শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ১৯ কর্মীসহ গ্রেফতার ৫৭

arrest28বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবররোধের পাশাপাশি হরতালে নাশকতার আশঙ্কায় সাতক্ষীরায় ৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ বলছে এদের মধ্যে বিএনপি-জামায়াতের ১৯ কর্মী রয়েছে।
শনিবার গভীর রাত থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

 

তেজগাঁওয়ে যুবককে গলা কেটে হত্যা

marder1রাজধানীর তেজগাঁওয়ে বাদশা (২৬) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।

রোববার সকাল ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় কল্লোল গ্রুপের ওয়্যারহাউসে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানিয়েছে পুলিশ।
তাৎক্ষণিকভাবে নিহত বাদশার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত  করে জানান, এ ঘটনায় নাজমুল নামে একজনকে আটক করা হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে

weather8টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে  আবহাওয়া অধিদফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আগামী ৭২ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে।
রোববার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১ মিনিটে। আর সোমবার সূর্যোদয় সকাল ৬টা ২০ মিনিটে।

 

জিম্বাবুয়েকে ২৩৬ রানের টার্গেট দিল পাকিস্তান

pak, zimব্রিসবেনের গ্যাবায় বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ২৩৬ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান করে মিসবাহ বাহিনী।

পাকিস্তান অধিনায়ক ৭৩ ওয়াহাব রিয়াজ ৫৪ ও ওমর আকমল করেন ৩৩ রান। এছাড়া হারিছ সোহেল ২৭ ও শোয়েব মাকসুদ করেন ২১ রান।

পাকিস্তানের ইনিংসে প্রথম ৫ ওভারে ৪ রান তুলতেই ২ উইকেট খোয়ায় তারা। এরপর ধীর গতির ব্যাটিং করেও ২০.১ ওভারে দলীয় ৫৮ রানে ৩ উইকেট হারায় মিসবাহ বাহিনী। এরপর আকমল ও মিসবাহ জুটি ৬৯ রান করে সংগ্রহ কিছুটা বাড়ানোর ইঙ্গিত দিলেও ৩৪তম ওভারে দুই উইকেট হারিয়ে আরো চাপে পড়ে তারা।

শেষ জুটিতে ওয়াহাব রিয়াজ সোহায়েল খানকে ৩৩ রানের জুটির সুবাদে দুই শতক পার করেন তারা।

জিম্বাবুয়ের চাতারা ৩ ও উইলিয়ামস নেন ২ উইকেট। পাকিস্তান নিজেদের প্রথম দুই ম্যাচে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে।

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করে জিম্বাবুয়ে। পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারায় তারা। তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে জিম্বাবুয়ে।

মান্নার সঙ্গে কথা বলা রহস্যমানব চিহ্নিত

mannaa24নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমানের মান্নার সঙ্গে ভাইবারে কথা বলা অজ্ঞাত প্রবাসী বাংলাদেশিকে চিহ্নিত করেছে গোয়েন্দা পুলিশ। ডিবির কর্মকর্তারা জানান, মান্নার সঙ্গে কথা বলা ব্যক্তির ডাক নাম ‘মামুন’ এবং তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

অজ্ঞাত ওই ব্যক্তির সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর মান্নাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে। তবে ওই ব্যক্তির পরিচয়ের বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। গোয়েন্দারা কূটনৈতিক চ্যানেলে তা বের করার চেষ্টা করছেন।

ডিবির যুগ্ম কমিশনার মনিরুল জানান, মান্না সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এ বিষয়ে কোনও সন্দেহ নাই। এই ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আইনের মুখোমুখি দাঁড় করানো হবে।

গতকাল ছিল মান্নার পুলিশ রিমান্ডের তৃতীয় দিন। গুলশান থানায় দায়ের করা মামলায় দেশের সেনাবাহিনীকে উস্কানির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে।

গোয়েন্দারা জানান, মান্নার অর্থের উৎস এবং যোগাযোগের বিভিন্ন তথ্য বেরিয়ে আসছে রিমান্ডে।

ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, রিমান্ডে বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে মান্না চতুরতার আশ্রয় নিচ্ছেন।

