শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ৫

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় অবৈধ ইজি বাইক স্ট্যান্ডের দখল নিয়ে সোমবার দুপুরে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি তাজা ককটেলসহ আদিল নামে এক যুবককে গ্রেফতার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সোমবার দুপুর দেড়টার দিকে লাঠিসোঠা নিয়ে এক পক্ষ আরেক পক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া হয়। শহরের ব্যস্ততম ব্যবসায়ীক এলাকায় সংঘর্ষের ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সেখান থেকে ছয়টি তাজা ককটেলসহ এক যুবককে গ্রেফতার করা হয়। অবৈধভাবে বসানো  ইজি বাইক স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে এ ঘটনা ঘটেছে।

অবরোধ কেন অসাংবিধানিক নয়, হাইকোর্টের রুল

high courtঅবরোধ ডাকা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে হরতালে বিধি-নিষেধ আরোপের ক্ষেত্রে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েও রুল জারি করা হয়েছে।

হরতাল-অবরোধের ওপর আইনগত বিধি-নিষেধ চেয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ চারটি সংগঠনের পক্ষে করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার  বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এসব রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্ট বিভাগসহ ৪১টি নিবন্ধিত রাজনৈতিক দলকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

হরতাল-অবরোধের ওপর বিধি-নিষেধ এবং ক্ষতিপূরণ চেয়ে রোববার ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, বিটিএমইএ এবং বিকেএমইএ’র পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়।

রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ মঈনুল ইসলাম বলেন, হরতাল গণতান্ত্রিক অধিকার। কিন্তু অবরোধকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে মর্মে রুল জারির আবেদন জানিয়ে রোববার রিট করা হয়। রিটে একই সঙ্গে বেশ কয়েকটি রুল চাওয়া হয়। রিটে সরকার, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বাংলাদেশ ব্যংকের গভর্নর এবং বেশ কয়েকটি রাজনৈতিক দলকে বিবাদী করা হয়।

তিনি জানান, রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত সোমবার একাধিক রুল জারি করেছেন। আগামী চার সপ্তাহের মধ্যে এসব রুলের জবাব দিতে বলা হয়েছে।

‘ইসরাইল-আমেরিকা সম্পর্ক ধ্বংস করছে হোয়াইট হাউজ’

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার অভিযোগ করেছেন, ইসরাইলের সঙ্গে আমেরিকার সম্পর্ক ধ্বংস করে দিচ্ছে খোদ হোয়াইট হাউজ। তিনি স্পষ্টভাবে বলছেন, হোয়াইট হাউজ ইসরাইলের সঙ্গে শত্রুতা শুরু করেছে।

রোববার মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস-কে দেয়া সাক্ষাৎকারে বোয়েনার বলেন, “এই শহরে আর এখন এ কথা মোটেই গোপন নয় যে, ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে হোয়াইট হাউজের শত্রুতা চলছে। তারা গত পাঁচ/ছয় বছরে এ অবস্থার অনেক বেশি অবনতি ঘটিয়েছে।”

ইরানের পরমাণু কর্মসূচির কথিত ঝুঁকির বিষয়ে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেয়ার জন্য ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জন বোয়েনার আমন্ত্রণ জানিয়েছেন।

আগামীকাল তার ওই ভাষণ দেয়ার কথা। এর আগ মুহূর্তে বোয়নার হোয়াইট হাউজের বিরুদ্ধে ইসরাইল ও আমেরিকার মধ্যকার সম্পর্ক ধ্বংসের অভিযোগ আনলেন। তিনি নেতানিয়াহুকে বিশ্বস্ত বন্ধু বলেও আখ্যা দেন। রোববার নেতানিয়াহু ওয়াশিংটন পৌঁছেছেন।

নেতানিয়াহুকে আমন্ত্রণের বিরোধিতা করেছে ওবামা প্রশাসন। এরইমধ্যে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের অনেক কংগ্রেসম্যান ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুর ওই ভাষণ বয়কটের ঘোষণা দিয়েছেন।–আইআরআইবি

