শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

এনামুলের বিশ্বকাপ শেষ, যাচ্ছেন ইমরুল

anamul imrulইনজুরির কারণে স্বপ্নের বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেছে  ওপেনার এনামুল হক বিজয়ের। তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তার পরিবর্তে বিশ্বকাপ খেলতে বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন ওপেনার ইমরুল কায়েস।

বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়া জয়ের ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধে ব্যথা পান এনামুল হক বিজয়। পরে তাকে নেলসনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার স্ক্যানিং করার পর মারাত্মক ইনজুরির  খবর আসে।

বিসিবির একটি সূত্র জানায়, বিজয়ের ইনজুরি গুরুতর। তাই তাকে দেশে পাঠানো হচ্ছে। তার পরিবর্তে বৃহস্পতিবারই ওপেনার ইমরুল কায়েসকে নিউজিল্যান্ডে পাঠানো হচ্ছে।

ঢাকায় এফবিআই

fbi5বিজ্ঞান মনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার তদন্তে যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টেগিশনের (এফবিআই) একটি তদন্ত দল ঢাকায় এসেছেন।

বুধবার  চার সদস্যের এফবিআইয়ের দলটি ঢাকায় আসে। বৃহস্পতিবার তারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে  এ বিষয়ে একটি বৈঠক করেছেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “এফবিআই সদস্যরা বুধবার রাতে ঢাকা পৌঁছান। অভিজিতের ওপর হামলাস্থল থেকে সংগৃহীত আলামত এবং এ হত্যাকাণ্ড নিয়ে তদন্তের অগ্রগতি সম্পর্কে তাদের জানানো হয়েছে।”
তবে প্রতিনিধি দলের সদস্যদের নাম ও পদবী সম্পর্কে কিছু বলতে রাজি হননি গোয়েন্দা কর্মকর্তা মনিরুল।
উল্লেখ্য,যুক্তরাষ্ট্রের নাগরিক অভিজিৎ রায় গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টার দিকে বইমেলা থেকে ফেরার পথে টিএসসির সামনে দুর্বৃত্তরা চাপাতির কোপে গুরুতর জখম হয়ে মারা যান অভিজিত রায়। এ সময় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও আহত হন।
অভিজিৎ হত্যার তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। পাশাপাশি তারা এ হত্যাকাণ্ড তদন্তে সহায়তার প্রস্তাব দিলে তাতে সায় দেয় সরকার। এফবিআইয়ের প্রতিনিধি দল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি০ কে তদন্তে কারিগরি সহায়তা দিতে পারবে বলে জানাগেছে।
এর আগে একুশ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ড তদন্তে সহায়তার জন্য ঢাকা এসেছিলেন এফবিআই সদস্যরা।

কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত থাকবে

atorni mahbubঅ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, রিভিউ আবেদন দায়ের হওয়ায় মো: কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত থাকবে।

কামারুজ্জামানের আইনজীবীরা রিভিউ আবেদন দায়েরের পর আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, আমরা আজ আপিল বিভাগের চেম্বার বিচারপতির কাছে আবেদন করবো যাতে রিভিউ আবেদনটি দ্রুত শুনানির দিন ধার্য করা হয়।

তিনি আরও বলেন, বিচারকরা দেখবেন, রিভিউয়ের কিছু রয়েছে কি না। কোন ভুল থাকলে তা সংশোধন করার জন্যই রিভিউ আবেদনের বিধান রেখেছে আপিল বিভাগ।

অ্যাটর্নি জেনারেল বলেন, তিনজন বিচারপতি মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। অপর বিচারপতি দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এখানে সবাই দণ্ডিত করেছেন। প্রশ্ন শুধু সাজার বিষয়ে।

তিনি বলেন, আমার মনে হয় রায়ে কোন ভুল নেই। আমিও মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার জন্য শুনানিতে আবেদন জানাবো।

বাংলাদেশ পোশাক শিল্পে অপ্রতিরোধ্য : বার্নিকাট

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া স্ট্রিফেন্স ব্লুম বার্নিকাট বলেছেন, বাংলাদেশ পোশাক শিল্পে অপ্রতিরোধ্য। রানা প্লাজার দুর্ঘটনার পর বাংলাদেশ দেখিয়ে দিয়েছে কীভাবে চ্যালেজ্ঞ মোকাবেলা করতে হয়।