সাবেক ডিসিসি মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সঙ্গে ফোনালাপের বিষয়ে মান্না জানান, বিএনপির কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ রাখতে তিনি পছন্দ করেন। এছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গেও যোগাযোগ রয়েছে বলে তিনি দাবি করেন।

ডিবি কর্মকর্তা বলেন, মান্না জিজ্ঞাসাবাদে বলেছেন, ‘আমি একজন রাজনৈতিক নেতা এবং আমার পেশাগত প্রয়োজনীয়তা থেকেই আমি অনেক রাজনৈতিক নেতার সঙ্গে কথা বলি।’

জিজ্ঞাসাবাদে জড়িত ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মান্না বেশ কয়েকজন হাইপ্রোফাইল নাগরিক সম্পর্কে তথ্য দিয়েছেন গোয়েন্দাদের।

তিনি জানান, আলাদাভাবে ব্যক্তি ধরে ধরে মান্নার দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে এবং তাদের রাজনৈতিক চিন্তাধারাও যাচাই করা হচ্ছে।

যাচাই প্রক্রিয়া শেষ গোয়েন্দারা অ্যাকশন নেবে বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তা।

জন্মদিনে ‘ডাক’ মারলেন আফ্রিদি

afridii.jpgfনিজের ৩৫তম জন্মদিনে জিম্বাবুয়ের বিরুদ্ধে ব্যাট করতে নেমে শূণ্য রানে আউট হলেন পাকিস্তানি ব্যাটসম্যান শহীদ আফ্রিদি।

বিশ্বকাপ ক্রিকেটের প্র্রথম রাউন্ডে জিম্বাবুয়ের বিপক্ষে রোববার টসে জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভার খেলে তারা সংগ্রহ করে ২৩৫রান। মেসবাউল হক ও ওয়াহাব রিয়াজ ছাড়া কেউ সুবিধা করতে পারেনি।

এদিকে প্রত্যেকেই নিজের জন্মদিনকে স্মরণীয় করে রাখার চেষ্টা করেন। আফ্রিদি কি সেখানে ব্যতিক্রম ছিলেন? হয়তো না। তিনি হয়তো চেয়েছিলেন স্মরণীয় হয়ে থাক তার জন্মদিন। কিন্তু সেটা আর হলো কোথায় নিজের জন্মদিন শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে গেছেন।

শহীদ আফ্রিদির ঝোড়ো ব্যাটিং দেখার অপেক্ষায় গ্যালারিতে পাকিস্তানি দর্শকরা উন্মুখ সেই সময় আফ্রিদি উইলিয়ামসের বলে বোল্ড হয়ে মাথা নিচু করে প্যাভিলিয়নে ফিরেন।

শ্রমিক ইস্যুতে ছাড় নয়: জার্মান রাষ্ট্রদূত

fardinand1শ্রমিকদের শারীরিক, মানসিক, পরিবেশজনিত নিরাপত্তার বিষয়ে কিছুতেই জার্মান ক্রেতারা কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ড. ফ্যার্ডিনান্ড ফন ভেহে।

আজ রোববার রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লুতে আয়োজিত ডেনিমস  অ্যান্ড জিনস শো-য়ের উদ্বোধনকালে বেলা পৌনে ১২টায় তিনি এ সব কথা বলেন।

জার্মান রাষ্ট্রদূত বলেন, জার্মানি বাংলাদেশের পোশাক শিল্পের বড় ক্রেতা। তাই, আমরা চাই, এ দেশের উদ্যোক্তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে। আমরা যে কাপড় পরছি, তা যে শ্রমিকেরা তৈরি করেছেন তাদের অবস্থা কী, তা অবশ্যই নজরে রাখতে হবে। কমদাম বলে আমরা শ্রমিকদের নিরাপত্তা ইস্যুতে কখনোই ছাড় দেবো না।

এ দিকে যেসব কারখানা শ্রমিকদের সামাজিক, পরিবেশগত ও অন্যান্য নিরাপত্তা জোরদার করবে, তারা অর্ডার পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে থাকবে বলে জানান ফন ভেহে।

তিনি বলেন, অনেক কারখানা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আমরা একে সাধুবাদ জানাচ্ছি। যে সব কারখানা শ্রমিক নিরাপত্তা যত বেশি জোরদার করবে, জার্মান ক্রেতাদের অর্ডার পাওয়ার ক্ষেত্রে তারা তত এগিয়ে থাকবে।