কোয়ার্টার ফাইনালে চোখ দ. আফ্রিকা ও আয়ারল্যান্ডের

ir dটেবিলে দু”দলেরই সংগ্রহ সমান চার পয়েন্ট। তবে এক ম্যাচ বেশি খেলে রান রেটের হিসেবে দ্বিতীয়স্থানে দক্ষিণ আফ্রিকা। আর এক ম্যাচ কম খেলে তৃতীয়স্থানে আয়ারল্যান্ড। তাই পয়েন্ট টেবিল বলছে, বেশ ভালো অবস্থানেই রয়েছে দু”দল। কিন্তু পুল এ-র এখনো অনেক পথ বাকি। তারপরও কোয়ার্টার ফাইনালের দিকে চোখ রেখে নিজেদের অবস্থানকে আরও বেশি শক্ত করার লক্ষ্য নিয়ে আগামীকাল একে অপরের মুখোমুখি হচ্ছে প্রোটিয়াস ও আইরিশরা। ক্যানবেরায় বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি।

১৪ ফেব্রুয়ারি বিশ্বকাপের একাদশতম আসর শুরু হবার পর টানা ১৬ দিন চলেছে ব্যাট-বলের লড়াই। তবে আজ সেই লড়াইয়ে হয়েছে বিরতি। একদিন বাদে আবারও বিশ্বকাপ শিরোপা লড়াইয়ে নামবে ১৪টি দল।

একদিন বিরতির পরই মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও, ভারতের কাছে বাজেভাবে হেরে নিজেদের পারফরমেন্সকে প্রশ্নবিদ্ধ করে তোলে দক্ষিণ আফ্রিকা।

তবে সমালোচকদের প্রশ্নকে বন্ধ করতে মোটেও সময় ব্যয় করেনি দক্ষিণ আফ্রিকা। পরের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আকাশ ছোয়া পারফরমেন্স করেছে প্রোটিয়াসরা। ব্যাট হাতে ক্যারিবীয় বোলারদের বেধড়ক পিছিয়েছে দক্ষিণ আফ্রিকা। আসলে পুরো দলের চাইতে, এক জনের কথা বলাই ভালো। কারণ দলপতি এবি ডি ভিলিয়ার্সের দানবীয় ব্যাটিংয়ে নাচতে নাচতে রাজকীয় জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ভারতের কাছে হারের রাগটাই হয়তো ওয়েস্ট ইন্ডিজের উপর ঝাড়েন ডি ভিলিয়ার্স।
ওই ম্যাচে পাঁচ নম্বরে নেমে ৬৬ বলে ১৬২ রানের অপরাজিত ইনিংস খেলে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান ডি ভিলিয়ার্স। সেই সাথে প্রশংসা কুড়িয়েছেন পুরো বিশ্বের।

তবে এসব নিয়ে এখন আর ভাবতে নারাজ তিনি। দলের খেলা নিয়ে মনোযোগ দিতে চান ডি ভিলিয়ার্স, “আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়েই আমরা চিন্তিত। আইরিশরা ভালো দল। ইতোমধ্যে তারা প্রমাণ দিয়েছে। ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিতে হলে ভালো ক্রিকেট খেলতে হবে আমাদের। তা করতে পারলে কোয়ার্টার ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে যাব । তাই জয়ই প্রধান লক্ষ্য আমাদের।”

দক্ষিণ আফ্রিকার মতো জয় দিয়ে এবারের আসরে যাত্রা শুরু করেছে আয়ারল্যান্ডও। তবে জয়ের সাথে নিজেদের প্রথম ম্যাচে আত্মবিশ্বাসটা ভরপুর করে নিয়েছে আইরিশরা। তা নিশ্চিতভাবেই বলা যায়। প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেয়া ৩০৫ রানের টার্গেট ৬ উইকেট হারিয়ে দারুন এক জয় তুলে নেয় আয়ারল্যান্ড। পরের ম্যাচে বড় রান তাড়া করে দুর্দান্ত জয় পেয়েছে তারা। সংযুক্ত আরব আমিরাতকে ২ উইকেটে হারিয়ে টেবিলের ভালো অবস্থায় পৌছায় আইরিশরা।