তিনি বলেন, পোশাক খাতে বাংলাদেশ ইতোমধ্যে অনেক ভাল করেছে। তবে শ্রম আইন সম্পূর্ণ বাস্তবায়নে সরকার, মালিক, শ্রমিক ইউনিয়ন, শ্রমিক ও আন্তর্জাতিক কমিউনিটি একসঙ্গে কাজ করতে হবে।

বিজিএমইএ ভবনে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এ সব কথা বলেন।

মাইক্রোসফট নিয়ে এলো লুমিয়া এক্সএল

microlumiyaলুমিয়া ৬৪০ ও লুমিয়া ৬৪০ এক্সএল মডেলের দুটি স্মার্টফোন উন্মুক্ত করেছে মাইক্রোসফট। স্পেনের বার্সেলোনায় ২ মার্চ থেকে শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ট্রেড শো উপলক্ষে স্মার্টফোন দুটো উন্মুক্ত করা হয়েছে। তবে বাংলাদেশের বাজারে থ্রিজি সুবিধার লুমিয়া এক্সএল মডেলটি পাওয়া যাবে এপ্রিল মাস থেকে।

মাইক্রোসফট বাংলাদেশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে মাইক্রোসফট ফোন বিভাগের করপোরেট ভাইস প্রেসিডেন্ট জো হারলোকে উদ্ধৃত করা হয়েছে। বার্সেলোনায় নতুন মোবাইল ফোন উদ্বোধন উপলক্ষে হারলো বলেন, সাশ্রয়ী ফোন তৈরীতে কাজ করছে মাইক্রোসফট। সেই ধারাবাহিকতায় এলো নতুন দুটি মডেল— লুমিয়া ৬৪০ ও লুমিয়া ৬৪০ এক্সএল। আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক উন্নত হার্ডওয়্যার ও উদ্ভাবনী সফটওয়্যার দিয়েছি।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, লুমিয়া ৬৪০ মডেলটিতে রয়েছে পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লে ও এক্সএল মডেলটিতে রয়েছে ৫ দশমিক ৭ ইঞ্চি মাপের ডিসপ্লে।

এই দুটি মডেলের যথাক্রমে ২৫০০ ও ৩০০০ মিলি অ্যাম্পিয়ারের দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্যাক্স ও অন্যান্য খরচ বাদে লুমিয়া ৬৪০ থ্রিজি মডেলের স্মার্টফোনটির দাম পড়বে ১৩৯ ইউরো ও এলটিই মডেলের জন্য ১৫৯ ইউরো। লুমিয়া ৬৪০ এক্সএল থ্রিজি মডেলের স্মার্টফোনটির দাম হবে ১৮৯ ইউরো ও এলটিই মডেলের জন্য ২১৯ ইউরো।

ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত অপরাজেয় বাংলা

cocktel5ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলা ভাস্কর্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে অপরাজেয় বাংলার তিন মানব প্রতিকৃতির মাঝখানের কাঁধে রাইফেলধারীর পা ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে অপরাজেয় বাংলার আশপাশে অনেক শিক্ষার্থী ও পথচারী ছিল। হঠাৎ করে ভাস্কর্য লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে দেখা যায় ভার্স্কযের একটি মূর্তির পায়ের অংশ প্রায় ভেঙ্গে গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, কে বা কারা ককটেল বিস্ফোরণ করেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। চিহ্নিত করা গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অপরাজেয় বাংলার ক্ষতিগ্রস্ত অংশটি পুনর্নির্মাণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

কনক সরওয়ারকে আটকের ঘটনায়

konokএকুশে টেলিভিশনের সাবেক বিশেষ প্রতিনিধি ড. কনক সরওয়ারকে আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। কনক সরওয়ারের ন্যায়বিচার নিশ্চিত ও তাকে হয়রানি না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন  এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।

দপ্তর সম্পাদক মেহদী আজাদ মাসুমের স্বাক্ষরে পাঠানো বিবৃতিতে  সাংবাদিক নেতারা বলেন, আইনে ন্যায়বিচার পাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। ডিআরইউ বিশ্বাস করে, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার স্বার্থে সরকার কনক সরওয়ারের বিষয়টি মানবিকতার সঙ্গে বিবেচনা করবে।”  তারা এ ব্যাপারে  প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

শালিস না মানায় গৃহবধুকে পিটিয়ে হত্যা!