জিনস শো প্রসঙ্গ তিনি বলেন, বাংলাদেশের তৈরি জিনসের একটা বড় অংশের ক্রেতা জার্মান। এ ধরনের উদ্যোগ জার্মান ও বাংলাদেশি উদ্যোক্তাদের মধ্যে সুসম্পর্ক তৈরি করবে বলে আশা রাখছি।

এ ধরনের উদ্যোগ সামনে আরো বেশি করে নেওয়া হবে বলে জানান তিনি।

এই মেলা ১ ও ২ মার্চ সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। এ মেলায় বাংলাদেশসহ মোট পাঁচটি দেশ অংশ নিয়েছে। বাকি চারটি দেশ হলো- ভারত, পাকিস্তান, চীন ও তুরস্ক। মেলায় মোট ২৮টি স্টলে প্রদর্শিত হচ্ছে জিনস সামগ্রী।

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অবৈধ

mahbubbnpবিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জারিকৃত গ্রেফতারি পরোয়ানাকে অবৈধ বলেছেন সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি খন্দকার মাহবুব।

আজ রোববার সকালে সুপ্রীমকোর্টে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব বলেন, মামলা দুটির বিচারক পরিবর্তনের জন্য উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। তার জন্য শুনানির তারিখ নির্ধারণ করা হয়নি।

বিষয়টি নিস্পন্ন হয়নি। উচ্চ আদালতে বিষয়টি নিস্পন্ন না হওয়া পর্যন্ত নিম্ন আদালতে মামলার কর্যক্রম চলা বেআইনি বলে জানান তিনি।

ক্ষমতায় গেলে বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে

khokaবিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করতেই বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। বিএনপি ক্ষমতায় গেলে এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন করে বিচারের মাধ্যমে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে।

বাংলাদেশী অধ্যুষিত জ্যাকস হাইটস জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে শনিবার সন্ধ্যায় এক সেমিনারে এ কথা বলেন তিনি। নিউইয়র্কে ‘হিউম্যান রাইটস্ ডেভলপমেন্ট ফর বাংলাদেশ (এইচআরডিবি) এ সেমিনারের আয়োজন করে।

সাদেক হোসেন খোকা বলেন, বাংলাদেশকে মেধাশূন্য করতেই বিডিআর হত্যাকাণ্ড করা হয়। এ সময় বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সেমিনারের শুরুতেই পিলখানা হত্যাকাণ্ডে নিহত ৫৭ সেনা অফিসারের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এ ছাড়া বিডিআর বিদ্রোহ ও জওয়ানদের হত্যাকাণ্ডের উপর নির্মিত একটি ভিডিওচিত্র (প্রামাণ্যচিত্র) প্রদর্শন করা হয়।

এইচআরডিবি’র সভাপতি মাহতাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নিই ইয়র্ক মওলানা ভাসানী ফাইন্ডেশনের সভাপতি দেওয়ান শামসুল আরেফিন, সেক্রেটারি আলী ইমাম, কানাডার মন্ট্রিলের ডাউসন কলেজের অধ্যাপক প্রফেসর আবিদ বাহার, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক ইউং কমান্ডার সালাহ উদ্দিন চৌধুরী প্রমুখ।

খালেদাকে সুস্থ ধারার রাজনীতিতে ফেরার আহ্বান মায়ার

mayaসুস্থ ধারার রাজনীতিতে ফেরার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের এক নম্বর গেটে রোববার হরতালবিরোধী মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। সম্মিলিত আওয়ামী সমর্থক জোট এ মানববন্ধনের আয়োজন করে।

জনগণ খালেদা জিয়ার হরতাল প্রত্যাখান করেছেন উল্লেখ করে মায়া বলেন, জনগণ খালেদা জিয়ার হরতালের বিরুদ্ধে আজকে প্রতিরোধ গড়ে তুলেছেন।

খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ভাল যদি চান তবে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুন। জনগণের সঙ্গে থেকে রাজনীতি করুন।

সংগঠনের সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, আওলাদ হোসেন, দফতর সম্পাদক শহীদুল ইসলাম মিলন, সহ-দফতর সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।