বর্তমান অবস্থানকে আরও শক্তপোক্ত করে কোয়ার্টার ফাইনালে পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের, “এখনো অনেক ম্যাচ বাকি। তারপর দুটি জয়ে ভালো অবস্থায়ে আছি আমরা। এই অবস্থানটি ধরে রাখতে হলে ভালো ক্রিকেট খেলতে হবে। দক্ষিণ আফ্রিকা অনেক শক্তিশালী দল। তাদের হারানো মোটেও সহজ কাজ নয়। তবে আমরা ভয় পাচ্ছি না। আমাদের মনোবল এখন তুঙ্গে। এ ম্যাচেও জিততে চাই। কারণ আমাদের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল।”

বিশ্বকাপে এখন পর্যন্ত দু’বার দেখা হয়েছে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের। শেষ দুই বিশ্বকাপের ওই লড়াইয়ে জয়ের স্বাদ পায় প্রোটিয়াসরা। ২০০৭ সালের বিশ্বকাপে ৭ উইকেটে এবং ২০১১ সালের বিশ্বকাপে ১৩১ রানের বড় ব্যবধানে জিতে চোকার্স খ্যাত দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা (সহ-অধিনায়ক), কাইল এ্যাবট, ফারহান বেহারদিয়েন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, মরনে মরকেল, ওয়েন পারনেল, এ্যার ফাঙ্গিসো, ভারনন ফিলান্ডার, রিলি রোসৌ, ডেল স্টেইন।

আয়ারল্যান্ড দল: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), এন্ড্রু ব্যালবিরনি, পিটার চেজ, এ্যালেক্স কুসাক, জর্জ ডকরেল, জন মুনি, এড জয়সে, এন্ড্রু ম্যাকব্রায়ান, টিম মুরতাহ, কেভিন ও’ব্রায়ান, নিয়াল ও’ব্রায়ান, পল স্টারলিং, স্টুয়ার্ট থমপসন, গ্যারি উইলসন, ক্রেইগ ইয়ং।

অভিজিৎ হত্যায় সন্দেহভাজন ফারাবী আটক

farabiএকুশের বইমেলা সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে হত্যার তিনদিন পর সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।  তার নাম ফারাবী শফিউর রহমান।

র‌্যাব মুখপাত্র মুফতি মাহমুদ খান জানিয়েছেন ভোর সাড়ে পাঁচটায় ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বাস টার্মিনাল থেকে আটক করা হয়েছে

এখন র‌্যাবের হেফাজতেই তাকে রাখা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের উল্টো দিকের সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়কে সন্ত্রাসীরা অভিজিৎএবং তার স্ত্রীর ওপর হামলা করে।

এরপর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় দুজনকে।

হাসপাতালে নেবার কিছুক্ষণ পর মারা যান অভিজিৎ।

পরে অভিজিতের বাবা শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক অজয় রায় বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন।

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা, যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী অভিজিতকে তার লেখালেখি ঘিরে হুমকি দিয়ে আসছিল জঙ্গিবাদীরা।

এর মধ্যেই গত ১৫ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশে ফেরেন।

অভিজিৎ হত্যার পর থেকেই মি, ফারাবীর কিছু ফেসবুক পোস্ট গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম সাইটগুলোতে আলোচনায় আসে যেখানে অভিজিৎ রায়ের বিরুদ্ধে নানা ধরণের হুমকিসুলভ মন্তব্য ছিল।- বিবিসি

জনতা ব্যাংকের স্টাফ বাসে ককটেল হামলা, আহত ১০

bus jaরাজধানীর যাত্রাবাড়ীতে জনতা ব্যাংকের স্টাফ বাসে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ১০ জন আহত হয়েছেন।

সোমবার সকাল সোয়া ৯টার দিকে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা জনতা ব্যাংকের একটি স্টাফ বাস যাত্রাবাড়ীর ওই স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে ও ভাঙচুর চালায়।