jashorশালিসের রায় না মানায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার নাম রাধা রাণী মণ্ডল (৫৫) এসময় আরো চারজন আহত হন। আহতদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার রাতে যশোর সদরের ভায়না এলাকায় ঘটনা ঘটে।
নিহতের স্বামী কার্তিক মণ্ডল ও ছেলে মণিশংকর মণ্ডল জানান, দীর্ঘদিন ধরে তাদের বাড়ির জমি নিয়ে প্রতিবেশী তপন মণ্ডলের সঙ্গে বিরোধ ছিল।

বুধবার রাতে এ বিষয়ে স্থানীয় মাতবর বিকাশ মণ্ডলের উপস্থিতিতে শালিস হয়। এতে তপনদের হয়ে মাতবর রায় দিলে তারা আপত্তি জানান।

এ সময় বিকাশ ও তপনসহ তাদের লোকজন লাঠি নিয়ে তাদের মারধর করে। এতে গুরুতর আহত হন রাধা রাণী মণ্ডল, কার্তিক মণ্ডল, তার ছেলে মণিশংকর মণ্ডল ও কার্তিকের দুই ভাই দেবু মণ্ডল ও মনোর মণ্ডল। তাদের হাসপাতালে ভর্তি করালে রাতে চিকিৎসাধীন অবস্থায় রাধা রাণী মণ্ডল মারা যান।

কোতোয়ালি থানার ওসি সিকদার আক্কাস আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ ময়নাতদন্তের জন্যে হাসপাতালে মর্গে পাঠানোর হয়েছে।

কোয়ার্টার ফাইনালের স্বপ্ন জাগিয়ে রাখল টাইগাররা

bdcricket5স্কোরবোর্ডে স্কটল্যান্ডের রানটা দেখে মনটা আঁতকে উঠাই ছিল স্বাভাবিক। এত বড় রান বাংলাদেশ খুব কমই তাড়া করে জিতেছে। তবে ম্যাচ যারা দেখেছেন শুরু থেকে তাদের ভড়কে যাওয়ার সম্ভাবনা সেভাবে ছিল না। কিছুটা ছোট আকৃতির নেলসনের মাঠটা এক কথায় রানপ্রসবা।

আইসিসি সহযোগী স্কটল্যান্ড সেই সুবিধা ভোগ করে থাকলে বাংলাদেশ না পারার কারণ নেই। তারপরও ক্রিকেট অনিশ্চয়তার বলে শঙ্কা ছিল। তবে চার হাফ সেঞ্চুরিতে স্কটিশদের হতাশা উপহার দেয়ার কাজটা দক্ষভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ। নেলসনে বৃহস্পতিবার স্কটল্যান্ডকে ৬ উইকেটে পরাজিত করেছে মাশরাফির দল। এবার বিশ্বকাপে এটি টাইগারদের দ্বিতীয় জয়। বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জয়।

প্রথমে ব্যাট করে কাইল কোয়েটজারের সেঞ্চুরিতে স্কটল্যান্ড ৮ উইকেটে ৩১৮ রান করেছে। জবাবে তামিম, মাহমুদউল্লাহ, মুশফিক ও সাকিবের হাফ সেঞ্চুরিতে ৪৮.১ ওভারে ৪ উইকেটে ৩২২ রান করে বাংলাদেশ। ১১ বল হাতে রেখেই আসে দাপুটে জয়। স্কটল্যান্ডের সেঞ্চুরিয়ান কাইল কোয়েটজার ম্যাচ সেরা হন।

এই জয়ে অবশ্য বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়নি। পাঁচ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়ার পাশেই রয়েছে বাংলাদেশ। যদিও রান রেটে কিছুটা পিছিয়ে বাংলাদেশ। স্কটিশদের হারালেও টাইগারদের জন্য শেষ আটে যাওয়ার জন্য শেষ দুই ম্যাচের একটি জিততেই হবে। আর বাংলাদেশের খেলা বাকি আছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সাম্প্রতিক ফর্ম হিসেবে নিউজিল্যান্ডকে হারানো কঠিন কর্মই বটে। একই দিক বিবেচনায় শেষ আটে যেতে মাশরাফিরা টার্গেট করতেই চাইবেন নড়বড়ে ইংল্যান্ডকে।

স্কটল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের জয়টা প্রত্যাশিতই ছিল। এদিন বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রানও (৩২২) করলো বাংলাদেশ। ২০১১ সালে ভারতের বিপক্ষে করা ২৮৩ রানই ছিল সর্বোচ্চ। এই জয়টাই আরও রঙিন হতে পারতো একটি সেঞ্চুরির আভায়। যা মিস করেছেন তামিম ইকবাল। ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১১ ঘুরে ২০১৫। বিশ্বকাপে বাংলাদেশের সেঞ্চুরির অপেক্ষা দীর্ঘায়িত হলো ৫ রানের জন্য। বিশ্বকাপে পঞ্চমবার খেললেও কোনো সেঞ্চুরি নেই বাংলাদেশের।

বিশ্বকাপে দেশের প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার সুযোগ নষ্ট করেন তামিম। পেশীতে টান পড়লেও তামিম খেলছিলেন বেশ সাবলীলভাবে। তাড়াহুড়ো করতে গিয়ে জস ডাভির বলে এলবির ফাঁদে পড়েন তিনি। তার আগে খেলেন ১০০ বলে ৯৫ রান (৯ চার, ১ ছয়) রানের ইনিংস। তবে তামিম এখন বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক। এর আগে সর্বোচ্চ ৮৭ রান করেছিলেন মোহাম্মদ আশরাফুল ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এছাড়া ওয়ানডেতে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে চার হাজার পূর্ণ করেছেন তামিম।

৩১৮ রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো ছিল না। ফিল্ডিং করতে গিয়ে ডান কাঁধে ব্যথা পেয়ে ওপেনিংয়ে ব্যাটিং করতে আসেননি এনামুল হক বিজয়। হাসপাতালেও যেতে হয়েছে তাকে। পরে তিনি ব্যাটিং করবেন না সেই ঘোষণাও এসেছিল। বিজয়ের পরিবর্তে তামিমের সঙ্গী হওয়া সৌম্য সরকার দলীয় ৫ রানেই ডাভির শিকার হন।

দ্বিতীয় উইকেটে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ঘুরে দাঁড়ায় টাইগাররা। দ্বিতীয় উইকেট জুটিতে তারা ১৩৯ রান যোগ করেন। এটি বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের জুটি। এর আগে ১১৪ রানের জুটি গড়েছিলেন সাকিব-মুশফিক গত ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিরুদ্ধে। ১২তম হাফ সেঞ্চুরি পূর্ণ করে নিজের উইকেট বিলিয়ে এসেছেন মাহমুদউল্লাহ। অযথাই ডাউন দ্য উইকেট খেলতে গিয়ে বল তার পায়ে লেগে স্ট্যাম্পে আঘাত হানে। তিনি ৬২ বলে ৬২ রান (৬ চার, ১ ছয়) করেন।

মুশফিক-তামিমের তৃতীয় উইকেট জুটিও ৫৫ রান যোগ করেছিল। তামিম আউট হলে ভাঙে সেই জুটি। মুশফিক-সাকিবের চতুর্থ উইকেট জুটিতে আসে ৪৬ রান। ঝড়ো গতিতে হাফ সেঞ্চুরি করে আউট হন মুশফিক। ২০তম হাফ সেঞ্চুরি করেন তিনি ৩৮ বলে। ইভান্সের শিকার হওয়ার আগে করেন ৪২ বলে ৬০ রান (৬ চার, ২ ছয়)। এরপর আর উইকেট হারানোর কষ্টে পুড়তে হয়নি বাংলাদেশকে।

সাকিব-সাব্বিরের পঞ্চম উইকেট জুটি নির্বিঘ্নেই বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। ১০.১ ওভারে ৭৫ রানের জুটি গড়েন তারা। রান বলের সমীকরণ উতরে গেছে বাংলাদেশ সাব্বির ব্যাটে চড়ে। চার মেরে দলের জয় নিশ্চিত করার সঙ্গে সাকিব পেয়ে যান ২৮তম হাফ সেঞ্চুরি। ৪১ বলে ৫২ রান (৫ চার, ১ ছয়) করে অপরাজিত ছিলেন সাকিব। সাব্বির ৪০ বলে অপরাজিত ৪২ রান (৪ চার, ২ ছয়) করেন। স্কটল্যান্ডের ডাভি ২টি উইকেট নেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামা স্কটল্যান্ডকে শুরুর ধাক্কাটা দেন মাশরাফি। ম্যাকলেওড (১১) ক্যাচ দেন মাহমুদউল্লাহর হাতে। দশম ওভারে তাসকিন ফেরান গার্ডিনারকে (১৯)। তৃতীয় উইকেটে কোয়েটজারের সঙ্গে ৭৮ রানের জুটি গড়েন মাচান। ৩৫ রান করে মাচান সাব্বিরের শিকার হন। অধিনায়ক প্রেস্টন মমসেনকে নিয়ে দলকে বড় রানের ভিত গড়ে দেন কোয়েটজার। তারা দুজন ১৪১ রানের জুটি গড়েন।

তিনশো রানটা তখনই হাতের নাগালে চলে আসে স্কটিশদের। মাশরাফি, সাকিব, তাসকিন, রুবেলরা ব্যর্থ হলেও বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন নাসির হোসেন। ইনিংসের ৪৩তম ওভারে দলীয় ২৫৭ রানে নাসিরের বলে মমসেন ক্যাচ দেন সাকিবের হাতে। তিনি ৩৯ রান করেন।

মমসেন ফিরলেও বাংলাদেশকে পোড়াচ্ছিল কোয়েটজারের ব্যাট। আইসিসি সহযোগী দেশগুলোর ব্যাটসম্যানদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন তিনি। ৫৪ বলে হাফ সেঞ্চুরি করা কোয়েটজার ১০৩ বলেই পূর্ণ করেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। যা বিশ্বকাপে স্কটল্যান্ডের পক্ষে প্রথম সেঞ্চুরি। শেষ পর্যন্ত এই স্কটিশ ওপেনারকে আউট করতে পেরেছে বাংলাদেশ। নাসিরের বলে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন তিনি। তার আগে ১৩৪ বলে ১৭টি চার ও ৪টি ছয়ে ১৫৬ রানের ইনিংস খেলেন।

শেষ দিকে বেরিংটনের ২৬, ক্রসের ২০ রানে তিনশো পার হয় স্কটল্যান্ড। ৪৯তম ওভারে বেরিংটন, ক্রস তাসকিনের শিকার হন। শেষ ওভারে সাকিবও পেয়ে যান উইকেটের দেখা। মাজিদ হক ধরা পড়েন সৌম্যর হাতে। চারটি ক্যাচ এদিন তালুবন্দি করেন সৌম্য। তাসকিন ৪৩ রানে ৩টি, নাসির ২টি, মাশরাফি, সাকিব, সাব্বির ১টি করে উইকেট পান।

পদত্যাগ করলেন কেজরিওয়াল

kejriowalপদত্যাগ করলেন অরবিন্দ কেজরিওয়াল। তবে আগের মতো দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে নয়, নিজের দল আম আদমি পার্টির (এএপি) আহ্বায়কের পদ থেকে ইস্তফা দিলেন তিনি। দলের মধ্যে বিভেদের রেখাপাত অঙ্কিত হওয়ার প্রেক্ষিতে বুধবার দলের নির্বাহী সভার বৈঠকের আগ মুহূর্তে ওই ঘোষণা দেন তিনি।

এএপির ২১ সদস্যের জাতীয় নিবার্হী পরিষদের বৈঠক আজ একটু পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভিন্নমতাবলম্বনকারী দলের দুই শীর্ষ নেতা প্রশান্ত বুসান ও যোগেন্দ্র যাদবের ভাগ্য নির্ধারিত হবে এখানে।

ধারণা করা হচ্ছে, দল থেকে সরিয়ে দেওয়া হতে পারে ওই দুই নেতাকে। তবে যদি এ সিদ্ধান্ত শেষ পর্যন্ত নেওয়া হয় তাহলে দলটির নতুন আরেকটি শাখা সৃষ্টি হতে পারে দিল্লির রাজনীতিতে।

নির্বাহী কমিটির ওই বৈঠকে উপস্থিত থাকবেন না কেজরিওয়াল। চিকিৎসার জন্য তিনি আজই বেঙ্গালুরুর যাচ্ছেন।

তবে বেঙ্গালুরুরতে যাওয়ার আগে কেজরিওয়াল বলেন, দল এ অবস্থার মধ্যে দিয়ে যাওয়ায় তিনি গভীরভাবে মর্মাহত। এএপির প্রতি দিল্লিবাসী যে আশা জাগিয়েছেন সেই বিশ্বাসের প্রতি বিশ্বাসঘাতকতা এটি। তিনি জনগণের বিশ্বাস ভাঙার অনুমিত দেবেন না কখনো।

আর আগে দল থেকে কেজরিওয়ালকে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রের অভিযোগ ওঠে ওই নেতার বিরুদ্ধে।

উল্লেখ্য, ২০১৩ সালে তৎকালীন কেন্দ্রীয় সরকার সংসদে জনলোকপাল বিল পাস না করার প্রতিবাদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাত্র ৪৯ দিনের মাথায় পদত্যাগ করেন কেজরিওয়াল।