি স্থান পেয়েছে খোরশেদ আলম খসরু প্রযোজিত ও এস এ হক অলিক পরিচালিত আরো ভালোবাসবো তোমায় চলচ্চিত্রে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহজুড়ে রাঙ্গামাটিতে চলছে ওই চলচ্চিত্রর গানের দৃশ্যায়ন।

গানের একটি দৃশ্যে শাকিবকে কালো ও পরী মনিকে হলুদ আউটফিটে দেখা যাবে। এমন লুকে এ জুটিকে আগে দেখা যায়নি। এ ছাড়া থাকছে রাঙ্গামাটির অপরূপ দৃশ্যাবলী।

এস এ হক অলিক বলেন, চারদিকে সবুজ ঘেরা পাহাড়ের মাঝে চলছে গানের দৃশ্যায়ন। এই কয়েক দিনে গানটির বেশ কিছু অংশের দৃশ্যায়ন শেষ হয়েছে। আজ দৃশ্যায়ন হচ্ছে পাহাড়ের উপর। এখানে একটাই সমস্যা পাহাড়ে উঠলে মোবাইল ফোনে ঠিকমতো নেটওয়ার্ক পাওয়া যায় না। সব মিলিয়ে এগিয়ে যাচ্ছে কাজ।

গানটির শুটিং প্রসঙ্গে পরী মনি  বলেন, এই চলচ্চিত্রে একদম ভিন্ন লুকে নিজেকে উপস্থাপন করতে যাচ্ছি। অলিক ভাই ও শাকিব ভাই দুইজনই আমার অনেক অনেক শ্রদ্ধার মানুষ। তাদের সহোযোগিতায় বেশ গুছিয়েই অভিনয়ের কাজটা করতে পারছি। আমার অভিনয় জীবনের সেরা একটি চলচ্চিত্র নির্মাণ হচ্ছে ‘আরো ভালোবাসবো তোমায়’।

বিএফডিসির জহির রায়হান ল্যাবে ১০ ফেব্রুয়ারি ‘আরো ভালোবাসবো তোমায়’ চলচ্চিত্রের মহরত হয়। কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও গান লিখেছেন পরিচালক অলিক। আবহসঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, পড়শি, এসআই টুটুল, কোনাল ও হৃদয় খান। শাকিব ও পরী মনির সঙ্গে অভিনয় করছেন গুলশান আরা চম্পা, আফজাল হোসেন, সাদেক বাচ্চু প্রমুখ।

এফবিআই এজেন্ট প্রিয়াংকা চোপড়া

priyanka_picবলিউডের গ্ল্যামার গার্ল প্রিয়াংকা চোপড়ার ঝুলিতে রয়েছে বিচিত্র চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা। এর জন্য তার অর্জনেরও কমতি নেই।

সম্প্রতি যোগ হতে চলেছে আরও একটি অর্জন। সেটি হল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) নারী এজেন্টের ভূমিকায় অভিনয়।

ইন্ডিয়া টুডে জানায়, আমেরিকান টেলিভিশন চ্যানেল এবিসির হাইভোল্টেজ ড্রামা কোয়ান্টিকোতে এফবিআইয়ের একজন শিক্ষানবিস এজেন্টের চরিত্রে অভিনয় করবেন ৩২ বছর বয়সী প্রিয়াংকা।

ইতোমধ্যেই চ্যানেলটির সঙ্গে এক বছরের চুক্তিতে সই করেছেন পিসি। এতে এ্যালেক্স ওয়েবার নামে একজন মেধাবী ও আকর্ষণীয় এজেন্ট হিসেবে তাকে দেখা যাবে। এর আগে একই ধরনের সিরিয়ালে অভিনয় করেন অনিল কাপুর ও নিরমত কৌর।

‘কোয়ান্টিকো’ ড্রামাটি যৌথভাবে প্রযোজনা করছেন মার্ক গর্ডন, জোস সাফরান ও নিক পেপার।