এতে ১০ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন আশরাফ মিয়া (৫৫), আবদুল লতিফ (৫৫), সুরেশ চন্দ্র দত্ত (৪৮)।

ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব

joyshonkarভারতের নতুন পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর  একদিনের শুভেচ্ছা সফরে ঢাকা এসেছেন।

সোমবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সুব্রামানিয়াম জয়শঙ্করকে ফুলেল শুভেচ্ছা ও অর্ভ্যথনা জানান। সুব্রামানিয়াম জয়শঙ্কর পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম সফর।

রোববার ভুটানের রাজধানী থিম্পু থেকে সার্ক দেশগুলোতে তার প্রথম পর্যায়ের সফর শুরু করেছেন – আর এরই অংশ হিসেবে তিনি আজ ঢাকায় এলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশেই অনুষ্ঠিত হচ্ছে এই বিশেষ সফর, যার নামকরণ করা হয়েছে ‘সার্ক যাত্রা’।

তার এ সফরে দুদেশের সম্পর্ক উন্নয়ন ছাড়াও সামনে মন্ত্রী পর্যায়ের বৈঠক এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিষয়টি গুরুত্ব পাবে।

জানা গেছে, ভারতের সদ্য বিদায়ী সচিব সুজাতা সিংয়ের সঙ্গে ঢাকার খুব ভালো সম্পর্ক ছিল। তাই নতুন সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর শুভেচ্ছা সফরের মাধ্যমে ঢাকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ার চেষ্টা করবেন।

সুব্রামানিয়াম জয়শঙ্কর শুভেচ্ছা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন।

রামপুরায় বাড়ির মালিককে খুন করে ডাকাতি

dakatরাজধানীর রামপুরা এলাকায় একটি বাড়ির মালিক আবু তাহেরকে (৭০) খুন করে ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার ভোর রাত ৪টায় পূর্বরামপুরা টিভি গেইট এলাকার ৩৪৭ নম্বর রোডের তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় এই ডাকাতি হয়।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান তরফদার এ তথ্য নিশ্চিত করেন।

ওই বাড়ির লোকজনের বরাত দিয়ে তিনি বলেন, ভোর রাতে ওই বাড়িতে ঢুকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় ডাকাত দল। এসময় বাড়ির মালিক আবু তাহের ডাকাতদের বাধা দিলে তাকে আঘাত করেন তারা। এতে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের লোকজন বৃদ্ধ আবু তাহেরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানান ওসি মাহবুবুর রহমান তরফদার ।

পুরান ঢাকায় প্রাইভেটকারে আগুন

car fire2রাজধানীর পুরান ঢাকায় পার্কিং করা একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এসময় তারা আরো কয়েকটি গাড়ি ভাঙচুর করে বলেও জোনা গেছে।

সোমবার সকাল ৯ টার দিকে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে (কবি নজরুল কলেজের সামনে) এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জানার জন্য সূত্রাপুর থানায় যোগাযোগ করলে ওয়ারল্যাস অপারেটর শাহীন বলেন এ বিষয়ে আমাদের কিছু জানা নেই।

তাড়াশে আসামিকে হাতুড়িপেটা

sirajganj mapসিরাজগঞ্জের তাড়াশে মারপিটের ঘটনায় দায়ের করা মামলার আসামির দুটি পা হাতুড়িপেটা করে ভেঙে দিয়েছে বাদীপক্ষের লোকজন।

আহত রবিউল করিম (৩৫) উপজেলার নওখাদা গ্রামের বাছের আলী মুন্সীর ছেলে।

খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, একটি মারপিটের ঘটনায় তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামের শুকুর আলীর ছেলে মুনসুর আলী রবিউল করিমসহ ১২-১৩ জনকে আসামি করে একটি মামলা করেন। কিন্তু আসামি হয়েও  প্রকাশ্যে ঘুরে বেড়ানো দেখে শনিবার বিকেলে রবিউলকে বাদী মুনসুরের নেতৃত্বে সাত/আটজন লোক হাতুড়ি দিয়ে পিটিয়ে তার দুটি পা ভেঙ্গে দেয় এবং বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে।